॥ ১ ॥
একটা বয়স আসে যখন হঠাৎই পৃথিবী রং বদলাতে শুরু করে। সে এক অভূতপূর্ব রঙের খেলা শুরু হয় চতুর্দিকে। পারিপার্শ্বিক জগৎটা কখনোই ঠিক তেমন ভাবে ঠাহর হয় না। কোনটা স্বপ্ন আর কোনটা বাস্তব কিছুতেই আলাদা করা যায় না। মন স্বপ্ন দেখে সারাক্ষন, তাতে যেমন মিশে থাকে তুচ্ছাতিতুচ্ছ আকাঙ্খা, তেমনই ভাসতে থাকে আকাশকুসুম কল্পনার মেঘ। সে এক বড্ড টালমাটাল দিন গুজরান। আমার ধারণা সকলের জীবনেই এই সময়টা আসে, অজান্তে। আর কখন যে তা ফুরিয়ে যায়, টেরও পাওয়া যায় না। কেবল অনেকদিন পরে হটাৎ খেয়াল হয় পৃথিবীর রং বদলে গেছে। বাস্তব জগৎটা বড্ড বেশি ঠাহর হচ্ছে।
সে যাকগে, আজ আপাতত সেই স্বপ্নীল সময়েরই একটা ভ্রমণের গপ্পো করতে বসেছি। আমার ক্ষেত্রে সেই সময়টা এসেছিল 1992/1993 নাগাদ। বিভূতিভূষণ বাবুর আরণ্যক পড়ে মনটা সেই যে উড়ে গিয়ে বসেছিল ভাগলপুর-পূর্ণিয়ার জঙ্গলে সে আর কিছুতেই ফিরতে চায় না! বলা যায় অরণ্যের প্রতি সেইই আমার প্রথম প্রেম। আর সেই হিসেবে পূর্বরাগ অবস্থাটা বেশ দুঃসহ তখন। সময়টা যারা আন্দাজ করতে পারছেন, তারা বুঝতেই পারছেন তখন বাঙালি মধ্যবিত্তের হাতে ভ্রমণ-বিলাসিতার বাড়তি পয়সা তেমন থাকতো না। তাও গোটা বছর জমিয়ে, সাথে এল টি এ অথবা পুজোর বোনাস জুড়ে, বছরে একটা ট্যুর হয়তো হতে পারতো। কিন্তু হটাৎ জঙ্গল বা পাহাড় অথবা সমুদ্র দেখতে ইচ্ছে হয়েছে বলে দৌড়ানোটা তেমন হয়ে উঠতে পারতো না। তা সে যাই হোক, জঙ্গল তখন আমায় শয়নে স্বপনে জ্বালিয়ে মারছে। অবশেষে, টিউশনির থেকে জমানো সামান্য ব্যাঙের আধুলি আর আজীবনের বিপত্তারিনি, সেই মায়ের থেকে কিছু টাকা নিয়ে, অবশেষে অরণ্য। বাংলাদেশের মায়েরা তোলা উনানে রান্না করতে করতে, তাঁতে রাঙা হয়ে ওঠা মুখে দুনিয়ার বিরক্তি জড় করে রান্নাঘরের বালতিতে কোনোরকমে হাতটা ধুয়ে, কৌটো-বাউটো-শিশি-বোতল থেকে কয়েকটা দুমড়ে থাকা নোট আর কিছু খুচরো পয়সা সেই টানাটানির সংসারে কোন জাদুতে বার করে আনতেন, তা কেবল করুনাময়ীই জানেন। তবে টের পেতাম, মায়ের উপস্থিতি কে জানান দেওয়া ডাল-ফোড়ন, মশলাবাটা, কাঁচা হলুদের মিশেলের গন্ধটা কেমন বদলে গিয়ে স্নেহ আর প্রশ্রয়ের সুবাসে পরিণত হয়েছে। যদিও মুখ দেখে তা বোঝার জো নেই!!
আরণ্যকের পটভূমি থেকে অনেকটা দূরে হলেও, বাদাম পাহাড় গন্ত্যব্য হবার মূল কারণ আমার বন্ধু অনিকেতের মেজমামা তখন ওখানকার বন দপ্তরে চাকরিরত। সুতরাং মাথা গোঁজার ঠাঁই আর অভিভাকত্বের ভরসা দুইই পাওয়া যাবে সেখান। তাছাড়া অরণ্যের চরিত্রও প্রায় একই রকম। আর সেই ভরসাতেই রাজি হয়ে গেলেন আমার আর অনিকেতের বাবা-মা।
ট্রেনের নামটা মনে না পড়লেও মনে আছে ট্রেন ছাড়ার কথা বেশ রাতে। অর্থের সংস্থানের ভিত্তিতে জেনারেল কপার্টমেন্টের টিকিট কেটেছি। খোঁজ খবর করে জানলাম সিট দখল করতে হলে ট্রেন যখন প্ল্যাটফর্মে ঢুকবে তখনই চলতি ট্রেনের জেনারেল কামরার দরজার দখল নিতে হবে। সাউথ ইস্টারনের শেষ প্লাটফর্মের শেষ প্রান্তে গিয়ে দাঁড়িয়ে আছি। ঘুটঘুটে অন্ধকার। আমি নিশ্চিত আশপাশে তেনারা আছেন! হাওড়া স্টেশনের রেল লাইনে অপঘাতে মৃত্যু তো কম ঘটেনি। আমি ভীষণ ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছি। বুঝতে পারছি অনিকেত হাসছে এবং ফিরে এসে কলেজের ক্যান্টিনে এই নিয়ে আমায় ঘিরে আরো অনেকে হাসবে। কিন্ত আমি নিশ্চিত আমার বিশ্বাসে। আর তা যে ভিত্তিহীন নয়, তা বুঝলাম অচিরেই। পরিষ্কার টের পেলাম আশপাশে ছায়ার শরীরে চলাফেরা শুরু হয়েছে। অনিকেত আমার থেকে হাত পাঁচেক দূরে। ওকেও ছায়াময়ের মতনই লাগছে। ভাবলাম ওর কাছ ঘেঁষে দাঁড়াই। কিন্তু পা আমার অনড়। ভয়ে গোটা শরীর জবুথবু হয়ে আছে। ওকে ডাকতে দিয়ে অনুভব করলাম গলা দিয়ে আওয়াজ বেরুচ্ছে না। ততক্ষনে দুটি ছায়াময় শরীর আমার কাছে এগিয়ে এসেছে। গোটা শরীরে বেশ ঘাম হতে শুরু করেছে, বলা বাহুল্য ভয়ে। চোখের পলক পড়ছে না, ভাবছি ওই এক পলেই ছায়া শরীর দুটো আরো কাছে চলে আসবে। একটু দূরে দূরে আরো বেশ কয়েকজন। এ কি অশৈলী কান্ড রে বাবা! হঠাৎই কান ফাটানো এক আওয়াজ। দেখলাম একটি আগুনের গোলা আমার দিকে ধেয়ে আসছে। দুই পা অনড়। এক ছায়াময় আমার একদম কাছে এসে বললে, “বাবু, পিছে হ যাও। গাড়ী পিলাটফর্মে লাগছে। আপনাদের সিট হামি রাখব। ও বাবুর সাথে কোথা হোয়ে গেছে।” বুঝলাম এরা রেলের কুলী। আর এও বুঝলাম যে আমায় নিয়ে হাসিস ঝড় উঠবে কলেজে!
টাটানগরে পৌঁছেছি ভোর চারটে নাগাদ। সারারাত ঘুম হয়নি মোটেই। তেমনটা আশাও করিনি। হাওড়া স্টেশনের সেই অশরীরী তথা কুলীর দয়ায় আমাদের দুটি সিট জোগাড় হয়েছিল বটে। তবে সেই সিটে বসার সাথে আরাম শব্দের কোনো যোগাযোগ যে আদৌ ঘটবে না তা অবশ্যই শুরুতে বুঝতে পারি নি। ট্রেনের ভেঁপুর দিশেহারা শব্দ নিয়ে, নিকষ কালো অন্ধকারে ইঞ্জিনের হেডলাইট যখন আগুনের গোলার মতন আমার দিকে তেড়ে আসছিলো, এক ভুঁইফোড় অশরীরী যখন আমায় সিটের আশ্বাস দেবার চেষ্টা করছিল, অনিকেত আমার কানের কাছে ফিসফিস করে বলেছিল, “রাখে ভূতে, মারে কে! পিছিয়ে আয়, নাহলে তুই আদপেই ভূতের দলে ভিড়ে যেতে পারিস। জেনারেল কম্পার্টমেন্টের সিট কুলীদের সাথে লড়ে নেওয়া অসাধ্য। তাই দশটা টাকা দিয়ে দুটো সিটের ব্যবস্থা করেছি।”
একটু পরে মহা সুখে গুটিগুটি এসে পৌছেছিলাম কামরার দরজায়। ট্রেনের কামরায় তখন ‘কাক পড়ছে চিল উড়ছে’ অবস্থা। না হোক শ দেড়েক লোক ভেতরে। কামরার বাইরে ততোধিক। অগণিত এবং নানান আকারের মাথা চোখের সামনে, সাথে এক অদ্ভুত গন্ধ। ঘাম, কড়া আতর, ফুলেল তেল, তেলচিটে খাবার, পাকা কলা, আচারের তেল সব মিশিয়ে এক অদ্ভুত বিচ্ছেদের গন্ধ। তার সাথে জুড়েছে বিবিধ স্বরের চিৎকার, সাবধান বাণী, ফিরে আসার অঙ্গীকার, আর কখনো না ফিরে আসার হতাশা, চিঠি দেবার আশ্বাস, সাংসারিক হিসেবের এক্কেবারে শেষটুকু মিলিয়ে দেবার শেষ চেষ্টা, পরের শুনানির তারিখে ফয়সালা হয়ে যাবার ভরসা, ধলী গাইটার দুধ আরেকটু বাড়লে সাইকেল কেনার টাকা পাঠাবার প্রতিশ্রুতি, বখে যাওয়া ছেলেটাকে একটা বোর্ডিং ইস্কুলে ভর্তি করে দেবার আর্দ্র আর্তী, সবই যেন ঝাপসা রঙে ছোপান। স্থানুর মতন দাঁড়িয়ে যখন এইসব দেখছি, সেই একই ভাবে উদয় হয়েছিল সেই ভূত, থুড়ি কুলী মশাই। আমার হাত ধরে টানতে টানতে ওই মানব-প্রাচীর ভেদ করে এক অদ্ভুত কায়দায় আমায় নিয়ে হাজির করেছিল আমার নির্দিষ্ট সিটের সামনে। অনিকেত আমার অনেক আগেই পৌঁছে গেছে সেখানে। ট্রেন ছাড়তে আবিষ্কার করলাম আমরা জড়সড় হয়ে সিটে বসে আছি ঠিকই, আর আমাদের ঘিরে গোটা কম্পার্টমেন্টের মেঝেতে শুধুই মানুষ আর মানুষ। তারই মধ্যে থেকে কখন যে একটা হাসি হাসি মুখ আমার দিকে হাত বাড়িয়ে দেশলাই চাইছে তা খেয়ালই করিনি। আমি আসলে তাকিয়ে ছিলাম আমার উল্টো দিকের জানলায়। একটি বছর দশেকের বিচ্ছু ছেলে আর তার মা ট্রেনের ভিতর থেকে কথা বলছে সম্ভবত বাচ্চাটির বাবার সাথে, যিনি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। কথা হচ্ছে বাচ্চাটির বোর্ডিং ইস্কুল খোঁজা নিয়ে। তাতে অবিশ্যি বাচ্চাটির বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। সে তখন সন্তর্পনে তার পাশে বসে থাকা একটি শিশুর মাথায় চিবানো চুয়িংগাম লাগাতে ব্যস্ত। অনিকেতের খোঁচায় ঘাড় ঘুরিয়ে দেখি এক হাসি হাসি মুখ। দাঁতে পানের ছোপ, তেল চপচপ চুলে টেরি বাগানো, চোখে সম্ভবত সুর্মা দেওয়া বছর পঞ্চাশের লোকটা বাঁ হাতে বিড়ি পাকাতে পাকাতে আমার দিকে চেয়েছিল। দেশলাই নিয়ে আয়েশ করে করে বিড়ি ধরিয়ে চোখ বুজে দুটি টান দিয়ে দেশলাইটা আমায় ফেরত দিয়ে জিজ্ঞেস করলো, “টোয়েন্টি নাইন চলে?”
প্রথমটা বুঝতে পারিনি কি বলছে। আসলে একটু কৌতূহল নিয়েই দেখছিলাম লোকটির সাথে বসে থাকা ষোড়শী মেয়েটিকে। মেয়েটি খুব খুব বেমানান এই লোকটির সাথে। চেহারা ছবিতে আভিজাত্যের ছাপ স্পষ্ট। দারুন সুন্দরী না হলেও, লাবণ্যের কার্পণ্য করেননি ভগবান। একটি বেমানান সস্তার শাড়ি পরে বেশ অনভ্যস্ত আর কুন্ঠিত হয়ে প্রায় লোকটির আড়াল হয়ে বসে আছে। মাঝে মাঝে কৌতূহলী চোখে চারপাশটা এক ঝলক দেখে নিয়েই আবার তার মাথা নিচু। যুবতী হয়ে ওঠার সমস্ত লক্ষণ প্রকট হয়ে উঠলেও, সে এখনো কিশোরীই। তার অস্থির দৃষ্টিতে চপলতার চেয়ে কৌতূহলই বেশি। নিজের অজান্তেই বারবার চোখ চলে যাচ্ছে তার দিকে। মাথায় তখন অনেক প্রশ্ন উঁকি দিচ্ছে। যদিও তা একেবারেই অযাচিত এবং বেহায়া কৌতূহল। তবে একথা ঠিক যে শুধুমাত্র এই লোকটির সাথেই নয়, এই গোটা পরিবেশেই মেয়েটি খুব বেমানান। এ মেয়ের যেন থাকার কথা একটি বেশ সচ্ছল সরগরম পরিবারের সাথে। যারা শীতের ছুটিতে চলেছে পশ্চিমে, মধুপুর গিরিডি অথবা দেওঘরে। একটি রিজার্ভড কামরায় সকলে যেন গুছিয়ে বসে গানের অন্তক্ষরি খেলতে খেলতে মাঝে মাঝেই হেসে উঠছে অকারণে। মায়ের কপট ধমকে বেড়ে উঠছে হাসির দমক। এইসব সাতপাঁচ ভাবছিলাম ওই ভিড়ে কোনঠাসা অবস্থায়।
আমার কৌতূহল আন্দাজ করেই বোধহয় লোকটি একটি গ্যালগ্যালে হাসি ছুড়ে দিয়ে বললে, “আজ্ঞে ও আমার মানে, ইয়ে…. টুয়েন্টি নাইন চলে?”
বলে কি! অজান্তেই মেয়েটির দিকে আবার চোখ চলে গেল। অনিকেত বোধহয় আমার চিন্তার মোড় ঘোরাতেই তড়িঘড়ি বলল, “হ্যাঁ হ্যাঁ চলে। তবে আমাদের সাথে তাস নেই।”
লোকটির এক সঙ্গী, যাকে এতক্ষন খেয়ালই করিনি, অদ্ভুত কায়দায় ওই ভিড়ের মধ্যে কতকটা যেন সাঁতরে আমাদের সামনে পৌঁছে গেল। তার পকেট থেকে বেরোলো তাস। লোকটির কাঁধের গামছাটিকে একটা তেরছা টেবিল বানিয়ে শুরু হলো টোয়েন্টি নাইন। চলতে লাগলো তাস। ট্রেন তখন বেশ জোরে দৌড় দিয়েছে। গন্তব্যে পৌঁছনোর তাগিদ হটাৎ যেন জেগে উঠেছ। আমরা সবাই অপেক্ষা করছি গন্তব্যের। এই মেয়েটিও কি সেই অপেক্ষা নিয়ে বসে আছে?
তাসের সাথে চলতে লাগলো এক অদ্ভুত অসামঞ্জস্যের আড্ডা। একই সমাজে বাস করা অথচ সম্পুর্ন অজানা দুটি সমাজের মানুষের আড্ডা!
লোকটির নাম মুছেলাল। রাখা মাইন্সের একটি কোয়ারিতে কুলীর কাজ করে। তারা আদপে বিহারের লোক হলেও বহুকাল কলকাতার বাসিন্দা। গোটা পরিবার থাকে পোস্তার এক বস্তিতে। এই মেয়েটি বোধহয় ওর তৃতীয় পক্ষ। শুনে আরো অবাক হলাম যে প্রথম এবং দ্বিতীয় পক্ষ বর্তমান এবং একই পরিবারে থাকেন সবাই। বংশ রক্ষার তাগিদেই এই তৃতীয় পক্ষের আগমন। শুনে এত অবাক হয়েছি যে একটা ট্রাম্প করতে ভুলে গিয়ে দানটা হেরে গেলাম। অনিকেত কটমট করে আমার দিকে তাকিয়ে। তাসের ব্যাপারে ও খুব সিরিয়াস। মুছেলালের সঙ্গী তথা সহকর্মী বেশ রুস্তম লোক। একটু পরে সন্তর্পনে একটি ছিলিম বার করে তাতে যত্ন করে গঞ্জিকা সেজে বিনীত ভাবে আমার দিকে বাড়িয়ে ধরল। মনে পড়ে গেল সব্যসাচীর গিরিশ মহাপত্রের ছদ্মবেশের কথা। আসলে আমরা কে যে কখন ছদ্মবেশের বাইরে থাকি তা নিজেরাই ঠাহর করে উঠতে পারিনা। তাসের সাথে সাথে গপ্পো চলতে লাগলো। ক্রমশ জানলাম মুছেলালের বড়বউ জোর করে এই মেয়েকে নিয়ে আসে বিয়ে দেবে বলে। বংশরক্ষা বড় বালাই। এই মেয়ে সত্যিই বেশ অবস্থাপন্ন ঘরের মেয়ে। গেলবছর তার বড়বউ বাপেরবাড়ী গিয়েছিল। ভাগলপুর জেলার একটি গ্রামে তাদের বাড়ী। সেই গ্রামের এক ঠিকাদারের ছোট মেয়ে তার এই তৃতীয় পক্ষ। শুনে এক্কেবারে থ মেরে গিয়েছিলাম যে এই মেয়েকে তার বড়বউ রীতিমত ভাগিয়ে নিয়ে এসেছে, কলকাতার লোভ দেখিয়ে!
শারীরিক ক্লান্তি আর ধকলের জেরেই বোধহয়, চোখ লেগে গিয়েছিল শেষ রাতে। অনিকেতের ধাক্কায় ঘুম ভাঙলো। গাড়ী তখন টাটানগর স্টেশনে ঢুকছে। ওই ভিড় ঠেলে দরজায় পৌঁছতে অনেক কসরত করতে হবে। তাই তড়িঘড়ি উঠতে গিয়ে একেবারেই অজান্তে আমার হাঁটু ঠুকে গেল মুছেলালের কপালে। ক্ষমা চাইতে গিয়েই খেয়াল করলাম, এই রে, এরা নিশ্চই রাখা মাইন্স স্টেশনে নামতে ভুলে গিয়েছে। মুছেলাল ততক্ষনে উঠে পড়েছে। মেয়েটি, তার সঙ্গী তখনও ঘুমে কাদা। ঊষার নরম আলোয় গোটা কামরাটাই কেমন যেন মায়াবী ঠেকছে। প্ল্যাটফর্ম অবশ্য ঘোর বাস্তব এবং কোলাহলময়। জাগতিক বৈপরীত্যের কি অকপট সহাবস্থান। ব্যস্ত হয়ে মুছেলালকে জিজ্ঞেস করলাম তারা কি রাখা মাইন্সে নামতে ভুলে গিয়েছিল। সেই একই রকম গ্যালগ্যালে হাসি মাখিয়ে সে জানালো আপাতত তারা চলেছে ভাগলপুর। এই মেয়েকে তার বাড়ীতে ফেরত দিতে। কে জানে ঠিকাদারের লোক হয়ত তাদের জানেই মেরে দেবে। খুব সাবধানে থাকতে হবে। কিন্তু এই বাচ্চা মেয়েকে ভাগিয়ে এনে বিয়ে করার পাপ সে করতে পারবে না। আমি বিমূঢ়। ভাবছি কোনটা মায়ার জগৎ! গাড়ি ততক্ষনে দুলে উঠে এগোতে শুরু করেছে। অনিকেত প্ল্যাটফর্ম থেকে চেঁচাচ্ছে। মনে মনে ওই দলটার কুশল কামনা করে লাফ দিয়ে নামলাম টাটানগরের প্ল্যাটফর্মে।
॥ ২ ॥
ছাগলের চাহনী যে কি ভীষণ উদাসীন তা এমন ভাবে কখনো লক্ষই করিনি। তাতে যেমন মিশে আছে পরিপার্শিকের প্রতি বিস্মৃতি, আছে ততটাই তাচ্ছিল্য এই দুনিয়ার প্রতি। তেমনই এক তাচ্ছিল্য ভরা উদাসীন দৃষ্টি নিয়ে ছাগলটি ঠায় চেয়ে আছে আমার দিকে। তার ঠিক পাশটিতে উবু হয়ে বসে আছে একটি বছর দশেকের বাচ্চা। বগলে তার একটি মোরগ। কুচকুচে কালো মোরগ। নিশ্চই করকনাথের বংশজাত। এমন হাকুচ কালো মোরগ-মুরগি মধ্যপ্রদেশের ধার, ঝাবুয়া, বাস্তার জেলায় মূলত পাওয়া যায়। তাদের মাংসও হয় কালো। জল হাওয়ায় অত্যধিক আকরিক লোহা থাকার কারণেই সম্ভবত ঐরকম রঙ। তা সে যাই হোক, ইনি অত্যন্ত রাগী এবং প্রায় কটমট করে আমায় দেখছেন। বাচ্চাটির অবশ্য অশেষ কৌতূহল। তা স্বাভাবিক, কারণ আমি আর অনিকেত এদের থেকে আপাতদৃষ্টিতে বিরাট আলাদা না হলেও দলছুট তো বটেই। বাচ্চাটি আমায় দেখছে কতকটা কৌতুক আর অনেকটা বিস্ময় নিয়ে। তাদের ঠিক মাথার কাছটায় খাঁচায় ঝুলে আছে একটি পাক্কা গিন্নীপানা টিয়া। সেও ঘাড় বাঁকিয়ে আমায় দেখছে অনেক্ষন থেকে। অনেক প্রশ্ন তার। হয়ত মাঝে মাঝে এক আধটা ছুঁড়েও দিচ্ছে। আমি ধরতে পারছি না। তার মালিক, যার হাত থেকে সে খাঁচায় ঝুলে আছে, সে অবিশ্যি আমার প্রতি উদাসীন। কারণ একটু আগেই সে আমায় সাফ জানিয়ে দিয়েছে যে কামরায় আর জায়গা নেই। তা সত্যিই নেই। তিল ধারণের জায়গা নেই। শুধু এই কামরা কেন গোটা ট্রেনটাতেই তিল ধারণের জায়গা নেই। ওই ছাগল, মোরগ, বাচ্চাটি, টিয়া, সাইকেল, বস্তা ইত্যাদি সমেত অগণিত মানুষ আমাদের অনেক আগেই ট্রেনটিতে উঠে পড়েছে।
এই ট্রেনটি টাটানগর থেকে বাদাম পাহাড় যায়, গরুমহিসানী হয়ে। সপ্তাহে দুদিন মাত্র ট্রেনটি চলে। ওই অঞ্চলের মানুষের নিকটবর্তী বড় শহর টাটানগরে আসার এই একটি মাত্র ট্রেন। তাছাড়া গতকাল কোনো রাজনৈতিক মিছিলে অংশ নিতে অনেকেই টাটানগরে এসেছিলেন। যাদের একটা অংশ আজ ফিরছেন। সব মিলিয়ে ট্রেন টইটম্বুর। গত মিনিট বিশেক চেষ্টা করে কোনো কামরায় উঠতে পারিনি। আপাতত হতোদ্যম হয়ে একটি বেঞ্চে বসে বসে সামনের কামরার গেটের কাছে দাঁড়ানো এইসব যাত্রীদের দেখছিলাম। অনিকেত কোথাও একটা দৌড়োলো শেষ চেষ্টা করতে। ভগবান জানেন কি সেই চেষ্টা। ট্রেনটি এতক্ষনে ছেড়ে যাওয়ার কথা। কে জানে কেন এখনো দাঁড়িয়ে আছে। মোরোগটি তাইই হয়ত এমন রেগে আছে।
সকাল প্রায় সাড়ে সাতটা বাজছে। বেশ একটা তিরতির ঠান্ডা ভাব। শরৎ যাই যাই করেও গড়িমসি করছে। আকাশের রঙে রোজ একটু একটু করে নীল মিশে শীতের সাজ সাজছে প্রকৃতি। কয়েক টুকরো ফুরফুরে সাদা ফাজিল মেঘ সেই সাজঘরে মাঝেমাঝেই উঁকি দিচ্ছে। সব মিলিয়ে ভুলেই গিয়েছিলাম যে বাদাম পাহাড় যাওয়ার ট্রেন ধীরে ধীরে এগোতে শুরু করেছে। পরক্ষনেই খেয়াল করলাম আমার নাম ধরে কেউ ডাকছে। আরে, কেউ কি, অনিকেতই ডাকছে। কোথায় সে? অবশেষে দেখতে পেলাম ট্রেনের পিছনের দিকের একটি কামরার গেটে দাঁড়িয়ে আমার নাম ধরে ডাকতে ডাকতে হাত নাড়ছে। তড়িঘড়ি উঠে দাঁড়ালাম। ভাগ্যিস কামরাটা আমার পিছনে। ট্রেনের গতি খুবই ধীর, তাই চলতি ট্রেনে উঠতে তেমন বেগ পেতে হলো না। লাগেজ বলতে দুজনেরই একটি করে কিট ব্যাগ। কিন্তু কিমাশ্চর্যম! গোটা কামরাটাই খালি!! সাধারণ কামরা থেকে এই কামরা অবশ্য আলাদা, তা এক নজরেই বুঝলাম। চারটি বসার বেঞ্চ আর বাকিটা খালি। তাতে বেশ কিছু বস্তা আর নানা সাইজের বাক্স। আমার সপ্রশ্ন দৃষ্টির বিনিময়ে অনিকেত জানালো এটি RMS, অর্থাৎ রেল মেইল সার্ভিসের কামরা। অনিকেত আর তার 'ব্যবস্থার' গুন, দণ্ডবৎ হই!
অপ্রাসঙ্গিক ভাবেই, তবুও অনিকেতের ‘ব্যবস্থা’ করে ফেলার ছেলেবেলার একটা ছোট্ট ঘটনা বলে নি। ওদের পারিবারিক ব্যবসা আসবাবপত্রের। একান্নবর্তী পরিবার। আমাদের ইস্কুলের পাশেই ওদের বাড়ী এবং তৎসংলগ্ন দোকান। স্কুল জীবনে বহুবার অসময়ে ওদের বাড়ীতে উদয় হয়েছি, পাত পেড়ে খেয়ে এসেছি। মাসিমা এবং জেঠিমাকে আমার মায়ের থেকে কোনোভাবেই আলাদা মনে হয়নি কখনো।
দুটি দোকান ওদের, মুখোমুখি, বরানগরের একটি মূল রাস্তার ওপর। একটিতে ওর বাবা বসতেন আর অন্যটিতে ওর জ্যাঠা। তবে ওই অঞ্চলের সকলেই জানতেন এটি ওদের পারিবারিক ব্যাবসা এবং এও জানতেন যে দুটি দোকানের যে কোনটিতেই আসবাবের মান অথবা দামের কোনো তফাৎ হবে না।
একবার পারিবারিক কোনো বচসার কারণে অনিকেতের জ্যাঠা তাঁর দোকানের সাইনবোর্ডে দোকানের নামে নিচে লিখে দিলেন ‘আমাদের কোনো শাখা নাই’। কেউই তা খেয়াল করেনি প্রথমটায়। অথবা খেয়াল করলেও তেমন পাত্তা দেয়নি। অনিকেত ব্যাপারটা জেনেছিল আমাদেরই কোনো বন্ধুর থেকে, ইস্কুলে বসে। পরের দিন সকালে ওদের গোটা বাড়ীতে হাসির ঝড়, হুলুস্থুল কান্ড। দেখা গেল অনিকেতের বাবা যে দোকানটিতে বসতেন, তার সাইনবোর্ডে দোকানের নামের নিচে কেই অপটু হাতে অভিমানী অক্ষরে লিখে রেখেছে ‘আমাদের কোনো জ্যাঠা নাই’। বলা বাহুল্য, দুটি অবান্তর মন্ত্যব্যই অচিরে মুছে দেওয়া হয়েছিল সাদা রঙ দিয়ে। পারিবারিক বচসা হয়ত তারপরেও অনেক হয়েছে, কিন্তু তার বহিঃপ্রকাশ বোধহয় আর হয়নি। সুতরাং অনিকেতের 'ব্যবস্থার' প্রতি আমার অগাধ ভরসা।
RMS র ভঞ্জবাবু কম কথার মানুষ। সেই টাটানগর থেকে একটি জাবেদা খাতায় কিছু হিসেব মিলিয়ে চলেছেন। মানুষটার বয়স চল্লিশের নিচেই হবে। চোখে মোটাফ্রেমের চশমা। গালে কয়েকদিনের বাসী দাড়ি। একটা নীল রঙের প্যান্টের সাথে ভীষণ বেমানান হলদে রঙের হাওয়াই শার্ট। দুনিয়ার প্রতি তেমন আগ্রহ নেই। নিজের কাজটুকু নিয়েই মগ্ন।
আমরাও তেমন কথাবার্তা বলছি না। গোটা কামরাই প্রায় নিস্তব্ধ। অথচ বাকি কামরাগুলিতে কিরকম হাট বসেছে তা আমরা খুব জানি। এদিকে শহুরে নাগাল পেরিয়েই প্রকৃতি তার রূপের দেমাক দেখাতে শুরু করেছে। নানান রঙের তুলির আঁচড় চারপাশে। সযত্নে লালিত খেত, অযত্নে পালিত আগাছার ঝোপ, সংসার পেতে বসে থাকা বট-অশ্বত্থ গাছের গোড়ায় বসে হাটুরে আড্ডা, অনেকটা দূরে দূরে সতর্ক পাহারায় দাঁড়িয়ে থাকা একদল করে তালগাছ, মাঝে মাঝে দু একটা ভুতুড়ে অগোছালো আশসেওড়া গাছ নানা সুতোর বাঁধনে দম আটকে অপেক্ষা করছে, কিসের কে জানে! আর এই নানান রকমের সবুজের মাঝেই কখনো ছাই রঙা টলটলে বিলের জলের ধারে স্থিতধী বক-দম্পতি একদৃষ্টে চেয়ে আছে জলের দিকে, একটি বোকা মাছের অপেক্ষায়। সাইকেলের সামনে বসে একটি বাচ্চা মেয়ে মহা আনন্দে ইস্কুলে চলেছে। তার বিনুনির লাল ফিতে হওয়ায় উড়ছে স্বাধীনতা দিবসের পতাকার মতন। একটি ছোট ছেলে গুলতি নিয়ে একমনে টিপ করছে একটি গাছের দিকে। সেটা বোধহয় তার বন্ধুর পছন্দ নয়। হয়ত তাকে নিরস্ত করতেই একটানে ছেলেটির ঢোলা হাফ-প্যান্ট টেনে নামিয়ে দিয়েই দে’ছুট।
এই এতসব আমি দেখতে পাচ্ছি কারণ ট্রেনটি খুবই ধীরে চলছে। বোধহয় মিটার-গেজ লাইন। বেশ দুলকি চালে চলেছে ট্রেন। একসময় এতটাই আস্তে চলছে যে মনে হয় নেমে একটু বেড়িয়ে আসি। আমাদের অবিশ্যি তাতে কোনো আপত্তি নেই। এই ট্রেনে উঠতে পেরেছি এইই অনেক। অনিকেত ভঞ্জবাবুর সাথে মাঝে একটু খেজুরে আলাপ জোড়ার চেষ্টা করেছিল। তেমন সুবিধে করতে পারে নি। তবে মাঝে এক বার মুখ তুলে উনি জানিয়ে দিয়েছেন যে এই ট্রেনটি প্রথমে যাবে গরুমহিসানী এবং সেখান থেকে হলদিপুকুর স্টেশনে আবার ফেরত এসে তারপর যাবে বাদাম পাহাড়। সুতরাং আমরা চাইলে হলদিপুকুরে নেমে ঘন্টা দেড়েক এদিক সেদিক ঘুরে বেড়াতে পারি। তারপর ট্রেনটি ফিরলে আবার বাদাম পাহাড়ের উদ্যেশ্যে যাত্রা শুরু। শোনার পর থেকে বড্ড মানসিক দ্বন্দ্বে পড়েছি। প্রায় মুফতে গরুমহিসানী দেখা হতে পারে। আবার হলদিপুকুর নামটাই এত মিষ্টি যে একবার উঁকি দিতে ইচ্ছে করছে।
লাল মাটির মালভূমি গোছের ধু ধু প্রান্তর ঘিরে রয়েছে ছোট ছোট পাহাড়। ট্রেন যত গরুমহিসানীর দিকে এগোচ্ছে, আশপাশের ছবিটা একটু একটু করে বদলাচ্ছে। সবুজের দাপট কমছে। তবে ছোট ছোট পাহাড়ের গা বেয়ে পাতলা জঙ্গল সর্বক্ষণ সাথেই আছে। ওড়িশার ময়ূরভঞ্জ জেলার কথা জানা যায় মূলত আকরিক লোহা উৎপাদনের জন্যে। এক সময়ে ভঞ্জ রাজাদের রাজত্ব ছিল এই অঞ্চলে। 1910 সাল নাগাদ রাজা শ্রীরামচন্দ্র ভঞ্জ দেও নিয়োগ করেন ভূতত্ববিদ প্রমথ নাথ বসুকে এখানকার খনিজ সম্পদ খোঁজার কাজে। আবিষ্কার হয় আকরিক লোহার অফুরন্ত ভান্ডার। ক্রমশ তার সমস্তটাই ঠিকায় দেওয়া হয় টাটা স্টিল কোম্পানিকে।
সে যাই হোক, আমরা এসেছি জঙ্গল দেখতে। এও জঙ্গলের এক রূপ, রুক্ষ রূপ। গোটা ট্রেনটি এখন প্রায় খালি। বাদাম পাহাড়ের যাত্রীরা সবাই হলদিপুকুরে নেমে গেছেন। কেউ জলখাবার সারবেন, কেউ হয়ত ওখানকার কোনো আত্মীয়র বাড়ীতে হটাৎ একটা চমক দিয়ে চট করে ফিরে আসবেন, কেউ কেউ আবার নেহাতই হাত-পা ছড়িয়ে স্টেশনেই বসে অপেক্ষা করবেন এই ট্রেনটির। আমরা অবশ্য গরুমহিসানী দেখারই সিদ্ধান্ত নিয়েছিলাম। তা ছাড়া একটা উটকো কাজও জুটে গেল। হলদিপুকুরে ট্রেনটি ঢুকতেই দেখা গেল একটি উদগ্রীব পরিবার অপেক্ষা করছে। অচিরেই জানা গেল সেটি ভঞ্জবাবুর পরিবার। বাড়ীতে কিছু একটা ঘটেছে বোধহয়। সেকথা ভঞ্জবাবুকে জানাতেই গোটা পরিবার স্টেশনে অপেক্ষা করছিল। পরিবারের মানুষদের সাথে কথা বলে, কিছু একটা ভেবে ভঞ্জবাবু আমাদের কাছে এসে জিজ্ঞেস করলেন, “তোমরা তো গরুমহিসানী যাবে ঠিক করলে। আমার একটা ছোট কাজ করে দেবে?”
ওঁর বদান্যতায় আমরা এমনিতেই কৃতজ্ঞ। সুতরাং ওঁর জন্যে কিছু করতে পারলে আমরা খুশিই হই। সাগ্রহে মাথা নাড়লাম। ভঞ্জবাবু বললেন, “শোনো, আমার এখন একবার বাড়ী যাওয়া দরকার। ট্রেনটি ফিরে আসা অবধি আমি আবার এসে যাবো। তোমরা তো গরুমহিসানী যাচ্ছই। এই বস্তা গুলির থেকে দুটি বস্তা ওখানকার রেলের ডাকবাবুকে দিয়ে এই কাগজে সই করিয়ে নিতে হবে।”
বলে কাগজে নির্দিষ্ট দুটি লাইনে টিক দিয়ে দিলেন। কিন্তু আমার মনে স্বাভাবিক একটি প্রশ্ন এলো। জিজ্ঞেস করলাম, “ওখানকার ডাকবাবু যদি জিজ্ঞেস করেন আমরা কে? মানে, উনি তো নিশ্চই আপনাকেই চেনেন।”
ভঞ্জবাবু আমার প্রশ্ন প্রায় উড়িয়ে দিয়ে বললেন, “আরে সর্বেশ্বর, মনে ওই ডাকবাবু, এত কিছু জানতে চাইবে না। আর বললে বলবে ভঞ্জবাবু পাঠিয়েছে। ব্যাস, আর কিছু বলার দরকার নেই।” তারপর ট্রেন থেকে নেমে যাওয়ার আগে কি একটা মনে পড়ায় ফিরে এসে বললেন, “ আর শোনো, ট্রেনটি ওখানে মিতিন দশেক দাঁড়ায়। ইঞ্জিন আলাদা হয়ে আবার ফিরে এসে ট্রেনের উল্টো দিকে ভেড়ানো হয়। তোমরা আবার দুজনেই এক সাথে RMS কামরা ছেড়ে নেমে যেওনা যেন।”
গরুমহিসানী স্টেশনটি নেহাতই মালবহনের উপযোগী করে বানান হয়েছে। তবে মানুষ বড় একটা আসেও না এখানে ট্রেনে চেপে। এই একটি ট্রেনই আসে এখানে। বাকি সব মালগাড়ি। তাই প্ল্যাটফর্ম বলে তেমন কিছু নেই। কামরা সংলগ্ন সিঁড়ি দিয়েই নামতে হয়। ছোট্ট একটি গুমটি, বোধহয় স্টেশন মাস্টারের অফিস। ওটি দেখেই আন্দাজ করে নিতে হয় কোনটি প্ল্যাটফর্ম। লাল মাটির ওপরে দায়সারা মোরাম বিছানো। এই ঝকঝকে শরতের সকালেও গোটা প্ল্যাটফর্মটি ঝিমোচ্ছে। কোথাও কোনো হকার নেই, গাড়ি-ঘোড়া-রিকশার প্যাক-প্যাক নেই। সাকুল্যে দুজন হাটুরে মানুষ ট্রেন থেকে এখানে নামলেন এবং প্রায় সাথে সাথেই নিকটবর্তী জঙ্গলের পথে উধাও হয়ে গেলেন। কেবল একটা বাতাসের শব্দ হয়ে চলেছে নাগাড়ে। স্টেশন চত্বর ঘিরে একটা ছোট্ট জঙ্গল মতন। মূলত ইউক্যালিপটাস আর শাল গাছ। অন্তত এই দুটি আমি চিনি। বাকি আরো নিশ্চয়ই অনেক রকমের গাছ-গাছালি আছে। হওয়ার শব্দটা ওখান থেকেই উঠছে। দেখলাম একটি বেঁটেখাটো লোক ওই গুমটি ঘর থেকে বেরিয়ে আমাদের কামরার দিকেই আসছে। আমাদের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হয়েছেন। ইনিও ভঞ্জবাবুর বয়সই হবেন। ইনিই নিশ্চই সর্বেশ্বর। অনিকেত অনেক বেশি চটপটে আর স্মার্ট। হাসিমুখে নমস্কার করে বললে, “ভঞ্জবাবুর একটা খুব জরুরী কাজ পড়ে গেল, তাই আজ আর উনি আসতে পারলেন না।” অনিকেতের ভাবটা অনেকটা এয়ার-ইন্ডিয়ার হোস্টেসদের মতন।
সর্বেশ্বর বোধহয় অতটা আদবকায়দায় অভ্যস্ত নয়। ভ্রু কুঁচকে আমাদের একটু জরিপ করে হাত বাড়ালেন। অনিকেত কাগজটি ওঁর হাতে দিতেই অভ্যস্ত হাতে নিজের দুটি বস্তা তুলে নিয়ে সই করে ফেরত দিয়ে বললেন, “ভঞ্জবাবুর রোজই কাজ পড়ে যাচ্ছে দেখছি। গত দুই হপ্তায়ও তো অন্য লোক এলো। তার আগে মিসির জি।”
অনিকেত সাত তাড়াতাড়ি ভঞ্জবাবুর পক্ষ সমর্থনে বলে উঠলো, “আরে আজ তো ওঁর পরিবারে একটা দুর্ঘটনা ঘটেছে। হলদিপুকুরে সবাই ওর জন্যে অপেক্ষা করছিল।”
সর্বেশ্বর সন্দেহের চোখে আমাদের আরো একবার দেখে নিয়ে কতকটা তাচ্ছিল্যের স্বরে বললেন, “ভঞ্জবাবু তো বারিপদার লোক। টাটায় বাসা নিয়ে একা থাকেন। তার আবার হলদিপুকুরে পরিবার আছে বলে তো জানি না!”
এই রে! কম্ম সেরেছে। ভুল মাঠে, ভুল দিকে, ভুল খেলায়, স্ট্রেট ব্যাটে খেলার বদলে লম্বা শটে গোল করার চেষ্টা করছিলাম! সুতরাং ‘স্পিকটি নট’ হয়ে গেলাম মুহূর্তে। কথা ঘোরাতেই জিজ্ঞেস করলাম, “স্টেশনে কোনো খাবার জলের কল দেখছি না….”
সর্বেশ্বর জানালেন, “কল নেই। ওই অফিস ঘরের পিছনেই পাতকুও আছে। মিষ্টি জল, খেতে পারেন। আমরা ওই জলই খাই।” বলে কামরা থেকে নামার সময় আপন মনেই বলতে লাগলেন, “রিটিয়ারমেন্টের আর কয়েক মাস বাকি, এই বয়েসে ভঞ্জবাবু চাকরিটা খোয়ালে পেনশনটা খামোখা মার যাবে….”
আমাদের তখন এক গাল মাছি। RMS র ভঞ্জবাবু তাহলে কে! আমাদের হলদিপুকুরের লোকটি নয় বলা বাহুল্য। তবে সে আমাদের আশ্রয়দাতা তো বটেই। সুতরাং আমাদের সকলের বালখিল্য ছদ্মবেশই বজায় থাক! আর অহেতুক কৌতূহল নয়। ওই না-ভঞ্জবাবুই আমাদের ভঞ্জবাবু!
অনিকেতকে বসিয়ে আমি নামলাম জলের খোঁজে। আমাদের ট্রেনের ইঞ্জিন বাকি কামরা গুলিকে অসহায় পরিবারের মতন অপেক্ষায় রেখে সেঁধিয়ে গেল জঙ্গলের ভিতরে। আবার সব নিস্তব্ধ। চুপ চাপ। হওয়ার আওয়াজ গাঢ় হচ্ছে ক্রমশ। কুও খুঁজতে তেমন অসুবিধে হলো না। উঁকি দিয়ে দেখলাম টলটলে কালো জলে ইউক্যালিপটাস গাছের শিলুয়েট। কতটা গভীর কে জানে! ওই পরিবেশের জন্যেই বোধহয় কেমন একটা গা ছমছম করে উঠলো, অকারণেই। কুও অনেকটা মনের মতন। তল দেখা যায়না, গভীরতাও মাপা যায় না। অথচ মনে হয় কুওর তল দেখতে পেলেই সব রহস্য শেষ। তাই না দেখাই ভাল। এইসব ভাবতে ভাবতে কপিকলে লাগানো বালতিতে এক বালতি জল তুলে মুখে-ঘাড়ে বোলাতেই পরম শান্তি। এদিকে তেমন ঠান্ডা ভাবটা নেই। বেলার সাথে সাথে রোদও বেড়েছে। তাই জলটা বেশ আরাম দিল। পান করেও পরম শান্তি। সত্যিই মিষ্টি জল। খাঁটি মিনারেল ওয়াটার! হটাৎ লক্ষ করলাম একজন হাটুরে মানুষ কখন যেন এসে দাঁড়িয়েছে। হাত পাঁচেক দূরে। ইনি কোত্থেকে এলেন! ত্রিসীমানায় কোনো লোক দেখিনি তো! লোকটির পরনে একটি মলীন ধুতি, হাঁটুর ওপরে। শরীরে কেবল একটি আলোয়ান জড়ানো। কিন্তু লোকটার চোখে চোখ পড়তেই ভেতরে কেমন একটা অনুভূতি হল। লোকটার চোখ মোটেই হাটুরে মানুষের নয়। তার দৃষ্টি গভীর। আমি যে এখানে অনাহুত তা সে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে কেবল তার দৃষ্টি দিয়ে। সাত তাড়াতাড়ি সরে এসে ওঁকে জায়গা করে দিলাম। নিশ্চই জল খেতে এসেছেন। তবে হাতে তো কোনো পাত্র দেখছি না। যাই হোক, মানুষটি কিন্তু তার জায়গা থেকে এক চুলও নড়ল না। ঠায় তাকিয়ে রইল আমার দিকে। আমি বরাবরের ভীতু। মা ঠাট্টা করে একটা কথা বলতেন, ‘ঠিক দুক্কুরবেলা, ভূতে মারে ঢেলা’। ব্যাস, এটা মনে পড়তেই টিমটিম করতে থাকা সাহসের বাতিটা ফুৎ করে নিভে গেল। এক দৌড়ে এক্কেবারে RMS কামরার দরজায়। জানি অনিকেত কে বললে আবার হাসবে। তাই চুপচাপ বসে গেলাম। কিন্তু বিলক্ষণ টের পাচ্ছিলাম সেই লোকটা আমাদের ওপর, এই ট্রেনটির ওপর নজর রাখছে। অনিকেত আমার এক্কেবারে ছোটবেলার বন্ধু। আমায় ঠিক চেনে। কতকটা বিরক্ত হয়েই বলল, “এখানেও ভূত দেখলি! এই সকালে!! পারিস বটে। তা কিসের ভূত ছিল? গরু না মহিষের?” এসব বিদ্রুপের উত্তর দেওয়ার কোনো মানে হয় না। অপেক্ষা করতে লাগলাম কতক্ষণে ট্রেনটি এখন থেকে ছেড়ে বেরোয়।
॥ ৩ ॥
বাদাম পাহাড়কে বড়জোর সেজ-গঞ্জ বলা চলে। প্রায় ছোটর মতনই। জঙ্গলের আঁচলের আবডালে অনেক অনুনয় করে সামান্য জায়গা পেয়েছে তার এই সেজ-গঞ্জ গড়ে তোলার। স্টেশনের বাইরে একটি চা-জলখাবারের দোকান। নেহাতই মামুলি খাবার-দাবার পাওয়া যায় বলা বাহুল্য। তবে তাতে খিদে বেশ মেটানো যায়। কয়েকটা সাইকেল দাঁড় করানো। মানুষ নিশ্চই এখানে সাইকেল জমা রেখে এই ট্রেনেই আবার টাটানগর যাবে। ফিরবে দু দিন পরে। খিদে পেয়েছিল আমাদের খুব। পাঁচফোড়ন দিয়ে রাঁধা খোসাওয়ালা আলুর তরকারিতে লুকোচুরি খেলতে থাকা কয়েক টুকরো ছোলা আর তার সাথে গরম গরম ভাজা আটার লুচি। আহা, অমৃত!! গতকাল সন্ধ্যায় বাড়ী থেকে খেয়ে বেরোবার পরে এই প্রথম পেট ভরে খাওয়া!! অনেকগুলো লুচি গলাদ্ধকরণের পর লাল জিলিপিতে আয়েশ করে একটা কামড় দিয়ে অনিকেত শুরু করলো তার মামার খোঁজখবর। ফরেস্ট ডিপার্টমেন্ট সকলেই চেনেন। অফিস এবং স্টাফ কোয়ার্টার সবই যাশিপুরে। এখন থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে। যাশিপুর শিমলিপাল জঙ্গলে ঢোকার একটি দিক। তবে সমস্যা হল এখন থেকে যাশিপুর যাবার কোনো তেমন ব্যবস্থা নেই। আশার কথা একটাই যে ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ী এদিকে হামেশাই আসে, সুতরাং তাদের সাথে ঝুলে পড়তে পারলেই হল। এখন শুধু গাড়ীটা আসার অপেক্ষা। অনিকেত যে একটা ব্যবস্থা করে ফেলবেই, সে ব্যাপারে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই।
ভেলিগুড় দিয়ে বানানো চায়ে একটা চুমুক দিয়ে মুখ তুলেই দেখি না-ভঞ্জবাবু হন্তদন্ত হয়ে প্ল্যাটফর্মের দিকে যাচ্ছেন। গাড়ী ছাড়ার সময় হয়ে এলো বোধহয়। গরুমহিসানী থেকে হলদিপুকুরে ফেরত এসে দেখি না-ভঞ্জবাবু সমেত গোটা ট্রেনের প্যাসেঞ্জাররা প্যাটফর্মে যথারীতি বিদ্যমান। বলবো না বলবো না করেও অবশেষে গরুমহিসানীতে সর্বেশ্বরের সাথে আমাদের কথোপকথনের ব্যাপারটা ওকে বলেই ফেললাম। কতকটা অপরাধবোধ থেকেই হয়ত। আমাদের বোকামির কারণে বেচারা আসল ভঞ্জবাবুর চাকরি যাক তা আমরা মোটেই চাই না। মন দিয়ে পুরোটা শুনলেন না-ভঞ্জবাবু। তারপর কতকটা সগতোক্তির মতনই বললেন, “সর্বেশ্বর এত কিছু বললো!” বলে আবার সেই জাবেদা খাতায় মন দিলেন। আমাদের খানিকটা ভারমুক্ত মনে হলো। যাক, আসল ভঞ্জবাবুর কাছে বার্তাটি পৌঁছলে উনি নিশ্চই সাবধান হবেন। একটু পরে না-ভঞ্জবাবু হঠাৎই মুখ তুলে আমাদের দিকে চেয়ে বললেন, “সর্বেশ্বর কে কেমন দেখতে ছিল বলো তো?” আমরা যত বর্ণনা দিচ্ছিলাম, ওর মুখে ততই এক অদ্ভুত বিজয়ীর হাসি ফুটে উঠছিল। এবারও মন দিয়ে পুরোটা শুনলেন এবং আরেকটি স্বগতক্তি করলেন, “ব্যাটা সর্বেশ্বরের চাকরিটাও এবার যাবে।” তারপর আমাদের দিকে চেয়ে বললেন, “আমাদের এই চাকরিতে সারাক্ষন পায়ের তলায় সর্ষে, বুঝলে? তারই মধ্যে ঘর সামলাতে হয়, ফসল কাটাতে হয়, সাংসারিক দায়-দায়িত্ব পালন করতে হয়। চিঠি-পাটির মতন দু একটা মানুষও মাঝে মাঝে এদিক ওদিক ভুল ঠিকানায় পৌঁছে যায়, তবে কাজটা ঠিক করেই হয়।” বলে আবার খাতায় মন দিলেন। ব্যাস, আর কোনো কথা হয়নি বাদাম পাহাড় পৌঁছনো অবধি। জঙ্গলের দিকে চেয়ে যখন আফসোস করছিলাম যে আমি প্রায় কোনো গাছই চিনি না, তখন মনে হলো মানুষের জঙ্গলটা তো আরো অচেনা, অজানা।
অনিকেতের মামা আমাদের থেকে বড়জোর বছর সাত-আটের বড় হবে। কোনো এক অজ্ঞাত কারণে অনিকেত তাকে মাতু বলে ডাকতো। হয়ত মাতুলের অপভ্রংশ, কে জানে। তবে মামাও তাতেই স্বচ্ছন্দ বোধ করত। ছেলেবেলা থেকে অনিকেতদের বাড়ীতে আমার যাতায়াতের দরুন মামাকে আমিও চিনি বহুকাল থেকে। সে আমারও মাতু। মাতুর ছোট্ট কোয়ার্টারটি খুব সাদামাটা হলেও তার চতুর্দিকে আরণ্যক স্নিগ্ধতা তাকে অনন্য করে তুলেছে। সাকুল্যে গোটা পাঁচেক দালান বাড়ী। অনেকটা জায়গা জুড়ে ছোট ছোট দু কামরার বাড়ীগুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মূলত কিছু শাল, শিমুল গাছের পাতলা জঙ্গলের মাঝে এই বাড়ীগুলি কোনোমতে জায়গা করে নিয়ে গজিয়ে উঠেছে। মোটামুটি মাঝখানে একটি বেশ বড় ইদারা বা কুও। সব কাজই তোলা জলে করতে হয়। তবে জলটি যেমন মিষ্টি তেমনি শিতল। কয়েকটি বাড়ির সামনে ছোট্টমতন মামুলি বাগান চোখে পড়ল। একটা গন্ধরাজ বা বাতাবী লেবুর গাছ, লঙ্কার চারা, গাঁদা বা জবা ফুলের গাছ। যে যেমন পারে তার আঙিনাটুকু সাজানোর চেষ্টা করেছে। ওই জঙ্গলের জীবনে এই বাগানটুকুই বুঝি একটি প্রধান বিনোদন। সহকর্মী এবং প্রতিবেশীরা একে অপরকে ডেকে দেখান তার গাছের প্রথম লঙ্কাটি, অথবা বাতাবী লেবুর ফলন, লাউয়ের চারায় ফলের আভাস। শেষ বেলার অলস পড়ন্ত রোদে গা ভিজিয়ে একটু আড্ডা হয়, লেবু-লঙ্কা দিয়ে কয়েতবেল মাখায় টাকনা দিতে দিতে খানিক গল্পগাছা করেন ঘরণীরা, উনানে সন্ধের আঁচ দেবার আগটিতে। সদ্য বিয়ে হয়ে আসা নতুন বৌটি তারই মাঝে অন্যমনস্ক উদাস চোখে চেয়ে থাকে জঙ্গলের পানে। হয়ত অপেক্ষা করে সেই মানুষটির যার প্রিয় হয়ে ওঠার নিরন্তর চেষ্টা সে চালাচ্ছে সেই কনে সাজার দিনটি থেকে। অথবা হয়ত ভাবে তার শহরের কথা। কোলাহলময়, মানুষময়, দূষিত বাতাসময় শহরে আজন্ম একটা জীবন কাটিয়ে হঠাৎ একটি প্রায় অচেনা অজানা মানুষের সাথে, পাণ্ডববর্জিত এই জঙ্গলে ঘরণী হয়ে ওঠা কি মুখের কথা! হোক না সে অরণ্য সুন্দর, অকলুষিত বাতাসময়, মাদকতাময়, কুহকী, হোক না সে অনেকটা সময় পায় তার নিজের জন্যে, তবু এই অরণ্য খুব অচেনা, ওই মানুষটিরই মতন। তাই তারা পরস্পরের কাঙ্খিত হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় অবিরত। অজান্তেই চোখ চলে যায় দিকচক্রবালে। শেষ গোধূলির আলোয় সবুজ অরণ্য নীলচে চাদর জড়িয়ে নেয় শরীরে। ইতস্তত ধোঁয়ার কুন্ডলি উঠতে দেখা যায় আদিবাসী গ্রামগুলো থেকে, রাতের খাবারের তোড়জোড় শুরু হয়েছে। দিনের আলো সম্পূর্ণ চলে যাবার আগেই তাদের আহার সারতে হয়। যেমন এই মুহূর্তে গোটা জঙ্গল জুড়ে আহারের প্রস্তুতি হয়ে চলেছে। শিকারি আর শিকারের বেঁচে থাকার লড়াই।
বনকর্মীদের এই জঙ্গলের জীবন বড়ই নিঃসঙ্গ। মাতুর অবস্থাও তথৈবচ। আমাদের পেয়ে যেন হাতে চাঁদ পেয়েছে। মাতু সম্পর্কে মামা হলেও আমাদের প্রায় বন্ধুর মতন। সবরকম কথাবার্তাই হতো আমাদের মধ্যে। সিগারেট-বিড়ি ও চলত। তার বাইরে যাবার আত্মিক বাধন না থাকলেও অর্থনৈতিক বাধন ছিল। সুতরাং তিন জনের দুবেলা চড়ুইভাতির দিনগুলি ভালোই কাটতে লাগলো। রবিবারে আমাদের নিমন্ত্রণ হল সমাদ্দারবাবুর বাড়িতে। উনিই মাতুদের কর্তা। শুধু বয়সেই নয়, পদের দিক দিয়েও সব থেকে সিনিয়র। পঞ্চাশের কাছাকাছি বয়স হলেও সুন্দর স্বাস্থ্য ওঁর। মাইলের পর মাইল পায়ে হেঁটে তদারকিতে বেরোন বনকর্মীদের সাথে প্রায়ই। ওঁর মতে জঙ্গল চিনতে এবং জানতে হলে, তদুপরি জঙ্গলের সংরণক্ষনের কাজ সঠিক করে করতে হলে পায়ে হেঁটে, হাতে ছুঁয়ে, শুনে, শুঁকে জঙ্গলকে বোঝাটা জরুরি। ওঁর কর্মগুরু এবং শিক্ষাগুরু হলেন সরোজরাজ চৌধুরী। যিনি ভারতের প্রথম সারির বন-সংরক্ষণকারী এবং পরিবেশবিদ হিসেবে পদ্মশ্রী খেতাব পান 1983 সালে। ময়ূরভঞ্জ জেলার এই শিমলিপাল অভয়ারণ্যের উনি কেবল ভারপ্রাপ্ত অধিকারিই ছিলেন না, উনিই এই অভয়ারণ্যের পত্তন করেন, 1972 সালে। অরণ্য-সংরক্ষণের নানান কাজের মধ্যে সরোজবাবুর অন্যতম কাজটি হলো বাঘের পায়ের-ছাপ দেখে বাঘ-শুমারি করার পদ্ধতি আবিষ্কার। প্রায় বারোশ বর্গকিলোমিটার কোর এবং আরো পনেরশ বর্গকিলোমিটার বাফার নির্দিষ্ট করা শিমলিপাল নিঃসন্দেহে বাঘেদের অভয়ারণ্য। বড় বাঘ ছাড়াও, এখানে দেখা মিলতে পারে লেপার্ড, পুমা, বনবিড়াল, ভাম বেড়াল ইত্যাদি নানান প্রজাতির বেড়াল গোত্রের প্রাণীর। তাছাড়া আছে নেকড়ে, ছোট শিয়াল, হাতি, সম্বর, নানান প্রজাতির বানর, কুমির, ঘড়িয়াল, নানান রকমের সাপ, এবং আরো অনেক অনেক বন্য প্রাণী। আমি তেমন গাছ চিনি না। জানলাম বহু দুষ্প্রাপ্য গাছ এবং গুল্মেরও অভয়ারণ্য এই শিমলিপাল।
সমাদ্দার বাবুর চাকরি আর এই অভয়ারণ্যের বয়স প্রায় একই। দুপুরের আহারের সাথে শুনলাম সরোজবাবুর খৈরির কথা। 1974 সালের এক শীতের সন্ধ্যায় খৈয়ার উপজাতির কিছু আদিবাসী রেঞ্জার সাহেব সরোজবাবুর বাংলোয় এসে উপস্থিত হলেন একটি ছোট্ট বাঘের বাচ্চা নিয়ে। বাচ্চাটিকে তারা পেয়েছে খৈরি নদীর ধারে। বেচারা একেবারেই একা এবং সে এতটাই ছোট যে তার একা জঙ্গলে টিকে থাকার ক্ষমতা নেই। তাই তারা নিয়ে এসেছে। সমাদ্দার বাবু তখন সেখানে উপস্থিত। সরোজবাবুর আন্ডারেই কাজ করতেন। আদিবাসী ছাড়া একাজ অন্য কেউ করলে সরোজবাবু তাদের তুলধনা করতেন। কারণ বাচ্চাটির মা ধারেকছেই কোথাও থেকে নজর রাখছে এবং সুযোগ পেলেই আক্রমণ করবে। কিন্তু এক্ষেত্রে আদিবাসীরা এই নিয়ম ঢের ভাল জানেন এবং পশু-পাখি সমেত গোটা জঙ্গলটিকেই তারাও যথেষ্ট ভালোবাসেন। তাই তারা সব দিক বিবেচনা করেই বাঘের বাচ্চাটিকে এনেছেন। ততক্ষনে ওঁর স্ত্রী নিহারনলিনী বাচ্চাটিকে আপন করে নিয়েছেন। তিনিও জঙ্গলে বেড়ে ওঠা এক নারী। অচিরেই বাঘের বাচ্চাটির নামকরণ করা হল, খৈরি। খৈরি নদীর ধরে পাওয়া গেছে, তাই। খৈরি ক্রমশ বড় হতে লাগলো সরোজবাবু আর নিহারনলিনীর আদরে। ক্রমশ এসে জুটলো একটি হারিয়ে যাওয়া ভালুক ছানা। তার নাম দেওয়া হল জম্বু। সরোজবাবুর যাশিপুরে কোয়ার্টারের হাতা বাড়িয়ে অনেকটা জঙ্গলের মধ্যে ছড়িয়ে দেওয়া হল। বনসংরক্ষনের সাথে সাথে সরোজবাবু আর নিহারনলিনী হয়ে উঠলেন আরো অনেক পীড়িত বন্যপ্রাণীর অভিভাবক। এসে জুটলো একটি কানা হায়না। তার নাম দেওয়া হয়েছিল বাইনা। ছিল একটি কুমির, একটি বেজি। এরা সবাই অবলীলায়, শান্তিতে ঘুরে বেড়াত ওঁদের কোয়ার্টারের চৌহদ্দিতে। তবে এদের মধ্যে খৈরিই ছিল ওঁদের সবথেকে নেওটা। সারাক্ষন সাথে সাথে থাকত। খৈরির যখন বছর আটেক বয়েস, ওঁদের উঠোনে ঢুকে পড়েছিল একটি পাগলা কুকুর। খৈরি বেচারির বাঘত্ব একেবারেই ছিল না। কুকুরটি খৈরিকে কামড়ায় এবং বেচারি খৈরি রেবিজ আক্রান্ত হয়ে তার বছর খানেকের মধ্যেই মারা যায়। সবটা শুনে মনটা বড় ভারাক্রান্ত হয়ে উঠেছিল।
খৈরির কথা শুনতে শুনতে এতটাই মগ্ন হয়ে গিয়েছিলাম যে এতক্ষন খেয়ালই করিনি সমাদ্দারবাবুর একটি মেয়েও আছে। বেশ ঢলঢলে মুখশ্রী। বছর ষোলো-সতের বয়স হবে। আমাদের চাটনি পরিবেশন করতে এলে অনিকেত একটা আলতো করে কনুইয়ের খোঁচা দিল আমায়। এ যেন আমাদের কল্পনার অতীত! গোটা স্কুলবেলা কেটেছে ছেলেদের স্কুলে। এমন একটা কলেজে যাই যে সেখানে সারাক্ষন রাজনৈতিক মারামারির গুঁতোয় গুটিকতক সহপাঠিনীর প্রায় কেউই কলেজে আসে না। ফলে এ যেন মেঘ না চাইতেই……। কথায় কথায় যখন জানলাম সে দশম শ্রেণীর ছাত্রী এবং বিজ্ঞানটা একটু নড়বড়ে, আমি আর অনিকেত প্রায় সমস্বরে বলতে যাচ্ছিলাম 'আমি পড়িয়ে দেব'। মাতু আমাদের খুব চেনে। আমাদের দিকে চেয়ে ঠান্ডা চোখে শাসন করতে করতে বললে, "আমার ভাগ্নেরা দুদিনের জন্যে বেড়াতে এসেছে, নাহলে ওরাই একটু পড়িয়ে দিতে পারতো।" এরপর আর কোনো কথা চলে না। অগত্যা চাটনিটুকু মুখে চালান করে উদাস চোখে জানালা দিয়ে বনানীর শোভা দেখতে লাগলাম। চালতের চাটনিটা খাসা হয়েছে, আরেকটু হলে ভাল হত। কিন্তু জানি যেকোনো রকমের হ্যাংলামো করলেই মাতু বাড়ী ফিরে এক হাত নেবে। তাই স্রেফ চুপ করে বৃহত্তর প্রকৃতির কাছেই আশ্রয় নিলাম।
আমরা রোজই জঙ্গলে একটা চক্কর দিতে যেতাম। মাতু পই পই করে বলে দিয়েছিল একা জঙ্গলে না যেতে। তবে নিজেই বোধহয় আমাদের ওপর তেমন ভরসা করতে পারেনি। তাই প্রত্যেকদিন আমাদের কোনো না কোনো বিট-অফিসারের জিম্মায় দিয়ে তবেই বেরোত। আমাদের সব থেকে প্রিয় ছিলেন মন্মথ নায়েক। প্রায় আমাদেরই বয়সি। ওড়িশার বেরহামপুরের বাসিন্দা। বাংলা ভালো বলতে পারতেন না, বলার কথাও নয়। ওড়িয়া আর তেলেগু ভাষায় কথা বলতেন আর সামান্য হিন্দি। বাংলা-বিহার-ওড়িশার সীমান্তবর্তী এই অঞ্চলটিতে এক অদ্ভুত মিশ্র ভাষা ব্যবহার হয়। তবে অরণ্যের ভেতরে মূলত অরণ্যের ভাষাই চলে। জঙ্গলে ঢুকলেই শুনতে পেতাম নানান রকমের ডাক। এমনকি কোয়ার্টারে বসেও শুনতে পেতাম সেই সব ডাক। শুনতে পশু-পাখির ডাক মনে হলেও তার অনেকগুলোই মানুষের আওয়াজ। এইসব বনকর্মীদের কাছে টেলিফোন বা ওয়াকিটকি ইত্যাদি থাকে না। তাই তারা ব্যবহার করে আদিমতর পদ্ধতি, দুরভাষের জন্যে।
মন্মথর সাথে জঙ্গলে বেড়াতে গিয়ে একদিন এক অদ্ভুত পুজো দেখলাম। ওখানকার ভূমিসন্তান খৈয়ার উপজাতি ধর্মরাজের, অর্থাৎ যমরাজের পুজো করেন। ঘন বনানীর মাঝে একটুখানি খোলা জায়গা। এক বিশাল সবুজ অট্টালিকার মাঝমদ্যিখানে এক টুকরো ছাদখোলা উঠোন যেন। একসাথে অনেকটা দিনের আলো গিলে ফেলে ওই উঠোনের হাঁসফাঁস অবস্থা। তাই অল্প অল্প করে সেই আলো চারিয়ে দিচ্ছে অন্ধকার আরণ্যক ধমনীগুলির মধ্যে। খোলা জায়গাটি হাঁটু-সমান ঘাসে ঢাকা। এক চিলতে একটি পুকুর। তারই ধরে সামান্য আয়োজন পুজোর। অদ্ভুত ব্যাপার হল এই পুজোর কোনো বিগ্রহ নেই। ওঁদেরই একজনকে ধর্মরাজ বানানো হয়েছে। সকলে একে একে এসে তাকে প্রণাম করে নৈবেদ্য রেখে যাচ্ছে। গুটিকতক মাত্র মানুষ। আড়ম্বরহীন আয়োজন, কিন্তু আন্তরিকতার খামতি নেই। আমরা একটু দূরে দাঁড়িয়ে দেখছিলাম। ওঁরা মন্মথকে চেনেন। আমাদের ডেকে নিয়ে গেলেন। ধর্মরাজের দিকে চেয়েই আমার শিরদাঁড়া দিয়ে একটা হিম-শীতল স্রোত বয়ে গেল। অবিকল সেই মানুষটার মতন দেখতে, যাঁকে দেখেছিলাম গরুমিহিসানীতে কুওর ধারে। মানুষটির সাথে একবার দৃষ্টি বিনিময়ও হল। কিন্তু এ দৃষ্টিতে দ্বেষ নেই এতটুকু! বরং আছে অতিথ্যের আহ্বান। অনিকেতকে বলতে গিয়েও গিলে ফেললাম কথাটা। কারণ ওই মানুষটিকে দেখে আমার আর তেমন ভয় লাগছিলো না। কিন্তু মনের ধন্দ্টা কাটছিল না কিছুতেই। অরণ্য কুহকী, এতে কোনো সন্দেহ নেই।
জীবনের সেরা নয়টা দিন কাটিয়ে এবার ফেরার পালা। তবে এটা খুব বুঝেছিলাম যে অরণ্যের রোমান্স যতই থাকুক, তার প্রলোভন আর ভ্রষ্ট করার ক্ষমতা অনেক বেশি। সে কারুর সাথে আপস করে না। সে চূড়ান্তভাবে আঞ্চলিক। তার টিকে থাকার দায়েই সে এতটা প্রখর। পরিবেশবাদী, সংরক্ষনবাদী, যুক্তিবাদী, অপসবাদী লোভী সভ্যতা আঘাত হানে এই অরণ্যের ওপর প্রতিনিয়ত। তাই কেবলমাত্র আগলে রাখার তাগিদেই জঙ্গল তার সমস্ত বাসিন্দাকে তার নিজের স্বত্বার ছাঁচে ঢালাই করে বাঁচিয়ে রাখতে চায়।
ফিরে আসার দিন মাতুর জিপে করে বাদাম পাহাড় স্টেশনে আসার পথে অনিকেত জিজ্ঞেস করে, “মাতু, তোর জন্যে তো পাত্রী দেখা হচ্ছে। জানিস তো?”
মাতু ড্রাইভারের পাশে বসে। আমরা দুজনে জিপের পিছনের সিটে মুখোমুখি বসে আছি। মাতুর মুখ দেখতে পাচ্ছি না। তবে টের পাচ্ছি তার দৃষ্টি অনতিদূরে জঙ্গলের ওপর নিবদ্ধ। সে বললে, “মা’কে বারণ করে দিয়েছি রে। জঙ্গলের বাইরের মানুষের জঙ্গলে এসে থেকে যাওয়া বড় কষ্টকর। দেহ আর মনের সম্পুর্ন রূপান্তর বড় সোজা কথা নয় রে। প্রতিনিয়ত একটা যন্ত্রনা চলতে থাকে গোটা শরীরে। ঠাহর হয় না, তা মনের না দেহের কষ্ট। কেবল একটু আরাম হয় ওই সবুজের দিকে তাকালে। এক অদ্ভুত টানাপোড়েন চলে মনের মধ্যে, শুরুতে ভাবতাম পালিয়ে কলকাতায় ফিরে যাই। পরক্ষনেই হয়ত এক ঝলক ঠান্ডা বাতাসে শরীর জুড়িয়ে যেত। যেন আমার জন্যেই ওই বাতাসটুকু পাঠালেন, কে জানে কে! তবে, রূপান্তরটা ঘটে গেলে পরম শান্তি। আজকাল আমি টের পাই সে শান্তির দিন আসছে।” না দেখেও আবার টের পেলাম মাতুর মুখে একটা প্রশান্তির ভাব। (সমাপ্ত)
No comments:
Post a Comment