'আদেখলার ঘটি হইল, জল খেতে খেতে প্রাণ গেল'! বাংলার এই প্রবচনটি প্রবলভাবে সঠিক প্রমাণিত হয়েছিল আমার প্রথম গাড়ীটি কেনার পর। সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে হিসেবে একখানি হারকিউলিস সাইকেলই ছিল আমার গতিশীলতার প্রতীক, সেই কৈশোরবেলা থেকে। কলকাতায় থাকাকালীন ওই সাইকেলটিই ছিল আমার রোমান্টিকতার শেষ কথা। সে যাই হোক, গাড়ীটি আসার পর থেকে হাপিত্যেস করে বসে থাকতাম সপ্তাহান্তের জন্যে। প্রায় প্রতি শুক্রবার রাতেই বেরিয়ে পড়তাম। এই শতাব্দীর শুরুর দিকে Google ম্যাপের বালাই ছিল না। তাই Lonely Planet আর আমার দেশের সদা সাহায্যকারী মানুষের ভরসায় বেরিয়ে পড়তাম অজানার উদ্যেশ্যে।
আমার চাকরি জীবনের শুরু দিল্লীতে। থাকতাম একা। সুতরাং বাউন্ডুলেপনার চূড়ান্ত সুযোগ। আর আমি তার সদব্যবহার করতাম সম্পূর্ণ রকম। দিল্লী থেকে সাত আট ঘন্টার ড্রাইভে অনেক সুন্দর সুন্দর জায়গায় পৌঁছোনো যায়। উত্তরে হিমালয়ের অদম্য আকর্ষণ আর দক্ষিণ-পশ্চিমে উদাসী মরুভূমির কুহকী আহ্বান। তবে আমার হিমালয়ের প্রতি আকর্ষণ দেখে ঠাট্টা করে বন্ধুরা বলত, 'তুই তো দক্ষিণ দিল্লীর বাসিন্দা, রাজস্থান তো তোর কাছে পড়ে, তাই না!' তা সেই ঠাট্টার জেরেই হোক বা স্বাদ বদলাতেই হোক, শীতের এক শুক্রবার রাতে বেরিয়ে পড়লাম মরুভূমির দিকে। রাত তখন প্রায় বারোটা। আমরা দুই বন্ধু বসন্ত কুঞ্জ থেকে বেরিয়ে মেহেরুলী মোড়ে এসে ডান দিকে না গিয়ে বাঁ দিকে যেতে শুরু করায় সম্বিত একটু কৌতুহলী চোখে একবার আমায় দেখে আবার জয়েন্ট রোল করায় মন দিল। ভাবটা এমন যেন জয়পুর গেলেও হয়, আবার জয়নগর গেলেই বা মন্দ কি! একটু দূরে পড়বে, এই যা। তবে জয়নগর না হলেও, মিনিট পনেরোয় পৌঁছে গেলাম দিল্লীর বাঙালি পাড়া চিত্তরঞ্জন পার্কে আমাদের তৃতীয় বাউন্ডুলের বাড়ী। শীতের রাতে গোটা পাড়া নিস্তব্ধ। রাস্তার কুকুরগুলো অবধি গুটিশুটি মেরে কোনো আস্তানায় ঢুকে পড়েছে। সন্তর্পনে কলিং বেল বাজাতেই মনে হলো গোটা পাড়ায় শব্দ হলো। আমরা সবাই নিশাচর, তাই একবার বাজাতেই দরজা খুলে গেল। ভেতরে ঢুকে দেখি অলি আর তার বাড়িওয়ালি, সর্বানী তখন সদ্য The Aviator দেখতে শুরু করেছে। অলির আর ওর এই প্রৌঢ়া বাড়িওয়ালির সম্পর্কটা খুব মজার। প্রৌঢ়ার একিউট ইমসমনিয়া। রাতের আরশোলা আর মশাগুলিকে উনি প্রায় আলাদা করে চেনেন! যৌবনে এয়ারহোস্টেস ছিলেন, Air France র। আমার স্থির বিশ্বাস ওই পেশাতেই ওঁর বডিক্লকটা খারাপ হয়ে গিয়েছিল। একা মানুষ। চিত্তরঞ্জন পার্কের এই তেতলা বাড়ীটি ওঁর। অলি ওঁর একমাত্র ভাড়াটে। একতলাটা খালি। আমরা একবার জানতে চেয়েছিলাম যে উনি একতলাটা ভাড়া দিতে চান কি না। তাতে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে টাকার জন্য অলিকে উনি দোতলাটা ভাড়া দেননি। একটি একলা মেয়েকে কেউ বাড়ী ভাড়া দিতে চাইছেনা জেনে এক কথায় রাজি হয়ে গিয়েছিলেন।
সে যাই হোক, উইকেন্ডে অলি বাড়ীতে থাকলে, উনি আর অলি ওয়াইন বা জিন নিয়ে রাতে একটি করে ছবি দেখেন। আর ঐখানেই ওঁর সাথে আমাদের তিন তারকাটার চূড়ান্ত সখ্যতা। সেই সুবাদেই আমাদের মতন দুই অপগন্ড বন্ধু যখন তখন অলির বাড়িতে থানা গেড়ে থাকা সত্বেও, উনি কখনোই কিছু বলেন নি। শুধু মাঝে মাঝে বিরক্ত হয়ে বতেলন, 'গাঁজাটা কেমন জানি রিক্সাওয়ালার নেশা বলে মনে হয়!' ব্যাস, তার বেশী কিছু নয়। সুন্দরী, বিগতযৌবনা মানুষটার এই অধিকারবোধটুকু নিয়ে আমরা কেউই তেমন মাথা ঘামাইনি কখনো।
বেরোতে বেরোতে সকাল হয়ে গেল। মার্টিন স্করসিসির নতুন ছবি আমরাও ছাড়তে চাইনি। আর লিওকে নিয়ে দুই নারীর আদেখলাপনা ছিল দেখার মতন আরেকটি আলাদা সিনেমা! মাঝে মাঝে যে লিওকে হিংসে হয়নি একথা বললে খুবই মিথ্যে বলা হবে। লম্বা ছবি শেষ করে, সর্বানীর বানানো এক কাপ ফাইন দার্জিলিং চা খেয়ে আমরা বেরিয়েছিলাম প্রায় সকাল ছয়টা নাগাদ। হ্যাঁ, উনি নাম ধরে ডাকাটাই পছন্দ করতেন। তাই প্রথমদিন মাসীমা গোছের কিছু সম্ভাষণ করায় শান্ত ভাবে বলে দিয়েছিলেন নাম ধরেই ডাকতে এবং উনি নাড়ু বা পিঠে-পায়েস বানান না! বিদ্রূপটা আঁতে লাগলেও ওঁর ওই সুক্ষ রসিকতায় না হেসে পারি নি। তবে ওঁর বাড়ীর চা টি সত্যিই খাসা!
জয়পুর পৌঁছতে প্রায় বেলা বারোটা বেজে গেল। শীতের বেলা হলেও চরচড়ে রোদের তাপ বেশ গায়ে লাগার মতন। সারারাত জাগায় শরীরও খুব ক্লান্ত ছিল। তাই একটি ঘরোয়া হোটেলে চেকইন করে কোনোমতে স্নান খাওয়া সেরে সটান বিছানায়। ঘুম ভাঙল একটা হৈহট্টগোলের শব্দে। সদ্য বিকেলের রং লাগছে তখন জয়পুরে। উজ্বল হলদে রঙের শহরটা লাজুক লাজুক মুখে তখন রাঙা ওড়নার ঘোমটা টানছে ধীরে লয়ে। বেশ একটা শীত শীত ভাব। গুটি গুটি পায়ে বাইরে এসে দাঁড়াতে বুঝলাম হৈহল্লাটি কিসের। এক বয়স্ক সাহেব দম্পতি উটের পিঠে ওঠার চেষ্টা করছেন। উটটি বোধহয় একটু তেএঁটে। সাহেবরা অনেক কসরত করে যেই উটের পিঠের ওপরের হাওদাতে একটি পা রাখছেন, উটটি একবার করে গা ঝাড়া দিচ্ছে। ব্যাস, সাহেব-মেম দারুন ঘাবড়ে সরে আসছেন। তক্ষুনি হোটেলের প্রায় সমস্ত কর্মচারী নানান ভাষায় তাদের বোঝাবার চেষ্টা করছেন কি ভাবে উটে উঠতে হয়! আর বলে তারা একবার করে উটের পিঠে উঠে দেখাচ্ছেন যে ব্যাপারটা খুবই সহজ। রোজগার বড় বালাই, বিশেষ করে সে রোজগার যদি বিদেশী নোটে হয়। তবে এই পুরো ব্যাপারটায় আমার মনে পড়ে গেলো সোনার কেল্লা ছবিতে লালমোহন বাবুর উটে ওঠার দৃশ্যটি। পেটে গুলগুল করে হাসির ভুরভুড়ি উঠতে থাকল। খেয়ালই করিনি কখন সম্বিত আর অলি এসে পাশে দাঁড়িয়েছে। চোখাচোখি হতেই তিনজনে একসাথে হো হো করে হেসে উঠলাম। বুঝলাম তিনজনেই একই দৃশ্য ভাবছি। আর তখনই সম্বিত বলে উঠলো, 'চল নাহারগড় কেল্লাটা দেখে আসি।' আমি নিশ্চিত, মিঃ বর্মন,T মন্দার বোস, লালমোহনবাবু আর যুগে যুগে আমাদের মতন বাঙালী ছাড়া কেউই বিশেষ নাহারগড় কেল্লা দেখতে যেতে চায় না!
নাহারগড় কেল্লাটি আমাদের হোটেলটির থেকে বোধহয় খানিকটাই বড় হবে। আমাদের হোটেলটি একটি হাভেলী কে হোটেলে রূপান্তরিত করা হয়েছে। মূল নাহারগড় কেল্লাটিও একটি বেশ বড় হাভেলী। কেল্লার চৌহদ্দি অবশ্য অনেকটা জায়গা নিয়ে। তবে জয়গড় বা আমের ফোর্টের মতন ঠিক কেল্লা-সুলভ ব্যাপার নয়। আরাবল্লি পর্বতমালার একেবারে শেষ প্রান্তে এই নাহারগড় কেল্লা। চতুর্দিকে ধূসর রুক্ষ কটা রঙের আরাবল্লি পর্বতমালা। বড় গাছ গাছালি প্রায় নেই বললেই চলে। ইতস্তত বিক্ষিপ্ত সবুজের ঝোপ চোখকে একটু আরাম দেয় বৈকি।
প্রায় দুই হাজার ফিট উচ্চতায় অবস্থিত এই কেল্লা তৈরী করেন রাজা জয় সিংহ, সতেরশ শতাব্দীর গোড়ার দিকে। মূলত জয়পুরের ওপর নজরদারীর জন্যে। নাহারগড় কেল্লা থেকে সত্যিই গোটা জয়পুর শহরটার একটা টেলিস্কোপিক ভিউ পাওয়া যায়। ইতিহাস বলে এই কেল্লায় কখনো কোনো আক্রমণ হয় নি। তবে এই কেল্লা কয়েকটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী। যেমন আঠারোশ শতাব্দীতে মারাঠাদের সাথে সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয় নাহারগড়ে। সিপাহী বিদ্রোহের সময় জয়পুরে বসবাসকারী ইউরোপিয়ানদের নিরাপত্তা দেওয়া হয় এই কেল্লায়, ইত্যাদি ইত্যাদি।
প্রথমটা জয়গড়ের রাস্তা ধরেই পাহাড়ে উঠতে হয়। খানিক দূরে গিয়ে নাহার গড়ের রাস্তা আলাদা হয়ে যায়। যথারীতি কোনো টুরিস্ট নেই! নাহারগড় কেল্লার চৌহদ্দির শুরুতে মূল একটি গেট আছে। সে গেট দেখে মনে হয় না রাজা জয় সিংহের রাজত্বকালের পর আর কখনো বন্ধ হয়েছে! গেটের পাশে একটি ছোট্ট কাঠের ঘর, বোধহয় চৌকিদারের। সেও বেপাত্তা। আমরা একটু ইতস্তত করে সটান ঢুকে পড়লাম। মূল গেটের থেকে কিছুটা ঢুকে রাস্তাটা একটা বাঁক নিয়ে কেল্লার মূল দেউড়িতে গিয়ে শেষ হয়েছে। ভেতরে ঢুকেই একটি বড় চাতাল, পাথর বাঁধানো। প্রায় একশ কি দেড়শ মিটার লম্বা। চাতাল ঘিরে দোতলা বসত বাড়ী। সারি সারি ঘর আর ছোট্ট ছোট্ট জানালা। ঘরগুলিও ছোট এবং অন্ধকার। সূর্যের আলো আর তাপ যতটা কম ঘরে আসে, সেটা মাথায় রেখেই বোধহয় এই কারিগরি। শোনা যায়, রাজা জয় সিংহের রানীরা এখানে থাকতেন, অসুর্যস্পশ্যা!
ভীষণ শুরু সিঁড়ি বেয়ে ছাদে এসেই মনটা ভরে গেল। আহা, মাথার ওপর খোলা আকাশে তখন মারাত্মক খুন-খারাপি রঙের খেলা শুরু হয়েছে। উন্মাদ চিত্রকর প্রকৃতি তখন এলোপাতাড়ি তুলির আঁচড় টানছে আকাশের চিত্রপটে। আর সেই রঙের প্রতিফলনে আশপাশের চরিত্র বদলে যাচ্ছে ক্রমাগত। অদ্ভুত এক নিস্তব্ধতা ঘিরে রয়েছে আমাদের। আমরাও তখন নিজেদের মধ্যে কথা বলা বন্ধ করে আকন্ঠ পান করে চলেছি সেই উদাসী সন্ধ্যের লাবণ্য-সুধা। বাতাসের বেগের ওঠাপড়ার সাথে সাথে মাঝে মধ্যেই ভেসে আসছে সারেঙ্গির সুর। এমন একটা পরিবেশে কিরকম জানি মনখারাপ করা এক আনন্দের অনুভূতি হয়! কি ভীষণ ভালোলাগার মুহূর্ত, কিন্তু একটা দমবন্ধকরা কষ্ট যেন সারাক্ষন ঘিরে রাখছে মনটিকে।
কল্পনার ঘোড়া তখন দৌড় লাগিয়েছে অতীতে, সেই সতেরোশ শতাব্দীতে। যখন এই হাভেলী জমজম করত। পাথরের ওপর ঘোড়ার খুরের শব্দ উঠত প্রতিনিয়ত। রাজপরিবারের মানুষের গুঞ্জরণ প্রতিধ্বনিত হতো এই নিস্তব্ধ দেওয়াল গুলিতে। সুদূর দাক্ষিণাত্য থেকে আসা কোনো রানী হয়ত এমনই এক সন্ধ্যায় আকাশের দিকে চেয়ে বোঝার চেষ্টা করতেন তাঁর প্রিয় প্রদেশের আকাশটাতেও ঠিক এমনই রঙ লেগেছে কি না। সিঁড়ি বেয়ে তখন উঠে আসত কঙ্কনের অনুরণন। নিচের চাতালে হয়ত তখন ঘুমোর নাচের প্রস্তুতি চলছে। এই সব ভাবতে ভাবতে খেয়ালই করিনি কখন অন্ধকার নেমেছে। অলির ডাকে হুঁশ ফিরল। তিনজনে গিয়ে বসলাম ছাদের কিনারে। শুরু হলো আরেক ইন্দ্রজাল! জোনাকির মতন ফুটে উঠতে থাকল জয়পুর শহরের আলোগুলি। একসময় গোটা শহরটি ঝলমল করতে লাগলো। ঠিক যেন একমুঠো রত্ন কেউ ছড়িয়ে রেখেছে সামনে আর তাতে আলো ঠিকরে চোখ ধাঁধিয়ে দিচ্ছে আমাদের।
আমার হঠাৎ খেয়াল হলো আমাদের এবার ফেরা উচিত। কে জানে, কেল্লার দরজা বন্ধ হয়ে গেলে হয়রানির একশেষ হবে। অলিটা বরাবরের ডাকাবুকো। আমার ভাবনা নস্যাৎ করে বললো ও নাকি বেরোবার অনেকগুলো রাস্তা দেখে রেখেছে। সম্বিত ঠাট্টা করল আমি আরাবল্লির ডাকাতদের কথা ভেবে ভয় পাচ্ছি। ফেলুদার থিওরি অনুযায়ী তারা আমাদের নাক কেটে নিতে পারে খ্যাচাং করে। তিনজনেই হেসে উঠলাম। আমাদের হাসির শব্দ মুহূর্তে মিলিয়ে গেল সেই অপার নিস্তব্ধতায়। আবার সব শুনশান। আমরা বসে রইলাম সেই খোলা ছাদের কিনারে, অন্ধকারের আলো মেখে।
অলি মনে করে একটা হুইস্কির বোতল নিয়ে আসায় জাঁকালো ঠান্ডাটা তেমন দাঁত বসাতে পারছিল না। আমরা টুকটাক আড্ডা দিচ্ছিলাম। তবে বেশিরভাগ সময়টাই চুপ করে শুষে নিচ্ছিলাম শব্দহীনতা। কোলাহলসর্বস্ব নগরজীবনে আমরা তখন বেজায় ক্লান্ত!
সম্বিত প্রথম খেয়াল করল একটা ঠক ঠক শব্দ আসছে খানিকক্ষণ থেকে। শব্দটা আসছে একতলার ছাদখোলা চাতালের দিক থেকে। আমরা বসে আছি ছাদের অন্য একটা প্রান্তে। তাই আওয়াজটা বেশ ক্ষীণ। কিন্তু হচ্ছে ক্রমাগত। অনেকটা পাথরের মেঝেতে লাঠি ঠোকার শব্দ। এই রে, নির্ঘাত চৌকিদার! আমাদের গাড়ী বাইরে দেখতে পেয়ে নিশ্চই আমাদের খুঁজতে এসেছে। আমার টেনশনে অলি আরো মজা পেয়ে গেল। সে কিছুতেই কেল্লা ছেড়ে বেরোবে না। উল্টে আমাদের টেনে নিয়ে গিয়ে বসালো একটি গম্বুজের পেছনে। যাতে চৌকিদার ছাদে এলেও আমাদের দেখতে না পায়। বেশ একটা লুকোচুরি খেলা! তবে অনেক্ষন ধরে লাঠি ঠুকে চাতালে পায়চারি করলেও ছাদে কেউই আর এলনা। কিন্তু এই ছন্দপতনে আড্ডাটা আর তেমন জমল না। একটু পরে আমরা নেমে এলাম। তখন অবশ্য চৌকিদারকে দেখলাম না ধারেকাছে। ভেবে রেখেছিলাম দেখা হলে ক্ষমা চেয়ে নেব। যাই হোক, গাড়ী নিয়ে বেরোবার পথে মূল গেটের সামনে দেখলাম একটুখানি আগুন জ্বালিয়ে দুটো লোক কম্বল মুড়িশুড়ি দিয়ে উবু হয়ে বসে আগুন পোহাচ্ছে। গাড়িটা থামিয়ে নেমে গেলাম ওদের দিকে। নিয়ম ভেঙেছি যখন মার্জনা চাওয়াটা অন্তত উচিত। বুঝলাম ওই সময়ে আমাদের কেল্লার দিক থেকে আসতে দেখে ওই দুজনেই খুব অবাক হয়েছে। গিয়ে ক্ষমা চেয়ে জানালাম যে আমরা টেরও পেয়েছিলাম উনি যখন আমাদের খুঁজতে এসেছিলেন। আরেকটু বসে থাকার লোভ সামলাতে না পেরে তখন আর জানান দিই নি। চৌকিদারমশাই আমাদের আপাদমস্তক জরিপ করে জানালেন যে তিনি মোটেও কেল্লায় যাননি। সূর্যাস্তের পর ওদের কেউই কেল্লার দিকে যান না। কারণ ওই সময় নাকি 'বড়ে সাব' আসেন! বোঝ কান্ড! আমাদের জিজ্ঞাসু চোখের ভাষা সহজেই পড়তে পেরে চৌকিদারমশাই জানালেন, 'বড়ে সাব' হলেন গিয়ে নাহার সিংহ ভোমিয়া। কিংবদন্তির গন্ধ পেয়ে আমরা তিনজন বসে পড়লাম আগুন ঘিরে। শুনলাম, রাজা জয় সিংহ যখন এই নাহারগড় কেল্লা নির্মাণ করাচ্ছিলেন, তখন এর নাম দেওয়া হয়েছিল সুদর্শনগড়। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে কেল্লার নির্মাণ কাজে বাধা পড়ছিল ক্রমাগত। কিছুতেই আর কাজ এগোয় না। তখন রাজকুলপুরোহিত এখানে কিছু যাগযজ্ঞ করেন এবং নিদান দেন যেন এই কেল্লার নাম নাহারগড় করা হয়। এই জমি আসলে নাহার সিংহ ভোমিয়া নামের এক ব্যক্তির এবং তাঁর বিদেহী আত্মার শান্তির জন্যে এই কেল্লা তাঁর নামেই উৎসর্গ করা প্রয়োজন। কেল্লার নাম বদলানোর পর থেকেই নাকি নির্মাণ কাজ গড়গড়িয়ে চলতে থাকে এবং আর কোনো বাধাবিপত্তি ঘটে নি। তবে 'বড়ে সাব', অর্থাৎ নাহার সিংহজি আজও এই কেল্লায় ফিরে ফিরে আসেন এবং তদারকি করেন। সুতরাং আমরা যাকে চৌকিদার ভাবছিলাম, তিনি আসলে কে এবার বোঝা যাচ্ছে! চৌকিদারের মুখ দেখে এতটুকুও সন্দেহ হলো না মিথ্যে বলছে বলে। বরং যতবার 'বড়ে সাব' উল্লেখ করেছেন, ততবারই ওর মুখে বেশ ভক্তিভাব ফুটে উঠেছে। বেশ একটা গা ছমছমে ভাব জেগে উঠেছে। অমনি অলি ফস করে আবদার করে বসল আরেকটা ভূতের গপ্পো শোনাবার জন্যে। দুই চৌকিদারই যারপরনাই বিরক্ত হয়ে জানালেন যে এতক্ষন যা শুনলাম তা মোটেই গপ্পো নয়। ওদের থেকেই শুনলাম ভানগড় নামের এক পরিত্যক্ত কেল্লার কথা। আলোয়ারের কাছে। সেখানে নাকি ভূতের মেলা! আমাদের মতন লোক ওখানে গেলে ঠিক শিক্ষা পাবে! বুঝলাম চৌকিদারমশাই বেশ চটেছেন। ওনাকে বুঝিয়েসুজিয়ে, অলির হয়ে ক্ষমা চেয়ে, ভানগড়ের ব্যাপারে আরেকটু খোঁজখবর নিয়ে আমরা উঠে পড়লাম। গাড়িতে বসে তিনজনে একবার চোখাচোখি করেই ঠিক করে ফেললাম আমাদের পরের গন্ত্যব্য। মোটামুটি যা আন্দাজ করা গেল, জয়পুর থেকে ভানগড় ঘন্টা ছয়েকের পাল্লা। রাতে ডিনার সেরে বেরোলে ভোরভোর পৌঁছে যাব। সম্বিত ততক্ষনে ডিনারে লালমাস আর মাক্কী রোটির প্লান করতে শুরু করে দিয়েছে। শুনেই পেটের মধ্যে খিদেটা বেশ চনমনে হয়ে উঠেছে। নিকষকালো অন্ধকারে পাহাড়ি রাস্তা ধরে আমরা তখন নামছি। আগে বা পিছে আর কোনো গাড়ী নেই। কিন্তু কোনো এক অজানা কারণে বারবার রিয়ারভিউ আয়নায় চোখ চলে যাচ্ছে। মনে হচ্ছে কেউ যেন কড়া নজর রাখছেন আমাদের ওপর। মাথায় তাঁর রঙিন পাগড়ী, পায়ে রুপার কড়া আর হাতে একটি জাঁদরেল লাঠি।
মানালিতে একবার একটি রেভ পার্টিতে গিয়ে পড়েছিলাম, আমার এক ওমানি বান্ধবীর বদান্যতায়। শেষ শরতের এক হিমেল সন্ধ্যায় পুরোনো মানালির জার্মান বেকারীতে বসে একটা হট চকোলেট নিয়ে আড্ডা দিতে দিতে দেরিফা বলেছিল আমায় একটা নতুন অভিজ্ঞতার জন্যে তৈরি হতে। সন্ধ্যে উৎরে গেলে দুজনে হাঁটা লাগিয়েছিলাম গগনচুম্বী দেওদার, রোডডেনড্রোন গাছের মধ্যে দিয়ে। অনতিদূরে খামখেয়ালি বিয়াসের উপস্থিতি টের পাচ্ছিলাম পাথরের সাথে তার উদাসী কখোপকথনে। মানুষের চিহ্নমাত্র নেই আশেপাশে। দুটি চমরিগাই অলস চোখে তাকিয়েছিল আমাদের দিকে। বাতাসের নিরেট ঠান্ডা ভাবটা হট চকোলেটের শেষ তাপটুকু যখন শুষে নিচ্ছে, শুনতে পেয়েছিলাম শব্দটা। ওই শান্ত নিষ্পাপ পাহাড়ী সন্ধ্যের সাথে ভীষণ বেমানান সেই যান্ত্রিক শব্দ ক্রমশ বেড়ে চলছিল। সময়ের চরিত্রটা বদলে যাচ্ছিল দ্রুত। আরো আধঘন্টাটাক হাঁটার পরে পৌছেছিলাম ওই জঙ্গলেরই আরেকটা অংশে, যেখানে বিভিন্ন বয়সের শখানেক মানুষ জড়ো হয়েছিলেন। একঘেয়ে সুরে বাজছিল টেকনো বাজনা। সকলেই তুরীয় আনন্দে ভাসছে। ওটা মানালির চারিত্রিক বৈশিষ্ট্য। তবে খুব একটা হট্টগোল ছিল না। দেরিফার থেকে ক্রমশ জেনেছিলাম যে এই ধরণের রেভ পার্টিতে মূলত Substance Abuse বা সাদা বাংলায় যাকে ড্রাগের নেশা বলে, তাই করা হয়। বেশ অবাক হয়েছিলাম। আমার তখন কোনো ধারণাই ছিল না এই ব্যাপারে। তবে সবথেকে অবাক হয়েছিলাম যেটা দেখে সেটা একটি বিশাল পেইন্টিং। হ্যাঁ, তা প্রায় দশ ফুট বাই দশ ফুট হবে। অমুর্ত চিত্রকলা, কাপড়ের ক্যানভাসে আঁকা। দুটি দেওদার গাছের গুঁড়ির মাঝে খাটানো ছিল সেটি। আমি আর্টের সমঝদার না হলেও, একটা ব্যাপার হলফ করে বলতে পারি যে স্রেফ ওই চিত্রের দিকে তাকিয়ে থাকলে একটু পরে পরে ঘোর লেগে যাচ্ছিল। মাথা ঝিমঝিম করে উঠছিল। আশপাশের মানুষের আওয়াজ, খিলখিল হাসির শব্দ, তারইমাঝে রাতচরা কোনো পাখির হঠাৎ ডেকে ওঠা কর্কশ স্বরে, সব ভীষণ অপ্রাকৃত লাগছিল। আমি চোখ সরাতে পারছিলাম না সেই অমুর্ত চিত্রের থেকে। ক্রমশ সেটি জীবন্ত হয়ে উঠছিল। রেখা, প্রতিরেখাগুলি যেন বিভিন্ন আঙ্গিকে চলতে শুরু করেছিল। ক্রমশ তৈরি হচ্ছিল নতুন নতুন নকশা। সেগুলিও ক্রমশ দুমড়ে মুচড়ে তৈরি হচ্ছিল আরো নতুন নকশা!
ঠিক সেইরকম একটি চিত্র অনেক্ষন থেকে আমার সামনে তৈরি হয়ে চলেছে একটি বিশাল দশ নম্বরি কড়াইতে। মিল্ককেক পাক দেওয়া হচ্ছে। হচ্ছে তো হচ্ছেই, হয়েই চলেছে। অন্তত আমি গত একঘন্টা ধরে দেখে চলেছি। দুধ জাল দিয়ে দিয়ে ঘন থেকে ঘনীভূত হয়ে তাতে পাকের রং ধরছে রেখায় রেখায়। সাদা, ধূসর, গাঢ় ধূসর থেকে ক্রমশ কালচে খয়েরি রং খেলছে কড়াইতে। তৈরি হচ্ছে নক্সী-পাক! মাঝে মাঝে ময়রা মশাইয়ের সাথে চোখাচোখি হচ্ছে। মানুষটা জানেই না সে কতবড় শিল্পী! অক্লান্ত ভাবে লোহার একটি খুন্তি দিয়ে সৃষ্টি করে চলেছেন অমুর্তকলা, আলোয়ার শহরের মূল রাস্তার ধারে একটি অখ্যাত হালুইকোরের দোকানে বসে। রোজই করেন! অথচ একরত্তি দম্ভ নেই কোথাও! আমার চায়ের গ্লাস শেষ হলেই ইশারায় ওঁর সহকারী নির্দেশ দিচ্ছেন আর সে একটি কেটলি নিয়ে এসে আমার গ্লাস ভরে দিচ্ছে। খুচরো কিছু মামুলি কথাবার্তা ছাড়া শিল্পীর নজর একবারের জন্যেও নড়ছে না তাঁর শিল্পের থেকে। ওঁর থেকেই জানলাম যে আলোয়ার হল গিয়ে মিল্ককেকের পীঠস্থান!
গত এক ঘন্টায় তিন গ্লাস চা খেয়েছি। কিটকিটে মিষ্টি। খেতে খেতেই মনে হয় দাঁতে পোকা লেগে যাবে। অলি আর সম্বিত গেছে সামনের হোটেলটায়। টয়লেট ডিল করতে। আজ এই সকাল আটটা নাগাদ পৌঁছেছি আলোয়ারে। ইচ্ছে আছে সোজা ভানগড় দেখে ফিরে এসে কোনো একটা হোটেলে চেকইন করবো। জয়পুর থেকে বেরিয়েছিলাম গতকাল শেষ রাতে। জানতামই না যে ভানগড় রাস্তাতেই পড়বে, একটু ডিটুর নিলেই হতো। কিন্তু 2004 এ না ছিল গুগুল, না ইউ টিউব ভিডিও আর ভানগড়ও তেমন জনপ্রিয় ছিল না। জয়পুর থেকে যা জানলাম, যে আলোয়ারে গিয়ে খোঁজ নিতে হবে। ভানগড় আলোয়ার ডিস্ট্রিকটেই পড়ে। তাই সোজা আলোয়ার এসেছি। ইতিমধ্যে অলি আর সম্বিত ফিরে এসে জানালো যে হোটেলের ব্যবস্থা হয়ে গেছে। শুধু টয়লেট নয়, আমরা এখনই চেকইন সেরে নেব। কিন্তু তার আগে সবাই এক ভাঁড় করে গরম মিল্ককেক খাবই খাব।
ভানগড় কেল্লাটি প্রথম দর্শনেই রাজস্থানের অন্যান্য কেল্লা গুলির থেকে কিছুটা আলাদা মনে হয়। তার একটা বড় কারণ হয়ত জনমানবশ্যূন্যতা। পনেরশ শতাব্দীতে এই কেল্লা নির্মাণ করান রাজা ভগবন্ত দাস জি, তার পুত্র মাধব বা মাধ সিংয়ের জন্যে। কেল্লার একদিকে সারিস্কা টাইগার রিজার্ভ আরেকদিকে আরাবল্লি পর্বতমালা। কিন্তু পুরো পারিপার্শ্বিকটাই জনমানবহীন। শুধু কেল্লা নয়, গত দশ কিলোমিটারে কোনো মানুষ দেখিনি। ভানগড় পৌঁছানোর আগে শেষ গ্রামটি হলো গিয়ে আজবগড়, রাজস্থানের প্রত্যন্ত গ্রামগুলির মতনই। কয়েকঘর হাটুরে মানুষের বাস। তাদের ভানগড়ের রাস্তা জিজ্ঞেস করায় খুব অবাক হয়েছিলেন। ভাবটা এমন যে সেধে ওখানে কেউ যায় নাকি। প্রচন্ডভাবে সকলে নিষেধ করছিলেন। তবে এই গল্পটা আমরা আলোয়ারেই শুনেছিলাম, তাই নতুন করে ঘাবড়ে যাওয়ার ব্যাপার ছিল না। দুটি কিংবদন্তি আছে ভানগড় নিয়ে। দুটোই সতেরোশ শতাব্দির।
বাবা বালকনাথ নামে এক সাধু বাস করতেন এই ভানগড়ে। তিনি ছিলেন বদরাগী। উনি আদেশ দেন যেন এই কেল্লার কোনো বাড়ী ওঁর বাড়ীর থেকে উঁচু না হয়। এই নিয়ে ওঁর সাথে কেল্লার মানুষের বচসা বাঁধে এবং সেই সাধুর অভিশাপে কেল্লার মানুষের নানানভাবে অপমৃত্যু ঘটতে থাকে। ওখানকার মানুষ অবশেষে প্রান বাঁচানোর তাগিদে কেল্লা ছেড়ে চলে যেতে থাকেন এবং অচিরেই ভানগড় পরিত্যক্ত হয়ে পড়ে। সবশেষে সেই সাধুও কেল্লা ছেড়ে চলে যান আর যাবার সময় সাথে করে কেল্লার মন্দিরে পূজিত দেবতার বিগ্রহটিও নিয়ে যান। সেই থেকেই দেবতার বদলে অপদেবতাদের বাস ওখানে। আজও সেই কেল্লা পরিত্যক্ত।
দ্বিতীয় কিংবদন্তি অনুযায়ী সিংহাই নামের এক তান্ত্রিক বাস করতেন ভানগড়ে। তাঁর সিদ্ধাই ছিল কুহক, ডাকিনিবিদ্য ইত্যাদি নানান কালো যাদুতে। তিনি প্রেমে পড়েন ভানগড়ের রাজকন্যা রত্নাবতীর। রত্নাবতী শুধু সুন্দরীই ছিলেন না, যথেষ্ট বিদুষীও ছিলেন। ফলে সিংহাইকে তিনি তেমন পাত্তা দেননি কখনোই। কিন্তু সিংহাই হাল ছাড়ার পাত্র ছিলেন না। তিনি তৈরি করেন বশিকরণ পানীয় এবং তা নিয়ে পৌঁছে যান রত্নাবতীর কাছে। কিন্তু রাজকন্যা অবহেলাভরে সেই বশিকরণের পাত্র ছুঁড়ে মারেন পাথরের ওপর এবং তৎক্ষণাৎ সেই পাথরের খন্ড গড়াতে থাকে তান্ত্রিকের উদ্যেশ্যে। সিংহাই কিছু বুঝে ওঠার আগেই সেই পাথর তাঁকে পিষে দিয়ে গড়িয়ে পড়ে আরাবল্লির খাদে। সিংহাইয়ের মৃত্যু হলেও তাঁর আত্মা থেকে যায় ভানগড়ে। আর সেই আত্মার উপদ্রবেই শেষমেশ মানুষ কেল্লা ছেড়ে পালাতে বাধ্য হয়।
আমরা যখন ভানগড় পৌঁছলাম বেলা তখন তিনটে। পথ ঘন্টা তিনেকের হলেও আমাদের বেশি সময় লেগেছিল কারণ মানুষকে জিজ্ঞেস করে করে রাস্তা খুঁজতে হচ্ছিল। রাস্তাও তেমন ভালো নয়। তাছাড়া আমাদের নিজেদের আদেখলা বাউন্ডুলেপনা তো আছেই। যেমন, ইন্ডক নামের একটি গ্রামে অলির মনে হলো 'এই গ্রামটাতে আমাদের একটু সময় কাটানো উচিত'। যদিও গ্রামটা আর পাঁচটা গ্রামের মতনই। কিন্তু আমরাও ধেই ধেই করে নেমে পড়লাম। একটু মাঠেঘাটে ঘুরলাম। টিউবওয়েল পাম্প করে ঠান্ডা জল খেলাম। গ্রামের কয়েকটা ছেলেমেয়ে মার্বেল গুলি খেলছিল, বসে পড়লাম আঁটপিলে গুলি খেলতে। এইসব দেয়ালা করতে করতে অবশেষে পৌঁছুলাম আজবগড় আর সেখান থেকে সাবধানবানী অগ্রাহ্য করে এখন এই ভানগড়। কেল্লাটির সামনে বেশ বড় খোলা অনেকটা জায়গা। একটি পাথরবাঁধানো রাস্তা সটান ঢুকে গেছে দুই গম্বুজাকৃতি দেউড়ির মাঝ দিয়ে। মূল কেল্লাটি যেন আরাবল্লির গায়ে খোদাই করা। ভিতরে ঢুকেই বোঝা যায় যে এখানে একটি সম্পূর্ণ নগর একসময় ছিল। বিত্ত অনুযায়ী বিভিন্ন মাপের বসতবাড়ী, বাজার, বিশাল আকৃতির ঘাট বাঁধানো জলের ইদারা, মন্দির, গোলাকৃতি বিশ্রামের জায়গা…..সবই পাথর বাঁধানো। শীতের বিকেলের নরম রোদে সবটাই বড় মায়াবী ঠেকছিল। আমরা তিনজনই ছিলাম সেখানে। আর ছিল কয়েকটি ময়ূর। মাঝে মাঝে তাদের কর্কশ কেকারব ব্যতীত আর কোনো শব্দ নেই। অপার নিস্তব্ধতা। আমাদের টুকটাক কথাবার্তা নিমেষেই শুষে নিচ্ছে বাতাস। তাই সকলেই চুপচাপ। খেয়াল করিনি কখন আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছি। মন্দিরটি বেশ উঁচুতে। খাড়াই সিঁড়ি বেয়ে উঠে মন্দিরের চাতালে পৌঁছুতেই কয়েকটা হৃদস্পন্দন ফসকে গেল! বিগ্রহশূন্য মন্দির এতটা ভয়ঙ্কর দেখতে লাগে তা কল্পনাতেও ছিল না। অনেকটা মনিহীন চোখের মতন। গোটা চোখ জুড়ে যেন সাদা রেটিনা। বড় অস্বস্তিকর, চেয়ে থাকা যায় না। মনে মনে নিজেকে শাসন করলাম। কারণ এই পুরো অস্বস্তিটাই মানসিক, প্রত্যাশাভিত্তিক। আর তখনই উপলব্ধি করলাম যে সম্বিত বা অলিকে দেখতে পাচ্ছিনা। মন্দিরের ভেতরটা আলোআঁধারী হলেও বাইরে তখনও দিনের আলো ফটফট করছে। তাও কেমন একটু গায়ে কাঁটা দিয়ে উঠলো। একটু পা চালিয়ে নেমে এলাম। দেখলাম অলি ইদারার পইঠায় বসে একটা সিগারেট ধরিয়েছে। সম্বিতও নিশ্চই ধারে কাছে আছে। গা ছমছমে ভাবটা একটু কমে এসেই আবার পেয়ে বসল। কারণ আমি উপলব্ধি করলাম যে আমি আমাকে দেখতে পাচ্ছি! ঠিক আলাদা ছবির মতন করে নয়। কতকটা যেন আমার থেকে সামান্য তফাতে থাকা কোনো ক্যামেরার লেন্স দিয়ে। কি গেরো! বড্ড বিরক্তিকর। আমি আমার মাকে প্রায়ই আফসোস করে বলতাম যে আমি কেন নিজেকে দেখতে পাই না? যতই আয়নাতে দেখি, ছবিতে দেখি, কিন্তু নিজেকে চাক্ষুস দেখতে পারবো না কেন! তা সেই আফসোস যে ধাড়ি বয়েসে এমন একটা পরিস্থিতিতে মিটবে তার বিন্দুমাত্র ধারণা থাকলে জন্মে এমন আফসোস করতাম না। ভাবলাম অলিকে ডেকে বলি। কিন্তু ও ঠিক হেসে উড়িয়ে দেবে। এইসব ভাবতে ভাবতে সম্বিতও এসে পড়ল। বলবো না বলবো না করেও ব্যাপারটা বলেই ফেললাম। দেখলাম দুজনের কেউ হাসলো না এক ফোঁটাও। একই ব্যাপার ওরাও অনুভব করে চলেছে খানিকক্ষণ থেকে। অন্যের ঠাট্টার ভয়ে কেউই মুখ খোলেনি। অলি বললে যে ও এই ইদারার পাড়ে এসে বসেইছিল এটা পরখ করতে যে নিচের জলে ও যেভাবে নিজের প্রতিবিম্ব দেখতে পায়, ব্যাপারটা ঠিক তেমনই দেখাচ্ছে কি না। না, একেবারেই তা নয়। তখন সন্ধ্যে নামার আর দেরি নেই। কেউ খেয়ালই করিনি দিনের আলোটা কখন যেন রেগুলেটর ঘুরিয়ে কেউ কমিয়ে দিয়েছে। ঠান্ডাটা জাঁকিয়ে বসছে। ভয় পাবার মতন কোনো ঘটনা না ঘটে সত্বেও হঠাৎই তিন বন্ধু প্রচন্ড ভয় পেলাম এবং লাগলাম দৌড় কেল্লার মূল দেউড়ির দিকে। নাঃ কেউ আমাদের তাড়া করেনি বা ভূতের ছবিতে দেখা ঘটনার মতন কিছুই ঘটেনি আমাদের সাথে। শুধু দৌড়নোর সময় অলি আর সম্বিতের মতন নিজেকেও দেখতে পাচ্ছিলাম! আর তাতেই ভয়টা আরও পেয়ে বসছিল।
গত ঘন্টা দুয়েক হল আমরা বসে আছি রাজস্থানের রাবারি সম্প্রদায়ের একটি দলের সাথে। বিভিন্ন বয়সের মানুষ আর তাদের পরিবার পরিজন মিলিয়ে প্রায় জন্য পঞ্চাশ ষাটের একটি দল। এরা কতকটা যাযাবর প্রকৃতির। এক জায়গায় বেশিদিন থাকে না। গরু, উট, ভেড়া, ছাগল ইত্যাদি কিছু পশুপালন করা ছাড়া এদের মূল কাজ যাদুর খেলা দেখিয়ে বেড়ানো। ভারতবর্ষের ম্যাজিকের ইতিহাস যথেষ্ট সম্পন্ন। তার মধ্যে রাজস্থানের ভূমিকা অনস্বীকার্য। কতকটা সেই লোভেই ভিড়ে গিয়েছিলাম এদের সাথে। তাছাড়া ভানগড় কেল্লা থেকে ভয় পেয়ে যখন বাইরে আসি তখন এদের দলপতি, খসরু, আমাদের দেখেই বুঝতে পারেন আমরা ভয় পেয়েছি। উনি আমাদের সাথে করে নিয়ে আসেন ওঁদের অস্থায়ী ছাউনিতে। ওঁদের ছাউনিটা সারিস্কা জঙ্গলের দিকে তাই আমাদের চোখে পড়েনি। সামান্য আয়োজনে কিন্তু পরম যত্নে আমাদের আপ্যায়ন করেছিলেন খসরু আর তাঁর পরিবার। লোটায় করে সদ্য দোয়ানো গরম দুধ নিয়ে এসেছিলেন ওঁর মেয়ে, রাকা। সতর্ক চোখে সে আমাদের জরিপ করছিল। বোধহয় জানার চেষ্টা করছিল শহুরে তিনটি মানুষের অভিপ্রায়। ততক্ষনে চারপাশে আলকাতরা রঙ লেগে গিয়েছে। ছাউনিতে যেন সামান্য ব্যস্ততা। জিজ্ঞেস করে জানলাম 'পাবুজি কা ফড' র তোড়জোড় চলছে। সেটা আবার কি! খসরু জানালেন ওঁরা পাবুজির উপাসক। পাবুজি ছিলেন রাজস্থানের রাঠোর সম্প্রদায়ের দলনায়ক। সেই চৌদ্দশ শতাব্দীতে। তখন ভোপা সম্প্রদায়ের মানুষ ছিলেন পূজারী। তারাই শুরু করেন পাবুজির গুণকীর্তন এবং নানান জায়গায় ঘুরে ঘুরে তা শুনিয়ে বেড়াতেন সাধারণ মানুষকে, কবিগানের মাধ্যমে। এখন খসরুর সম্প্রদায় পাবুজির গাথা গেয়ে থাকেন। আজ সেই অনুষ্ঠান। শুনে আমরা তিন জনেই খুব আগ্রহ দেখাতে খসরু খুশি হয়ে জানালেন আমরা ওঁর অতিথি সেই সন্ধ্যার জন্যে। এই অনুষ্ঠান শেষ হতে অনেক দেরি হবে, তাই আমরা যেন রাতটা ওখানেই কাটিয়ে কাল সকালে ফিরি। তিন বাউন্ডুলের তো মহা আনন্দ! সেই থেকে ভিড়ে গিয়েছি এদের সাথে। হাতে হাতে টুকটাক কাজও করছি। রাকা কিন্তু আমাদের ঠিক চোখে চোখে রাখছে। একটু পরেই একটি দুটি পরিবার আসতে শুরু করলেন, পাবুজির ফড বা গাথা শুনতে। ছাউনির একটু তফাতে খানিকটা খোলা জায়গা। চটের ছালা পাতা হয়েছে কয়েক সারি। জন্য বিশ পঁচিশ লোক জমা হবার পর খসরু মাথায় করে নিয়ে এলেন একটি বাক্স। তার থেকে পরম যত্ন আর শ্রদ্ধার সাথে বার করে আনলেন একটি ভাঁজ করা কাপড়ের টুকরো। তবে বেশ বড়। সেটি কপালে ঠেকিয়ে নমস্কার করে তুলে দিলেন রাকার হাতে। রাকা আর একটি মেয়ে সেটিকে মেলে ধরায় দেখলাম জংলা ছাপের একটি বেশ বড় বেডকভারের মতন একটা চাদর। গোটা তিনেক হ্যাজাক বাতি জ্বলছে এদিক ওদিক। মরুভূমির শুষ্ক ঠান্ডাটা মালুম দিচ্ছে বেশ। আমাদের একটি বোতল খসরুকে উপহার দিলেও আরেকটি আমাদের সাথে। তিনজনে একটা চারপাইতে ধূলিমলীন একটি কম্বল জড়িয়ে বসে সেই দ্বিতীয় বোতল থেকে চুমুক দিচ্ছি। এই পরিবারের এক খুদে সদস্য এইমাত্র দিয়ে গেল এই কম্বলটি। খাসা বন্দোবস্ত। একটু পরেই বেজে উঠল রাবনহাত্তা আর তার সাথে তান ধরল দেড়-সাতারা। সুরের মূর্ছনা ছড়িয়ে পড়ল নিস্তব্ধতার ধূ ধূ মরুভূমিতে। সিক্ত হচ্ছে দেহ-মন, সিক্ত হচ্ছে তপ্ত বালু-পাথর। রাজস্থানী ভাষায় সুর করে গাইতে লাগলেন রাবারি পরিবারের আরেক বর্ষীয়ান সদস্য। ভাষা না বুঝলেও মন্ত্রমুগ্ধের মতন চেয়ে ছিলাম সেই জংলা ছাপের চাদরের দিকে। দুটি কিশোরী হাতে প্রদীপ নিয়ে ধীর লয়ে নাচছে ওই চাদরটির সামনে। একটু খেয়াল করলে দেখা যাবে প্রদীপের আলো যেখানে যেখানে পড়ছে সেখানে পাবুজির এক একটি কর্মের ছবি ফুটে উঠছে। যা আমাদের এতক্ষন জংলা ছাপ মনে হচ্ছিল, তা আসলে পাবুজির বিভিন্ন ক্রিয়া-কর্মের ছবি, গাথার আকারে বিভিন্ন আঙ্গিকে হাতে আঁকা, ওই চাদরের ওপর। দণ্ডবৎ হই, লোকশিল্পের কি মহিমা! চিত্র-সংগীত-নৃত্যের কি অপূর্ব সমন্বয়! কি আশ্চর্য, আজই সকালে রেভ পার্টির অমুর্তকলার কথা ভাবছিলাম! মানুষ তার শিল্পকে কতরকম ভাবেই না ব্যবহার করে! চতুর্দিকে যেন খুশি আর আনন্দের সমাহার। আমরা অচিরেই ভুলে গিয়েছিলাম যে দুশ মিটার দূরে একটি ভুতুড়ে কেল্লা আর সারিস্কা জঙ্গলটা বাঘের জঙ্গল। তবে, তার কিছুদিন পরে আমাদের এক রিপোর্টার বন্ধু প্রমান করে দিয়েছিলেন যে সারিস্কায় বাঘ আর অবশিষ্ট নেই। চোরাশিকারীর দল সব বাঘ হাপিস করে দিয়েছে।
মাঝ রাতে ঘুম ভাঙল রাকার ডাকে। প্রচন্ড শীত। কিছুতেই উঠতে ইচ্ছা করছিল না। তাও সে ডাক উপেক্ষা করতে পারলাম না। ছাউনির বাইরে এসে দেখি চরাচর ভেসে যাচ্ছে জ্যোৎস্নায়। রাকা জানালো আজ পূর্ণিমার রাত, আজ রাতে নাকি পরীরা নামে। যাবে দেখতে? সন্ধ্যে রাতে বোধহয় মেঘ ছিল আকাশে, তাই টের পাইনি আজ পূর্ণিমা। সত্যিই বড় মায়াবী লাগছে চরাচর। রাকাকেও কেমন অপ্রাকৃত দেখাচ্ছে! ওর রুক্ষ চুলে জ্যোৎস্না পিছলে কেমন একটা শিলুয়েট এফেক্ট হচ্ছে! শহুরে সাবধানতা, সভ্যতা ক্রমশ হেরে যাচ্ছে এই অপার্থিব আকর্ষণের কাছে। পরী নামছে বাঘের জঙ্গলে। যাযাবর মানুষ খুঁজে চলেছে তার আসল ঠিকানা পরী আর প্রেতের দুনিয়ায়। (সমাপ্ত)
©Suman Dutta