Sunday, August 2, 2020

মন চলো নিজ নিকেতনে

জয়েন্ট এন্ট্রান্সের লিস্টে রোল দেখতে পাওয়া আর জয়েন্ট রোল করে কয়েকটা টান মেরে নিজের ইচ্ছেগুলিকে সামনে দেখতে পাওয়া কতকটা একই রকম। উভয় ক্ষেত্রেই ‘আমি’ র আমিত্ব কে কাছ থেকে অনুভব করা যায়। Trust me, it's indeed a rare feeling we hardly ever get. বিছানা থেকে বাথরুম, গোয়াল থেকে গয়না, হেঁশেল থেকে হারমোনিয়াম, সুক্ত থেকে সর্বেত, সর্বত্র আমরা রোল প্লে করতে করতে সতত আমিত্ব কে বিসর্জন দিয়ে থাকি, অজান্তে।
বহু বছর আগে, একটি শুক্রবারে সন্ধে নাগাদ অফিসের লবিতে এসেছিলাম কফি নিয়ে একটা সিগারেট খেতে। শীতের দিল্লি তখন সবে প্রস্তুত হচ্ছে আরেকটি কুয়াশা ঘন সন্ধ্যার সাথে রাতভর সহবাসের জন্যে। রাস্তার আলোগুলি সদ্য জ্বলে উঠে অবাক চোখে এদিক ওদিক দেখছে, কুয়াশার দল লাজুক পায়ে একে একে এসে জমা হচ্ছে ছোট ছোট দলে। কফিটা একটু বেশিই ভালো লাগছে। ঘোরটা ভাঙলো আমার এক বন্ধুর ডাকে। বন্ধু মানে, সিগারেট খেতে এসে মাঝে মধ্যে মেয়েটির সাথে খুচরো আড্ডা হয়। মজার মানুষ। ভালো ছবি দেখে, গান শোনে, বই পড়ে, আর smoke করে, টোব্যাকো এবং অন্যান্য। নাম, ধরা যাক চিত্রাঙ্গদা। এই নামটি মনে এলো ওর স্বভাবটা থেকে। যাই হোক, চিত্রাঙ্গদা ওর জয়েন্টটা আমার দিকে বাড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, “shall we go for a drink out this evening, we can go for movie after that. Dil Chahta Hai বলে একটি ছবি এসেছে, I loved it। I don't mind one more time “। জয়েন্টে ততক্ষনে দুটো টান দিয়ে বেশ ভালো লাগছে। বললাম এক ঘন্টায় wrap up করে আসছি। আরো দু চারটে টুক টাক খুচরো কথা বলে, কফি আর সিগারেট টা শেষ করে লিফটের সামনে গিয়ে আর অফিসে ফেরত যেতে ইচ্ছে হলো না। আমিত্ব র অনুভূতি যে কখন আসবে তার খবর বাবাজির দল বা FBI কেউ জানে না!
রানিক্ষেত এক্সপ্রেস নাগাড়ে ছুটে চলেছে প্রায় গত দুঘন্টা ধরে। স্টেশনে পৌঁছে তাড়াহুড়োয় ট্রেন ধরতে গিয়ে টিকেট কাটার সময় হয়নি। তাই TC উঠতেই এগিয়ে গিয়ে একটা টিকেট কেটে নিলাম, কাঠগোদামের। এই ট্রেনটির নাম রানিক্ষেত এক্সপ্রেস হলেও, যায় কাঠগোদাম অবধি। রানিক্ষেত সেখান থেকে আরো প্রায় পাঁচ ছ ঘন্টার সড়ক যাত্রা। এই সবই জানলাম TC শরৎ শর্মা র থেকে। টিকেট চেক হয়ে গেলে নিজেই ডেকে নিলেন আড্ডা মারতে। উনি নামবেন রামপুরে, যেখান থেকে জিম করবেট ন্যাশনাল পার্ক খুবই কাছে। শর্মাজি এক্কেবারে আটপৌরে কিন্তু স্নেহময় একজন বছর পঞ্চাশের মানুষ। আমি নিজে গিয়ে টিকেট কেটেছি বলে খুব খুশি হয়েছেন, কারণ তেমনটা নাকি কেউই করে না। বুঝলাম খুশি হয়েছেন বলে আবেগে এটা বললেন। তবে আমাদের দেশের একটি বিরাট মানসিক উন্নতির ক্ষেত্র হল, সাধারণ নাগরিক করতব্যগুলিকে মহানতার পর্যায়ে না ফেলা। কারণ সেক্ষেত্রে মানুষের মহান না হবার একটা option থেকে যায়! উনি খুব অবাক আর ততধিক চিন্তিত হয়ে পড়লেন আমার কোনো গন্তব্য নেই জেনে। সত্যিই নেই। সেই যে অফিসের লিফটের সামনে গিয়ে মনে হলো, তারপর আর অফিসে ঢুকিনি। আমার Boss (one of the best Boss in my career) কে Reception থেকে একটা ফোন করে জানালাম একটা ব্রেক চাই। উনি জানতেন আর most importantly চিনতেন আমায়, তাই আর না করেন নি। শুধু জিজ্ঞেস করেছিলেন এক সপ্তাহের মধ্যে ফিরছি কি না আর এই ব্রেকের মধ্যে একটা presentation র কাজ করতে পারবো কি না। প্রথমটির উত্তরে হ্যাঁ আর পরেরটি না জানিয়ে, অনুরোধ করলাম আমার ল্যাপটপটা উনি যেন সঙ্গে করে নিয়ে যান। আফসোস হচ্ছে চিত্রাঙ্গদাকে জানাতে পারিনি আমার এই change of plan র কথা। মোবাইল ফোনের প্রশ্নই নেই তখন। খুব সামান্য কিছু পয়সাওয়ালা লোকের কাছে তখন মোবাইল ফোন থাকতো। কুছ পরোয়া নেহি, ফিরে এসে Manage করে নেব। চট করে বাড়িতে ঢুকে কয়েকটা জামাকাপড় আর অত্যাবশ্যক জিনিস নিয়ে সোজা পুরানো দিল্লী রেলওয়ে স্টেশন এবং বিনা টিকেটে রানিক্ষেত এক্সপ্রেসে পদার্পন। আপাতত গন্তব্য কাঠগোদাম, তারপর ভাববো। শর্মাজি শুধু শেষটুকু জানেন আর তাতেই খুব চিন্তিত। উল্টে আমি ওঁকে আশ্বাস দিয়ে বললাম আমার কিছু পরিচিত মানুষ কুমায়ুনে আছেন। সুতরাং ব্যবস্থা একটা হয়ে যাবে। সাদা নির্জলা মিট্যাচারণ, তবে উনি একটু নিশ্চিন্ত হয়ে টিফিন ক্যারিয়ার বার করে গুছিয়ে বসলেন। আমার দিকে বাড়িয়ে দিলেন একটি বাটি, আলুর পরোটা আর আচার। আহ! শুধু স্বাদ নয়, চোখের সামনে দেখতে পেলাম পশ্চিম দিল্লীর বা যমুনাপারের কোনো রেল কোয়ার্টারের এক চিলতে রান্নাঘরে বসে, একজন স্ত্রী তার স্বামীর জন্য যত্ন করে বানাচ্ছেন এই মহার্ঘ পরোটা, আর বড় কথা হলো এটা হয়তো তিনি করে চলেছেন গত বিশ পঁচিশ বছর, নিরন্তর, এতটাই ভালোবাসা নিয়ে! অনুভব করলাম ভেতরটা ভালোলাগায় পরিপূর্ণ হয়ে উঠলো। এই না হলে আহার! আমার সশ্রদ্ধ ভালোবাসা থাকলো এই দম্পতির জন্য। তাই আর ধন্যবাদ দিয়ে ব্যাপারটাকে খেলো করতে চাইনি। বরং তৃপ্তি করে খেয়েছি।
ট্রেনটি কাঠগোদাম পৌঁছলো ভোর সাড়ে পাঁচটা নাগাদ। ছোট্ট স্টেশনটায় নেমেই মনটা ফুর্তিতে ভরে উঠল। মোরাম বিছানো প্লাটফর্ম, দুটো বড়ো শিমুল গাছ ঘিরে বাঁধানো চাতাল, কুয়াশার ফাঁক ফোঁকর দিয়ে উঁকি মারছে পর্বতমালার অংশ বিশেষ। চা আর গরম কচুরির গন্ধে মাতোয়ারা চারপাশ। সব মিলিয়ে জীবন জমজমাট। স্টেশন চত্বরে প্রচুর Jeep আর প্রাইভেট ট্যাক্সির ভিড়। Jeep গুলি শেয়ারে যায় এবং নির্দিষ্ট গন্তব্যে। ড্রাইভাররা তারস্বরে চেঁচিয়ে চলেছেন, আলমোরা, কৌশনি, চৌকোরি, মুন্সিয়ারী, দিদিহাট…… দিদিহাট নামটি প্রথম শুনলাম। খুব মিষ্টি নাম। মনে মনে ঠিক করলাম দিদিহাটেই যাবো। তবে আপাতত কাঠগোদামটা একটু ঘুরে দেখা যাক। শীতের ভোরের আলস্য নগরজীবনের প্রতিটি কোনে। স্টেশন চত্বরের দোকানপাট খুললেও, বাকি কাঠগোদাম তখনো লেপের তলায়। শুনশান রাস্তা দিয়ে হাঁটতে বেশ লাগছিলো। দুপাশে মূলত ইউক্যালিপটাস গাছের সারি। মফস্বল শহরের মধ্যবিত্ত একটি পাড়ার মধ্যে দিয়ে উদ্দেশ্যহীন ভাবে হেঁটে চলেছি। এই শতাব্দীর গোড়ার দিকে মানুষের মনে অবিশ্বাসের ভাব অনেক কম ছিল। তাই কেউ আমায় খামোখা আতংকবাদী বা ছেলেধরা ভাবেনি। অবশ্য জেগে থাকলে তো ভাবাভাবির প্রশ্ন আসছে। হঠাৎই চোখ আর পা দুটোই আটকে গেলো একটি ছোট্ট একতলা বাড়ির সামনে এসে। এক্কেবারে ছবির মতন। বাড়িটির সামনে একপ্রস্থ বাগান আর বাড়ির পিছন দিকে বড় বড় দেবদারু আর ইউক্যালিপটাস গাছের চালচিত্র গোটা বাড়িটার একটা ভীষণ আকর্ষণীয় চরিত্র তৈরি করেছে। আর এই পুরো ব্যাপারটা একটা Cinematic মাত্রা পেয়েছে, কারণ এই দুর্দান্ত বাগানে একটি বেতের টি-টেবিলে টিকুজি বসানো চা র সরঞ্জাম সাজান আর তার পাশে ঠিক ষাটের দশকের পাহাড়ি সন্যালের মতন একজন মানুষ চোখে দূরবীন লাগিয়ে কিছু দেখে চলেছেন। জীবনে আর কখনো চা র প্রতি এতটা লোভ হয়নি। ওই মুহূর্তে gate র বাইরে দাঁড়িয়ে মনে হয়েছিল এই ভোরে এই বাগানে বসে এক পেয়ালা চা না খেলে জীবন বৃথা। পাহাড়িবাবুর দূরবীন এ আমার এই মনোভাব বোধয় ধরা পড়লো আর তাই হাতছানি দিয়ে ভিতরে আসতে ইশারা করলেন। অরণ্যের দিন রাত্রি ছবিতে এই ধরণের একটি সিকোয়েন্স ছিল। তাই মন বললো চা র সাথে টা ও পাওয়া যেতে পারে। ঢুকে পড়লাম gate খুলে।…..
ভীমতালের কাছে একটি ছোট্ট ধাবায় আমরা থেমেছি চা খেতে। কুমায়ুনের বিভিন্ন তাল, অর্থাৎ জলাশয় সম্বলিত পর্যটন স্থানগুলির মধ্যে আমার সবথেকে প্রিয় তাল্লিতাল আর তারপরই ভীমতাল। কাঠগোদাম থেকে সামান্যই দূরত্বে অবস্থিত ভীমতাল খুব একটা উঁচুতে না হলেও, হিমালয়ের গন্ধ আসতে শুরু করে এখন থেকেই। মহাভারতের যুগে, পাণ্ডবদের অজ্ঞাতবাসকালে দ্বিতীয় পাণ্ডব ভিমসেন নাকি এখানে কিছুকাল বাস করেন আর সেই থেকেই এই জলাশয় কেন্দ্রিক গ্রামটির নাম হয় ভীমতাল। পরবর্তী কালে কুমায়ুনের চাঁদ বংশের রাজা বাজ বাহাদুর এখানে নগরপত্তন করেন। আর মজার ব্যাপার হলো এই ভীমতাল আর তাকে ঘিরে নগরজীবন পুরোটাই হাইওয়ের ওপরে। NH109 কে ‘বুড়ি ছুঁয়ে’ থাকে ভীমতাল আর সেখানকার মানুষ ক্ষণে ক্ষণে ফিরে আসে একে অপরকে ‘ধাপ্পা’ করতে!
আমাদের ড্রাইভার, সেও বাজ বাহাদুর, সবাইকে তাড়া দিয়ে গাড়িতে তুলছে। এখনো অনেক দূর যেতে হবে। দিদিহাট এখান থেকে আরো ছয় সাত ঘন্টার পথ, কারণ আমরা যাবো থামতে থামতে। আমার ঠিক পাশটিতে বসে এক সাধুবাবা ছিলিম টানছিলেন। চা শেষ করে, তাঁকে এক পাতা Gelusil আর Combiflam দিয়ে, তার ব্যবহার বুঝিয়ে, ছিলিমে দুটো বড় টান মেরে, ‘ব্যোমভোলে’ বলে চেপে বসলাম বাজ বাহাদুরের গাড়িতে।
কুমাউন আমার সবথেকে পছন্দের হিমালয় রেঞ্জ। এখানে হিমাচলের মতন বাণিজ্যিক তৎপরতা অথবা গারোয়ালের মতন তীর্থ যাত্রীর ভিড় নেই। আছে দিগন্ত বিস্তৃত সবুজ ঢাকা পর্বতমালা, ঘন নীল আকাশ আর তাতে পেঁজা তুলোর মতন মেঘের আনাগোনা, কটা রঙের নদীর উপত্যকা, দুধসাদা জলের ফেনা সম্বলিত নদীর বয়ে যাওয়া আর এই সব রঙের মিশেলে তৈরি কুমায়ুনের মানুষ। এত রঙের সম্মেলনেও যে মানুষের মন এত স্বচ্ছ হতে পারে, তা এখানকার মানুষের সাথে না মিশলে কিছুতেই বোঝা সম্ভব নয়। মানুষের কথায় মনে পড়লো, সেই যে gate খুলে ঢুকে পড়েছিলাম কাঠগোদামের এক গৃহস্থ বাড়িতে, সে কথা তো বলাই হয় নি। বাগানে পা রেখেই বুঝেছিলাম এই গৃহে মানুষের সাথে মন ও বাস করে। পাহাড়ি সান্যাল এগিয়ে এসে আপ্যায়ন করে বসালেন তাঁর সামনের চেয়ারটিতে। জানলাম ওঁর নাম মুকেশ জোশি। Retired Army Major জোশিজি এখন পাকাপাকি ভাবে এই কাঠগোদামেই থাকেন। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরেছেন সারা জীবন। অচিরেই এক উর্দি পরা খানসামা উদয় হয়ে আমাদের সামনে কিছু কুকিজ আর ব্রেডরোল রেখে গেলেন, চা র সাথে টা। বুঝলাম retire করলেও পুরোদস্তুর মিলিটারি আদবকায়দায় জীবন যাপন করে চলেছেন বছর পঞ্চাশের এই মেজরসাব। টুকটাক কথা চলছিল চা র সাথে। শুরুতে একটু আড়ষ্ট হলেও একটু পরেই কথাবার্তা বেশ স্বচ্ছন্দ হয়ে ওঠে। কথায় কথায় জানলাম ওঁর নাতি, রাহুল আজ ফিরে যাচ্ছে তার বাড়ী, পিথাওরাগার এ। এই বাড়ীতে সস্ত্রীক জোশি জি থাকেন আর থাকেন এই খানসামা আর ওঁদের কুকুর Lucky। বিশাল আকারের একটি Bullmastiff আর সে দুর্দান্ত গম্ভীর এবং সম্ভবত কিঞ্চিৎ বিরক্ত। আমার মনে হল ওটির নাম বার্বারিকা হওয়া উচিত ছিল। বার্বারিকা ছিলেন ভীমসেনের নাতি, ঘটৎকচ আর নাগকন্যা আহিলাবতীর পুত্র। বার্বারিকার জীবনের ব্রত ছিল উনি লড়বেন হেরে যাওয়া দলের হয়ে আর তাই কুরুক্ষেত্রের যুদ্ধে উনি শুধুই দর্শক হয়ে ছিলেন।
যাই হোক, আমি দিদিহাট যাবো শুনে জোশি জি বললেন আমি রাহুলের সাথেই আমি যেতে পারি। কাঠগোদামের এক ড্রাইভার পরিচিত কিছু যাত্রী নিয়ে সপ্তাহে দু তিনটি ট্রিপ করেন, কখনো পিথাওরাগার অথবা মুন্সিয়ারী কিংবা গঙ্গোলীঘাট। সেই থেকে আমি বাজ বাহাদুরের Jeep এ আরো পাঁচ জন যাত্রী ও রাহুলের সহযাত্রী। রাহুল এবার Board exam দিয়েছে। কৈশোর এখনো যাই যাই করেও গড়িমসি করে চলেছে, তাই সকাল থেকেই সে এক মনে Tintin পড়ে চলেছে। তার কাকা দিল্লী থেকে এনে দিয়েছে। আর আমি বকবক করে চলেছি বাজ বাহাদুরের সাথে। বছর বিশেকের ছোটখাটো ছেলে বাজ বাহাদুর ওস্তাদ ড্রাইভার। গাড়ি চালানো শেখে তার বাবার কাছে, বারো বছর বয়সে। পাহাড়ে গাড়ি চালাবার কিছু অত্যাবশ্যকীয় নিয়ম আমি জেনেছিলাম ওর থেকে। পরবর্তী কালে হিমালয়ের বিভিন্ন অংশে অনেক গাড়ি চালিয়েছি এবং একবার এর একটি নিয়ম না মেনে খুব বিপদে পড়েছিলাম। সে আখ্যান হবে আরেকদিন।
দিদিহাট যাবার দুটি রাস্তা, ভাগ হয়ে যায় সীম নামের একটি ছোট্ট গঞ্জ থেকে। একটি রাস্তা রানিক্ষেত, সোমেশ্বর, চৌকোরি হয়ে, আরেকটি জুরাসি, লাট, সিলকটে হয়ে। আমাদের গাড়ির এক যাত্রী লাটে যাবার ছিল (বাংলা অর্থটা ভেবে পেট গুলিয়ে হাসি আসছিল), তাই আমরা লাটে ওঠার রাস্তাটাই ধরলাম! দুটি রাস্তা আলমোরা জেলার দুপাশ দিয়ে যায়। আমাদের রাস্তায় গাড়ির দাপট বেশ কম, তাই বাজ বাহাদুরের পক্ষীরাজ বেশ জোরেই দৌড়োচ্ছে। আশপাশের টোপোগ্রাফিটা বদলাতে শুরু করেছে। ছোট ছোট পাহাড়ের বদলে এবার বড় বড় পর্বতমালার মাঝে মাঝে একআধটা তুষারশুভ্র শৃঙ্গ উঁকি দিচ্ছে মাঝে মাঝে। দুপাশের জঙ্গল মূলত পাইন গাছের। মাটির রঙ বেশ লাল। এই ভর দুপুরেও চারপাশ নিস্তব্ধ, ঝিঁঝি পোকার ডাক। কেবল আমাদের গাড়ির ইঞ্জিনের শব্দটাই খুব বেমানান। ঝলমলে রোদ থাকলেও ঠান্ডাটা মালুম হচ্ছে বেশ। বাতাসটা যে হিমেল পর্বতশৃঙ্গ ছুঁয়ে আসছে, তা বেশ ঠাওর হচ্ছে। সিলকোটে দুপুরের খাওয়া সেরে আবার যাত্রা শুরু। এবার হিমালয় শৃঙ্গমালার পঞ্চচুলির পাঁচটি তুষাবৃত শৃঙ্গ বরাবর দৃশ্যমান। দুপাশের দৃশ্য এতই মনোরম হয়ে উঠছে ক্রমশ যে আমার বকবকানি আপাতত বন্ধ। প্রাণ ভরে শুষে নিচ্ছি অমল বাতাস। পাহাড়ের একটা সুন্দর গন্ধ আছে, পাইন দেবদারু জঙ্গল, শুকনো পাতা, পাহাড়ি নাম না জানা ফুল আর মনের বিশুদ্ধতা মিলে এই গন্ধের সৃষ্টি। যে কোনো ব্র্যান্ডেড পেরফউমের বেস-নোট এর ধারে কাছে আসে না।
দিদিহাট পৌঁছলাম সন্ধে ছয়টা নাগাদ। শারীরিক ক্লান্তিটা থাকলেও মানসিক আনন্দ এত বেশি ছিল যে KMVN রেস্ট হাউসে চেকইন করে ফ্রেশ হয়েই বেরিয়ে পড়লাম পাড়া বেড়াতে।
দিদিহাট নামকরণ হয়েছিল কুমায়ুনই শব্দ ‘দণ্ড’ অর্থাৎ ছোট্ট পাহাড়, থেকে। শিরাকোটের Feudal Lord রাইকা মাল্লা এখানে স্থাপন করেন দেব মালায়া নাথের মন্দির। নিয়মিত পূজা অর্চনা ছাড়াও অনেক ভক্ত সমাগম হয় এই মন্দিরে। রাজা হরি মাল্লার সময় অবধি দিদিহাট ছিল নেপালের দোটি রাজ্যের অন্তর্গত এবং মাল্লাদের শাসনাধীন। 1581 AD নাগাদ চাঁদ রাজারা মাল্লাদের থেকে দিদিহাট ছিনিয়ে নেয় যুদ্ধের বিনিময়ে। কারণ মূলত চাষের উর্বর জমি যা ওই অঞ্চলে খুব একটা সহজলভ্য নয়। সে অনেক দিন আগের কথা। আপাতত 2003 র এক হিমেল সন্ধ্যায় দিদিহাটের একটি ছোট্ট চা র দোকানে বসে চা খেতে খেতে দিদিহাটের ইতিহাস আলোচনা করছিলাম বর্ষীয়ান মানুষ দিনু রাই র সাথে। সামান্য একটুখানি বাজার এখানে। একটি চা-মিষ্টির দোকান, দুটি মুদিখানা এবং স্টেশনারি, একটি সেলুন, কয়েকটি ছড়ানো ছিটানো কাঁচা বাজারের ঠেলা আর একটি কাপড় চোপড়ের দোকান। ব্যাস এই। বাজারে এক কোনে বাস স্ট্যান্ড আর জীপ দাঁড়াবার জায়গা। সেখানে একটি ছোট্ট খাবার হোটেল। আমিও ভাবছি রাতের খাবার ওখানেই সারবো। চারপাশে এখন মিশকালো অন্ধকার। ছোট্ট এই জনপদ ঘিরে রয়েছে তুষারাবৃত পঞ্চচুলি আর ত্রিশূল শৃঙ্গমালা। রাস্তায় লোক চলাচল ক্রমেই কমে আসছে। এখানে নাকি লেপার্ডের উপদ্রব আছে তাই কেউ খুব একটা রাত অবধি বাইরে থাকেন না। ঘোর কাটলো দিনু রাইয়ের ডাকে। গাঢ় ঘুরিয়ে দেখি ওঁর পাশে এসে বসেছেন ছোট খাটো চেহারার একজন মানুষ। পরনে একটি মলিন কোট তার ভেতর থেকে ফুলতোলা সোয়েটার উঁকি মারছে। কোটটি শেষ কবে ইস্তিরি হয়েছে বলা মুশকিল। মানুষটির মুখেও ইস্তিরি না হওয়া অনেক অপ্রয়োজনীয় ভাঁজ। বয়েস আন্দাজ করা মুশকিল। চল্লিশ থেকে ষাট র মধ্যে। পড়খাওয়া তামাটে গায়ের রঙ বলছে ইনি খেটে খাওয়া মানুষ। কোটরাগত চোখ দিয়ে একমনে আমায় দেখছেন। হঠাৎই ফস করে বাংলায় জিজ্ঞেস করে উঠলেন, “আপনি বাঙালি?” কিমাশ্চর্যম! ইনি বাঙালি নাকি? দেখে তো ট্যুরিস্ট বলে মনে হয় না। উনিই আবার কথা বললেন, “আমার নাম শ্রী কালাচাঁদ রাউত। আমি এখানকারি বাসিন্দা। আপনি কি বেড়াতে?” এবার উত্তর দিতেই হয় তাই ভদ্রতাবশত হাত জোড় করে বললাম, “আজ্ঞে হ্যাঁ, আমি বাঙালি। বেড়াতেই এসেছি বটে।”
কালাচাঁদবাবু খুঁটিয়ে খুঁটিয়ে আমার ইতিবৃত্তান্তত জানলেন। নিজেও জানালেন উনি একজন রাস্তা তৈরির ঠিকাদার। আদি বাড়ি হাওড়ার রামরাজাতলায়। খুব ছোটবেলায়, প্রায় পঞ্চাশ বছর আগে বাপ মায়ের সাথে আলমরায় আসেন। ওঁর বাবা সিভিল ইঞ্জিনিয়ার হয়ে চাকরি করতে আসেন এখানে। তখন আলমোরা থেকে পিথাওরাগার রাস্তা তৈরি হচ্ছে। জিম করবেট তখন মারা গিয়ে থাকলেও গোটা কুমায়ুনে তখনো বাঘ আর লেপার্ডর খুব দৌরাত্ম। আমার ভিতরের লালমোহন বাবু বলে উঠলেন, ‘আপনাকে তো কালটিভেট করতে হচ্ছে মশাই। ঝুলে পড়বো নাকি আপনার সাথে?’ আমার মনের কথাটা বোধয় আন্দাজ করলেন কালাচাঁদবাবু। হঠাৎই উঠে দাঁড়িয়ে বললেন, “চলো, আজ রাতে তুমি আমার বাড়ীতে খাবে।” আমি এতটা আশা করিনি! ভাবছি কি বলবো, কিন্তু উনি আমাকে আরো অবাক করে বলে উঠলেন, “মদটা তুমিই কিনো।” বলে হাঁটা দিলেন। আমিও গল্পের আশায় ওঁর পিছু নিলাম। বাজার অঞ্চল থেকে বেরিয়েই টের পেলাম অন্ধকারের মধ্যে কেউ রুপোলি রঙের স্প্রে পেইন্ট করে রেখেছে! আজ না হলেও, বুঝলাম পূর্ণিমা আগত। ত্রিশূলের শৃঙ্গগুলি সেই জ্যোৎস্না মেখে প্রচন্ড দর্পে যেন তাকিয়ে আছে আমারই দিকে। ভাবলাম মাল্লা রাজারা কি এমনি ছিলেন? প্রকৃতিই তো প্রকৃতি তৈরি করে!
দিদিহাট ছেড়ে যেতে বেশ মন খারাপ লাগছে। গত দেড় দিনেই দিদিহাট খুব মনের জায়গা হয়ে উঠেছে! ছোট্ট এই জনপদে সেভাবে দ্রষ্টব্য প্রায় কিছুই নেই। হিমালয়ের অন্যান্য ছোট গঞ্জেরই মতনই এই দিদিহাট, অথচ মানুষকে আপন করে নেওয়ার ক্ষমতা অনন্য। সেটা প্রথম টের পাই চায়ের দোকানে বসে দিনু রাইয়ের সাথে গল্প করার সময়ে আর তারপর আর ভালো করে অনুভব করি কালাচাঁদ রাউতের আতিথেয়তায় এবং আরো অনেক ব্যাপারে। গত পরশু সন্ধ্যায় আমি হাঁটা দিই কালাচাঁদ বাবুর সাথে। বাজার অঞ্চল থেকে বেরিয়েই দেখতে পাই সমস্ত চরাচর জ্যোৎস্নায় ভাসাভাসি! অদ্ভুতুড়ে মায়াবী এই আলোয় চতুর্দিকে ম্যাজিক ঘটে চলেছে! একটি কুকুরকে দেখে নেকড়ে মনে হলো অথবা হতেও পারে নেকড়ে, বড় কুকুর ভেবে মনকে আশ্যস্ত করছিলাম। আশপাশের পাহাড়ি জঙ্গল থেকে যে কোনো মুহূর্তে Hagrid আর Fang বেরিয়ে আসতে পারে। বাঘের ভূত হালুম থাকলেও থাকতে পারে। প্রচন্ড ঠান্ডায় পকেট থেকে হাত বার করে সিগেরেট ধরাতেও ইচ্ছে হচ্ছে না। কালাচাঁদ বাবু হাঁটছিলেন আমার একটু আগে আগে। ভদ্রলোকের বয়স হয়েছে, কিন্তু হাঁটার গতি বেশ। সেই গতির সাথে তাল রাখতে আমার বেশ অসুবিধাই হচ্ছিল। তাই আমি হাঁটছিলাম আমার মতন। হঠাৎই খেয়াল করলাম কোত্থেকে আরেকজন মানুষ জুটে গেছেন কালাচাঁদ বাবুর সাথে। মনে পড়ে গেলো, শীর্ষেন্দুবাবুর ফজল আলী আসছে। ইনি কি ফজল আলী!
আপাতত আমরা থেমেছি জউলজিবি নামের একটি জায়গায়। আমার গন্তব্য ধারচুলা। এটি পিথাওরাগার জেলার একটি বেশ গুরুত্বপূর্ণ স্থান। এই ধারচুলা থেকেই শুরু হয় কৈলাশ মানস সরোবর যাত্রা। আমার এই গন্তব্য স্থির হয় কালাচাঁদ বাবুর বাড়িতে বসে, নারায়ণ স্বামীর কথা শুনতে শুনতে। খুব ইন্টারেস্টিং চরিত্র এই নারায়ণ স্বামী। 1936, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের বছর তিনেক আগে স্থাপিত হয় এক আশ্রম এই পিথাওরাগার জেলায়। স্থাপন করেন লাহোরের ইঞ্জিনিয়ার নারায়ণ স্বামী। উনি যাচ্ছিলেন কৈলাশ মানস সরোবরের উদ্দেশ্যে। বলা বাহুল্য তখন এই পথ ছিল ভয়ঙ্কর দুর্গম আর শ্বাপদ সংকুল। শুধু লেপার্ড নয়, তখন গোটা কুমায়ুনে বড় বাঘের দাপট প্রচন্ড। যাত্রাপথে ওখানকার মানুষের দারিদ্র্য এবং অশিক্ষা ওঁকে ভীষণভাবে নাড়া দেয়। তাই উনি আর ঘরে ফিরে জাননি। থেকে গিয়েছিলেন ধারচুলায় আর তিল তিল করে গড়েছিলেন এই আশ্রম, মূলত শিক্ষাদানের উদ্দেশ্যে। তখন ধারচুলার নিকটবর্তী গঞ্জ আলমোরা, দূরত্ব দুশো কিলোমিটারের বেশি। সড়ক পথ না থাকায়, এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগতো প্রায় তিন হপ্তা। তাই নারায়ণ স্বামীকে আশ্রম গড়ার সামগ্রী জোগাড় করতে হয় ওই অঞ্চলে থেকেই। ওঁর ক্রিয়েটিভ মাইন্ড আর ইঞ্জিনিয়ারিং জ্ঞান দিয়ে তৈরি হয় এই আশ্রম। পাথরের চাঙর গাঁথা হয় ডাল আর গুড়ের তৈরি মশলা দিয়ে। অবশ্যই আরো জিনিস মেশানো হয়েছিল যাতে এই গাঁথনী পোক্ত এবং টেকসই হয়।
ড্রাইভার এসে এক প্রস্থ তাড়া দিয়ে গেল জলদি চা জলখাবার সেরে নিতে। আমার নড়তে ইচ্ছা হচ্ছিল না একটুও। বড় মায়াবী এই ছোট্ট জউলজিবি। এখান থেকেই আমাদের সঙ্গ নিয়েছে কালি নদী। জলের রং গাঢ় নীল, পাথরে প্রচন্ড বেগে ধাক্কা খেতে খেতে একরোখা হয়ে এগিয়ে চলেছে এই নদী। যেন আলতামিরার বাইসন! দারুন জেদ, দুরন্ত আত্মবিশ্বাস মিলে সে কি attitude এ নদীর! প্রেমে না পড়ে উপায় নেই। এক্কেবারে হাবুডুবু অবস্থা! ড্রাইভার কে বললাম একটু বসে গেলে হয় না? শেয়ারের ভাড়ার গাড়ির যাত্রীর থেকে এমন প্রস্তাব সে বোধয় জীবনে প্রথমবার শুনলো। একটুক্ষন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বোধয় আমার এই প্রস্তাবে লুকিয়ে থাকা অকুতিটা বুঝতে পেরে আমায় জানাল এখন থেকে ধারচুলা আর ঘন্টা দুয়েকের পথ। ক্রমাগত গাড়ি আসতে থাকে পিথাওরাগার থেকে। আমি এখান থেকে সন্ধের আগে বেরোলেই হবে। খুবই আনন্দ সংবাদ! তার পাওনা মিটিয়ে চললাম কালি নদীর সাথে প্রেম করতে। অবশ্যি রাস্তা পার হলেই নদী। দিদিহাট বা এই জউলজিবি এই পুরো অঞ্চলটাই একটি উপত্যকা, অনেকটাই নীচে নেমে এসেছি। তাই নদী আর রাস্তা প্রায় একই তলে। রাস্তা পার হয়েই চোখে পড়লো ধূলি ধুসরিত একটি SBI বোর্ড, হাঁ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া! এই এক মজার ব্যাপার জানেন, ভারতবর্ষের অতি প্রত্যন্ত অঞ্চলেও একটি SBI ঠিক পাবেন! একটু দূরেই ব্রাঞ্চটি চোখে পড়লো। আদপে দেড় কামরার একটি ছোট্ট অফিস। সাকুল্যে তিনটি কাউন্টার, তবে তার বেশি দরকারও নেই এই জায়গায়। জউলজিবি মূলত ব্রেক-পয়েন্ট, ধারচুলা অভিমুখী গাড়ীগুলি এখানে দাঁড়ায় একটু জিরিয়ে নিতে। আলাপ হলো ব্রাঞ্চ ম্যানেজার বিজয় তামাং র সাথে। বিজয় আদপে উত্তর বাংলার কার্শিয়াং র মানুষ। চাকরি সূত্রে উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় ঘুরে আপাতত এই জউলজিবি তে। সাবাস তামাং সাহেব। মধ্য চল্লিশের বিজয় তামাং র স্ত্রী আর দুই মেয়ে থাকে আলমরায়। মেয়ে দুটি ওখানেই পড়াশুনা করে। জউলজিবি তে একটি পাওয়ার প্রজেক্টের ফান্ডিং র জন্য এই ব্রাঞ্চ খোলা হয় আর তামাং সাহেব প্রমোশন নিয়ে এই ব্রাঞ্চে আসেন বছর খানেক আগে। খুব খুশি হলেন আমায় পেয়ে, আড্ডা মারার লোক তো প্রায় একেবারেই পান না। জিজ্ঞেস করলাম এই প্যান্ডব্বর্জিত জায়গায় একা থাকতে ভালো লাগে? উত্তরে হাসতে হাসতে বললেন, ফ্যামিলি মিস করি ঠিকই, তবে কার্শিয়াং আর মিস করি না। বোঝ!! উনই উপদেশ দিলেন ধারচুলায় একটি রাত কাটাতে। কালি নদীর রাতের রূপ যে না দেখেছে, তার জীবন বৃথা! তামাং সাহেব আমন্ত্রণ জানালেন লাঞ্চের জন্যে। ওঁর রোজকার খাবার জায়গা। আর পাঁচটা ধাবার মতোই আটপৌরে। গরিবগুর্ব মানুষ খাবারদাবার খান। তবে শহুরে ভাষায় যাকে বলে Location, সেটা দুর্দান্ত! মূল রাস্তা থেকে নেমে একেবারে নদীখাতের ওপরে। চল্লিশ পঞ্চাশ গজের মধ্যেই কালি নদীর জলরেখা। দুধ সাদা নুড়ি পাথরের ভিড়ে নদীর নীল জলরেখা ভীষণ গর্বে ঘোষণা করছে তার উপস্থিতি। অপর দিকের নদীতীরে ঘন জঙ্গল, ভালুক আর লেপার্ড র জঙ্গল! আর এই সমস্ত জায়গাটা ঘিরে রেখেছে, অথবা বলা ভালো যে আগলে রেখেছে বিশালদেহী পর্বত শৃঙ্গমালা। উচ্চতম এবং দৃশ্যমান অবশ্যি এখনও পঞ্চচুলি। অনুমান করি পাখির চোখে এই স্থান অনেকটা তোলা উনানের মতন দেখায়। সেই থেকেই বোধয় ধারচুলা নাম। ধার অর্থাৎ পর্বতশৃঙ্গ এবং চুলা অর্থাৎ উনান।
যাই হোক, তামাং সাহেবের স্পেশাল গেস্ট বলেই বোধয় ধাবার মালিক এবং রাঁধুনি যত্ন করে খাটিয়ার মাঝে কাঠের পীড়ি পেতে আমাদের খাবার বন্দোবস্ত করলেন। ঝকঝকে স্টিলের থালায় এল ডাল, নিউট্রিলার তরকারি, গরম গরম ফুলকা, লেবুর আঁচার আর একটি করে গোটা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা! ‘বন এপেটি’...... এত সুস্বাদু খাবার এমন সুন্দর পরিবেশে বসে খাবার সৌভাগ্য খুব কমই হয়েছে! মনে মনে ভাবলাম নদীর ঠিক ওপারের জঙ্গলে, আমাদের সমান্তরালে বসে একটি লেপার্ড ও হয়তো তার লাঞ্চ সারছে। শান্তিপূর্ণ সহাবস্থান। বেলা চারটে নাগাদ দ্বিতীয় কাপ চা শেষ করে তামাং সাহেবের থেকে বিদায় নিয়ে চেপে বসলাম ধারচুলাগামী একটি জীপে। জীবনে মানুষ বড় কম দেখলাম না, মনুষ্যত্ব বিরাজমান সর্বত্র। যেকোনো দ্বন্দ্বের কারণই বোধয় একে অপরের perspective টা বুঝতে না পারায়। আমার walkman এ তখন বেজে চলেছে Indian Ocean র ‘সখি হে, মন হর মেরা পিয়া বিরাজে রে’।
জউলজিবি থেকে ধারচুলা পথ খুব বেশি নয়, তবে সড়ক খুব একটা চওড়া না হওয়ায় গাড়ীর গতি সীমিত। তাছাড়া চপল তন্বী প্রেমিকা, কালি নদী রাস্তার এত কাছ দিয়ে বয়ে চলেছে যে রূপের মোহে একটু অন্যমনস্ক হলেই প্রেমের জিত!
ধারচুলা পৌঁছুতে সন্ধে হয়ে গেল। বেশ জমজমাট গঞ্জ। ব্যস্ত বাজার, কয়েকটি two-wheeler র showroom। হোটেল, রেস্টুরেন্ট, হাসপাতাল ইত্যাদি মিলিয়ে ধারচুলার দম ফেলার ফুরসত নেই! খুঁজে খুঁজে বার করলাম KMVN রেস্ট হাউস। Reception এ দাঁড়িয়ে একটা জলপ্রপাতের মতন আওয়াজ পাচ্ছিলাম, তবে বুঝতে পারছিলাম না ব্যাপারটা কি। এই রেস্ট হাউসটির অবস্থান একটু একটেরে, শহরের এক প্রান্তে। ভোল্টেজ খুব কম থাকায় পুরোটাই আলোআঁধারী। প্রয়ান্ধকার একটি সিঁড়ি দিয়ে দুতলায় উঠে নির্দিষ্ট ঘরে চেকইন করলাম। জলের আওয়াজটা এখানে আরো বেশি, আসছে ব্যালকনির দিক থেকে। চুলোয় যাক আলো, তাড়াতাড়ি গিয়ে ব্যালকনির দরজা খুলেই স্থবির হয়ে গেলাম। যার প্রেমে মানুষ বিভোর হয়ে থাকে, সম্পূর্ণ অপ্রত্যাশিত ভাবে সে যদি হটাৎ এক্কেবারে সামনে, উন্মুক্ত চিত্তে এবং বিভঙ্গে হাজির হয়, তাহলে কিংকর্তব্যবিমূঢ় হবো বইকি! তাই স্থবির হয়েই দেখলাম প্রায় দুশ ফুট ওপর থেকে বিশাল কালি নদী জলপ্রপাতের মতনই আছড়ে পড়ছে ঠিক যে পাথরটির পাদদেশে, এই রেস্ট হাউসটি সেই পাথরটির ওপরেই অবস্থিত। অহ, কি রূপ!! এলকেশী, আয়ত নয়ন, কমনীয় কিন্তু নমনীয় একেবারেই নয়। আজ বোধয় পূর্ণিমা, তাই চরাচর ভেসে যাচ্ছে জ্যোৎস্নায়। আর সেই দুগ্ধস্নাত আলোয়, তুষারাবৃত পঞ্চচুলির আরশি প্রতিফলনে কালি নদীর অনাড়ম্বর অভর্থনায় যেমন আছে উষ্ণতার আবেশ তেমনই আছে সমর্পণের নির্দেশ। না মেনে উপায় নেই! যতক্ষণ না ঠান্ডায় জমে যাবার অবস্থা হয়েছিল ততক্ষণ ওই ব্যালকনিতে বসে চুটিয়ে প্রেম করেছি সে রাতে। এমন একটি রাত জীবনে আর কখনো আসেনি। বাকি রাতটা ঘুমিয়ে না ঘোরে কেটেছিল তার হিসেব নেই। সকালে উঠে মনে হয়েছিল আমি পরিপূর্ণ!
ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম নারায়ণ স্বামীর আশ্রমের উদ্দেশ্যে। পথ খুব বেশি নয়, চব্বিশ পঁচিশ কিলোমিটার হবে। তবে প্রায় সাত ঘন্টার হাঁটা পথ আর পুরোটাই চড়াই। ভাবছি একেবারে একা এতটা পথ হাঁটা ঠিক হবে কি না, শুনলাম একটি নেপালি ছোকরা আমাদের রেস্টুরেন্টের কাউন্টারের লোকটির সাথে ওই আশ্রমের ব্যাপারে কিছু বলছিল। কৌতূহলী হয়ে কান খাড়া করে কথোপকথন শুনে বুঝলাম ছোকরা যাচ্ছে ওই আশ্রমে সবজি সরবরাহ করতে। ব্যাস, আর আমায় পায় কে! খানিকটা খেজুরে আলাপ করে ঝুলে পড়লাম সেওয়াং র সাথে। তবে একটু পরেই খুব আফসোস হলো গাড়ীতে চড়ার সিদ্ধান্তে। রাস্তা বলতে কাঁচা, পায়ে চলা রাস্তা। গাড়ীর চারটি চাকা কোনমতে এঁটে যায়! Butterfly in the stomach কাকে বলে তা হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম গাড়ী যত ওপরে উঠছিল। এই চব্বিশ পঁচিশ কিলোমিটারে আমরা প্রায় তিন সাড়ে তিন হাজার ফুট ওপরে উঠবো। সুতরাং বলা বাহুল্য চড়াই অত্যন্ত খাড়া এবং বিপজ্জনক! একটু পরে আমতা আমতা করে সেওয়াং কে হেঁটে যাবার কথায় সে একটা দারুন যাকে বলে প্রোফাউন্ড কথা বললো। হেঁটে গেলে নাকি আমি নিজেই লেপার্ড কে লাঞ্চ পরিবেশন করবো আর গাড়ী খাদে পরে মৃত্যু হলে সেটা হবে শংকর মহাদেবের প্রসাদ! এর পর আর কথা চলে না। শুধু একটু হিংসে হলো গুপী-বাঘার ওপর। ইস, যদি তালি মেরে চলে যেতে পারতাম! এই রাস্তায় সেওয়াং র সাথে বেশি বকবক করতেও সাহস হলো না। তাই ভয় কাটাতে সুখস্মৃতি হাতড়াতে গিয়ে মনে পড়লো কালাচাঁদ বাবুর বাড়িতে এক সন্ধ্যার আপ্যায়ন। ছোট্ট শুঁড়িখানা থেকে এক বোতল রাম কিনে একটু সংকুচিত চিত্তেই প্রবেশ করেছিলাম কালাচাঁদবাবুর ছোট্ট দোতলা বাড়িতে। একতলায় বোধয় রান্নাঘর আর একটি বৈঠকখানা গোছের ঘর। দুতলায় দুটি ঘর, সম্ভবত শোবার আর একফালি খোলা বারান্দা। আমার অনুরোধেই, বসেছিলাম ওই বারান্দাতেই। শুনছিলাম ষাটের দশকের আলমোরার জীবনযাত্রা। ঋষি অরবিন্দর আশ্রম ছাড়া তখন আলমরায় বিশেষ কিছুই ছিল না। একটি ছোট্ট প্রাইমারি স্কুল ওই আশ্রমের মধ্যেই। বন্য জন্তুর উপদ্রবে স্কুল হতো সকাল দশটা থেকে একটা, যাতে রাস্তায় যথেষ্ট লোক চলাচল থাকতে থাকতে বাচ্চারা বাড়ী ফিরতে পারে। তাও সকলে মিলে দল বেঁধে যেত হত। সাথে থাকতো পোষ্য কুকুরের দল। ওরা সকলকে সাবধান করে দিত বন্য জন্তুর উপস্থিতিতে। একবার এক লেপার্ড খুব জ্বালাতন করছিল। মানুষ না মারলেও, গবাদি পশু মারছিল প্রায় রোজ। কালাচাঁদবাবুর বাবা তখন ওখানকার গণ্যমান্য ব্যক্তি, ইঞ্জিনিয়ার সাহেব। ওঁর অনুরোধেই দিল্লী থেকে এলেন এক সরকারি শিকারি। গোটা আলমোরা উপচে পড়েছিল যতটা না তার অব্যর্থনায় তার থেকে বেশি তাকে দেখার উদ্দেশ্যে। খাকি পোশাক আর গামবুট পরা দোনলা বন্দুকধারী শিকারির সে কি রোয়াব! টানা চার রাতের অপেক্ষার পর সেই লেপার্ড মারা পড়েছিল শিকারির হাতে। বাঁশে বেঁধে সেই লেপার্ড র মৃতদেহ ঘোরানো হয়েছিল গোটা আলমরায়। মনে মনে ভাবলাম তখন গান্ধী বাড়ীর ছোট বউ থাকলে শিকারিকে মজা দেখিয়ে ছাড়ত!
রাতে খাবার বন্দোবস্ত হয়েছিল দিব্যি। পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, সাথে আলুভাজা, গরম ভাতে একটু ঘি আর মুরগীর ঝোল। সুদূর দিদিহাটের এক হিমেল রাতে অমন সুস্বাদু বাঙালি খাবার পরিবেশ করছিলেন আটপৌরে এক বাঙালি মহিলা, কালাচাঁদবাবুর স্ত্রী। মনটা বড্ড ভালো হয়ে গিয়েছিল। মায়ের একটা কথা মনেপড়ছিলো, ‘মনের মণিকোঠা পরিপূর্ণ হলেই জীবন সম্পূর্ণ হয়’।
ঘোর কাটলো সেওয়াং র ডাকে। বাস্তবে ফিরেই মন ভরে গেল। পঞ্চচুলি কে চালচিত্র করে অনেকটা সাহেবি ধাঁচের একটি বেশ বড় বাড়ী বিরাজমান এক গাঢ় সবুজ দিগন্ত বিস্তৃত গালচের ওপর। দেখে আশ্রম একেবারেই মনে হয় না। ইঞ্জিনিয়ার নারায়ণ স্বামীর esthetic sense র ওপর শ্রদ্ধা বেড়ে গেলো। সেওয়াং র সাথে প্রবেশ করলাম বাগানে ঘেরা নারায়ন আশ্রমে।
আশ্রমটি একেবারেই আশ্রমের মতন দেখতে নয়। বরং রূপকথায় পড়া পান্থশালার মতন দেখতে। মূল দালানটি ঘিরে হরেক ফুলের বাগান আর সেই বাগান ঘিরে ছোট ছোট কামরা, পাথরের তৈরি। দালান বাড়ীটি মূলত উপাসনা গৃহ আর একটি লাইব্রেরি। যাই হোক, সেওয়াং র সাথে ঢুকে তো পড়লাম, কিন্তু আমি একেবারেই অপ্রত্যাশিত অতিথি। ওখানে যারা যান, তারা হয় আশ্রমিক অথবা কোন ভাবে আশ্রমের সাথে জড়িত এবং আগাম খবর দিয়েই আসেন। আমি কোনোটার মধ্যেই পড়ি না। তখন আশ্রমের অধ্যখ্যা ছিলেন এক মাতাজী। তিনি ধৈর্য ধরে আমার ভ্রমণের কথা সংক্ষেপে শুনলেন এবং বোধয় খানিক আমোদ বোধ ও করলেন। তবে, স্নেহময়ী একটু হেসে জানালেন আমি চাইলে দু এক দিন থাকতে পারি। তবে আশ্রমের নিয়ম মেনে রোজ উপাসনায় যোগ দিতে হবে, সূর্যাস্তের পর আশ্রমের বাইরে থাকা চলবে না (সেটা অবশ্যি লেপার্ড আর ভালুকের উপদ্রবের জন্য) আর আশ্রমের কাজ করতে হবে। বহত খুব। আমি প্রস্তুত। তবে মাতাজী জানালেন লাঞ্চের বন্দোবস্ত এখন আর করা সম্ভব নয় আমার জন্যে। তবে একটু এগিয়ে গিয়ে একটি ধাবা পাবো, চাইলে সেখানে লাঞ্চ সারতে পারি। অবাক না হয়ে পারলাম না। এইরকম একটি জায়গায় ধাবা! কার জন্য? প্রশ্নটা বোধকরি আন্দাজ করতে পেরে আরেক আশ্রমিক জানালেন ওই ধাবাটি কৈলাশ মানস সরোবর যাত্রীদের জন্যে। তাই বল! তবে কৈলাশ শুনেই মনটা আবার উড়ু উড়ু করতে লেগেছিল, তবে শাসন করলাম নিজেকে। জানি, অমন হুট বললেই মানস সরোবর যাওয়া যায় না। তাই যৎসামান্য মালপত্তর রেখে হাঁটা দিলাম ধাবার উদ্দেশ্যে। পথ বলতে কিছু নেই অবশ্যি। আশ্রমের মূল দরজার বাইরে সবুজ গালচে বিছানো খানিকটা ঢালু জমি। তার একদিকে সেই পথের অবশেষ যে পথ ধরে আমরা ধারচুলা থেকে এলাম। আরেকদিকে একশো গজ মতন দূর থেকে হালকা জঙ্গল মতন শুরু হয়েছে। কাছে গেলে হয়ত পায়ে চলা কোনো পথ পাবো। আর আরেকদিকে, অর্থাৎ আড়াআড়ি ঢালু জমিটির শেষে খাদের কিনারা। যেখানে দাঁড়ালে অনেক নিচে পাতলা সুতোর মতন কালি নদী দেখা যায়। আর প্রকৃতির এই ঝুলনসজ্জা যেন ডালায় নিয়ে দাঁড়িয়ে আছে পঞ্চচুলির তুষারশুভ্র শৃঙ্গগুলি। দুপুর তখন প্রায় একটা। হাতে একখান লাঠিগাছ নিয়ে হাঁটা দিলাম ধাবার উদ্দেশ্যে। একটু এগিয়ে ওই পাতলা জঙ্গলটির কাছে যেতেই ধাবার চালা দেখতে পেলাম। ইতিমধ্যে ভুঁইফোড় একটি কুকুর জুটেছে আমার সাথে। পাহাড়ে এই এক মজার ব্যাপার। যেকোনো একলা পথিকের সাথে একটি সারমেয় জুটেই যায়। পাহাড়ি মানুষের বিশ্বাস, এগুলি সব সেই যুধিষ্ঠিরের মহাপ্রস্থানের সাথী সেই সারমেয়র বংশধর! সুতরাং সাথে যেহেতু দ্রৌপদী আর বাকি চার পাণ্ডব নেই, আমিই যুধিষ্ঠির, অমর! আর তাই বীর বিক্রমে ঢুকে পড়লাম জঙ্গলটায়। আর লেপার্ড ধরে কাছে থাকলে কুকুরের ত্রিসীমানায় থাকার কথা নেই। তবে ভালুকের ব্যাপার আমার কিস্যু জানা নেই। এইসব সাতপাঁচ ভাবতে ভাবতে পৌঁছে গেলাম ধাবায়। খুবই সামান্য আয়োজন। খড়ের একচালা একটি বাড়ির সামনে কয়েকটি চারপাই পাতা আছে। চলার নীচে দুটি মেটে উনান। একটি ভাঙা চেয়ারে একজন মানুষ বসে বসে একমনে কিছু ভেবে চলেছেন। দৃষ্টি অনেক দূরে, সেই কালি নদীর খাদ টপকে কৈলাসের পথে। বুঝলাম না আমার উপস্থিতি খেয়াল করেছেন কি না। এই ঠান্ডায় মানুষটির পরনে একটা আলখাল্লা গোছের পোশাক, একটু মোটা কাপড়ের, ব্যাস! বয়েস আন্দাজ করা মুশকিল, চল্লিশ থেকে সত্তরের মধ্যে হবে হয়তো। একটু খেয়াল করতে দেখলাম পাশে কাপড়ে মোড়া একটি ছিলিম রাখা। অবাক হবার কিছু নেই, পাহাড়ি মানুষের প্রিয় নেশাই হলো বাবা ভোলেনাথের প্রসাদ, গঞ্জিকা। ববরুবাহনের ভুক ভুক শব্দে বোধয় মানুষটির ঘোর কাটলো। আমার সাথীর নামকরণ করেছি ববরুবাহন। ও’ও হয়তো আমার কোনো নাম রেখেছে মনে মনে, অর্বাচীন গোছের! তো যাই হোক, মানুষটির আমায় দেখে বড় একটা হেলদোল হলো না। আলতো ইশারায় চারপাইতে বসতে ইঙ্গিত করে ধীরে ধীরে এগিয়ে এলেন। বুঝলাম মৌতাত ভঙ্গ করেছি। এহ, বড্ড ভুল সময় এসে পড়লাম। আমার এই ধৃষ্টতা চাপা দেবার জন্যেই বোধয় ছিলিমটি চেয়ে নিলাম। দুটো বড় টান মেরে যুৎ করে বসলাম চারপাইতে। বুঝলাম মানুষটি যুগপৎ আনন্দিত এবং বিষ্মিত হয়েছেন। ছিলিমটি আমার জিম্মায় রেখেই ভেতর বাড়ীর দিকে গেলেন। ববরুবাহন আমার পাশে বসে আমার দিকেই তাকিয়ে আছে। ভাবটা এমন যে, ‘আইব্বাস, তুমি তো এদিককার মানুষের মতন ই!’ মানুষটি ফিরে এলেন স্টিলের গ্লাসে করে দুই গ্লাস চা নিয়ে। পাহাড়ি জড়িবুটি দিয়ে বানানো এই চা পাহাড়ের প্রায় সর্বত্র পাওয়া যায়। ঠিক আটপৌরে চায়ের মতন স্বাদ না হলেও, এই মশলা চায়ের একটা ব্যাপার আছে। আর আছে স্থান মাহাত্ম। এমন পরিবেশে, ছিলিম আর ধূমায়িত চায়ের গ্লাস নিয়ে চারপাইতে বসে আড্ডায় বসে পড়লাম।
দুপুরে কি খেয়েছিলাম অথবা আদৌ খেয়েছিলাম কি না আর মনে নেই। শেষ বিকেলের আলোর অবশেষে ববরুবাহনের ছায়ার হাত ধরে জঙ্গুলে শুঁড়ি পথ ধরে ফিরছিলাম আশ্রমে। ভাবছিলাম ওই মানুষটির কথা, যার সাথে গোটা দুপুরটা কাটালাম আর শুনলাম কৈলাশ যাত্রীর রোজনামচা। ওঁর দুই সন্তানই মারা গেছে মালপা গ্রামের বিধ্বংসী ধসে, 1998 এ। রাতভরের অঝোর বর্ষণে গোটা মালপা গ্রামটাই ধসে পড়েছিল কালি নদীর তটে। নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল প্রায় 180 জন মানুষ। কেউ পড়েছিলেন মাটির নিচে, কেউ বা ভেসে গিয়েছিলেন কালি নদীর হড়ক-বানে। ওঁর বড় ছেলে কৈলাশ যাত্রীদের গাইড ছিল বরাবরই, ছোট ছেলে সেবারই প্রথম তার দাদার সাথে পাড়ি দিচ্ছিল কৈলাশ, হয়তো গাইড হবার ট্রেনিং নিতেই। তা আর হয়ে উঠলো না! কিন্তু যাত্রীদের সেবা করতে আজও এই ধাবা চালিয়ে যাচ্ছে সে আর তার বড় ছেলের স্ত্রী। এক অদ্ভুত অসম্পূর্ণ সংসার টিকে রয়েছে এই স্বর্গরাজ্যে, শুধুই স্বর্গ অভিযাত্রীদের সেবা করার জন্যে। জিজ্ঞেস করেছিলাম, মানস সরোবর যাত্রা তো হয় মাত্র চার মাসের, বাকি সময় চলে কি করে! উনি অল্প হেসে জানিয়েছিলেন শংকর ভগবান চালিয়ে দেন। বুঝেছিলাম, ভগবান প্রাপ্তি এদেরই হয়েছে, যারা জানে অতি সামান্য পেয়ে কি করে খুশি থাকতে হয়!
সূর্যাস্তের পরই টের পেলাম হাঁড় কাঁপানো ঠান্ডা কাকে বলে। ধারচুলা থেকে প্রায় দশ গুন বেশি ঠান্ডা। তারওপর পাথরের ঘরে শীত টা যেন পাথরের মতনই নিরেট আর জমাট। আশ্রমের দেওয়া কম্বল জ্যাকেটের ওপর দিয়েই জড়িয়ে নিয়েছি। তাও মনে হচ্ছে একপ্রস্থ ভেজা পোশাক পরে তার ওপর একটি ভেজা কম্বল জড়িয়ে বসে আছি। ভাবলাম, পাকা বাড়ির মধ্যেই এই অবস্থা, না জানি ওই ধাবার দুটি মানুষ খড়ের চাল আর টিন ঘেরা বাড়িটিতে কি ভাবে আছেন! মানুষের সহ্য শক্তি আর অভ্যাস সত্যিই বিস্ময়কর। এদিকে আমার শহুরে মনের অবচেতনে স্থান কাল পাত্র না ভেবে চলে এসেছি আশ্রমের বাগানে বেড়াতে। একটু পরেই মনে হলো কেউ একটা শীতল হাতে কান মলে, বরফের থাপ্পড় মেরে, সত্যিকারের হাঁড় হিম করা ধমক দিয়ে আমায় ঘরে ফেরত পাঠিয়ে দিলো। তবে ওই কয়েক মুহূর্তে অন্ধকারে হিমালয়ের যে রূপ দেখি, তা আজও মনে গেঁথে আছে। চারপাশ নিকষ কালো অন্ধকার, সভ্যতার চিহ্নমাত্র নেই। সামনের ঢালু জমিটায় একটা মায়াবী আঁধার মাখানো, অনেকটা গ্রীন গ্লাসের মধ্যে দিয়ে দেখার মতন। জঙ্গলের দিকটা ঘন কালো আর নানান আওয়াজ জানান দিচ্ছে জঙ্গলের ভেতরের জীবন প্রবাহের। বাকিটা নিস্তব্ধ। বিশাল হিমালয় বিরাজমান স্বমহিমায়। দিদিহাট থেকে যাকে মনে হয়েছিল দূর সীমানার প্রহরী, এখন সেই হিমালয় যেন প্রতিবেশী। এক মহান প্রতিবেশী।
ইতিমধ্যে ডাক পড়লো উপাসনার। মূল বাড়িটির দুতলায়। এখানে ঠান্ডাটা একটু কম। কারণ দরজা জানালা কাঁচের এবং সব বন্ধ। মেঝেতে মোটা গালচে পাতা। আর সকল আশ্রমিক, জন্য পনেরো মানুষ, একসাথে বসে আছেন। স্কুলের ব্যাক বেঞ্চের মতন গুঁটি শুঁটি মেরে বসে পড়লাম পিছনের সারিতে। একটু পরে শুরু হলো স্তোত্রপাঠ। মানে বুঝতে না পারলেও, সমবেত সেই মন্ত্রধ্বনি ক্রমশ এক তুরীয় অনুভূতির স্থাপনা করছে। বেশ টের পাচ্ছিলাম এক অদ্ভুত গাম্ভীর্যপূর্ণ হর্ষে ভেতরটা ভরে উঠছে। আমি এ ব্যাপারে একেবারেই নভিস। তবু বেশ কাটলো একটি ঘন্টা। তারপর রাতের খাবারের তোড়জোড়। আয়োজন সামান্যই। আলু আর শালগমের তরকারি, ডাল আর গরম রুটি। বসলাম সকলের সাথে আলুর খোসা ছাড়াতে। বড়ো উনানটির জন্যে রান্নাঘরটির আবহাওয়া বেশ আরামদায়ক। টুকটাক কথা হচ্ছিল আশ্রমিকদের সাথে। কেউ পিথাওড়াগার ইঞ্জিনিয়ারিং কলেজের স্নাতক, কেউ বা বাগেশ্বরের দোকানি, কেউ তিব্বতের চিত্রশিল্পী, কেউ বা ধারচুলার দিনমজুর। বলা বাহুল্য এসবই এদের পূর্বাশ্রম, আশ্রম জীবন শুরু করার আগের অধ্যায়। তাই এ নিয়ে আর কথা এগোলো না। নৈশহারের পাট চুকল সাড়ে আটটা নাগাদ। জানি, এই ঠান্ডায় ঘুম হবে না। তাও বিছানায় শরীর টা এলিয়ে দিয়ে বেশ আরাম লাগলো। যদিও বিছানাটা মনে হলো বরফ জলে চুবানো। তাও ক্লান্তির নাম বাবাজীবন! একটু পরে ঘুম এসে গেল। রাতে অনেকবার ঘুম ভাঙলেও, ঘুমটা বেশ ঘন হয়েছিল ভোরের দিকে। আর ঠিক তখনই টোকা পড়লো দরজায়। উপাসনার সময় হয়েছে। উষা লগ্নের উপাসনা, সূর্যোদয় কে স্বাগত জানাতে। সকলে জড়ো হলাম মূল বাড়ীর সামনে খোলা চাতালে। ঠান্ডার কথা না বলাই ভালো। গোটা শরীর প্রায় অবস। পাথরের চাতালে চটের আসন পাতা। তাতে বসে টের পেলাম কুলকুন্ডলিনিকে অজ্ঞাক্রমে তুলে আনা বলতে বিরিঞ্চিবাবা ঠিক কি বুঝিয়েছিলেন! তবে একটু পরেই শুরু হলো ম্যাজিক। VIBGIOR র প্রত্যেকটি রং আলাদা আলাদা করে ক্রমশ ফুটে উঠতে শুরু করল পঞ্চচুলির প্রত্যেকটি শৃঙ্গে! অহ, কি রূপ! Masculine Grace আর কাকে বলে! আধঘন্টার উপাসনার শেষে শরীর জমে গেলেও, সূর্যের ওই হোলি খেলা মনে গেঁথে গেল। Northern Light আমার Bucket List এ থাকলেও, এই দৃশ্যের কথা আমার জানাই ছিল না। মনে মনে Bucket List এ লিখে টিক দিয়ে দিলাম!
এবার ফেরার পালা। গতকাল দুপুরে রওনা হয়েছি নারায়ণ আশ্রম থেকে, সেই সেওয়াং ই আবার আমার কান্ডারি। হপ্তায় দুইদিন সে আসে প্রয়োজনীয় জিনিস সরবরাহ করতে। আবার একটি রাত কালি নদীর সাথে প্রেম করে, আপাতত আজ ভরে রওনা দিয়েছি কাঠগোদামের পথে। জউলজিবিতে থেমে একছুটে দেখা করে এসেছি তামাং সাহেবের সাথে। খুব খুশি হয়েছেন। কথা দিয়েছি আবার দেখা হবে। তবে, জীবনের যাত্রাপথে কথার খেলাপ ই হয় বেশি। এই জীপটি যাবে বাগেশ্বর অবধি। সেখানে লাঞ্চ সেরে কাঠগোদাম পৌঁছুতে সন্ধে উৎরে যাবে। তবে দিল্লীর ট্রেন সেই রাত নয়টায়। ট্রেন মিস করলেও ক্ষতি নেই, কাঠগোদামের পাশেই হালদুআনি থেকে অনেক বাস দিল্লী যায়। ক্রমশ দূরে সরে যাচ্ছে পঞ্চচুলি, পাইনবন, কালাচাঁদ রাউত আর দিদিহাট, তামাং সাহেবের SBI র ছোট্ট অফিস, সেওয়াং র জীপ, নারায়ণ আশ্রমের মাতাজীর স্নেহময়ী উপস্থিতি, ছোট্ট ধাবার উদাস মানুষটি আর তার আন্তরিকতা। যা সঙ্গে থাকছে, তা হলো আমার দায়বদ্ধতা এই মানুষগুলির প্রতি আর কৃতজ্ঞতা এই বিশেষ স্থান গুলির প্রতি। আমার গড়ে ওঠায় এদের অবদান অনস্বীকার্য।
©Suman Dutta

ভগবান দর্শন

1999 এর মাঝামাঝি আমার দিল্লী যাত্রা, চাকরি সূত্রে। বলা ভালো চাকরি খুঁজতে। জীবনের প্রথম ভাগ কলকাতায় থেকে সাম্যবাদের গুঁতো খেয়ে, যৌথখামারের সন্ধান না পেয়ে, অবশেষে এই দিল্লী যাত্রা। ফলত, রাজধানীর চমক, Multinational এর জমক, নতুন বন্ধুবান্ধবের আগমন জীবনে, Nirula’s এর ফাস্টফুড, IHC তে ফিল্ম ফেস্টিভ্যাল, Connaught Circus a স্বর উৎসব, ছোটখাটো বিদেশ ভ্রমণ, সব মিলিয়ে জীবন তখন বেশ বৈচিত্র্যময়।

আমাদের সাউথ দিল্লীর গুটি কতক আড্ডার জায়গার মধ্যে সেই সময় অন্যতম ছিল দিল্লী স্টেটিস্টিকাল ইনস্টিটিউট আর তার পিছনের রাস্তায় থাঙ্কু ধাবা। একটি বৌদ্ধ মনেস্টারির সামনে কয়েকটি খাবার দোকান। সবই থাঙ্কু ধাবা! ওই পুরো গুষ্টির নাম তকাইয়ের মতন। ওই অঞ্চলটি আসলে একটি এডুকেশন জোন। ISI, IIT, FMS, JNU ছাড়াও আরো অনেক ছোট বড় ইনস্টিটিউট নিয়ে, এই জায়গাটি সাউথ দিল্লীর ফিলাডেলফিয়া। আর এই খাবারের দোকান গুলি দিবারাত্র খাইয়ে দাইয়ে রাখে এখানকার ছাত্র ছাত্রীদের, বিশেষত যারা হোস্টেলে থাকেন। এই থাঙ্কু ধাবার চিকেন পারাঠা আর থুকপা অনবদ্য। এখানে আড্ডা দিতে এবং খেতে আসার আরেকটা বড় কারণ ছিল এই রাস্তার লাগোয়া বিশাল এক উদ্যান, সঞ্জয় বন। উদ্যান বললেও সঞ্জয় বন পুরোটাই প্রাকৃতিক। শুধু তার চারপাশের ঘেরাটোপ আর ভেতরের হাঁটার পথটুকুই যা মানুষের তৈরী।

এক গ্রীষ্মের সন্ধ্যায় আমরা দু তিনজন বন্ধু থাঙ্কুতে বসে থুকপা খাচ্ছিলাম আর আলোচনা করছিলাম কোথায় গিয়ে দুটো দিন একটু ঠান্ডায় কাটানো যায়। সামনেই Good Friday, লম্বা weekend। দিল্লী থেকে অবশ্য হিমালয়ের যেকোনো পর্যটন কেন্দ্রই বেশ কাছে। আট দশ ঘন্টার যাত্রায় অনেক সুন্দর সুন্দর জায়গায় পৌছন যায়। কিন্তু আমরা চাইছিলাম একটু নিরিবিলি কোথাও যেতে। যেখানে পর্যটকদের ভিড় কম অথবা না থাকলে আরো ভালো। হঠাৎই খেয়াল করলাম ওয়েটার ছেলেটি হাসিহাসি মুখে আমাদের দিকে তাকিয়ে আছে, ভাবটা এমন যেন কিছু বলতে চায়। এই ধাবাগুলির বাকি সব ওয়েটারদের মতন এই ছেলেটির সাথেও আমাদের মুখচেনা ছিল, তাই আমরা ইশারায় ডাকাতে নির্দ্বিধায় এসে শুরু করলো ওর বক্তব্য। বিশেষ কিছুই নয়, ও এতক্ষন আমাদের কথা শুনছিলো আর তাতেই ওর মনে হয় আমাদের ত্রিউন্ড যাবার পরামর্শ দেয়। আমরা নাম শুনেই খুব উৎসাহ পেলাম, কারণ নামটি একেবারেই অচেনা আমাদের তিন জনেরই। সুতরাং নিশ্চই খুব বেশি পর্যটক জানেন না এই জায়গাটির ব্যাপারে। জানা গেল ত্রিউন্ড হচ্ছে Mcleodganj এর Highland। হিমালয়ের ধাওলাধার পর্বতমালা আর কাংরা উপত্যকার মাঝে এই ত্রিউন্ড এক অতি নিরিবিলি এবং প্রাকৃতিক ঐশ্বর্যে পরিপূর্ণ এক অনন্য পর্যটন স্থান। Mcleodganj থেকে 9 km খাড়া চড়াই ভেঙে পৌঁছতে হয় ত্রিউন্ডে। খুব কঠিন ট্রেক না হলেও একেবারে এলেবেলেও নয়। বিশেষত Mcleodganj থেকে খুব বেশি ট্যুরিস্ট এপথে আসেনা, অন্তত তখন আসতেন না। তাই এই পথ খুবই নির্জন। পথে ধাবা-টাবা কিছুই নেই। আর ভালুক এবং লেপার্ড র একটু উপদ্রব আছে। অবশ্য দলে থাকলে সে সমস্যা নেই।

সেই সময়ে Google সবে জন্মেছে আমেরিকার মিলানো পার্কে, হাত-পা ছুড়ে দেয়ালা করছে আকাশের দিকে তাকিয়ে। Motorola প্রথম মোবাইল ফোন বাজারে এনেছে, এন্টিনাওলা হাতুড়ির মতন। সুতরাং কোথাও যাবার প্লান হলেই শাঁ করে মোবাইল ফোনে সব কিছু জেনে ফেলা যেত না। তাই আমরা চললাম সাকেতে। ওখানে কিছু ভালো বইয়ের দোকান আছে। দেখা যাক হিমাচলের Lonely Planet পাওয়া যায় কি না। সাকেতে Lonely Planet না পেলেও লোকটাকে পেয়ে গেলাম। বইয়ের দোকানের মালিক রাঠোরজি। আমাদের বাঙরেজি কথাবার্তায় বুঝতে পেরেছিলেন আমরা ত্রিউন্ডের খোঁজ করছি। নিজেই আগ বাড়িয়ে জানালেন ত্রিউন্ড উনি বেশ কয়েকবার গিয়েছেন, সুতরাং উনি আমাদের গাইড করে দিতে পারেন! কিম আশ্চর্যম, Lonely Planet এর বদলে Lonely Man (ঘটনাচক্রে বইয়ের দোকানে উনি একাই বসেছিলেন)। জানালেন দোকান বন্ধ করে আমাদের সাথে বসবেন এবং ত্রিউন্ডের প্ল্যান করে দেবেন। আমরা ততক্ষণ এলোমেলো এদিক ওদিক একটু ঘুরে বেড়ালাম।
রাঠোরজি দোকান বন্ধ করার তোড়জোড় করছিলেন। রাত দশটা বেজে গিয়েছে। সাকেত মাল্টিপ্লেক্স চত্বরে নাইট শো র ভিড় জমতে শুরু করেছে। এপ্রিলের দিল্লী রাত দশটার সময়ও গরম হওয়ায় দিশেহারা। আমাদের কিঞ্চিৎ ধূমপানের অভ্যাস থাকায় গরমটা ততটা গায়ে লাগছিলো না। বরং বেশ একটা ফুরফুরে ভাব নিয়েই রাঠোরজির সাথে গিয়ে বসলাম Fruit Beer র স্ট্যালটিতে। দোকান বন্ধ করে নিশ্চিন্তে যুত করে বসলেন উনি। ষাটোর্ধ মানুষটি বোধয় বহুকাল পরে অমন আড্ডা মারতে বসেছিলেন, হোক না অসমবয়সীদের সাথে। একটা কেজো দিনের পর একটু আড্ডা যে কতটা মানসিক স্ফূর্তি আনে, তা শুধু আড্ডাতে এলেই বোঝা যায়। Fruit Beer র আড্ডা অবশেষে পৌঁছলো Rum র আড্ডায়। দিল্লীর এটাই মজা। কোত্থেকে যেন মদের ব্যবস্থাটা হয়েই যায়। ক্রমশ আমাদের আড্ডায় যোগ দিলেন যোগীন্দর সিং, রাঠোরজির বন্ধু, ওই সাকেত মার্কেটেই একটি ক্যাফে চালান। Rum র ব্যবস্থা করলেন ফ্রুট জুসের বিক্রেতা বিপিন সাহু। ব্যাস, যাঁহা চার ইয়ার মিল যায়ে, ওহী রাত হো গুলজার!
গত 10 ঘন্টা হলো আমরা বাস এ, ধর্মশালার পথে। Mcleaodganj অবধি বাসে যাওয়া যেত, কিন্ত আমাদের একবার ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসে যেতে হবে আর সে অফিস ধর্মশালায়। ত্রিউন্ডে নাকি ফরেস্ট ডিপার্টমেন্টের একটি গেস্ট হাউস ছাড়া আর থাকার জায়গা নেই। আর বলা বাহুল্য সেই গেস্ট হাউসের বুকিং আমাদের মতন অতি সাধারণ মানুষ পায় না। কিন্তু আমরা পেয়েগিয়েছিলাম। বলছি কিভাবে!


সেদিন রাতে সাকেতে PVR র নাইট শো এর মানুষ ভেতরে চলে গেলে, শুনশান চত্বরে ঝাঁপফেলা দোকানের মাঝে আমাদের আড্ডা জমে উঠেছিল। কথায় কথায় জানা গেল রাঠোরজি আর সিংজি দারুন বন্ধু সেই কলেজ জীবন থেকে। দুজনেই রুরকি এঞ্জিনিয়ারিং কলেজের স্নাতক। দুই সিভিল এঞ্জিনিয়ারের প্রায় গোটা জীবনটাই কাটে হিমালয়ের বিভিন্ন অঞ্চলে ব্রিজ আর ড্যাম বানিয়ে। রিটায়ার করার পর দুই বন্ধু সাকেতে দোকান খুলেছেন, বই আর ক্যাফে! এই না হলে মানিকজোড়! এখনো দুজনে একসাথে দোকানে আসেন বেলা এগারোটা নাগাদ, এক স্কুটারে, বাজাজ চেতক। কিছু বছর আগেও দুজনে এই ভাবেই সকালে সাইটে যেতেন, তিহিরি ড্যাম প্রজেক্টে। যখন ত্রিউন্ডের কথা উঠলো, জানা গেল এক ফরেস্ট গেস্ট হাউস ছাড়া আর থাকার জায়গা নেই। নিজের টেন্ট নিয়ে গেলে অবশ্য আলাদা কথা। তা সেসবের বালাই আমাদের নেই জেনে সিংজি জানালেন ওঁর জামাই ফরেস্ট ডিপার্টমেন্টে আছেন। উনি খোঁজ নেবেন কোনো সোর্স পাওয়া যায় কি না। আমার মন বলছিল পাওয়া যাবে। কারণ এই দুই প্রৌঢ় আমাদের পছন্দ করছিলেন এবং চাইছিলেন আমরা ত্রিউন্ড যাই। সোর্স পাওয়া গেলো আগামী দু দিনের মধ্যেই, যাকে দিল্লীর ভাষায় বলে যুগাড়! সেই না দেখা জামাইবাবু একটি চিঠি (ইমেইল নয়) সহ আশ্বাস পাঠালেন সিংজির মাধ্যমে। সেই চিঠি নিয়ে আমরা তিন বন্ধু গত রাতে চেপে বসেছি ধর্মশালাগামী এই বাসে। চিঠি অবশ্য আরেকটাও আছে আমাদের সাথে। দুই প্রৌঢ় বন্ধুর লেখা তাদের এক বৃদ্ধ বন্ধুকে। সে আরেক গল্প!
ভোর হয়েছে একটু আগে। আমরা থেমেছিলাম বিয়াস নদীর ধারে একটি ধাবায়। চা আর ফ্যান (এক ধরণের মুচমুচে দিশি বিস্কুট) খেতে খেতে বিভোর হয়ে দেখছিলাম হিমালয়ের রূপ! কি ভীষণ অস্থিত্ব। কি বিশাল বৈচিত্রের সম্ভার! ক্ষমতার কি বিনয়ী বহিঃপ্রকাশ! বিয়াস নদীর পটভূমিকায় দেখা যায় দেবদারু গাছের ঘন জঙ্গল আর তাকে ঘিরে হিমালয়, ধাওলাধার পর্বতমালা। ভোরের নরম আলোয় গোটা দৃশ্যটাই খুব মায়াবী লাগছিলো। পুরো রাত বাস থেকে চারপাশের কিছুই দেখতে পাই নি। তাই আকণ্ঠ পান করছিলাম এই মোহময় মাহেন্দ্রক্ষনের অমৃত। ঘোর কাটলো রংরেজের ডাকে। রংরেজ আমাদের বাস ড্রাইভার। দারুন লোক এই রংরেজ।
বাপ মা আলহাদ করে সন্তানের নাম কখনো রংরেজ রাখে না, বলাই বাহুল্য। রংরেজের আসল নাম গগনদীপ সিং সেক্ষু। এ নাম আমার জানার কথা নয়। দিল্লী থেকে রোজ দলে দলে যে সব মানুষ এই বাসে চেপে ধর্মশালায় আসেন তাদের কেউই বোধয় রংরেজের এই নাম জানেন না। আমি জানলাম, কারণ কাল প্রায় গোটা রাতই আমি ড্রাইভার কেবিনে বসে রংরেজের সাথে আড্ডা দিয়েছি। করনাল এ ময়ূর ধাবায় গতকাল ডিনার সেরে আমরা রওনা দিলাম রাত দশটা নাগাদ। বাসে ঘুম আমার হয় না কখনোই। তাই একটু পরেই একটা সিগারেটের জন্য মনটা খুব আনচান করে উঠলো। বিশেষ করে মন যখন জানে এই বাস আমার সিগারেট খাবার জন্যে দাঁড়াবে না, তখন ইচ্ছেটা আরো প্রবল হয়ে উঠলো। আসলে ডিনারের শেষে, এখানকার রীতি অনুযায়ী একটা চা বলেছিলাম। চা র নাম করে এলো এক গ্লাস ডেজার্ট। উত্তর ভারতে আদপেই চা রান্না করা হয়। চা পাতা আর ঘন দুধ এক সাথে জাল দিয়ে দিয়ে চায়ের গন্ধওলা ওই ক্ষীর খুবই উপাদেয় মিঠাই বটে। আর সেই মিঠাইয়ের স্বাদ যতক্ষন জিভে গলায় লেগে থাকে, ততক্ষণ ধূমপানের ইচ্ছেটা হতেই থাকে। তাই একটা নিষ্ফল চেষ্টা করতেই ড্রাইভার কেবিনে গিয়ে অনুরোধ করলাম কোথাও একটু দাঁড়ানো যায় কি না। ড্রাইভার পরিষ্কার জানিয়ে দিলেন পরবর্তী স্টপ আবার সেই ভোরে। মাঝ রাতে অবশ্য একটা হিসি-স্টপ হতে পারে। ব্যাস, আমার এক গাল মাছি! বিফল মনোরথে নিজের সিটে ফেরার জন্য ঘুরতে গিয়ে চোখে পড়লো একটা দারুন কারুকাজ করা কাঠের বাক্স। রাতের নিকষ কালো আঁধারে বিচ্ছুরিত হয়ে আসা বাসের হেডলাইটের মলীন আলোতেও কেবিনের এই বাক্সটি যথেষ্ট আকর্ষণীয় লাগলো। শুধু তাই নয়, এই কারুকাজ আমার খুব চেনা। আমার এক বন্ধুর ঠাকুরমার কাছে এই রকম বাক্স দেখেছি। তিনি ছিলেন অবিভক্ত ভারতের লাহোর প্রদেশের মানুষ আর এই কাঠের শিল্প নাকি ওই অঞ্চলেরই বৈশিষ্ট্য। তাই, ড্রাইভার সাহেবকে না জিজ্ঞেস করে পারলাম না, ‘এই বাক্সটি কি লাহোর থেকে আনা?’। একটু বোধহয় চমকালেন মাঝ বয়েসী ড্রাইভার সাহেব। ইশারায় বসতে বললেন ওঁর সহ-ড্রাইভারের পিছনের সিটটিতে। কেবিনের দরজা বন্ধ করে বসলাম। ড্রাইভার সাহেব আমার দিকে একটু প্রশ্রয়ের হাসি ছুঁড়ে দিয়ে প্রশ্ন করলেন আমার কি প্রাকৃতিক প্রয়োজন পড়েছে, তাই থামতে বলছি! জানালাম ধূমপানের ইচ্ছের কথা। উনি নির্দ্বিধায় জানালেন আমি এই কেবিনে বসেই সেটা করতে পারি। ডি লা গ্রান্ডই...শুরু হল আমাদের আড্ডা। সহ-ড্রাইভার লোকটি অঘোরে ঘুমোচ্ছে। কেবল মাঝে মাঝে উঠে সিটের তলা থেকে দিশি মদের একটা বোতল বার করে এক ঢক গলায় ঢেলে আবার ঘুমিয়ে পড়ছে। জানলাম আমাদের ড্রাইভার সাহেবের নাম রংরেজ। রংরেজের জন্ম অবিভক্ত ভারতের লাহোর প্রদেশের একটি ছোট গ্রামে। একান্নবর্তী পাঞ্জাবি পরিবারের সব থেকে ছোট সদস্য ছিলেন গগনদীপ। পাঞ্জাবি এই চাষী পরিবারটিতে আর্থিক স্বাচ্ছন্দ না থাকলেও সুখ ছিল অপর্যাপ্ত। আর গগনের বেলায় তো তা আরো বেশি। ঘুম চোখে দাদাজির কাঁধে চেপে সাত সকালে মাঠে যাওয়া। দিগন্তব্যাপী সবুজের মাঝে হলদে বুটির সর্ষে ক্ষেত ঠিক যেন ‘সার্ষও দি সাগ বীচ চানে ডাল’। আমার অবশ্য শুনে মনে হচ্ছিল সবুজ দিওয়ালির রাত! হিম ঋতুর যৌবন কালের আরম্ভ। সে কথা রংরেজকে বলাতে সে হেসেই খুন! কি বুঝলো কে জানে, আমার দিকে কতকটা শিউজি কা প্রসাদ বাড়িয়ে ধরে বললেন একটা জম্পেশ জয়েন্ট রোল করতে। পিনের ডগায় ধরে লাইটার জেলে পোড়াবার সময় এক ঝলক রংরেজের দিকে তাকিয়ে মনে হলো বহু দূরের দিকে তাকিয়ে গাড়ী চালাচ্ছেন।
তা সেই গগনের যখন ছয় সাত বছর বয়স, এক শরতের সকালে বাড়িতে কান্নার রোল শোনা গেল। গগন আর তার সব ভাই বোনেরা শুতেন ঠাকুমার ঘরে ঢালাও বিছানায়, মাটিতে। দাদাজি শুতেন ওই বিশাল ঘরের একমাত্র খাটে। কখনও কখনও মাঝ রাতে ঘুম ভাঙলে গগন দেখতেন দাদাজি দাওয়ায় বসে হুক্কা টানছেন, খুব চিন্তিত মুখ। বড় তাউজি ও থাকতেন সেখানে। নিচুস্বরে কথাবার্তা হতো। ছোট্ট গগন কিচ্ছু বুঝতেন না। বোঝার দরকারই বা কোথায়? বরং চিন্তিত হতেন এই ভেবে যে কাল বড়দা গুলতিটা ঠিক বানিয়ে দেবে তো! তা সেই বিছানায় বসেই সমবেত কান্নার শব্দে গগন ছুটে বাইরের উঠনে এলেন। দেখলেন পরিবারের সবাই জমা হয়েছে। কম করেও জনা পঞ্চাশেক। গগনের এক হাবাগোবা পিসতুতো দাদা ছিলেন। সে গগনের থেকে বয়েসে অনেক বড়ো হলেও গগনের সাথেই ঘুরে বেড়াতো, বোধয় মানসিক বয়েস তখনো তার গগনের মতনই। সেই দাদা এসে গগনের কানে কানে জানালো ছোট পিসি এসেছেন। চল ওঁর কাছে গিয়ে দুটো পয়সা চেয়ে লগেন্চুস খাব! সেই ছোট পিসির খোঁজ করতে গিয়ে দেখা গেল তিনিই জটলার কেন্দ্রস্থল এবং ক্রন্দনরত। সকলে তাঁকে স্বান্তনা দিচ্ছেন। গগনের হাবা দাদা না বুঝলেও গগন বুঝেছিলেন খুব বড় কোনো বিপদ ঘটেছে। অনেক বেলায় গগন জানতে পেরেছিলেন ওর ছোট পিসেকে করা যেন খুন করেছে, কয়েকদিন আগে, লুধিয়ানা প্রদেশে। পিসি রাতারাতি পালিয়ে এসেছেন, অনেক কাঠখড় পুড়িয়ে। সেই হাবা দাদা শুনে খুব ভয় পেয়ে গেলেন পিসের ভূত এখানে আসবে ভেবে। এর এক মাসের মধ্যেই গগন জানতে পারলেন ওদের পুরো পরিবার এই গ্রাম ছেড়ে হিমাচল প্রদেশের কাংরা জেলায় চলে যাবে শীঘ্রই। সেখানে দাদাজির এক পরিচিত থাকেন। তিনিই সব ব্যবস্থা করছেন। গগন চিন্তায় পড়লেন হিমাচলে গুলতি বানাবার কাঠ পাওয়া যাবে তো! এই ডামাডোলে বড়দাদা এখনো গুলতি তা বানিয়ে দিলেন না!
প্রায় আধ ঘন্টা হয়ে গেল আমরা বসে আছি ফরেস্ট রেঞ্জারের অফিসে। রেঞ্জার সাহেব যুগলকিশোর পান্ডে বেরিয়েছেন কোথাও একটা। জানা গেছে এখুনি এসে পড়বেন। তাই ধৈর্য ধরে ‘বসে আছি পথ চেয়ে’! সকাল দশটা নাগাদ পৌঁছেছি ধর্মশালায়। ধাওলাধার পর্বতমালার তত্বাবধানে দেওদার গাছের জঙ্গলে ঘেরা উত্তর পশ্চিম হিমালয়ের এই ডিস্ট্রিক্ট টাউনটির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি দলাই লামার বাসস্থান। বিখ্যাত থেকচেন চোলিং মনেস্টারি এবং বৌদ্ধ ধর্ম গ্রন্থের পাঠাগার শুধু বৌদ্ধ পীঠস্থানই নয়, এক বিশাল সংগ্রহশালা এবং গবেষনা কেন্দ্রও বটে। এছাড়াও আছে উচ্চ বিদ্যালয়, মহা বিদ্যালয় এবং বিশ্ব বিদ্যালয়। আছে সরকারি এবং বেসরকারি হাসপাতাল, অন্যান্য সরকারি দপ্তর আর এই বনবিভাগ, যেখানে আমরা তীর্থের কাকের মতন বসে আছি যুগলকিশোরজির দর্শনার্থী হয়ে।
বেলা এগারোটা নাগাদ এলেন রেঞ্জার সাহেব। বেশ মিশুকে লোক। আমাদের কফি আর কেক খাওয়ালেন। সেই না দেখা জামাইবাবুর চিঠিটা তেমন গুরুত্ব না দিলেও, ত্রিউন্ডের ফরেস্ট বাংলোর বুকিংটা এপ্রুভ করে দিলেন। শুধু জানালেন আমরা যেন basic supply সঙ্গে নিয়ে যাই। ওই বাংলোতে ব্যবস্থা খুব বেশি নেই। যুগলকিশোর জি যে কতটা বিনীত তা বুঝেছিলাম সেই বাংলোতে পৌঁছে। মাথার ওপর ছাদ আর কাঁচ ভাঙা জানালা ওয়ালা দুটি ঘর ছাড়া সেখানে আর কিস্যু ছিলোনা। একে বাংলো বলা মানে আদিখ্যেতার চূড়ান্ত।


যাই হক, আমাদের যাত্রা শুরু হবে পরের দিন খুব ভোরে। Lonely Planet থেকে Friendly যুগলকিশোর জি, একই উপদেশ দিয়েছেন। আমরা আপাতত MacLeod গঞ্জের বাস টার্মিনাসের একটি ছোট্ট ধাবায় বসে উৎকৃষ্ট এবং সুস্বাদু থুকপা (এক ধরণের নুডলস সুপ) আর মোমো খাচ্ছি। ঘড়িতে সময় তিনটে দেখালেও, সরকারি পরিসেবার কর্মচারীর মতন সূর্যদেব গায়েব। ফেরত আসতেও পারেন আবার নাও আসতে পারেন। কুছ পরোয়া নাহি, আমাদের কোথাও যাবার নেই, কিস্যু করার নেই। শিরশিরে ঠান্ডা হাওয়ায় অনতিদূরে হিমালয়ের ধাওলাধার রেঞ্জের ঝাপসা সবুজ জঙ্গলের মাঝে মাঝে থোকা থোকা ঝুপসি কুয়াশা বা মেঘেদের আড্ডা দেখতে দেখতে কফিতে চুমুক দিলে একটাই কথা মনে হয়, জীবন সুন্দর।
McLeod গঞ্জ ধর্মশালার উপকণ্ঠে অবস্থিত হলেও, এখানকার চরিত্র একেবারেই আলাদা। চারপাশে বেশিরভাগই তিব্বতি মানুষ, শান্ত এবং সদাহাস্যময়। কাছের বৌদ্ধ মনেস্টারির থেকে মাঝে মাঝেই ভেসে আসছে সমবেত মন্ত্রোচ্চারণ আর এক দুঙছেনর (শিঙার মতন দেখতে) মন্দ্রোধবনি। মন দিয়ে খানিকক্ষণ শুনলে কেমন ঘোর লেগে যায়! বেশ আনন্দের ঘোর। আমাদের মতন তুচ্ছ মানুষের রোজনামচায় জীবনের যে ক্লেদাক্ত গ্লানী জমা হয়, এমন পরিবেশে এই শব্দের ধারাস্নানে তা ধুয়ে মুছে সাফ হয়ে যায়। আমি এবং আমরা তিন বন্ধু ধার্মিক নই একেবারেই। কিন্তু কোনো এক অজানা আকর্ষণে ধীরে ধীরে আমরা গিয়ে বসলাম সেই মনেস্টারির ঠাকুর দালান গোছের একটি জায়গায়। খোলা জায়গায় ঠান্ডা হওয়াটা বেশ জোরালো ঠেকলেও, আমরা ওখানে ঠায় বসে থাকলাম একটিও কথা না বলে। অবচেতনে কেউ জানান দিচ্ছিল আশ্রয় এখানেই।
গত পনেরো-বিশ মিনিট হলো আমরা বসে আছি পেস্টেনজি & সনস এ। বৃদ্ধ পেস্টেনজি মন দিয়ে পড়ছেন আমাদের আনা সেই আরেক চিঠি যা লিখেছিলেন রাঠোরজি। পার্সি বৃদ্ধের মুখে কখনো খুশির ঝলক কখনোবা আক্ষেপের দ্বিরুক্তি। এই বৃদ্ধের মতন এই দোকানটা ও একটি ইতিহাসের পাতার মতন। ছোটবেলার দেখা সেই গোল্ড ফ্লেকের বিজ্ঞাপন, গোল্ড স্পটের বোতল, হারিয়ে যাওয়া সিগারেট-লজেন্স, প্লাস্টিকে মোড়া চিটেগুড়, বড় বড়ো কাঁচের বয়ামে রাখা হরেক রঙের লজেন্স আর বিস্কুট। পেস্টেনজি চিঠি পড়া শেষ করে তাকালেন আমাদের দিকে। দৃষ্টি দেখে বুঝতে অসুবিধা হলো না আমাদের দিকে তাকালেও মন ওনার অন্য কোথাও। ইতিমধ্যে দোকানে জড়ো হয়েছেন ওনার কয়েকজন বয়স্য। সান্ধ্য আড্ডা বোধ হয়। পরিষ্কার বুঝতে পারছিলাম আমরা তিনজন ওখানে খুবই অপ্রত্যাশিত এবং খানিকটা অনাহূতও। তাও অপেক্ষা করছি হয়ত বিদায়ের অনুমতির জন্যই। McLeod গঞ্জে সন্ধ্যা নেমেছে। চারপাশে নিকষ কালো অন্ধকার। রাস্তায় আলো প্রায় নেই বললেই চলে। বেশ কনকনে একটি হওয়া আসছে তুষারাবৃত পর্বতের বুড়ি ছুঁয়ে। পাহাড়ি ভেষজের মাতোয়ারা গন্ধ। একটু দূরে পাহাড়ী বস্তি থেকে ইতস্তত ধোঁয়ার কুন্ডলী উঠছে, অন্ধকারে চোখ সয়ে গেলে দেখা যায়। মনে পড়ে গেলো পোস্টমাস্টারের অজ পাড়াগাঁয়ের ডাকঘরের সেই আড্ডা। এইসব ভারতীয়-তিব্বতি মানুষগুলির বেশিরভাগই হয়তো কাংরার বাইরে যাননি। কিন্তু তা নিয়ে ওঁদের কোনো চিন্তা আছে বলে মনে হয় না। এরই মাঝে একজন ছোটখাটো গড়নের বৃদ্ধা সকলের জন্য চা নিয়ে এলেন। আমাদের দেখে একটু অবাক হলেন। একটু বা অপ্রস্তুত। চা এসেছে আড্ডার সদস্যদের জন্যে, গোনাগুনতি। আমাদের ভাবসাবও ঠিক খদ্দেরের মতন নয়। বাকি সদস্যদের অবিশ্যি এ ব্যাপারে মাথা ব্যাথা নেই। তাঁরা নিজেদের চা নিয়ে আলোচনায় ব্যস্ত পালামপুরের লেপার্ড নিয়ে। পেস্টেনজি বৃদ্ধার দিকে তাকিয়ে ইশারা করলেন ভেতরে যেতে আর তার প্রায় পক্ষনেই আমাদেরও ডাকলেন ভেতরে আসতে। আমার দুই বন্ধু ধূমপানের অছিলায় 'একটু আসছি' বলে বাইরে গেল। তেষ্টা আমারও পেয়েছিল, কিন্তু কেন জানি না মনে হলো এই বৃদ্ধ দম্পতির কিছু বলবার আছে। তাকে অগ্রাহ্য করা যায় না। তাই গুটিগুটি ভিতরবাড়ীতে এলাম। বুঝলাম দোকানঘরটি আদপেই একটি বৈঠকখানা। বৃদ্ধাই এই সংসারের মালকিন বুঝতে অসুবিধা হলো না। পেস্টেনজি বসালেন আমায়, সম্ভবত অন্তঃপুরের বৈঠকখানায়। ছোট্ট এক চিলতে প্যাসেজের পরে পাশাপাশি দুটি ঘরের একটায় আমি বসে আছি। বৃদ্ধা আমার জন্যে নিয়ে এলেন একটি কোলার বোতল, তাতে স্ট্র দেওয়া। বোতলটি দেখতে অবিকল ছোটবেলায় দেখা গোল্ড স্পটের বোতলের মতন। বৃদ্ধা দাঁড়িয়ে আছেন আমার সামনে হাসি হাসি মুখে, চোখে অনেক প্রশ্ন ভীড় করে আছে। উনি যে এক সময়ে যথেষ্ট সুন্দরী ছিলেন তার প্রমান স্পষ্ট। একটা অস্বস্তিকর নীরবতা। পেস্টেনজি ঘরে ঢুকলেন হাতে একটি প্লেটে কয়েকটি বিস্কুট নিয়ে। বারবাড়ীর দোকানঘর থেকে নিয়ে এলেন। তারপর শুরু হল দুজনের প্রশ্ন পর্ব। আমি এবং আমরা কে, কোথায় থাকি, কি করি, আমরা কিভাবে রাঠোরজি আর সিংজি কে চিনি, আমি ওদের বাড়ীতে যাই কি না, রাঠোরজির হার্টের ব্যামো কেমন আছে, ইত্যাদি। আমার তো এক গাল মাছি! নিজের এবং নিজেদের সম্বন্ধে প্রশ্নের উত্তরগুলো দিতে পারলেও, রাঠোরজি আর সিংজি সম্পর্কে আমি কিছুই জানি না। যতটুকু জানি বললাম ওঁদের। শুনে খুব একটা সন্তুষ্ট হলেন বলে মনে হয় না। অবশেষে পেস্টেনজি বললেন উনি চান আমি চিঠির উত্তর সাথে করেই নিয়ে যাই।
পেস্টেনজি গেলেন পাশের ঘরে, চিঠির উত্তর লিখতে। অগত্যা আবার অপেক্ষা। বৃদ্ধা কিন্তু খুব বকবক করতে ভালোবাসেন। আমার সাথে নানান কথা বলতে লাগলেন। সবই অবিশ্যি ওনার এই ছোট্ট জগতের কথা। কিভাবে এই কাংরা উপত্যকার পরিবর্তন হলো। 1959 এ তিব্বতীরা McLeod গঞ্জে এসে আশ্রয় নিলেন। তিব্বতীরা তখন চীনের কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। তৈরি হলো ধর্মশালার ডিস্ট্রিক্ট অফিস। তৈরি হলো থেকচেন মনেস্টারি। ক্রমশ গড়ে উঠলো রাস্তাঘাট, হাসপাতাল, স্কুল কলেজ। আর সেই রাস্তা বানাতেই এলেন সিংজি আর রাঠোরজি। রাঠোরজির সাথে আশনাই হয় এঁদের একমাত্র মেয়ে বালাহীর। এই সম্পর্ক মেনে নেননি পেস্টেনজি আর তৎকালীন সমাজ। একমাত্র এই মায়ের মন ই পারেননি মুখ ফিরিয়ে নিতে। সাহায্য করেছিলেন রাঠোরজি আর বালাহীকে পালিয়ে যেতে। তা আজ প্রায় চল্লিশ বছর আগের কথা। সেই থেকে আর মেয়েকে দেখেননি এই দম্পতি। আমার মন চলে গিয়েছিল সেই চল্লিশ বছর আগের McLeod গঞ্জে। কল্পনা করার চেষ্টা করছিলাম সেই জীবনপ্রবাহ। মনটা ভিজে উঠেছিল। যদিও এঁদের কাউকেই তেমনভাবে চিনি না, জানি না। বৃদ্ধার শেষের দিকের কথাগুলি বোধয় পেস্টেনজির কানে গিয়েছিল। ধীর পায়ে ঘরে ঢুকলেন তিনি। সাদা খামে মোড়া চিঠি আমার দিকে বাড়িয়ে ধরে বললেন, আমি যেন নিজে গিয়ে এই চিঠি বালাহীর হাতে দিই আর জানাই পেস্টেনজি ওঁকে ক্ষমা করেছেন। সমাজ, সামাজিকতা, বড় বালাই। শুধু তিব্বতী বিদ্রোহকারীরা নয়, আরো কত মানুষ যে এমত অজ্ঞাতবাসে থেকে যান নিজের প্রিয়জনদের ছেড়ে, শুধুমাত্র বিদ্রোহটা ঠিকঠাক করে উঠতে পারেন না বলে।
গতরাতে আশ্রয় আদপেই জুটে গিয়েছিল মনেস্টারির ডর্মিটোরিতে। দিব্যি ব্যবস্থা। একটি ক্যাম্প খাট, গদি, একজোড়া কম্বল। তোফা বন্দোবস্ত। পেস্টেনজির আস্তানা থেকে বেরিয়ে মনটা বড় ভার লাগছিলো। তার ওপর ঠান্ডাটা বেশ জাঁকিয়ে বসছিল। আকাশ পরিষ্কার হবার দরুন ঠান্ডাটা বাড়লেও, প্রকৃতি বড় অপরূপ হয়ে উঠেছিল। রাতের পাহাড় সবসময়েই রহস্যময়ী, তার আকর্ষণ দূর্নিবার। আমায় বহুবার টেনে এনেছে ঘরের বাইরে। নিরাভরণ মন নিয়ে সেই আত্মসমর্পণ যে কি মধুর, তা বলে বোঝানো সম্ভব নয়। আমরা হাঁটতে থাকলাম ফিরিঙ্গি পাড়ার দিকে। মানে যেখানে ব্যাগ প্যাকাররা তাঁবু খাটিয়ে থাকে। গিয়ে দেখি সেখানে ভরপুর Rave Party হচ্ছে। মদ, মাদক আর আদিম রিপুর উদ্দাম নৃত্য। বিরঞ্চিবাবার মতে, ভোগ হইল গিয়া প্রবৃত্তি আর ত্যাগ হইল গিয়া নিবৃত্তি। তা সেই প্রবৃত্তি আর নিবৃত্তির অমন শান্তিপূর্ণ সহাবস্থান দেখে মাভই বলে ঝাঁপ দিলাম সাগরে।
আমরা ঠিক সকাল ছয়টায় রওনা দিয়েছি ত্রিউন্ডের উদ্দেশ্যে। পথ খুব বেশি নয়। বস্তুত গত সন্ধ্যায় পেস্টেনজির স্ত্রী কথায় কথায় বলেছিলেন, ওঁদের দাম্পত্য কলহ হলে পেস্টেনজি নাকি ত্রিউন্ডে গিয়ে বসে থাকতেন। সে অর্থে ত্রিউন্ড কে গোঁসা-পাহাড় বলা চলে। আজ হাঁটতে শুরু করার এক ঘন্টা পরে বুঝলাম ব্যাপারটা অত সহজ নয়, অন্তত আমাদের মতন শহুরে আলহাদী শরীর নিয়ে তো নয় ই। রাস্তা বলে তেমন কিছুই নেই। একটি মাত্র পায়ে চলা পথ, তাই দিগভ্রান্ত হবার সম্ভাবনা কম। গোটা পথটাই জঙ্গলের মধ্যে দিয়ে। ট্যুরিস্ট বা ট্রেকার এখনো অবধি দেখি নি। হিমাচলের এসব জঙ্গলে লেপার্ড বা ছোট ভালুক থাকলেও, এই অঞ্চলে তেমন কোনো উপদ্রবের কথা তো শুনলাম না। পেস্টেনজি অবশ্য বলে দিয়েছেন সন্ধ্যার পর এপথে না থাকাই শ্রেয়। সে প্রশ্নও উঠছে না। ঘন্টা চারেকের পথ। ধীরেসুস্থে বিশ্রাম নিয়ে নিয়ে উঠলেও বেলা বারোটার আগে ত্রিউন্ডে পৌঁছে যাবো। প্রায় তিন ঘন্টা হাঁটার পর, আমাদের দ্বিতীয় বিরতির সময় এক ফিরিঙ্গি যুগলের সাথে দেখা হলো। তারা ফিরছেন ত্রিউন্ড থেকে। সাথের সরঞ্জামের দিকে এক ঝলক দেখলেই বোঝা যায় এরা ক্যাম্পিং করছিলেন। জানলাম ত্রিউন্ডের আবহাওয়া বেশ ভালো এখন। আমরা একসাথে বসে ধূমপান করলাম। টুকরো কথায় জানলাম ছেলেটি নরওয়ের আর মেয়েটি ফ্রেঞ্চ। এরা দুজনেই দিল্লীর JNU র ছাত্র-ছাত্রী। ওরা এগোলো, McLeod গঞ্জের দিকে। এবার আমাদের এগোবার পালা, উল্টো দিকে। এই ভিউ পয়েন্ট টা অপূর্ব। প্রায় পুরো ধাওলাধার রেঞ্জটাই দেখা যাচ্ছে দিকচক্রবালে। আমরা এখন প্রায় সাত হাজার ফুট উচ্চতায়। চারপাশ নিস্তব্ধ। অবিশ্যি জঙ্গলের একটা নিজস্ব শব্দ আছে। এক সম্মোহনী মাদক শব্দ! সেই পাহাড়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে আবার মনে পড়ে গেলো কাল রাতের উদ্দাম পার্টির কথা। McLeod গঞ্জের হাতায়, হালকা জঙ্গলের মধ্যে চলছিল পার্টি। আন্দাজ দশ বাই দশের একটি বিমূর্ত চিত্র টাঙানো, তাতে সামান্য আলোর খেলা চলছে, আপাত-একঘেয়ে ট্রান্স বাজনা বেজে চলেছে। ওই পরিবেশে, চক্ষু-কর্ণ-নাসিকার সমন্বয়ে মন যে সব বিভঙ্গ তৈরি করে তার টানেই বোধয় এত মানুষ ছুটে আসে। প্রবৃত্তির চূড়ান্ত না হলে নিবৃত্তি আসবে কি করে!
হঠাৎই খেয়াল করলাম আমি একা বসে আছি। সাথের দুই বন্ধু বোধয় হাঁটা লাগিয়েছে ধীরে ধীরে। কয়েক পা এগিয়ে একটা বাঁক নিয়েই দেখতে পেলাম ওদের। আন্দাজ একশ মিটার দূরে ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত। যার যাতে মৌতাত! 
নেহাতই গড়িমসি করে হেঁটে আমরা ত্রিউন্ড পৌছালাম বেলা দেড়টা নাগাদ। ধর্মাকোট পর্বতমালার অন্তর্গত ত্রিউন্ডের উচ্চতা প্রায় সাড়ে আট হাজার ফুট। চারপাশে ওক আর দেবদারু গাছের জঙ্গলে ঘেরা ত্রিউন্ড এক কথায় অনিন্দ্য সুন্দর। একটি মাত্র ধাবা আর তাতে বছর বারো তেরোর একটি ছোকরা ছাড়া আপাতত মনুষ্য সভ্যতার কোনো চিহ্ন নেই এখানে। পুরোটাই প্রকৃতির উজাড় করে দেওয়া অফুরন্ত সম্পদ! বলা বাহুল্য, প্রায় নয় হাজার ফুট উচকতায় ঠান্ডা এখানে অনেক বেশি, হওয়ার দাপটও যথেষ্ঠ। গিয়ে ঢুকলাম ফরেস্ট বাংলোয়। এই বাংলোর জন্যে বুকিং করতে আমরা ধর্ণা দিয়েছিলাম, হায়! চেকইন, চৌকিদার দুরহস্ত, ঘরের দরজায় একটা তালা পর্যন্ত নেই! ছোকরা ওরফে দংরু উপদেশ দিলো ঘরদোর ভালো করে দেখে নিতে। সাপখোপ থাকতে পারে। আমি মনে মনে ভাবছিলাম, লালমোহনবাবুর ভাষায়, 'দু একটা ভ্যাম্পায়ার বেরিয়ে আসলেও আশ্চর্যের কিছু নেই'। একটু সরেজমিনে দেখেই বুঝলাম আকাঠ একটা কাঠের বাড়ী ছাড়া এতে আর কোনো ব্যবস্থাই নেই। সুতরাং, প্রাতঃ কৃত্যম যত্রতত্ৰ, ভোজনং ধাবায় আর কেবলমাত্র শয়নং এই কঠঠো-মন্দিরে।
একটু পরে বাইরে এসেই কিন্তু মন ভালো হয়ে গেল। পড়ন্ত বেলায় সূর্যাস্তের রঙের খেলা শুরু হয়েছে পর্বতশৃঙ্গে। আমরা তিনজন একটিও কথা না বলে প্রকৃতির সেই রূপসুধা পান করলাম আকন্ঠ। ঘোর কাটলে আস্তেধীরে গিয়ে বসলাম ধাবায়। দংরু জানালো ও আমাদের খিচুড়ি বানিয়ে দিতে পারে। তবে তা এখনই। কারণ এর আধ ঘন্টায় দোকান বন্ধ করে সে বাড়ী ফিরবে, গালু মন্দিরের কাছে। তাও প্রায় ছয় কিলোমিটার পথ। এইটুকু ছেলে, এই জঙ্গলের পথে একা যাবে ভেবেই ভয় লাগলো। পরক্ষনেই দংরুর মুখ দেখে মনে হলো, এটাই তার জীবন। সে এতেই সবথেকে স্বচ্ছন্দ, সাবলীল।
আমরা এখন ফেরার পথে। ইচ্ছা আছে আজ রাতের বাস ধরবো, দিল্লীগামী। McLeod গঞ্জে পৌঁছে পেস্টেনজি দম্পতির সাথে একবার দেখা করেই সোজা বাসস্ট্যান্ড। নামছি ধীরেসুস্থে। উৎরাই হলেও পথ ভাঙা, কখনো বা পাথরের ধাপকাটা, অসম। আছাড় খেলে চোট লাগবে ভালোমতন। আমি মাঝে মাঝেই পিছিয়ে পড়ছিলাম। আমি সাবধানী বটে। দুটো গোড়ালি ভাঙা হবার দরুন আমার বডি ব্যালান্স ব্যাপারটা বেশ কম। তারওপর এখানে সেখানে দাঁড়িয়ে ধূমপান করতে করতে প্রকৃতি দেখা অভ্যাস আছে। আছে মনের সমুদ্রে ডুব দেওয়া। আমরা বেরিয়েছি বেলা বারোটা নাগাদ। সন্ধের আগে পৌঁছে যাবো McLeod গঞ্জ। ভরা মনে কতক সম্পর্কের ভার নিয়ে সাতপাঁচ ভাবতে ভাবতেই দুর্ঘটনাটি ঘটলো। সম্পূর্ণ নিজের দোষে একটি আলগা পাথরের ধাপ ঠাহর করতে না পেরে পড়লাম মুখ থুবড়ে। অসহ্য যন্ত্রনায় চোখে অন্ধকার দেখলাম। মাথা ঝিমঝিম করতে লাগলো।
একটু ধাতস্থ হবার পর খেয়াল করলাম চোটের গভীরতা। ডান পায়ের গোড়ালিতে অসহ্য যন্ত্রনা। জানিনা মচকেছে না ভেঙেছে। আর বাম হাঁটু রক্তে ভাসছে। একটি পাথরের কোন আমূল বিঁধেছে হাঁটুতে। যন্ত্রনা এতটাই তীব্র যে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। জানি দুই বন্ধু একটু পরই আমায় দেখতে না পেয়ে ফিরে আসবে। কিন্তু আমায় নিয়ে তারা যাবে কি করে? আমার তো দুটো পা ই জখম! ব্যাথায় আর ভয়ে শরীর যখন অবশ হয়ে আসছে, মাথায় যুক্তি বুদ্ধি লোপ পাচ্ছে, স্বয়ং ভগবান উপস্থিত হলেন আমার সামনে। এক আদিবাসী পাহাড়ী ভদ্রমহিলার রূপ ধরে। মহিলা নিজের ভাষায় কিছু জিজ্ঞেস করলেন আমায়। কিচ্ছু বুঝলাম না। ফ্যালফ্যাল করে চেয়ে রইলাম। তবে যন্ত্রনা আর অসহায়ত্বের ভাষা বুঝি সবাই বোঝে। উনি খুব ব্যস্ত হয়ে জঙ্গলে ঢুকে গেলেন। তবে ওঁর দৃষ্টিতে যে বরাভয় ছিল তা আমায় অনেকটা আস্বস্ত করেছে। উনি ফিরে এলেন মিনিট পনের পর, হাতে অনেক জংলি পাতা নিয়ে। অভ্যস্ত হাতে সেই পাতা থেঁতো করে লাগিয়ে দিলেন ক্ষতস্থানে, পরম যত্নে। অন্য এক ধরণের পাতা দুই হাতে পিষে খাইয়ে দিলেন আমায়। আমার এক মুহূর্তের জন্যেও কোনো সংকোচ অথবা দ্বিধা হলো না। স্বয়ং ভগবান যার চিকিৎসা করছেন, তার কি এসব বালাই থাকে! একটু পরেই যন্ত্রনা কমে গেল অনেকটা। ইতিমধ্যে আমার দুই বন্ধু ফিরে এসেছে। কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। ভদ্রমহিলা কিন্তু ঠায় বসে আছেন আর আমায় পর্যবেক্ষণ করছেন। না ক্ষতস্থান নয়, পর্যবেক্ষণ করছেন আমায়, আমার অভিব্যক্তি। উনি জানেন কথা বলে লাভ নেই। আমরা একে অপরের ভাষা বুঝি না। তাই আমার অবস্থা বুঝে নেবার চেষ্টা করছেন নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে। প্রায় আধ ঘণ্টা পরে উনি আমার উঠে দাঁড়াবার চেষ্টা করতে ইশারা করলেন। দু একবারের চেষ্টায় উঠে দাঁড়ালাম এবং কিমাশ্চর্যম, বন্ধুর কাঁধে ভোর দিয়ে দিব্যি কয়েক পা হাঁটলামও। ভদ্রমহিলা আরেকবার সেই পাতা থেঁতো করে ক্ষতে লাগিয়ে নিজের কাপড়ের টুকরো ছিঁড়ে পট্টি বেঁধে দিলেন। ইশারায় বললেন এবার আমি হাটতে পারবো। পায়ের ওই অবস্থায় গড় করা সম্ভব হলো না, তাই জোড় হাতে নমস্কার করলাম, ভক্তিভরে। শহুরে মন প্রতিদানে কিছু করতে বলছিল। ওই অবস্থায়ও অনুভব করলাম ভগবানের প্রতি এই মনোভাব চরম ধৃষ্টতা। তাই আরেকবার প্রণাম জানিয়ে হাঁটা দিলাম McLeod গঞ্জের উদ্দেশে।
সময় একটু বেশি লাগলেও সন্ধের মুখে পৌঁছলাম McLeod গঞ্জে। সোজা গিয়ে হাজির হলাম সরকারি হাসপাতালে। পরীক্ষা করে ডাক্তার জানালেন ওই প্রাথমিক চিকিৎসা যথেষ্ট ভালো হওয়ায় আমি এতদূর হাঁটতে পেরেছি। জানালেন এই ওষুধের গুনে আমি অনায়াসে বারো ঘন্টার বাসজার্নি করে দিল্লী পৌঁছে যেতে পারবো। পরের চিকিৎসা দিল্লীতে। রাতের বাস ধরলাম।
বাস ছুটে চলেছে অন্ধকার ভেদ করে। হয়তো রংরেজের মতন এই বাস ড্রাইভারের ও কোনো গল্প আছে। কিন্তু আমার মাথায় তখন একটাই ভাবনা, যে ভগবান আমায় বাঁচালেন তিনি কি গালু মন্দির থেকে এলেন, না কি থেকচেন মনেস্টারির থেকে, কি তাঁর ধর্ম? কোন দেশের ভগবান তিনি? তিনি কি রাজনৈতিক, নাকি সামাজিক নাকি অর্থনৈতিক? আমার বাম হাঁটুর সেই ক্ষতের দাগ আজও আমায় মনে করায়, ভগবান আছেন আসে পাশেই।
©Suman Dutta

ভিন্ন ভুটান

ভুটান বলতে থিম্পু, পারো, ফুন্টসলিং ছাড়া আর কিছই জানতাম না, 1998 এ। বলা বাহুল্য ইন্টারনেট তো ছিলই না। আমি তখন থিম্পুতে বসে গত তিন মাসের অডিটের কাজ গুটিয়ে আনছি। পুজো আসছে, তাই কলকাতায় ফেরার একটা উদগ্র টান প্রতিদিন বেড়ে চলেছে। ঘন নীল আকাশে পেঁজা তুলোর মতন মেঘেদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। রোজ বিকেলে রায়ডাক নদীর হাত ধরে যখন হোটেলে ফিরি, মন প্রায়ই উদাস হয়ে ভাবতে থাকে কলকাতার কথা, পুজোর প্রস্তুতির কথা। থিম্পুতে বসে পুজো টের না পেলেও বাতাসে গন্ধটা এসেই যায়। আসলে গন্ধটা মনে লেগে থাকে সারা বছর, প্রকৃতি শরতের কাজল পরলে সেই গন্ধটা উগ্র হয়ে ওঠে।

যাই হোক, আমার বাড়ী ফেরার যখন আর মাত্র এক সপ্তাহ বাকি, মন ছুট লাগিয়েছে ইতিমধ্যেই, জয়গাঁও, হাসিমারা, বিরপাড়া, মাল বাজার, বিন্নাগুড়ি, ধুপগুড়ি হয়ে সোজা শিলিগুড়ি। দিদির বাড়ী হাকিম পাড়ায়। এক রাত সেখানে কাটিয়ে ট্রেন, প্লেন, রকেট বাস, যা পাই তাই ধরে কলকাতা পৌঁছনোর কথা ষষ্ঠীর দিন সকালে।

প্রতি রবিবারের মতন দুপুর দুপুর গিয়ে হাজির হয়েছিলাম Thangthong Dewachen মনেস্টারিতে। এখানকার লোকে বলে Zilukha Anim। থিম্পু শহর থেকে সামান্য দূরে অবস্থিত এই মনেস্টারিতে থাকেন বেশ কয়েকজন নান। এখান থেকে থিম্পু ভ্যালির একটা দারুন সুন্দর ভিউ পাওয়া যায়। দূরে দেখা যায় তাশিশোজং। ইতস্তত বিচ্ছিন্ন কিছু বাড়ী ঘর। ঘন সবুজ পাহাড়ের দল ভীড় করে ঘিরে রয়েছে গোটা থিম্পু উপত্যকাকে। এখুনি যেন কোনো ম্যাজিক ঘটবে! ম্যাজিক অবশ্য রোজই ঘটে! তবে তা উপত্যকায় নয়। সেই দূরের যে গুরুগম্ভীর যে শৃঙ্গগুলি লায়াপ রমণীর কৌণিক টুপির মতন ধপধপে বরফের তাজ পরে দাঁড়িয়ে আছে, ম্যাজিক ঘটে সেইখানে! সারাদিন ব্যস্ত মেঘেদের ওড়াউড়ি সেখানে। একদল মেঘ যদি বা শান্ত হয়ে একটু জিরান নেয়, অমনি সূর্যমামার এক ধমকে আবার পালাই পালাই রব! আবার দেখা দেয় সেই দেমাকি বরফ ঢাকা শৃঙ্গের দল। সারাদিন বসে এইসব দেখি। এটাই আমার রবিবার। প্রাতরাশ সেরে পরিচ্ছন্ন হয়ে চলে আসি এই মনেস্টারিতে। সারাদিন দেখতে থাকি প্রকৃতির এই খামখেয়ালিপনা। কখনো হয়তো কোন টুরিস্টের সাথে একটু আড্ডা। সেভাবেই একদিন আলাপ হলো মিয়ার সাথে। মিয়া জার্মানির ফ্রেইবার্গের বাসিন্দা। একা ভুটান বেড়াতে এসেছেন। একটু গম্ভীর প্রকৃতির হলেও মিয়া বেশ আড্ডাবাজ মেয়ে। জানলাম ভুটান আসার আগে মিয়া ভারতেও কিছুদিন কাটিয়েছেন। ক্রমে জানলাম পেশায় মনোরোগ বিশেষজ্ঞ মিয়া এখন নিজেই অবসাদে ভুগছেন। জার্মানরা সাধারণত একাকীত্ব পছন্দ করেন, অন্ততঃ নিজস্বতার গন্ডি পেরোতে চান না। তাই একটু অবাক হয়েছিলাম যখন মিয়ার সাথে আলাপটা বন্ধুত্বের পর্যায়ে পৌঁছলো। ওর জীবনটা এক অদ্ভুত গল্প।


ব্ল্যাকফরেস্ট হলো জার্মানী আর ফ্রান্সের সীমান্তবর্তী এক পার্বত্য অঞ্চল। আর এই ব্ল্যাকফরেস্টের সব থেকে গুরুত্বপূর্ণ শহর হলো গিয়ে ফ্রেইবার্গ। মিয়ার জার্মান বাবা এবং ফ্রেঞ্চ মা দুজনেই সেখানকার নামী ডাক্তার। মিয়ার একমাত্র ভাই বেন একজন ভাস্কর। সে থাকে অস্ট্রিয়ার সালসবার্গে। অঢেল প্রাকৃতিক সৌন্দর্য আর জঙ্গলে ঘেরা এই শহরে বেশ ছিল মিয়া। গোল বাঁধলো মিয়ার এক বেয়াড়া ইচ্ছায়। গতবছর, অর্থাৎ1997 র গোড়ার দিকে কোনো এক নৈশহারের সময় মিয়া তার বাবা-মা কে জানায় যে সে লিঙ্গ পরিবর্তন করে পুরুষ হতে চায়! সে সময়ে প্রাচ্য তো দূরের কথা, পাশ্চাত্যেও এমত ইচ্ছার কোনো সামাজিক স্বীকৃতি ছিল না। আজও হয়তো নেই। তবে ওদেশে ব্যক্তি স্বাধীনতাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় আর তাই অনিচ্ছাসত্ত্বেও মিয়ার বাবা-মা অবশেষে মত দেন। শুরু হয় লম্বা চিকিৎসা প্রক্রিয়া। আর সব থেকে বড়ো ব্যাপার মানসিক প্রস্তুতি। বলা ভালো মানসিক রূপান্তর। সেই রূপান্তর কোনো ট্রেনিং বা কর্মশালার কাজ নয়। রোজনামচায়, চারপাশের সামাজিক বৃত্তের মধ্যে থেকে, সকলের সমালোচনা আর অশেষ কৌতূহলের পাত্রী হয়ে, নিজের রূপান্তর ঘটানো বড় বালাই! প্রথম ছয় মাস সে টিকেছিল নিজের জেদের ওপর। তারপর ধীরে ধীরে মানসিক অবসাদ তাকে গ্রাস করতে শুরু করে। শরীরের ওপর দিয়েও বড় কম ঝড় তো যায় নি!

গত আড়াই মাসে প্রতি রবিবাবর আমাদের দেখা হতো Zilukha Anim এ। একটু একটু করে মেয়েটা তার মনের ভার হালকা করতো। থিম্পু ভ্যালির এই নির্ভার, অকপট পরিবেশটা বোধয় ওকে সাহায্য করছিল নিজের কথা খুলে বলায়। গত আট দশ সপ্তাহে আবিষ্কার করলাম মিয়া একটি বেশ মেয়ে। ওকে একদিন হাসতে হাসতে বলেই ফেললাম যে তোমার গত এক বছরের সাধ্য সাধনা সব গোল্লায় গেছে, তুমি এখনো পুরো দস্তুর মেয়েই আছো। মিয়া ও নির্মল হেসে উত্তর দিলো সে তাতে বেশ খুশিই আছে! সেই সন্ধ্যায় থিম্পু ফিরে এসে জুমলরির বারে বসে দুজনে প্রচুর মদ্যপান করলাম, নাচলাম, হুল্লোড় করলাম। গত এক বছরে মিয়ার কোনো রূপান্তর হয়েছিল কি না জানা নেই। তবে চোখের সামনে অবসাদগ্রস্ত একটা মানুষের রূপান্তর দেখলাম। মিয়ার আরো একটা রূপান্তর দেখেছিলাম মাস চারেক পর যখন আবার থিম্পু গিয়েছিলাম। মিয়া তখন নান, Zilukha Anim র বাসিন্দা!


আমার কলকাতা ফেরার ঠিক দুইদিন আগে জানতে পারলাম আমার ফেরা হচ্ছে না! আমায় যেতে হবে সামদ্রূপ জন্খার নামের একটি শহরে। ভুটানের দক্ষিণ-পূর্ব অংশে, আসামের সীমান্তে অবস্থিত ভুটানের এই শহরটির সম্বন্ধে আমার বিন্দুমাত্র ধারণা নেই। আপাতত গন্ত্যব্য ফুন্টসলিং। সেখানে দিন দুয়েকের কাজ সেরে রওনা দেব সামদ্রূপের উদ্যেশে। মিয়া এবং থিম্পুর আরো কিছু বন্ধু মানুষের থেকে বিদায় নিয়ে রওনা দিলাম ফুন্টসলিং অভিমুখে। ভুটানে অডিটরদের যথেষ্ট খাতির করা হয়, প্যাম্পার বললে হয়ত ঠিক হবে। আমায় দেওয়া হয়েছে একটি পাজেরো, সাথে একটি বডিগার্ড (বোঝো!) আর একটি মিনি ফ্রিজে কিছু পানীয় এবং স্যান্ডউইচ গোছের কিছু খাদ্য। এলাহী বন্দোবস্ত! ঘন্টা পাঁচেকের পথ। তবে পথে চুখায় একবার থামতে হবে। চুখার কাছেই সোরচেন নামের একটি মায়াবী জায়গা আছে। সারাক্ষণ মেঘে ঢাকা! সেখানে হাইওয়ের ধারে একটি ছোট্ট ক্যাফে। সেই ক্যাফের বারান্দায় বসে, গায়ে মেঘের আদর মাখতে মাখতে ঝাপসা চরাচরে নিজেকে হারিয়ে ফেলার যে কি আনন্দ, তা বলে বোঝানো যায় না! প্রথমবার ফুন্টসলিং থেকে থিম্পু আসার পথে এই ক্যাফে তে থেমেছিলাম। সেই থেকে ওই ক্যাফে আমার নির্দিষ্ট জিরান-কুটীর! খুব মিষ্টি এক বৃদ্ধা চালান এই ক্যাফে। ওঁর স্বামী ইন্ডিয়ান আর্মি তে ছিলেন। উত্তরবঙ্গের বন্যায় ত্রাণের কাজে প্রাণ হারান।

সেই ক্যাফেতেই আলাপ হয়েছিল আমাদের রাজবল্লভ পাড়ার ছেলে অনিন্দর সাথে। অনিন্দ চুখা জলবিদ্যুৎ প্রকল্পের ইঞ্জিনিয়ার। বেচারা উত্তর কলকাতার জমজমাট পাড়া থেকে সোজা এসে পড়েছে সম্পূর্ণ নিস্তব্ধ চুখায়! ফলে, ওই পথে গেলে আগে থেকে অনিন্দকে একবার ফোনে বলে দি। সোরচেনের ক্যাফেতে বসে ঘন্টা খানেক নির্ভেজাল আড্ডা চলে। কফি, ম্যাগি আর সিগারেটের সাথে মেঘে ঢাকা ক্যাফেতে ভাসতে থাকে নান্দিকার বা বহুরূপীর নতুন নাটক, বাংলা ছবির অবক্ষয়, বুদ্ধবাবু, অপসংস্কৃতি আর উষা উত্থুপ, রোল-চাউমিন, সৌরভের সেঞ্চুরি ইত্যাদি ইত্যাদি।


ফুন্টসলিং পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। আমার ঠিকানা হোটেল দ্রুক। যে কোনো সরকারি, অথবা বলা ভালো রয়াল গেস্টের জন্য তখন দ্রুকই একমাত্র হোটেল। সে অডিটরই হোক আর যেই হোক। দ্রুকে যখন চেকইন ফর্মালিটিস নিয়ে আমি ব্যাস্ত, হটাৎ অপ্রত্যাশিতভাবে নিজের নাম শুনে ঘুরে দেখি মিঃ পানিকার! কিমাশ্চর্যম! পানিকারের সাথে আমার আলাপ হয় আসামের একটি চা বাগানে। ভদ্রলোক একজন ইঞ্জিনিয়ার আর ওঁর একটি ছোট ইঞ্জিনিয়ারিং ফার্ম আছে। মূলত বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানির প্লান্টের মেন্টেনান্স করে থাকেন ওঁরা। মাঝবয়সী এই মানুষটি একটি আদ্যোপান্ত ভালোমানুষ আর ততটাই খারাপ ব্যবসায়ী। প্রায় সবাই ওঁর টাকা আটকে রাখে, ভিত্তিহীন কারণে বকেয়া টাকা থেকে অংশবিশেষ কেটে নেয়। এ শুধু আমার শোনা কথা নয়, জানাও বটে। কিন্তু পানিকার সদানন্দ মানুষ। ওঁর বাড়ী নাসিকের কাছাকাছি কোথাও। তবে তা নামেই, উনি সারা জীবন হয় উত্তরবাংলা নয় ভুটানে ঘুরে বেড়াচ্ছেন, দুটি মাত্র নিজস্বতা সম্বল করে। সন্ধের পর একটু রাম আর রাতে শোবার আগে অনেকটা Fair & Lovely! যাকে সূর্যাস্তের পর আলো ছাড়া দেখা যায় না, সেই মধ্যবয়েসী বুদ্ধিজীবী লোকটা কি না…...হায় বিধাতা, অন্ধকার সমাজে কালো মানুষকে কত বিদ্রোহই না করতে হয়!


চেকইন করে এসে বসলাম সোফায়, মিঃ পানিকারের মুখোমুখি। ভদ্রলোক বাংলাটা আর পাঁচজন বাঙালীর মতনই বলেন। কুশল বিনিময়ের পর উনি বললেন চলো বারে গিয়ে বসি। কথায় কথায় শুনলাম আজ রাতে একটা প্রাইভেট পার্টির আয়োজন হয়েছে, তোর্সার পাড়ে, খোলা আকাশের নিচে। শুনেই মনটা নেচে উঠলো। কিন্তু পার্টিটা মিঃ পানিকরের, আমার নিমন্ত্রণ নেই। তাই নিজেকে শাসন করলাম। আর এই টানাপোড়েনটা ওঁর অভিজ্ঞ চোখ এড়ালো না মোটেই। গ্লাসের শেষটুকু গলায় ঢেলে বললেন, চট করে রেডি হয়ে নাও। আধ ঘন্টায় বেরোবো। তিন পেগ হুইস্কি খেয়েও সারাদিনের সফরের ক্লান্তিতে শরীর ভেঙে পড়ছিল। মুহূর্তে সব ক্লান্তি উধাও আমার। সুদূর নাসিকের এক মাঝবয়সী মানুষের সাথে উত্তর কলকাতার এক সদ্য যুবকের এই মনের মিল বুঝি এক মানব সভ্যতায় ই সম্ভব!


এমন একটি রাত বুঝি আমার জীবনে আর কখনো আসেনি। আমি আজও মিঃ পানিকরের প্রতি কৃতজ্ঞ। গত ঘন্টা খানেক হলো বসে আছি তোর্সার নুড়ি-পাথরের উপত্যকায়, একটু নিভৃতে। পূর্ণিমা না হলেও চরাচর জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে। গোটা তোর্সা নদীটাই বুঝি গলানো রুপোর স্রোত হয়ে বয়ে চলেছে। দূরে মাদারিহাটের জঙ্গল ঘাপটি মেরে যেন আমার দিকেই চেয়ে আছে। কত কি যে ওখানে ঘটে চলেছে, তার ন্যূনতম ধারণাও আমার নেই! এই মুহূর্তে আশপাশের জঙ্গলের কতগুলি প্রাণী যে আমায় সন্দেহের নজরে দেখছে, ভেবেই সারা শরীর শিরশির করে উঠল! সেটা কতটা ভয়ে আর কতটা ঠান্ডায় কে জানে! শীতকাল না হলেও এই খোলা জায়গায় বেশ ঠান্ডা। অথচ এক অদ্ভুত ভালোলাগার উষ্ণতা গোটা শরীরে জড়িয়ে আছে! মন বলছে এমন পড়ে পাওয়া চোদ্দ আনা পেলে, বাকি দুই আনার খবর কে রাখে!


ছেরিং নাকি ফুলটাইম চোর ছিল একসময়। তারপর প্রণয়ে দাগা খেয়ে মাথাটা একটু বিগড়ে যাওয়ায় কিছুদিন মানসিক রোগীদের হাসপাতালে কাটিয়ে এখন একটু থিতু হয়েছে। কোম্পানিতে ড্রাইভারের চাকরি করছে। মেয়েটাকে একটা ইস্কুলে ভর্তি করেছে। সংসারের খোঁজ খবর রাখে। বাপটাকে যদু কবিরাজের কাছে নিয়মিত নিয়ে গিয়ে চিকিৎসা করায়। বাপটার হাঁপের টান ওঠে মাঝে মাঝে। তা এই অঞ্চলে আর ডাক্তার বদ্যি তো তেমন নেই। তাই কবিরাজই ভরসা। ছেরিংয়ের বউটা সেই যে পালালো দুই বছর হলো আর তার টিকিটির দেখা পাওয়া গেলো না। এ বাড়ীর কপালটাই খারাপ। ছেরিংয়ের মা গেল ম্যালেরিয়ায়, এই এতটুকু বাচ্চাটাকে রেখে। আর দ্যাখো, বাড়ীর আরেক বউও পালালো এই এত্তটুকুন মেয়েটাকে রেখে। আমার বিয়েটাও টিকলো না। সেই আঠারো বছর বয়স থেকে এই ভাইয়ের সংসার ঠেলছি! সবই কপাল বুঝলে…..এইসব একতরফা ফিরিস্তি দিয়ে যাচ্ছিলেন ছেরিংয়ের ছোট পিসিমা। ওঁকে দেখে বয়েস অনুমান করা বেশ কঠিন। বলিরেখাময় মুখ দেখলে মনে হয় বয়েস সত্তর থেকে একশোর মধ্যে যা খুশি হতে পারে। ভদ্রমহিলা কানে বিন্দুমাত্র শুনতে পাননা। তাই কথোপকথন ব্যাপারটা সম্ভব নয়। তবে উনি নিজের মতন কথা চালিয়ে যাচ্ছিলেন। আমি বসেছিলাম একটি নড়বড়ে চেয়ারে, একচালা ছোট্ট বাড়িটার সামনের নিকোনো উঠোনে। উঠোনের একপাশে একটা বুড়োনীম গাছ, আরেকদিকে দুটো নারকেল গাছ। কিছু বুনো আগাছা থাকলেও গোটা প্রাঙ্গনটায় যত্নের ছাপ স্পষ্ট। ছেরিংয়ের মেয়েটা খুব মজার। বছর সাতেকের বাচ্চাটা বোধয় ডিগবাজি খেতে খুব ভালোবাসে। গোটা উঠনময় ডিগবাজি খেয়ে বেড়াচ্ছে আপনমনে। আর ওর সাথে সাথে ডিগবাজি খেয়ে বেড়াচ্ছে একটি বাদামি রঙের নেড়ি কুকুর। অতি সামান্য আয়োজনে দুই প্রজাতির অফুরান খুশির ভান্ডার, শরতের এই অলস সকালে। উঠনটার সামনেই একটি ছোট্ট রাস্তা, একটা সাইকেল রিকশা কোনোমতে যেতে পারে। তার ওপারে শালখুটির আড় দেওয়া একটা পুকুর। কয়েকটি কিশোর সেখানে এই সকালেই ঝাঁপাতে শুরু করেছে। দু একজন হাটুরে মানুষ দুলকি চলে কথা বলতে বলতে যাচ্ছে সামনের ওই রাস্তাটা দিয়ে। কেউ বা ফিরে দ্বিতীয়বার দেখছে আমায়। রবিবারের এই ঘরোয়া সকালে এক আমিই বুঝি অতিথি এই নিমটি দোমহনীর।

ছেরিংয়ের বড় পিসি আটপৌরে হলেও বেশ ব্যক্তিত্যময়ী মানুষ। তিনি সকলকেই অপত্য স্নেহে শাসন করেন। মজার ব্যাপার হলো এই শাসনের মূল লক্ষ হচ্ছেন ছেরিংয়ের বাবা। অশীতিপর দুই বোনের একমাত্র ভাই সত্তরের কোটায় হলেও দুই বোন তাঁকে এখনও সেই ছোটটিই ভাবেন। ছেরিংয়ের বাবা বাইরের দাওয়ায় এসে বসার সাথে সাথেই ধমক খেলেন গলায় মাফলার না জড়ানোর জন্যে। এদিকে ছোটপিসি, যিনি কানে কিছুই শোনেন না, তৎক্ষণাৎ কুওপাড় থেকে হন্তদন্ত হয়ে এসে কোত্থেকে একটি মাফলার এনে বেশ করে ভাইয়ের গলায় জড়িয়ে দিয়ে আবার কিছু বকবক করতে করতে কুওপাড়ে ফিরে গেলেন। বড়পিসি এক গেলাস ধোঁয়া ওঠা আরোক গোছের কিছু রেখে গেলেন ওঁর সামনে। উনি চা চাই বলে একটু বোধয় প্রতিবাদ করছিলেন, তৎক্ষণাৎ আবার ধমক খেলেন। বাচ্চা মেয়েটা আর কুকুরটা তখনও ডিগবাজি খেয়ে চলেছে। তারাও একচোট ধমক খেল, তবে তাতে তাদের কিছু এসে গেল বলে মনে হলো না। মধ্যেথেকে একটু দূরে হাতে বন্দুক নিয়ে দাঁড়ানো, আমার বডিগার্ড নোরবু বোধয় একটু কেঁপে ওঠায় পায়ে পা জড়িয়ে কেমন করে জানি ধপ করে আছাড় খেলো! আর এই ছন্দ পতনের সাথে সাথেই আমার ঘোর কাটলো। মনে হলো এবার ওঠা উচিত। দেখলাম ছেরিং বেশ জোরে সাইকেল চালিয়ে ফিরলো বাজার আর ওষুধ নিয়ে। দেরী হয়ে যাবার জন্য মুখে একটা বিব্রত হাসি। একদা চোর, কিছুদিনের পাগল, আমার ড্রাইভার ছেরিংয়ের দিকে তাকিয়ে মনে হলো সে যথেষ্ট দায়িত্ববান মানুষ। এমন ড্রাইভারের সাথে লম্বা সফরে যাওয়াই যায়।


ছেরিংয়ের এই গ্রামের বাড়ীতে আসার কথা একেবারেই ছিল না আমাদের। সকাল ছয়টা নাগাদ বেরিয়েছি ফুন্টসলিং থেকে। সামদ্রূপ পৌঁছোতে বিকেল হয়ে যাবে। পথ আট ঘন্টার হলেও অনেকগুলি চেকপোস্ট পেরোতে হবে আর তাতেই অনেকটা সময় চলে যাবে। হাসিমারা টাউন পেরোতেই আমাদের গাড়ি ঢুকলো বক্সা ফরেস্ট রেঞ্জে। NH27 যেন এক বিশাল অফুরান অজগরের মতন শুয়ে আছে ঘন সবুজ জঙ্গলের মাঝ বরাবর। এক অধটা গাড়ী আশপাশ দিয়ে হুসহাস করে দৌড়ে পালাচ্ছে বনভূমির প্রাতঃকালীন নিস্তব্ধতাকে ক্ষনিকের জন্য বিঘ্ন করে। তবে মুহূর্তেই প্রকৃতি আবার সমে ফিরছে। কি অশেষ ধৈর্য! গাড়ীতে আমরা তিনজন। ছেরিং, আমি আর নোরবু, আমাদের গার্ড। ছেরিং একটু গপ্পোবাজ হলেও, নোরবু খুবই চুপচাপ মানুষ। যে কোনো কোথায় ও হয় হাসে, নয়ত ভাবলেশহীন মুখে আমার দিকে চেয়ে থাকে। সুতরাং নির্বিঘ্নে জঙ্গলের সাথেই প্রেম করছিলাম। মনেমনে শোনাচ্ছিলাম গতকাল রাতের তোর্সাপাড়ের উপাখ্যান। তাতে বোধয় বনানীসমূহের একটু ঈর্ষা হল। সাত তাড়াতাড়ি স্বীকার করলাম তাদের রূপের সাথে তুলনা হয় নাকি! রূপ এবং ব্যক্তিত্বের এমন সমন্বয় আর কোথায় সম্ভব! এই সব সাত পাঁচ ভাবতে ভাবতে গাড়ীর ভিতরপানে মুখ ঘোরাতেই বুঝলাম ছেরিং কিছু একটা বলার জন্য উশখুশ করছে। জানা গেল তার গ্রাম, নিমটি দোমহনী, এই পথেই পড়বে। আমার যদি খুব অসুবিধা না হয় তো চট করে একবার বাড়ীতে দেখা করে যেতে চায়। আগামী এক হপ্তা সে থাকবে আমার সাথে, তাই একবার বাড়ী হয়ে যেতে চায়। নিমটি দোমহনী নামটা এতটাই মিষ্টি যে নির্দ্বিধায় রাজী হয়ে গিয়েছিলাম। এখন মনে হচ্ছে ভাগ্যিস গিয়েছিলাম। না গেলে দেখতেই পেতাম না এক অসম্পূর্ণ পরিবারের প্রত্যেকটি মানুষ কি পরম যত্নে সম্পূর্ণতার নকশিকাঁথা বুনে চলেছেন, অনায়াসে, অবিরত!


আপাতত আমরা থেমেছি শ্রীরামপুর নামের একটি গঞ্জ মতন জায়গায়। এটি বাংলা আর আসামের বর্ডার। এখানে ট্রাফিকের একটু লম্বা লাইন। তাছাড়া আমাদের ভুটানের গাড়ী। তাই হয়ত কাগজপত্রের পরীক্ষা একটু বেশিই হবে। ছেরিং গেছে সেসব সামলাতে। আমি একটি চায়ের দোকানে এক গেলাস চা নিয়ে আয়েশ করে একটা জয়েন্ট ধরিয়েছি। চা টা বেশ ভালো, খানিকটা অপ্রত্যাশিত ভাবেই ভালো। সাথে একটা সুজির বিস্কুট। চারপাশে কেজো মানুষের ব্যস্ততা দেখছিলাম। এখানকার সব খাবার দোকানের মতন এটিতেও দুপুরের খাবার পাওয়া যায়। এখন বেলা একটা দেড়টা বাজে। পুরোদমে খাওয়া দাওয়া চলছে। বেশিরভাগ খদ্দেরই ট্রাক ড্রাইভাররা আর তাদের সহকারীরা। কানে এলো অবাঙালি সুরে কেউ একটা পেটির মাছ দিতে বলছে। তাকিয়ে দেখি এক পাঞ্জাবি সর্দারজি পরম তৃপ্তিতে থালা হাতে নিয়ে মাছের ঝোল দিয়ে মেখে ভাত মুখে তুলছে। মনে পড়লো আমার এক লখনৌবাসী উত্তরভারতীয় বন্ধুর বাবা সারাজীবন বাংলার প্রফেসরি করেছেন। তিনি বিশ্বভারতীর কৃতি ছাত্র ছিলেন এবং দারুন সুন্দর আবৃত্তি করতে পারেন। কে বা কারা যে এমন দেশে প্রদেশিকতার ভূত ঢোকায়, কে জানে!


আমরা এখন চলেছি আসামের মধ্যে দিয়ে। রাস্তার দুইদিকে মূলত ধানক্ষেত, পুকুর-জলা জমি, ছোট ছোট গ্রাম, চাষির দল ক্ষেতে কাজ করছেন, কেউ বা কোনো বড় গাছের তলায় বিশ্রাম নিচ্ছেন। গৃহিণী খাবার এনেছেন। হাইওয়ের ধারে ক্ষেতের মাঝে, জাম গাছের তলায় ঝাল লঙ্কা দিয়ে পান্তাভাত খেতে খেতে এভাবেই গ্রামীন গৃহী প্রেম দানা বাঁধে। শত দারিদ্র, ঘরোয়া কোন্দল, ফিবছরের মহামারী, রাজনৈতিক প্রহসন, কোনোকিছুই এই প্রেমের অন্তরায় হয়ে দাঁড়াতে পারে না। আমি বোধয় এইসব দিবাস্বপ্ন দেখতে দেখতে একটু ঘুমিয়ে পড়েছিলাম। গাড়ী থামায় ঘুম ভাঙল। সামনে একটা মিলিটারি চেকপোস্ট, বেশ কিছু গাড়ী মূল রাস্তা থেকে একটু পাশে লাইন করে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে না ট্রাফিকটা আদৌ এগোচ্ছে বলে। ভাবছি নেমে একটু হাত পা টান করবো কি না। এই সময়ে আমাকে দারুন চমকে দিয়ে নোরবু কিছু একটা বলল। আমি ততটাই চমকালাম যেমন বাঘা চমকেছিলো শুন্ডির রাজাকে কথা বলতে শুনে! কি আশ্চর্য, নোরবু কথা বলতে পারে! যাই হোক, কি বলল জিজ্ঞেস করায় যা জানলাম তা হলো এই অঞ্চলে বাঙালী আর বোড়ো সম্প্রদায়ের মধ্যে খুব গন্ডগোল হচ্ছে। এবং আমাদের গাড়ীতে যদি আক্রমণ হয়, তো আমি বাঙালী বলে আমরা তিনজনই নাকি মার খেতে পারি, এমনকি মারাও পড়তে পারি! বোঝো, আমার বডিগার্ড কি না এমন কথা বলছে? কিন্তু নোরবু কথা বলতে পারে জেনে আমি এতটাই অভিভূত যে রাগ তো দূরের কথা নোরবু আর তার বন্দুকের দিকে তাকিয়ে বেজায় হাসি পাচ্ছিল। এক্কেবারে নিধিরাম সর্দার। খুব চিন্তিত মুখে গাড়ির একদম পিছনের সিটে বসেছিল। বললাম, চলো নেমে দেখি কি গল্প। ছেরিং নেমে গেছে একটু আগে, সরেজমিনে দেখতে।

শরতের শেষ বিকেলের নরম কনে দেখা রোদে চারপাশের ধানক্ষেত, কাকতাড়ুয়া, সারাদিন হাল টেনে বিশ্রামরত বলদের জোড়া, তারে বসা সার বাঁধা পাখালীর দল, ইতস্তত ধোঁয়ার কুন্ডলী ওঠা দূরবর্তী গ্রাম, আরো দূরে ভুটান পাহাড়ের রেখা, সব মিলিয়ে যেন এক অপূর্ব রূপকথার দ্যোতনা রচনা করেছে । মোটেই বিশ্বাস হচ্ছিল না এমন জায়গায় খুন খারাপি হচ্ছে। বরং খুন-খারাপি তখন শুরু হয়েছে আকাশে, সূর্যাস্তের ঠিক আগে।


পরিস্থিতি ঠিক কতটা অশান্ত তা জানতে পারলাম ওখানে কর্মরত অফিসারদের থেকে। গত কালই নাকি বঙ্গাইগাঁও থেকে কয়েক কিলোমিটার দূরে একটি লোকাল পাবলিক বাসে গুলি চালানো হয়েছে। কেউ নিহত না হলেও, গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি আছেন অনেকেই। বঙ্গাইগাঁও এবং আশপাশের গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে আছেন। এ ধরণের ঘটনা অবিশ্যি এই অঞ্চলে ঘটেই চলেছে কিছু কাল ধরে। এখানে অহমিয়া বাঙালী আর বোড়ো প্রজাতির মানুষ এক সাথে বাস করছেন বহুকাল। কয়েক বছর হলো এই প্রদেশিকতা বা আঞ্চলিকতার ভূত ভর করেছে এই সরল সাধাসিধে মানুষগুলির ওপর। তারা এই প্রদেশিকতায় কতটা সত্যি বিশ্বাস করে ভগবান জানেন। প্রশ্ন জাগে এই মানুষগুলোর মনে ঘোরটা এই হিংসার আগে ছিল, নাকি এই ভূতের ঘোরেই এই হিংসা। খুব জটিল অঙ্ক। একমনে আকাশের খুনখারাপি দেখতে দেখতে এইসব ভাবছিলাম। ইতিমধ্যে ছেরিং খিবর দিয়ে গেছে এখানে সময় লাগবে। কিছু গাড়ী জমা হলে মিলিটারি কনভয় করে আগামী বিশ পঁচিশ কিলোমিটার পার করে দেবে। বরপেটা রোড পার হয়ে গেলেই পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। তাই অলস মন দৌড় লাগিয়েছে মাঠ ঘাট পর করে ওই গ্রামগুলোর দিকে। কে জানে ওখানে কেমন জীবনপ্রবাহ বয়ে চলেছে এই সাঁঝবেলাতে। পাশে একটা গুনগুন শব্দে ঘোর কাটলো। দেখি আবার নোরবু কিছু বলার চেষ্টা করছে। নোরবু নির্ঘাৎ আমায় কালা ভেবেছে, যেমন আমি ওকে বোবা ভেবেছিলাম। কারণ ও আমায় এই দ্বিতীয় বার কিছু বলার চেষ্টা করেছে এবং যথারীতি আমি প্রথমবারে শুনতে পাইনি। এক বোবা আরেক কালার কথোপকথন চিন্তা করে ফিক করে একফালি হাসি বেরিয়ে গেল। নোরবু বোধয় তাতে খানিকটা ভরসা পেয়ে আমায় বলল যে আক্রমণ হলে সে আমার জন্যে লড়ে যাবে, কারণ সেটাই তার কর্তব্য! হরিবোল! আমি একটু আগে ওকে আশ্বাস দিয়েছিলাম যে তেমন কিছু হলে আমি বলব যে একমাত্র আমিই বাঙালী। নোরবু আর ছেরিং যে ভুটানের বাসিন্দা তা আর আলাদা করে বলে দিতে হয় না। তা এখন দেখছি বেচারা তাই নিয়ে ধর্মসংকটে পড়ে গিয়েছিল এবং অনেক ভেবে ঠিক করেছে তার কর্তব্য সে করবেই। সালাম মানুষ, ধন্য মনুষ্য জন্ম। এই নোরবু, আমি, ছেরিং, মিলিটারি অফিসার, চাষি পরিবার, বোড়ো এবং বাঙালী লড়িয়ের দল, ছেরিংয়ের পিসি, ডিগবাজি খাওয়া বাচ্চা মেয়েটা, সব্বাই তার তার মতন করে কর্তব্য করার আপ্রাণ চেষ্টা করছে। ভালো হবে, এমনটাই পরম বিশ্বাসে এই কর্তব্য করে চলেছে। তাও যে কোথায় ঠোক্কর লাগছে…...উঁহু, খুব কঠিন অঙ্ক। আরেকটা জয়েন্ট রোল করি!


সামদ্রূপ জন্খার পৌঁছতে সন্ধে উৎরে গিয়েছিল। পথে তেমন কোনো ঘটনা না ঘটলেও মিলিটারি কনভয় যখন আমাদের নিয়ে অশান্ত অঞ্চল পার করিয়ে দিচ্ছিল, তখন বেশ একটা ভয় মিশ্রিত রোমাঞ্চ হচ্ছিল বৈ কি। আমাদের গাড়ী এবং আরো বেশ কিছু বাস, জীপ, ট্রাক ইত্যাদি মিলিয়ে কনভয়টি বেশ বড়ই আকার ধারণ করেছিল। বিভিন্ন প্রদেশ আর বিভিন্ন আর্থ-সামাজিক স্তরের মানুষগুলির তখন একটিই মাত্র আকাঙ্খা, নিরাপদে গন্ত্যবে পৌঁছনো। আমাদের গাড়ীতে আমরা তিনটি প্রাণীই সম্পুর্ন নিস্তব্ধ, কতকটা দম বন্ধ করে অপেক্ষা করার মতন। একটি দুটি গাড়ীর ধ্বংসাবশেষ দেখলাম, পড়ে আছে রাস্তার পাশে, বোধয় ল্যান্ড মাইনের কারসাজি, অথবা হয়ত পোড়ানো হয়েছিল কোনো এক সময়ে। যে অঞ্চলে দিনে একটি বা দুটি মাত্র বাস ভরসা, সেখানে বাস পুড়লে তার সাথে কত মানুষের যে কপাল পোড়ে, তার হিসেব কে রাখে?


এইসব সাতপাঁচ ভাবছিলাম প্রাতরাশ সারতে সারতে। উঠেছি একটি ছোট্ট গেস্ট হাউসে। খুবই ঘরোয়া ব্যবস্থা। ছোট্ট কাঠের বাংলোটিতে দুটি শোবার ঘর, তার প্রত্যেকটির সাথে লাগোয়া টয়লেট আর ব্যালকনি। মাঝে একটি বৈঠকখানা আর খাবার ঘর। ছিমছাম আয়োজন, কিন্তু খুব রুচিশীল। গেস্ট হাউসের মালিক মিঃ দোরজি, যাকে সকলেই দাসো বলেন, নিজেই তদারকি করেন। ভুটানে সমাজে সম্মানীয় ব্যক্তিকে দাসো বলা হয়, অনেকটা বাংলায় মহাশয় বা ইংরেজি Sir র মতন। আমাদের এই দাসো একসময়ে রয়াল আর্মিতে খুব উঁচু পদে ছিলেন। এখন রিটায়ার করে ফিরে এসে এই গেস্ট হাউস নিয়েই আছেন। ওঁর দুই ছেলে। একজন রয়াল আর্মিতে আছেন। আরেকজন লন্ডনে, পড়তে গিয়ে ওখানেই পাকাপাকি থেকে গেছেন। গেস্ট হাউসের এই অংশটি আসলে উনি ছেলে আর তাদের পরিবারের কথা ভেবেই বানিয়েছিলেন। ক্রমশ বুঝতে পারেন ছেলেদের আসার সম্ভাবনা আর নেই। তাই নিজের পরিবারটা অনেকটা বৃহত্তর করার উদ্দেশ্যে এই গেস্ট হাউস খোলার পরিকল্পনা।

গেস্ট হাউসের কুক রসূল মিঞা একজন অত্যন্ত গুণী মানুষ। শুধু রন্ধন শিল্পীই নন, তিনি একজন ভীষণ রুচিশীল পরিবেশক। নিজে সর্বদা ধোপদুরস্ত বাবুর্চির পোশাক পরে থাকেন, যুৎসই পাত্রে, সঠিক তাপমাত্রার খাবার পরিবেশন করেন। সেই রসূল মিঞা সকালে চা নিয়ে এলেন টিকুজি দিয়ে ঢেকে। দেখেই মন ভরে গেল। চায়ের অর্ধেক রোমান্স তার পরিবেশনে আর বাকিটা তার সুবাসে। এমত চা পুরো একশো এ একশো!


সামদ্রূপের প্রথম সকালে কাঠের ছোট্ট ব্যালকনিতে বসে অনতিদূরে শুরু হওয়া জঙ্গলের দিকে চেয়ে ছিলাম। কাছেই জঙ্গল আছে জেনে উৎসাহ দেখানোয় গতরাতে দাসো বলেছিলেন এই জঙ্গলটা তেমন সুবিধের নয়। হাতি বা লেপার্ড থাকলেও, আসল সমস্যা মানুষ। বোরো আর আলফা জঙ্গিদের চলাফেরা এই জঙ্গলটির মাধ্যমেই।

একটু আগে একপশলা বৃষ্টি হওয়ায়, অলস সকালের নরম আলোতে একটা ভেজা ভাব আর সোঁদা গন্ধ মিশেছে। ববড় মনোরম। গেস্ট হাউসের থেকে পায়ে চলা দূরত্বে অফিস। তাই তাড়া নেই একেবারেই। রসূল মিঞাকে অনুরোধ করলাম আমার সাথে চা খাবার জন্যে। পঞ্চাশোর্ধ শান্ত পরিচ্ছন্ন এই মানুষটির মধ্যে একরকম বিষন্ন প্রশান্তির ভাব আছে। কেমন মনে হয় এই মানুষটির সাথে কথা বলে শান্তি পাওয়া যেতে পারে। মিঞা বসলেন ঠিকই কিন্তু চা শুধু আমাকেই বানিয়ে দিলেন। বিনীত ভাবে জানালেন গেস্টের সাথে বসে ওঁর চা খাবার কথা নয়। ওঁর এই কর্তব্যের আর নিয়মের প্রতি আবেগময় আনুগত্য আজও এক পরম শিক্ষা হয়ে আমার আমির সাথে মিশে আছে।


কাহিনী বোধয় আমায় খুঁজে বেড়ায়! সামদ্রূপের সাত সকালে উৎকৃষ্ট চা খেতে খেতে শুনলাম তিব্বতে চাইনিজ ইনভেশনের কথা। রসূল মিঞা আসলে ঢাকার মানুষ। সাতচল্লিশ সালে দেশ ভাগের সময় পরিবারের সাথে ছোট্ট রসূল পালিয়ে আসছিলেন বিভক্ত ভারতের কানপুর শহরে।তাঁদের বৃহত্তর পরিবারের বাস কানপুরেই। পথে দাঙ্গার মাঝে পড়তে হয় পুরো পরিবারটিকে। দলছুট রসূল যখন দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটছে শুধুমাত্র প্রাণ বাঁচাবার জৈবিক তাড়নায়। কেউ একজন মানুষ সেই বাচ্চাটির হাত ধরে তাদের ঘোড়ার গাড়িতে তুলে নেন। রসূল প্রথমে ভেবেছিলেন তাঁরই পরিবার। শিশুমনের তাই তো বাসনা হবার কথা। কিন্তু আল্লার মর্জি ছিল অন্য। একটু ধাতস্থ হবার পরে ছোট্ট রসূল নিজেকে আবিষ্কার করলেন এক তিব্বতি পরিবারের মাঝে! আমা, যিনি সেই ভয়ঙ্কর মুহূর্ত থেকে আজীবন রসূলের মা হয়ে ওঠেন, তখন যত্ন করে জল খাওয়াচ্ছেন সন্ত্রস্ত রসূলকে। টানা চার দিন তিন রাত যাত্রার পর রসূল কে নিয়ে পরিবারটি পৌঁছল পূর্ব তিব্বতের ছোট্ট গঞ্জ চামদও তে। গত চার দিন ছোট্ট রসূলকে হটাৎ অনেক পরিণত করে তুলেছিল। এই পরিবারটির সাথে গত চার দিন একটিও বাক্য বিনিময় হয় নি, কারণ কেউই কারুর ভাষা বোঝেনা। তবে মাতৃত্বের বা স্নেহের যেমন ভাষা হয় না, তেমনি ভীতি, নিরাপত্তার আর অসহায়ত্বের ও ভাষার প্রয়োজন হয় নি। নিঃশব্দে কিন্তু ওতপ্রোতভাবে রসূল এই পরিবারটির একজন হয়ে উঠেছিলেন। চামদও খুব আলাদা, রসূলের চেনা ঢাকার থেকে। প্রায় দশ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই গঞ্জের মাথার ওপর নীল আকাশের উপস্থিতি যেন বড় বেশি প্রকট। যতদূর চোখ যায় ঢেউখেলানো মেঘের মতন পর্বতমালা। অনেক নীচে দিয়ে বয়ে যায় নাম না জানা এক নদী। বেশ দূরে দূরে ছোট ছোট তাঁবুর মতন দেখতে বাড়ী। রসূলের মনে পড়ে যায় ঢাকায় ওদের পাশের বাড়ীর দিদি ছবি আঁকত। সেখানে সে দেখেছিল এমন পাহাড় আর নদীর ছবি।

এর তিন বছর বাদে, 1950 এ পিপল রিপাবলিক অফ চীনের নেতা মাও জেদঙ্গের সেনা তিব্বত অধিগ্রহণ করে। 1913 এ এই চীনের থেকেই স্বাধীনতা পাওয়া তিব্বত আবার অধিগ্রহণ করে নেয় চীন। বছর তেরোর রসূল এই রাজনৈতিক অবস্থা পরিবর্তনের গুরুত্ব না বুঝলেও, এটুকু বুঝেছিল যে তার এবং এই চামদও র মানুষের জীবনে শান্তি ব্যাহত হতে চলেছে। কারণ, এই অধিগ্রহণ শুরু হয়েছিল চামদও থেকেই। 1956 নাগাদ শুরু হয় সশস্ত্র বিপ্লব, তিব্বতের স্বাধীনতার দাবিতে। গোটা তিব্বতে শুরু হয় গেরিলা হামলা। আবার এক অশান্ত সময়। তিনটে বছর কেটে যায় এই অশান্ত সময়ের মধ্যেই। যুবক রসূল ততদিনে পুরো পরিবারটির দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। চামদও র পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে। মানুষের সমস্ত আদিম রিপু কদর্যতার পোশাক পরে শয়তানের বেশে আত্মপ্রকাশ করে। এক সময়ে, সেই আমা, তার দুই মেয়ে আর এক ছেলেকে সাথে করে পরিবারটি বেরিয়ে পড়ে ভারতের উদ্দেশ্যে, যে ভারতে ছোট্ট রসূল পৌঁছতে চেয়েছিলেন 1947 এ। যদিও এবারের গন্তব্য সম্পূর্ণ অনিশ্চিত।

এই পরিবারটি যখন তিব্বতের রাজধানী লাসায় এসে পৌঁছয়, সেখানে তখন আগুন জ্বলছে। গোটা লাসাই তখন রণক্ষেত্র। দলাই লামা সদ্য নিজের প্রাসাদ ছেড়ে ভারতের আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। লাসার বাকি মানুষও প্রানের দায়ে ভিটেমাটি ছেড়ে কেউ পালাচ্ছে ভুটানে, কেউ ভারতে কেউ বা বার্মায়। রাসূলদের এই পরিবারটির তেমন করে যাবার কোনো জায়গা ছিল না। এই অশান্ত সময়ই রসূলের আলাপ হয় এই গেস্ট হাউসের দাসোর সাথে। দলাই লামা এবং তাঁর কাছের লোকেদের সুরক্ষায় ভুটানের রাজা তখন কিছু রয়াল আর্মির অফিসার পাঠান, খুবই গোপনীয় ভাবে। যে কোনো কারণেই হোক, রসূল আর তার পরিবারকে দাসো সাথে করে ভুটানে নিয়ে আসেন। সেই থেকেই রসূল দাসোর ছায়াসঙ্গী। মিঞার পরিবার, অর্থাৎ তিব্বতি পরিবারও থেকে যায় ভুটানে, পাকাপাকি ভাবে। কি রোমাঞ্চকর আর স্পর্শকাতর এই পুনর্বাসন আর মানবিকতার কাহিনী।


সামদ্রূপ জন্খার হল ভুটানের দক্ষিণ পূর্বের সব থেকে ব্যস্ত শহর, অথবা গঞ্জ। তাসিগাঁও থেকে সামদ্রূপের জাতীয় সড়ক তৈরি হয় 1960 এ আর তখন থেকেই এখানকার গুরুত্ত বেড়ে যায় বহুগুণ। অসমের সাথে সীমান্ত থাকার দরুন ভারতের সাথে ভুটানের বানিজ্যিক সম্পর্কের এক প্রাণকেন্দ্র হয়ে ওঠে এই সামদ্রূপ। ফুন্সিলিং র মতন না হলেও সামদ্রূপ বেশ জমজমাট। এখানকার আরেক বৈশিষ্ট্য হলো মিথুন বা Indian Gaur অথবা বাইসন ব্রিডিং কেন্দ্র। গৃহপালিত এই পশু বহুল ব্যবর্হিত হয়ে চাষের কাজে। আর সামদ্রূপের এই সমস্ত ব্যস্ততা ঘিরে রয়েছে এক রহস্যময় জঙ্গল, ইউক্লিপটাসের পাহারাদারী, সাদা মোরামের রাস্তা আর স্থানীয় মানুষ যাকে বলেন ভুটান পাহাড়ের সারি। আমার বেশ মজা লাগে এঁদের এই সহযতায়, সবকটি পাহাড় যেহেতু ভুটানে তাই সবার নাম ভুটান পাহাড়। হ য ব র ল তে সেই যেমন পরিবারের সকলের নামই তকাই ছিল!


যে অফিসে অডিট করতে এসেছি তার আকাউন্টেন্ট তপন দাসের সাথে আলাপ করেই ভালো লেগেছিল। আমার থেকে বোধয় কয়েক বছরের বড় তপন এক সদানন্দ মানুষ। সর্বক্ষণ মুখে গুয়া সুপারি বা দমা চিবিয়ে চলেছেন আর পাঁচজন ভুটানির মতন। ছোটখাটো ধাঁচের হলেও দোহারা চেহারা। দেখলে বোঝা যায় পরিশ্রমী মানুষ। একটা Yamaha RX100 বাইক নিয়ে সারাক্ষণ টোটো কোম্পানি হয়ে ঘুরে বেড়ান। ক্রমশ বুঝলাম তপন নামেই আকাউন্টেন্ট। আসলে এই অফিসের সব দপ্তরেই তপনের অবাধ প্রতিপত্তি। সে যাই হোক, রোজ অফিসের পর তপনের বাইকে চড়ে ঘুরে বেড়াতাম গঞ্জের আনাচে কানাচে।

এখানকার মূল বাজারটি পুরোটাই হকার মার্কেট। দরদাম বা চিৎকার চেঁচামেচি আর আলোর রোশনাই টা এর সাথে জুড়ে দিলে আমাদের হাতিবাগান বা গড়িয়াহাট বাজারের সাথে কোনো ফারাক পাওয়া যাবে না। বাজারের ঠিক মাঝ মধ্যিখানে একটি সাদামাঠা হোটেল, নাম টা আর মনে নেই। তার গ্রাউন্ড ফ্লোরে একটা আবছা বার। '97 এ ওটাই বোধয় সামদ্রূপের একমাত্র বার, যাকে বলে। আমি আর তপন সেখানে দু পাত্তর পান করছিলাম বসে। মনে পড়ছিলো অরণ্যের দিন রাত্রির সেই পানশালার কথা। এদিকে ওদিকে চোখ বোলাচ্ছিলাম 'দুলি' র মতন কেউ আছে কিনা দেখতে। বেশ একটা ছমছমে নেশা হয়েছে। তপন বোধয় সিগারেট কিনতে বাইরে গিয়েছিল। হটাৎ হন্তদন্ত হয়ে এসে আমার হাত ধরে বললেন "উঠুন তো মশাই"। বলে আমাকে কিছু বলার মওকা না দিয়েই, হাঁটা দিলেন। আমি ভীষণ অবাক তো হয়েইছি। ওয়েটার কে খুঁজছি বিল মেটাবো বলে। আমাদের ওয়েটার ও ভুঁইফোড় হাজির হয়ে বললেন, "আপনি বেরোন। তপন পরে বিল মেটাবে"। কিচ্ছু বুঝতে না পারলেও এটুকু বুঝেছিলাম পুরো ব্যাপারটার মধ্যে একটা তৎপরতার ভাব আছে। তাই আর কথা না বাড়িয়ে বাইরে এসে দেখি তপন বাইক স্টার্ট করে বিরক্ত মুখে বারের দরজার দিকে তাকিয়ে আছেন। আমি বসতেই ঝড়ের বেগে বাইক ছুটিয়ে সোজা গেস্ট হাউস। আমার ঘেবড়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে হাসতে হাসতে তপন জানালেন, "আরে, কয়েকজন বোরো জঙ্গি আপনাকে ভারতীয় মিলিটারির চর থাউরেছিল। ওরা তো বিশেষ খোঁজ খবর করে না। দুম করে গুলিটুলি চালিয়ে দিলে কেলেঙ্কারি হতো।" প্রচন্ড ভয়ে যখন 'কেন' তা জিজ্ঞেস করতেও ভুলে গেছি, দেখি দাসো ঢুকলেন হাতে Jhonnie Walker র একটি বোতল নিয়ে। আমার প্রশ্নটা আন্দাজ করে বললেন, "তোমার এই বড়সড় চেহারা আর ছোট করে ছাঁটা চুল দেখেই বোধয় ভুল করেছিল। তপন আবার একটু বাড়িয়েও বলে।" লক্ষ করলাম নিঃশব্দে রসূল মিঞা ঠিক ঝকঝকে, শুকনো Whisky গ্লাস আর বরফ রেখে গেলেন। জানালেন, এখুনি কিছু খাবার নিয়ে ফিরে আসছেন।


তপনের সাথেই প্লান করলাম রাতের জঙ্গল দেখতে যাবো। দাসোর সাবধান বাণী শুনে তপন সেই সদাহস্য সুপারি ভরা মুখে বরাভয়ের একটা হাসি দিয়ে বিরিঞ্চিবাবার মতন কতকটা মুখভঙ্গি করলেন, যার মনে হতে পারে 'বিপদ হবে না' অথবা 'বিপদ হলে আমি দেখবো'। অনেক বছর পরে জেনেছিলাম তপনের সেই আত্মবিশ্বাসের কারণ, আর কেনই বা তপন জানতে পেরেছিলেন বোরো রা আমায় নিয়ে কি চিন্তা করছে। তবে সেই জানার কোনো ভিত্তি নেই, যুক্তি হয়তো আছে।


রাতের জঙ্গল যতটাই ভীতি উদ্রেককারী ততটাই মোহময়। তার অব্যর্থ টানকে কিছুতেই উপেক্ষা করা যায় না। সন্ধে নেমেছে ঘন্টা খানেক আগে। রসূল মিঞার স্বর্গীয় মাংসের কোর্মা আর পরোটা খেয়ে আমি আর তপন রওনা হয়েছিলাম মিনিট চল্লিশ আগে, সেই বাইকে। গত দশ মিনিট হলো দুজনে প্রবেশ করেছি জঙ্গলে। সাথে বড়সড় টর্চ, মিঞার প্যাক করে দেওয়া স্যান্ডউইচ, জল ইত্যাদি। আমার টর্চটা দাসোর সম্পত্তি। উনি খুব একটা খুশি নন এই অহেতুক রাতের এডভেঞ্চার নিয়ে। তবে বুঝলাম তপনের ওপর ভরসা করেন। কতকটা পিতৃসুলভ ভঙ্গিতেই তপনকে বললেন, "তোমার ভরসাতেই ছাড়ছি, খেয়াল রেখো। শহুরে ছেলে, রাতের জঙ্গলে তল পাবে না।" আমিও তপনের সাথে সেঁটে আছি, প্রায় ওর ঘাড়ে নিঃস্বাস ফেলছি। ঘন কালো অন্ধকার জঙ্গলে চোখ সয়ে গেলেও, কিছুই বিশেষ ঠাওর হচ্ছে না। সব থেকে অস্বস্তিকর চতুর্দিক থেকে আসা নানান শব্দ। আর সর্বক্ষণ মনে হচ্ছে কেউ বা কারা চারপাশে রয়েছে, চলাফেরা করছে। তপনকে একবার জিজ্ঞেস করায় তাচ্ছিল্যের সাথে জানালেন, আমরা জঙ্গলে ঢোকার সাথে সাথেই নাকি এখানকার বাসিন্দারা আমাদের উপস্থিতি টের পেয়ে গেছে। মিনমিন করে জানালাম যে আমি মানুষের উপস্থিতির কথা বলছি। তাতে তপন আরো বিজ্ঞের মতন জানালেন জঙ্গলে শুধু জানোয়ার নয়, মানুষও থাকে। বোঝো!

বাঘ মামার দেখা না পেলেও, হাতির দল, হরিণের দল, বাইসনের দলের দেখা মিলল। রাতের অন্ধকারের একরকম আলো হয়। তাতে পুরো দুনিয়াটাই ম্যাজিকের দুনিয়া বলে মনে হয়। আমরা যেখানে বসে আছি সেটা একটা দোতলা বাড়ীর ছাদ। ভগবান জানেন কে বা কারা থাকে এখানে। তপনের ভাষায় ফরেস্ট গার্ডদের আস্তানা এটা। তবে তাদের কাউকেই দেখলাম না গোটা রাতে। কিন্তু যথারীতি উপস্থিতি টের পেলাম। তারা একেবারেই অশরীরী নন। তবে তারা চাননা সশরীরে উপস্থিত হতে, বলা বাহুল্য। রাতের জঙ্গলের যে কি ভীষণ কুহকিনীর মতন দুর্নিবার আকর্ষণ, তা নিজে অনুভব না করলে বোঝানো কঠিন। জন্তু জানোয়ার তো পার্থিব, কিন্তু শুধুমাত্র জঙ্গলের আলো আঁধারীর প্রসাধনের শৃঙ্গারে যে অনির্বচনীয় রূপের মূর্ছনার সৃষ্টি হয়, তা অপার্থিব। বিধাতার এমন দান দু হাত পেতে নিয়ে, সমস্ত শরীর দিয়ে অনুভব করে তাতে অবগাহন করলাম গোটা রাত।

শেষ রাতে একটু চোখ লেগে গিয়েছিল। তপনের ডাকে উঠলাম। ভোরের আলো বেশ পরিষ্কার। এবার ফেরার পালা। ফেরার পথে মনেই হচ্ছিল না এই পথই গতরাতে কি ভয়ঙ্কর রহস্যময় লাগছিলো।


সামদ্রূপ থেকে ফিরেছিলাম দুদিন পর। ফেরার পথে থেমেছিলাম ছেরিংয়ের বাড়ীতে, নিমটি দোমহনী। এবার কতকটা আমার উপরোধেই। সাঁঝবেলাতে উপস্থিত হয়েছিলাম সেই অসম্পূর্ন পরিবারের সম্পূর্ণতার ভিটেতে। আর হয়তো কখনো আসা হবে না এইসব জায়গায়। তবে মানুষগুলি থেকে যাবেন আমার সাথে চিরকাল। দাসো আর রসূল মিঞা, ছেরিংয়ের পরিবার, পানিকার, মিয়া, নোরবু, ক্ষেতের সেই চাষী পরিবার, সকলে থাকবেন আমার ভাবনায়, চিরকাল।

©Suman Dutta

বাঙালের আফ্রিকা দর্শন

বাঙালের আফ্রিকা দর্শন

একটি ছোট্ট email আর আধ ঘন্টার একটা মিটিংয়ে ঠিক হয়ে গেল আমায় আফ্রিকা যেতে হবে। আমি তখন একটি বহুজাতিক shipping কোম্পানির Finance Leadership রোলে। শুনেই দারুন এক্সসাইটেড লাগলো। তার আগের 13/14 বছর আমার ঘোরা ফেরা সীমাবদ্ধ ছিল মূলত প্রথম বিশ্বের দেশগুলিতে। তাই আফ্রিকা শুনে প্রথমেই মনে হলো 'a welcoming change'. তবে আমি যেহেতু শংকর নই, আর আমাদের ছায়াছবির দুর্দান্ত দস্যি দামাল দেব-শংকর একেবারেই নই, তাই একটু খোঁজ খবর করতে শুরু করলাম।
আমার যাওয়ার কথা Douala এ। এই শহরটি Cameroon র ব্যবসায়িক প্রাণকেন্দ্র। Wouri নদীর ধারের এই রিভার-পোর্টটি বলতে পারেন মধ্য আফ্রিকার সব থেকে ব্যস্ত বন্দর। বিভিন্ন সময়ে জার্মান, ডাচ আর ফ্রেঞ্চরা এখানে উপনিবেশ গড়লেও, ফ্রেঞ্চ অধিপত্তটাই আজও লক্ষণীয়। সেটা বুঝতে পেরেছিলাম আরো বেশি করে Douala এ পৌঁছে। তবে পৌঁছতে এখনো ঢের দেরি! শুধু বুঝলাম, Cameroon মানে Roger Milla ছাড়াও আরো অনেক কিছু।
আমার ট্রাভেল করার ছিল এক সপ্তাহের মধ্যে। ভিসা করার কোনো ব্যাপার নেই, ওখানে নাকি 'Visa on Arrival'। ইন্টারনেট এ কোথাও একথা লেখা নেই। কিন্তু আমার Boss এমন করে বললেন যেন জায়গাটা হাওড়া মেইন লাইনের কোনো ছোটো স্টেশন যেখানে উনি উইকেন্ডে মাছ ধরতে যান। আমার ভিসা করে যাবার পরামর্শ কে ফুৎকারে উড়িয়ে দিয়ে বললেন Ethiopian Airline ভালো deal দিচ্ছে, টিকেট করে বেরিয়ে পড়ো।
মুশকিলটা টের পেলাম এয়ারপোর্টে পৌঁছে। ইমিগ্রেশন অফিসার আমায় বিনা ভিসায় যেতে দিতে নারাজ। বললাম ওখানে On Arrival ভিসা পাওয়া যায়। তবে বলার মধ্যে বোধয় আমার Boss র মতন Conviction টা ছিল না, কারণ আমিও convinced ছিলাম না। তাই অফিসার গেলেন তার Boss র সাথে পরামর্শ করতে। আমি দাঁড়িয়ে আছি ইমিগ্রেশন কাউন্টারে আর আমার পেছনে লাইনে দাঁড়ানো লোকগুলি আমার দিকে অগ্নিগর্ভ দৃষ্টিবর্ষণ করে চলেছে। আমি যেমন এই ভিসার ব্যাপারে ইন্টারনেট এ কিছু পাইনি, অফিসার ও তেমনি কোনো ইনফরমেশন না পেয়ে একটু পরে ফিরে এলেন। আমার দিকে হেডমাস্টার গোছের একটি চাহনি দিয়ে বললেন, "আপনি যেতে পারেন, তবে রিস্ক আপনার"। তখন ওই রিস্ক টা নেওয়া ছাড়া উপায় আর কি! মাথা নেড়ে সায় দিয়ে যখন Duty Free zone এ ঢুকলাম, খেয়াল হলো Douala থেকে ফিরতি ফ্লাইট দুদিন পর। সুতরাং, ডিপোর্ট করলে এয়ারপোর্টে ই কাটাতে হবে দুটো দিন। ঝলমলে Duty Free area তে কোনো একটা TV তে তখন The Terminal ছবিটি দেখানো হচ্ছে!
ফ্লাইট টা মোটামুটি সময়েই উড়লো। তখন সময় ভোর তিনটে। ফ্রেঞ্চভাষী বিমানসেবিকার কথা এক বর্ণ না বুঝে, উৎকৃষ্ট ফ্রেঞ্চ wine দু গ্লাস খেয়ে, 'Do Not Disturb' কম্বল টেনে স্রেফ ঘুম। ঘুম ভাঙল আশপাশের ব্যস্ততায়। বুঝলাম ল্যান্ডিংয়ের তোড়জোড় চলছে। Stopover at Addis Ababa, Ethiopia। চোখে যথেষ্ট ঘুম থাকলেও, নিজেকে শাসন করলাম। নেমেই connecting flight ধরতে হবে এক ঘন্টার মধ্যে। কিন্তু Aircraft থেকে বেরিয়েই আফ্রিকা সম্পর্কে প্রথম ভুলটা ভাঙলো। প্রচন্ড ঠান্ডায় থরোহরিকম্প অবস্থায় নিজেকে দারুন বোকা মনে হলো Addis এয়ারপোর্টের tarmac এ দাঁড়িয়ে। ভেবেছিলাম আফ্রিকা মানেই গরমের দেশ, তাই কোনো ধরনের গরম কাপড় সঙ্গেই রাখিনি। যাই হোক, জানি এক ঘন্টার মধ্যে আবার flight এ ঢুকবো। তাছাড়া এয়ারপোর্ট তো air conditioned হবেই। তাই সকলের সাথে হাঁটতে লাগলাম টার্মিনাল বিল্ডিঙের দিকে। একটু এগোতেই দেখলাম বেশ কিছু এয়ারপোর্ট কর্মচারী হাতে বিভিন্ন আফ্রিকান গন্তব্যের নামের প্ল্যাকার্ড নিয়ে যাত্রীদের নির্দেশ দিচ্ছেন বিভিন্ন aircraft এ উঠবার। বুঝতে একটু সময় লেগেছিল 'Transit Passenger Formalities' ব্যাপারটাকে এঁরা বড্ড Simplify করে ফেলেছেন! মনে পড়ছিল আমাদের ইন্টার স্টেট বাস টার্মিনালগুলির কথা। কাঁপুনি আর হাসি মিশিয়ে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। তবে খুব শিগগিরই সেটা এক্কেবারে উবে গেল যখন জানলাম আমার connecting flight উড়ে গেছে এক ঘন্টা আগে।
International travel এ connecting flight miss হলে কতকটা মধ্য বয়েসে বউ পালানোর অবস্থা হয়। প্রথমে একটা দিশাহারা ভাব। তারপর ‘এবার কি করবো’ চিন্তা করতে গিয়ে কুল কিনারা না পাওয়া। অতঃপর ভাবতে শুরু করা ‘আমার কি দোষ ছিল’.......অবশেষে Pilot আর Airline কে দোষ দেওয়া, অর্থাৎ যারা বউ থুড়ি Plane, ভাগিয়ে, আহ, মনে উড়িয়ে নিয়ে গেছে। মোটের ওপর পুরো ব্যাপারটা বেশ বিরক্তিকর, কিন্তু হাওয়ায় ঘুঁষি মারা ছাড়া আর কিস্যু করার থাকে না!
Flight miss করার উত্তেজনায় অনেক্ষন ঠান্ডাটা অনুভব করিনি। আবার কাঁপুনি টা ফিরে এলো, এবার ঠান্ডার সাথে অনিশ্চয়তার অস্বস্তিকর প্রলেপ নিয়ে। একটু পা চালিয়েই টার্মিনাল বিল্ডিংটায় ঢুকলাম। খুবই সাদামাঠা Airport। একেবারেই ইন্টারন্যাশনাল Airport র মতন নয় আর যেটা নয় সেটা হল Airconditioning. অর্থাৎ কাঁপুনি টা রয়েই গেল সাথে, ছিঁচকাঁদুনে বাচ্চার বায়নার মতন। Expectation ততক্ষনে তলানিতে ঠেকেছে। Ethiopian Airline র কাউন্টার খুঁজে চলেছি হন্যে হয়ে। সব্বাই শুধু French বলে আর বেশিরভাগ Sinage ই French এ। ততক্ষনে সব French ব্যাপার খারাপ লাগতে শুরু করেছে। এ কি আদেখলাপনা! ক্রমশ একটা খুবই বাহুল্যবর্জিত Duty Free Shopping এরিয়ায় পৌঁছলাম। এক ঝলক দেখেই বুঝলাম আমার কাজের কিছুই নেই সেখানে। তবে perfume র ভালো collection! কিন্তু কোথায় Ethiopian Airline counter? Connecting flight কখন? কিচ্ছু বুঝতে পারছি না। ভরসা একটাই, আমার মতন আরো অনেকে দেখলাম flight miss করেছে, যদিও গন্তব্য সকলেরই আলাদা। আমার মতন বেশ কিছু মানুষ বিয়ে বাড়ীতে first batch এ খেতে বসায় আগ্রহী নিমন্ত্রিতের মতন উশখুশ করে ঘুরে বেড়াচ্ছে। ঠিক যেন সুবিধা করা যাচ্ছে না, এমন একটা ভাব। তবে এক্ষেত্রে সমস্যাটা আরেকটু জটিল। কারণ প্রায় কেউই জানি না ঠিক কি ধরণের সুবিধা আশা করা যায় এখানে।
বেশ কিছু Deck Chair রাখা ছিল। মূলত হতাশার জেরেই মানুষ যখন সেগুলোতে ধুপ ধাপ আছড়ে পড়তে লেগেছে, বড় পিসেমশাই বা ন-জ্যাঠা গোছের একজন Airline কর্মচারী এসে দাঁড়ালেন আমাদের সামনে। ভাবটা এমন যেন এইবার সব ঠিক হয়ে যাবে! Africa বলেই কি না জানিনা, আমার চট করে আরণ্যদেবের মজ বুড়োর কথা মনে পড়ে ফিক করে একটা হাসি বেরিয়ে পড়ল। এইরকম অবস্থায় চার ফুটের ব্যবধানে হাসি বেরিয়ে পড়লে, মুখে হাসিটা মাখিয়ে রাখা ছাড়া উপায় থাকে না। মজ বুড়ো তাই আমাকেই বেছে নিলেন ওনার বক্তৃতার মূল শ্রোতা হিসেবে! অনেক কিছু বললেন। বেশ সাবলীল ভাবেই বললেন। তবে বোধয় সেই French ই বললেন। তাই আমি আবার সেই তিমিরে। কিছু লোক দেখলাম মজ বুড়োকে অনুসরণ করলেন। বাকিরা আবার গড়িয়ে পড়লেন। এই choice তা সহজ ছিল, তাই আমিও ওনাকে অনুসরণ করলাম। কারণ “যে শুইয়া থাকে, তাহার ভাগ্যও শুইয়া থাকে”, ছোটবেলায় শুনেছিলাম। Airline counter না পেলেও আরণ্যদেবের খুলিগুহা যদি পাওয়া যায়!
অবশেষে অদৃষ্টপূর্ব সেই Airline counter পাওয়া গেলো! Cinematic আনন্দে আমার চোখে জল আশা উচিত ছিল, কিন্তু মনে পড়ে গেলো মরুতির্থ হিংলাজ ছবিটি। তাই একটা বালি কিচকিচে রাগ আর বিরক্তি উঠলে ওঠার উপক্রম হল। অবচেতন বললো ফ্রেঞ্চ রাগ ছাড়া পাত্তা পাওয়া যাবে না। তাই পুরো অনুভূতিটাই বেমালুম গিলে ফেলতে বাধ্য হলাম। যাই হোক, দুজন হাসিখুশি মহিলা, প্রথম জামাইষষ্ঠী তে আসা জামাই আদর করে, আমার হাতে একটি বড় খাম ধরিয়ে, গদগদ শ্যালিকাদের মতন চেয়ে রইলেন। প্রশ্ন করে লাভ হবে না যখন ভাবছি, আমাকে দুর্দান্ত অবাক করে ওদের একজন English এ বললেন, ওই খামের মধ্যে আছে আগামীকালের একই flight র (মানে যেটি আজ ফসকে গেছে) Boarding Pass, তিনটি Meal Voucher, এক দিনের Ethiopian Tourist Visa, এক রাতের Hotel Booking Voucher আর 3 মিনিটের ISD calling voucher। Apparently I should be all sorted, কিন্তু আমার তখন এক গাল মাছি!
India ছাড়ার আগে আমায় কিছু অবশ্য পালনীয় সাবধানতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হয়েছিল, অবশ্যই Africa specific। তাতে Douala এ আমার ড্রাইভারের ছবি আর তার Identity Card নম্বর দেওয়া ছিল। বলা হয়েছিল আমি যেন কিছুতেই অন্য কোনো গাড়িতে বা অন্য কোনো ড্রাইভারের সাথে না যাই। গাড়ির Registration নম্বর, মডেল ইত্যাদি বলা ছিল। আর দেওয়া ছিল, আমার এক Douala colleague র details যিনি আমায় receive করতে আসবেন। হায়, পুরো গল্পটাই বাঁধা হয়েছিল Douala নিয়ে, অথচ ইথিওপিয়ার Addis Ababa র এই Interval টার কথা কেউ ভাবেই নি!
Airport র বাইরে এলাম। Hotel Shuttle অপেক্ষা করছে। তখন প্রায় দুপুর বারোটা। ঝলমলে রোদের জন্যই বোধয় ঠান্ডাটা একটু কম লাগছিলো। Airport র বাইরেটা বেশ খালি খালি। দূরে দেখা যাচ্ছে Mount Entoto। কিছু মানুষ শুয়ে বসে আছেন সামনের এক চিলতে লনে। শীতের অলস দুপুরের মতন নিঝুম চারপাশ। একেবারেই মনে হচ্ছেনা এটা একটা International Airport। নির্দিষ্টি Shuttle বাসের ড্রাইভারকে ভালো করে দেখে নিয়ে, মনে মনে জয় তারা বলে, অদৃষ্টের হাতে নিজেকে সমর্পন করে চড়ে বসলাম। গোটা রাস্তাটাই প্রায় পোস্তা বাজারের মতন, ধূলিমলীন দোকানপাট, মানুষ আর হাতে টানা গাড়ির ভিড়। ঘিঞ্জি অপ্রতিভ শহুরে জীবনপ্রবাহ চারপাশে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো গাড়ির হর্ন খুবই সামান্য শোনা যায়। শব্দ কল্প দ্রুম ব্যাপারটা খুবই ভারতীয়, আরো একবার অনুভব করলাম!
হোটেলটি বেশ সাধারণ। শিয়ালদার ‘শান্তি লজ’ গোছের না হলেও, বেশ সাধারণ। Flight miss করা আমার সহযাত্রীরাও দেখলাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। Hotel lobby airconditioned না হলেও room টা ঠিক ছিল। ফ্রেশ হয়ে একটু বিশ্রাম করে এলাম লাঞ্চ করতে। একটি meal voucher জমা করে Buffet তে ঢুকলাম। খাবার মন্দ নয়। Baked Clamp, অর্থাৎ ঝিনুক, Beef & Vegetable Wat, মানে এক ধরণের থিক স্টু আর কিছু Flatbread সাথে লোকাল Beer।
Lunch সেরে ভাবলাম একটু এদিক ওদিক ঘুরে আসি। একটু এগিয়ে কয়েকটা অতি সাধারণ দোকানপাট আর পারিপার্শ্বিক দেখে হতাশ হয়ে ফিরে এলাম হোটেলে। HBO তে তখন 'Proof of Life's দেখানো হচ্ছে। Kidnap সংক্রান্ত সাবধানবানী গুলি আবার মনে পড়ে গেলো। তাই evening টা হোটেলেই কাটিয়ে পরদিন আবার সেই Hotel Shuttle করে Airport পৌঁছলাম সকাল আটটায়। যৎসামান্য transit formalities শেষ করে চড়ে বসলাম Flight এ। গন্তব্য Douala। ছয় ঘন্টার ফ্লাইট। তখনো জানিনা Douala আরো দূরে।

আমরা উড়ছি, তা প্রায় পাঁচ ঘন্টার ওপর। আমি মনে মনে ঠিক করে নিচ্ছি Douala এ পৌঁছবার পর আমার shedule। আমাদের প্লেনটি টি ক্রমশ নিচের দিকে নামছে তা বেশ অনুভব করছি। গোটা flight টি তে আমি একমাত্র ভারতীয় বা এই উপমহাদেশের মানুষ। দু তিনজন ইউরোপিয়ান, National Geography type, জীবন নিয়ে তেমন মাথা ঘামান না। জলহস্তী হাঁচলে বা বিছানার পাশে উল্কাপাত হলে অথবা Rattlesnake র ঝুমঝুমি শুনলে কিংবা Amazon উপত্যকার উপজাতির সাথে Anaconda র সন্ধানে গেলে, এঁদের তেমন কিছু আসে যায় না! কিন্তু আমার আসে এবং যায়। কারণ আমি দেব মার্কা শংকর ও নই, National Geography ও নই। আর তাই আমার চোখেই পড়লো চার পাশে অথৈ জল এবং আমাদের প্লেনটি বেশ নিচে নেমে এসেছে। এতটাই নিচে যে সাগরে ভেসে থাকা জাহাজ বা বড় বোটের ভেতর মানুষের চলাচল ও বোঝা যাচ্ছে। আর আমার কানেই এলো, প্লেন ভর্তি আফ্রিকান মানুষ সমস্বরে একটি স্তোত্র গোছের কিছু গেয়ে চলেছেন। ভাষা বোঝার চেষ্টা একদিন আগেই ছেড়ে দিয়েছি। তাই পর্যবেক্ষণ করে বোঝার চেষ্টা করছি এই গণসংগীত কি ভয় কাটানোর জন্যে, নাকি সবার একসাথে ভক্তিভাব জেগে উঠলো! ছোটবেলায় দেখেছি এবং শিখেছি গণসংগীত গেয়ে কিস্যু হয় না! তবে সকলের আচরণ স্বাভাবিক দেখে ভরসা হলো। প্লেন আরো নিচে নেমে এসেছে, তাও চারপাশে জল! মন অন্যদিকে ঘোরাবার জন্যে এক গ্লাস wine দিতে অনুরোধ করলাম (I must say, I experienced best of the wines during my entire Africa travel)। সাথে কিছু Macadamia Nuts ও পাওয়া গেলো। সেই প্রথম আমি Macadamia Nuts খেলাম। অপূর্ব স্বাদ (The best among the nuts I ever had)। একটু পরেই শুরু হলো ল্যান্ডিংয়ের তোড়জোড়। জানলা দিয়ে উঁকি মেরে দেখলাম সেই একই দৃশ্য, শুধু জলটা আরও কাছে। পড়ন্ত বেলার রোদ সাগরের ক্যানভাসে ম্যাজিক দেখাচ্ছে। গণসংগীত বেশ উচ্চস্বরে উঠেছে। Wine টা মাথার ভিতরের Equalizer র নবগুলি একটু নেড়েচেড়ে দিয়েছে। নিজের অজান্তেই সিটের নিচে হাতড়ে দেখলাম lifevest টা আছে কি না। আমি নিশ্চিত এটা Water Landing (what a oxymoron term) হতে চলেছে। প্লেনের চাকা মাটি ছোঁয়ার পূর্বমুহূর্ত পর্যন্ত চারদিকে শুধু জল। উচ্চস্বরে স্তোত্র বা গণসংগীত তখনো হয়ে চলেছে। তবে, একটু আগে একপ্রস্থ করতালি হয়েছে, Pilot র জন্যে। পরে জেনেছিলাম, এই Runway টি এতটাই নিখুঁত দৈর্ঘ্যের, যে ঠিক জায়গায় ল্যান্ড না করলে জলে নামতে হবে আর ঠিক সময়ে ব্রেক না করলে জলে পড়তে হবে!! একবার ভাবলাম জিজ্ঞেস করি এতটা নিখুঁত কেন! কিন্তু, সমস্যা সেই ভাষা। তাই আর কথা না বাড়িয়ে আমার Cabin bag টা নামাবার জন্যে উঠে দাঁড়াতেই, বিমানসেবিকা খুব বিনীত ভাবে জানালেন আমরা নেমেছি Malabo বলে একটি এয়ারপোর্টে! Equatorial Guinea র রাজধানী এই Malabo, Gulf of Guinea তে ভেসে থাকা একটুকরো ভূখণ্ড।
জিজ্ঞেস করার আগেই বিমানসেবিকা জানালেন সপ্তাহে একদিন, অর্থাৎ আজ, এই flight টি Malabo হয়ে যায়। আধ ঘন্টার Stopover। কেউ প্লেন থেকে নামবে না। ততক্ষনে আমার ষষ্ঠ ইন্দ্রিয় জানাতে শুরু করেছে কিছুতেই আর Douala পৌঁছনো যাবে না। পথ ওই একটাই, কলকেতা, ডায়মন্ড হারবার, রানাঘাট, তিব্বত হয়ে Douala!!
একমাত্র Boarding করলেন এক সাহেব। বসলেন আমারই পাশে। অমন গায়েপড়া ভোলাদা গোছের সাহেব আমি জন্মে দেখিনি! শুনলাম তিনিও Pilot। Malabo তে কোনো এক ধ্বনির প্রাইভেট জেট চালান। আপাতত যাচ্ছেন Johannesburg। আমার চোখে একরাশ হতাশা আর প্রশ্ন দেখে নিজেই বললেন, পরের স্টপ Douala, তারপর Libreville হয়ে Johannesburg। তবে আর যা বললেন তা মোটেই সুখকর নয়। আমাদের প্লেনটি নাকি ল্যান্ড করেছে অলমোস্ট রাডার ছাড়া। এখন তার মেরামতি চলছে, ঢের সময় লাগবে!
গত তিন ঘন্টা আমরা Malabo এয়ারপোর্টে প্লেনের মধ্যে বসে আছি। প্লেনের ইঞ্জিন, লাইট, AC সব বন্ধ করে সবকটি দরজা খুলে দেওয়া হয়েছে। কোনোটিতেই অবশ্য সিঁড়ি লাগানো নেই। বাইরের নোনা হওয়ায় আমরা বেশ একটা Beach feeling পাচ্ছি। সেই মুড বুঝেই বোধয়, wine র বদলে beer দেওয়া হচ্ছে অনেক্ষন থেকে। সাহেব ভোলাদার সাথে জমিয়ে আড্ডা চলছে। ক্রমশ বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো চারপাশে। প্লেনের দরজায় দাঁড়িয়ে, হাতে beer র can নিয়ে দেখলাম Malabo র সবুজ চরাচর ক্রমে গাঢ় সবুজ হতে হতে, কালচে নীল জলের রঙের সাথে মিলে, একসময় অতল আঁধারে মিশে গেল। আমাদের প্লেনটি যেন একটি অতিকায় জোনাকি, অপেক্ষা করছে ঝিকমিকে আলো জেলে উড়ে যাওয়ার।



ঠিক কতক্ষন পরে আমাদের প্লেনটি উড়েছিল যথার্থ মনে নেই। তবে ওড়ার একটু পরেই আমরা নামলাম Douala International এয়ারপোর্টে। আমার সহৃদয় Colleague আমায় receive করলেন ইমিগ্রেশন কাউন্টারে। আমার পাসপোর্ট নিয়ে, আমায় ইমিগ্রেশন কাউন্টারে দাঁড় করিয়ে, “এই আসছি” বলে ফিরে এলেন মিনিট পনেরো পরে। পাসপোর্ট নাকি জমা করে এসেছেন!! বোঝ কান্ড! আমায় নিয়ে এগিয়ে চললেন ইমিগ্রেশন পার হয়ে। আমার পদক্ষেপ ক্রমশ ভারী ঠেকছে। কারণ, স্বপ্নেও ভাবিনি পাসপোর্ট ছাড়া, একটিও বাক্য ব্যয় না করে আমি Cameroon র Douala এ ঢুকে পড়লাম!! আমার কাঁদো কাঁদো অবস্থা দেখে আমার কলিগ আমায় বরাভয় দিয়ে বললেন, আমি ফেরত যাবার আগে আমার পাসপোর্ট অবশ্যই ফিরে আসবে, ভিসা সমেত। আরো জানালেন, আমার লাগেজ নিশ্চই এই flight এ আসেনি। যারা connecting flight মিস করে, তাদের লাগেজ ট্রানজিট লোকেশনে Reconcile হয়ে ঠিক গন্ত্যবে পৌঁছতে দু তিন দিন লাগে। অবিশ্বাসের কোনো কারণ নেই। মানুষ পৌঁছতেই যদি এই হয়, লাগেজ তো…….
বাইরে বেরিয়ে দেখলাম প্রায় সাত ফুট লম্বা আমার ড্রাইভার হাসি হাসি মুখে একটি SUV নিয়ে আমার জন্যে অপেক্ষা করছে। আমার একমাত্র cabin bag তুলে গাড়িতে বসে খুব স্বাভাবিক ভাবে পাশের সিটে একটি Automatic Pistol রেখে, আমায় বললেন যদি kidnapping attempt হয়, তাহলে আমি যেন gun fight দেখার চেষ্টা না করি এবং সিটের নিচে যতটা সম্ভব ঢুকে থাকি। তবে যদি একান্তই kidnap হই, তাহলে আমি যেন বাঁধা না দিই। কারণ আমার Ransom Insurance করা আছে এবং দু এক দিনের মধ্যেই  আমায় ওরা বার করে আনবে। বাঁধা দিলে শুধুশুধু ওরা আমায় মারধর করতে পারে! নতুন করে আর ভয় পাওয়ার বা চিন্তিত হওয়ার মতন ঘিলু অবশিষ্ট ছিল না। তাই একটা সিগারেট ধরিয়ে শরীর এলিয়ে দিলাম নরম গদিতে।
বিভিন্ন দফায় আমি বেশ কয়েকবার আফ্রিকা গিয়েছি। অপূর্ব সুন্দর দেশ। ততোধিক সুন্দর সেখানকার মানুষ আর তাদের মন। সামান্য আয়োজন নিয়ে বৃহৎ মানের আতিথেয়তা আমি শিখেছি ওদের কাছেই। প্রকৃতির হাজারো প্রতিকূলতা সত্ত্বেও প্রকৃতির সাথে চুটিয়ে প্রেম করতে দেখেছি ওই দেশের মানুষকে। যখন সারা পৃথিবী আফ্রিকার মানুষ নিয়ে ভাবা বন্ধ করে দিয়েছে, দেখেছি কিভাবে ওরা একে অপরকে আঁকড়ে বেঁচে থাকে, তবু বাকি পৃথিবী কে ঘৃণা করতে শেখায় না নিজেদের বাচ্চাদের। যে Crimeprone আফ্রিকার ছবি আমরা বাইরে থেকে দেখি, তার অনেকটাই অতিরঞ্জিত, রাজনৈতিক প্রভাবে প্রভাবিত আর বাকিটা শাশ্বত, যতটা শাশ্বত বিভিন্ন রকম বৈষম্য।
©Suman Dutta