Wednesday, December 21, 2022

রামধনু দেখা অথবা উল্টো মুখে শোয়া

 আজ সতীর বে। ঠিক, বে বলাই ঠিক। এখনকার নানান আধুনিক সব বিয়ের পরিভাষা সতীর ক্ষেত্রে মোটেই প্রযোজ্য নয়। এই যেমন কিছুদিন আগে ওর এক বান্ধবীর বিয়ের কার্ডে লেখা ছিল ‘আত্রেয়ীর প্রেমে পড়লো সায়ক’। আবার ধরা যাক, সতীর মামাতো ভাইয়ের বিয়েতে আশীর্বাদের দিন নানান আচার অনুষ্ঠানের মাঝে ভুতো ওরফে রুদ্রনীল, যার বিয়ে সে হঠাৎ বিলিতি কায়দায় হাঁটু মুড়ে দারুন নাটকীয় ভাবে প্রেম নিবেদন করতে গিয়ে এক হাঁটুতে ভারসাম্য রাখতে না পেরে একেবারে কুমড়ো গড়াগড়ি! ভুতোদাটা বরাবরই একটু মোটাসোটা। বেচারা টাল সামলাতে পারেনি। গোটা বাড়ীতে হাসির বন্যা। বড়ঠাম্মা দোতলার বারান্দা থেকে ব্যাপারটা দেখে তেমন বুঝতে না পেরে বলেছিলেন, “ভুতোটা অর হবু বউয়ের সামনে এমন দন্ডী কাটে ক্যান”? সেই শুনে হাসির দমক বাড়ে বই কমে না। তবে ভুতো যেটা করতে গিয়েছিল সেটা বেশ আধুনিক, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই।

তারপর ধরা যাক সতীর বড় পিসির বিয়ে। সারাজীবন একাহাতে ছেলে আর মেয়েকে বড় করে এই বাষট্টি বছর বয়েসে পিসি প্রথমবার প্রেমে পড়লেন এবং বিয়ে করলেন। সতীদের তুতো বোন-ভাইদের সকলের প্রিয় মানুষ এই বড় পিসি, যাঁকে ওরা আদর করে পিপলি ডাকে। তা সেই পিপলির বিয়ের দায়িত্ব নিয়েছিল সতীদের দলটা। সতী অবশ্য তখনও ছোটদের দলেই পড়ে। টুনদা, সতীর মেজ জ্যাঠার ছেলে নাম করা শেফ। সেই ছিল বিয়ের আয়োজক দলের নেতৃত্বে। বাঙালি বিয়ে খাওয়া সর্বস্ব। বিয়ের আশীর্বাদ থেকে বৌভাতের পরের দিন অবধি প্রতিটা বেলার আলাদা আলাদা রকমের দেশি-বিদেশি পদের সমাহারে সকলে ধন্য ধন্য করেছিল। মিঠিদি, সতীর ছোট পিসির মেয়ে, ডাকসাইটে আই পি এস অফিসার। তখন চম্বল জেলায় পোস্টিং ছিল। পিপলির বিয়ে শুনেই দশ দিনের ছুটি ম্যানেজ করে চলে এসেই হৈ হৈ করে লেগে পড়ল ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির ছেলে-মেয়েগুলোর সাথে। এইভাবে সব ভাইবোনই নানান রকম দায়িত্ব নিয়েছিল। তবে বিয়ের সব থেকে তাক লাগানো কাণ্ডটা করলো পিপলির ছেলে, টুকান। টুকান তখন ব্যাঙ্গালোরে, সরকারি কলেজের অধ্যাপনা ছেড়ে তার ফুড স্টার্টআপ নিয়ে লড়ে যাচ্ছে। সপরিবারে টুকান হাজির। টুকানের স্ত্রী অঞ্জু মালায়ালী ক্রিশ্চান। খুব মিষ্টি আর লাজুক মেয়েটি। সেও একই কলেজের অধ্যাপিকা। ওদের চার বছরের মেয়ে মেহর তার ঠাম্মির বিয়ের আয়োজন দেখছে অবাক চোখে, ঠাম্মির কোলেই বসে। তা সেই টুকানকে দেখা গেল বিয়ের দিন সন্ধ্যে বেলায় বিয়েবাড়ির সদর দরজায় চুনোট করা পাতলা পাড়ের ধুতি, গিলেকরা বাবু-পাঞ্জাবি পরে একঝুড়ি চিনেবাদম নিয়ে দাঁড়িয়ে। যেমন করে বাদামওয়ালারা কাপড়ের দড়ির সাথে ঝুড়িটা বেঁধে গলায় ঝুলিয়ে রাখে, ঠিক তেমন করে টুকান এক ঝুড়ি বাদাম নিয়ে দাঁড়িয়ে। প্রত্যেক আমন্ত্রিত কে সে স্বাগতম জানিয়ে একটি করে খোশাশুদ্ধ চিনেবাদম হাতে দিয়ে অনুরোধ করছে এখুনি যাতে কেউ না খেয়ে বাদমটি যত্ন করে রেখে দেন। টুকান বরাবরের ভালো ছাত্র এবং একদা অধ্যাপক, তার বক্তব্যে যেমন আন্তরিকতা তেমনই দৃঢ়তা। তাই সকলেই কৌতূহল চেপে বাদমটি পকেটে বা ঝোলায় পুরে ফেলছে। চারপাশে বিয়েবাড়ির নানান আচার অনুষ্ঠান হয়ে চলেছে। পিপলি এত আধুনিকা হলেও বিয়ের সব নিয়ম তাঁর মানা চাই। তাঁর কথা হচ্ছে যখন তার প্রথম বিয়ে হয় তখন সে প্রায় কিছুই টের পায়নি। আর প্রেম-প্রণয় বুঝে ওঠার আগেই প্রথমে কোলে এল বুবলি তার এক বছরের মধ্যে টুকান। বুবলি মায়ের কন্যাদান করে। বিয়ের যজ্ঞ শেষ হলে অনেকটা ঘোষণার মতন করে টুকান সকলকে অনুরোধ করে তাদের চিনেবাদমটি এবার তারা খেতে পারেন। টুনদার মেনুর মায়ায় তখন কেউই চিনেবাদাম খেতে উৎসাহিত নয়। কিন্তু স্রেফ অদম্য কৌতুহলের বসে টুকানের ঘোষণার সাথে সাথে প্রায় সকলে তাদের চিনেবাদামটি খুলে আবিষ্কার করেন একটি ছোট্ট চিরকুট। তাতে হাতে আঁকা একটি ক্ষুদ্র হৃদয়। ‘লাভ ইন নাটশেল’ যে ওভাবে বলতে পারে, তারই তো স্টার্টআপ বিশ্বজয় করবে!

     

তবে এই সব আধুনিকতার অংশীদার হয়েও, সতীটা বরাবরের সেকেলে, পাকা বুড়ি, সেই ছোট্টবেলা থেকে। ঠাম্মা আদর করে তাকে ঠানদি বলেন। ছোট ছেলের একমাত্র মেয়েকে চোখে হারান। সতীদের বাগবাজারের বাড়ীটিতে চার পুরুষের বাস। সতীর জেঠুর একমাত্র ছেলে, পাপাইদাদা, বছর দুয়েক আগে একটি পথ দুর্ঘটনায় মারা যায়। কি ভয়ঙ্কর দিন গেছে সেসব। সতী তখন NRS হাসপাতালে পোস্টেড। বিকেলের দিকে ওরা কয়েকজন OPD শেষ করে যাচ্ছিল হাসপাতালের ঠিক বাইরের চায়ের দোকানটায়। ভাঁড়ে চা দেয় বলে সতী ওখানেই যেত। NRS এ সারাক্ষন দুদ্দাড়িয়ে এম্বুলেন্স ঢুকছে। বাকিদের মতন সতীরও ওসব তখন ধীরে ধীরে অভ্যেস হয়ে গিয়েছে। কিন্তু কোনো এক অজানা কারণে সেদিন তার চোখ চলে গিয়েছিল এম্বুলেন্সের দরজায়। স্ট্রেচারে শুয়ে রক্তাক্ত পাপাইদাদা। সতীর ডাক্তারি চোখ আন্দাজ করেছিল পাপাইদাদা আর নেই। সেই প্রথম তার কোনো আপনজনের মৃত্য প্রত্যক্ষ করা। ভেতরে ভেতরে ভেঙে চুরমার হয়ে গেলেও গোটা পরিবারটিকে সেসময় সেই একা সামলেছিল। তার বারবার মনে হয়েছিল একই নামের আরেকটি মেয়ে ইরানের এক প্রদেশ থেকে সেই কবে ভারতবর্ষে এসে একা হাতে ভাইয়ের সংসার এবং পরে আরো অনেক বড় দায়িত্ব পালন করেছিল। সুতরাং তার তো ভেঙে পড়লে চলবে না। 


সতীর নামকরণ করেছিল পিপলি। সতীউন্নিসা রায়চৌধুরী। নাম শুনে বড়ঠাম্মা বাড়ীতে হুলুস্থুল কান্ড বাঁধিয়েছিলেন। ‘হেইডা তো মোছলমানের নাম হইল’ বলে অন্ন-জল ত্যাগ করেন। বড়দিদা বাঙাল ছিলেন। সতীর ঠাকুর্দার দাদার স্ত্রী উনি। তাঁর নিজের কোনো সন্তান হয়নি। দেওরের  ছেলেমেয়ে  সামলেছেন চিরকাল আপন ভেবে। সত্যি বলতে বড়জেঠু আর পিপলি দুই পিঠোপিঠি ভাই বোনকে বড়ঠাম্মাই কোলে পিঠে করে মানুষ করেছেন। পাপাইদাদা মারা যাবার সব থেকে বড় আঘাতটা বোধহয় জেঠু পেয়েছিলেন। সতী দেখেছে দিনের পর দিন ওদের দোতলার দক্ষিণের বারান্দায় বড়জেঠুর পাশে বসে বড়ঠাম্মা কি পরম মমতায় জেঠুকে খাইয়ে দিচ্ছে। জেঠুর গায়ে মাথায় হাত বুলাতে বুলাতে বিড়বিড় করে বলতেন, "তুই এমনি ভাইঙ্গা পড়লে চলবো ক্যামনে! তর নাতিনটারে তো দ্যখন লাগে। তর বৌটাও তো অকালে গেল গিয়া….." কর্ণ-কুন্তী সংলাপ চলতে থাকত। গঙ্গার ঘাটের ছোট কালীবাড়ির ঘন্টাধ্বনি ভেসে আসত ভিজে বাতাসে চেপে। সতীর ঠাম্মা ওদিকে ভুলেও যেতেন না।

পিপলিও এবাড়ীতে এলে আগে তার বম্মার ঘরে ঢোকে। রাতে থাকলে তার বম্মার সাথেই শোয়। পিপলির বাষট্টি বছরের নতুন বর বড়ঠাম্মাকে প্রণাম করার পর তার থুতনি ছুঁয়ে আদর করে বড়ঠাম্মা বলেছিলেন, "প্রথমবার আমরা ভুল করসিলাম, দেইখ্য, এইবার তুমি ভুল কইরো না যেন। মেয়ের আমার মন টুপটুপা তবে অরে খ্যাপাইলে তোমার বিষ ঝাইড়া দেব'খনে।" পিপলির বর খুব সুন্দর মনের মানুষ। মৃদু একটু হেসেছিলেন শুধু। তাতে ভরসা ছিল।

কিন্তু আদপে পিপলিকে বাড়ীর সকলেই একটু সমঝে চলত। তাই সতীর নামের ব্যাপারে বড়ঠাম্মার হরতাল তেমন একটা প্রশ্রয় পায়নি। সতী সেই ছোট্টটি থেকেই পিপলির একটু বেশিই নেওটা। বাড়ীর সব থেকে ছোট সে। তাই সে সকলের আদরের। কিন্তু পিপলির আদর অন্যরকম। তার আদরে প্রশ্রয় যেমন থাকে, তেমনই থাকে শিক্ষা। সতী একটু বড় হলে পিপলি তাকে বলেছিল সতীউন্নিসার গল্প। সতীউন্নিসা ছিলেন সতেরোশ শতাব্দীর মহিলা-ডাক্তার। শাহ’জাহানের মহলদার এবং মুমতাজ মহলের চিকিৎসার দায়িত্বে ছিলেন তিনি। ষোড়শ শতাব্দীর শেষের দিকে পারস্যের আমল নামের এক প্রদেশে একটি চিকিৎসক পরিবারে জন্ম হয় সতীউন্নিসার। ওঁর ভাই তালেব আমলী ভারতবর্ষে এসেছিলেন সতেরোশ শতাব্দীর গোড়ার দিকে। সম্রাট জাহাঙ্গীরের খাস ছিলেন তিনি। তালেবের কাছে সতীউন্নিসা শোনেন ভারতবর্ষের গল্প। পারস্যের রুক্ষ কঠিন আবহাওয়ায় বসে সেই কিশোরী দেখেছিল ভারতবর্ষ নামের এক মরুদ্যানে বাস করার স্বপ্ন। তালেবের অকাল প্রয়াণের পর সতীউন্নিসা ভারতবর্ষে আসেন তালেবের দুই নাবালিকা কন্যার দায়িত্ব নিতে। সতীউন্নিসার ভারতে আসার আবেদন তালেবই করেন সম্রাটের কাছে। অচিরেই তা মঞ্জুর হয়। সে যুগে মহিলা ডাক্তার পাওয়া প্রায় অসম্ভব ছিল। তারওপর সতীউন্নিসার আদবকায়দা এবং শিষ্টাচার জ্ঞান ছিল সহজাত। তাই খুব অল্পসময়ের মধ্যে তিনি হয়ে উঠেছিলেন মুমতাজ মহলের অধ্যক্ষ এবং মুমতাজ বেগমের কন্যা জাহানারার গৃহশিক্ষিকা। সতীউন্নিসার নিজস্ব সীলমোহর ছিল। অভাবী মহিলাদের দান বন্টনের দায়িত্বে ছিলেন তিনি। শোনা যায়, যে সন্তানের জন্ম দিতে গিয়ে মুমতাজ বেগমের মৃত্যু ঘটে, সেই শিশু গওহর কে কন্যাসম পালন করেন সতীউন্নিসা।

এই সব ঐতিহাসিক গল্প যে কতবার পিপলির কাছে সতী শুনেছে তার ঠিকানা নেই। তবু প্রত্যেকবার সে নতুন করে সতীউন্নিসার চারিত্রিক দৃঢতার এক একটি দিক দেখতে পেত। সেই জন্যেই কি সে এমন আটপৌরে স্বভাবের কিন্তু শক্ত মনের মেয়ে! পারিবারিক নিয়ম মেনে সে পড়েছে লরেট গার্লসে। ওদের পরিবারের অলিখিত নিয়ম, ছেলেরা যাবে ক্যালকাটা বয়েজ আর মেয়েরা লরেট গার্লস। সতীর বন্ধুরা যখন অর্কুট-ফেসবুক নিয়ে ব্যস্ত, সতী তখন ওদের তিনতলার পুবের ঘরে নিজেকে পাশবালিশে সমর্পন করে পড়ত সাতকাহন বা মানবজমিন অথবা সেই বকুল কথা। সদ্য বাজারে ছেয়ে যাওয়া স্মার্টফোন নিয়ে সতীর বন্ধুদের যখন আদিখ্যতার অন্ত নেই, সতী তখন দিনরাত ক্লাসিক ছবি দেখছে, বাংলা-হিন্দি-ইংরেজি-ফ্রেঞ্চ-ইরানী-রাশিয়ান সব দেখেছে। একটাসময় ছিল যখন সতী শুধু পড়াশুন করত বা ছবি দেখত। সতীর বন্ধুরা যখন হোয়াটসআপ নিয়ে মাতামাতি করছে, সতী তখন ছুটিছাটা পেলেই কখনো উত্তরপাড়ায় মামাদের বাড়ী, কখনো বরানগরে মিষ্টিমাসির বাড়ী, বিডন স্ট্রিটে ছোট পিসি মানে পিপির বাড়ী টইটই করে ঘুরে বেড়াত। সতী ওইরকমই। ঘরোয়া।


সতী বরাবরের মেধাবী ছাত্রী। সতী সুন্দরী। এক্কেবারে ব্যাকরণ অনুযায়ী সুন্দরী। পানপাতার মতন মুখের ডৌল। টানা টানা সপ্নালু চোখ। ছোট্ট কপাল। একমাথা কোঁকড়ানো চুল, সেই কোমর অবধি। নাকের বাঁ দিকের পাটায় একবিন্দু একটা জরুল ঠিক নাকছাবির মতন। সব মিলিয়ে সে সত্যিই সুন্দরী। সুতরাং ফ্রক ছাড়ার পর থেকেই তার বিয়ের সম্বন্ধ আসতে শুরু করে। সতীর মা চিরকালই ভালোমানুষ আর মুখচোরা। তাই সে নিজেই সেসব সম্বন্ধ নাকচ করে দিত। আর তেমন চাপ আসলে পিপলি তো ছিলই। তাছাড়া তার অবচেতনে কেমন একটা নিজের প্রতি অঙ্গীকার ছিল একজন ভাল ডাক্তার হয়ে ওঠার। তার আগে সে অন্য কিছুকে প্রাধান্য দেয় নি। নিষ্ঠার সাথে পালন করেছিল তার অঙ্গীকার।


সেই সতীর আজ বিয়ে। সতীর ইচ্ছেতেই পুরোদস্তুর ঐতিহ্যগত ভাবেই বিয়ের আয়োজন হয়েছে। পুরো পরিকল্পনার প্রতিটি পদে সতীর যোগদান আছে। দিনের পর দিন, রাতের পর রাত লম্বা লম্বা ভিডিও কলে বাবা, মা, মেজজেঠু, দিদা, টুনদা, ভুতোদা, দিদিভাই, পিপি, সেজমামা, মিষ্টিমাসি আর পিপলির সাথে পুরো বিয়েটার পুঙ্খানুপুঙ্খ পরিকল্পনা করেছে সতী। এখন সতী থাকে মুম্বইতে। অঙ্কলজি নিয়ে বিশেষিকরণ করছে সে। সেখান থেকে বসেই সব পরিকল্পনা। সকলের ওজর আপত্তি সত্ত্বেও বিয়ের আয়োজন হয়েছে ওদের একদা পৈতৃক বাড়িতে, হরিপালে। তারকেশ্বর লাইনের একটি ছোট গঞ্জ এই হরিপালে সতীর ঠাকুর্দার বাবা ওঁর প্রথম বাড়ীটি বানিয়েছিলেন। সাধারণ দোতলা বাড়ী। সামনে খানিকটা খোলা বাগান মতন, একটা ছোট পুকুর, কয়েকটা সুপারি-নারকেল গাছ, ব্যাস এইটুকুই। সে বাড়ীতে বহুকাল পরে রঙের আঁচড় পড়েছে। আগাছা পরিষ্কার করে বড় প্যান্ডেল হয়েছে। একদিকে বিয়ের আয়োজন, অন্যদিকে আমন্ত্রিতদের বসবার ব্যবস্থা। বাড়ীর সামনের মাঠটা আজও রয়ে গেছে। সেখানে খাবার ব্যবস্থা। কলকাতা থেকে তো বটেই, এই হরিপালেও সতীর বড়জেঠুর বেশ পরিচিতি আছে। তাই এখানেও জনা পঞ্চাশেক নিমন্ত্রিত আছেন। বাড়ীতে ভিয়েন বসেছে। একটা নহবতখানা তৈরি হয়েছে। সেজমামার দৌলতে একজন ভালো সানাই শিল্পী আর তাঁর সঙ্গী মিলে শুভ আগমনের রাগ মিশ্র মেল কি মালহার বাজাতে শুরু করেছেন। গোটা বাড়ী এবং সংলগ্ন উৎসবের পুরো জায়গাটা রজনীগন্ধা আর জুঁই ফুল দিয়ে সাজানোর তোড়জোড় চলছে। ভুতোদা চার্টার্ড একাউন্টেন্ট, কলকাতার এবং আশেপাশের ব্যবসায়ী মহলে তার বিপুল যোগাযোগ। ফুল, সন্দেশ আর দইয়ের দায়িত্ব তার। হাওড়া থেকে আসবে ফুল। চুঁচুড়ার সূর্য মোদকের দোকান থেকে আসবে আসল জলভরা সন্দেশ আর নবদ্বীপ থেকে লাল দই। 

সতীর বাবা অনেক খোঁজখবর করে ওদের পারিবারিক বামুনঠাকুর পূর্ণদাসবাবুকে যোগাযোগ করে নিয়ে এসেছেন। উনি রান্নার তদারকি করছেন। উনি নিজে আর রান্না করেন না। ছেলে আর নাতিকে নির্দেশ দিচ্ছেন একমুখ পান নিয়ে। মেনু শুনে টুনদা বলেছিল, “বুঝলি সতী, এটা আমার একটা লার্নিং প্রজেক্ট। ‘হারিয়ে যাওয়া বিয়েবাড়ীর খাওয়া’ নামের একটা ফাইন-ডাইনিং সপ্তাহ নামিয়ে দিলে আর দেখতে হবে না।”

 

গোটা বিশেক নানান জাতের গাড়ীর প্রায় মিছিল করে পুরো পরিবারটা পৌঁছে গেছে ভোরের আগে। বাকিরা পৌঁছে গেছেন গতকাল। বাড়ীর মহিলারা দধিমঙ্গল পর্ব সেরেছেন। ভক্তি ভরে পরিবারের মৃতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে সতী নান্দিমুখের সময়। ঠিক সময়ে পৌঁছে গেছে গায়ে হলুদের তত্ব। ঘুরে ফিরে বারবার সবাই সতীর হবু বরের কথা জিজ্ঞেস করছে। কিন্তু গত ছয়মাস ধরে সকলকে সে যা বলে এসেছে, এখনো তার সেই এক কথা, “সবুর করো, নিশ্চই দেখতে পাবে। সেকালে মেয়েরাও তো তাদের বরকে দেখত প্রথমবার বিয়ের সময়েই। আমিও সে প্রথাই মানছি। স্থান-কাল হিসেবে প্রথার পাত্ররা একটু আলাদা হয়েছে এইআর কি।” এ মেয়ের চারিত্রিক দৃঢ়তা জানে সকলেই। তাই সকলেই অপেক্ষা করছে সন্ধে হবার। তবে সকলে অন্তত এটা জানে যে ছেলেটি পাঞ্জাবি এবং একটি ইন্টারন্যাশনাল বিমান পরিষেবার পাইলট। আমনপ্রীতের সাথে সতীর আলাপ এবং প্রেম দুইই মুম্বইতে। সতী খুবই চাপা স্বভাবের মেয়ে। তাও পিপলি আর তার মা কে সে যতটুকু বলেছে তাতে তারা আস্বস্তই হয়েছেন। সব থেকে বড় কথা সতীর নির্ণয়ের ওপর তাদের অগাধ ভরসা। 


সকালের জলখাবারে বসেছে পরিবারের সকলে। মুখে তেমন করে না বললেও বোঝাই যাচ্ছে এমন একটা পারিবারিক সম্মেলন সকলেই উপভোগ করছেন ষোলো আনা। লুচি ভাজার গন্ধে বাতাস মাতোয়ারা। আজকের সব রান্না হয় দেশি গাওয়া ঘি অথবা সর্ষের তেলে হচ্ছে। মিষ্টিমাসি গুনগুন করে কিছু একটা গাইছিল। মিষ্টিমাসি, সতীর মায়ের মামাতো বোন। কিন্তু নিজের বোনের মতনই তারা বড় হয়েছে একসাথে। সেই ছোট্টবেলা থেকেই সে থেকেছে উত্তরপাড়ায়, সতীর মামাবাড়ীতে। সতী তার মায়ের কাছে গল্প শুনেছে, মিষ্টি মাসির জন্মের সময়েই তার মায়ের মৃত্যু হয়। সতীর দিদা সেখানে উপস্থিত ছিলেন। সকলের চিন্তা-ভাবনার অবসান ঘটিয়ে সেই সদ্যজাত শিশুকে নিজের কাছে নিয়ে আসেন সতীর দিদা। সেই থেকে মিষ্টিমাসি ওবাড়ীরই মেয়ে হয়ে যায়। পাশে মিষ্টিমাসির ফ্রেঞ্চ জামাই গ্যাস্টন। সে হঠাৎ ‘সাইলেন্স প্লিজ’ বলে সবার গল্পগাছা থামিয়ে মিষ্টি মাসির দিকে ঘুরে বসে হাসাহাসি মুখে বললে, “লাউডার প্লিজ”। মাসি তো লজ্জায় ‘ধরণী দ্বিধা হও’ অবস্থা। কিন্তু জামাই নাছোড়। ওঁর গানের গলা সত্যিই সুন্দর। শেষমেশ একটা নয়, দু দুটো অতুলপ্রসাদি গাইলেন মাসি। সকলে বিভোর হয়ে শুনলেন। এমনকি যে চার-পাঁচটা ফড়িং পুকুরের চারপাশে সমানে অস্থির হয়ে উড়ে বেড়াচ্ছিল, তারাও কিছুক্ষনের জন্যে পদ্মপাতার ওপর স্থির হয়ে বসেছিল।   

মাসির মেয়ে দিদিভাই পেশাদার মঞ্চাভিনেত্রী। বেশ কিছুদিন মুম্বইয়ের গ্রুপ থিয়েটারে কাজ করে প্যারিস পাড়ি দেয়। দিদিভাই ফ্রেঞ্চ ভাষাটা শিখেছিল যত্ন করে, সেই কিশোরীবেলা থেকে। আপাতত সে প্যারিসের একটি নাট্যদলের সাথে যুক্ত। মোটামুটি নামডাকও হচ্ছে। গ্যাস্টনের সাথে তার ওখানেই আলাপ এবং ওরা একসাথেই থাকে। প্রথমবার দিদিভাই আর গ্যাস্টন এদেশে এলে, ব্যাপারটা শুনে সতীর মা আর মিষ্টিমাসি অনেক্ষন ধরে দরজা বন্ধ করে পরামর্শ করে বেরিয়ে এসে অনেকটা রায় দেবার ভঙ্গিতে বলেছিলেন, “সে তোরা ওদেশে যেভাবেই থাকিস না কেন, গ্যাস্টন আমাদের জামাই”। শুধু তাই নয়, ‘বাড়ীর প্রথম জামাই’ বলে দুই বোন মিলে জামাই ষষ্ঠীর অকালবোধন করেছিলেন ডিসেম্বর মাসে। ঘটা করে জামাইষষ্ঠী পালন হয়েছিল মিষ্টিমাসির বরানগরের বাড়ীতে। পুরো ব্যাপারটায় গ্যাস্টন অভিভূত হয়ে গিয়েছিল। প্যাম্পারিং যে এই পর্যায়ে হতে পারে তা তার কল্পনারও বাইরে ছিল। তা সেই গ্যাস্টন আজ সকালের জলখাবারে জীবনে প্রথমবার সদ্য তৈরি করা গরম বোঁদে খেয়ে বলে ফেলেছিল, "This is f**k**g orgasmic।" মুখোমুখি বসেছিলেন ছোটপিসেমশাই, মানে পিপির স্বামী। খুব রাশভারী মানুষ। একসময়ে এ জি বেঙ্গলে বড় চাকরি করতেন। পিপলি বাষট্টিতে বিয়েটা না করা অবধি উনিই বাড়ীর একমাত্র জামাই। তাই সকলেই খুব তোয়াজ করেন ওঁকে। ছোটপিসেমশাই সারাক্ষন ভারী পরিপাটি থাকতে পছন্দ করেন। সতীর মনে আছে ওঁদের আম্বাসাডার গাড়ির সিটে ধপধপে সাদা তোয়ালে বিছানো থাকতো। সেই মানুষ ঐরকম একটা মন্তব্য শুনে ভয়ঙ্কর বিষম খেয়ে, জলের গেলাস উল্টে, কেশে হেঁচে নাকের জলে চোখের জলে অবস্থা। গ্যাস্টনই উঠে গিয়ে ওঁর পিঠে বেশ জোরে জোরে চাপড় দিতে দিতে অদ্ভুত এক উচ্চারণে ‘ষাট ষাট’ বলার চেষ্টা করছিল। নিশ্চই মিষ্টি মাসির থেকে শিখেছে। আর তাই শুনে বাকিদের হাসিটা শুধু সংক্রমিতই হল না, রীতিমতন সুনামির আকার ধারণ করল। কিন্তু পিসেমশাই সেই যে গম্ভীর হলেন আর কিছুতেই কিছু করা গেল না। ঐরকম গম্ভীর হয়েই দুপুরে সকলের সাথে বসে অনেকটা খেয়ে আগে আগে উঠে পড়লেন এবং অচিরেই দোতলার একটি ঘর থেকে ওঁর নাক ডাকার শব্দ শোনা যেতে লাগল।


গোধূলি লগ্নে বিয়ে। দুপুরের খাওয়ার পাট মিটিয়ে একদফা আড্ডা শুরু হল। সকলেই এখানে পৌঁছনোর পর থেকেই বিয়েটা উপভোগ করছে পুরোদমে। এমন একটা দিন প্রায় গোটা পরিবারটা একত্রিত শেষ কবে হয়েছিল কারুর মনে পড়ে না।

সতীর বাবা, ফুলকাকা, ছোট মেসো আর টাকুদা বসেছে তাস নিয়ে। বেজায় হল্লা হচ্ছে ব্রিজের কল নিয়ে। টাকুদা মিঠিদির বর। সেও IPS। দারুন হাঁকডাক করা মানুষ। আকাশ বাতাস কাঁপিয়ে হাসে, খুব চেঁচিয়ে কথা বলে আর মাঝে মাঝে সম্পূর্ণ আবেগহীন গলায় এক্কেবারে ঠিকঠাক জীবনানন্দ আবৃত্তি করে।

মিঠিদি পৌঁছলো দুপুরের খাওয়ার একটু আগে। ও এখন ঝাড়খণ্ডে পোস্টিং। সোজা ড্রাইভ করে এসেছে। টাকুদা অবিশ্যি আগেই পৌঁছেছে পিপিদের সাথে। ছাদের ছোট প্যান্ডেলে তখন সবাই খেতে বসেছে। হঠাৎ মিঠিদির গলা পাওয়া গেল একতলা থেকে, “মাছের ডিমের বড়া শেষ হয় নি তো!”

আপাতত সেই মিঠিদি, মা, মেজজেম্মা আর পিপিকে শোনাচ্ছে মাওবাদীদের সাথে লড়াইয়ের কথা। মিঠিদি বরাবরের ডাকাবুক। ঠ্যাংগাড়ে অফিসার হিসেবে তার বেশ নামডাক আছে। নিজেও মরতে মরতে বেঁচেছে বেশ কয়েকবার। কিন্তু তাতে তার কর্মপদ্ধতি মোটেও বদলায়নি।  

বড়ঠাম্মা আর ঠাম্মা যত্ন করে গোছাচ্ছে বরণডালা। সতীর মা গুটিগুটি গিয়ে সেখানে হাজির হল। 

পিপলির বর, মানে বড়পিসেমশাই বারান্দায় একটি চেয়ারে বসে একদৃষ্টে পুকুরের দিকে চেয়ে আছেন। খুব কম কথার মানুষ পিপলির এই অধ্যাপক স্বামী। কিন্তু উনি যে সকলের এই সানিধ্য সম্পুর্ন উপভোগ করছেন তা পরিষ্কার বোঝা যাচ্ছে।

সামনের মাঠে, যেখানে রাতের ভোজের আয়োজন করা হচ্ছে, সেখানে বড় আর মেজ জেঠু  বসে এখানকার কিছু বর্ষীয়ান মানুষের সাথে কথা বলছেন। বড় জেঠু বরাবরই হরিপালে আসতেন মূলত মাছ ধরতে। তাই ওঁর সাথে এখানকার মাটির যোগ আছে। তবে পাপাইদাদা চলে যাবার থেকে জেঠু আর বড় একটা বাড়ীর বাইরে যান না। 

একতলা থেকে সেজমামার গলা পাওয়া যাচ্ছে। সেজমামা সবসময় উত্তেজিত। ভীষণ সংগ্রামী আর বিপ্লবী মনের মানুষ। সতী মায়ের কাছে শুনেছে সেজমামা এমনিতে আর পাঁচটা ছেলের মতনই বড় হচ্ছিল। পড়াশুনোটা তেমন মাথায় ঢুকতো না। তবে চালিয়ে যেত। গলায় তার সুর ছিল বরাবর। চট করে গান তুলে ফেলতো। একবার ক্লাশ এইটে অঙ্ক পরীক্ষায় শূন্য পেয়ে রাতারাতি সেজমামা বিপ্লবী বনে গেল! এক্কেবারে ফুলটাইম বিপ্লবী যাকে বলে। সেই থেকে সেজমামা পার্টি অফিসের স্থায়ী বাসিন্দা আর পাড়ার সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মকর্তা। তবে বিপ্লব আসুক না আসুক, সেজমামার ছেলেবেলার বন্ধু বিপ্লবমামা দিনে একবারটি ঠিক খোঁজ করতে আসে, আজও। দুজনে গঙ্গার ধারে বসে একদফা আড্ডা দেয়, চা খায়, হাইড্রেনের ধারে দাঁড়িয়ে একসাথে হিসি করে যে যার সাইকেলে বসে বাড়ীর দিকে রওনা দেয়। এই এক নিয়ম চলেছে গত ত্রিশ বছর বা তারও বেশি। এখনও সেই বিপ্লবমামাকেই নিশ্চই কিছু একটা বদলে ফেলার সম্ভাবনার কথা বলছে আপাতত।

সতীর বড়মামা নিরুদ্দেশ আজ প্রায় পঁচিশ বছর। এক্কেবারে শিশু বয়েসের কিছু আবছা স্মৃতি আছে ওর। মেজমামা বরাবরের দূরের মানুষ। বহুকাল হল বোস্টনে থাকেন। একটি নিউজ এজেন্সির রিপোর্টার। ওঁর স্ত্রী জার্মান। এসবই সতীর শোনা। সত্যি বলতে কি, বাকিরাও মূলত শুনেছেন। কারণ গত পঁচিশ বছরে তিনিও দেশে আসেননি। কোনো এক রাজনৈতিক গণ্ডগোলে জড়িয়ে পড়েন মেজমামা। শোনা যায় উনি অতি-বামপন্থী মনোভাবের মানুষ ছিলেন। কোনো এক অজ্ঞাত কারণে সতীর বড়মামার নিরুদ্দেশের সাথেই প্রায় মেজমামার বিদেশ যাত্রাকে সতীর দাদু কেবল কাকতালীয় মনে করতেন না। দাদু মারা যাওয়া অবধি প্রায়ই নাকি একান্তে দিদাকে বলতেন, “মেজটা বরাবরের কুলাঙ্গার। তোমরা ওর পড়াশুনায় ভালো হওয়াটা নিয়েই আদিখ্যেতা করে গেলে চিরকাল। আসলে ওর চরিত্র গঠনই হয়নি।” দিদা ফিসফিসিয়ে মিনতি করতেন শান্ত হবার জন্যে। কিন্তু দাদুর গজরাতে থাকতেন, জেগে থাকতেন অনেক রাত অবধি। এ দৃশ্য সতীও দেখেছে তার ছোটবেলায়। যখন সে গরমের ছুটিতে দু একদিন মামার বাড়ীতে গিয়ে থেকে আসতো। সেজমামা বিয়ে করেননি। সারাক্ষন পরোপকার করে বেড়াচ্ছেন। কামারহাটি জুটমিলে একটা খুবই সাধারণ চাকরি করেন। মা অন্তপ্রাণ সেজমামা। দিদা মাঝে মাঝে বলেন, “বিপ্লবটা মেয়ে হলে ওর সাথেই বিয়ে দিতাম। ওই একমাত্র এই বাউন্ডুলেটাকে বোঝে।” আর সতীর ছোটমামা বরাবরের স্বার্থপর। চাকরি পাওয়া অবধি আলগা আলগা থেকে প্রথম চাকরি পেয়েই তিনি কলকাতা ছাড়েন। কালেভদ্রে এক-আধবার বাড়ীতে আসতেন। এসেই উত্তরপাড়ার বাড়ী বিক্রি করার কথা পেড়ে সকলের সাথে বচসা বাঁধিয়ে আবার ফিরে যেতেন। ওঁর সংসার জীবনও তেমন ভালো নয় বলে শোনা যেত। ওঁদের কোনো সন্তানাদি হয় নি। নিজের স্ত্রীকে সারাক্ষন সন্দেহ করেন। সেটা এখন প্রায় পাগলামির পর্যায়ে পৌঁছেছে। ওঁর স্ত্রীও সেই পরিবেশে থাকতে থাকতে আর নিজেকে নির্দোষ প্রমান করতে করতে আজ মানসিক ভারসাম্য অনেকটাই হারিয়ে ফেলেছেন। সেদিক থেকে দেখতে গেলে সতীর দিদার দুই মেয়েই বরং ভালো আছে।      


বৌমনি, মানে টুনদার বউ আর সতীর বালিকাবেলার বন্ধু কথাকলি সতীকে সাজাবার শেষ দফার পরিকল্পনা সারছে। কথা আর বৌমনি দুজনেই মৃৎশিল্পী। প্রায় একই সময়ে কলাভবনে ছিল। টুনদার বিয়ের সময় দুই জনই দুই জনকে দেখে খুব চমকেছিল। তবে তাদের সখ্যতাটা বেড়েছিল বৌমনি বিয়ে হয়ে আসার পর থেকে। কথা এখন পুনেতে থাকে। কথার একটি মিষ্টি মেয়ে আছে। তার নাম রূপকথা। ভারী শান্ত বাচ্চা মেয়েটি। একরাশ কৌতুহল নিয়ে সাজানোর প্রস্তুতির প্রত্যেকটা খুঁটিনাটি লক্ষ করে চলেছে। সতীর লাল বেনারসি পছন্দ করা নিয়ে মা-ঠাম্মারা অবধি নাক সিটকেছিল। কিন্তু সতীটা যেমন সেকেলে তেমনি একগুঁয়ে। সে বারবার করে কথা আর বৌমনিকে বলেছে সাজ যেন পুরোদস্তুর ঘরোয়া বাঙালি কনের সাজ হয়। সেই মতনই সব এগোচ্ছে।

মিষ্টিমাসি একবার উঁকি দিয়ে গেল এঘরে। যাবার সময় সতীর গাল টিপে আদর করে বলে গেল, "আমাদের মেয়েকে যেমন খুশি সাজা তোরা। দেখিস, ওর বরের কেমন মাথা ঘুরে যায়।"


দ্বিতীয় দফার বিকেলের চা দেওয়া হচ্ছে সকলকে। বর এই এলো বলে। বাড়ীর সকলেই শেষ পর্যায়ের সাজগোজ করছেন। গোটা প্রাঙ্গনটা জুঁই ফুলের গন্ধে মাতোয়ারা। সানাইয়ের কাজরি রাগ সকলকে অভিনন্দন জানাতে শুরু করেছে। শেষ বিকেলের আলোয় মিশে সেই সুর পৌঁছে দিচ্ছে খুশির বার্তা চতুর্দিকে।

ইতিমধ্যে আরো অনেক আমন্ত্রিত এসে পৌঁছেছেন। ভাগ্যিস এই বড় মাঠটা ছিল, তাই এত গাড়ী সুষ্ঠু ভাবে রাখা যাচ্ছে। একের পর এক গাড়ী ঢুকছে। আত্মীয়, বন্ধু, প্রতিবেশী। সতীকে সক্কলে ভালোবাসে। ওই গাড়ীর লাইনে ফুল দিয়ে সাজানো বড় গাড়ীটি কারুর চোখ এড়াল না। গোটা বাড়ীটায় যেন কেউ একটা জিয়ন কাঠি ছুঁইয়ে দিল। হুড়োহুড়ি, ব্যস্ততার মধ্যে 'শঙ্খ কোথায়', 'দিদি, বরণ-ডালা আন', 'পূর্নদা, শরবত আর কফি রেডি করো', 'এই, আমার পাজামার দড়িটা একদিকে ঢুকে গেলো যে' ইত্যাদি কথা নানান সুরের, নানান স্বরে, উড়ে বেড়াতে লাগলো। সতী দোতলার বারান্দায় এসে দাঁড়ালো। এই মুহূর্তটার জন্যে কত জল্পনাই না তারা করেছে। সে আর আমন।

আরে, বর কই! এ তো আরেক কনে! কি রূপ, কি রূপ, মরি মরি! লাল লেহেঙ্গা আর চোলি পরা এ কাদের বাড়ীর কনে গো! নিশ্চয়ই পথ ভুলে এদিকে এসে পড়েছে। সবাই, মুগ্ধ হয়ে একরাশ কৌতূহল নিয়ে আমনদীপকে দেখছে। মুগ্ধ সতীও। সে বাইরের এই রূপটার সাথে সাথে ভেতরের মানুষটাকেও যে দেখেছে, গত ছয় মাস ধরে। সতী রূপে ভোলার মেয়ে নয়। অনেকটা সময় কাটিয়ে, অনেক কথার পর তার মনে হয়েছে এমন মানুষের সাথে একটা জীবন কাটানো যায় সানন্দে।

আমনদীপ বেশ লম্বা। নিয়মিত জিম করা স্বাস্থ্য। প্রায় সতীর মতনই লম্বা চুল। ভীষণ কাটা-কাটা নাক মুখ চোখ। এক কথায় আমনদীপের সৌন্দর্য দম বন্ধ করা। সতীর মতন শান্ত স্নিগ্ধ নয়।

হাসিহাসি মুখে আমন দাঁড়িয়ে আছে নহবতখানার ঠিক বাইরেটায়। গোটা বাড়িতে যে গুঞ্জনটা শুরু হয়েছিল সেটা থিতিয়ে গিয়ে এখন কতকটা স্থানুর মতন নিশ্চল অবস্থা। সতী আর আমন এই মুহূর্তটার জন্যে প্রস্তুত হয়েছে বহুদিন থেকে। আমন অনেকবার বলেছিল ঘটা করে এটা না করলেও চলবে। সতীর এক কথা, 'বা রে, আমি আমার বিয়ের স্বপ্ন দেখেছি এতদিন ধরে। কেবলমাত্র আমার পছন্দের স্বাধীনতার জন্যে সেই স্বপ্নকে আমি জলাঞ্জলি দেব!' এরপরে আর কথা চলে না। তাছাড়া সতী একটু গাল ফোলালেই আমনের দম বন্ধ লাগে। তাই সে আর বিশেষ আপত্তি করে নি। আর তাই মনে মনে প্রস্তুত হয়েছে দুই মেয়ে। সতী আমনকে বলেছে সতীউন্নিসার কথা। সেই সতেরোশ শতাব্দীতে একা একটি মেয়ে সুদূর ইরান থেকে ভারতবর্ষে এসে তৎকালীন মুঘল শাসিত পিতৃতান্ত্রিক সমাজে ডাক্তার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। উচ্চস্তরের সরকারি পদে আসীন হয়েছিলেন। এমনকি তাঁর নিজের সীলমোহর অবধি ছিল। এসব কথা সতী যখন ভীষণ সিরিয়াস মুখে বলত, আমন কেবল মুচকি মুচকি হাসত আর সতীর দিকে চেয়ে থাকত বিভোর হয়ে।


আলাদা করে ঘোষণা না করেও ক্রমশ ব্যাপারটা সকলের বোধগম্য হল ধীরে ধীরে। সতী ততক্ষনে নেমে এসে দাঁড়িয়েছে আমনের সামনে। ভাবটা এমন, 'তোমরা বরণ না করলে আমার কনেকে আমিই বরণ করব।' বাকিরা ততক্ষণে সমে ফেরার মরিয়া চেষ্টা করছে।

ছোটপিসেমশাই তার হাতের খালি চায়ের ভাঁড়টা ফেলতে খুব ব্যস্ত হয়ে পড়লেন। গ্যাস্টন খুব খুশি হয়ে দিদিভাইয়ের কোমর জড়িয়ে আরেকটু কাছে টেনে নিল। জামাইশষ্ঠীর দেশে সে নিজের মাটির গন্ধ পাচ্ছে। পিপলি মুখ তুলে একবার বড় পিসেমশাইয়ের দিকে তাকিয়ে সতীর দিকে প্রশ্রয়ের এক টুকরো হাসি ছুঁড়ে দিলেন। বড়জেঠু তাঁর এক বাল্যবন্ধুর সাথে একটু দূরে বসেছিলেন। একদা ইস্কুল মাস্টার প্রগতিশীল দলের হয়ে বহু বছর পরে আঞ্চলিক পৌরসভা নির্বাচনে জয়ী সেই বাল্যবন্ধু খুব বিব্রত হয়ে ভাবতে শুরু করলেন এই ব্যাপারটা প্রগতির আওতায় পড়ে কিনা। কথা আর বৌমনি একে অপরের দিকে চেয়ে হি হি করে হেসে উঠেই এদিক ওদিক চেয়ে হাসিটা গিলে ফেলে ঘরে ঢুকেই আবার হাসিতে ফেটে পড়ল। বড়ঠাম্মা ঠাম্মা আর মা তখনো থ হয়ে চেয়ে আছে। দুটি মেয়েই তো চেয়ে দেখার মতন! বাকি আমন্ত্রিতরা ঠিক কি করবে বুঝে উঠতে পারছেন না। কেউ কেউ ফোনে ভিডিও রেকর্ডিং করছে। সেজমামা বিপ্লবমামার দিকে ফিরে তার ছেড়ে আসা আলোচনায় ফেরার চেষ্টা চালাতে গেলে বিপ্লবমামা হাসতে হাসতে বললে, "নটু, ওই দ্যাখ তোর বিপ্লব লাল বেনারসি আর ঘাগরা-চোলি পরে দাঁড়িয়ে আছে।" সেজমামা ঠিক কি বলবে বুঝে না পেয়ে স্রেফ আলোচনায় যবনিকা পতনের জন্যে বলে বসলে, "চাউসেস্কু থাকলে বানতলা কান্ড ঠিক সামলে নিত" বলেই আর না দাঁড়িয়ে হন হন এগিয়ে গেলেন নহবত খানার দিকে। সানাই টা কেন যে থেমে গেলো!


আর এই সব সরব নীরব কান্ডকারখানার মাঝে সতী আর আমন দেখতে পেল সন্ধেটাকে যেন পথ আগলে গোটা আকাশ জুড়ে এক রামধনু দেখা দিয়েছে। তার প্রত্যেকটা রঙ পরিষ্কার চেনা যাচ্ছে!


সতী হটাৎ খুব কাছ থেকে তার মায়ের গলা শুনতে পেল, প্রায় ফিসফিসিয়ে বলছেন, "হ্যাঁ রে, বরের বরণডালা দিয়েই কি….মানে ওকে…আসলে এই ব্যাপারে নিয়মটা তো ঠিক…." সতীর ওই অবস্থায়ও পেট গুলিয়ে হাসি আসছিল মায়ের সংশয় শুনে। তারই মধ্যে কানে এলো তার বাবার স্বাগতক্তি, "এহ, অত দামি ঘড়িটা শুধুশুধু জেন্টস মডেল কেনা হলো। এখন কি আর বদলে দেবে…" সতী আর থাকতে না পেরে হাসিতে ফেটে পড়ল মাকে জড়িয়ে ধরে। হাসি বড় সংক্রমণের ব্যাপার। আমন পুরোটা না বুঝলেও হেসে মায়ের দিকে এগিয়ে এলো। সানাই এ নতুন করে স্বাগতমের সুর বেজে উঠল। সন্ধে নামল। আকাশে রামধনুটা থেকেই গেল।

©Suman Dutta