ছেলেবেলায় পাখির পুরিষ খেয়ে সেই যে ন্যাড়ার মাথাটা বোদা মেরে গেল, তা আর ঠিক হলো না। একথা অবশ্য ন্যাড়া শুনেছে। তার মোটেও মনে পড়ে না সে কখনো পাখির গু খেয়েছে বলে। ন্যাড়ার খুব খিদে পেতো ঠিকই। তা বলে কেউ পাখির ইয়ে, ছিঃ! ন্যাড়া একথা বিশ্বাস করে না। ন্যাড়ার মাথা যে বোদা, তাও ন্যাড়া ঠিক মানতে পারে না। তবে এটা ঠিক যে ন্যাড়ার কেমন মনে হয় চারপাশের সাথে সে ঠিক খাপ খাওয়াতে পেরে ওঠে না। যে কোনো ঘটনাই ন্যাড়াকে অনেক্ষন সময় নিয়ে, ধীরে ধীরে প্রভাবিত করে। তাতে অবশ্য ন্যাড়ার তেমন যায় আসে না। কেবল কখনো কখনো মনে হয় যেন তার সামনে সবকিছু হঠাৎ খুব হুড়মুড়িয়ে বদলে গেল আর সে কিছুতেই তার সাথে তাল রাখতে পারল না। যদিওবা পুরো ব্যাপারটা সে অনেক কষ্টে অনুধাবন করতে পারলো, তারপর তার কি করা উচিত অথবা আদৌ কিছু করা উচিত কিনা, তা আর সে ঠাহর করে উঠতে পারে না। তাই সে কখনোই কিছু করে না। এই যে এতক্ষণ তার সামনে যে ঘটনাটা ঘটলো তাতে তার ঠিক কি করা উচিত সে কিছুতেই বুঝে উঠতে পারলো না। একটা লোক হঠাৎ ময়লাখানা রোডের দিক থেকে দৌড়োতে দৌড়োতে এসে খোট্টা বস্তির সামনের গর্তটায় হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ল। ন্যাড়া তখন পটলদের দাওয়ার পিছন দিকটায় দাঁড়িয়ে একটা ফড়িং ধরার চেষ্টা করছিল। পটল তাকে বলেছে ফড়িং আসলে পরী। পূর্ণিমার রাতে বারোটার ভোঁ পড়ার সাথে সাথে সেই ফড়িংকে চাঁদের আলোয় রেখে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। সেই থেকে ন্যাড়া তক্কে তক্কে আছে ফড়িং ধরার জন্যে। ন্যাড়া জানে পটল তাকে মিথ্যা বলবে না। বস্তুত পটলই তার একমাত্র বন্ধু। এদিকে দত্তবুড়ি পাঁজি দেখে বলেছে পূর্ণিমা আর মাত্র দুদিন বাকি। তাই ন্যাড়া খুব অস্থির হয়ে ফড়িংটা ধরার চেষ্ঠা করছিল। তবে তার অস্থিরতাও বড় সুস্থির। ওদিকে তার মুখের মধ্যে চিটেগুড়টাও লালারসে বেশ মজে উঠেছে। তার সামনের দাঁতগুলো সব পড়ে গেছে তাই মাড়িতে রেখেই মাঝে মাঝে চাপ দিতে হচ্ছে। মা বলেছে শিগগিরই আবার নতুন দাঁত আসবে। তা আপাতত তার মাড়ির দাঁতই ভরসা। ফড়িংটা প্রায় নাগালে এসে গিয়েছিল আর ঠিক তক্ষুনি লোকটা গদাম করে আছাড় খেয়ে পড়ল। ন্যাড়া যখন ব্যাপারটা বুঝলো ততক্ষনে শানু কাকা আর কয়েকটা লোক ঘিরে ধরেছে ওই লোকটাকে। লোকটা তখনো পড়ে আছে। ঢোলা পাজামা আর পাঞ্জাবি পরা লোকটা জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে দেখছে তার সামনে দাঁড়ানো লোকগুলোকে। বেচারা পড়ে গিয়ে বোধহয় হাঁটুতে চোট পেয়েছে। চেষ্টা করেও উঠে দাঁড়াতে পারছে না। একমুখ দাড়ির মধ্যেও লোকটার মুখে যন্ত্রণার ছাপ ফুটে উঠছে মাঝে মাঝেই। ন্যাড়া স্থানুর মতন দাঁড়িয়ে পড়েছে। চিটেগুড়টা মাড়ির দাঁতে আটকে আছে। ফড়িংটা পালিয়েছে। ইশ, পূর্ণিমা এসে গেল, একটা ফড়িং ধরতেই হবে। শানু কাকা একটা সপাটে লাথি মারলো লোকটার মুখে। একটা কোঁক শব্দ করে লোকটা লুটিয়ে পড়লো মাটিতে। একটু পরে যেন খুব পরিশ্রম করে ধীরে ধীরে ঘাড় সোজা করলো লোকটা। ঠোঁটের কষ বেয়ে রক্ত গড়াচ্ছে। লোকটা শানু কাকার দিকে তাকিয়ে থু করে একদলা থুতু ফেললো মাটিতে। ন্যাড়া ভাবলো এইবার লোকটা নিশ্চই পালাতে পারবে। ভণ্ডুল কাকা ন্যাড়াকে এই গল্প অনেকবার শুনিয়েছে। একটা লোক কুওতে পড়ে গিয়ে যখন কিছুতেই আর উঠতে পারছে না, তখন সে একদলা থুতু ফেললো। তারপর সেই থুতুর লালার সুতো ধরে ধরে সে উঠে এলো ওপরে। ভণ্ডুল কাকা থুতুকে স্যাপ বলে। মনে পড়ায় ন্যাড়ার একটু হাসি পেল। তবে সামনে ততক্ষণে অন্য ঘটনা ঘটছে। শানু কাকার দলের একটা লোক ওই পড়ে থাকা লোকটাকে দাঁড় করিয়ে হাতদুটো পিছমোড়া করে ধরেছে আর শানু কাকা একটা চকককে ছোরা লোকটার পেটে, বুকে এলোপাতাড়ি ঢোকাচ্ছে আর বার করছে। লোকটার শরীরের দু এক জায়গা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। দত্ত বুড়ির ফুটো বালতিটা রাস্তার কলে বসালে বিভিন্ন ফুঁটো দিয়ে এইভাবেই জল বেরিয়ে যায়! শানু কাকার মুখেচোখে, জমায় রক্তের ছিটে লেগে রয়েছে। লোকটার মাথাটা কেমন সামনের দিকে ঝুলে পড়েছে। শানু কাকা খুব গালাগাল দিচ্ছে লোকটাকে। তারপর এক সময়ে সে থামে। যে লোকটা পিছমোড়া করে ধরেছিল, সে ছেড়ে দিতেই ওই লোকটা ধপাস করে মাটিতে পড়ে গেল। পড়ে গিয়ে দুবার হেঁচকি তুলে এক্কেবারে চুপ মেরে গেল।
ন্যাড়ার খুব মন খারাপ হয়ে গিয়েছিল। মরে যাওয়া ব্যাপারটা ন্যাড়া আজকাল একটু একটু বোঝে। এই লোকটা বোধহয় মরেই গেল! কিছুদিন আগেই তার দাদু মরে গিয়েছিল। ন্যাড়া গিয়েছিল তার মায়ের সাথে, সেই মরে যাওয়া দাদুকে দেখতে। সেই প্রথমবার তার মামাবাড়ি যাওয়া। আসলে ন্যাড়া আর তার মায়ের কোথাওই যাওয়া হয় না। সে জানেই না কে বা কারা তাদের আত্মীয় হয়।
পটলের কাছে সে ওর মামাবাড়ির গল্প শুনেছিল। পটলের মামাবাড়ি সাঁতরাগাছীতে। প্রতি বছর বিজয়ার সময়ে ওরা যায়। কতকিছু খায়, কত উপহার পায়! গেলবারে পটল একটা পিস্তল উপহার পেয়েছিল। ক্যাপ ফাটাবার পিস্তল। তবে সস্তা টিনের জিনিস নয়, লোহার ভারী পিস্তল। পটল বলেছিল,'এক্কেবারে আসলি মাল আছে'। খোট্টা বস্তিতে থাকে বলে পটল মাঝে মাঝেই হিন্দি মিশিয়ে কথা বলে। তা সেই থেকে ন্যাড়ার মামাবাড়ি সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে গিয়েছিল। সে কেবলই ভাবত একবার মামাবাড়ি গিয়ে পড়লেই হলো। তারপর আর ভাবনা নেই। অফুরন্ত খাওয়াদাওয়া, ভালো ভালো জামাকাপড়, খেলনা-পিস্তল, আরো কত কি! মাকে সে অনেকবার জিজ্ঞেস করেছে তারা মামাবাড়ি যায় না কেন। মা প্রতিবারই বলে বাবা আসলেই যাবে। ন্যাড়া মুষড়ে পড়ত। বাবা যে কবে আসবে! সেই জন্ম থেকে মায়ের কাছে শুনে আসছে তার বাবা কাজে বাইরে গেছে, অনেকদূর, সেই আসাম না শিলিগুড়ি না মাদ্রাজ কোথায় যেন! ন্যাড়া আর তার মা। ব্যাস এই দুজনের সংসার। ন্যাড়ার মা একটা ইস্কুলে সেলাই শেখায়। সকালে থেকে রাত অবধি ন্যাড়া তার মাকে এক মুহূর্ত বিশ্রাম করতে দেখে না। তারা থাকে দমদমের উদ্বাস্তু কলোনির গায়ে লাগা একটি নিম্ন মধ্যবিত্ত পাড়ায়। এক কামরার ভাড়া বাড়ি। ন্যাড়া ভাসা ভাসা শুনেছে তার বাবা আর মা নাকি পালিয়ে বিয়ে করেছিল। তারপর এসে ওঠে বাড়িতে। তারপরই তার বাবা সেই যে কাজে গেল ন্যাড়ার এই এগারো বছর বয়স অবধি তার দেখা নেই। মা সকালে উঠে মাটির তোলা উনানে গুল কয়লা আর ঘুঁটে দিয়ে আগুন ধরায়। চোখ জ্বালা করে সেই ধোঁয়ায়। বারান্দার পাশে একফালি জায়গায় ছেঁচা বেড়ার ঘেরাটোপে রান্না বসায় ন্যাড়ার মা। ডাল ভাতের বেশি খুব একটা কিছু হয় না। তবে মাঝে মাঝে সামনের বাড়ির শান্তিপিসি বাটিতে করে চারা পোনা মাছের ঝোল বা বোয়াল মাছের ঝাল আঁচলে লুকিয়ে ন্যাড়ার মায়ের জন্যে নিয়ে আসেন। মা ছাড়া এই এক শান্তিপিসিই ন্যাড়াকে যথার্থ ভালোবাসেন। শান্তি পিসি খুব লম্বা মানুষ। তাই নাকি তাঁর জন্যে বর পাওয়া যায় নি। তাই সারাজীবন ভাইদের সংসারে রাঁধুনি হয়েই রয়ে গিয়েছিলেন। তা এই পিসির কল্যাণেই ন্যাড়া আর তার মায়ের মাঝেমধ্যে মাছ জুটত। সকাল আটটার ভোঁ পড়ার সাথে সাথেই নাকেমুখে কোনরকমে দুটো ভাত গুঁজে মায়ে-পোয়ে বেরিয়ে পড়ত। তারা দুজনেই খুব জোরে হাঁটতে পারে। হাঁটা ছাড়া তাদের গতি নেই। সামান্য বসে চড়তে গেলেও ভাবতে হয়। তাছাড়া বাসে ভিড়ও থাকে খুব। তাই হাঁটাই ভালো। ন্যাড়ার স্বাস্থ্য বরাবরই ভালো। কি করে যে এমনটা হলো সেটাই অবাক ব্যাপার। অখাদ্য কুখাদ্য খেয়ে, ঘাটে আঘাটে ঘুরে বেড়িয়েও ন্যাড়ার স্বাস্থ্য ভালো। তাই হাঁটতে তার কোনো ক্লান্তি নেই। ন্যাড়াকে ইস্কুলে ঢুকিয়ে দিয়ে মা চলে যেত সেলাই ইস্কুলে। রোলকলে সাগরনীল সেন নাম ডাকার অনেক্ষন পরে ন্যাড়া উপস্থিত বলত আর তাতে গোটা ক্লাস একসাথে হেসে উঠতো। কেউ কেউ ফুট কাটতো 'ন্যাড়ানীল সেন' বলে। হাসির দমক আরো বেড়ে যেতে। মাস্টারমশাই ও হাসতে হাসতে টেবিলে ডাস্টার ঠুকে সকলকে চুপ করাতেন। তাইতে ন্যাড়ার একটা ধারণা জন্মেছিল যে এই নামটা বোধহয় হাস্যকর। ন্যাড়া নামেই সে স্বচ্ছন্দ বোধ করতো। একমাত্র তার মা আর শান্তিপিসিই তাকে নীল বলে ডাকে। এই ডাকটা শুনলেই ন্যাড়া মায়ের গায়ের গন্ধটা পায়। ভাত আর হলুদের গন্ধ, কখনো বা গুল কয়লার গন্ধ, কখনো আবার ফুলেল পাউডারের সুবাস। সবকটিই ন্যাড়ার খুব প্রিয়।
সে যাই হোক, মামারবাড়ির অভিজ্ঞতা অবশ্য তেমন ভালো হয়নি, ন্যাড়ার। মধ্যমগ্রামের স্টেশন থেকে ন্যাড়ার মামাবাড়ি বেশ অনেকটা পথ। ট্রেনেও বেজায় ভিড় ছিল। তাও ন্যাড়া খুব আনন্দে ছিল। একবার মামাবাড়ি পৌঁছতে পারলেই অফুরান খুশি! গাঁয়ের বাড়িতে ন্যাড়া তার আগে কখনো যায়নি। বস্তুত সে জন্মাবধি তাদের পালপাড়ার বাইরেই পা দেয়নি। তাই পথে যা দেখছিল তাই তার খুব ভালো লাগছিলো। তবে মামাবাড়িতে ঢুকে ভালোলাগাটা থমকে গিয়েছিল। উঠোনে একটা খাটে একজন শুয়ে। তার দুই চোখের ওপর তুলসীপাতা রাখা। গোটা শরীর সাদা চাদরে ঢাকা। গলায় ফুলের মালা। একজন মহিলা দেশলাই কাঠি দিয়ে শুয়ে থাকা মানুষটার কপালে চন্দনের ফোঁটা কাটছে। খাটের মাথার দিকে একদলা মাটিতে গাঁথা কয়েকটা ধুপকাঠি জ্বলছে, খুব চড়া গন্ধ! এই ধূপের গন্ধটা অন্যরকম, মন খারাপ করা। ন্যাড়ার মা যে ধুপ জ্বালিয়ে সন্ধ্যা দেয়, তার গন্ধটা আবার খুব মন ভালো করা। ওই গন্ধটা পেলেই ন্যাড়ার মনটা বাতাসা বাতাসা করতে থাকে। ন্যাড়া যখন এইসব ভাবতে ভাবতে তার মরে যাওয়া দাদুর দিকে অবাক হয়ে চেয়েছিল, মা ফিসফিস করে বলেছিল প্রণাম করতে। ন্যাড়া বুঝতে পারেনি। অবাক হয়ে তাকিয়েছিল মায়ের দিকে। কাকে প্রণাম করবে? কিভাবে প্রণাম করতে হয়? ন্যাড়ারা কোথাও যায় না আর ওদের বাড়িতেও কেউ আসে না। তাই লৌকিকতা ব্যাপারটা সে দেখেইনি কখনো। অথবা দেখলেও তার বোদা মাথায় ঢোকেনি। ন্যাড়ার সমস্যাটা মা বুঝতে পেরেছিল। তাই নিজে প্রণাম করে দেখিয়ে দেন কিভাবে প্রণাম করতে হয়। দাদুর পায়ে হাত দিয়ে প্রণাম করতে গিয়ে শিউরে উঠেছিল ন্যাড়া। কি ভয়ঙ্কর ঠান্ডা পা দুটো! তার ওই বোদা বুদ্ধিতেও সে বুঝেছিল মৃত্যু ভীষণ আলাদা একটা ব্যাপার আর সেটা খুব অস্বস্তিকর মন খারাপ করা! খাট ঘিরে অনেক লোক। কেউ কেউ কাঁদছিল। ন্যাড়া দেখল তার মাও সেই দলে আছে। কয়েকজন বয়স্ক লোক কোনো একটা ব্যাপারে চাপা বচসা করছে। তার বয়েসী কয়েকটি ছেলে মেয়ে তার দিকে জুলজুল করে দেখছে। ন্যাড়া ভাবে এরা নিশ্চয়ই তার মামাতো ভাইবোন। ইতিমধ্যে একজন মহিলা এসে ন্যাড়াকে ডেকে বলেছিলেন, 'তুমি মিতুর ছেলে তো? এসো আমার সাথে, আমি তোমার মাসি হই।' ন্যাড়া প্রথমটায় বোঝেনি মিতু কে। কারণ তার মনেই ছিলনা তার মায়ের নাম মিতালি। মায়ের নাম তো মা! তাও ন্যাড়া গিয়েছিল পিছু পিছু। ভদ্রমহিলা ন্যাড়াকে বাড়ির বাইরে নিয়ে গিয়ে থুতনি ধরে একটু আদর করে তার হাতে দুটো কদমা দিয়ে বলেছিলেন, 'এখানে দাঁড়িয়ে খেয়ে তারপর বাড়িতে ঢুকো, কেমন?' ন্যাড়া মনে মনে খুব খুশি হয়েছিল। এই না হলে মামাবাড়ির আদর! দুদুটো কদমা একসাথে সে কখনো হাতেই পায়নি! তার এই মাসিটাকে খুব ভালো লাগছিলো। মাসি জিজ্ঞেস করেছিলেন,
-তোমরা তো দমদমে থাকো, তাই না?
কদমার দিকে বিভোর হয়ে তাকিয়ে ছিল ন্যাড়া। তাই প্রশ্নটা সে গ্রাহ্যই করেনি। মাসি আবার জানতে চেয়েছিলেন,
-তোমার বাবার কোনো খোঁজ পাওয়া গেলো?
বাবার কথায় তার টনক নড়ে। বলে,
-বাবা তো আসামী।
ন্যাড়ার ধারণা আসামের লোক আসামী। শানু কাকা তাকে এমনটাই শিখিয়েছে।
মাসি সাত তাড়াতাড়ি বলেছিলেন,
-ছিঃ, নিজের বাবাকে কেউ অমন বলে? দেখো ঠিক একদিন ফিরে আসবে তোমাদের কাছে।
এইটা ন্যাড়ার খুব পছন্দের কথা। বাবা একদিন আসবেই। সেদিন তাদের আর কোনো কষ্ট থাকবে না। বাড়িতে তখন মাছ মাংস খাওয়া হবে, ওরা সবাই এক একটা করে গোটা ডিম খাবে, সকাল বেলায় বাবার চায়ের কাপে ডুবিয়ে বিস্কুট খাবে ন্যাড়া। মাঝে মাঝে বাসে করে বেড়াতে যাবে, চিড়িয়াখানা, জাদুঘর। ব্যাস এইটুকুই তার চাওয়া। আর সকালে উঠে রোজ দেখবে বাবা বাড়িতেই আছে। খবরের কাগজ পড়ছে। সামনে চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে। ন্যাড়ার এই স্বপ্ন একদিন পূরণ হবেই।
সাকুল্যে দুটো দিন তারা ছিল মামাবাড়িতে। পরের দিনই তিন মামা আর মামীরা মিলে ন্যাড়ার মাকে সাফ জানিয়ে দিলেন যে এই বাড়িতে তাদের থাকা চলবে না। পালিয়ে বেজাতে বিয়ে করা মেয়ের কোনো স্থান নেই সেবাড়িতে। ন্যাড়ার ভারী দুঃখ হয়েছিল সেকথা শুনে। এতদিনে যাও বা একটা মামাবাড়ি পাওয়া গেলো, তারাও তাদের দূর দূর করে তাড়ালো! সেই দুই দিনে এক সেই মাসি ছাড়া কেউ ন্যাড়াকে ডেকে নামটা পর্যন্ত জিজ্ঞেস করে নি। তাতে অবশ্য তার কিছু আসে যায়না। সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে রেখেছে পটলকে গিয়ে কি কি বলবে। ন্যাড়াদের মধ্যমগ্রামের মামাবাড়ি পটলের সাঁতরাগাছীর মামাবাড়ির থেকে ঢের ভালো! এখানে কি সুন্দর পুকুর আছে, তাতে পাতিহাঁস ঘুরে বেড়ায়। বাড়ির মাঝখানে কত্তবড়ো উঠোন। হোক না টিনের ঘর। এমন নিপাট নিকোনো দাওয়া পটলের মামাবাড়িতে থাকতেই পারে না।
প্রত্যেক সন্ধ্যায় ন্যাড়া তার মাকে সারাদিনের সব ঘটনা বলে। সারাদিন সে যা যা দেখেছে, শিখেছে সবটা বলে। মা তখন রেডিওতে অনুরোধের আসর শুনতে শুনতে অর্ডারের সেলাইয়ের কাজ করে। ন্যাড়া এক এক করে বলতে থাকে তার সারাদিনের রোজনামচা। শানু কাকার ছোরা চালাবার ঘটনাটা শুনে মিতালি চমকে ওঠে। ছেলেটা চোখের সামনে ওটা দেখেছে ভেবেই তার অন্তরাত্মা কেঁপে ওঠে। এই প্রথমবার তার মনে হয় ছেলেটা ভাগ্যিস একটু হাবাগোবা! ভাবে, হয়ত খুনের সত্যিকারের ভয়াবহতাটা সেভাবে আঘাত করেনি ছেলেটাকে। বড় ভয়ঙ্কর সময় চলেছে। একটু রাত বাড়লেই বাইরের রাস্তায় দৌড়াদৌড়ির শব্দ শোনা যায়। হিসহিসে টুকরো কথা ভেসে আসে। কখনো আর্ত চিৎকার। মিতালি কানে বালিশ চাপাদিয়ে ছেলেটাকে বুকে জড়িয়ে দাঁতে দাঁত চেপে নিঃশব্দে শুয়ে থাকে অন্ধকার ঘরে। ছেলেটার কথা ভেবে তার মন কেঁদে ওঠে। বড় দুর্ভাগা তার এই হাবাগোবা ছেলেটা।
রবিবারের সকাল, গোটা পাড়া জুড়ে তাসের আড্ডা। এই পাড়ায় সব বাড়িতেই একটা করে ছোট বা বড় রোয়াক আছে। সেখানেই চলে তাসের আড্ডা। কোথাও হল্লা, কোথাও হাসি আবার কোথাও তুমুল ঝগড়ায় সরগরম হয়ে ওঠে গোটা পাড়াটা। কোনো কোনো বাড়ী থেকে প্রেসার কুকারের হুইসেলের শব্দ আসে। মাংস রান্না হচ্ছে নিশ্চই! ন্যাড়া মনে প্রানে ভরে নেয় সেই গন্ধ। আজ শান্তিপিসিদের বাড়িতেও মাংস রান্না হয়েছে। পিসি সকালে একফাঁকে এসে একটা কাঁসার বাটিতে করে দিয়ে গেছে। কি সুন্দর দেখতে লাল ঝোল, কি সুবাস! সেই থেকে একটু পরে পরে গিয়েই ন্যাড়া সেই সুবাস নিয়ে আসছে। মা বলেছিল একটু চেখে দেখতে। সেকথা শুনেই ন্যাড়ার মুখ রসস্থ হয়ে পড়েছিল। তাও সে নিজেকে সামলে নিয়েছিল। পরিমান যা ছিল তাতে মায়ে-পোয়ের দু টুকরো করে হয়ত হবে। তাও সে জানে মা প্রায় পুরোটাই তার পাতে তুলে দিতে চাইবে। মাংস তাদের বাড়ীতে যে কখনোই রান্না হয় না! তাই আর সে চেখে দেখতে চায়নি। দুপুরে একসাথে খাবে। মনে তার দারুন ফুর্তি। গতকালের মন খারাপটা কোথায় যেন উবে গেছে। আপাতত সে বেরিয়েছে পটলের খোঁজ করতে। পূর্ণিমার আগে একটা ফড়িং তার খুব দরকার।
পথে শানু কাকার সাথে দেখা। সে আলতো হাতে ন্যাড়ার মাথার চুল ঘেঁটে দেয়। ন্যাড়া জানে শানুকাকা তাকে স্নেহ করে। কখনো সখনো লজেন্স বিস্কুট কিনে দেয়। পাড়ার আর পাঁচটা মানুষ তাকে যেমন ভয় পায়, ন্যাড়া তা পায় না। কিন্তু আজ শানু কাকাকে দেখেই ন্যাড়ার গতকালের ঘটনাটা মনে পড়ে যায়। আজকের এই মানুষটার সাথে কালকের সেই ভয়ঙ্কর শানু কাকার কোনো মিল পায় না ন্যাড়া। তবু সে কাকার চোখের দিকে তাকিয়ে বলে,
-তুমি আজ দুপুরে আমাদের সাথে ভাত খাবে? আজ বাড়ীতে মাংস-ভাত!
শানু কাকা হাসতে হাসতে কিছু একটা বলতে যাচ্ছিল। কিন্তু তার আগেই হটাৎ কিছু মনে পড়ার মতন করে ন্যাড়া বলে ওঠে,
-তবে কথা দাও, আর কারুর গায়ে তুমি ফুঁটো করতে পারবে না, কক্ষনো না।
©Suman Dutta
No comments:
Post a Comment