Sunday, February 3, 2019

আত্মীয় স্বজন

গত দুই দশকে শহুরে ভারতবর্ষের আর্থসামাজিক প্রেক্ষাপটটা এত দ্রুত বদলেছে যে আমার ছেলেবেলার কোনো কথা মনে পড়লেই কেমন বহু যুগ আগের কথা বলে মনে হয়।

তা সেই আমার কৈশোরবেলায়, যখন শীতে আউলি তে বরফ-খেলার চল ছিল না, মধ্যবিত্ত মানুষের Disneyland বা Aurora দেখতে যাবার সঙ্গতি থাকতো না অথবা South-East Asia র দেশগুলিতে গিয়ে মন সারাবার প্রয়োজন হতো না, তখন সামান্য শিমুলতলা মধুপুর বা দেওঘর ভ্রমণই ছিল মহার্ঘ! আর সেই সময়ে আমার এক বাৎসরিক আনন্দের দিন ছিল আমার এক মামাতুতো মামারবাড়ি ভ্রমণ। অর্থাৎ আমার এক মামীর পিত্রালয়ে যাত্রা, সদলবলে। পশ্চিম পুটিয়ারীর একটু ভিতর দিকে অবস্থিত এই মামারবাড়িটি আমার জীবনের এক অতি সুখপ্রদ স্মৃতি। তাই একটু বিষদেই বলি আর আরেকবার মানসভ্রমন করি।

সাধারণত ডিসেম্বর মাসের শেষের দিকে, যখন কলকাতা সোনালী রোদে ঝলমল করে ওঠার আগে শান্ত হিমেল কুয়াশায় আয়েশ করতো, আমাদের পুটিয়ারীর মামারবাড়ি যাবার সময় আসতো। যে সময়টার জন্যে অপেক্ষা করে থাকতাম সারা বছর। খুব সকাল সকাল একটা বেশ জনা দশেকের দল, আমরা মামাতো পিসতুতো ভাই বোনেরা বড়দের সাথে রওনা হতাম বরানগর থেকে। অত সকালে বেশ ঠান্ডা থাকতো, তাই মা-মাসিদের হাতে বোনা, ফুলতোলা সোয়েটার পরে, গর্জন তেলের মতন কোল্ডক্রিম মুখে মেখে আমরা চেপে বসতাম L9 নম্বরের ডবলডেকার ট্রলি বাসটিতে। এই L9 র দুতলায়, বিশেষ করে সামনের সিটটিতে যে না বসেছে, তাকে দুবাই গিয়ে sky diving করতে হবে বই কি! এই এক ঘন্টার L9 বাসের সফর ছিল অনেকটা জীবন্ত ডকুমেন্টারি ছবি দেখার মতন। বাসের দুতলার সামনে কোনো ড্রাইভার কেবিন নেই। সিনেমার পর্দার মতন সামনের কাঁচটি দিয়ে দেখা যায় শীতের সকালের আলসে কলকাতার জীবনপ্রবাহ। কাঁচ খুললেই কনকনে ঠান্ডা হাওয়া। ছুটির দিনে অত সকালে বাস খালিই থাকতো। তাই পিকনিকের মেজাজে কমলালেবু বা জয়নগরের মোয়া খেতে খেতে এই উত্তর থেকে দক্ষিণ কলকাতা সফরটাই ছিল এই বিশেষ দিনের প্রথম পাওয়া।

বাস বদলে কুদঘাট অবধি এসে, তারপর ছিল এক লম্বা হনটন। প্রায় চার পাঁচ কিলোমিটার। কিন্তু সেই হাঁটা ছিল এক আন্তরিক এবং অভিনব আত্মীয়তা বন্টন, আপাত অচেনা কিছু মানুষের সাথে। দাদু, অর্থাৎ মামীর বাবা ছিলেন এক প্রখ্যাত পন্ডিত, উর্দু সাহিত্যের। সেই সুবাদে এবং ওঁর পুত্রদের জনসংযোগের গুনে, এই পরিবারটি পুটিয়ারীর বেশ একটি জনপ্রিয় পরিবার ছিল। তাই এই দীর্ঘ হাঁটা পথে অনেক মানুষ আমাদের ডেকে কুশল বিনিময় করতেন, এমনকি এক মিষ্টির দোকানের মালিক আমাদের ডেকে গরম গরম হিং আর ডালের কচুরি ও খাওয়াতেন, কেউ কেউ পড়াশুনার খোঁজ খবরও করতেন। গোটা রাস্তার দুই তৃতীয়াংশ ছিল এমনই এক আনন্দমেলাতে বিচরণের মতন। কিন্তু পথের শেষ অংশটাই ছিল আমার সবথেকে প্রিয়। দুপাশে সবুজ ধানক্ষেত আর সবজি চাষের মাঝবরাবর সোজা রাস্তার শেষে আমাদের গন্তব্য। এই পথটুকু খুব ধীরে ধীরে পার হতাম ফুরিয়ে যাবার ভয়ে, টাকনা দিয়ে আঁচার খাবার মতন। শুধু তো পথ নয়, সকালের নরম রোদে, ভোরের শিশির জমা ফুলকপির পাতার যে বাহার খোলে, তা দুপুর গড়িয়ে গেলে আর থাকে না। সকালের আড়মোড়া ভেঙে ওঠা পদ্ম পুকুরের জলে পাতিহাঁসের পরিবার যে ব্যস্ততায় ভেসে বেড়ায়, দিন গড়ালে তা আর বজায় থাকে না। তাই শেষ সকালের এই এক দেড় কিলোমিটার পথে হাঁটা ছিল শরীর জুড়ে প্রানসুধা সিঞ্চন করার সমান। কবির সেই বিখ্যাত গানটি শুনলে এখনো কেন মন চনমনে হয়ে ওঠে তা বুঝতে পারি।

এই পথের শেষে আমাদের জন্যে অপেক্ষা করে থাকতেন এক স্নেহ আর প্রশ্রয়ের প্রতিমূর্তি, দিদা। আমার জীবনে দেখা সহজ আর মিষ্টি মানুষগুলির মধ্যে এই দিদা অন্যতম। তবে দিদিমা ভাগ্য আমার আদপেই খুব ভালো ছিলো। আমার প্রত্যেক দিদিমা, নিজগুনে, কর্মক্ষমতায়, আন্তঃব্যক্তিক দক্ষতায়, তৎকালীন পারিপার্শ্বিক এবং পরিবারে এক বিশিষ্ট জায়গা করে নিয়েছিলেন। লড়াই তাদের কম করতে হয়নি, কিন্তু তাতে এতটুকু খামতি ছিল না তাঁদের মনুষত্বে, শাসনে বা মমতায়। এই মানুষগুলোই ছিলেন আমার চরিত্র গঠনের বর্ণপরিচয়। ভাগ্যিস!

মামারবাড়িটি ছিল কতকটা ইংরিজি এল র মতন। উঠন ধরে একটু ঢুকলেই বাঁ ধরে রান্নাঘর, সামনে লম্বা দাওয়া বা বারান্দা। তার পাশের ঘরটি বোধয় ভাঁড়ার ঘর ছিল। এর আড়াআড়ি একটি দালান বাড়ি। তার একটি ঘর দাদুর স্টাডি, বইয়ে ঠাসা। আর তার পাশে দুটি বড় ঘর। দুটি ঘরের জানলায় বসেই দিগন্ত বিস্তৃত খোলা মাঠ আর আকাশ দেখা যায়। কত যে পাখি দেখতাম তার বেশিরভাগই নাম না জানা। উঠোনের একধারে একটি বড় ছায়াময় গাছ ছিল আর ছিল একটি কুলগাছ। খুব সুস্বাদু টোপাকুল ফলত তাতে। কিন্তু খেতে পারতাম না। পাছে বিদ্যদেবী কুপিত হন! যাই হোক, লম্বা সফরের শেষে দ্বিতীয় পরম পাওয়া ছিল যত্ন করে বানানো দিদার হাতের নলেন গুড়ের পায়েস আর বাড়িতে ভাজা কুরমুড়ে মুড়ি। ঝকঝকে কাঁসার বাটিতে সেই পায়েস আর সকলের মাঝে রাখা এক ধামা মুড়ি। কি স্বাদ আর রূপ তার, বিশেষত ওই পরিবেশে বসে এই সুখাদ্য হয়ে উঠত এক সুখসপ্নের মতন।

জলখাবার পর্ব মেটায় শুরু হত মধ্যাহ্ন ভোজের আয়োজন। পুকুরে বোধয় জাল ফেলা হতো বা কোনো ভাবে খুব টাটকা মাছ আনা হতো। রুই কাতলা ছাড়াও মৃগেল বা শোল মাছের মতন সব মাছ পাওয়া যেত। সেই মাছ ভাজার গন্ধে মাতোয়ারা হতো চরাচর। আমরা তখন পুকুরে ঝাঁপাতাম। জলজ জাঝিতে পা আটকালে ভাবতাম জলের ভূত পা টানছে! প্রচন্ড চিৎকারে আর সকলে সাঁতরে এসে একে অপরকে উদ্ধার করতাম। তাও জল দাপানো কমত না। সেই খেলারই এক ফাঁকে চোখে পড়তো এক দল ভিন্ন বয়সের নারীর, আমার মা মামী দিদাদের রান্নাবেলার চরইবেতি। কে বলে female-bonding হতে পারে না! জলে থাকা কালীন কখন কখন নারকেল পড়তো গাছ থেকে। ঝুন নারকেল। সবাই সাঁতার দৌড় দিতাম সেই নারকেল অধিকার করতে। যদিও সবাই জানতাম সেই নারকেল দিয়েই মুড়ি মাখা হবে বিকেলে। সকলে খাবে একসাথে, সুগন্ধি মিঠে পাটালি সহযোগে।

বিকেল হতে হতে ফেরার তোড়জোড় শুরু। তবে ততক্ষনে আমরা সকলে পরিপূর্ণ, দেহে, মনে। শেষ বিকেলের পড়ন্ত আলোয় আবার সেই পথ ধরে ফেরা। দিদা, দাদু, মামা, মামীরা সকলে আসতো বিদায় জানাতে বাড়ির প্রাঙ্গণের শেষ সীমা অবধি। অনেকটা আনন্দ আর আবার ফিরে আসবার প্রতিশ্রুতি নিয়ে একদল মানুষ আরেকদল মানুষকে ছেড়ে ফেরার পথ ধরত। দূরত্বের সাথে সাথে সংযোগ কিন্তু ক্রমশ বেড়েই চলত।

©Suman Dutta

1 comment:

  1. উফফ,ভাবা যায় না । কলমের সাবলীলতা আমাকেও ফিরিয়ে নিয়ে গেলো সেই ছোটোবেলায় ।

    ReplyDelete