Thursday, October 22, 2020

বাসা ( সম্পূর্ণ উপন্যাস)

 

।।নটবর।।

 

সোনাগাছিতে সকালটা যে এত ট্যালট্যালে হয় একথা নটবরের মোটেই জানা ছিল না। এখন দেখলে কে বলবে কাল রাতে এই পাড়া কেমন জমজম করছিল! এই বেলা সাড়ে নয়টার সময়ও পুরো পাড়া নিঝুম। একটা দুটো বেআক্কেলে লোক টালুমালু পায়ে পথ ঠাওর করার চেষ্টা চালাচ্ছে, একটা রোল-চাউমিনের ঠেলা গাড়ির ওপর একটা বেড়াল নিশ্চিন্তে আড়মোড়া ভাঙছে, একটু তফাতে একটা বাচ্চা হাইড্রেনের ধারে হাগতে বসে হাতে একটা প্লাস্টিকের হুইসিলে মাঝে মাঝেই প্রানপনে একটা করে ফুঁ দিচ্ছে আর তাতে ফ্যাসফ্যাসে একটা আওয়াজ বেরোচ্ছে। ওটা নিশ্চই ফাটা। এ আওয়াজ নটবর খুব চেনে। বড়ো জ্যাঠামশায়ের গলায় ক্যান্সার ছিল। এখন অপারেশনের পর গলায় একটা ছোট্ট ছ্যাঁদা করে দিয়েছে ডাক্তারবাবু। গলার ওই ছ্যাঁদা দিয়ে সারা দিনমান এইরকম ফ্যাসফ্যাসে আওয়াজ বেরোয়। তা বাপু ফাটাফুটো জিনিসপত্র নিয়েই লোককে চলতে হয়। চাইলেই তো আর সব সময় নতুন পাওয়া যায় না!

মোড়ের মাথায় যেখানে এই গলি বড়ো রাস্তায় গিয়ে মিশেছে, সেখানে কিন্তু সব স্বাভাবিক। ভিড় বাসে ঝুলতে ঝুলতে মানুষ অফিস কাছারিতে ছুটছে। পান বিড়ির বড়ো দোকানটার সামনে কিছু ছোকরা জমায়েত হয়েছে, তারা সবাই কোট টাই পরে গলদঘর্ম হয়ে বড্ড ন্যাজে গোবরে অবস্থা। এই জষ্ঠীর ভাতপচাই গরমে এত ধরাচুড়ো সামলানো কি চাট্টিখানি কথা! একটা ইস্কুল বাস এসে দাঁড়ালো। কি সুন্দর হলদে সাদা জামা কাপড় পরে চনমনে ছেলেমেয়েগুলো হৈ হৈ করে বাসে উঠছে। আর তাদের মা বাপের যত কথা বুঝি এখনই বলতে হবে। টুঙ্গি মেরে বাসের জানলা দিয়ে মুখ ঢুকিয়ে অনেক কিছু বলার চেষ্টা চালাচ্ছে। আরে বাপু সবুর কর না। বিকেল গড়ালেই তো বাছুর গোয়ালে ঢুকবে, তখন যত ইচ্ছে জাবর কাটিস! এরই মধ্যে ধমাস করে একটা শব্দ আর তার পরক্ষনেই খিস্তির বন্যা। উফ, কত খিস্তিই না আছে এই জগতে! ইস্কুল বাসটার আড়ালে বোধয় রাস্তার ওপাশে ঘটনাটা ঘটেছে। তাই দেখতে না পেলেও নটবর শুনতে পাচ্ছে সবই। তবে এই সব ঘটনার মধ্যেই খুব প্রাণ দেখতে পায় নটবর। সবাই প্রানপনে প্রাণপাত করে প্রানের প্রতিষ্ঠায় মগ্ন!

অথচ এই সোনাগাছির পাড়াটা যেন একটা আলাদা দ্বীপ। চতুর্দিকের প্রাণপ্রবাহ যেন সন্তর্পনে এই দ্বীপটাকে এড়িয়ে চলছে। নটবরের মনে পড়ে ওদের গাঁয়ের ময়নামতির চরের কথা। আশপাশের দশটা গাঁয়ের সব কুকর্ম করতে লোকে যায় ওই ময়নামতির চরেই। অথচ দিনমানে তারাই গালমন্দ করে ওই চরের। আবার কখন কখন ভিনদেশের ভিনগাঁয়ের মানুষ এসে ঘরও বাঁধে সেখানে। তারা অবিশ্যি বেশিরভাগই যাযাবর। সারাদিন গ্রামে গ্রামে ঘুরে ভানুমতির খেলা দেখায়, গৃহস্থের বাড়ীর মেয়ে বউরা দুপুরে একটু জিরোতে বসলে এসে হাজির হয় তাদের হাত দেখে ভবিষ্যৎ বলে দিতে। এই গাঁ ঘরের সরল মেয়েমানুষগুলির মনের স্বাদআল্হাদের খবর এরা খুব রাখে। ইনিয়ে বিনিয়ে সেইসব কথাই বলতে থাকে ভবিষ্যতের ঘোমটা টেনে। মাটির দাওয়ায় পা ছড়িয়ে বসে সজনে ডাঁটা চিবানো জীবনে যখন তাদের চোখ দালানকোঠার স্বপ্নে বিভোর হয়ে ওঠে, তা দেখে বড় খুশি হয় এই হাঘরে মানুষগুলি। যাবার সময় যে যা হাতে করে দেয় হাসিমুখে তাপ্পিমারা বাহারি ঝোলায় ভরে নেয়। তারপর, আঁধার নামলে এই মানুষগুলোই কেউ ভাটিখানার আলো জ্বালে, কেউ সস্তার স্নো পাউডার মেখে হাতে কুপি নিয়ে ঘাটে এসে দাঁড়ায়, কেউ বা শান দেয় ছুরি-কাটারিতে, সেই ময়নামতির চরে।

এই সব সাতপাঁচ ভাবতে ভাবতেই নটবর শুনতে পায়,

-এই যে নাগর, সাতসকালে কি চাই?

নটবর প্রথমটায় এদিক ওদিক তাকিয়ে কাউকেই দেখতে পায় না। যখন ঠাওর করার চেষ্টা করছে আওয়াজটা এলো কোত্থেকে, তখনই শুনতে পায় আর সেই সঙ্গে দেখতেও পায় লোকটাকে। নটবরের ঠিক পিছনের বাড়ীটার একতলার কোনের জানলায় একটা মুখ।

-বলি, কাল রাতের ঢেকুর উঠছে বুঝি! তা বাবা এখানে তো সকালের জলখাবারের পাট নেই! সব শুরু হয় সন্ধের পর।

বলে লোকটি নিজের রসিকতায় নিজেই খানিক খ্যাখ্যাক করে বিশ্রী হাসলো। তারপর বেরিয়ে এসে সামনের রোয়াকটায় যুতকরে ঠ্যাং ঝুলিয়ে বসে নটবরকে হাতের ইশারায় ডাকলো। নটবর লক্ষ করলো, লোকটাকে দেখে যতটা বুড়ো মনে হয় বোধয় ততটা নয়। দরকচা মারা চেহারা, চোয়াল ভাঙা মুখে কয়েকদিনের বাসি কাঁচাপাকা দাড়ি। আদুর গা, পরনে লুঙ্গির মতন করে পড়া একটা শাড়ি। মিইয়ে যাওয়া নির্ঘুম দুচোখে বিশ্বের ক্লান্তি নিয়ে লোকটা চেয়ে আছে নটবরের দিকে। কাছে যেতে ভুরু নাচিয়ে আবার জিজ্ঞেস করলো লোকটা,

-কি ব্যাপার চাঁদু, এই সময়ে এতল্লাটে তো বাইরের লোক কেউ বড় একটা আসে না! কি মতলব?

নটবর এতক্ষনে একটু তাল পেতে শুরু করেছে। দায়সারা গোছের একটা জবাব দেয়,

-ওই আর কি, এদিক দিয়ে যাচ্ছিলাম….

-কোথায় যাচ্ছিলে চাঁদ? কেউ বাঁধা আছে নাকি? না হলে এসময় তো এমনি এমনি কোনো খদ্দের এরাস্তায় ঢোকে না!

-না না, আমি ইয়ে, মানে তেমন কোনো মতলব আমার নেই। এমনিই….

লোকটা নাছোড়বান্দা। আবার শুধোলে,

-সেই মতলবটাই তো জানতে চাইছি।

বলে, ভাল করে নটবরকে জরিপ করতে করতে নিজের মনেই বলতে থাকলো,

-তোমায় ঠিক নাগর বলে তো মনে হচ্ছে না! রাতজাগা, বেলেল্লাপনা করা চেহারা আমি শালা খুব চিনি। ওই হারামজাদাদের দেখতে দেখতেই তো শালা একটা জীবন কেটে গেল। ওরাই হলো আমার আমার বউয়ের নাগর আর আমি হলাম গিয়ে তার ভাসুরঠাকুর!

বলতে বলতে লোকটা কেমন আনমনা হয়ে গিয়েছিল। শেষে একটা অশ্লীল শব্দ ছুঁড়ে আবার নটবরে ফিরেছে।

-তা তোমায় দেখে তো মনে হচ্ছে কাজ কম্মের তেমন তাড়া নেই। কাজ কম্ম আদৌ কি আছে, নাকি এই বেশ্যাপাড়ায় ঘুরেই কাজ সার?

শেষের ওই 'কাজ সার' টা বলার সময় লোকটা এমন একটা ইঙ্গিত করল, যে নটবরের কান লাল হয়ে উঠলো। ইচ্ছে হচ্ছিল লোকটাকে দুকথা শুনিয়ে হাঁটা লাগায়। এ পাড়ায় তার এমনিতে যাতায়াত নেই। তবে রথের দিন, প্রতিমা তৈরির কাজ শুরু করতে মাটি নিতে আসতেই হয় এই পাড়ায়। কাছেই কুমোরটুলীতে ঠাকুর গড়ার কারিগর নটবর।

 

সেই কোন ছোট্ট বয়েস থেকে নটবর কলকাতায় আসতে শুরু করেছিল বাপ কাকাদের সাথে, ঠাকুর গড়ার কাজ শিখতে। বাপ হাতে ধরে শিখিয়েছিল প্রতিমা গড়ার কাজ। একমেটে, দোমেটে থেকে ধাপে ধাপে পূর্ণ অবয়বে ফুটে ওঠেন দেবী। বাপ যত্ন করে বুঝিয়েছিল, শাস্ত্র মতে দেবী প্রতিমা গড়তে লাগে গাভীর মূত্র, গোবর, ধানের শিস, পবিত্র গঙ্গার জল আর নিষিদ্ধপল্লীর মাটি। নিষিদ্ধপল্লী নিয়ে বয়ঃসন্ধির অযাচিত কৌতূহল থাকলেও সরল মনে জানতে চেয়েছিল নটবর, কেন ওই পল্লীর মাটিই দরকার। বাপটাকে তখন ক্ষয়রোগে ধরেছে। সারারাত কাশত বলে দিনে ঝিমত। কিন্তু এইসব দেবদেবী পুরানের গল্প করতে খুব উৎসাহ পেত। মনের আনন্দের ঝিলিক চোখেমুখে ফুটে উঠত। বাপ বুঝিয়েছিল, 'পুরুষ মানুষ পতিতালয়ে গিয়ে যখন বারাঙ্গনার সঙ্গে ঘনিষ্ঠ হয়, তখন সে জীবনে সঞ্চিত সমস্ত পুণ্য সেখানেই ফেলে আসে। আর সংগ্রহ করে ঘড়া ভর্তি পাপ। মানুষের মধ্যে যে কামনা, বাসনা, লালসার বাস, পতিতারা তা নিজেদের মধ্যে শুষে নেন। তাঁরা নিজেদের অশুদ্ধ, অপবিত্র করে সমাজকে শুদ্ধ, পবিত্র রাখতে চান। ফলে হাজার হাজার পুরুষের পুণ্যে পতিতালয়ের মাটি হয়ে ওঠে পবিত্র ৷ সে কারণেই এই মাটি দিয়ে গড়তে হয় দেবী মূর্তি। দেবাদীদেব যেমন সমুদ্রমন্থনের বিষ পান করে দুনিয়াকে বাঁচিয়েছিলেন, এই মায়েরাও বড় কম যান না, বাপ। এঁরা তো যুগে যুগে বিষ পান করেই চলেছেন।' বাপ সকল মেয়েমানুষকেই আপনি আজ্ঞে করত। এমনকি নিজের মেয়েদের, নটবরের দুই দিদিকেও আপনি আজ্ঞে করতে শুরু করেছিল তারা ফ্রক ছেড়ে শাড়ি ধরার পর। মায়ের বকাবকিতে সেটা বন্ধ হয়েছিল বটে, তার বদলে শুরু হয়েছিল ভাববাচ্চে কথা বলা।

-কি ব্যাপার, গোঁসা হলো নাকি! অমন চুপ মেরে গেলে কেন? বললে না তো, কাজ কম্ম কিছু করো?

নটবর ধাঁই করে বর্তমানে এসে পড়ল আর পরক্ষনেই মনে পড়ল পুতুল রানীর কথা। তার খোঁজেই তো এখানে আসা। হারান কাকার কথা অনুযায়ী পুতুল রানীকে সে দেখেছে এই পাড়ারই কোনো এক হলদে বাড়ীর রোয়াকে। নটবর হারানের হাতে পায়ে ধরেছিল বাড়ীটা চিনিয়ে দেবার জন্যে। হারান সে কথায় কান তো দেয়ই নি, উল্টে নটবরকে সাবধান করে দিয়েছে। সোনাগাছি থেকে কোনো মেয়েকে বার করে আনার চেষ্টা আত্মহত্যার সমান। যদি ঘুণাক্ষরেও কেউ  নটবরের এই মতলবের কথা টের পায়, তাহলে ওখানেই মেরে লাশ গায়েব করে দেবে। কিন্তু পুতুলরানী যে নটবরের একমাত্র আশ্রয়। গত চারটে বছর নটবরের যে কিভাবে কেটেছে, তা এক নটবরই জানে। পুতুল রানীর খোঁজ যখন একবার মিলেছে, নটবরের প্রাণ থাকতে তাকে সে এই সোনাগাছিতে পচে মরতে দেবে না, কিছুতেই না। নটবর লোকটার দিকে বিড়ির বান্ডিলটা বাড়িয়ে ধরে জিজ্ঞেস করলো,

-কোথায় একটু চা পাওয়া যায় বলত? চলো, দুজনে একটু চা আর বিড়ি খেতে খেতে গপ্পো করি। আমার সত্যি তেমন কোনো কাজ নেই। শরতের এখনো ঢের দেরি।

 

 

।।অনিকেত।।

 

 

এমন মা-মাসিদের মতন প্যাম্পারিং এয়ারহোস্টেস বড় একটা দেখা যায় না। একটু আগেই ঘুম ভেঙেছে অনিকেতের। বলা ভালো ঘোর কেটেছে। প্লেনে অনিকেতের ঘুম কখনোই ভালো হয় না। সে ফ্ল্যাটবেড হোক আর যাই হোক। চারপাশে ঝুঝক আঁধার। উইন্ডো ব্লাইন্ডটা একটু তোলার চেষ্টা করেছিল, কিন্তু মনে হলো চোখে যেন কেউ হাজার ওয়াটের ফ্লাডলাইট মারলো। সাথে সাথে ব্লাইন্ড টানতেই আবার সেই আঁধার। বিজনেস ক্লাসে লোক কম। প্লেনে লোকে এমনিতেই খুব মেপে কথা বলে, বিজনেস ক্লাসে আরো কম। তাই এদিকের ক্যাবিনটা নিস্তব্ধ। তার ওপর সদ্য চোখে ঝিলমিল লেগেছে। বিরক্ত অনিকেত হাতড়ে হাতড়ে নিজের কিউবিকেলের শাটার টা খুলে সবে উঠে বসেছে, এমন সময় কোথা থেকে যেন এয়ারহোস্টেস হাজির!

-Shall I get you some tea? Earl Grey or English Breakfast?

অনিকেত ঠাওর করতে পারছিল না এখন ঠিক কোন বেলা। ক্রমশ মাথার জট খুলছিলো। গতকাল রাতে সে নিউইয়র্ক থেকে ফ্লাইট ধরেছে। রাত দশটা নাগাদ উড়েছিল। তারপর ডিনার সেরে বেশ অনেকটা রেড ওয়াইন সেবন করতে করতে একটি ছবি দেখছিল, The Peanut Butter Falcon. বেশ ভালো ছবি, অন্তত অনিকেতের তাই মনে হলো। একটা জিতে নেবার গল্প, গড়ে ওঠার কাহিনী, মিষ্টি একটা প্রেমও আছে তার মধ্যে, যত্ন করে বানানো ছবি। হলিউডের প্রোডাকশন কোয়ালিটিটা তো দুর্দান্ত সব সময়েই। কিন্তু অনিকেত জানে তিথির এ ছবি ভালো লাগবে না। তিথির পছন্দ আজকাল কেমন বদলে যাচ্ছে…..

- Earl Grey would be refreshing!

অনিকেতের সম্বিৎ ফিরলো। এয়ারহোস্টেস ভদ্রমহিলা হাসি হাসি মুখে অপেক্ষা করছিলেন ওর সম্মতির অপেক্ষায়। আর তখনই অনিকেতের মনে হলো ইনি এক্কেবারে ছোট মাসির মতন। অশেষ ধৈর্য, সদাহস্য মুখ, কাউকে প্যাম্পার করতে পারলে আনন্দ যেন আর ধরে না। সর্বক্ষণ গদগদ মুখে এটা সেটা বানিয়ে এনে, 'বাবা, সোনা, মনা, এটা চেখে দ্যাখ, ওটা একটু দাঁতে কেটে দেখলিনা পর্যন্ত...' করে সারা বাড়িময় পায়ে পায়ে ঘুরে বেড়াবেন। ছোট মাসির বাড়িটা পায়ে পায়ে ঘুরে বেড়াবার মতনই। উত্তর কলকাতার বেশ অবস্থাপন্ন বনেদি পরিবার…..অনিকেতের হঠাৎই খেয়াল হলো এয়ারহোস্টেস ভদ্রমহিলা বেশ অসুবিধাজনক অবস্থায় অর্ধেক হাঁটু মুড়ে ছোট্ট প্যাসেজটায় বসে ওর উত্তরের অপেক্ষা করছেন। খুব লজ্জা পেয়ে অনিকেত একটু সম্মতি সূচক মাথা হেলাতেই পরের প্রশ্ন,

-Some cookies? Honey-Oats or Ginger-Almond?

-Honey-Oats

বলেই টয়লেটের দিকে হাঁটা দেয় অনিকেত, যাতে আর প্রশ্ন করার সুযোগ না পান মহিলা। টয়লেট সেরে কিউবকেলে ফিরে দেখে চা রেডি। ছোট্ট ভাঁজ করে রাখা ডাইনিং টেবিলে যত্ন করে এক কাপ চা টিকোজি দিয়ে ঢাকা, পাশে প্লেটে দুটো কুকিজ। একটা নিউইয়র্ক টাইমসও পাশে রাখা। অর্থাৎ সময় যাই হোক, যে টাইমজোনেই থাকো, তুমি ঘুম থেকে উঠলেই সেটা তোমার সকাল। সপ্লেনডিড! ইন্টারন্যাশনাল ফ্লাইটের বিজনেস ক্লাসের এই আগাগোড়া স্পেশাল ট্রিটমেন্টটা অনিকেতের শুধু পছন্দই না, এর থেকে অনিকেত শিক্ষাও নেয় প্রচুর। মানুষকে স্পেশাল অনুভব করানোটাই আসল সেলিং টেকনিক। যদি একবার সেটা করে ফেলা যায়, তাহলে অনেক আপাতঃ অপ্রয়োজনীয় পরিষেবা এবং বস্তু সেই স্পেশালিটির অন্তর্ভুক্ত করে পুরো ভোগের মাত্রাটাই বহু বহুগুণ বাড়িয়ে ফেলা সম্ভব। সুতরাং সেটা পেতে মানুষ কাজের মাত্রাও বাড়িয়ে দেবে বহুগুণ আর এইভাবেই একটা সার্বিক উন্নতির ক্ষেত্র তৈরি হবে। তিথিও আগে এইভাবেই ভাবত।

অনিকেত আর তিথি দুজনেই খুব উচ্চাশী ওদের ক্যারিয়ারের ব্যাপারে সেই বি-স্কুলের সময় থেকেই। ওদের আলাপও হয় জোকা বি-স্কুলে।

প্রথম আলাপের দিনটা অনিকেতের আজও পরিষ্কার মনে আছে। তখন ওরা সদ্য ফার্স্ট ইয়ারে জয়েন করেছে। অনিকেতের তেমন কোনো বন্ধু তখনও হয়ে ওঠেনি। এক বিকেলে ক্যান্টিনে একা একাই বসে চা আর সিঙ্গাড়া খাচ্ছিল। একটি মেয়ে এসে সামনে বসল। একে অনিকেত ক্লাসে দেখেছে। দারুন সুন্দরী না হলেও মনে রাখার মতন চেহারা। IIM এ সবাই যথেষ্ট সপ্রতিভ। এই মেয়েটিও তার ব্যতিক্রম নয়। বেশ সহজভাবেই অনিকেতের দিকে সোজা তাকিয়ে বলল,

-হাই, আমি তিথি। তোমার ক্লাসেই আছি, মার্কেটিং।

অনিকেত একটু অবাক হলেও বেশ সহজভাবেই বলে,

-হাই, আমি অনিকেত সান্যাল। তোমাকে দেখেছি ক্লাসে।

-তুমি তো এখানে হোস্টেলেই থাকো!

অনিকেত ঠাট্টা করার লোভটা সামলাতে পারে নি। হাসতে হাসতে জিজ্ঞেস করে,

-হোমওয়ার্ক শুরু করেছ নাকি!

তিথি এতটুকু অপ্রস্তুত না হয়ে হাসতে হাসতে উত্তর দেয়,

-আরে না না। আমরা কাল রাতে আমাদের এক বন্ধুর রুমে, গার্লস হোস্টেলে পার্টি করে ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে বাড়ি যাবার পথে বয়েজ হোস্টেলের দোতলার বারান্দায় দেখলাম তুমি খালি গায়ে গামছা পরে পায়চারি করছ।

অনিকেত বোঝার চেষ্টা করছিল ব্যাপারটা ঠিক কোন দিকে গড়াচ্ছে। তিথি বলতে থাকে,

-তোমার চেহারাটা মন্দ নয়, তাই আমরা কয়েকজন দেখছিলামই বলতে পারো। তার পর আমরা গেস করতে শুরু করলাম তুমি কোথাকার ছেলে। একজন বলল পাঞ্জাবি, একজন বললে দিল্লির আর আমি বললাম কলকাতা এবং নর্থ কলকাতা। ওরা কলকাতা মানতে একেবারেই নারাজ। কিন্তু আমি লড়ে গেলাম, জানো? বললাম গামছা যে একটা পরিধেয় হতে পারে, এ একমাত্র নর্থ কলকাতার মানুষই উপলব্ধি করতে পারেন। এখন তুমি বলো তুমি নর্থ কলকাতা থেকে কি না?

এবার সত্যিই অনিকেতের লজ্জা পাবার পালা। একথা ঠিক যে ওদের বাড়ির পুরুষরা বাড়িতে সর্বদাই গামছা পরে আদুড় গায়ে থাকেন আর কেউ তার কারণ জিজ্ঞেস করলে শীত গ্রীষ্ম নির্বিশেষে অবলীলাক্রমে বলেন 'এবার গা ধুতে যাবো'। এটা বাগবাজার, শোভাবাজার তো বটেই, গোটা উত্তর কলকাতার এদেশীয় বাড়ির রীতি বললেও বাড়িয়ে বলা হবে না।

অনিকেত ঘাড় ঘুরিয়ে দেখে ঠিক তার পিছনের টেবিলে আরো দুটি মেয়ে বসে হাসিহাসি মুখে ওদের দিকেই তাকিয়ে আছে। বলাবাহুল্য ওদের কথোপকথন পুরোটাই শুনেছে। বুঝতে বাকি রইল না এরাই তিথির বাকি দুই বান্ধবী যাদের মধ্যে বাজি হয়েছিল।

 

অনিকেতরা শোভাবাজারের বেশ পুরণ বাসিন্দা। অবস্থা পড়তির দিকে হলেও বংশানুক্রমিক প্রেস আর প্রকাশনার ব্যবসা মন্দ চলে না। ওদের পরিবার এখনো প্রায় একান্নবর্তী পরিবারই বলা চলে। বড় তরফে জেঠু, জেঠিমনি, জ্যাঠতুতো দাদা অনির্বান আর তার স্ত্রী তনিমা আর দুই জ্যাঠতুতো দিদি। ছোট তরফে অনিকেত, এক ছোট বোন আর অনিকেতের বাবা মা। বাবা আর জেঠুই এখনো ব্যবসা দেখেন। অনিদার মাথায় বরাবরই সিনেমার ভূত। সারাদিন টালিগঞ্জ পাড়ায় ঘুরঘুর করাই অনিদার কাজ। দেখতে শুনতে অবিশ্যি এবাড়ির সব পুরুষকেই সুপুরুষ বলা চলে। সকলেই ছ ফুটের ওপর লম্বা, কাটা কাটা নাক চোখ মুখ, গায়ের রং ফর্সা কিন্তু আলুভাতে মার্কা নয়। দুই জ্যাঠতুতো দিদিরই ভালো বিয়ে হয়েছে। ছোড়দির খুব শখ ছিল বি-টেক করবে। ছাত্রীও ভালো ছিলো। কিন্তু এবাড়ির মেয়েরা গ্রাজুয়েট হলেই বিয়ে দিয়ে দেওয়া হয়।  অনিকেত বরাবরই ভালো ছাত্র। ক্যালকাটা বয়েজ থেকে পাশ করে সেন্ট জেভিয়ার্স হয়ে IIM। ভবিষ্যতের ক্যারিয়ার গ্রাফ এতটাই খাড়া যে বেয়ে উঠতে মাউন্টেনিয়ারিং ট্রেনিং লাগবে।

এদিকে তিথিদের পরিবার প্রায় উল্টো। মা বাবার একমাত্র সন্তান তিথি। বাবা ব্যাংকের চাকুরে, মা রবীন্দ্রসংগীত শিল্পী। একটি ছোটখাটো গানের স্কুলও আছে ওদের বাড়িতে। তিথি বরাবরই টমবয় টাইপের। উদার মনস্ক কমিউনিস্ট পার্টি করা মা বাবার শিক্ষায় এবং পাঠ্যের বাইরে নিজের নানাবিধ পড়াশুনায় দীক্ষিত তিথি প্রচন্ড আত্মনির্ভরশীল এবং আত্মমর্যাদা সম্পন্ন। লোরেটো থেকে প্রেসিডেন্সি হয়ে IIM। এক দুরন্ত ভ্যবিষ্যতের অবশ্যম্ভাবী হাতছানি প্রকট। ওরা দুজনেই এই হাই ফ্লায়িং, ব্যস্ত দুনিয়ার নাগরিকত্বের স্বপ্ন দেখতো। স্বপ্নটা সত্যিও হলো। কিন্তু অনিকেতের কেন মনে হয় আজকাল যে সুরটা যেন কাটছে কোথাও, খুব ধীর লয়ে, কিন্তু কাটছে।

 

 

 

।।ময়নামতির চর।।

 

মাতলা আর বিদ্যেধরী ঠিক যেন সংসার পেতে বসেছে এই এলাকায়। একগাদা ছানাপোনার মতন খাল বিল ছড়িয়ে আছে চতুর্দিকে। যেদিকে তাকাও কেবল জল আর জল........মাঝে মাঝে এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে কয়েকটা গাঁ। উত্তরে কামারপাড়া, গোপালকাটা, কত্রাখালি আর হোগলাদুরি।  পশ্চিমে রামচন্দ্রখালি আর এই পথনখালি। পথনখালির দক্ষিণে বিদ্যেধরীতে মাইলটাক নাও বাইলেই ময়নামতির চর। যতদূর চোখ যায় অকুল দরিয়া, তাতে খানকতক মেছো নাও ভেসে বেড়াচ্ছে, আর সবকটা নাওয়ের ওপর একদল করে গাংচিল চক্কর কাটছে মাছের লোভে। এগুলো নাকি সব একেকটা মেছোপেত্নি। নটবরের পিসির অন্তত তাই বিশ্বাস। পিসি এও জানে যে নটবরের মা এদের দলের সর্দারনি।  বেঁচে থাকতে সে নাকি পিসিকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছে আর মরে ইস্তক এই গাংচিল হয়ে সব শুঁটকি খেয়ে পিসিকে জ্বালিয়ে মারছে। তাই পিসি আজকাল একটা কুকুর পুষেছে, শুঁটকি পাহারা দেবার জন্যে। মাঝে মধ্যে কুকুরও যে শুঁটকি চেখে দেখে না তা নয় , কিন্তু দোষ  হয় সেই নটবরের মায়ের। তবে এখন অবশ্যি নটবরের পিসি আর পিসির নটবর ছাড়া কেউই বিশেষ নেই। দুই দিদির বিয়ে হয়ে গেছে অনেককাল আগে। তারাও যে যার সংসারে জড়িয়ে মড়িয়ে আছে। নটবর মাঝে মধ্যে গিয়ে খোঁজ নিয়ে আসে, চড়ক বা ভাইফোঁটায়। ছেলেবেলায় নটবর বড় নেওটা ছিল ছোড়দির। বড়দি বরাবরই দূরের মানুষ। নটবরের দশ বারো বছর বয়সে মা মারা যায়, তিন দিনের ম্যালেরিয়ায়। সেই থেকে বড়দিই মা।

-বলি ও নটে, ঘুগনি নেমেছে। দেব নাকি এক হাতা?

রতন খুড়োর চায়ের দোকানের বাইরে বাখারির বেঞ্চিটাতে ঠ্যাং ঝুলিয়ে বসে সুদূরপানে চেয়ে এসব আকাশ পাতাল ভাবছিল নটবর। এই দরিয়া, তার কুল ছাপিয়ে ঘন সবুজ সুন্দরবনের শাড়ির আঁচলের মতন বনরাজি, এঁটেল মাটির কাদাপাড়ে নদীর ছলাৎ ছলাৎ শব্দ, বহুদূর থেকে ভেসে আসা ভাটিয়ালি আর আজানের সুর, সবকিছুই বড়ো মন ভাসানিয়া।

খুড়োর ডাকে ঘোর কাটল। ফিরে চাইল খুড়োর দিকে এক শূন্য দৃষ্টি নিয়ে। বুঝতে চেষ্টা করছিল ব্যাপারটা ঠিক কি। ততক্ষনে খুড়োই আবার কথা বলে,

-তোর ঘরটা ভাঙা ইস্তক তুই কেমন ন্যালা খ্যাপার মতন ঘুরিস। রাতদিন কি সব ভাবিস। কেন বল তো? লোকের কি বউ পালায় না! কিন্তু তুই কেন তা বলে ফ্যা ফ্যা করে ঘুরে মরবি রে? জোয়ান মানুষ তুই, কলকাতায় ভালো কাজকম্ম করিস, তুই আরেকবার বিয়ে বসতেই পারিস। মেয়ের কি অভাব!

নটবর হাসে। বলে,

-খুড়ো, তোমরা সবাই মিলে এমন করে বল যে মাঝে মাঝে আমারও মনে হয় পুতুল বুঝি পালিয়েছে। কিন্তু তা যে নয়, তা যেমন আমি জানি, তেমনি তোমরাও তো জানো। গাঁয়ের সকলে মিলে পালা দেখতে গিয়েছিলাম গোসাবা সদরে। ফিরতে রাত হয়েছিল। নাও বেয়ে আসছিলাম আমরা জনা দশেক। এই ময়নামতির আশেপাশেই কোথা থেকে দুটো ভটভটি করে ডাকাতের দল এসে চড়াও হলো আমাদের ওপর। আমার কাঁধে পড়ল কাটারীর কোপ আর মুস্তাক লাফ দিল নদীতে। মাঝি হাবিব মিঞা দাঁড় তুলে তেড়ে আসছিল, তারেও দিলো এক কাটারীর কোপ। রাতের গাং, ছাই রঙা অন্ধকারের আলোয় দেখলাম মুস্তাককে কামঠে টেনে নিয়ে গেল। আর ওই হারামজাদারা টেনে নিয়ে গেল আমার পুতুল রানীরে, সাথে নিয়ে গেল মুস্তাকের পরিবারের মেয়েমানুষগুলাকে। এই ময়নামতির চড়ায় নৌকো ভীড়েছিলো শেষে। হারান কাকা উদ্ধার করে আমারে আর মুস্তাকের বাচ্চা দুটোকে। হাবিব মিঞারে বাঁচানো যায় নি। জানোই তো সব কথা।

নটবর থামে। এই ঘটনার কথা আরও বিশদে পুলিশ থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, এনজিওর দিদি দাদাদের পর্যন্ত অন্তত চারশো বার বলেছে গত চার বছরে। প্রশাসন থেকে সাংবাদিক পর্যন্ত সকলেই জানে এই অঞ্চলের দুর্গমতার কারনে অনেকরকম অপরাধীরাই এর সুযোগ নেয়। তাছাড়া আছে নদীপথে বাংলাদেশের সাথে যোগাযোগ। অস্ত্র, বন্য পশু পাখির মতন মানুষ পাচারও হয় এই পথে। চোরাই মাল পৌঁছে যায় কখনো জঙ্গিদের আড্ডায়, কখনো সোনাগাছিতে আবার কখনো বা আরবি শেখের খোঁয়াড়ে।

রতন খুড়ো নিঃশব্দে এসে দাঁড়ায় নটবরের পাশটিতে। আলতো করে হাত রাখে নটবরের মাথায়। ঘুগনির বাটিটা বেঞ্চিতে নামিয়ে রেখে বলে,

-তোরা মায়ের মূর্তি গড়িস, বাপ। মায়ের আশীর্বাদ ঠিকই আছে তোর সাথে। ধরে নে পূর্বপুরুষের কোনো পাপের খেসারত দিচ্ছিস তুই।

-পাপ পুণ্যি হলো গিয়ে জোয়ার ভাঁটার মতন। একটার পিছে আরেকটা আসবেই। ভাঁটায় যা টেনে নিয়ে যায় জোয়ার তাই ফিরিয়ে আনে।

-তা যা বলেছিস। আমাদের মতন মানুষের পাপ পুণ্যির বাটখারা নিয়ে ভগবানও বুঝি কাগজ চাপাই দেন।

খুড়ো আবার টুকটুক করে গিয়ে নিজের মাচায় বসে। সেই কোন ছেলেবেলা থেকে নটবরের আসা যাওয়া এই ময়নামতির চরে। বাপের আরেক দোস্ত হলো গিয়ে বদর মিঞা। এক বদর মিঞার নাওই ভরসা এই চরে আসার জন্য। বাপের সাথে ছোট্ট নটবর আসতো এই ময়নামতির চরে। জগদ্ধাত্রী পুজো উৎরে গেলে মৃৎশিল্পীর একটু ফুরসৎ হয়। সেই শীতের সময়, যখন কনকনে হওয়ায় হাড়ে কম্প ধরে, আগাপাশতালা তুষের চাদরে মুড়ে মিঠে রোদ মাখতে মাখতে নটবর আসত বাপের সাথে বদর মিঞার নাওয়ে চড়ে। বাপের বন্ধু মানুষ ছিল হারান কাকা, বদর মিঞা, রতন খুড়োরা। চার বন্ধু মিলে এই রতন খুড়োর চায়ের দোকানে বসেই তাড়ি খেত সারাদিন। নটবর গুটগুট করে ঘুরে বেড়াত এর ওর দাওয়ায়। তখন ছিল আট দশ ঘর মানুষের বাস। কেউ হয়ত ডেকে এক মালসা মুড়ি আর এক দলা ভেলিগুড় দিলো খেতে। তাতেই তার কি আনন্দ! বাবু হয়ে যুত করে বসে বড় মানুষদের মতন করে গুড় মুড়ি খেত নটবর, গদগদ মুখ করে। বাড়ির বউ-ঝিরা ওর ওই খাবার ভঙ্গি দেখে হেসে কুটিপাটি হতো। তাতে নটবরের ভারী বয়েই যেত।

বাপ তখন থেকেই নটবরকে মাটির কাজ শেখাত। বলত, 'বাপ, মৃৎশিল্পী হওয়া কি সহজ কাজ! মাটির সাথে ভাব ভালোবাসা করতে হয়, তবে সে বাগ মানে। কাঠ-খড় কে কত তোয়াজ করতে হয়, তবে সে গায়ে মাটি মাখে। আর রং, তুলি, কাপড়, গয়না এরা হলো গিয়ে আশনাইয়ের পাত্র। লাজে রাঙা না হলে তাদের রূপ খোলতাই হবে ক্যামনে!'

-কি রে, এই সাঁঝবেলায় এখানে কি করিস?

হারান কাকার ডাকে সম্বিৎ ফেরে নটবরের।

-কাকা, আপনি কখন এলেন? আপনার জন্যেই তো এই ঘাটে অপেক্ষা করছি।

ঘাটের দিক থেকে বদর মিঞা হাঁক পাড়ে,

-খবর কি তোর, নটে?

বদর মিঞার নাওয়েই হারানকাকা এসেছে। নটবর ঘাড় কাত করে ভালো বলে। মিঞা আবার হাঁক পাড়ে,

-এখন আগাই, কত্রাখালি যেতে হবে উজান ঠেলে। আকাশের অবস্থা তো দেখছিস….

বদর মিঞা লগি ঠেলে নাও ভাসায়। নটবর জানে ঝড় বাদলায় মিঞা কাবু হয় না। পাকা বাঁশের মতন শরীরে ভয়ঙ্কর জোর। নাও চালাবার আর বাঁচাবার সবরকম কসরতে দড়। আর আছে বাঘের মতন কলজে। এই অঞ্চলের মানুষ বাঘ কামঠ সাপের সাথেই ঘর করে। তবে বদর মিঞা সেই দক্ষিণরায়ের সাথেও লড়েছে কেবল ওই দাঁড় নিয়ে। বাঁ কাঁধে সেই দগদগে দাগ নিয়ে খালি গায়ে কোমরে লুঙ্গি এঁটে মিঞা যখন নাও চালায়, নদীই বুঝি তার প্রেমে হাবুডুবু খায়! বিশ্বকর্মাদেবের মূর্তি বানাবার সময় এই বদর মিঞাই নটবরের চোখের সামনে ভাসে।

-ঘরকে চল তাহলে। আমার বাড়িতেই দুটো খেয়ে শুয়ে থাকিস। আজ আর ফেরার দরকার নেই।

ডাক দেয় হারান কাকা।

নটবর আর হারান বাড়ির পথ ধরে। আজ নটবর এসেছে কাকার সাথে পরামর্শ করতে, পুতুলরানীর ব্যাপারে। গত এক হপ্তায় কিছু খোঁজখবর নিয়েছে। বাপের অবর্তমানে তাঁর এই তিন বন্ধুই ভরসা। হারান কাকা এদের মধ্যে একটু মাথা ঠান্ডা বুদ্ধিমান মানুষ।

আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। অল্প অল্প বাতাস ছেড়েছে। কার গোয়ালের গরুর দল ডাকাডাকি করতে শুরু করেছে। খেয়াঘাটের বিরাট বট গাছটায় হাজারো পাখ-পাখালির ডাকে কান পাতা দায়। সকলেরই একটা আশ্রয় বড় দরকার।

 

গাঁ ঘরের সন্ধেটা খুব ভালো লাগে নটবরের। ঘরে ঘরে শাঁখ বাজে, ধুনোর গন্ধে চারপাশটা ম ম করে। রায়দের বাড়ির ছোট মেয়েটি কখন কখন হারমোনিয়াম নিয়ে গলা সাধে। দূরের হরিসভা থেকে সংকীর্তনের সুর ভেসে আসে। হাওয়ার বেগের সাথে সাথে তা আবার বাড়ে কমে। সাঁঝের উনানের ধোঁয়া কুণ্ডুলি পাকিয়ে আকাশ বাইতে শুরু করে। সে ধোঁয়ারও একটা মন কেমন করা গন্ধ হয়। পিসি এসে দুটো বাতাসা হাতে গুঁজে দিয়ে যায়। তবে এসবই নটবর টের পায় রবিবারে বা ছুটির সময়ে। সোম থেকে শনি সে থাকে কুমোরটুলিতে পাল মশায়ের ডেরায়। কলকাতায় তো সন্ধে সেভাবে টেরই পাওয়া যায় না। সারাদিনই ঘরের মধ্যে আলো জ্বলে, বাস ট্রামের প্যাঁপোঁ ঢং ঢং। মাইকে সারাক্ষন হয় গান বাজে নয় লোকে বাজে বকে। হারান কাকার বাড়ির দাওয়ায় বসে বসে এইসবই ভাবছিল নটবর। এবাড়িতে তার যাতায়াত সেই ছোট্ট বয়েস থেকে। একরকম নিজের বাড়ির মতনই। কাকী বোধয় ডালে রাঁধুনি ফোড়ন দিলে। গোটা উঠনটা একেবারে গন্ধে লন্ডভন্ড হয়ে গেল!

দুই ষাটোর্ধ মানুষের এই অসম্পূর্ন সংসার তিন নাতি নাতনি কে নিয়ে। একমাত্র মেয়ে আর জামাই নৌকাডুবিতে মারা যায়, এই বিদ্যেধরিতেই। ভরা বর্ষায় নদী যখন পোয়াতি হয় ফিবছর তার খিদেও বাড়ে তেমনি রাক্ষুসীর মতন। মানুষখেকো বাঘ-কামঠের দেশের নদীও তেমনি হবে বৈ কি।

কাকা এসে নটবরের পাশে দাওয়ায় বসে তাড়ির কলসি নিয়ে। ভাঁড়ে তাড়ি ঢেলে চুপটি করে বসে ধীরে ধীরে চুমুক মারে। যেন খেয়ালই নেই নটবর পাশে বসে আছে। এদিকে বৃষ্টি পড়তে শুরু করেছে। ঝড় টা তেমন না হলেও হাওয়ার দাপটে পচা গরমটা একটু আড়াল হয়েছে। তেতেপুড়ে ফুটিফাটা মাটিতে জল পড়ে এক মন মাতাল করা সোঁদা গন্ধ ছেড়েছে। কাকী একফাঁকে এসে কলাই করা একটা পাত্রে কাঁকড়ার ঝাল চচ্চড়ি দিয়ে গেল। একটুকরো তুলে মুখে ফেলতেই স্বাদের ফুলঝুড়ি মুখের মধ্যে! এমন ঝাল রাঁধলে কাঁকড়ার মরেও শান্তি!

-নটে, বল এবার কি বলতে এসেছিস।

আরেকবার ভাঁড়ে তাড়ি ঢেলে কাকা জিজ্ঞেস করে।

-কাকা, তুমি মানো তো আমার আর মুস্তাকের সাথে কি অবিচারটাই না হলো!

-তোর কথা বল। মুস্তাকের কথা এখন বাদ দে।

-পুতুলরে তুলে নিয়ে গেল। পুলিশ তারে চার বছরে খুঁজেই পেলো না। খোঁজার চেষ্টাই করল না। তুমি আর বদর মিঞাই তো গেছিলে থানায়। আমি তো পড়েছিলাম গোসাবা সদর হাসপাতালে।

-ওসব পুরোনো কথা ছাড়ান দে, নটে। ভুলতে শেখ।

-অত সহজে কি ভোলা যায়, কাকা! পুতুল বড় লক্ষীমন্ত মেয়ে ছিল। আমার আর পিসির ওই নড়বড়ে সংসারটার হাল ধরেছিল একা হাতে…..

-তুই বরাবরই বউ পাগলা….

নটবর হঠাৎই কাকার পা দুটো দু হাতে চেপে ধরে।

-কাকা, বাপ মরার সময় বলে গিয়েছিল বিপদে আপদে তোমার কাছেই আসতে। তোমার দুটি পায়ে পড়ি, আমায় একটু সাহায্য করো পুতুলকে উদ্ধার করতে।

হারান দুম করে চুপ মেরে যায়। তাড়ি খেতে থাকে চুপচাপ। কাঁকড়ার ঝাল ছুঁয়েও দেখে না। বেদে পাড়ার দিক থেকে শুয়োরের কান্না ভেসে আসে। শুয়োর মারা হয় তিলে তিলে। গুহ্যদ্বার দিয়ে গরম শলাকা আমূল ঢুকিয়ে দেওয়া হয় শুয়োরের দেহে। তারপর তাকে মরতে দেওয়া হয়, ধীরে ধীরে।

 

 

।।তিথি।।

 

দুটো বিলাসবহুল ইয়াট পাশাপাশি ঠায় দাঁড়িয়ে। বেশ অনেক্ষন থেকেই হবে। একটি সম্পূর্ণ সাদা আরেকটি নীলের ওপর সাদা নকশা করা। বেশ অভিজাত চেহারা দুটিরই। ইয়াট দুটি আটকে আছে বরফে। আর এগোতে বা পিছতে পারছে না। চতুর্দিক ধপধপে বরফের সাগর। ঝলমলে রোদ উঠেছে। বরফ গলে গেলেই আবার সেই নীল জলে পাড়ি দেবে ইয়াট দুটি। নিচের ডেক থেকে চড়া বাজনার সাথে হুল্লোড়ের শব্দ সমানে মাথা চাড়া দিচ্ছে। ইতস্তত ভেসে বেড়াচ্ছে সুখদ্যের গন্ধ। উৎকৃষ্ট ব্লু চিজ, ডাক রোস্ট, রোসেটি, ইয়র্কশায়ার ল্যাম্ব প্যাটি, লাজানিয়া, আরো কত কি। সাথে আছে বোরদো রেড ওয়াইন, ময়েটেশ্যান্দঁ শ্যাম্পেন, অঢেল কোকেইন আর মানালি ক্রিম, সেরা চরস।

দেখা গেল নীল ইয়াটটার ওপরের ডেকে দুটি মেয়ে উঠে এলো। এই ডেকে একটা ছোট্ট জ্যাকুজি আছে। মেয়ে দুটি তাতে গিয়ে বসল। তাদের বোধহয় একটুও শীত করছে না। দুজনকেই খুব খুশি দেখাচ্ছে। ওরা এক টুকরো চরস আগুনে সামান্য পুড়িয়ে রিজলায় একটা জয়েন্ট বানিয়ে টানতে লাগলো। ক্রমশ একে অপরের ঘনিষ্ঠ হতে লাগলো তারা। একটু পরে পরস্পরে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে পড়লো। ইতিমধ্যে সাদা ইয়াটের ডেকে একটি পুরুষকে দেখা যাচ্ছে। তার হাতে একটি শটগান, দুই ব্যারেলের। সেটিকে তাক করতে করতে পুরুষটি একসময়ে চালিয়ে দেয়। অনতিদূরে দিগন্তবিস্তৃত সাদা বরফের এক জায়গায় একটি লাল ছোপ ফুটে ওঠে। সেটি ক্রমশ ছড়িয়ে যেতে থাকে সাদা বরফের চাদরে। লাল রক্তের রং সাদা বরফে মিশে গিয়ে ফিকে হতে হতে একসময় আদুরে গোলাপি রঙে পরিণত হয়। সেখানে একটি গোলাপি লেজার সাইনবোর্ডে লেখা 'Pinkathon'। তাতে কাঁচা পাকা চুলদাড়িওয়ালা শাশ্বত পুরুষ মডেলের মুখ। সে একা পুরুষ দৌড়বে আবালবৃদ্ধবনীতা নারী জাতির কল্যাণের জন্য। সাথে থাকবে বহুজাতিক টেলিকম জায়েন্ট আর তাদের অবিচ্ছেদ্য নেটওয়ার্ক। এই উপলক্ষেই একগাদা স্পোর্টস গিয়ার কিনে ফেলেছেন বহু মহিলা। তাই নিয়েই একদফা আলোচনা হয়েছে দৌড়বাজদের মধ্যে। কেউ একজন চিন্তিত হয়ে বললেন, 'এই জুতো নিয়ে কি বরফে ছোটা যাবে!' সাথে সাথে সবাই চিন্তায় পড়ে গেলেন। একটি পোলার বিয়ারের পরিবার একটু তফাতে দাঁড়িয়ে এইসব দেখছিল। পরিবারের কর্তা হঠাৎ ঘোষণা করলেন এই দৌড়ে যে প্রথম হবে তাকে দিয়েই আজকের লাঞ্চ সারা হবে। গিন্নি বিয়ার খুশি হয়ে হাততালি দিয়ে বলে উঠলেন, 'যাক বাবা, আজ তাহলে আর কিচেনে ঢুকতে হচ্ছে না।' ইতিমধ্যে গোমড়া মুখের ভলান্টিয়ার ব্যাজ পরা একটি লোক কয়েকবার হুইসেল বাজিয়ে ঘোষণা করলেন যে পরিবেশের কথা খেয়াল রেখে পিস্তল ছুঁড়ে দৌড় শুরু করার বদলে সকলের ফোনে ওঁ ধ্বনি বেজে উঠলেই দৌড় শুরু হবে। কিন্তু না, ওঁ ধ্বনি নয়, বরং সকলের ফোনেই বেজে উঠলো সেই পুরনো দিনের ফোনের ক্রিং ক্রিং। ক্রমশ আকাশ বাতাস বিদীর্ণ করে সেই কর্কশ আওয়াজ ছড়িয়ে পড়তে লাগল। একসময় তা এত তীব্র হয়ে উঠলো যে তিথি ধড়মড়িয়ে উঠে বসে। তিথি এমনই সব অদ্ভুত স্বপ্ন দেখে! একবার দেখেছিল অনিকেতের বাবা লাল গামছার ওপর আর্মানীর একটা লেদার জ্যাকেট চাপিয়ে পায়ে হাওয়াই চপ্পল পরে এডিনবার্গের একটি পাবে ঢুকেছেন আর ডোলচে-গব্বানার আলফোনসও ডোলচে গদগদ মুখে তাঁর দিকে দুহাত বাড়িয়ে এগিয়ে আসছেন!

বেডসাইড টেবিলে মোবাইল ফোনটা বেজে বেজে থেমে গেলো এইমাত্র। এই ওল্ড টেলিফোন রিংটোনটা তিথি হালে সেট করেছে। বেশ লাগে ওর। তিথির কৈশোরের অনেকটা সময় কেটেছে যাদবপুরে দাদুর বাড়িতে। ওবাড়িতে বরাবর সেই কালো গাবদা ডায়াল ঘোরানো টেলিফোন আর তার ছিল এই রকম আওয়াজ। ফোন বাজলেই কিশোরী তিথি ছুট্টে গিয়ে ফোন তুলে বড়দের মতন করে হ্যালো বলত।

গড়িমসি করে অবশেষে ওঠে তিথি। কাইজারের ফোন ছিল। এখন কলব্যাক করতে ইচ্ছে হচ্ছে না। মেসেজ করে দিলো পরে ফোন করবে বলে। আজ শনিবার, আলসেমির দিন। গুরুগ্রামের গলফকোর্স রোডের এই বিশাল বিলাসবহুল ফ্ল্যাটে আজ তিথি একা। অবশ্য এটা খুব একটা অস্বাভাবিক ব্যাপার নয়। অনিকেত প্রায়ই বিজনেস ট্রাভেল করে। তিথিও করে। অনিকেত আছে একটি বহুজাতিক ব্যাংকের মার্কেটিং লিডারশিপ টিমে। বছর খানেক হলো জয়েন করেছে। আগে অনিকেত আর তিথি দুজনেই একটি বহুজাতিক টেলিকম কোম্পানিতে ছিল। অনিকেত কর্পোরেট একাউন্টগুলি দেখতো আর তিথি ডিজিটাল মার্কেটিং। IIM র পরে ক্যাম্পাস থেকেই ওরা এই টেলিকম কোম্পানীতে জয়েন করে। তিথি এখনো সেখানেই আছে। তবে আর বোধয় বেশিদিন নেই।

এইসব ভাবতে ভাবতেই ইলেক্ট্রিক কেটলিতে জল গরম করতে দেয় তিথি। বাড়িতে লেমন গ্রাসের প্লান্টের পাতার ডগা থেকে সামান্য একটু কাঁচিতে কেটে কেটলির মধ্যে ফেলে দেয়। এই গন্ধটা তিথির খুব প্রিয়। অনিকেত থাকলে এটা করা যেত না খুব সঙ্গত কারণেই। কারণ সকালের চা টা অনিকেতই বানায় আর লেমন গ্রাসের গন্ধ তার মোটে পছন্দ নয়। তিথি হাতে ধরে অনিকেতকে চা বানাতে শিখিয়েছে আর সাথে উজাড় করে দিয়েছে তার চায়ের জ্ঞান যা সে উত্তরাধিকার সূত্রে পেয়েছে দাদুর আর মা বাবার থেকে। অনিকেতদের বাড়ির চা একেবারে পায়েসের মতন। ফলে তার সাথে থাকতে গেলে তাকে গড়েপিটে নিতে তো হবেই। চায়ের ব্যাপারে তিথি জেনেটিক্যালি খুঁতখুঁতে। কলকাতার যে দোকান থেকে বাবা বরাবর চা আনতেন, তিথি তাদের সাথে বন্দোবস্ত করেছে কুরিয়ারে চা পাঠাবার জন্যে। সিঙ্গল গার্ডেন দার্জিলিং চা, অরেঞ্জ পিকো সেকেন্ড ফ্লাশ। চায়ের এই বর্ণনা শুনে বস্তুতই অনিকেত দাঁড়িয়ে পড়েছিল রাস্তার মাঝে। অনিকেত যথেষ্ট বুদ্ধিমান এবং দুনিয়ার হাল হকিকতের খবরও রাখে। কিন্তু এটা পরিষ্কার ওর সিলেবাসের বাইরে ছিল।

সেদিন তিথি প্রথমবার অনিকেতদের বাড়িতে গিয়েছিল। শোভাবাজার মেইন রাস্তার ওপরই বেশ বড় আর পুরনো তিনতলা বাড়ি। সবুজ রঙের খড়খড়ি লাগানো দরজা জানালা। ঢুকেই একটা বড় চাতাল অন্তর্বর্তী বারান্দা দিয়ে ঘেরা। একটি বেশ বড় বৈঠকখানা, রান্নাঘর, ভাঁড়ার ঘর ইত্যাদি। দোতলা আর তিনতলায় পরিবারের সকলের শোবার ঘর। তিথির দারুন পছন্দ হয়েছিল বাড়িটা। ঠিক যেমন সিনেমায় দেখেছে! অনিকেতের মা, কাকী, বৌদি সকলেই খুব আপ্যায়ন করেছিলেন তিথিকে। তবু কোথাও একটা আড়ষ্ঠতার ভাব ছিল। তিথি বুঝতেই পারছিল সে বেশ বেমানান ওই পরিবেশে। বিকেলের দিকে বলে বাড়ির মহিলারাই ছিলেন। পুরুষ বলতে এক অনিকেত। অনিকেতের মা কাকী বৌদি এমনকি ছোট বোনটা পর্যন্ত সকলেই কেমন দেবী দেবী দেখতে। বলা বাহুল্য সকলেই শাড়ি পরেন। সেখানে তিথি টাইট জিন্স আর সাদা শার্ট, তাও আবার শার্টের ওপরের দুটো বোতাম বিপজ্জনকভাবে খোলা।

টি পটে চা পাতা রেখে তাতে সাবধানে গরম জল ঢালতে ঢালতে আপন মনেই হাসছিল তিথি, এইসব পুরোনো কথা ভেবে। বাইরে মে মাসের গনগনে রোদ। এই সকালবেলাতেই তাপমাত্রা চল্লিশের ওপর। এপার্টমেন্টগুলো অবশ্য সবই শীতাতপ নিয়ন্ত্রিত। এমনকি লিফটগুলিও। তার ওপর বিশাল আকারের ইতালিয়ান উইন্ডোর কাঁচে তাপশোষক ফিল্ম লাগানো। চতুর্দিকে বৈভব অহংকারীর স্পর্ধায় বিরাজমান। সুখের খামতি হওয়ার কথা নয় আদৌ। কিন্তু ইদানিং তিথির যেন কোথাও একটু হাঁফ ধরছে।

তিথি ঠিক করে আজ সারাদিন ওয়াইন খাবে আর সিনেমা দেখবে। আর মোটে কিচ্ছুটি করবে না। আজ মাঝরাত পার করে অনিকেতের ফ্লাইট ল্যান্ড করার কথা। বাড়ি আসতে আসতে ভোর। এইসব ভাবতে ভাবতেই বেডরুমের বড় আয়নাটায় সে ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখে। মার্ক্স এন্ড স্পেন্সরের ডিজাইনার কলেক্শনের অন্তর্বাসে নিজেকে দেখে নিজেই মুগ্ধ হয়ে যায় তিথি। গতকাল একটা ককটেল ছিল। ফিরে আর চেঞ্জ করতে ইচ্ছা হয় নি। কাফতান আর প্লাজও শরীর থেকে নামিয়ে সোজা বিছানায় ডাইভ। তিথির চোখ যায় কোমরের ট্যাটুর দিকে। উড়ন্ত দুটো পাখনা, ব্যাস আর কিছু নেই। তা সে পাখনা পাখিরও হতে পারে, পরীরও হতে পারে, আবার ভ্যাম্পায়ার হলেও আশ্চর্য হবার কিছু নেই। লো-ওয়েস্ট জিন্স পরলে ওই ট্যাটুর উঁকি নিয়ে অনেকেই ভাবনা চিন্তা করে অফিসে। চায়ের মাগটা তুলে বাইরে বসার ঘরে আসতে আসতে তিথির মনে পড়ে এই ট্যাটুটা কাইজার করে দিয়েছিল, বাড়িতে এসে। কাইজার তখন ওদেরই মতন সদ্য জয়েন করেছে। পেশায় ইঞ্জিনিয়ার, দিল্লি IIT থেকে পাশ করেছে। আর শখের ট্যাটু আর্টিস্ট। ওরা তখন দিল্লিতে থাকতো।

IIM র পর প্রথম যখন তিথি আর অনিকেত দিল্লিতে এলো চাকরি করতে, তখনই দুজনে ঠিক করে এক সাথে থাকবে। বিয়ের কথা দুজনের কেউই ভাবতে চায় নি। আজও তেমন ভাবে বলে মনে হয় না। প্রথমে ওরা থাকতো হওজ-খাস ভিলেজের একটা ফ্ল্যাটে। কাইজার উইকেন্ডে হানা দিত। সারাদিন বসে আড্ডা, মদ, সিনেমা, গাঁজা-চরস…...এমনও উইকেন্ড গেছে যে ওরা স্নান করতেই ভুলে গেছে। সোমবার সকালে তিন জন ফ্রেশ হয়ে সোজা অফিস গেছে।

ডিং ডং, কলিং বেলের আওয়াজ। হাতের কাছেই সিল্কের একটা রোব ছিল। সেটা গায়ে জড়িয়ে দরজা খোলে তিথি। সারিতা, তিথির 'হাউসহোল্ড হেল্প'। সারিতাই তিথি আর অনিকেতকে খাইয়ে পরিয়ে রেখেছে। বছর কুড়ি বাইশের চটপটে মেয়েটা খুবই কাজের তাতে সন্দেহ নেই। উইকেন্ডে একটু বেলায় আসারই নির্দেশ দেওয়া আছে ওকে। অন্য দিনগুলিতে যতক্ষণে তিথি সকালের চা আর ফোনের ইমেইল সারে, সারিতা তার মধ্যেই এই এতবড় এপার্টমেন্ট ঝাড়ামোছা করে ব্রেকফাস্ট বানিয়ে ফেলে। এই সারিতার কল্যাণেই বেচারা অনিকেতের কপালে একটু দুধ দেওয়া চা জোটে। কথা বিশেষ বলে না মেয়েটা। ঢুকেই আগে বাড়ির মুডটা বুঝে নিয়ে সেই মতন ব্রেকফাস্ট আর কখন কখন ডিনার বানিয়ে দিয়ে যায়। তিথি কে দেখলেই সারিতার চোখে মুখে একটা খুশি মাখানো সম্ভ্রমের ভাব জেগে ওঠে। আজও তাই হলো। এই পিচরাঙা রোবটা অনিকেতই এনেছিল, বোধয় লন্ডন থেকে।

সারিতা আজ প্যানকেক বানিয়েছে ব্রেকফাস্টে। সাথে মধু। আলাদা একটা পাত্রে অল্প পেঁপে আর খারবুজা কেটে রেখে গেল এইমাত্র। তিথি আর অনিকেতের পছন্দ অপছন্দ মেয়েটা ঠিক জানে। দুজনের সমীকরণটাও ঠিক ধরতে পারে। যেমন আজ যদি অনিকেতও এখানে থাকত তাহলে এর সাথে অনিকেতের জন্যে একটা কোলবালিশের মতন ওমলেট আসত, যার পেটে চিজ টম্যাটো সালামির কুচি ভরা থাকতো। দু পিস টোস্টেড ব্রেড বাটার জ্যাম আর অনেকটা দুধ আর চিনি দেওয়া কফি। অনিকেতের কথা মনে আসতেই তিথি জানাল যে কাল ভোরে অনিকেত ফিরছে। শুনে সারিতা জানাল যে সে কাল তাহলে আরেকটু বেলায় আসবে আর লুচি ছোলার ডাল, সাদা আলুর তরকারি বানিয়ে দেবে। তিথি যেন মনে করে মিষ্টি আনিয়ে রাখে। তা আর বলতে! এই মেনুর পরে মিষ্টি না হলে অনিকেত ভেঙে পড়বে যে। তিথি ভাবল এখনই সুইগি তে অর্ডার করে দেবে। গুরুগ্রাম এখন মিনি কলকাতা। পরিযায়ী বাঙালির প্রিয় কর্মক্ষেত্র। তাই চমচম থেকে চাঁদমালা সবই মেলে এখানে।

টুং টুং করে কাইজারের রিপ্লাই এলো,

'লাঞ্চে চলে আয়। রুমি সালি বোটি বানাচ্ছে।'

'সো সুইট! কিন্তু আজ আমার সাথে আমার ডেট!'

'তোমরা বাঙালিরা পারোও বটে! চলে আয়, ভালো ওয়াইনও আছে।'

খুব মিষ্টি কাপল কাইজার আর রুমি। পার্সিদের সান্নিধ্য বড়ো একটা হয়নি এর আগে। আদপেই খুব মজার মানুষ হয় এরা। কিন্তু আজ স্রেফ কিচ্ছু না করার দিন। তাই তিথি রিপ্লাই করল,

'দুপুরটা তোকে আর রুমিকে গিফট করলাম। আমাদের বাংলায় দুপুরের আদর-সোহাগ নিয়েই যত রোমান্টিকতা। চেখে দ্যাখ।' একটা ইমোজি জুড়ে দিলো সাথে।

হাসি হাসি মুখটা তুলেই সারিতার সাথে চোখাচোখি। মুখটা খুব বিষণ্ন দেখাচ্ছে মেয়েটার। তিথি জিজ্ঞেস করে,

-সারিতা, কি হয়েছে রে?

সারিতা ডাইনিং টেবিলের কাছে সরে আসে।

-বলবি কিছু?

-দিদি, কাল থেকে খুব ভয়ে ভয়ে আছি। আমাদের পাড়ার চারটে মেয়েকে কাল রাতে তুলে নিয়ে গেছে। ওদের নাকি বেচে দেবে, দুবাইতে।

তিথি ঘুরে বসে। ইশারায় সারিতাকেও বসতে বলে। তারপর জিজ্ঞেস করে,

-খুলে বল তো ঠিক কি হয়েছে।

-আমিও শুনেছি দিদি। আমাদের ওখানে টাকা ধার নেওয়াটা রোজকার ব্যাপার। কিছু বন্ধক রেখে ধার করতে হয়। যাদের তেমন কিছু থাকে না তারা বাড়ির মেয়ে বউদের পর্যন্ত বন্ধক রাখে।

রাগে তিথির মাথায় আগুন জ্বলে ওঠে। চারপাশে যুধিষ্ঠিরের ছড়াছড়ি! বলে,

-আর টাকা ফেরৎ না দিলে বাড়ির মেয়েদের তুলে নিয়ে যায়! কেউ বাধা দেয় না?

-কে প্রাণ খোয়াবে দিদি? ওদের কাছে অস্ত্র থাকে। বন্দুকও থাকে।

-পুলিশে খবর দেয়নি কেউ? যা শুনছি লোকগুলো নিশ্চই চেনা লোক।

-চেনা ঠিকই। কিন্তু ওরা বড় সাংঘাতিক লোক। পুলিশের সাথেও ওদের বন্দোবস্ত আছে।

সারিতা ধীরে ধীরে কিচেনে ঢুকে যায় আবার। শেষের দিকে আরো কিছু যেন বলছিল। তিথির কানে ঢোকে না। দুনম্বর প্যানকেক টা আর খাওয়া হয় না তিথির। জানলার ভেতর দিয়ে গলে আসা ঠান্ডা রোদ্দুর এখন আগুন হয়ে তিথির মাথায় জ্বলছে। রাগ যতটা না টাকার কারবারিদের ওপর তার থেকে অনেক বেশি সেই লোকগুলোর ওপর যারা নিজেদের আপনজনদের এইভাবে ব্যবহার করে। তিথি ভাবতে থাকে, দিনভর ভাবতে থাকে, এই মানুষগুলোর জন্যে কিছু করা যায় না! ওয়াইন ছাড়া, স্যালাড বাদে, প্রোটিনহীন হয়ে, হোম থিয়েটার অন্ধকার করে, সারাদিন শুধু ভাবতে থাকে তিথি।

 

বিকেলের দিকে তিথি এক কাপ চা বানায় নিজের জন্যে। চা খেতে খেতে ফোনে খুচ খুচ করে কিছুক্ষণ টেক্সট করে কথা বলতে থাকে কারুর সাথে। চা শেষ করে উঠে স্নানে যায়। মুখ দেখে মনে হয় মনের মেঘ কিছুটা কেটেছে। বেশ অনেক্ষন ধরে স্নান করে তিথি। জেসমিনের সুগন্ধি ফোমের আবেশে ধীরে ধীরে মন মাথা দুটোই পরিষ্কার হতে থাকে। স্নান থেকে বেরিয়ে চটপট একটা গ্রে জিনস আর মেরুন পোলো টিশার্ট পরে যৎসামান্য প্রসাধন সেরে বেরিয়ে পড়ে।

ঘড়ির কাঁটা সবে ছয়টা পেরিয়েছে। লিফট থেকে বেরিয়ে বেসমেন্টের পার্কিংয়ে পা দিয়েই মনে হলো সওনায় প্রবেশ করল তিথি। ফোনে তাপমাত্রা বলছে উনচল্লিশ ডিগ্রি। গাড়ি স্টার্ট করে এসিটা চালিয়ে সামনের দুটো উইন্ডো সামান্য রোল ডাউন করে একটা সিগারেট ধরায় সে। তিথি একটা নিসান টোরেনো চালায়। কালো গাবদা এই এস ইউ ভিটা তিথির বেশ লাগে। অনিকেত একটু কিন্তু কিন্তু করেছিল এটা কেনার সময়। অনিকেত নিজে একটা সিদান চালায়, হন্ডা সিভিক। ওর ইচ্ছে ছিল তিথিও একটা সিদান বা কিউট হ্যাচব্যাক নেয়। তবে অনিকেত এও জানত যে তিথি নিজের পছন্দ অপছন্দকে যথেষ্ট মর্যাদা দেয়। তাই আর দ্বিতীয় বার না বলেনি। তাছাড়া অনিকেত নিজেও এই গাড়িটা খুব ভালোবাসে। অফিস যাতায়াত ছাড়া এই গাড়িটাই অনিকেত ব্যবহার করে।

সিগারেটটা শেষ করে তিথির বেশ ভালো লাগে। ওটা বিশুদ্ধ সিগারেট ছিলনা, সামান্য চরসের ফোড়ন দেওয়া ছিল। এখন অনেকটা রাস্তা যেতে হবে, সেই শাক্কুর বস্তি পুলিশ স্টেশন। প্রায় চল্লিশ কিলোমিটার পথ। গুগুল ম্যাপটা সেট করে আরমিন ভ্যানের একটা ট্রান্স ক্লাসিক কালেকশন চালিয়ে বেরিয়ে পড়ে তিথি।

বিকেলের দিকে অমিত দুগ্গলের সাথে কথা হয়েছে। ও আপাতত শাক্কুর বস্তি পুলিশ স্টেশনে আছে। অমিত একজন দিল্লি ক্রাইম ব্রাঞ্চ ইন্সপেক্টর। তিথির সাথে আলাপ হয় ওদের এক কমন বন্ধু সালমার বাড়িতে, একটি ঘরোয়া পার্টিতে। সালমা তিথির টিমেই আছে, তবে সম্পৰ্কটা বন্ধুর মতনই। অমিত হচ্ছে সালমার ছেলেবেলার বন্ধু। সেই বন্ধুত্ব কখন কখনও প্রেম প্রেম মনে হলেও ওরা নিজেরাই সে ব্যাপারে শিওর নয়। সে যাই হোক, অমিতের সাথে তিথি এবং অনিকেতের বেশ একটা বন্ধুত্ব গড়ে উঠেছে। ছেলেটা পুরো দস্তুর দিল্লির ছেলে। তারপর সারাক্ষন অপরাধী ঘাঁটাঘাঁটি করা সত্ত্বেও ছেলেটার মধ্যে একটা ইন্টেলেকচুয়াল ব্যাপার আছে। তবে আবার কোনো কোনো ব্যাপারে খুব জাজমেন্টাল। সেই জাজমেন্ট যদি তোমার পক্ষে হয় তাহলে অমিত তোমার জন্যে যান লড়িয়ে দেবে।

এক চুমুক কফি খায় তিথি। ওদের কমপ্লেক্সের বাইরেই একটা বারিস্তা আছে। ওখান থেকে একটা ডাবল শট আমেরিকানো তুলে নিয়েছে। শনিবার বলে আলাদা করে ট্রাফিক কিছু কম নেই! আসলে দিল্লি গুরুগ্রামের ট্রাফিক স্থান কাল পাত্র নির্বিশেষে একই থাকে। এক অফুরান অজগর সাপের মতন ট্রাফিক অনিবার্য গন্ত্যবের দিকে এগিয়ে চলেছে মন্দ্র গতিতে। মাহিপালপুরে এয়ারপোর্টের রাস্তার জংশনটায় লম্বা জ্যাম। গিজগিজ করেছে গাড়ি। একদল ট্রাফিক পুলিশ হিমশিম খাচ্ছে সামলাতে। তিথি ধৈর্য ধরে নিজের লেনে অপেক্ষা করে।

অমিতকে যখন তিথি সারিতাদের বস্তির ব্যাপারটা জানায়, অমিত প্রথমে পাত্তা দিতে চায় নি। ক্রমশ বুঝতে পারে তিথি সিরিয়াসলি মেয়েগুলো পাত্তা লাগাতে চাইছে। ব্যাপারটা আপাতদৃষ্টিতে অলীক মনে হলেও দিল্লি শহরে কানেকশন থাকলে সব সম্ভব হয়! অমিত জানায় সোমবার দেখা করবে। এখন সে একটা ইনভেস্টিগেশনের ব্যাপারে শাক্কুর বস্তিতে আছে। শুনে তিথি যখন বলে যে সে ওখানে গিয়েই দেখা করতে রাজি আছে, অমিত বোঝে ব্যাপারটা সিরিয়াস। তাই আজ সন্ধে সাতটায় তিথির পৌঁছনোর কথা শাক্কুর বস্তি পুলিশ স্টেশনে। ইতিমধ্যে মাহিপালপুরের গাঁটটা কাটিয়ে বেরিয়েছে সে। একটু এগিয়ে আউটার রিংরোড ধরবে। রাস্তার ডান দিকে লাইন দিয়ে ছোট ছোট হোটেল। সবগুলোতেই একটা সমান্তরাল অপরাধের সহাবস্থান চলে। কে জানে, মেয়েগুলোকে এখানেই কোথাও আটকে রেখেছে কি না। আজ সকালে সারিতার কাছে খবরটা শোনা ইস্তক সে স্থির থাকতে পারছিল না। চুলোয় যাক নিজের সঙ্গে ডেট! তিথি সারাদিন ধরে অনেক ভেবে ঠিক করে অন্তত এই মেয়েগুলোকে উদ্ধার করার একটা চেষ্টা সে করবেই। উদ্ধার করলেও তাদের জীবন যে বদলে যাবে তা নয়। হয়ত আবার এই ঝামেলায় জড়াবে অথবা অন্য কোনো ঝামেলায়। মূল সমস্যা তো অন্য জায়গায়। কোথাও তা সত্যিকারের অনটন কোথাও বা অভাববোধ। জীবনধারণের এবং জীবনযাপনের পাহাড়প্রমান বৈষম্য সততই মানুষের মনে এই অভাববোধ তৈরি করতে থাকে। তবে এই বৃহত্তর সমস্যার সমাধানের আশায় যুগ যুগ ধরে অপেক্ষা করে, কিস্যু না করে বসে বসে সমালোচনা আর হাহুতাশ করার চেয়ে কিছু কাজ তো অন্তত করা উচিত। হোক তা সাময়িক সমাধান। সামান্য কিছু মানুষ কিছুদিনের জন্যে হলেও তো উপকৃত হবে। এই চিন্তাধারা নিয়েই তিথির সাথে তার মা বাবার বরাবরের মতবিরোধ। তিথি বরাবর দেখে আসছে মা বাবার এবং তাদের সতীর্থ রাজনৈতিক কর্মী বন্ধুরা ভয়ঙ্কর রকমের তত্বসর্বস্ব চিন্তাসম্পন্ন। অথচ তারা নাকি সবাই খুব উদার মনস্ক এবং সমাজসংস্কারক! মায়ের থেকে বয়েসে বড়ো সর্বানী মাসি একজন একনিষ্ঠ গণতান্ত্রিক কর্মী। তাঁর একমাত্র ছেলেকে তিনি নাকি ছেলেবেলা থেকে কর্মী হিসেবে গড়ে তুলেছেন। শুধু তাই নয়, ছেলেকে তিনি ব্যক্তিস্বাধীনতার সমস্ত পাঠ শিখিয়েছেন। সুতরাং যদি সে নিজের মর্জিমত কাজ করতে চায় কিংবা নিজের পছন্দের মেয়েকে বিয়ে করতে চায়, মাসি তা হাসিমুখে মেনে নেবেন। একথা শুনে তিথি ফস করে জিজ্ঞেস করেছিল, 'ধরো যদি বিল্টুদা একজন ট্রান্সজেন্ডারকে বিয়ে করতে চায়?' বিল্টুদা মাসির একমাত্র ছেলে, খুবই ভালো ছাত্র এবং সংবেদনশীল মানুষ। কিন্তু সর্বানী মাসির মুখ লাল হয়ে গিয়েছিল। বেশ অনেকদিন তিথির সাথে কথা বলেন নি।

পাঞ্জাবিবাগ ফ্লাইওভারে উঠে তিথি একটা সিগারেট ধরায়। কফিটা শেষ হয়ে গেছে অনেকক্ষন। আরেকটা হলে বেশ হতো! তবে পৌঁছুতে আর বেশি দেরি নেই। ইতিমধ্যে দুটো ফোন এসেছিল। আর এখন মায়ের ফোন। মা প্রায় নিয়ম করে প্রতি উইকেন্ডে ফোনে একই কথা জিজ্ঞেস করে,

-হ্যাঁ রে, তোরা বিয়েটা করবি তো?

ব্লুটুথের সৌজন্যে গাড়ির সাউন্ড সিস্টেমেই কথোপকথন হতে থাকে।

-বিয়ে নিয়ে তুমি আবার মাথা ঘামাচ্ছ!

-বিয়েটা হয়ে গেলে তো ভালোই। অনেকেই তোদের বিয়ের খবরের জন্যে অপেক্ষা করে আছে।

-কেন, তাদের নিজেদের বিয়ের আর খবর হওয়ার নেই বলে!

-কথার কি ছিরি! তুই আমাদের একমাত্র মেয়ে। তোর বিয়েটা একটু ঘটা করে হবে এটা কি খুব বেশি চাওয়া? তাছাড়া অনিকেতকেও জামাই হিসেবে আমাদের সকলেরই খুব পছন্দ।

-তা সেই জামাইয়ের সাথেই তো থাকছি। বিয়ের পর কি কিছু বদলে যাবে?

-এই তিথি, বাজে কথা একদম না। তোরা এক শহরে থাকিস বলেই কি লিভ-ইন করিস? এসব কথা যেন আর কখনো না শুনি।

-মা, এই সব জেনে না জানার ভানটা এত নিখুঁত ভাবে কি করে চালিয়ে যাচ্ছো বলত? তাও এতগুলো বছর ধরে!

-তুই কি ড্রাইভ করছিস? থাক, গাড়ি চালাতে চালাতে তোমায় আর কথা বলতে হবে না।

মা ফোনটা কেটে দেয়। তিথি ঠিক জানে মা শুরু থেকেই জানতো যে সে গাড়ি চালাচ্ছে। কাঁচ বন্ধ থাকলেও বাইরের গাড়ির আওয়াজ ঢুকেই পড়ে, তার ওপর স্পিকারে কথা বললে পরিষ্কার সেটা বোঝা যায়। কিন্তু এই মুহূর্তে সেটা মনে পড়ার কারণ আলোচনাটা এখানেই থামানো। তিথি নিজে নিজেই হাসতে থাকে। শাশ্বত মা-পন্থা যে কোনো পন্থার থেকেই অনেক বড়, মহৎ।

পরের ফোনটা এলো অমিতের। ওর সাথে কথা বলতে বলতেই তিথি শাক্কুর বস্তি থানার চত্বরে ঢোকে। অমিত বাইরেই অপেক্ষা করছিল। এগিয়ে এসে বলল,

-চল বেরোবো, যেতে যেতেই কথা হবে। এখানে বসে কথা বলতে গেলে সবাই কাজকম্ম ফেলে তোমায় দেখবে!

অমিত গাড়িতে উঠে বসে। বলে,

-তোমার সাথে কথা বলার পর কিছু কন্টাক্ট ট্যাপ করেছি। কিছু খোঁজখবরও চালিয়েছি। তুমি কি মেয়েগুলোকে দেখে চিনতে পারবে?

ইস, এটা বড্ড কাঁচা ভুল হয়ে গেছে। আবেগের তাড়নায় মেয়েগুলোর ছবি জোগাড় করতে ভুলে গেছে তিথি। অমিতের দিকে সিগারেটের প্যাকেটটা বাড়িয়ে একটা জয়েন্ট রোল করতে বলে তিথি ফোন লাগায় সারিতাকে। ছবি পাঠাতে বলবে ফোনে। কিন্তু সমস্যা! সারিতার কাছে ওদের একজনেরই ছবি আছে মাত্র। সেই মেয়েটিই সারিতার বন্ধু। বাকিদের সেও চেনে না। তাই সই। সেই একটা ছবি পাঠাতে বলে আর বাকিদের ছবি সাবধানে জোগাড় করতে বলে ফোন রাখে তিথি।

ওদের কথোপকথন থেকেই অমিত সমস্যা টা বুঝতে পেরেছিল। সে জানালো বাকি ছবিগুলো পরে পাঠালেও হবে। আপাতত তারা যাবে শাহদরায়। ওখানে একটা সরকারি হোম আছে, অনাথ মহিলাদের জন্য। আজ সকালে নাকি গাজিয়াবাদ স্টেশন থেকে চার পাঁচজন মহিলাকে উদ্ধার করেছে পুলিশ। কপাল ভালো থাকলে এই হারিয়ে যাওয়া মেয়েগুলো এদের মধ্যে থাকতে পারে। তাই তিথিকে আসতে বলেছে অমিত। জয়েন্টটা ধরিয়ে দুটো টান মেরে অমিতের হাতে ধরিয়ে তিথি গাড়িটা পিতমপুরার দিকে ঘুরিয়ে সোজা চালাতে থাকে।

পলেস্তারা খসা নিঝুম একটা দোতলা বাড়ি। সামনে একটু খোলা জায়গায় একসময় হয়ত বাগান ছিল, এখন আগাছায় ভর্তি। বাড়িটা বেশ পুরোনো তা দেখলেই বোঝা যায়। কম পাওয়ারের কিছু বাল্ব জ্বলছে বাইরের দিকে। সব মিলিয়ে ভীষণ মন খারাপ করা একটা পরিবেশ।

জনা বিশেক বিভিন্ন বয়সের মহিলা থাকেন এখানে। নাহ, ছবির মেয়েটির সাথে কারুর মিল নেই। কেউ দেখেছে বলেও মনে করতে পারলো না। মাঝে অনিকেতের একটা ফোন এলো। এত ঘটনা বলার সময় নেই। তাই, 'ব্যস্ত আছি, পরে করছি' বলে ফোন কেটে দেয় তিথি। পরে বুঝিয়ে বললেই হবে। নিশ্চই ফ্লাইটের ইন্টারনেট ব্যবহার করে ফোন করছে।

তিথি আর অমিত যখন বেরিয়ে আসছে পিছন থেকে একটি মেয়ের গলায় পরিষ্কার বাংলায় শুনতে পেল,

-দিদি আপনি বাঙালি? আমি হিন্দি জানি না। আমারে একটু সাহায্য করেন।

 

ভোরের নরম আলো ফুটে উঠছে ধীরে ধীরে। বেডরুমের পর্দার ফাঁক দিয়ে চুঁইয়ে আসা সেই আলোয় অনিকেত আর তিথি তাকিয়ে আছে পরস্পরের দিকে, নিবিড় ভাবে। একটু আগেই উত্তাল উদ্দাম আদরে তছনছ হয়েছে বিছানা। এখন এক আনন্দের আবেশ মাখানো অবসাদের মুহূর্ত। খানিকক্ষণ দুজনেই চুপচাপ, পরস্পরে নিমজ্জিত। একটু পরে তিথি উঠে টয়লেটের দিকে যেতে গিয়ে ঘুরে দাঁড়িয়ে জানায়,

-সোমবার থেকে আমাদের একজন পরিচারিকা আসছেন। বাঙালি, খুব মিষ্টি মেয়ে। নাম পুতুল।

 

।।অভিযান।।

 

পাউরুটি হল গিয়ে সব খাবারের সেরা খাবার! চায়ে ডুবিয়ে প্রথমে একটু খেলিয়ে নিয়ে সোজা মুখে ফেলো। ব্যাস, কেল্লা ফতে! পাউরুটির ফাঁকফোকড়ে জমে থাকা চা হুড়মুড়িয়ে জিভ থেকে গলার দেয়াল বেয়ে নামতে শুরু করবে আর সেই স্বাদ ক্রমশ চারিয়ে যেতে থাকবে গোটা মুখে, মনে আর তারপর আস্তে আস্তে গোটা শরীরে। উফ, সে এক হৈহৈরৈরৈ ব্যাপার! মুখের মধ্যে যেন স্বাদ-আলহাদের ডাকাত পড়েছে! আনন্দ, ফুর্তি, খুশির দল যে যেদিকে পারে দুদ্দাড় করে পালিয়ে ঘাপটি মেরে বসে পড়ছে শরীরের আনাচে কানাচে। আবার সেই পাউরুটিই দুধে ফেলে একটু সবুর কর, দেখবে কেমন সরেস রাবড়ি বনে গেছে চোখের নিমেষে। টইটম্বুর দুধ টুপটুপে এক টুকরো তুলে মুখে ফেললেই চোখের সামনে স্বর্গ দেখতে পাবে। দুধটুকু ধীরে ধীরে গলা বেয়ে মনের মধ্যে নেমে গেলে মুখে পড়ে থাকে এক টুকরো আনন্দ, পড়ে পাওয়া চোদ্দ আনার মতন। একটু একটু করে চিবোতে থাকো স্বর্গসুখের শেষ কনা অবধি। সে ভারী আরামের ব্যাপার!

সামনের সিটে বসা লোকটার চা আর পাউরুটি খাওয়া দেখতে দেখতে এই সবই ভাবছিল রতন। একটু আগে চা-ওয়ালা এসেছিল। রতন নিজেও নিয়েছে এক ভাঁড়। হারান আর বদর খুব মন দিয়ে কিছু আলোচনা করে চলেছে উল্টো দিকের কোনের সিটে বসে। রতন জায়গা পেয়েছে এই আগের স্টেশন চম্পাহাটিতে। ট্রেন কালিকাপুর ছেড়ে সবে বেরোলো। শনিবারের ট্রেন তাও শিয়ালদহগামী, তাই ভিড় একটু কম। নাহলে এই ট্রেনে তিল ধারণের জায়গা থাকে না। আজ সাঁঝের ট্রেন ধরেছে তারা তিনজন, রতন, বদর আর হারান। যাবে শিয়ালদা আর তারপর হারানের চেনা কোনো একজনের সাথে দেখা করে, তাদের মূল গন্তব্য সোনাগাছি। গতকাল তারা তিনজন একসাথে বসেছিল অনেকদিন বাদে। সেই চেনা ঠেক, রতনের দোকান। কথা হচ্ছিল নটবরকে নিয়েই। একথা ঠিক যে হারান পুতুলকে দেখেছে সোনাগাছিতে। শুনেই বদর দাঁত বার করে হাসতে হাসতে জিজ্ঞেস করেছিল,

-তুই সেথায় কি করছিলি?

হারান এমনিতেই একটু গম্ভীর প্রকৃতির। আরো গম্ভীর হয়ে উত্তর দিয়েছিল,

-ও পাড়ায় ভদ্দরলোকেরও বাস আছে। আমার এক ভায়রার বাড়ি ওখানে। তার বাসায় একবার গিয়েছিলাম।

তাই শুনে বদরের সে কি হাসি! বলে,

-তুই তার মানে সোনাগাছির জামাই!

একথায় দুটো গালাগাল দিয়ে হারানও হেসে ফেলেছিল। ভর দুপুরে সূর্যের গনগনে রোদে গাংয়ের জল তখন ঝিকমিক করে যোগ দেয় তাদের নির্মল আনন্দের মস্করায়। কুঁচো চিংড়ির ছালনের টাকনা দিয়ে বাংলা মদ খেতে খেতে তারা আবার ফিরে আসে নটবরের কথায়। হারান বলতে থাকে,

-নটবর নাকি সে পাড়ায়, মানে সোনাগাছিতে এক বন্ধু জোগাড় করেছে। কি বলরাম না কি যেন তার নাম।

বদর জানায়,

-হ্যাঁ, বলরাম সাপুই। নটে আমাকেও বলেছে তার কথা। সে নাকি বলেছে সাহায্য করবে।

হারান মাথা নাড়তে নাড়তে বলে,

-কলকাতায় কেউ কাউকে এমনি এমনি সাহায্য করে না রে! আমি তো সেথায় যাই মাঝে সাঝে। আমি খানিকটা জানি ওখানকার ব্যাপার স্যাপার। কোথাও একটা ফ্যাকড়া আছে। নটে সাধাসিধে তাই বুঝতে পারেনি।

একথা ঠিক। ওদের মধ্যে হারানই একমাত্র কখন সখনো কলকাতায় যায় বটে। রতন দিনরাত দোকান নিয়েই থাকে। ছোট্ট সংসার তার, রতন আর তার বউ আর কয়েকটা পোষ্য। সে বলে টোনাটুনির সংসার। এক সময়ে বহু ডাক্তার বদ্যি করেও ওদের কোনো ছেলেপুলে হয়নি। অবশ্য এই গাঁ ঘরে তেমন চিকিৎসা আর জোটেই বা কার কপালে। তবে এই টোনাটুনির সংসারে তারা ভালোই আছে। ভগবানের বিধান তারা মেনে নিয়েছে। রতন সারা দিনমান দোকানে কাটায়। হাতে গোনা খদ্দের তার। কটা লোকই বা আসে এই ময়নামতির চরে। তবে মাচায় বসে বসে গাংয়ের দিকে চেয়ে থেকে, জঙ্গলের রূপের তোয়াজ করে, পাখপাখালীর কান্ডকারখানা দেখতে দেখতে রতনের সময় বেশ কেটে যায়। কখন কোনো খদ্দের এলে তার সাথে দুদন্ড কথা হয়। বেশিরভাগই হাটুরে মানুষ। তাও সবারই কিছু না কিছু বলার থাকে। মাঝেমধ্যে সেদিকপানে এলে বদর হাঁক পাড়ে তার নাও থেকে। তবে হ্যাঁ, একবার এক ফিলিম পার্টি এসেছিল! তাদের বেশিরভাগই সাহেব মেম। কয়েকজন অবশ্য বাঙালিও ছিল। সে এক ব্যাপার হয়েছিল। দু দুখানা বড় স্টিমারে করে অন্তত জন্য তিরিশ লোক। কত রকমের রংবেরঙের তাঁবু খাটানো হলো। গোটা চরের মানুষ উপচে পড়েছিল তাদের দেখতে। তবে পরে যখন সবাই জানলো যে এরা সিনেমাওলা পার্টি নয় তখন অবশ্যি সকলের উৎসাহে একটু ভাঁটা পড়ে গিয়েছিল। তবে তারা চরের অনেকের সাথে কথা বলেছিল আর তার ছবিও তুলেছিল। বিদেশের টিভিতে বোধয় দেখাবে, কে জানে!

হঠাৎই চড়াৎ করে একটা শব্দে রতনের ঘোর কাটে। একটু ঠাওর করে দেখে সকলে তাকিয়ে আছে বদরের দিকে আর বদর স্থির তাকিয়ে আছে ওর ঠিক সামনে বসা ছেলেটার দিকে। ছেলেটা নিজের গাল চেপে ধরে স্থবিরের মতন বসে আছে। আসলে ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছে। বছর পঁচিশেকের ছোকরা এত অবাক বোধয় জন্মে হয়নি। রতন তাড়াতাড়ি উঠে সেখানে গিয়ে বোঝার চেষ্টা করছিল ব্যাপারটা। কিন্তু বদরের ওই ঠান্ডা চাউনি দেখে ছেলেটা যতটা কুঁকড়ে আছে, কামরার বাকি লোকজন ততটাই ভড়কে গেছে। তাই রতন আর কাউকে ঘাঁটানোর চেষ্টা না করে বদরের কাঁধে আলতো একটু চাপ দিয়ে নিজের জায়গায় ফিরে এলো। জানে হারান সামলে নেবে। ট্রেন তখন ঢুকছে সোনারপুর স্টেশনে। আর কয়েকটা স্টেশন পরেই শিয়ালদা। লোকের কথাবার্তায় যা জানা গেল তা হলো ওই ছোকরা তার পাশে বসা এক মহিলাকে বিরক্ত করছিল অনেক্ষন থেকে। বদর হটাৎ সেটা টের পেয়েই ছোকরার গালে বিরাশি সিক্কার এক চড় বসিয়ে দেয়। বদর আজ বৈঠা ঠেলছে নাহক চল্লিশ বছর ধরে। আর ওর গায়ে অসুরের শক্তি। ওই কেঠো হাতের অমন একটা চড় খেয়ে ছোকরার মাড়ির দাঁত নড়ে যাবার কথা। কার সামনে কখন যে ভগবান বা যমদূত উদয় হবে, কে জানে!

বদরটা বরাবরের রগচটা। তবে ওকে দোষও দেওয়া যায়না খুব একটা। ভগবান বড় অবিচার করেছেন ওর সাথে। বেচারার বউ আর একরত্তি মেয়ে দুটোকেই বাঘে খেয়েছে। সে অবশ্য বহুকাল আগের কথা। বদর তখন থাকত কুমিরমারী গ্রামে, পরিবার নিয়ে। ওদিকটায়, মানে কুমিরমারী, ছোটো মোল্লাখালী, হেতালবাড়ি, উত্তর বাগান এইসব গ্রামগুলোতে বাঘের বড় উৎপাত। সন্ধে নামার আগেই লোকে কাজকম্ম খাওয়া দাওয়া সব সেরে ঘরদোরে খিল দেয়। কোনো এক সাঁঝবেলাতে বদরের বউ যখন রান্নাঘর সারছিলো বাঘ তখন ঘরে ঢুকে নিঃশব্দে বাচ্চা মেয়েটাকে মুখে তুলেছে। বদরের বউ কি করে জানি টের পেয়ে বঁটি নিয়ে তেড়ে আসে। বাঘ ততক্ষণে উঠোন পেরিয়ে লম্বা দিয়েছে। বদরের বউ ওই বঁটি হাতেই তাড়া করে। কিন্তু সেও আর ফেরেনি। বদর জাত মাঝি তায় তখন ইলিশের মরশুম। সে তখন দরিয়ায়। তিনদিন পর গাঁয়ে ফিরে সব শুনে তার খ্যাপাটে রাগটা তাকে পেয়ে বসে। দিনের পর দিন সে নাও নিয়ে গিয়ে বসে থাকতো দত্তা নদীর খাড়িতে। সাথে শান দেওয়া কাটারী। বাঘ পেলেই মারবে। তা একদিন বোঝাপড়াটা হয়েই গেল। তবে এখানকার বাঘের জাতটাই আলাদা। মানুষ কোন ছাড়, কাক পক্ষিতেও টের পায়না তার উপস্থিতি। বদর কাটারি তোলার সময় অবধি পায়নি। তবে কি করে জানি বাঘটা বদরের ঘাড়ের নাগালটা পায়নি, তাই প্রাণে বেঁচে গিয়েছিল সে। থাবা বসায় কাঁধে। নাহলে এখানকার বাঘের ধারাই হলো ঘাড় মটকে শিকার করা। নাওয়ের দাঁড়টা ভাগ্যিস হাতে ধরা ছিল। তাই নিয়েই সে লড়ে দক্ষিণরায়ের সাথে। কাঁধের মাংস তুলে নিয়েছে বাঘে, হাড় অবধি দেখা যাচ্ছে। সেই অবস্থায় নাও চালিয়ে ফেরার চেষ্টায় বদর যখন সবে খাড়ি থেকে বড় গাংয়ে এসে পড়েছে কোস্টগার্ড দেখতে পায় তাকে। তুলে এনে ভর্তি করে গোসাবা সদর হাসপাতালে। তিন মাস পড়েছিল সেখানে। হারান তখন গোসাবা হাসপাতালের কম্পাউন্ডার বাবুর ফাইফরমাস খাটে। বন্ধুত্ব হয় বদরের সাথে। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে হারান সোজা তাকে নিয়ে আসে ময়নামতির চরে। বদরেরও তখন তিনকুলে কেউ নেই। সেই থেকে সে থেকে যায় ময়নামতির চরেই। তবে বেশিরভাগ সময়েই অবশ্য সে থাকে তার নাওয়ে। এই নটের বাপ মহাদেব বলত,'বদরটা জলজ। ওটাকে ডাঙায় বেশিক্ষন না রাখাই ভাল।' রতন খেয়াল করে ট্রেনটা শিয়ালদা আউটে দাঁড়িয়ে আছে অনেক্ষন। নাহ, কলকাতায় এতকাল পরে এসেও রতনের বড় একটা আনন্দ হচ্ছে না!

 

মানুষ যে এমন আঁধারের মতন কালো হতে পারে, তা যদু নস্করকে না দেখলে কেউ কল্পনাও করতে পারবে না। পঞ্চাশোর্ধ বেঁটেখাটো মোটাসোটা মানুষটা একটা অদ্যিকালের মজবুত কেদারায় বসে এক মনে নিজের হাতে ধরা চলটা ওঠা কাপের চায়ের দিকে তাকিয়ে ঝুম হয়ে আছে। ছোট্ট ঘুপচি ঘরটায় বেজায় গরম। কোনো এক সময়ে ঘরটায় বোধয় গোলাপি রং করা হয়েছিল। এখন অনেক জায়গায় পলেস্তারা খসে গেছে। একটা ম্যাটম্যাটে টিউব লাইট জ্বলছে। এক কোনে একটা টেবিল পাখা গোঁয়ারের মতন আওয়াজ করে ঘুরে চলেছে। অবশ্য তাতে হাওয়া বিশেষ হচ্ছে না। কেবল সামনের দেয়ালে ঝুলতে থাকা বরফ ঢাকা পাহাড়ের ছবিওয়ালা কালেন্ডারটা ফ্যাটফ্যাট করে একটু একটু উড়ছে আর খসখস করে বিশ্রী একটা শব্দ তৈরি করছে দেওয়ালে ঘষা খেয়ে। যদুর টেবিলটার সামনে তিনটে প্লাস্টিকের টুলে পাশাপাশি বসে আছে হারান, বদর আর রতন। নটবর আপাতত বাইরে বসে আছে। ডাক পড়লে হাজিরা দেবে। যদু নস্করের অনেকরকম ব্যবসা। রামমোহন সরণিতে লোহার ছাঁটের দোকান দুটো। কলেজ স্ট্রিটের কাছে একটা ছিট কাপড়ের দোকান আর একটা ছোট মিষ্টির দোকান। এছাড়া যদুর বড় ছেলে দেখে ফুলের ব্যবসা। পোস্তায় একটা এমনই ছোট্ট ঘর থেকে সে ব্যবসা চলে। আছে মাছের ব্যবসা। একটা ট্রলার আর তিন তিনটে মেছো নৌকো চলে সুন্দরবন অঞ্চলে। আর আছে কাঁকড়ার ব্যবসা। সেটা দেখাশোনা করে যদু আর তার জামাই নন্দলাল। এই কাঁকড়ার ব্যবসারই ঠিকাদার হল গিয়ে হারান। আশপাশের গাঁ থেকে লোক জোগাড় করে সে যায় বাদাবনের খাঁড়িতে কাঁকড়ার খোঁজে। সাথে বল্লম কাটারীর সাথে একটা দোনলা বন্দুকও থাকে। বাদাবন হলো দক্ষিণরায়ের রাজত্ব। তার ওপর আছে কামঠ আর সাপের উপদ্রব। অস্ত্র রাখতে হয় বৈকি। যদিও পুরো ব্যাপারটাই বেআইনি ভাবে হয়। এদিক ওদিক বন্দোবস্ত করে রাখতে হয় আর কি। সেসব যদুই সামলায়। এইসব কাঁকড়া নাকি যায় চীন জাপান সিঙ্গাপুরে! হারান শুনেছে নন্দলালের কাছে। এমন শ্বশুর নেওটা জামাই হারান কখনো দেখেনি। নন্দলাল যে বোকাসোকা তা একেবারেই নয়। বরং বেশ চটপটে। তবে কাঁচা বয়েস তো তাই বৈষয়িক বা ব্যাবসায়ী বুদ্ধি একটু কম। সেই পাঠ সে নেয় তার শ্বশুর যদুর কাছ থেকে। একেবারে সুবোধ ছাত্রটির মতন। যদুও বড় ভালোবাসে তার এই একমাত্র জামাইটিকে। হাতে ধরে কাজ শেখায়। প্রতিটা কাজের পিছনে যুক্তি, তার ফলাফল সবিস্তারে বোঝায় নন্দলালকে। এছাড়াও যদুর আরো কিছু ব্যবসা আছে যার সবগুলো খুব একটা পরিষ্কার নয়। তা সেসব নিয়ে হারান তেমন মাথা ঘামায় না।

আপাতত সেই নন্দলালের অপেক্ষাতেই তারা বসে আছে। রাত প্রায় দশটা বাজে। তবে বৈঠকখানা বাজারের এই চত্বর সবসময়ই জমজমাট। এখন আনাজ চাল ইত্যাদি বোঝাই করা ছোট বড় ট্রাকগুলো ঢুকতে শুরু করেছে। একটু পরে শুরু হবে মাছের কারবার। চালানি মাছ ঢুকবে বাজার বোঝাই করে। তা থেকে আলাদা করা হবে এক্সপোর্টের মাল। তার প্যাকিংয়ের আলাদা পদ্ধতি আছে। নন্দলাল বোধয় সেসবের কারবারেই কোথাও আটকে আছে। নন্দলালের সাথে তাদের যাবার কথা শোভাবাজারে। নন্দলালও বড় সোজা লোক নয়। তারও একটা অতীত আছে। কানাঘুষোয় শোনা যায় যদু নাকি নন্দলালের হাজতবাস আটকে দিয়েছিল। তখন নন্দলাল একেবারেই ছোকরা। বাড়ির লোক তাকে তার স্বভাবের জন্যে দূরছাই করে। তাই যদু যখন তাকে ঘরজামাই হবার প্রস্তাব দেয় সে এক কথায় রাজি। পরে নাকি একটু গাইগুঁই করেছিল যদুর একমাত্র মেয়ে তাপসীকে দেখে। বেচারির মুখ চোখ বেশ তরতরে হলেও গায়ের রংটা পেয়েছে বাপের থেকে। আর একটু মুখরা। একবার মুখ খুললেই জঞ্জালের মতন শব্দ বেরোতে থাকে। যদুর এজমালি বাড়িতে কয়েক ঘর তেএঁটে ভাড়াটে আছে। তাদের কেউ একটু বেগড়বাই করলেই যদুর বউ তাপসীকে একটু টুইয়ে দেয়। ব্যাস, ভাড়াটের চোদ্দ গুষ্ঠীর পিন্ডদান করে ছেড়ে দেয়! ভাড়াটে আবার লাইনে এসে যায়! সে যাই হোক, নন্দলালের আপত্তি ধোপে টেকেনি। সে বুঝেছিল শ্বশুরের সম্পত্তি যেমন অঢেল, ক্ষমতাও প্রচুর। নন্দলালের মতন ন্যাড়ান্যাংটা ছোকরাকে যখন তখন গাপ করে দিতে পারে। চলটা ওঠা টিউবের বাটামের পিছন থেকে একটা টিকটিকি টিক টিক করে উঠলো। আর তখনই হন্তদন্ত হয়ে ঘরে ঢুকল নন্দলাল।

 

পিছনের সিটে রতন, বদর আর নটবর। সামনে হারান আর গাড়ি চালাচ্ছে নন্দলাল। রাস্তা দেখলে কে বলবে এখন এত রাত। বিশেষকরে এই সোনাগাছি চত্বরে। ওদের গাড়িটা ঢুকছে রবীন্দ্রকাননের দিক থেকে। এই রাস্তাটা সোজা গিয়ে মিশেছে সেন্ট্রাল এভিনিউতে। আর উল্টো দিকে গেলে আহিরিটোলা হয়ে একেবারে গঙ্গার ঘাট। মাঝে অবশ্য চিৎপুর রোড পড়বে। নটবর হটাৎ হৈহৈ করে গাড়ি থামাতে বলে। নন্দলাল গাড়ী থামাতে একটা খেকুঁড়ে চেহারার লোক এগিয়ে এলো। নটবর ততক্ষনে নেমে দাঁড়িয়েছে। বোঝা গেল এই হচ্ছে নটবরের সোনাগাছির বন্ধু, বলরাম সাপুই! হারান আর আরো তিন জোড়া চোখ জরিপ করে নিচ্ছিল বলরামকে। দু একটা মামুলি কথাবার্তার পর সে উঠে বসল একদম পিছনের সিটে। বলরামের কাজ পথ দেখান। ধীরে ধীরে গাড়িটা ঢুকতে লাগল একটা গলির মধ্যে। এই টাটা সুমো গাড়িটা নন্দলাল যৌতুক হিসেবে পেয়েছিল। যদুর বোধহয় কালো রঙের প্রতি একটা মোহ আছে। না হলে যৌতুকের জন্য কেউ কালো গাড়ী কেনে!

 

কালো মেয়ের বিয়ের যৌতুকের কালো গাড়ী নিয়ে রাতের কালো অন্ধকার ভেদ করে দলটা ছুটে চলেছে দুর্গাপুরের দিকে। শোভাবাজারের যশরাজ পান্ডের বাড়িতে ওরা পৌঁছেছিল রাত বারোটা নাগাদ। সোনাগাছির সব মেয়েই বহু ঘাটে ঠোক্কর খেতে খেতে এখানে এসে পৌঁছেছে। তাদের মধ্যে কেউ কেউ এখানেই থেকে গেছে, কেউ বা আবার বেনোজলের মতন ভেসে গেছে অন্য ঘাটে, অন্য ঠিকানায়। যশরাজ তেমনই একজন মাঝি, এঘাট সেঘাট করে এইসব মেয়েদের খেয়াপার করে বেড়ায়। যশরাজের খোঁজ নটবরকে দেয় বলরাম সাপুই, সেই যেদিন সে প্রথমবার এসেছিল সোনাগাছিতে পুতুলরানীর খোঁজে। আলাপ জমে গিয়েছিল চা খেতে খেতে। বলরামের তিনকুলে কেউ নেই আর বউ থেকেও নেই। সারারাত সে 'কাজ' করে আর দিনের বেশিরভাগ সময়ই ঘুমিয়ে, টিভি দেখে বা নেশা করে কাটায়। নটবরের সাথে দুদন্ড কথা বলেই সে বুঝেছিল এর সাথে মন খুলে কথা বলা যায়। সেই থেকে বন্ধুত্ব। বলরাম পুতুলরানীর খোঁজ দিতে না পারলেও যশরাজ পান্ডের কথা বলে। নটবর সেইটুকু তথ্য সম্বল করে ধরে পড়ে হারান কাকাকে। হারান পুরো কথা যদু নস্করকে জানায়। হারানের জগতে যদুই একমাত্র ক্ষমতাশালী লোক। যদু কি করে জানি এই যশরাজকে চেনে! সেই সূত্রেই আজ তারা গিয়েছিল যশরাজের বাড়িতে। সেখান থেকেই খবর পাওয়া গেছে কয়েকটা মেয়েকে এই সোনাগাছি অঞ্চল থেকে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লির দিকে। পুতুলের ছবি দেখে যশরাজ জানায় সে বোধয় পুতুলকে দেখেছে ওই মেয়েদের দলটার মধ্যে। তবে নিশ্চিত নয়। দলটা রওনা হয়েছে দিন তিনেক আগে। প্রথমে সড়কপথে দুর্গাপুর যাবার কথা। তারপরের প্ল্যান সে জানে না। নন্দলাল ফোন করেছিল তার শ্বশুরকে। যদু জানায় তারা যেন তৎক্ষণাৎ রওনা দেয়। তার কিছু পরিচিত আছে ওই অঞ্চলে, তারা সাহায্য করবে।

নটবর এতেই খুশি। এতদিন পরে পুতুলরানীর একটা হদিশ তো মিলেছে। পুতুলকে ঠিক পাওয়া যাবে। অন্ধকার হাইওয়ের দুপাশে ধুধু মাঠ, খেত, কয়েকটা ফ্যাক্টরিগোছের বাড়িতে দু একটা আলো টিমটিম করছে। আজ কি পূর্ণিমা! চরাচর একেবারে জ্যোৎস্নায় ভাসাভাসি! আহা, পুতুরানীরও জ্যোৎস্না বড় প্রিয়! পূর্ণিমার রাতে কতবার তারা চুপি চুপি উঠোনে বসে কাটিয়ে দিয়েছে গোটা রাত। পুতুলের বিশ্বাস ছিল চাঁদনী রাতে পরীরা নামে। নটবরও সেকথা মানত। জ্যোৎস্না মাখা পরীই তো তার পাশে থাকতো সারা রাত!

 

।। কালক্ষেপ।।

 

যে মানুষের শরীরের কোনো গন্ধ নেই তাকে নটবর বরাবর খুব সমঝে চলে। সেসব মানুষ যে খারাপ হয় তা নয়, তবে তাদের তল পাওয়া খুব কঠিন। নটবরের আশপাশের যত মানুষ আছে তাদের সকলেরই একটা গন্ধ আছে। যেমন তার বাপের গায়ে ছিল বাউন্ডুলে মানুষের গন্ধ। সে লোক যতই সংসার করুক, প্রতিমা গড়ুক, ছেলেমেয়ে প্রতিপালন করুক আসলে সে ছিল বাউন্ডুলে। তার মন পড়ে থাকত মাঠেঘাটে। দূর থেকে বাউল গান ভেসে আসলে অথবা শিবের গাজনের সুর শুনলেই সে দৌড় দিত ছোটো বাচ্চাদের মতন। তার পিছন পিছন দৌড়াতো নটবর আর তার ছোড়দি। আর তাদের পিছনে ধাওয়া করত পিসির বকুনি, 'যেমন আদেখলা বাপ তেমনি তার ছেলেমেয়ে…..' পিসির বকুনি পাল্লা টানতে পারত না তিনটি খোলা মনের দৌড়ের সাথে। বাতাস ভরে উঠত গাজনের সুরে। মিলিয়ে যেত সমস্ত সাংসারিক বোঝা টানার ক্লান্তি।

আবার পুতুলের শরীরে ছিল ঘরের সুবাস, আশ্রয়ের গন্ধ। বড় মায়া ছিল মেয়েটার মনে। সাতজেলিয়া গাঁয়ের খুবই গরিব ঘরের মেয়ে পুতুল। ওদের, যাকে বলে একেবারেই হতদরিদ্র অবস্থা। সে তুলনায় নটবরদের অন্তত দুবেলা খাওয়ার কোনো কষ্ট ছিল না। তবে বৃদ্ধ পিসি আর ক্ষয়কাশের রুগী বাপকে নিয়ে সংসারটা বড্ড বেসামাল হয়ে পড়েছিল। পুতুলেরই বা তখন কত বয়স, উনিশ কুড়ি। তাও সে পরম যত্নে সেলাই করতে শুরু করেছিল ছেঁড়াখোঁড়া সংসারটা। প্রাণে ধরে কিচ্ছুটি ফেলত না সে। সব কিছুকে কোনো না কোনো কাজে লাগিয়ে দিত ঠিক। প্রত্যেকটা কৌটোর মুখ বন্ধ করত ভালো করে। একগাদা পোষ্য ছিল তার। একটি কুকুর আর তিনটি বেড়াল ছাড়াও কয়েকটা কাক, একটি বেজি, রায়দের বাড়ির কালি গাইটা, মায় একখানা মোরগ অবধি! কাদের বাড়ির কে জানে! তবে পুতুল তাদের সব্বাইকে চিনত, আলাদা আলাদা করে। আর কি অপূর্ব যে তার হাতের রান্না! সামান্য আয়োজনেও ভোজ লাগিয়ে দিত সে। লাউ, পেঁপে, আলু, ঝিঙে কোনোকিছুর খোসাই সে ফেলত না। সেসব দিয়েও ঠিক একটা ব্যাঞ্জন বানিয়ে ফেলত। ঝকঝকে থালায় নিপুণ হাতে নিটোল একটি ভাতের ঢিবি বানাত। তার পাশে রাখত সামান্য ব্যাঞ্জন, আলাদা বাটিতে করে একটু ডাল বা চুনো মাছের ঝাল। সব কিছুতেই বড় পরিপাটি ছিল তার। বাড়িতে থাকলেই নটবর উবু হয়ে রান্না ঘরে বসে পুতুলের খাবার বাড়া দেখত মন দিয়ে। দেখতে দেখতে কেমন আবেশে আচ্ছন্ন হয়ে পড়ত। বড় আরাম হত! পিসি মাঝে মাঝে পুবের দাওয়া থেকে চেঁচিয়ে বউ-নেওটা বলে গাল পাড়ত। বাপের কাশির আওয়াজ আসত দক্ষিণের ঘর থেকে। নটবর আর পুতুলের এক ঝলক চোখাচোখিতেই চলকে উঠত সোহাগ। গ্রাম্য প্রেম দানা বাঁধত কাঁসার থালায়!

-কাঁধের কাছটা ভালো করে মালিশ করো তো!

রাখাল ঘোষালের কথায় হুঁশ ফেরে নটবরের। হাতে আরেকটু সর্ষের তেল নিয়ে কাঁধ মালিশ করতে থাকে। এই লোকটার গায়ে বিন্দুমাত্র কোনো গন্ধ নেই! গত একমাস হল সে রাখালের বাড়িতে আছে, কিন্তু এই লোকটার তল পায় না সে কিছুতেই। তাই যখন যা বলে না ঘাঁটিয়ে করে দেয়। সেই তারা পাঁচজন এসেছিল দুর্গাপুরে মাসখানেক আগে, পুতুলরানীর খোঁজে। যদু নস্করের পরিচিত লোক এই রাখাল ঘোষালের বাড়িই ছিল তাদের ঠিকানা। যদুর সাথে রাখালের ঠিক কিসের পরিচিতি তা কারুর জানা ছিল না, জানার দরকারও ছিলনা। তবে পৌঁছে জানা গিয়েছিল যে রাখালের ছেলে কোনওভাবে ওই মেয়ে পাচারকারী দলটার সাথে যুক্ত। সে দলটার সাথে দিল্লি রওনা হয় তিন দিন আগে। তবে তার পর থেকে তার সাথে আর কোনো যোগাযোগ করা যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ। রাখালের বক্তব্য ছিল যে এমনটা সে প্রায়ই করে। কয়েকবার হাজতবাসও হয়েছে। দু একদিনে চলে আসবে ঠিকই। নন্দলাল একবার দিল্লি যাবার কথাও পেড়েছিল, কিন্তু কারুর কাছেই অত রেস্তো নেই। তাছাড়া দিল্লি গিয়ে খুঁজবেই বা কোথায়!

রাখালের পাকা মাথা কিন্তু ঠিক ধরতে পেরেছিল নটবরের অকুতিটা। তাই সে প্রস্তাবটা দিয়েছিল যে নটবর আপাতত রাখালের বাড়িতেই থাকুক। ওই বাড়ির ছেলের মতনই থাকবে আর কি। রাখালের বয়েস হয়েছে, তার ওপর আছেন বুড়ি মা। একটা জোয়ান মানুষ বাড়িতে থাকলে সুবিধাই হয়। রাখাল আস্বস্ত করেছিল যে তার ছেলে ফিরে আসবে শিগগিরই। তারপর কোনোরকম খোঁজখবর পাওয়া গেলে তখন না হয় অবস্থা বুঝে কিছু একটা করা যাবে। হারান, বদর আর রতন কারুরই এই প্রস্তাবটা ভালো লাগে নি। নটে এমনিতেই সাধাসিধে মানুষ, তারওপর রাখালকে দেখলেই মনে হয় সে গোলমেলে লোক। সেখানে নটবরের থাকাটা কেউই মানতে পারছিল না। কিন্তু শেষে সেই নটবরই বেঁকে বসেছিল কলকাতা ফিরে যাবার নামে। সে পুতুলরানীকে ছাড়া ফিরবে না! অবশেষে নটবরকে রাখালের বাড়িতে রেখে বাকি দলটা ফিরে গিয়েছিল কলকাতা।

রাখালের বাড়িটা ঠিক দুর্গাপুরে নয়। মূল দুর্গাপুরের চৌহদ্দির বাইরে ওয়ারিয়া বলে একটি জায়গায়। ওয়ারিয়া মূলত গঞ্জ গোছের একটি জায়গা। চতুর্দিকে দুর্গাপুর স্টীল প্লান্ট নয়ত থার্মাল প্লান্টের বাবুদের কোয়ার্টার। সারাদিন জায়গাটা কেমন ঝিম মেরে থাকে। নটবরদের পথনখালী বা ময়নামতিও বড় চুপচাপ জায়গা। তবে সেখানে যেমন প্রাণখোলা আলো বাতাসের আনাগোনা, এখানটায় তেমনটা একেবারেই নয়। লোকগুলো কেমন যেন! কেউই কাউকে বড় একটা গায়ে মাখে না। অবশ্য এবাড়িতে লোক বলতে দুটো প্রাণী। রাখাল আর তার বুড়ি মা। সে মহা টরটরে বুড়ি। যথেষ্ট দাপুটেও। বাড়িতে লোক না থাকলেও রাখালের কাছে প্রতিদিনই দু একজন আসে। তাদের বেশিরভাগই তেরিয়া গোছের লোক। তবে বুড়ির সামনা সামনি পড়লে তারা অবশ্যই ওঁর পায়ে হাত দিয়ে ভক্তিভরে প্রণাম করে। এবাড়িতে এখনো গোয়ালা এসে দুধ দিয়ে যায়। কোনোদিন যদি দুধের দিকে তাকিয়ে বুড়ির ভ্রু কুঁচকোয়, গোয়ালা বিনা বাক্যব্যায়ে দুধের পরিমান সঠিক করে দেয়। রাখালেরও মাতৃভক্তি নিখাদ। লোকে তার যতই বদনাম করুক মায়ের প্রতি তার শ্রদ্ধা খাঁটি। সে রোজ সকালে উঠে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে। বুড়ি সেসময়ে ভোরে উঠে স্নান সেরে সারা বাড়ি ঘুরে ঘুরে গায়েত্রী মন্ত্র জপ করতে করতে গঙ্গাজল ছিটিয়ে বেড়ায়। নটবরের শুনতে মন্দ লাগে না। বাপের কাছে শুনেছে গায়ত্রী মন্ত্র এবং এই মন্ত্রে উল্লিখিত দেবতাকে অভিন্ন জ্ঞান করা হয়। তাই এই মন্ত্রের দেবীর নামও গায়ত্রী। গায়ত্রী মন্ত্র দিয়ে শুধু পূজাই হয় না, গায়ত্রী মন্ত্রকেও পূজা করা হয়! নটবরও সেই সময়ে উঠে বাইরের দাওয়ায় গিয়ে বসে। দোতলা বাড়িটা বিশেষ বড় না হলেও বেশ খোলামেলা। পুরানো আমলের বাড়ি। বাড়ির ভেতরে আর বাইরে দুদিকেই লম্বা টানা বারান্দা দিয়ে ঘেরা। ঢোকার মুখেই বাঁধানো রক। একফালি খোলা জমিতে একটা জাম আর একটা পেঁপে গাছ। একসময়ে হয়ত বাগান ছিল, এখন আগাছায় ভর্তি। এখানে নটবরের কাজকম্ম তেমন কিছু নেই। সকালের বাজার করা, মাঝেমধ্যে ওষুধপত্তর এনে দেওয়া আর কখনো কখনো রাখালের তেল মালিশ করে দেওয়া। এ ছাড়া আর তেমন কোনো কাজ নেই নটবরের। হারান কাকা প্রায়ই খোঁজখবর করে ফোনে। তাকে ফিরে আসতে উপদেশ দেয় প্রায় প্রত্যেকবারই। কিন্তু নটবরের রোজই মনে হয় এতগুলো দিন যখন কেটেই গেল আর দুটো দিন দেখেই যাই! পাল মশাই ফোনে তাগাদা দেন ফিরে আসার জন্য। কিছুদিন পরেই রথ আর তারপর পুজো এসে পড়বে হুড়মুড়িয়ে। কুমোরটুলীতে এখন মেলা কাজ! তবে নটবরের সেই এক কথা, 'আপনার বৌমার খোঁজ যখন একবার পেয়েছি তখন একেবারে তাকে সঙ্গে করেই ফিরব'। পাল মশাই দীর্ঘশ্বাস ফেলেন। তবে তা আর ফোন বেয়ে নটবরের কানে পৌঁছয় না। সময় বয়ে যায়।

নটবরের সাথে বুড়ির রোজই দু চারটে মামুলি কথাবার্তা হয়। নটবর ঠাকুরের মূর্তি গড়ে জানার পর থেকেই বুড়ি তাকে একটু অন্য চোখে দেখে। হয়ত ভাবে ভগবানের কাছের মানুষ! তা একদিন ভোরে নটবর ভিতর বাড়ির বারান্দাতে বসে বুড়ির মন্ত্রপাঠ শুনছিল। ভোর রাতে একপশলা বৃষ্টি হওয়ায় একটু শীত শীত করছিল। এমনসময় কেউ যেন সদর দরজায় কড়া নাড়ে। নটবর উঠে গিয়ে দরজা খুলে একটু অবাক হয়। জটাজুটধারী এক সাধুবাবা দাঁড়িয়ে। নটবর তাকে দেখে একটু অবাক হলেও, সাধুবাবা যেন নটবরকে দেখে অনেক বেশি অবাক! লোকটার বয়েস বোঝা মুশকিল। সারা মুখে দাড়ি গোঁফের জঙ্গল। রুক্ষ লালচে চুলে জট ধরা, নির্ঘাত উকুন থাকবে। কপালে লাল তিলক লম্বা করে আঁকা। গায়ে একটা গেরুয়া আর পরনে লালচে রঙের ধুতি লুঙ্গির মতন করে পরা। নটবরকে ভালো করে জরিপ করে পাশ কাটিয়ে ভিতরে ঢুকে পড়ল সাধুবাবা। আর তখনই দেখা গেল তার পিছনে দাঁড়ানো মেয়েটিকে। ছোটখাটো চেহারার মেয়েটিকে দেখলে মনে হয় না খুব বেশি বয়েস। রোদে পুড়ে পথের ধুলো মেখে চেহারাটি রুক্ষ দেখালেও মুখটা বেশ ঢলঢলে। তার পরনে রক্তাম্বর কাপড়। চুলে জটা থাকলেও সেটা উঁচু ঢিবির মতন করে বাঁধা। চোখ দুটি কেমন যেন!

একটা গোলমালের শব্দে নটবর ভিতরের উঠোনে এসে দাঁড়ায়। দেখে সাধুবাবা উবু হয়ে বসে আছে বারান্দার সিঁড়ির কাছটায় আর বুড়ি আগুন ঝরান দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলছে,

-দূর হ, দূর হ মুখপোড়া। প্রতিবার ভাবি এমুখ আর দেখতে হবে না। কিন্তু সেই ঠিক ফিরে ফিরে আসে! হতচ্ছাড়া তোর মরণ হয় না!

সাধুবাবা চুপ। মাথা নিচু করে বসে থাকে ঠায়। পায়ে পায়ে মেয়েটি কখন ভিতরে এসে দাঁড়িয়েছে কেউ খেয়ালই করে নি। তার গলার আওয়াজে সবাই ফিরে তাকে দেখে, মেয়েটি বলে,

-অমন দূরছাই তো লোকে কুকুর বেড়ালকেও করে না বাপু!

বুড়ি জিজ্ঞেস করে সাধুবাবাকে,

-এটি আবার কে, কোত্থেকে জুটলো?

সাধুবাবা মিনমিন করে বলে,

-আমার সাধন সঙ্গিনী….

একটু থেমে আরো কিছু বলতে যাচ্ছিল কিন্তু বুড়ি মুখ ঝামটা দিয়ে ওঠে,

-ইশ, সাধন সঙ্গিনী! কথার ছিরি দেখো। অকেজো নাপিতের বোঝা ভরা খুর! পিত্তি জ্বলে যায়!

মেয়েটি খর খর করে ওঠে,

-ওকথা বলো না, মাগো। তান্ত্রিক কিন্তু বান মারতে ওস্তাদ!

-ঝ্যাটা মারি অমন বানের আর তার তান্ত্রিকের মুখে! একের নম্বরের ফেরেব্বাজ। আগেরবার তো ছিলি জাদুকর, তার আগেরবার বায়োস্কোপওয়ালা! বলি সারাটা জীবন তুই এই উন্ছবৃত্তি করে কাটালি আর আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খেলি!

শেষের দিকটায় বুড়ির গলা ধরে আসে। বারান্দার শানের ওপর বসে পড়ে মাথায় হাত দিয়ে। সমস্ত রাগ গলে পড়তে থাকে চোখ দিয়ে, গাল বেয়ে। সাধুবাবা কিন্তু পচুপটি করে বসে ছিল ঠায়। এখন উঠে গিয়ে বুড়ির পাশটিতে বসে তার মাথায় গায়ে হাত বোলাতে থাকে পরম মমতায়। একটু দূরে রাখাল এসে দাঁড়িয়েছে কখন। একটি কথাও বলেনি। যেমন চুপচাপ এসেছিল তেমনি চুপচাপ ফিরে গেল ঘরে। যেন পুরো ঘটনাটাই জানা ছিল, তবু দাঁড়িয়ে দেখছিল মিলিয়ে নেবার জন্য। যাবার আগে নটবরের হাতে কটা টাকা গুঁজে দিয়ে সকলের জন্য মুড়ি আর জিলিপি আনতে বলে গেল।

দুপুরবেলাটা বড় বেশি নিঝুম এখানে। বাইরে ঠা ঠা রোদে রাস্তার কুকুরগুলো পর্যন্ত ছায়া খুঁজে সেঁধিয়ে গিয়েছে। মাঝে মাঝে এক অধটা ফেরিওয়ালা চক্কর মেরে যায়। একটা দুটো বাচ্চা ইস্কুল থেকে ফেরে। ছুটির আনন্দে তারা লাফাতে লাফাতে বাড়ি ফেরে বড় রাস্তা থেকে। নটবর এইসবই দেখে একতলার ঘরের চৌকিতে বসে বসে। ছুটি বড় আরামের ব্যাপার। প্লাস্টিকে মোড়া কাঠিতে মাখানো তেঁতুলের আচারের মতন। টাকনা দিয়ে অনেক্ষন ধরে খেতে হয়। জগদ্ধাত্রী পুজোর পরে একটু বড় ছুটি নিয়ে নটবর যখন গাঁয়ে আসতো, দুপুরবেলা পুতুল কৎবেল মাখতে বসত। আহা কি স্বাদ তার! সামান্য গুড়, মিছড়ি, কাঁচালঙ্কা, সর্ষের তেল আর ভাজা মশলা দিয়ে সে এক মারকাটারি ব্যাপার করে ফেলত। ভাবতে ভাবতেই নটবরের মুখ থেকে দুফোঁটা নাল পড়ল কাঠের চৌকিতে।

-একা একা বসে বসে নাল ফেলছ যে বড়! তুমি ঠিক কে বলত? সকালের ঝামেলায় জিজ্ঞেস করার সুযোগ পেলাম না।

সাধুবাবা ঢুকেছে ঘরে। এখন অবশ্য পোশাক অন্যরকম। বুড়ির কোনো থান কাপড় লুঙ্গির মতন করে কোমরে জড়ান। আদুর গা। স্নানের পরে একটু বুঝি পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। দাড়ি গোঁফের জঙ্গলে চোখ দুটো দেখে নটবরের লোকটাকে খারাপ লাগলো না। সাধুবাবা চৌকির এক কোনে যুত করে বসল। নটবর চুপ করে আছে দেখে আবার আবার জিজ্ঞেস করল,

-বললে না তো তুমি কে? আগে তো কখনো দেখিনি!

নটবর পুরোটা ভাঙল না। বলল,

-আমি এই কিছুদিন আগে এসেছি। রাখালবাবুর সাথে কাজ আছে। চলে যাবো শিগগিরই।

-দাদার সাথে কাজ! তাও আবার দাদা তোমায় বাড়িতে রেখে খাওয়াচ্ছে! কি কাজ, বাবা?

নটবর কথা ঘোরায়,বলে

-তুমি কি রাখালবাবুর নিজের ভাই?

-হ্যাঁ, ওইরকমই বলতে পারো। আজকাল আর কেউ কি আপন পরের খোঁজ রাখে? এই দেখ না, তুমি কোথাকার কে তোমায় বাড়িতে রেখেছে আর আমার বেলায় যত ট্যান্ডাই ম্যান্ডাই!

-রাখালবাবু তো তোমায় কিছু বলে নি! বকাঝকা তো করলেন মা ঠাকরণ।

-মা তো অমন বলেই। মায়ের কথা ধরতে নেই। একটা বিড়ি ছাড়ো তো!

নটবর ইশারায় জানায় সে বিড়ি খায় না। সাধুবাবা তখন লুঙ্গির গাঁট থেকে প্লাস্টিকের মোড়ক বার করে। তা থেকে খানিকটা কাঁচা তামাক বের করে হাতে নিয়ে ডলতে ডলতে নিজের মনেই বলতে থাকে,

-আমি বাউন্ডুলে বলেই না মা এসব বলে। দাদার ভাগ্যে তো তবু এই বাড়িটা জুটেছে। আমার তো না আছে চাল না আছে চুলো।

-কেন? তোমায় কি ঠাকরণ ত্যাগ দিয়েছে? কিছু অপকম্ম করেছিলে নাকি?

-শালা, আমায় অপকম্ম দেখাচ্ছে! দাদা আর তার সুপুত্তুর যা করে, তা জানা আছে নিশ্চই। তোমার কাজ যখন দাদার সাথে তখন তুমিও তো একই মাল!

নটবর হঠাৎই গন্ধটা পায়। অনেকটা ছাতকুড়া পড়া পুরানো চিড়ের গন্ধ। বোঝে গন্ধটা আসছে সাধুবাবার গা থেকে। এটা তার মানে এই মানুষটার গন্ধ। সাধুবাবাই আবার বলতে থাকে,

-তপুকে দেখলাম না তো সকাল থেকে, সে কোথায় জানো?

-তপু কে?

-তপুকে তুমি এখনো দেখইনি! বলো কি? জেলে ফেলে গেছে না কি আবার? দাদা কিছু বলেনি?

-হ্যাঁ মানে, ওই আর কি…...বলছিলেন কোথায় একটা কাজে আটকে পড়েছেন….

-কাজ! কাজ মানে মাল পাচার! দেখো গিয়ে কোন হাজতে বসে আছে।

নটবর ঠিক বুঝতে পারে না কথা কোন দিকে গড়াচ্ছে। এই সাধুবাবাকে এ বাড়ির কেউ পছন্দ করে না বোঝাই যাচ্ছে। তাই এর সাথে বেশি গপ্পো না করাই বোধহয় ভালো। ইতিমধ্যে বুড়ির লাঠি ঠুকবার শব্দে সাধুবাবা উসখুস করে ওঠে। বুড়ি ততক্ষনে দরজায় উপস্থিত, সাধুবাবাকে লক্ষ করে বলে ওঠে,

-তা এখানে বসে কি গুলতানি হচ্ছে শুনি? বিকেল হলো বলে। রোদ একটু পড়লে বিদেয় হয়ো।

পিছনে কখন যেন সেই সাধন সঙ্গিনী মেয়েটি এসে দাঁড়িয়েছিল। ফস করে বলে বসে,

-সকাল থেকেই তাড়িয়ে বেড়াচ্ছ মানুষটাকে। নিজের সন্তানকে কেউ অমন করে বলে?

ব্যাস, বুড়ি গেল ক্ষেপে আবার,

-চুপ, এক্কেবারে চুপ! তোমাকে এর মধ্যে নাক গলাতে কে বলেছে, শুনি? ইহ, কে আমার সাধ্বী এলেন রে! তোমাদের মতন মেয়েমানুষদের আমি খুব চিনি! শরীর বেচার কত ফিকিরই জানো যে তোমরা!

মেয়েটিও ক্ষেপে ওঠে,

-খবরদার মা। ওসব পাপ কথা মুখে আনবে না। সাধন ভজন জীবনে করনি, তাই ওর মর্ম তোমরা বুঝবে না।

-আরে রাখ তোর সাধন ভজন! তোর মতন মেয়েমানুষ শেখাবে আমায় ধম্ম! তোরা সব শরীর সর্বস্ব। শরীর পেলে যেখান থেকে পারিস একটা পুরুষ জুটিয়ে ফুর্তি করতে বেরিয়ে পড়িস। আর টাকায় টান পড়লে আসিস আমাদের কাছে ভিক্ষে করতে।

সাধুবাবা মরিয়া হয়ে মধ্যস্থতা করতে যায়। কিন্তু আগুন যা লাগার ততক্ষনে লেগে গেছে। না পুড়িয়ে থামবে না।

মেয়েটি হিসহিস করে ওঠে। তার দুচোখে বিষের পাত্র টলমল করে ওঠে আর তারই খানিকটা চলকে পড়ে মুখ থেকে বেরোয়,

-শরীরের টান বয়েসকালে তোমারও তো বড় কম ছিল না, মা! বিধবা হবার পাঁচ বছর পর পেট বাঁধিয়ে বসেছিলে, কে জানে কার সাথে আশনাই করে। বুঝতে দেরি হয়ে গিয়েছিল বলে বা সাহসে কুলয়নি বলে সে পেট খসাতেও পারো নি।

সাধুবাবা ধমকে ওঠে,

-চুপ, চুপ বলছি। আর একটা কথা বললে তোকে আমি গলা টিপে খুন করে ফেলব!

হায় ভগবান, আগুন জানে যে তাকে সকলে মিলে একসময়ে দাবিয়ে দেবে ঠিকই, তা বলে কি পোড়াতে ছাড়ে! মেয়েটি বলতেই থাকে,

-তোমার বড় ছেলে তখন সদ্য যুবক। মায়ের এই কেলেঙ্কারি সত্ত্বেও তাকে নিয়ে গিয়েছিল গুরুদেবের আশ্রমে। দীর্ঘ এক বছর পরে ফিরে এসেছিলে নিজের বাচ্চাকে গুরুদেবের অনাথ আশ্রমে রেখে। কপাল বটে তোমার মা! আজও সেই দুই ছেলেই তোমাকে কত ভক্তিছেদ্দা করে! আর তুমি কি না সেই হতভাগা ছেলেকে কাছে টানা তো দূরের কথা, এসে থেকে রাস্তার কুকুরের মতন অবহেলা করছো!

মেয়েটি আরও কিছু বলছিল, কিন্তু ততক্ষণে এক অস্বস্তিকর নিস্তব্ধতা ঘিরে ধরেছে মানুষগুলোকে এই পড়ন্ত বেলায়! গোধূলিবেলার এই আলোকে নাকি বলে কনে দেখা আলো। কে জানে কেন বলে! এই আলোয় কি মানুষকে সুন্দর দেখায় নাকি মানুষের আসল রূপ দেখা যায়? যেমন নটবর এখন দেখছে। মানবজীবনের নানান রূপ বারবার তাকে চমকে দিয়েছে, অভিভূত করেছে। তবে একটা কথা এই মুহূর্তে তাকে বড় ভাবাচ্ছে। কার যে কোথায় ঠাঁই হয় আর কখন যে মানুষ ঠাঁইনাড়া হয়ে পড়বে, তার খবর বোধহয় এক ভগবানই জানেন। বহু যত্নে মানুষ রিফু করে সংসারের নকশিকাঁথায়। তাও ক্ষত বেরিয়ে পড়ে ঠিকই। অবশ্য তা না হলে সেলাইয়ের ধারাবাহিকতা বজায় থাকবেই বা কি করে!

সেদিন রাতে বুড়ির বুকে ব্যথা উঠলো। কাছেই একটা ছোট্ট নার্সিংহোম। সেখানেই নিয়ে যাওয়া হল। নটবর অবাক হয়ে দেখছিল বুড়ির দুই অসমবয়েসী পুত্র কেমন সমানভাবে বিপর্যস্ত। একটু আগের ভয়ঙ্কর দগদগে কলহের রেশমাত্র নেই। দুজনেই প্রার্থনা করে চলেছে মায়ের প্রাণ ভিক্ষা করে। ধন্য জননী তুমি! দশ মাস ধরে নিজের শরীরের বিন্দু বিন্দু প্রাণশক্তি দিয়ে তুমি মানুষ গড়ো। সে কি বড় চাট্টিখানি কথা! সে মানুষ তোমার জন্যে না কেঁদে পারে!

তিন দিন যমে-মানুষে টানাটানির পর শেষমেষ বুড়ি এযাত্রায় বেঁচে গেল। তবে বাঁ দিকটা পক্ষাঘাতে পড়ে গেলো পুরোপুরি। সাধুবাবা আর তার সাধন সঙ্গিনী লেগে পড়ল মায়ের সেবায়। বিদ্ধস্ত বিপর্যস্ত সংসারটা আবার উঠে দাঁড়াতে লাগলো আস্তে ধীরে। সাধুবাবা আর তার সাধন সঙ্গিনীর বুঝি একটু লম্বা সময়ের জন্য একটা আস্তানা জুটলো।

এর কয়েকদিন পরে রাখাল একদিন নটবরকে ডেকে জানালো যে তার ছেলের খোঁজ পাওয়া গেছে। আপাতত সে আছে গাজিয়াবাদের একটি জেলে। দু এক দিনের মধ্যেই নন্দলাল আর হারান কাকা আসছে এখানে। তারপর তারা রওনা দেবে দিল্লির উদ্যেশে।

 

 

।।তিথির বাসা।।

 

 

IIM ছাড়ার পর এই প্রথম অনিকেত আর তিথি একসাথে একটা প্রজেক্টে কাজ করছে। তবে তাদের পেশাদারি সম্পর্কটা এখন একটু আলাদা রকমের। কর্পোরেট ভাষায় যাকে বলে বিজনেস পার্টনার অথবা বাণিজ্যিক বন্ধুতা। একটি বহুজাতিক ই-কমার্স সংস্থা ভারতবর্ষে স্বাস্থ্য পরিষেবা শুরু করতে চলেছে। তিথিদের টেলিকম কোম্পানির নেটওয়ার্কে সওয়ার হয়ে এই পরিষেবা পৌঁছে যাবে মানুষের হাতের মুঠোয়। এই পরিষেবা অবশ্যই মাঝারি থেকে বেশ দামী পর্যায় অবধি থাকবে। যদি কারুর কেনার ক্ষমতা না থাকে, কুছ পরোয়া নহি, অনিকেতদের বহুজাতিক ব্যাঙ্ক তাদের ঋণ দেবে। সেই ঋণের আবেদন করতে হবে কোনো না কোনো মোবাইল যন্ত্রের মাধ্যমে। স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট তো আজকাল সবার হাতে, অন্তত তিথি অনিকেত যাদের দেখতে পায়। ইন্টারনেট ক্লাউডে পরিচিতি আর আয় সংক্রান্ত নথি আপলোড করে দিলেই ঋনের টাকা পৌঁছে যাবে নির্দিষ্ট সংস্থায়। খুবই গুরুত্বপূর্ণ প্রজেক্ট সন্দেহ নেই। তিথি আর অনিকেতের মতন ওদের প্রজেক্ট টিমের অনেকেরই ক্যারিয়ার নির্ভর করছে এই প্রজেক্টের সাফল্যের ওপর। ভারতবর্ষের প্রথম শ্রেণীর সবকটি বেসরকারি স্বাস্থ্য পরিষেবা সংস্থা থাকছে এর আওতায়। বহুজাতিক ই-কমার্স সংস্থাও নিজেদের বেশ কয়েকটি সুপার-স্পেশালিটি হাসপাতাল তৈরি করছে দেশের টিয়ার ওয়ান সহরগুলিতে। তিথির বক্তব্য মধ্যম বর্গীয় হাসপাতালগুলিকেও এর অন্তর্ভুক্ত করা দরকার। তাহলে মধ্যবিত্ত শ্রেনীও এর সুবিধা পাবে। তাছাড়া পুরো ব্যবসার আয়তন এবং পরিধিও অনেকটা বেড়ে যাবে। আর বলা বাহুল্য, তিথিদের টেলিকম নেটওয়ার্কের পরিধিও খানিকটা বাড়বে।

একথা ঠিক যে দুনিয়ার মেডিক্যাল টুরিজিমের তীর্থক্ষেত্র হচ্ছে ভারতবর্ষ। মূলত মধ্য প্রাচ্য এবং বাকি এশীয় দেশগুলি তো বটেই, ইউরোপ আমেরিকার মানুষও হামেশাই ভারতবর্ষে আসেন লম্বা অথবা জটিল চিকিৎসা করাতে। কারণ, এদেশের চিকিৎসক এবং চিকিৎসার মান খুবই ভালো, অবশ্যই যথেষ্ঠ মূল্যের বিনিময়ে। মুদ্রা বিনিময়ের হারের ফারাকের জন্যে টাকার অঙ্কটাও সুন্দর মিলে যায় সব দিক থেকে। কোথাও কোনো গন্ডগোল নেই! কে বলে ক্রীতদাস প্রথা বন্ধ হয়ে গেছে? উন্নয়নশীল দেশ উন্নীত হবার দাম যোগাতে থাকে উন্নত দেশগুলোকে, ক্রমাগত!

সে যাই হোক, অনিকেতের মত এব্যাপারে তিথির থেকে একটু আলাদা। অনিকেত এই পুরো পরিষেবাটিকে একটি কাঙ্ক্ষিত পণ্যের পর্যায়ে নিয়ে যেতে চায়। তার যুক্তিও ফেলনা নয়। গোটা টাকার অঙ্কটা যথেষ্ঠ বড় না হলে ব্যাংকের মুনাফা চোখে দেখা যাবে না। ব্যাংক যদি এই পার্টনারশিপে ঢোকে তাহলে একটা বড় মাপের টাকা তাদের আলাদা রাখতে হবে এই খাতে। সেক্ষেত্রে যথেষ্ঠ পরিমানে ঋনের লেনদেন না হলে সেই টাকা পচবে, ব্যাংকের তেমন কোনো আয় হবে না। সুতরাং শুধু চিকিৎসা নয়, সেই সংক্রান্ত সমস্ত ভ্রমণও অনিকেত এই পরিষেবার অন্তর্ভুক্ত করতে চায়। অন্যদিকে তিথির প্রস্তাব মানতে গেলে প্রথম সমস্যা গড় ব্যবসার অঙ্ক কিছুটা কমবে আর দ্বিতীয় সমস্যা সমস্যা মধ্যবিত্তের ঋনের টাকা আদায় করা নিয়ে। ওদের এই বিতর্কটা কিছুতেই সুস্থিতির পর্যায়ে পৌঁছচ্ছে না। তার ওপর আজ নতুন নির্দেশ এসেছে ই-কমার্স সংস্থার তরফ থেকে। এই পুরো প্রজেক্টটা নিয়ে একটি টিভি সিরিজ তৈরি হবে। সেটাই হবে এই ব্যবসার বিজ্ঞাপন। বম্বের একজন মোটামুটি নামজাদা বিজ্ঞাপন ডিরেক্টর বানাচ্ছেন এই সিরিজটা। অনিকেত খুব এক্সাইটেড! সে নিজে সিরিজের পোকা। অবশ্য তার পছন্দের বেশিরভাগটাই বিদেশি সিরিজ। কিন্তু এই ডিরেক্টরের অন্যান্য কাজ তার বেশ ভালো লেগেছে। তিথিও পছন্দ করে ওঁর কাজ। অনিকেতের একটা আশা আছে এই সিরিজের ঘাড়ে ভর করে নিজের বাণিজ্যিক দর্শনে তিথিকে দীক্ষিত করা যেতে পারে। তবে তিথিকে অনিকেত জানে, কাজটা সহজ হবে না।

এই সিরিজের ব্যাপারেই আজ একটা ব্রিফিং মিটিং ছিল ই-কমার্স সংস্থার অফিসে। সেই ডিরেক্টর মশাইও এসেছিলেন। মিটিংয়ের পরে হিল্টনে একটা ছোট্ট ককটেইল ছিল। একেবারেই হাতে গোনা লোক। অনিকেত অনেক্ষন বকবক করেছে আজ ডিরেক্টর মশাইয়ের সাথে। ছোট্ট করে নিজের মতামতটাও বাতলে দিয়েছে। ডিরেক্টর মশাই পছন্দও করেছেন। ওঁর উদ্যেশ্য এই সিরিজের মাধ্যমেই পৌঁছে যেতে হবে আপামর জনগণের কাছে, তুলে ধরতে হবে বিশ্বায়নের বিশালত্ব, গ্লোবাল ভিলেজে বসবাস করার সুফল ইত্যাদি ইত্যাদি। অনিকেত জানে এসব শুনে বুদ্ধিজীবীর মতন মাথা নাড়তে হয়। তারপর কনফারেন্স রুমে বসে মার্কেটিং টিম যা ব্রিফিং করবে ইনিও সেভাবেই কাজ করবেন। তবে পুরোটাই হয় নিখুঁত সমন্বয়ের মাধ্যমে, পরস্পরের প্রতি আপাতঃ সম্মান বজায় রেখে! তিথি মাঝে এক দুবার যোগ দিয়েছিল ওদের কথোপকথনে। মামুলি দুএকটা কথা বলে সরে পড়েছিল। আপাতত দুজনে বাড়ি ফিরছে। আজ সারাদিন একই অফিসে থাকবে জেনে ওরা একটা গাড়ি নিয়েই এসেছিল। দুজনেই বেশ কয়েক পাত্তর স্কচ খেয়েছে আজ। এই ব্যাপারে ওদের দারুন মিল সেই শুরুর সময় থেকে। মদ মানে হুইস্কি, সম্ভব হলে স্কচ। আজ ছিল কাওল-ইলা আর তালিস্কার। দুটোই ওদের পছন্দের সিঙ্গল-মল্ট স্কচ। সাথে স্ন্যাকসও ছিল হালকা ফুলকা। দুজনেই বেশ ফুরফুরে মেজাজে আছে। শিপ বিল্ডিংয়ের সিগনালটা অবধি দুজনেই চুপচাপ। অনিকেত ড্রাইভ করছে, তিথি সিটটা একটু স্ট্রেচ করে শরীর এলিয়ে আকাশ দেখছে সানরুফের ভেতর দিয়ে। আকাশ দেখতে দেখতেই তিথি আপনমনে বলে ওঠে,

-Is it the AC making it so soothing! আকাশটা এত কোমল লাগছে?

অনিকেত একবার তাকায় তিথির দিকে। একটা সী-গ্রীন টপ আর লাইট গ্রে কালট্স পরেছে সে। পারফিউমটা বোধয় বলগেরি! তিথি খুব একটা মেকআপ কোনোদিন ই করে না। কয়েকটা চটজলদি রূপটানেই সে যে কোনো পুরুষের কাঙ্ক্ষিত হয়ে উঠতে পারে। সাউথ চায়না সাগরের কালো মুক্তোর নেকলেসটা যেন তার গলায় স্থান পেয়ে ধন্য হয়ে গেছে। আজকাল তিথি একটা নোলোকের মতন রিং পরে নাকে। রুপোর, তবে তিথির নাকে দেখলে কেমন প্লাটিনামের মনে হয়! সব মিলিয়ে চূড়ান্ত আধুনিকতার পটের মাঝে যেন একটা সোহাগী ঐতিহ্যের কোলাজ!

-Move the damn car, নাহলে এই জাটরা কিন্তু….

অনিকেতের সম্বিৎ ফেরে। এটা লম্বা সিগনাল। অন্তত তিন বার রেডলাইটে আটকাতে হয়। চতুর্দিকে গাড়ির প্যাঁপোঁ লেগেই আছে। তার ওপর এই গাড়িটার ক্যাবিনটা প্রায় শব্দশূন্য হয়ে যায় কাঁচ তোলা থাকলে। পেটে নিখাদ সিঙ্গলমল্ট আর পাশে তিথি এমন মোহিনী মুদ্রায় আধশোয়া হয়ে! এতেও যদি অনিকেতের ঘোর না লাগে তাহলে সে নিতান্তই অমানুষ! সিগনালটা টপকে অনিকেত লক্ষ্য করে তিথি এখন তার দিকেই তাকিয়ে আছে।

-Kets, do you still desire me so? নাকি নেশার ঘোর?

এই Kets টা হচ্ছে অনিকেতের 'কেত' র এক্সটেনশন। তাছাড়া সাইবেরিয়ার একটি শিকারি উপজাতির মানুষদেরও নাকি Kets বলা হয় আর অনিকেত নাকি তাদের মতনই অনেকাংশে, তিথির মতে! আরেকবার ঘোর লাগার আগে অনিকেত সাত তাড়াতাড়ি উত্তর দেয়,

-গাড়িটা পাশে একটু দাঁড় করাই? and then lemme give you an experience what exactly you mean to me!

তিথি খিলখিল করে হেসে ওঠে। বেশ অনেকদিন বাদে তিথির এই হাসিটা শুনল অনিকেত। বুঝতে পারল না তিথিই হাসছে নাকি হুইস্কির মরীচিকা। অনিকেতের মধ্যেও নেশার খেলা চলছে,

-প্লিজ তিথি, অনেকদিন হল গাড়ির মধ্যে…..

-শাট আপ Kets। look in front। আজকাল drunken driving নিয়ে খুব ধরপাকড় হচ্ছে। সামনে কোনো পুলিশ ব্যারিকেড থাকলে বোলো, আমি উঠে বসবো।

এটা অনিকেত জানে যে তিথির উপস্থিতিতেই একটা চূড়ান্ত অভিজাত ভাব আছে। আর তিথির চাহনিতে একটা পালিশ করা ঝকঝকে কিন্তু প্রচ্ছন্ন ঔদ্ধত্য আছে। সাধারণ লোক, সে পুলিশই হোক আর লিফটম্যানই হোক তিথিকে দেখামাত্র একটা সম্ভ্রমের ভাব ফুটে ওঠে তাদের মধ্যে। সামনে এম জি রোডের ক্রসিংয়ের পরে সত্যিই একটা ব্যারিকেড দেখতে পেলো অনিকেত। তিথি উঠে বসে আস্তে আস্তে। ছমছমে নেশাটা একটু থিতু হয় দুজনেরই। অনিকেত জানতে চায়,

-You were a bit off today, ain't you?

-উম, না অফ নয়। বলতে পারো মন দিয়ে মদ খাচ্ছিলাম আর আড্ডা মারছিলাম। for a change, I wasn't doing the usual networking.

-হ্যাঁ, দেখলাম তোমার টিমটা এক কোনে দাঁড়িয়ে ছিল। ভাবলাম দুজনে মিলে ডিরেক্টর মশাইয়ের সাথে জমিয়ে আড্ডা দেব। অনেকরকম ইন্টারেস্টিং আলোচনা হচ্ছিল।

-সে তো ভালো কথা।

-তুমি কথাটা এড়িয়ে যাচ্ছো, ডিয়ার। Very few people get a chance to work in such transformational project. No matter whatever you are in your organization, this is an inter-organizational pioneering project! তুমি সেই সুযোগটা যখন পেয়েছো...তাছাড়া তুমি তো ওঁর কাজ পছন্দ করো, একটু আড্ডা দিলে ভালো লাগতো।

তিথি একটুক্ষন চুপ করে থাকে। তারপর সম্পূর্ণ অন্য স্বরে বলে,

-Kets, কাজের বাইরে কাজ করা আমি বন্ধ করে দিচ্ছি ক্রমশ। চব্বিশ ঘন্টা সত্যিকারের কাজ থাকলে আমি হাসিমুখে করতে রাজি। কিন্তু এই প্রতিনিয়ত, প্রতিপদে, প্রত্যেক মানুষের সাথে কেজো লৌকিকতা করতে করতে আমি নিজেকেই হারিয়ে ফেলছি। নিজের ক্যারিয়ার গড়তে যদি নিজেই নেই হয়ে যাই, তাহলে কার জন্যে বাঁচব?

অনিকেত বোঝে আবহাওয়া টা অন্যরকম হয়ে উঠেছে। বোধহয় সেটাকে হালকা করতেই কথা ঘোরায়,

-আজ বাড়িতে কি ডিনার আছে কে জানে। পুতুল আসার পর থেকে কিন্তু বাড়ির খাওয়া দাওয়ার ভোলই পাল্টে গেছে, না?

এটা তিথি মানে। যদিও অনিকেতের শুধু খাওয়ার চিন্তা, কিন্তু পুতুল আসার পর থেকে এপার্টমেন্টটা কেমন বাড়ি বাড়ি লাগতে শুরু করেছে। আগেও সারিতা ঝেড়ে মুছে রাখতো ঠিকই, কিন্তু পুতুল যেন গত একমাসে বাড়ীটার শ্রী ফিরিয়ে দিয়েছে। আজকাল কেমন একটা বাড়ি ফেরার ইচ্ছে হয়। ওরা দুজনেই কেউই যে খুব শারীরিক পরিশ্রম করে তা একেবারেই নয়। কিন্তু বাড়ি ফিরলে পুতুল হাতে করে যে এক গেলাস জল এগিয়ে দেয় হাসিমুখে তা যে কি মহার্ঘ তা সে যে পায় সেই জানে। পুতুল রাতে শোবার আগে ভালো করে সবকটি ঘর ঝেড়ে মুছে রাখে। কিচেন গুছিয়ে, ওভেন মুছে, প্রত্যেকটি বাসন কৌটো বাউটো ঠিক ঠিক জায়গায় রেখে তবে শান্তি পায়। কিচেনের যে কি বাহার হতে পারে, তা সত্যিই আগে উপলদ্ধি করতে পারেনি তিথি বা অনিকেত। সারিতা এখনো আসে সকালে। ঘরদোর ঝাড়া মোছা করে বাসন মেজে রেখে যায়। কিন্তু সাত সকালে ঘুম থেকে উঠে ঝকঝকে ঘর আর পরিচ্ছন্ন এবং পরিপাটি কিচেন দেখা যে কি সুখের তা অভিজ্ঞতাভিন্ন অনুভব করা অসম্ভব। আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো পুতুল এই সারাক্ষন কাজ করে মোটেও ক্লান্ত হয় না! সমান উৎসাহে আর স্ফূর্তিতে করে যেতে থাকে। তিথির এক জ্যাঠতুতো দিদি অবিকল এইভাবে সারাদিন রান্নাবাটি আর পুতুল খেলে যেত।

-কিছু বলছো না যে!

অনিকেতের কথায় সম্বিৎ ফেরে তিথির। বলে,

-I don't feel like having dinner। অনেকটা স্ন্যাকস খেয়ে ফেলেছি।

অনিকেত বোঝে তিথির মুডটা আজ সত্যিই খারাপ।

 

একের পর এক প্রশ্ন চিহ্ন ভেসে উঠছে পর্দায়। নানান রঙের। একটু পরে তার সাথে শুরু হলো কিছু কিছু লেখা ভেসে আসা। তবে সবই দুর্বোধ্য ভাষায়! তারপর দেখা গেল কিছু মানুষ নানান রকম প্রশ্ন করছে। বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষীর মানুষ। কেউ দুর্ভেদ্য জঙ্গলে গাছের ওপরে মাচায় বসে, কেউ বা শান্ত গ্রাম্য পথের ধারে চায়ের দোকানে, কেউ জমকালো রেস্তোঁরায়, কেউ মরুভূমির পথে, কেউ হয়ত মেরু প্রদেশে ইগলুর মধ্যে বসে। তাদের ভাষা কিছুই বোঝা যাচ্ছে না তবে ভাবসাবে মনে হচ্ছে সবাই উত্তেজিত হয়ে অনেক প্রশ্ন করছে। এমনসময় ইংরাজিতে একটি প্রশ্ন শোনা গেল, 'দেশি মদ খেয়েছো কখনো, নাকি স্কচের বাইরে বেরওনি কখনো? দেশি মদ ক্র্যানবেরি জুস দিয়ে খেয়ে দেখো, জিন-টনিকের থেকে কোনো অংশে কম নয়' প্রত্যুত্তরে কেউ কিছু একটা বলতে যাচ্ছিল, লোকটা তাকে থামিয়ে দিয়ে বললে, 'উত্তর দেওয়া সোজা কাজ। জম্পেশ একখানা কঠিন প্রশ্ন করো দেখি?' আরে, এ তো ডিরেক্টর মশাই! কি আশ্চর্য! উনি সকলের কাছে ঘুরে বলছেন, 'প্রশ্ন করো, দুর্দান্ত সব প্রশ্ন করো। জবাব খুঁজতে যেওনা। জবাব পেয়ে গেলে সে প্রশ্ন আর প্রশ্ন থাকে না, কথোপকথন হয়ে দাঁড়ায়। প্রশ্ন করে করেই সবাই কে চুপ করিয়ে দিতে হবে। সর্বক্ষণ নিজেকে অশান্ত রাখো। তাহলেই মনের মধ্যে দুর্দান্ত সব জিজ্ঞাসা জন্ম নেবে! তাই নিয়েই আমার এই ছবি, প্রশ্নবোধক!

এমন স্বপ্ন দেখে ঘুম ভাঙলে সকলেরই মুখ তেতো লাগে। তিথিরও তার ব্যাতিক্রম হলো না। তবে আনন্দের বিষয় আজ রবিবার। গত সন্ধ্যায় বাড়িতে একটা ছোটো গেট-টুগেদার মতন ছিল। কাইজার-রুমি, সালমা-অমিত ছাড়াও আরো দু তিন জিন বন্ধু বান্ধব এসেছিল। জমজমাট আড্ডা, উৎকৃষ্ট পানীয়, সুস্বাদু খাবার আর ধোঁয়াটে নেশা। মৌতাত জমেছিল দুর্দান্ত। বাড়িতে পুতুলের ছোঁয়া যথারীতি সকলের চোখে পড়েছে। কাইজারের মতন আত্মভোলা লোকও কাল অনিকেতকে ডেকে জিগ্যেস করল তোদের এইসব ফ্রেমে বাঁধানো ছবি, ডিভিডি কালেকশন, এমনকি একটা বেশ দামি ডিভিডি প্লেয়ার…..এসব তো কখনো দেখিনি! কোনো এক সময়ে ওরা সবাইমিলে কয়েকটা শর্টফিল্ম দেখলো। সেই থেকে ফিল্মের কথা উঠল। অনিকেত সকলকে জানালো যে ওরা অমুক ডিরেক্টরের সাথে কাজ করছে। তিথির মনে পড়ে গেলো গত সপ্তাহের ঝগড়ার কথা। সেই ককটেইলের পরের সপ্তাহে স্টোরি রিডিং সেশনের প্রথমেই তিথির সাথে ডিরেক্টর মশাইয়ের মতবিরোধ।

সিরিজের গল্পটির শুরুটা এইরকম: একটা কাপল ভারতের একটি টিয়ার ওয়ান শহরে এসেছে কাজ করতে। শহরটি অচেনা দুজনেরই। একজন হটাৎ অসুস্থ হয়ে পড়ে আর তখনই তারা উপলব্ধি করে যে যৌবনের ভরসায় তারা ওই শহরের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে কিছুই খোঁজখবর করে নি। সেইসময় তাদের এক অচেনা প্রতিবেশী এই পরিষেবার কথা জানায়। এই অবধি সব ঠিক। খুবই প্রাসঙ্গিক বিষয়। কিন্তু গোল বাঁধল যেই তিথি প্রস্তাব দিল যে এই কাপলটি হবে একটি গে-কাপল। ডিরেক্টর মশাই মাথা নাড়তে লাগলেন। ওঁর মতে ভারতবর্ষ এখনো ততটা আধুনিক হয় নি। এটা নিতে পারবে না ইত্যাদি। তিথির বক্তব্য আধুনিকতা আর মূল্যবোধের টানাপোড়েন সবথেকে বেশি মধ্যবিত্তের। এক্ষেত্রে তারা তো টার্গেট অডিয়েন্সই নয়। উচ্চবিত্তের ক্ষেত্রে মূল্যবোধ নমনীয় আর নিম্নবিত্তের কাছে ভঙ্গুর। সুতরাং আমাদের এই সিরিজের মাধ্যমে সমকামী সম্পর্ককে আরো একবার স্বীকৃতি দেওয়া যেতেই পারে ইত্যাদি ইত্যাদি। বিকেল অবধি সেই বিতর্কে কোনো সুস্থিতি এলো না। শেষে তিথির বস মিহরান সামাল দিলেন। মিহরানের মতে যে কোনো ছবি বানালেই তাতে সমসাময়িক সব সমস্যাকে তুলে ধরতে হবে বা পছন্দের মানুষ বা গোষ্ঠীকে কুর্নিশ জানাতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই! দু একটা  সাদামাটা সোজাসাপটা ছবিই হোক না! মিহরান মালিক তিথির গডফাদার। তিথি বোধহয় এটা আশা করেনি মিহরানের থেকে। অবাক হলেও তিথি আর কথা বাড়ায়নি।

তিথি খেয়াল করে যথেষ্ঠ বেলা হয়ে গেছ। তাও বিছানা ছাড়তে ইচ্ছে হয় না তার। জানে পুতুল টের পেলেই তার পছন্দের চা নিয়ে আসবে। মেয়েটার একটা অন্যতম গুন হলো আশপাশের সকলের পছন্দ অপছন্দ নিঃশব্দে বুঝে ফেলা আর সাধ্যমতন সেটার যোগান দেওয়া। যেমন এখন তিথি বিছানায় শুয়ে শুয়েই দেখতে পাচ্ছে অনিকেত লুচি দিয়ে পরম তৃপ্তিতে প্রাতরাশ সারছে। পুতুল একটু তফাতে দাঁড়িয়ে লক্ষ্য রাখছে অনিকেতের কি লাগতে পারে, একেবারে সুদক্ষ ওয়েটারের মতন। তিথির অবাক লাগে এই ভেবে যে পুতুলের তো এই ব্যাপারে প্রতিষ্ঠানগত বা সামাজিক কোনো শিক্ষা নেই। খুবই সাধারণ ঘরের মেয়ে। কেবলমাত্র নিজের কাজের প্রতি নিষ্ঠা আর আন্তরিকতার কারণেই এই দক্ষতা। তিথি প্রতিদিন টের পায় কি এক অদ্ভুত ম্যাজিকে তাদের এই দামি বিলাসবহুল এপার্টমেন্টটা ক্রমশ একটা আশ্রয়ের রূপ নিচ্ছে। এক শান্তির আশ্রয়।

 

লুচির যে একটা নির্দিষ্ট আকার আয়তন আছে তা অনিকেত ভুলেই গিয়েছিল কলকাতা ছাড়ার পর। আসলে বাংলার বাইরে সকলে পুরি খেতে অভ্যস্ত, তাই লুচি বানাতে চাইলেও আদপে তা দেখতে হয়ে যায় পুরির মতন। আর দর্শনেই যখন অর্ধেক ভোজন তাই ওই পুরিরূপী লুচি না ঘরকা না ঘাটকা হয়ে পড়ে। তারপর আছে লুচির আনুষাঙ্গিক। কেজো দিনের লুচির সাথে থাকে সাদা আলুর তরকারি কালোজিরে ফোড়ন দিয়ে। ছুটির দিন হলে তাতে একটু ফুলকপির কুচি আর কিশমিশ পড়ে। সাথে থাকে নারকেল কুচি দেওয়া মিষ্টি মিষ্টি ছোলার ডাল। ডালের দানাগুলো দেখতে হবে গোটা গোটা কিন্তু মুখের মধ্যে গেলেই জিভ আর টাকরায় একটু মাখামাখি করেই স্রেফ পেটে চলে যাবে। শেষপাতে থাকবে সন্দেশ। কেজো দিনে অবশ্যি ভাজা মিষ্টিই ভালো, ছানার জিলিপি বা কালোজাম। আবার ধরা যাক যদি ডিনারে লুচি খেতে ইচ্ছা হয় তাহলে সাথে থাকবে খাসির মাংস। পাত্রের ওপরের দিকে একটা লাল তেলের স্তরে মাংসের টুকরোগুলো ডুবো পাহাড়ের মতন উঁকিঝুঁকি দেবে। এই মাংসে আলু দেওয়া বারণ। কিন্তু বাটিতে কয়েক টুকরো মেটে থাকতেই হবে। আর খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাটিটা গাবদা একটি জামবাটি হতে হবে। ওই, দর্শনে অর্ধেক ভোজন! কেতাবি ডিনার সেটের পুঁচকি বাটিতে দশ বার মাংস দিলেও সেই পরিতৃপ্তি আসবে না। স্বাদ বদল করতে খেজুর আর আমসত্বের একটা মিষ্টি চাটনি। শেষ পাতে ঘন পায়েস যা ক্ষীরের পর্যায়ে পৌঁছে গেছে! এই পুরোও ব্যাপারটা পুতুল কি করে জানি জানে! অনিকেত প্রথম চমকেছিলো সত্যিকারের লুচি দেখে। তারপর থেকে এই সবকটি ব্যাপারে বেশ কয়েকবার চমকে অনিকেত মানতে বাধ্য হয়েছে পুতুল আক্ষরিক অর্থেই পরিচারিকা। পরিচর্যা ব্যাপারটা সে বিলক্ষণ জানে। অনলাইন বাজার বন্ধ করে পুতুল নিজেই বাজার করে আনে সারিতার সাথে গিয়ে। সারা সপ্তাহের বাজার ফ্রিজে তুলেও কি অদ্ভুত মায়াজালে ওই একই ফ্রিজে অনিকেতের বিয়ারের জায়গা, তিথির বেইলিসের জায়গা সুন্দর আলাদা করে রাখে। কোনো শেলফে চলকে যাওয়া ঝোল বা এক দলা ফসিল হওয়া আটা পড়ে থাকে না।

বাড়ি ছাড়ার পর থেকে থালা সাজিয়ে খাবার বেড়ে দেওয়া ব্যাপারটা উঠেই গিয়েছিল জীবন থেকে। সত্যি বলতে কি অনিকেত ব্যাপারটা আর তেমন মিসও করতো না। কিন্তু পুতুল সেই ব্যাপারটা শুরু করার পর থেকে অনিকেত একদিনও বোধহয় ডিনার বাইরে করে আসেনি। আর খাওয়ার পদের কথা না বলাই ভালো। তবে অনিকেত যেদিন প্রেস করা রুমাল দেখেছিল প্রথমবার, মনে মনে সেলাম জানিয়েছিল পুতুলকে! তার খানিকটা হয়ত অনিকেতের মুখেচোখে ফুটে উঠেছিল। সেটা লক্ষ করে পুতুলের মুখে একটা খুশির হাসি ফুটে উঠেই মিলিয়ে গিয়েছিল। অনিকেতের ভালো লেগেছিল।

 

তিথি আর অনিকেতকে নিয়ে পুতুল সত্যিই খেলাঘর বানাতে শুরু করেছে। এ যেন দুটো ডল পুতুল নিয়ে রান্নাবাটি খেলতে বসা। প্রায় মাস খানেক আগে পুতুল যখন সরকারি হোমে গিয়ে পড়ে তখন স্বপ্নেও ভাবতে পারেনি যে তার জীবন এমন একটা বাঁক নেবে। মেয়েদের জীবন আসলে বহতা নদীর মতন। কত বাঁকে কত ঘাটে যে তাকে নমনীয় হতে হয়….কোথাও মানুষ তাকে পুজো করে আবার কোথাও বা ঘর বাঁধে, কখনো লোকে জঞ্জাল ছুঁড়ে মারে আবার কোথাও সেই নদীই মানুষের বসত উজাড় করে সব ভাসিয়ে নিয়ে যায়! জন্মের পর থেকে পুতুল শুধুই অভাব দেখেছে। অনটনের সাথেও যে আশনাই হয়, অভাবের তাড়নায়ও যে শিল্প জন্ম নেয় তা পুতুল বুঝতে শিখেছিল সেই ছোট্ট বয়েসে। তার মা মলিন হয়ে যাওয়া ছেঁড়া জামাও কি সুন্দর করে সূঁচের নকশা তুলে রিফু করত। সামান্য হ্যালেঞ্চা বা নটে শাক দিয়েও কি অপূর্ব সুস্বাদু ব্যাঞ্জন বানাত! শুকিয়ে খসে পড়া নারকেল গাছের খোলায় দড়ি বেঁধে পুতুলের বাবা তার জন্যে গাড়ি বানিয়ে দিত। ভাইকে তাতে বসিয়ে দড়ি টানতো সে। পুতুলের ছোটবেলাটা অভাবে কাটলেও দুঃখে কাটেনি। সুখটুকু বজায় ছিল বিয়ের পরেও। সদ্য কৈশোর পার করেই সে এসে পড়েছিল নটবরের সংসারে। ভাঙাচোরা একটুকরো সংসার। শুরু হয়েছিল রান্নাবাটি খেলা, সত্যিকারের। বেশ কাটছিল দিনগুলো। কিন্তু নদী তো সরলরেখায় চলে না, সামাজিক অবক্ষয়ের মতন নদীখাতের চড়াই উৎরাই অনুযায়ী সে নিজের দিক, গতি আর বৈশিষ্ট্য বদলায়। আর বোকা মানুষ মনে করে নদীর বুঝি চরিত্র বদলেছে! তাই তো পুতুল আর পথনখালীতে ফেরার কথা কল্পনাও করতে পারে না। জানে, এক নটবর ছাড়া আর কেউ তাকে মেনে নেবে না। তা'বলে তার কষ্ট হয় না তা তো নয়। এই চার বছর প্রতিদিন সে ভেবেছে নটবরের কথা। তার প্রাণ কেঁদেছে অবলা পোষ্যদের কথা ভেবে। বুড়ি পিসিটার কোমর ভাঙা, কে জানে তার দুবেলা খাবার জোটে কি না! নটবর তো থাকে কলকাতায় গোটা হপ্তা।

সোনাগাছির দিনগুলি প্রথম দিকে ভয়ঙ্কর কাটলেও ক্রমশ সয়ে গিয়েছিল। মনুষ্যত্বের কুৎসিততম রূপের মধ্যেও এক আধটা মানুষ যে পাওয়া যায় না তা নয়। তাছাড়া যে সময়টায় তাকে বিছানায় থাকতে হতো, তার চোখের সামনে ভেসে উঠত গাংপাড়ের বুড়ো বট গাছের কোটরে কাঠবিড়ালির বাসা, পালতোলা নৌকোয় করে জামাইষষ্ঠীর সময় নতুন জামাইদের আগমন, মাল্লাদের ভাটিয়ালি গান, বদর মিঞার নৌকোয় চড়ে ময়নামতির চরে বেড়াতে যাওয়া, বনবিবির ব্রত উদযাপন, আরও কত কি! শারীরিক হিংস্রতা, অবসাদ সব ঢাকা পড়ে যেত মানসিক প্রশান্তির অন্তরালে। তারপর আরেক বাঁক এলো জীবনে। হারা উদ্যেশে যাত্রা করলো তারা পাঁচটি মেয়ে। কেউ জানে না কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। কি অপেক্ষা করছে তাদের জন্যে। শুধু জানে তাদের মুক্তির প্রসাদ খুঁজে পাওয়া যাবে না মুক্ত সমাজে। এই গ্লানির জীবন অন্তত মৃত্যুকে তো বেঁধে রাখে সীমানায়। যদিও সে সীমানা পেরোতে হয় সকলকেই একদিন না একদিন। দিল্লির কাছাকাছি গাজিয়াবাদ স্টেশনে তাদের আটক করল পুলিশ। তপু নামের যে ছেলেটি তাদের সাথে ছিল, পুলিশ তাকে থানায় রেখে দিয়ে বাকি পাঁচটি মেয়েকে পাঠিয়ে দিল সরকারি মহিলা আবাসে। পুতুলের সাথের মেয়েগুলো একটু আধটু হিন্দি বলতে পারে। পুতুল তাও পারে না। কি আপদ! ভাগ্যিস সন্ধেবেলা তিথি দিদির সাথে দেখা হয়ে গেল। তিথিকে দিদি বললেও পুতুলের ধারণা ওরা প্রায় সমবয়সী। যাই হোক, দিদি আর তার বন্ধু সবটা শুনেছিল মন দিয়ে, সেই আবাসের বারান্দায় ঝুঝক আঁধারে বসে। দিদি মাঝে মাঝে ইংরেজিতে বুঝিয়ে দিচ্ছিল ওর বন্ধুকে। যাবার আগে ওরা পুতুলকে আশ্বাস দিয়ে গিয়েছিল যে ওরা যে করেই হোক পুতুলকে অন্তত এখান থেকে বের করে নিয়ে যাবে। পুতুলের ও ভালো লেগেছিল তিথিকে। তবে পুতুল তিথিকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে সে আর দেশে ফিরতে চায় না।

 

।।হারানো সুতো।।

 

নন্দলাল ভারী রুস্তম লোক! সে লম্বা দামি সিগারেট খায়। বাংলা-হিন্দি তো বটেই, এমনকি মাঝে মাঝে ইংরিজিতেও কথা কয়। শুধু কি তাই, সে হাওয়ার বেগে গাড়িও চালায়। তবে গাড়িটাকে সে বড় যত্নও করে বটে। নিজে হাতে রোজ পরিষ্কার করে! সময়মতন তেলটা, চাকায় হাওয়াটা ভরে। রাজুর গ্যারেজে নাকি ফি-হপ্তায় সে গাড়ির দলাই-মলাই হয়। মাঝে মাঝে ফ্যানাওয়ালা সাবান ঘসে চান করানোও হয়। এ তো গেল বাইরের ব্যাপার। গাড়ির ভেতরটা একেবারে বাইবাড়ির মতন! অবশ্য নটবর কখনো বাইবাড়ি যায় নি। তবে সিনেমায় যেমনটা দেখেছে আর কি! গাড়ির ভিতর দিকের ছাদে একটা এত্তবড় গোল বেগুনি রঙের আলো। সে আলো আবার বোতাম টিপলে আস্তে আস্তে ঘোরে আর আলোর টুকরো ছিটকে দেয় গাড়ির আনাচে কানাচে। কাঁচের জানলা গুলোতে ঝালর দেওয়া মেরুন পর্দা লাগানো। স্টিয়ারিংয়ে লাল কালো চামড়ার মলাট দেওয়া। পাশেই রাখা একটা বাহারি কাঁচের পাত্র, তা থেকে গোলাপের সুগন্ধ ছড়িয়ে পড়ে। সে এক এলাহী ব্যাপার। আর বড় রাস্তায় পড়লেই সে গাড়ি যেন একেবারে পক্ষীরাজ। বাতাসের সাথে পাল্লা টানে। দুর্গাপুর আসার সময় বর্ধমানের পরে নন্দলাল হারান কাকাকে পিছনে বসতে বলে। কাকা ঢুলছিল সামনে বসে আর তাতে নাকি ড্রাইভারেরও ঢুলুনি লাগার সম্ভাবনা থাকে। তাই হারান কাকা পিছনে গিয়ে বসে বদর মিঞা আর রতন খুড়োর সাথে। নটবর এসে বসে নন্দলালের পাশে। নটবরের ঘুমটুমের বালাই নেই। সে দিব্যি গপ্পো জুড়েছিলো নন্দলালের সাথে,

-আচ্ছা নন্দভাই, এই যে তুমি সেই তখন থেকে গাড়ি চালাচ্ছ, তোমার ক্লান্তি লাগছে না?

নন্দলাল একটা লম্বা সিগারেট বার করে ঠোঁটে ঝোলায়। তার একটা খুব বাহারের লাইটার আছে। সেটা দেখতে অবিকল বন্দুকের মতন। ট্রিগার টানলেই নলের মুখে ফস করে আগুন জ্বলে ওঠে। তাই দিয়ে একেবারে নায়কদের কায়দায় একটা সিগারেট ধরিয়ে নন্দলাল জবাব দিয়েছিল,

-এই গাড়িতে যতক্ষন আছি, নন্দলাল টোটাল ফুর্তিতে, বুঝলে বাবা নটবর। আমি আর এই গাড়ি, আমরা হলাম গিয়ে দোস্ত। একেবারে পাক্কা দোস্ত।

নটবর সাত তাড়াতাড়ি সায় দিয়েছিল,

-তা তো বটেই, তা তো বটেই। দোস্ত না হলে গাড়ির এমন যত্ন কেউ করে!

-এটা একেবারে লাখ টাকার কথা বলছো তুমি। সবারই একটা যত্ন করার মানুষ চাই বুঝলে। সে তুমি যত তাগড়া মানুষই হও, কেউ একজন যত্ন না করলে মাথার ঠিক থাকা মুশকিল।

-সে তো ঠিকই নন্দভাই। তাই না আমি পুতুলরানীর জন্যে এমন হন্যে হয়ে দৌড়াচ্ছি। তাও কি পারতাম, তোমার মতন মানুষ সাহায্য না করলে।

-আলবাত সাহায্য করব! বাবামশাই যখন আমায় ডেকে জানালেন তোমাদের আসার কথা, তোমার সমস্যার কথা, আমি তখনই বাবামশাইকে বলে দিয়েছিলাম যে আমি জান লড়িয়ে দেব।

নন্দলাল একটু থামে। আপন মনে সিগারেট টানতে থাকে। রাতের অন্ধকারে ফুঁড়ে তার আদরের গাড়ির হেডলাইট ধেয়ে চলে গন্ত্যবে। এই রাস্তাটাও বড় সুন্দর। গাড়ি যেন মনের মতন দোসর পেয়ে ছুটির ছুট লাগিয়েছে। নন্দলাল বলতে থাকে,

-জানো, একটা সময় ছিল যখন ভাবতাম একটা প্রেম হলেই জীবনে সব পাওয়া হয়ে যাবে। চেয়ে দেখার মতন একটা শরীর বানিয়েছিলাম, অনেক খেটেখুটে। ভাবতাম বম্বের হিরোদের মতন চেহারা-ছবি হলেই সিনেমার মতন প্রেম হবে! তবে অনেক মেয়েই ঠারেঠোরে দেখত আমায়, জানো? তার মধ্যে কুনজরও ছিল, তারা কেবল আমার শরীরটা দেখতো! কিন্তু শালা সেই শরীর সবার আগে নজর কাড়লো আমাদের পাড়ার কাউন্সিলরের। আমায় বানিয়ে দিলো যুবনেতা। আমিও ভাবলাম কি একটা কেউকেটা হয়ে যাচ্ছি। অচিরেই বুঝলাম আমি আসলে দাদার মারপিটের দলের সর্দার বনে গেছি। তাও লেগে থাকলাম। পড়াশুনা হয় নি কোনো দিন। পড়তে ভালোই লাগতো না। তাই ভেবেছিলাম পলিটিক্স করেই একটা হিল্লে হয়ে যাবে। আস্তে আস্তে দাদা আমায় ঠেলে দিলো আরো অন্ধকারের দিকে। কখনো রেলের ওয়াগন থেকে সরকারি মাল চুরি, কখনো ট্যাবলেট-পাউডার বেচার তদারকি, কখনো পার্টির চাঁদার নামে স্রেফ তোলা আদায়। বুঝতে পারছিলাম জানো, বেশ বুঝতে পারছিলাম ডুবে যাচ্ছি।

-তোমার বাড়ির লোকজন আটকায়নি? নাকি তারা জানতই না।

-দেখো নটবর, নিম্ন মধ্যবিত্ত পরিবার আমাদের। বাবা ফ্যাক্টরির ওভার্সিয়ার ছিলেন। ওই লেবারদের থেকে একটু ওপরে আর কি। একটা বড় দিদি, আমি আর মা। মা কে ছোটবেলা থেকেই দেখে আসছি প্রায় সব সময়েই ভুগত। তাই নিয়ে বাবার একটা চাপা রাগ টের পেতাম। সেই রাগ এসে পড়তো আমার ওপর। কথায় কথায় বেধড়ক মার খেতাম। একদিন দিদি পালালো নানকু নামের একটা ছেলের সাথে। ওই চেতলার ওদিকে মাস্তানি করত। এই তো আমার বাড়ির লোকজন! কে কাকে আটকায়, শালা!

নন্দলাল থামে। হঠাৎই সব চুপচাপ। পিছনের সিটে তিন বুড়ো নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। সেটা এতক্ষন টের পাওয়া যায় নি সেভাবে। নটবরই আবার কথা শুরু করেছিল,

-যদু মশাই কিন্তু তোমায় খুব স্নেহ করেন।

নন্দলাল আবার একটা সিগারেট ধরায়। সামান্য সময় চুপ করে থেকে বলতে থাকে,

-জীবনে নিশ্চই কোনো ভালো কাজ করেছি, তাই বাবামশাইয়ের মতন মানুষের দেখা পেলাম….আমাদের কাউন্সিলর দাদা একবার পাঠালো এক বজ্জাত বিল্ডারের কাছ থেকে টাকা আদায় করতে। শালা জানতামই না মালটা সঙ্গে মেশিন রাখে! আর একটা পোষা খুনে গুন্ডাও থাকে সাথে। সেদিন মরেই যেতাম যদি না হাতের কাছে….

নন্দলাল থামে। ওর মুখ দেখে মনে হয় সে বুঝি পৌঁছে গেছে সেই দিনগুলোতে। তবে স্টিয়ারিংয়ে হাত এক্কেবারে সজাগ। নন্দলাল আবার বলতে থাকে,

-হারামি কাউন্সিলর শালা আমায় ঝেড়ে ফেলতে চাইলো। পালালাম। কোথায় যাবো জানি না। বাগনানে এক দূরসম্পর্কের জেঠির বাড়ি গিয়ে দুদিন থাকলাম। বুঝলাম ওরা কিছু সন্দেহ করছে। ওখান থেকে কলকাতা ফিরে হাওড়া স্টেশনে এক রাত্রি ছিলাম। ভাবলাম এই এত্ত লোকের মধ্যে কেউ চিনতে পারবে না। জানিও না পুলিশ কতদূর এগিয়েছে। কিন্ত ঠিক ধরা পড়ে গেলাম নতুন বলে। হাওড়া স্টেশনের যারা স্থায়ী বাসিন্দা, তাদের একটা আলাদা সমাজ আছে, সে সমাজের অলিখিত নিয়ম কানুন আছে। নতুন কেউ এসে গা ঢাকা দিতে চাইলেই পারে না। ধরা পড়বেই। ওখান থেকে তাড়া খেয়ে শিয়ালদা এলাম। শিয়ালদা স্টেশনে এসে ভাবলাম নামখানায় এক বন্ধুর বাড়ি যাবো। ভোর বেলা ফার্স্ট ট্রেন ধরলাম। সেই ট্রেনে বাবামশাইও ছিলেন। ফাঁকা ট্রেন, কথা বলার লোক পাওয়া যায় না। তাই উনিই কথা শুরু করলেন। এক কথা দু কথায় বুঝলাম মানুষটা ভাল। আগুপিছু না ভেবেই একটা কাজ চেয়ে বসলাম। উনি নানান খোঁজা খবর নিলেন। রাজনৈতিক গুণ্ডামির জীবনটা বাদে সব বললাম। ওটাই বোধহয় ইন্টারভিউ ছিল আমার। লাগিয়ে দিলেন মাছের ব্যবসার কাজে। বাবামশাই ধৈর্য ধরে সব কাজ বোঝাতেন আমায়। তখনই আলাপ হলো এই হারানদার সাথে।

নন্দলাল থামে। নটবর জানতে চায়,

-আর তোমার সেই কাউন্সিলর?

-ওই কেসটাও বাবামশাই মিটিয়েছিলেন। আসলে উনি যখন তাপসীর সাথে বিয়ের প্রস্তাব দেন তখন আমার বাবা মায়ের সাথেও দেখা করতে চান। আমি জানতাম উনি কসবায় আমার বাড়ি গেলে আমার বাকিটাও জানতে পারবেন। তাই একদিন নিজেই সবটা বললাম। উনি মন দিয়ে সবটা শুনে শুধু একবারই জিজ্ঞেস করেছিলেন যে আমি স্রেফ আত্মরক্ষার জন্যেই ওই বিল্ডারের খুনে গুন্ডাটার মাথায় রডের বাড়ি মেরেছিলাম কি না। তারপর অনেকক্ষণ স্থির দৃষ্টিতে আমায় জরিপ করে বলেছিলেন উনি সামলে নেবেন, নিয়েওছিলেন।

গাড়ির হেডলাইটের যে আলোর রেশটুকু ভিতরে আসছিল, তাতে নটবর দেখতে পায় নন্দলালের মুখে একটা ক্ষীণ প্রশান্তির ছাপ।

 

আপাতত সেই নন্দলাল গেছে থানার বাবুদের সাথে কথা বলতে। তারা সকলেই গিয়ে হাজির হয়েছিল। কিন্তু ছোটোবাবু কেবলমাত্র একজনের সাথেই কথা কইবেন। তাই বাকিরা এসে বসেছিল থানা চত্বরের বটতলার বাঁধানো রোয়াকে। বাকিরা মানে নটবর, হারান কাকা আর বদর মিঞা। বদর মিঞার আসার কথা ছিল না। হারান কাকাকে নিয়ে নাও চালিয়ে বদর মিঞাই পৌঁছে দিচ্ছিল গোসাবায়। গোসাবা ফেরিঘাট অবধি এসে বদর মিঞা নাও বাঁধছে দেখে হারান কাকা একটু অবাক হয়। ওখান থেকে অনেকটা পথ মিঞাকে আবার ফিরতে হবে একা। কাকার মুখ দেখে মনের কথাটা আন্দাজ করেই মিঞা জানায় সে কাকাকে আরেকটু এগিয়ে দিতে কলকাতা অবধি যাবে। মিঞার কে এক দূর সম্পর্কের ভায়রাকে বলা আছে, সে নাওয়ের দেখভাল করবে। বদর মিঞার মতন মানুষ সাথে থাকলে বল ভরসা হয় বৈ কি! তা সেই এগিয়ে দেবার অভ্যাসবসত বদর মিঞা দুর্গাপুর অবধি চলে আসে। কথা ছিল মিঞা সেখান থেকে ট্রেনে ফিরে যাবে। শেষে তারা যখন নটবর কে নিয়ে রাখাল ঘোষালের বাড়ি থেকে রওনা হচ্ছে, কোত্থেকে সাধুবাবা এসে মিঞার দিকে আঙ্গুল দেখিয়ে কতকটা নিদানের সুরে বলে 'তুই থাকলেই কাজ হাসিল'। মিঞার জন্যে এই ইন্ধনটুকুই যথেষ্ঠ ছিল। সাধুবাবার দিকে হাসি হাসি মুখে তাকিয়ে 'হক কইছস' বলে মিঞা গাড়িতে উঠে বসে। হারান কাকা জিজ্ঞেস করেছিল 'তোর নাও কি হবে রে বদর?' মিঞা এক খিলি পান মুখে পুরে জবাব দিয়েছিল 'সবই তো ভেসে গেছে, তেমন হলে নাওটাও ভেসে যাবে!' এর পর আর কথা চলে না।

লম্বা রাস্তা। দুর্গাপুর থেকে গাজিয়াবাদ প্রায় দেড় হাজার কিলোমিটারের পাল্লা। প্রথমে কথা ছিল ট্রেনেই যাওয়া হবে। কিন্তু নন্দলাল গাড়ি ছাড়া নড়বে না। সে নিজেই গাড়ির তেলের খরচ যোগাবে। নটবরের সাথে তার আগেরবারেই দারুন দোস্তি হয়ে গিয়েছিল। এমন সাচ্চা প্রেমের ব্যাপারে নন্দলাল আজও সবকিছু করতে রাজি আছে। রাখালের ছেলের খোঁজ পাবার পর গাজিয়াবাদ যাওয়া নিয়ে হারান একটু কিন্তু কিন্তু করছিল। তাছাড়া সে বা নটবর কেউ বাংলার বাইরের দুনিয়াটা চেনে না। বাংলারই বা কতটুকু তারা দেখেছে। তার ওপর ভাষা একটা ব্যাপার। এইসব টানাপোড়েনের মাঝে নন্দলাল নিজেই তার যাবার কথাটা পাড়ে। যদু নস্করও অনুমতি দিয়ে দেন। ভাবেন যাক, কটা দিন ছেলেটা একটু ঘুরে আসুক। দিনরাত এই নিরস ব্যাবসা নিয়েই তো আছে। একটু হাওয়া বদল হলে ভালোই হবে।

পথে একটা রাত তারা কাটিয়েছিল বারাণসীতে। একটা খুবই সাধারণ লজ। সাদামাঠা একটি দোতলা বাড়ি। দেখলেই বোঝা যায় বেশ পুরোনো। পথে আসতে আসতে নন্দলাল বলেছিল বটে, বারাণসীর সবকিছুই খুব পুরোনো। এই বাড়ীটার বয়স হয়তো এক দেড়শো বছর হবে। শুনে নন্দলাল খুব তাচ্ছিল্য করে বলেছিল 'এ তো দুধের খোকা। এখানে সব হাজার দুহাজার বছরের বাড়ি আছে!' নটবর ব্যাপারটা একটু ভেবে দেখতে গিয়েছিল। বিশেষ থৈ পায় নি। তার দেখা সব থেকে পুরোনো বাড়ি হলো গোসাবায় হ্যামিল্টন সাহেবের বাংলো। কিন্তু এই বাড়ির সাথে তার কোনো তুলনাই হয় না। এবাড়ির একেকটা বিপুল থাম্বাই তার ঐতিহ্যের প্রমান বইছে। ঘরের ছাদ নাহক বিশ ফুট। লম্বা লোহার রডের সাথে লাগানো ফ্যানও অনেক উঁচুতে। এই গরমকালেও ঘরের ভিতরটায় একটা স্যাঁতস্যাঁতে ভাব। নন্দলাল বলেছিল কাছেই গঙ্গা। পরদিন সকালে গঙ্গাস্নান করে তাদের আবার রওনা হবার কথা। গোটা বাড়িতে খুবই কম পাওয়ারের কয়েকটা লাইট জ্বলছে। আনাচে কানাচে থোকা থোকা অন্ধকার। আশপাশের বাড়ি থেকে ভেসে আসা টিভির সংলাপ, চলতি হিন্দি গান, আবার মাইকে বেয়ে আসা ভজন আর এশার নামাজের সুর, সব মিলেমিশে বারাণসী যেন সত্যিই মহামানবের মিলনক্ষেত্র! নটবরের বাবার খুব শখ ছিল একবার এই কাশীতে আসার। সে আর হলো কই!

নটবরের ইচ্ছে হচ্ছিল গঙ্গার পাড়ে একবার যেতে। কিন্তু পথ চেনে না সে। তার ওপর বিদেশ বিভূঁই। তারা পৌঁছেছিল রাত নয়টা নাগাদ। হারান কাকা আর বদর মিঞা খাটে চিৎপাত হয় শুয়ে রয়েছে। গাড়িতে এলেও পথের ধকল তো থাকেই। নন্দলাল কোথাও একটা গিয়েছিল। হন্তদন্ত হয়ে ফিরল। সে সবসময়েই বড় ব্যস্ত। এসেই জানালো সে সব ব্যবস্থা করে ফেলেছে, কাল ভোরে কাশী বিশ্বনাথ মন্দিরে রুদ্রাভিষেক দেখে পুজো দিয়ে রওনা। সুতরাং চটপট খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ো সবাই। পরদিন সকলকে জাগানোর দায়িত্ব ছিল বদর মিঞার ওপর। সে রাত থাকতে উঠে ফজরের নামাজ আদায় করে।

বিশ্বনাথ মন্দিরের দরজা খোলেন পাঁচ জন মোহন্ত মিলে ভোর পৌনে তিনটে নাগাদ। তারপর প্রায় এক ঘন্টা ধরে চলে বেদগান, স্তোত্রপাঠ, আর ঘড়া ঘড়া দুধ ঢেলে শিবের স্নান। দেবাদীদেব নাকি খুব অভিষেকপ্রিয়। এই নানান স্নানের মাধ্যমেই তাঁর অভিষেক চলতে থাকে। কখনো গঙ্গাজল দিয়ে, কখনো দই, মধু আবার কখনোবা পঞ্চগব্য দিয়ে। এ সবই শোনা কথা, নন্দলাল বলেছে। ভোর চারটে নাগাদ মন্দির খোলা হয় সকলের জন্য। বিরাট লম্বা লাইন পড়ে। নন্দলাল কি সব ম্যানেজ করে, বিভিন্ন বাড়ির উঠোন, বারান্দা, চাতাল দিয়ে তাদের নিয়ে গিয়ে ফেলেছিল একেবারে মন্দিরের মেন গেটের সামনে। তারপর কয়েকজন পান্ডা প্রায় তাদের কোলে করে মন্দিরে ঢুকিয়ে সোজা এনে ফেলেছিল একেবারে গর্ভগৃহে। ওই ঠাসাঠাসি ভিড়, ধুনো-চন্দন-ঘি-ধুপ-অগরুর গন্ধ, মোহন্তদের তারস্বরে স্তোত্রপাঠ সব মিলিয়ে একেবারে তুলকালাম ব্যাপার। কোনোমতে পুজো দিয়ে বাইরে এসে স্বস্তি! দশাস্বমেধ ঘাটে গঙ্গাস্নান সেরে ওরা ফিরেছিল সেই গঙ্গার ঘাট ধরেই। রাজাঘাট পৌঁছে দেখে বদর মিঞা উদাস হয়ে গঙ্গা দেখছে পৈঠায়ে বসে। দৃশ্যটা দেখে বড় মায়া হয়েছিল নটবরের। মানুষটার আগে পিছে কেউ নেই। ন্যাড়ান্যাংটা মানুষ গোসাবার ঘাটে নাও বেঁধে বেরিয়ে পড়েছে নটবরের বউ খুঁজতে! অত সকালেও ঘাটের ব্যস্ততা দেখলে মাথা খারাপ হবার জোগাড়। নটবর গিয়ে বদর মিঞার কাঁধে আলতো করে হাত রাখে। যেন ঘোরটা না ভাঙিয়ে নিজের উপস্থিতি জানান দিতে। বদর মিঞা অবশ্যি কেজো লোক। মুখ ফিরিয়ে নটবরকে বলেছিল, 'হ্যাঁ রে, আমার নাও নিয়ে গাং ধরে এলে এখানে পৌঁছুতে কি অনেক সময় লাগবে?' নটবরকে কিছু বলার সুযোগ না দিয়ে নন্দলাল বলেছিল, 'ট্রাফিক জ্যাম বা লেভেল ক্রসিংয়ে পড়তে হবে না, তাই সময় একটু বাঁচবে বৈ কি! এখন চলুন, বেরোই। প্রায় চোদ্দ ঘন্টার রাস্তা!'

 

ডান্সবার ব্যাপারটা যে কি হতে পারে তা নটবরের আদৌ ধারণা ছিল না। নন্দলাল ভুরু নাচিয়ে জিজ্ঞেস বলেছিল,'নিজের চোখেই দেখো।' তা নটবর দেখতে ভালোবাসে বটে। মানুষ কত কিছুই যে ঘটিয়ে চলেছে দিবারাত্র, তা চোখ খুলে দেখবার মতনই। ধুধু মাঠঘাটের মাঝে ইয়া বড় বড় লোহার পাখা, তা দিয়ে নাকি বিদ্যুৎ তৈরি হয়! বিপুল আকারের কলকারখানা। তার এক বাড়ি থেকে আরেক বাড়িতে মাল যাচ্ছে ঝুলন্ত গামলায় করে। কত যে ছোট বড় সেতু পড়ল পথে। মাইলের পর মাইল এই রাস্তা বানাতে কতদিন লেগেছে কে জানে। বিশাল বিশাল সব বাড়ি। দুনিয়াজুড়ে মানুষ একেবারে দক্ষযজ্ঞ লাগিয়ে দিয়েছে! বারাণসী থেকে গাজিয়াবাদ পৌঁছুতে তাদের প্রায় পনের ঘন্টা লেগেছিল। গতকাল অনেক রাতে তারা গাজিয়াবাদ পৌঁছয়। আজ সারাদিন তারা মুরাদনগর থানায় ধর্ণা দিয়েছে দফায় দফায়। বিশেষ ফল হয় নি। এসব খবর নাকি বড়বাবুর কাছে থাকে। তিনি আজ আর থানায় আসবেন না। বিকেলের দিকে জানা গেল বড়বাবু কাল আসতেও পারেন।

এখানেও তারা উঠেছে যদু নস্করের এক পরিচিতের বাড়িতে। আটপৌরে মধ্যবিত্ত পরিবার। স্বামী-স্ত্রী আর দুটি বাচ্চা মেয়ে। লোকটার নাম জগন শর্মা। জগণ ব্যবসায়ী মানুষ। সে শ্রীযন্ত্র অথবা লক্ষী যন্ত্র তৈরি করে বিক্রি করে। ওরা চারজনই সমান অবাক হয়েছিল এই ব্যবসার কথায়। এই যন্ত্র বাড়িতে স্থাপন করে কি সব নিয়ম মানলেই নাকি হুড়মুড়িয়ে টাকা আসবে! দু কামরার ছোট্ট বাড়ির সামনে একফালি বারান্দায় দু তিনটে পিচবোর্ডের বাক্সে ভর্তি এই শ্রীযন্ত্র। তেকোনা পিরামিডের মতন দেখতে ইঞ্চি তিনেক লম্বা আর ওইরকমই চওড়া। মোটামুটি ওজনদার। সোনালী রং করা। দেখলে খেলো জিনিস বলে মনে হওয়াই স্বাভাবিক। এই যন্ত্রের দ্বারা যদি অর্থলাভই হবার কথা, তাহলে এই তিন বাক্স ভর্তি যন্ত্রে জগনের টাকা উপচে পড়ার কথা। কিন্তু জগনের সংসারের হাল দেখলে তেমনটা মোটেই মনে হয় না। সে যাই হোক, জগন তাদের থাকতে দিয়েছে এই ঢের। যদিও জগনের বউ একটু বিরক্তই হয়েছে। আর হবে নাই বা কেন, হুট বলতে চারটে অচেনা দামড়া লোক এসে যদি হাজির হয় বাড়িতে, কারই বা ভালো লাগে! তার ওপর ছোটো মেয়েটা, বছর পাঁচেকের হবে, বেজায় ঘ্যানঘ্যানে। সারাক্ষন হয় তার চোখে কিছু পড়েছে, নয় পায়ে ব্যাথা করছে, নয় কান কটকট করছে, নয়ত খিদে পেয়েছে…..এটা সেটা লেগেই আছে। বাড়িটার পিছন দিকে লাগোয়া ছোট্ট কারখানায় জগন আর তার একমাত্র কর্মচারী কাজ করে। জগনের বাড়িটা গাজিয়াবাদের শহরতলীতে। বেশিরভাগই শ্রীছাঁদহীন বাড়িঘর আশেপাশে। জগনের মতনই লোকজন সব। একটু রাত গড়ালেই বোঝা গেল তার বানানো যন্ত্র কেন তার কাজে লাগে না। নটবর ছাদে বসেছিল। জগন আর নন্দলাল এসে নটবরকে প্রায় জোর করেই 'একটা জিনিস দেখবে চলো' বলে ধরে নিয়ে এনে ফেললো এই ডান্সবারে।

নটবর জন্মে কখনো বারেই আসেনি, ডান্সবার তো দূরের কথা। ভেতরে ঢুকতেই নাকে ঘুঁষিমরা একটা গন্ধ। মদ, সিগারেট, গাঁজা, মানুষের শরীরের ঘাম, আতর, খাবার-দাবার ইত্যাদির মিশেলের একটা ভয়ঙ্কর গন্ধ। একটা বেশ বড় হলঘর মতন। তার মাঝখানটায় খুব উজ্বল আলো। সেই আলোতে দেখা যাচ্ছে কয়েকটি মেয়েকে ঘুরে বেড়াতে। নন্দলাল পরে বুঝিয়েছিল ওটাই নাচ! দুটো বড় বড় বক্সে গান বাজছে। আলোকিত জায়গাটাকে ঘিরে একটা আলোমাখা অন্ধকারের বলয়। সেখানে প্রেতের মতন অনেক মানুষ বসে আছে। লোলুপ দৃষ্টিতে চেয়ে আছে মেয়েগুলির দিকে। কখনো এক একটি মেয়ে এগিয়ে যাচ্ছে কোনো একটা টেবিলের দিকে। কেউ দশ টাকা, কেউ পঞ্চাশ টাকা আবার কেউবা একশ টাকার নোট গুঁজে দিচ্ছে মেয়েদের কোমরে বা ব্লাউজের মধ্যে। নটবর চেয়ে দেখে মেয়েগুলি খুব সাজগোজ করেছে বটে, কিন্তু সকলের মুখেই গভীর বিষন্নতার ছায়া। দেখতে দেখতে হঠাৎই একটি মেয়ের মুখ খুব চেনা চেনা ঠেকে নটবরের। কিন্তু কিছুতেই মনে করতে পারে না কোথায় দেখেছে। ইতিমধ্যে নন্দলাল আর জগন এক পাঁইট রাম আর ছোলা বাদামের চাট নিয়ে দারুণ খুশি খুশি মুখে চুমুক মারছে। নটবর কয়েক দানা ছোলা মুখে ফেলে আবার তাকায় ওই আলোর বৃত্তের দিকে। বারবার চোখ চলে যায় সেই মুখটার দিকে। নাঃ, কিছুতেই মনে পড়ছে না। একটু পরে নটবরের কেমন হাঁফ ধরে যায় ওই পরিবেশে। সে নন্দলাল কে বলে বাইরে এসে দাঁড়ায়। আঃ, শান্তি! এই গরমেও বাইরে এসে নটবরের বাস্তবিকই ভালো লাগে। চারপাশে কয়েকটা পান বিড়ির দোকান আর একটা গ্যারেজ ছাড়া কিছু চোখে পড়ে না। দূরে হাইওয়ের আলো দেখা যাচ্ছে। চারপাশটা বেশ অন্ধকারই বলা যায়। হঠাৎ ভুঁইফোড় একটা বাচ্চা ছেলে এসে নটবরকে ডেকে বলে কেউ তার জন্যে অপেক্ষা করছে ডান্সবারের পিছনদিকে। অবাক কান্ড, এখানে কে তাকে চেনে! নটবর একটু দোনামনা করে শেষে যায় দেখা করতে। আরে, এ তো সেই চেনা চেনা মুখের মেয়েটি। জায়গাটা আলোআঁধারী হলেও নটবর বুঝতে পারে। মেয়েটি বাচ্চা ছেলেটির হাতে একটা নোট গুঁজে দিতেই সে হাওয়া। মেয়েটি পরিষ্কার বাংলায় বলে,

-আমার ছেলে মেয়ে দুটো কেমন আছে গো, নটবরদাদা?

এক পলকে নটবরের চোখের সামনে ভেসে ওঠে চার বছর আগের সেই ভয়াবহ রাত। হ্যাঁ, মনে পড়েছে, এ তো মুস্তাকের বিবি! আগে এক দুবারই দেখেছে বলে চট করে মনে পড়েনি। সেই রাতে পুতুলের সাথে সাথে একেও তুলে নিয়ে যায় শয়তানের দল। নটবর চুপ করে আছে দেখে মেয়েটি জানতে চায়,

-আমায় চিনতে পারেননি, তাই না? আমি ফাতিমা….

-চিনেছি, চিনেছি তোমারে বিলক্ষণ। তোমার ছেলে মেয়ে ভালোই আছে, তাদের বুয়ার ঘরে।

-কেন? বুয়ার ঘরে কেন? ওদের বাপ কি আবার নিকে বসেছে?

হায় ভগবান! চার বছর বাদে এই মেয়েটাকে কি করে তার স্বামীর মৃত্যু সংবাদ দেয় নটবর! কথা ঘোরাতে বলে,

-বুয়ার ঘরে তারা ভালোই আছে। রাবেয়া দিদির নিজের ছেলেপুলে তো নেই……

-সেকথা নয়। পরের ঘরে মানুষ হতে যাবে কেন, নিজের বাপ থাকতে? নাকি, নতুন বিবিই তাড়িয়েছে আমার বাচ্চাদের?

নটবর আর চাপতে পারে না। হাউহাউ করে কেঁদে ফেলে। একটা সময়ে তার কান্না থামে। ধীরে ধীরে বলতে থাকে গত চার বছরের ইতিহাস। মুস্তাককে কামঠে নিয়ে যাওয়া থেকে পুতুলরানীর খোঁজে তাদের এই গাজিয়াবাদ সফর অবধি। পুরোটা বলে দম নিতে থামে নটবর। চার চারটে বছরের বেদনার উজান বাওয়া কি বড় সোজা কথা! এদিকে অন্ধকারে গা ঢাকা দিয়ে আরেকজনও শুনছিল ওদের কথা। বাংলা বলতে না পারলেও অল্প অল্প বোঝে সে। বিশেষ করে পুতুল নামটা তার চেনা। কিন্তু এখন তার সেসব ভাবার সময় নেই। চার জনের একটা ছোট্ট টিম নিয়ে সে এসেছে এক দুষ্কৃতীর খোঁজে। তার কাছে খবর আছে সেই দুষ্কৃতী এই ডান্সবারে আজ আসবে। এখন শুধু সংকেতের অপেক্ষা। তবে নটবর আর ফাতিমার মুখটা সে ভালো করে দেখে নিয়েছে। পরে যাতে চিনতে অসুবিধা না হয়।

 

।।মেয়েবেলা।।

 

-আচ্ছা পুতুল, তোমার বাড়ির জন্যে মন কেমন করে না? তুমি বলেছিলে যে তুমি আর ঘরে ফিরতে চাও না, সত্যিই কি তাই?

পুতুল খুব মন দিয়ে মোচার ফুল থেকে একটা একটা করে শক্ত আঁশ-ডাঁটা বার করছিল। আজ সে মোচার ঘন্ট বানাবে। সকালে অনিকেত এই মোচার ঘন্টর কথায় এতটাই অভিভূত হয়ে পড়েছিল যে তার শেয়ার বাজারের ওয়েবসাইটে লগ-ইন করতে গিয়ে পাসওয়ার্ড এ তিনবার নারকেল লেখায় তার একাউন্ট লক হয়ে যায় ভুল পাসওয়ার্ড দেবার জন্যে। তিথিরও মনটা নেচে উঠেছিল। কারণটা অবিশ্যই শুধুমাত্র ওই পদটুকু নয়। তার সাথে মিশে থাকা আপনজনদের স্মৃতি, ফেলে আসা সময়ের ঘটনা আর সম্পর্কের রেশ, আরো অনেক কিছু। পুতুল একটু সময় নিয়ে উত্তর দেয়,

-ঘরে ফিরতে কার না মন চায়, দিদি! তবে একথাও জানি যে সে ঘর আমার জন্যে আর সেই আগের ঘর নেই।

তিথি বোঝে পুতুল ঠিক কি বলতে চাইছে। তাও জিজ্ঞেস করে,

-হয়ত ঠিকই বলছো। তবে তুমি তো বল তোমার স্বামী খুব ভালো মানুষ। সে নিশ্চই বুঝবে তোমাকে।

পুতুল হাসে। বিষণ্ন হাসি। তাও ভারী মিষ্টি দেখায় তাকে। মেয়েটার উপস্থিতির মধ্যেই অদ্ভুত একটা স্নিগ্ধতার আবেশ আছে। সে উপস্থিতি বেশিরভাগ সময়ই আলাদা করে বোঝাই যায় না। কিন্তু একটা প্রশান্তির মৃদুমন্দ বাতাস যেন ঘিরে রাখে সর্বক্ষণ তার চারপাশটাকে। পুতুল হাতে সামান্য সর্ষের তেল মাখিয়ে নেয়। তারপর তিথির দিকে চেয়ে অনেকটা গল্প করার মতন করে বলতে থাকে,

-জানো দিদি, ছোটবেলায় যখনই বেড়াতে যাবার জন্য বায়না করলাম, বাবা বলত মেয়েরা ঘর ছেড়ে বেশিদিন থাকলে সে ঘর আর তার থাকে না। তখন ব্যাপারটা বুঝতাম না। আমাদের তো তেমন কোথাও যাওয়ার ছিল না। জ্ঞাতিগুষ্ঠিরও আমাদের মতনই অবস্থা। তাই ভাবতাম বাবা বোধহয় আমাদের ভুলিয়ে রাখার জন্যে তেমনটা বলত। তবে বিয়ের এক বছর পর যখন জামাইষষ্ঠীতে বাড়ি গিয়েছিলাম, বেশ বুঝতে পারছিলাম ওটা আর আমার সেই ফেলে আসা বাড়ি নেই! আদরযত্ন যেন বড় বেশি, শাসনের বালাই নেই, উপদেশ-আলোচনা সবই বিবাহিত জীবন আর শ্বশুরবাড়ি নিয়ে! সবাই যেন আমার আইবুড়ো জীবনটা ভুলিয়ে দিতেই ব্যস্ত।

পুতুল উঠে কিচেনের দিকে যায়। তিথি অবাক চোখে দেখতে থাকে পুতুলকে। কি ভীষণ সত্যিটা এই মেয়েটা কেমন অবলীলাক্রমে বলে দিল! কি অকপট জীবনদর্শন! কি সহজ বিচরণ সামাজিক স্থান আর কালের নিয়মের ঘূর্ণিবর্তায়! তিথির মনে পড়ে যায় ওর কলকাতা ছেড়ে দিল্লি আসার দিনগুলোর কথা। অনিকেত আর তিথি একই সাথে রওনা দেবার কথা। দুজনেই নিজেদের ক্যারিয়ারের প্রথম ধাপে পা রাখতে চলেছে। অথচ, তাদের মা-বাবা আত্মীয়স্বজন সকলেরই দুরকম চিন্তা ওদের দুজনের জন্যে। অনিকেতের বেলায় 'সাবধানে থাকিস, ঠিক করে খাওয়া দাওয়া করিস' অথবা 'ছুটি জোগাড় করতে পারলেই চলে আসিস কিন্তু'। অথচ তিথির জন্য, 'তুই কিন্তু গিয়েই গোছগাছ শুরু করবি, কেমন!' অথবা 'এত পড়াশুনা করেছ, নিশ্চই বড় চাকরি-বাকরি করবে, তবে বিয়ের পর ঘর কিন্তু তোমাকেই দেখতে হবে' কিংবা, 'তোর বাড়ি তুই মনের মতন করে সাজাবি'। সব কথাতেই মিশে ছিল অঢেল স্নেহ, আদর আর ভালোবাসা। কিন্তু সব কথাগুলোই যেন মনে করিয়ে দেওয়া যে তিথির পার্মানেন্ট ঠিকানা বদলাতে চলেছে!

পুতুল কফি করে এনেছে। ছুটির দিনে তিথি এই সকাল এগারোটা নাগাদ এক কাপ কফি খায়। আসলে বাড়ি থাকলে এই সময়ে একটা জয়েন্ট রোল করে তিথি আর অনিকেত। সাথে কফি দিয়ে চেজ করলে একটা দারুন ব্যাপার দাঁড়ায়! তিথির কালো, চিনি ছাড়া আর অনিকেতের সাদা এবং যথেষ্ঠ মিষ্টি দেওয়া কফি। তারপর কখনো ওরা একসাথে কোনো ছবি দেখে বা গান শোনে আবার কখনো কখনো ইচ্ছে হলে দুজনে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। লম্বা একটা ড্রাইভ করে জয়পুরের আম্বের ফোর্টে লাল মাস আর মাক্কী-রোটি দিয়ে লাঞ্চ সেরে জহুরী বাজারের লক্ষী-নারায়ণের রাবড়ি-লস্যি খেয়ে সন্ধেয় বাড়ি ফিরে আসে। এই হটাৎ বেরিয়ে পড়াটা তিথি আর অনিকেত দুজনেরই ভীষণ পছন্দের। একবার মাঝরাতে বিছানায় তান্ডবের পর অনিকেতের ইচ্ছে হয়েছিল গরম জিলিপি খাওয়ার। ওরা গাড়ি নিয়ে ইতস্তত গুরুগ্রামের রাস্তায় ঘুরে জিলিপি না পেয়ে পঞ্চাশ কিলোমিটার ড্রাইভ করে চাঁদনী চক পৌঁছে গিয়েছিল। রমজানের মাস বলে জামা মসজিদ গলি তখন জমজমাট। বিভিন্ন রেস্টুরেন্টে নেহারি রান্না হচ্ছে। দুজনে এটা সেটা খেয়ে, এক ঘন্টা অপেক্ষা করে নেহারি, শিরমল আর ঘিয়ে ভাজা গরম জিলিপি খেয়ে ভোরে বাড়ি ফিরেছিল। তিথি উপলব্ধি করে এগুলো বেশ অনেকদিন আগের কথা। ইদানিং অনিকেত আর তিথি যেন বড্ড বেশি ব্যস্ত হয়ে পড়েছে তাদের নিজেদের কাজের দুনিয়ায়।

আজ অবশ্য ছুটির দিন নয়। তিথি ছুটি নিয়েছে। একেবারেই অপ্রত্যাশিত। তিথি কাজের মেয়ে আর নিজের কাজটাকে সে ভালোবাসে। তাই মন দিয়ে করে। কেবলমাত্র এই ইন্টার-কোম্পানি প্রজেক্টটাতেই তার মন বসছে না। মাঝে মধ্যেই অনিকেতের সাথেও খটাখটি বাঁধছে। অনিকেত স্বাভাবিক ভাবেই তার ব্যাঙ্কের ভূমিকা আর ব্যবসার দিকটা দেখছে। তবে, সেই দেখাটা যেন কোথাও কোথাও ব্যবসায়িক নৈতিকতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। যে মানুষটা চিকিৎসা করাবার টাকা জোগাড় করতেই হিমশিম খাবে, তাকে আরো কয়েকটা অহেতুক লাক্সারির মধ্যে জোর করে ঠেলে দেওয়াটা মোটেই মেনে নেওয়া যায় না। হ্যাঁ, সেটা করতে পারলে গোটা ব্যবসার অঙ্কটা একটা ভালো জায়গায় দাঁড়ায় বটে, কিন্তু আন্তরিকতা আর ব্যক্তিগত পরিষেবার নামে মানুষকে ধারে ডুবিয়ে দেওয়া কি ঠিক! আর ধার করতে না চাইলে মেডিক্যাল ইন্সুরেন্স নিয়ে প্রতি বছর মোটা প্রিমিয়াম গুনতে হবে! না, তিথি এটা মানতে পারছে না কিছুতেই। আর তিথির আরো বিরক্ত লাগছে এই পুরো ব্যাপারটায় মিহরানের ভূমিকা দেখে। মিহরান তিথির বস হলেও ওরা খুব ভাল বন্ধু। মিহরান দিল্লির ছেলে। জে এন ইউ তে পড়াশুনা করেছে। স্বভাবতই বামপন্থী মনোভাবের কারণে তিথির সাথে শুরু থেকেই একটা আলাদা সংযোগ গড়ে উঠেছিল। তবে মিহরান আর তিথি দুজনেই মাটিতে পা রেখে চলে। তাই কর্পোরেট দুনিয়ার অপরিসীম তৎপর বস্তুবাদ আর অন্যদিকে সোশালিস্ট নীতি বা আদর্শের মধ্যে সুস্থিতি বজায় রাখতে পারে। তবে, এই প্রজেক্টটার সাফল্যকে নিশ্চিত করতে মিহরান যেন দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়োচ্ছে। এটা ঠিক যে এই প্রজেক্টের ফলাফলের ওপর মিহরানের পরের ক্যারিয়ার মুভ নির্ভর করছে। সম্ভবত কোনো একটা গ্লোবাল রোল করবে এর পরে, যেটার বেস হবে হেড কোয়ার্টার সিডনীতে, অস্ট্রেলিয়া। মিহরান আর ওর স্ত্রী পাম্মি অনেকদিন থেকেই চেষ্টা করছে বিদেশে সেটল করতে। ওদের এই মুসলিম-শিখ বিয়ে নিয়ে এখনো পারিবারিক অশান্তি লেগেই আছে। ওদের একটা বছর চারেকের ছেলে আছে। ওরা চায় না ছেলেটার ওপর এই অশান্তির ছায়া পড়ুক। তাই বিদেশে সেটল করাটাই শ্রেয়। মিহরান ট্রান্সফার হলে তিথির একটু খারাপ লাগবে ঠিকই। কে জানে, কে আবার তার বস হবে! জয়েন্ট রোল করতে করতেই এত সব আকাশ পাতাল ভাবছিল তিথি। জয়েন্টটা ধরিয়ে কফিতে একটা চুমুক দিয়ে তিথি ভাবে সে নিজেও তো শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল এই ফ্ল্যাটের লেদার রিক্লাইনারে বসে কলম্বিয়ান কফিতে চুমুক দিতে দিতে বামপন্থী আদর্শের কথা ভাবছে! আসলে সকলেরই পৃথিবীকে দেখার একটা একান্ত নিজস্ব দৃষ্টিকোণ আছে, যা আর কারুর পক্ষে বোঝা সম্ভব নয়। সুতরাং সেই ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে যে কোনো মানুষকে বিচার করলে তা কখনোই নৈব্যক্তিক বিচার হয় না।

-তুমি সিগারেটে খাও তোমার মা বাবা জানে?

পুতুলের কথায় সম্বিৎ ফেরে তিথির। প্রশ্নটার মধ্যে যে কোনোরকম প্রেজুডিস নেই তা পুতুলের মুখ দেখলেই বোঝা যায়। নিঃসংকোচে মন খুলে কথা বলা যায় এমন মানুষের সাথে।

-সিগারেট আমি সেই কলেজ লাইফ থেকেই খাই। মা বাবা জানেন, তবে বোধহয় পছন্দ করেন না তেমন। তবে আমি তো শুধুই সিগারেট খাই না…..

পুতুল ফিক করে হাসে, বলে

-জানি, গাঁজা ভরে খাও। আমাদের গাঁয়ে ও জিনিস সবাই কলকেতে ভরে খায়।

তিথি কপট রাগ দেখিয়ে বলে ওঠে,

-আমি মোটেই গাঁজা ভরে খাই না। আমি যা খাই সেটা হলো চরস। খাবে?

-আমি একবার কালি পুজোর দিন গাঁজা খেয়েছিলাম! তেমন কিছু টের পাইনি। পরে শুনেছিলাম ঠা ঠা রোদে গাংপাড়ে বসে ছিলাম। বাবা ডাকতে এলে বলেছিলাম দেখো কি সুন্দর চাঁদের আলো চারপাশে!

বলেই মুখে আঁচল চাপা দিয়ে পুতুলের সে কি হাসি! হাসি বড় ছোঁয়াচে। তিথিও খিলখিলিয়ে হাসতে শুরু করে। হাসতেই থাকে দুজনে। সম্পূর্ণ ভিন্ন সামাজিক স্তরের দুই যুবতী নিজেদের সমস্ত পার্থিব সমস্যা জলাঞ্জলি দিয়ে হেসে কুটিপাটি হয়। পন্থা যার যাই হোক, কেবল প্রেজুডিস আর ইগোটা সরিয়ে রাখলেই বোধহয় বেশিরভাগ সমস্যার সমাধান করা সম্ভব।

তিথি আর পুতুল বেরোয় বিকেলের দিকে। একটু আগে এক পশলা বৃষ্টি হয়েছে। গুরুগ্রামের ভেজা রাস্তা থেকে তাপের বাষ্প উঠছে। তিথি গাড়ি চালাচ্ছে ধীরে। জোরে চালাবার উপায়ও নেই। ট্রাফিকের যা অবস্থা। পুতুল চুপটি করে বসে চারপাশ দেখছে। কলকাতা ছাড়া বড় শহর সে দেখেনি। এই মাস দেড়েকে সারিতার সাথে বাজার করতেও কাছেপিঠেই গিয়েছে। বড় বড় বিল্ডিং দেখলেও মূল গুরুগ্রামের জাঁকজমক এই প্রথমবার দেখছে। তিথি জিজ্ঞেস করে,

-কেমন লাগছে পুতুল?

-খুব সুন্দর, দিদি। তোমার গাড়িটাও কি আরামের! ঠান্ডা, কোনো শব্দ নেই। কি সুন্দর গন্ধ ভিতরটায়।

-তুমি কখনো মল এ ঢুকেছ, পুতুল? ওই যে দেখছো সামনে একটা বড় বাড়িতে অনেক রকম দোকানপাট, ঝলমলে আলো….

পুতুল মাথা নেড়ে জানায় সে কখনো আসেনি।

-চলো তোমায় মল দেখাই। কলকাতায় যেমন অনেক কিছু আছে দেখার, এই শহরটায় নানান রকম মল আর বিশাল বিশাল বিল্ডিং ছাড়া তেমন কিছুই দেখার নেই। তাই সবাই সারাক্ষণ মলে ঘুরে বেড়ায়, নানান ছুতোয়।

বেসমেন্টে গাড়ি পার্ক করে দুজনে মলের লবিতে আসে। পুতুলের চোখ ধাঁধিয়ে যায়। চতুর্দিকে আলোর বন্যা। দোকানগুলোর শোকেস, দেওয়াল সব কাঁচের হওয়ায় তাতে আলো ঠিকরে তার মাত্রা বেড়ে যায় বহুগুণ। অনেক মানুষের কথার অনুরণন আর নানান বাজনার মিশেলে কান যেন দপদপ করতে থাকে। বেশ কয়েকটা চলন্ত সিঁড়ি এদিক ওদিক। পুতুল টিভিতে দেখেছে এ জিনিস। এখন সামনে থেকে অবাক হয়ে দেখে। একজন মা কোলে একটা বাচ্চা আর আরেকটাকে ঠেলা গাড়িতে বসিয়ে হাতে দুটো ঢাউস থলে নিয়ে হাঁসফাঁস করতে করতে কি সুন্দর ওই চলন্ত সিঁড়িতে উঠে গেল! পুতুল আঁতকে উঠেছিল এই বুঝি বাচ্চা দুটোকে নিয়ে মেয়েটা পড়ল বলে। আরেকজন হাফ প্যান্ট পরা পুরুষ তার বৃদ্ধ বাবাকে কিছুতেই ওই সিঁড়িতে ওঠাতে রাজি করাতে না পেরে খুব বিব্রত হয়ে এদিক ওদিক দেখছে। ব্যায়াম করা গাঁট্টাগোট্টা চেহারা লোকটার। কিন্তু পা দুটো লিকলিকে। দেখে পুতুলের হাসি পেয়ে যায়। তাদের গাঁয়ের গাজন সন্যাসীর কথা মনে পড়ে। হটাৎ শোনে,

-ও মেয়ে, তুমি কি বাঙালি? দেখে তো তাই মনে হচ্ছে।

পুতুল ফিরে দেখে এক বৃদ্ধা তার দিকে চেয়ে আছেন। পুতুল মাথা নেড়ে হ্যাঁ বলে।

-আচ্ছা দেখ দেখি, কি কান্ড। মেয়ে আর জামাই আমায় বসিয়ে রেখে কোথায় যে গেল! আমার একটু বাথরুমে যেতে হবে। কিছুই তো চিনি না। তুমি একটু নিয়ে যাবে আমায়?

পুতুলের এক গাল মাছি! সে নিজেও তো একই দলে, কিছুই চেনে না। তখনই খেয়াল হয় তিথিকে তো কোথাও দেখছে না। আসলে মলের লবিতে এসে পুতুল হতভম্ব হয়ে দাঁড়িয়ে চারপাশ দেখছিল। তিথি বোধহয় কোনো দোকানে ঢুকে পড়েছে।

-ও মেয়ে, শুনলে কি বললাম? বয়েস হয়েছে, বেশিক্ষণ তো ধরে রাখতে পারি না।

পুতুল চট করে ভেবে নেয়, আগে এই বয়স্ক মানুষটাকে সাহায্য করা দরকার। তারপর তিথি দিদিকে খোঁজা যাবে। ভাবতে ভাবতে মহিলার হাত ধরে পুতুল হাঁটা লাগায়। এই একমাসে সে সামান্য হিন্দি শিখেছে। সারিতা তার হিন্দির মাস্টারনি। সেই হিন্দি ব্যবহার করে একে তাকে জিজ্ঞেস করে বাথরুম খুঁজে বার করে। নিজেও মুখে চোখে একটু জলের ঝাপটা দেয়। তারপর শাড়ির আঁচল দিয়ে মুখ মুছতে মুছতে অবাক হয়ে দেখে চারপাশ। ওর ঠিক পাশেই একটা মেয়ে খুব সন্তর্পনে একটা কাঠির মতন জিনিস দিয়ে চোখে পাতায় কিসব করছে। যে পোশাকটা পরে আছে তার পিঠটা পুরো খোলা। আর মেয়েটার পিঠের একদিক জুড়ে আরেকটা মেয়ের ছবি আঁকা! দেখে মনে হয় উল্কির মতন কিন্তু রঙিন। খুব সুন্দর মানিয়েছে মেয়েটার পিঠে। কিন্তু পুতুল পুরুষদের চোখ এখন খুব ভাল করে জানে। বেশিরভাগ পুরুষই ওই সৌন্দর্য দেখবে না একথা সে হলফ করে বলতে পারে। ততক্ষনে ওই বৃদ্ধা বেরিয়ে এসেছেন। পুতুল তাকে নিয়ে আবার লবির সেই জায়গায় ফিরতে থাকে। বৃদ্ধা জিজ্ঞেস করেন,

-হ্যাঁ গো মেয়ে। তুমি কি এখানেই থাকো?

পুতুল আলতো করে মাথা নেড়ে হ্যাঁ বলে। বৃদ্ধা বলতে থাকেন,

-কি মুশকিল বলো দেখি, প্রত্যেক শনি রোববার হলেই আমার মেয়ে জামাই কোনো একটা মলে ঢুকে আমায় এক জায়গায় ঠায় বসিয়ে রেখে নিজেরা কোথায় যে ঘুরে বেড়ায়! আমি যত বলি আমি বাড়িতেই ভালো থাকি, তোরা ঘুরে আয় না বাপু! কিন্তু কে কার কথা শোনে! আমাকে তাদের নিয়েও আসা চাই। কিন্তু কার এভাবে বসে থাকতে ভালো লাগে বলতো?

পুতুল আর কি বলবে। তাই চুপ করেই থাকে। একটু দূরে তিথিকে দেখতে পায়। মোবাইলে কারুর সাথে কথা বলছে। পুতুলের সাথে চোখাচোখি হয়। তিথি একটু অবাক হয়ে পুতুলের সাথে বৃদ্ধাকে দেখে। মোবাইলে কথা শেষ করে জিজ্ঞেস করে,

-তুমি কোথায় গায়েব হয়ে গিয়েছিলে বলো তো?

তারপর বৃদ্ধার দিকে তাকিয়ে এক টুকরো সৌজন্যের হাসি ছুড়ে দেয়। বৃদ্ধার মেয়ের ওপর রাগটা খানিকটা তিথির ওপর বেরিয়ে আসে,

-এখানে সবাই গায়েব হতেই তো আসে দেখি!

তিথি বুদ্ধিমতী মেয়ে। বোঝে বৃদ্ধার এই ব্যবহারের পিছনে কোনো গপ্পো আছে। পুতুলের মুখে বিব্রত হাসি। তিথি ভ্রু নাচিয়ে জানতে চায় কি বৃত্তান্ত। সব শুনে তিথি বলে,

-চলুন না, আজ না হয় আপনি গায়েব হয়ে যাবেন। আমাদের সাথেই থাকবেন। খুঁজুক একটু, আপনার মেয়ে-জামাই!

একথায় বৃদ্ধা ভারী মজা পান। এক জীবন সংসার ঠেলা ক্লান্ত চোখে দুষ্টুমির খুশি ঝিলিক মারে। তিন নারী হাঁটা লাগায় লিফটের দিকে। পুতুল আর তিথির মাঝে দিব্যি মানিয়েছে বৃদ্ধাকে। ওপর থেকে দেখলে মনে হবে একটি পাখির সদ্য বুঝি তাজা নতুন দুটো ডানা গজিয়েছে আর সেই দুই ডানা ঝাপটে সে নতুন উড়ানের জন্যে প্রস্তুত। পুতুল শক্ত করে ধরে থাকে বৃদ্ধার হাত। তার হঠাৎই চোখটা জ্বালা করে ওঠে। ভাবে আর কোনো দিন কি সে এইভাবে ধরতে পারবে তার মায়ের হাত!

তারা তিনজন যেন সেই তাদের মেয়েবেলায় পৌঁছে গেছে। যে সময়টা বড্ড তাড়াতাড়ি ফুরিয়ে যায়। আর তারপর সারাটা জীবন কেবলই সংসারবেলা। তাই এইরকম হঠাৎ ফিরে পাওয়া সেই মেয়েবেলা যেন অনেকটা সেই সংসারী মেয়ের বাপেরবাড়ি বেড়াতে এসে ছোট্টবেলার ডল পুতুল খুঁজে পাওয়ার মতন। মন বলে পুতুল নিয়ে খেলো, কিন্তু মগজ সাবধান করে মনে করিয়ে দেয় যে তার মেয়েবেলা ফুরিয়ে গেছে। তারা তিনজন প্রথমে একটা করে আইসক্রিম খায়। পুতুল বা বৃদ্ধা কেউই কখনো কোনের মধ্যে করে আইসক্রিম খায়নি। তাও আবার উষ্ণ গরম কোন! তিথির খুব আরাম হয় ওদের খাওয়া দেখে। অনেক গল্প হয় সেই আইসক্রিম খাওয়ার মাঝে। বৃদ্ধার নাম সুবর্ণলতা। আশাপূর্ণা দেবীর অনুরাগী হওয়ায় রীতি মেনে ইনিও নিজের মেয়ের নাম রাখেন বকুল। যে বকুল আপাতত সুবর্ণলতাকে বসিয়ে গায়েব হয়ে গেছে! সে যাই হোক, পুতুল আর তিথি দুজনেই বেশ মজা পাচ্ছিল ওঁর মুখে সেই পঞ্চাশ ষাট বছর আগের গপ্পো শুনতে। এক সময়ে ওরা গিয়ে ঢোকে একটি জামাকাপড়ের দোকানে। এরা শুধুমাত্র মহিলাদের জামাকাপড় বানায়। বিভিন্ন আধুনিক পোশাক দেখে সুবর্ণলতা মাঝে মাঝে একটি করে মন্তব্য করেন আর তিথি-পুতুল হেসে কুল পায় না! তারপর জুয়েলারির দোকান, তারপর এক রাউন্ড কফি খেয়ে সব শেষে একটি সুপারমার্কেটে ঢুকে কিছু প্রয়োজনীয় জিনিস কিনে ওরা যখন আবার সেই নির্দিষ্ট জায়গায় ফিরে আসে, তখন প্রায় দু ঘন্টা হতে চলেছে। নাঃ, আশপাশে বকুল বা তার স্বামীর দেখা নেই। সুবর্ণলতা আবার গিয়ে বসলেন ওঁর সেই পুরনো জায়গায়। প্রসন্ন মুখে বিদায় দিলেন তিথি আর পুতুলকে। লিফটের দিকে যেতে যেতে পুতুল আর তিথি দুজনেই মুখ ফিরিয়ে একবার তাকায়। সুবর্ণলতাও ওদের দিকেই দেখছেন। ওঁর মুখটা কি ভীষণ উজ্বল দেখাচ্ছে! মলের আলোয় যেমন পুতুলের চোখ ধাঁধিয়ে গিয়েছিল, তেমনি সুবর্ণলতার মুখের দিকে তাকিয়ে তিথিরও চোখে ঝিলমিল লেগে যায়। রেশটা থেকে যায় মনে।

পার্কিংয়ে গিয়ে তিথি মোবাইলে দেখে অমিত দুগ্গলের মেসেজ, 'let me know if we can meet today. I am in Gurugram, me and Salma can stop by if you're home this evening'.

তিথি রিপ্লাই করে ওদের আসতে বলে গাড়িতে স্টার্ট দেয়। রাস্তায় উঠে গাড়ির সমুদ্র দেখে পুতুল ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। এত গাড়ি একসাথে সে কখনো দেখেনি। ওরা যখন এসেছিল তখন এর অর্ধেক গাড়িও দেখেনি। এখন মানুষ ঘরে ফিরছে। হাজার হাজার গাড়ি পাশাপাশি আগেপিছে বিপজ্জনক ভাবে এগিয়ে যাবার চেষ্টা চালাচ্ছে ক্রমাগত। পুতুলের মনে পড়ে তাদের গাঁঘরে কোনো মেলা বা যাত্রাপালা হলে ভিড়ের সুযোগে এইভাবেই বদ ছেলেছোকরার দল মেয়েদের গায়ে গা ঘষার চেষ্টা করে। ওদের ওতেই আনন্দ! তিথি খুব সন্তর্পনে গাড়ি চালাচ্ছে। কোথাও একটু লাগলেই কেলেঙ্কারি। গাড়ির ক্ষতি বা টাকার গচ্চা বড়ো কথা নয়, মূল চিন্তা রাস্তার ওপরে দাঁড়িয়ে জঘন্য ঝগড়া। এসবের মধ্যেও মাঝে মাঝেই ফিরে আসছে সুবর্ণলতার খুশিতে উজ্বল মুখ। ওঁর ঠাট্টায় পুতুলের প্রাণখোলা হাসি। মানুষ যদি কেবল মনুষ্যত্বটুকু নিয়ে মানুষের পাশে দাঁড়ায়, তাহলেই যথেষ্ঠ। যত সমস্যা ওই প্রেজুডিস আর ইগো নিয়েই।

অমিত আর সালমা আসে তিথিরা বাড়ি পৌঁছুবার একটু পরেই। অনিকেতও ঢুকল প্রায় সাথে সাথেই, বৃষ্টি মাথায় করে। বেশ জোরে বৃষ্টি নামলো। ওরা সবাই মিলে বারান্দায় গিয়ে বসল। এই শহরে এরকম বৃষ্টিভেজা সন্ধে বড় একটা পাওয়া যায় না। সাধারণত হুইস্কি নিয়েই আড্ডা চলে। তবে আজ একটু অন্যরকম। তিথি চা বানিয়েছে মনের মতন করে। পুতুল এইমাত্র একটা বড় কাঠের পাত্রে ঝালমুড়ি রেখে গেছে সকলের মাঝে। জিভে জল আনা গন্ধে কারুরই আর বাটিতে নিয়ে খাবার তর সয় নি। মুখ চলতে শুরু করেছে সবার। আহা, মেয়েটার হাতে জাদু আছে। সুপারমার্কেট থেকে খুঁজে খুঁজে মুড়ি, আমচুর, ডালমুট, চানাচুর আর আমতেল নিয়ে এসেছে পুতুল। সাথে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নারকেলের ফালি, ছোলা সেদ্ধ আর পুতুলের তৈরি ভাজা মশলা। ওরা চারজনই বেশ অনেক্ষন কোনো কথা না বলে মন দিয়ে ঝাল মুড়ি খেলো বৃষ্টি দেখতে দেখতে। মাঝে মাঝে শুধু চায়ে চুমুক দেবার শব্দ। বৃষ্টির জোরটা যেন একটু বাড়ল। সাথে একটু একটু বাতাসও বইতে শুরু করেছে। বৃষ্টির ছিটে অল্প অল্প গায়ে লাগাতে বেশ আরামই লাগছে। ততক্ষনে পুতুল কয়েকটা গরম গরম আলুর চপ আর বেগুনি রেখে গেছে। বেগুনি তে একটা কামড় দিয়ে অমিত বলে,

-You guys are so damn lucky to have her! শাম কো আগর ইয়ে নাস্তা ঔর চায়ে মিলে, তো দারু কো কৌন হাত লাগায়ে!

অনিকেত সায় দিয়ে মাথা নাড়তে নাড়তে বলে,

-We are really grateful to you, Amit. Without you we possibly couldn't ever get her out of that hell. Tithi told me about the entire episode.

অমিত বলে,

-উসি সিলসিলে মে বাত করনে তো আজ আয়া। Something happened last Sunday. I was in Ghaziabad…..was chasing a criminal.

ইতিমধ্যে পুতুল আরেক দফা তেলেভাজা দিতে আসে। অমিত একটু থামে। তারপর পুতুলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে,

-পুতুল, তুম কভি ডান্সবার মে কাম কিয়া? কালকাত্তা মে?

পুতুল একটু বিব্রত বোধ করে। একবার তিথির দিকে তাকায়। তারপর মাথা নেড়ে না বলে।

অমিত কি একটু ভাবে। তারপর আবার জিজ্ঞেস করে,

-তুম ফাতিমা নাম কি কোয়ি আউরাত কো জানতি হো?

পুতুল একটুক্ষন কিছু ভাবে। চকিতে একটা আশঙ্কার ভাব তার মনে এসেই মিলিয়ে যায়। একটু সময় নিয়ে মাথা নেড়ে না বলে। তারপর আর সেখানে দাঁড়ায় না।

বৃষ্টিভেজা সন্ধ্যা ক্রমশ গাঢ় হতে থাকে। অনিকেত, তিথি আর সালমা শুনতে লাগলো বল্লু পাহেলওয়ানকে চেজ করার রোমহর্ষক কাহিনী। পুতুলও শুনছিল ভিতর থেকে। একটা সময়ে বাইরের বৃষ্টির মেঘ এসে বাসা বাঁধল পুতুলের চোখে।

 

।।সমাজসেবা।।

 

এমন মুখের জন্যে খুনখারাপি হয়ে যেতে বিন্দুমাত্রও সময় লাগবে না। দু পাড়ার মধ্যে দাঙ্গা বেঁধে যেতে পারে যখন তখন। এমন কি দুই দেশে যুদ্ধ পর্যন্ত লেগে যেতে পারে। নন্দলাল একবার কাপ্তেনি করে একটা ইংরেজি ছবি দেখতে গিয়েছিল। ওর এক বন্ধু বলেছিল হেব্বি যুদ্ধের সিনেমা। ফাইট-টাইট নন্দলালের বরাবরই প্রিয়। চলে গিয়েছিল দেখতে। সে কি ধুন্ধুমার যুদ্ধ এক রানীকে নিয়ে! ডায়ালগ খুব একটা না বুঝলেও মোদ্দা কথাটা বেশ বুঝতে পেরেছিল। একটা ক্যাবলা রাজপুত্র এক রাজার সুন্দরী বউকে ভাগিয়ে নিয়ে দেশে ফিরে আসে। তা রাজা কেন ছাড়বে? আর তাই নিয়েই বেঁধে যায় ধুন্ধুমার যুদ্ধ। ওতে আকিলিস নামের একটা মারকুট্টা লোক ছিল। নন্দলালের দারুন লেগেছিল লোকটাকে। সিনেমাটা দেখে আসার পর থেকে বেশ কয়েকদিন ওই আকিলিসের মতন হাত দুটো একটু পেছনে করে ডানার মতন সামান্য ছড়িয়ে দুলকি চালে চলত নন্দলাল। তবে হ্যাঁ, এমন মুখের জন্যে সে জান লড়িয়ে দিতে পারে বৈকি! রাস্তার ওপারেই মেয়েটা নিজের এস-ইউ-ভিটার গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে এখন দু নম্বর সিগারেটটা খাচ্ছে। একটা সাদা শার্ট আর ডেনিম জিন্স পরে কালো গাড়িটার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে মেয়েটা যেন গোটা দুনিয়াটাকে একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে। নন্দলাল একটা ছোট্ট চায়ের দোকানে বসে আছে। পাশে নটবর। তার খুব ইচ্ছা করছে আকিলিসের মতন করে হেঁটে গিয়ে মেয়েটার সামনে একবার দাঁড়ায়। আগের মতন রোজ ব্যায়াম না করলেও তার চেহারা এখনো যথেষ্ঠ মজবুত। তার কাঁধের গড়ন, পিঠের ঢল আর হাতের পেশী এখনো নজর কাড়তেই পারে। তবে ইদানিং পেটটা বেরোবার জন্যে সামান্য উঁকিঝুঁকি দিচ্ছে, রামের দৌলতে। সেকথা মনে পড়তে নিজের অজান্তেই দমটা ধরে পেটটা ভেতরে টানার চেষ্টা করতে থাকে নন্দলাল।

মেয়েটাকে নটবরও দেখছিল অনেক্ষন থেকে। মরি মরি, কি রূপ কি রূপ। কাজল টানা দীঘল দুটি চোখের নিচে গাল থেকে চোয়াল অবধি ঢলটা ঠিক লাউয়ের মতন। মধু রঙের চুলের ঝুরি মাঝে মাঝেই ছোট্ট কপালে এসে দিশেহারা হয়ে পড়ছে। হালকা হাতে মেয়েটা তা সরিয়ে দিচ্ছে। সিগারেট খাওয়া মেয়ে নটবর তেমন একটা দেখেনি। তবে দেখে তার খুব একটা খারাপও লাগছে না। একটা ব্যাপার দেখে নটবর বেশ মজা পাচ্ছে। কালো গাড়িটার চালচিত্রে দাঁড়িয়ে মেয়েটা নিজের চারপাশে যেন একটা অদৃশ্য বলয় তৈরি করে রেখেছে, দেব দেবীদের যেমনটা থাকে বলে শুনেছে। এই বুধবারের সকালের ব্যাস্ত সময়ে রাস্তায় মেলা লোক। গাড়ি, বাইক আর অটোর তো অন্ত নেই। দু-একটা ঘোড়ার গাড়ি ও চোখে পড়েছে নটবরের। সবার ভারী তাড়া। কিন্তু সকলেই মেয়েটির ওই অদৃশ্য বলয়ের সামনে এসে সামান্য ধাক্কা খাচ্ছে। কেউ হঠাৎ করে একটু পাশ কাটিয়ে যাচ্ছে, কারুর চলার গতি সামান্য মন্থর হচ্ছে, একজন তো বেশ একটা হোঁচট খেয়ে মুখে বোকাবোকা একটা হাসি নিয়ে দ্রুত পেরিয়ে যাবার চেষ্টা করল জায়গাটা। তবে মেয়েটা বেশ ওস্তাদ মানুষ বলে ঠাহর হচ্ছে। কাউকেই বিশেষ পাত্তা ফাত্তা দিচ্ছে না। নটবরের হঠাৎই মনে পড়ে যায় পুজো এগিয়ে আসছে। নটবর স্বরস্বতী ঠাকুর গড়তে ওস্তাদ। পালমশাই সেই ভাবেই কাজ ভাগ করেন। কে জানে পালমশাইয়ের ডেরায় এখন কি চলছে! নটবরের ফেরার আশা বোধহয় ছেড়েই দিয়েছেন। তবে হারান কাকা বলেছে যে ফিরে গিয়ে পালমশাইয়ের সাথে সবিস্তারে কথা বলবে।

হারান কাকা আর বদর মিঞা কাল ফিরে গেল। নটবরকে একা ফেলে যেতে তাদের মন মানছিল না মোটেও। কিন্তু উপায় কি? গত রোববারের ঝড়ে সব তছনছ হয়ে গেছে গাঁয়ে। বেশিরভাগই কাঁচা বাড়ি ওই সব অঞ্চলে। বাতাস একটু চোখ গরম করলেই সেসব বাড়ির ভিত কাঁপে। তায় ঝড় এলে তো কথাই নেই। লোকে ভিটের মায়া ত্যাগ করে পালায়। সাময়িক আস্তানা জোটে ইস্কুল বাড়িতে বা বড় মসজিদের দালানে। ত্রাণের খিচুড়ি জুটলে ভালো, নয়ত ছেলে ছোকরার দল গামছা দিয়ে মাছ ধরে ভেসে যাওয়া পুকুরে। তারপর ভাগে যার যা জোটে। ফিবছর তাদের দুই তিন মাস কাটে ত্রাণ শিবিরে। হয় ঝড় নয় বন্যা, লেগেই আছে। ওঅঞ্চলের লোকেদের কেমন যেন অভ্যেস হয়ে গেছে। দালানকোঠায় যাদের আশ্রয় জুটলো ভালো। বাকিরা গিয়ে ছাউনি বাঁধে হাইওয়ের ধারে। রাস্তা উঁচুতে বলে চট করে সেখানে জল দাঁড়ায় না। প্লাস্টিক, ছেঁড়া খোঁড়া তেরপল, সিমেন্টের বস্তা যা পায় তাই দিয়েই বানায় তাদের আস্তানা। সাপখোপ, বিছে-বেজি, পোকা মাকড়ের সাথেই ঘর করে মানুষের মতন দেখতে আরো কয়েকটা প্রাণী। তারপর আবার একদিন মানুষ ফিরে যায় তার গাঁয়ে, পূর্বপুরুষের ভিটেতে। সরকারি অনুদান বা মহাজনের কাছে কর্জ করে বাঁশ-খড় কিনে ঘর ছাইতে বসে। আবার মাথায় করে করে মাটি বয়ে এনে বাঁধ দেয় হারামজাদী নদীতে। তারই ফাঁকে প্রেম জাগে, সন্তান জন্মায়, জমিতে আল দেওয়া নিয়ে কাজিয়া লাগে, ভোট হয়, ব্রতকথা পাঠ হয়, ঈদের মিঠে সিমাই তৈরি হয় আর মানুষ প্রস্তুতি নেয় পরের লড়াইয়ের জন্যে।

নন্দলাল ওঠে। সাথে সাথে নটবরও উঠে দাঁড়ায়। তাদের গন্তব্য রাস্তার ওপারের সরকারি আবাস। সকাল থেকে বসে আছে। দিদিমণি বলেছেন ঘুরে বেলার দিকে আসতে। তা বেলা প্রায় বারোটা বাজতে চললো। থানার বড়বাবু বলেছিলেন সকাল এগারোটার মধ্যে পৌঁছতে। তারা পৌঁছে গিয়েছিল দশটায়। তবে অপেক্ষা করতে তাদের কোনো আপত্তি নেই। তাদের আর কাজই বা কি আছে। যাই হোক, এই একটা কাজের কাজ করে গেছে হারান কাকা আর বদর মিঞা। থানার বড় বাবুর থেকে খবর আদায় করছে যে কোথায় আছে সেই উদ্ধার হওয়া মেয়েগুলি। থানার ছোটবাবু তো ওদের ভাগিয়েই দিয়েছিল। সেই সন্ধেয় নটবর, নন্দলাল আর জগন গিয়ে হাজির হয়েছিল গাজিয়াবাদের এক ডান্সবারে। হঠাৎই একটা হল্লা শোনা যায়। নটবর বাইরে ছিল সেই সময়ে। ফাতিমা ততক্ষনে ফিরে গিয়েছিল। পুতুলের কোনো খবর দিতে পারেনি। নটবর একটু দোনামনা করে জানতে চেয়েছিল ফাতিমা ওদের সাথে ফিরতে চায় কি না। মেয়েটা অদ্ভুত এক দুঃখের হাসি হেসে বলেছিল 'সবই কি এতই সহজ নটবরদাদা!' আর দাঁড়ায়নি ফাতিমা। হল্লার সাথে সাথে দুবার গুলির আওয়াজ পাওয়া গেল। নটবর গুলির আওয়াজ চেনে না। সেই বাচ্চা ছেলেটা কোত্থেকে উদয় হয়ে, 'গুলি চলছে' বলে নটবরের হাত ধরে টানতে টানতে সাজঘরে এনে তুলেছিল। বারের মূল হল ঘরটায় তখন তুমুল দৌড়াদৌড়ি, খিস্তি-খেউর আর ধস্তাধস্তির শব্দ। মানুষ চিৎকার করে যে যেমন পারে দৌড়োচ্ছে। ঝনঝন করে বোতল-গ্লাস ভাঙার শব্দ। ধুমধাম চেয়ার টেবিল উল্টে পড়ছে। তারই মধ্যে বড় বক্সে একটা বেমামান সুরেলা গান বাজছে। ওটা বন্ধ করার কথা নিশ্চই কারুর মাথায় আসেনি। সকলেই নিজের নিজের প্রাণ বাঁচাতেই ব্যস্ত। এক কথায় যাকে বলে, কাক পড়ছে চিল উড়ছে অবস্থা। ওই হট্টগোলের মধ্যে কেউ আর খেয়াল করেনি কে বাইরের লোক মেয়েদের সাজঘরে এসে ঢুকেছে। নটবর বেজায় ঘাবড়ে গিয়েছিল। বাচ্চা ছেলেটাই তাকে জলটল খাইয়ে ধাতস্থ করে। গন্ডগোল একটু কমলে বাইরে এসে নটবর আরো অবাক। একটা পুলিশের জিপের সামনে দাঁড়িয়ে হারান কাকা আর বদর মিঞা খুব গম্ভীর হয়ে অফিসারের সাথে কি কথা বলছে। হঠাৎ কোত্থেকে নন্দলাল আর জগন উদয় হয়। জিজ্ঞেস করে,

-তুমি কোথায় হাওয়া হয়ে গিয়েছিলে, দোস্ত?

নটবর একটু আমতা আমতা করে বলে,

-ওই ইয়ে, মানে সাজঘরে গিয়ে লুকিয়েছিলাম। হারান কাকা এখানে এলো কি করে?

-আরে রোসো রোসো। আগে বল জীবনে প্রথমবার ডান্সবারে এসে সোজা সাজঘরে গিয়ে সেঁধোলে কিভাবে বাবা?

নটবর ফাতিমার ব্যাপারটা বাদ দিয়ে বাকিটা বলেছিল। একটু পরে হারান কাকা আর বদর মিঞা ওদের কাছে আসে। কাকা অবাক হয়ে নটবরকে শুধোয়,

-তুই এখানে এসে জুটলি কি করে? তোর তো এসব দোষ ছিল না!

নন্দলাল সামাল দিয়েছিল অবস্থাটা। জানা গিয়েছিল জগনের স্ত্রীই কাকাদের জানায়। জগন শুনে কেবল একটা দেতো হাসি হেসেছিল। তবে সব থেকে বড় ঘটনাটা হলো যে খুনে গুন্ডাটাকে ধরতে পুলিশ ওই ডান্সবারে হানা দিয়েছিল সে নাকি একটি মেয়ের মাথায় বন্দুক ধরে তাকে ঢাল বানিয়ে পালাবার চেষ্টা করছিল। ঠিক সেই সময়ে বদর মিঞা 'মেয়েটারে ছাড় হারামজাদা' বলে এক বিরাশি সিক্কার চড় কষায় ওই গুন্ডার গালে। বদর মিঞার গায়ে অসুরের জোর ঠিকই, কিন্তু বল্লু পাহেলওয়ান অমন মার অনেক খেয়েছে। ওই এক চড়ে সে কাবু হওয়ার লোক নয়। আসলে চড়ের মারটা আঁতে লেগেছিল কামানের মতন। ঘুষি, কিল, ক্যারাটে-জুডো, সবরকম মারেই প্রতিপক্ষকে সামান্য হলেও সম্মান জানানোর একটা ব্যাপার থাকে। চড়ে সেটা স্রেফ থাকে না। নন্দলালের ভাষায় ওই গুন্ডাটা এতটাই অবাক হয়ে গিয়েছিল ঘটনার আকস্মিকতায় যে সে নাকি স্থানুর মতন নিশ্চল হয়ে কেমন মিইয়ে যায়। ওর হাতে যে একটা জলজ্যান্ত বন্দুক আছে তা যেন ভুলেই মেরে দিয়েছিল। জগন বলেছিল, পাঞ্জাবি মানুষ তো, অপমানটা কিছুতেই মানতে পারছিল না। তা সে যাই হোক, ওই সুযোগটুকু কাজে লাগিয়ে পুলিশ সেই বল্লু পাহেলওয়ানকে কে টপ করে তুলে নেয়। বদর মিঞা নাকি আবদার করেছিল বল্লুকে কান ধরে নাকখত দেওয়ানো হোক। বলা বাহুল্য পুলিশ সে কথা কানে তোলেনি। কিন্তু এই সবের মধ্যে বড়বাবুর সাথে হারান কাকা বেশ ভাব জমিয়ে ফেলেছিল। বিধ্বস্ত হয়ে তারা যখন জগনের বাড়িতে ফিরেছিল, তখন তারা জানেও না তাদের আপনজনেরা বহুদূরে অন্য এক ঝড়ে বিধ্বস্ত হয়ে পড়েছে।

 

তিথির একটা কফি খেতে খুব ইচ্ছে করছিল। অনেক্ষন থেকে অপেক্ষা করছে অমিতের জন্যে। এগারোটায় আসার কথা ছিল। তিথি ঠিক সময়েই এসেছে, কিন্তু অমিতের পাত্তা নেই। মোবাইল ও তুলছে না। অগত্যা অপেক্ষা ছাড়া উপায় নেই। চট করে ফিরে যেতেও পারছে না। কাজটা গুরুতর। গত শুক্রবার অমিত আর সালমা তিথিদের বাড়িতে এসেছিল। তখনই ঠিক হয়েছিল আজকের এই অভিযান। অমিত জানিয়েছিল সমস্ত রেকর্ড থেকে পুতুলের নাম সরিয়ে দেওয়া হয়েছে। কাজটা মোটেই সহজে হয় নি। অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। তবে গাজিয়াবাদ থানার বড়বাবুকে ম্যানেজ করা গেছে। মোট কথা চট করে কেউ আর পুতুলকে ট্র্যাক করতে পারবে না। তিথি আর অনিকেত দুজনেই আস্বস্ত হয়েছিল। কথায় কথায় অমিত জানায় যে শাহদরার হোমে আরো কয়েকটি মেয়েকে আনা হচ্ছে আগামী দু এক দিনের মধ্যে। তার মধ্যে সারিতার বন্ধুরা থাকতেও পারে। তিথি সঙ্গে সঙ্গে জানিয়েছিল সে দেখা করতে চায়। অনিকেত পরে ঠান্ডা মাথায় বুঝিয়েছিল যে এব্যাপারে তিথি বা অমিত একা কিছুই করতে পারবে না। কটা মেয়েকে তারা উদ্ধার করবে? কি করে তাদের সমাজে পুনর্বাসন হবে? কি ভাবে সেই সব মেয়েদের স্বনির্ভর করা যায়? এমন অনেক প্রশ্নের উত্তর শুধুমাত্র আবেগ দিয়ে সমাধান করা সম্ভব নয়। বেশ কয়েকটি এনজিও এইসব সমস্যা নিয়ে কাজ করছে। তিথির উচিত তাদের সাথে যোগাযোগ করে এগোনো। অনিকেতের এই লজিক্যাল আর প্র্যাকটিক্যাল ভাবনার তারিফ না করে পারা যায় না। অনিকেত বরাবরই এইরকম। তাই হয়ত ঠিক সময়ে সঠিক কেজো পরামর্শটা তিথির মাথায় ঠিক ঢুকিয়ে দেয়।

সেদিন জমিয়ে আড্ডাও হয়েছিল চা, ঝালমুড়ি আর তেলেভাজার সাথে। ডিনার খেয়ে তো সালমা-অমিতের মতন তিথি-অনিকেতও বাক্যাহারা হয়ে পড়েছিল। প্রথম দুজন চিতল মাছের মুইঠা জন্মে খায়নি আর পরের দুজন খেলেও তার স্বাদ ভুলতে বসেছিল। সাথে ছিল নারকেল আর সর্ষের তেল দিয়ে মাখা দিয়ে কচু বাটা। সে যে কি স্বর্গীয় স্বাদ তা বলে বোঝানো সম্ভব নয়। পুতুল এসব জোগাড় করে কোত্থেকে! কচু বাটা তিথির বাবার খুব প্রিয়। বাড়িতে প্রায়ই হতো। এ ব্যাপারে বাবা বরাবরের টেস্টার। খেয়ে গলা ধরছে কি না, তা বাবা আগে চেখে দেখতেন। গ্রীন সিগনাল পেলে তিথিরা খেতো। কত তুচ্ছ সব ঘটনা। অথচ কি নিবিড় ভাবে সেইসব স্বাদ আজও লেগে আছে, যতটা না জিভে তার থেকে অনেক বেশি মনে।

অমিত পৌঁছলো পাক্কা এক ঘন্টা দেরিতে। শাহদরা হোমের সুপারভাইজার ভদ্রমহিলা তিথিকে দেখে সামান্য একটা চেনা-দেওয়া হাসি ছুঁড়ে ওদের ইশারায় পাশের ঘরে যেতে বললেন। একটু পরে নিজে এলেন। জানা গেল আজ সকালে দুটো লোক এসেছিল পুতুলের খোঁজ করতে। তাদের একজন নাকি পুতুলের স্বামী। নাম নটবর। সাথে একটা গাঁট্টাগোট্টা লোক। ভদ্রমহিলা জানিয়ে দিয়েছেন পুতুল নামে এখানে কেউ নেই। কিন্তু একেবারে ফিরিয়েও দিতে পারেননি। স্বামী লোকটার মুখ দেখে ভালোমানুষ বলেই মনে হয়েছে। যদি মেয়েটার পুনর্বাসন হয়! তবে অমিতের সাথে কথা না বলে কিছুই করা যাবে না জানেন। তাই বলেছেন বেলার দিকে ঘুরে আসতে। তিথিদের অপেক্ষা করতে বলে মহিলা ভেতরে চলে যান।

তিথির মোবাইলে একটা মেসেজ আসে। নম্রতা জানিয়েছে আর দশ মিনিটে পৌঁছচ্ছে। নম্রতা যুক্ত আছে স্বভিমান নামের একটি এনজিওর সাথে। তিথিই ওকে আজ আসতে বলেছে। তিথিদের কোম্পানি এই এনজিওকে ভালো অঙ্কের একটি বাৎসরিক অনুদান দেয়, যাকে বলে সি-এস-আর অথবা কর্পোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটি। অনিকেতের পরামর্শ অনুযায়ী পরের দিন সকালে অফিসে পৌঁছেই তিথি মিহরানের ডেস্কে হানা দেয়।

-মিহরান, a word?

মিহরান একটু অবাক হয়। বোঝে কোনো জরুরি কথা বলতে চায় তিথি, তবে এখানে বলতে চাইছে না। দুজনে গ্রাউন্ড ফ্লোরে এসে কোস্তা ক্যাফেতে বসে। তিথিই শুরু করে,

-মিহরান, I need a break….this healthcare project shit is getting on my nerves! Moreover, that TV series….do you really think we are doing the right things?

মিহরান একটু সময় নেয়। বোঝার চেষ্টা করে ঠিক কোন ব্যাপারটা তিথিকে ডিস্টার্ব করছে সব থেকে বেশি। তারপর যথেষ্ঠ সহমর্মিতার সাথে বোঝাতে চেষ্টা করে,

-Look Tithi, let's acknowledge some very basic stuff that we tend to ignore, often. We work for a MNC that makes good money and hence pays us good money. We all have chosen our careers carefully and there are nuances in each one of them. It's our choice how do we look at some of those we don't like. If you think our marketing idea can fool millions of middle-class people and bring them under the credit-umbrella just like that, I would say you are suffering from a serious superiority complex and you may need help. Marketing hardly influences decision of buying. If someone decides to buy, marketing penetrates the brand there. Don't burden yourself, Dear. You have a promising career ahead.

তিথি শোনে, মন দিয়ে। বোঝে মিহরানের প্রত্যেকটি কথা কি ভীষণ সত্যি আর বাস্তব। তাও তার মন মানতে চায় না। বলে,

-Well, then you're suggesting me to ignore my conscience? I won't judge whether the boat is sailing in the right direction or not?

একটুও না রেগে, একই রকম স্মিত মুখে মিহরান জবাব দেয়,

-of course you will, we all do that. The exam question is, in whichever direction the boat is sailing, whether we want to be in the boat. Right or wrong is relative, often. Look for the one that works for you and that's the only 'right', only for you. If you find someone else is also thinking the same way, it's a sheer coincidence. Very soon the line of thinking will differ. Unlike most of the species, human brain is programmed to compete with each other. They may forget the competition temporarily when they thrive for the basics. After that, it's all about competing with each other.

মিহরানের ওপর খুব খুব রাগ হচ্ছিল তিথির। কারন ওর প্রত্যেকটা কথা বিশুদ্ধ সত্যি কথা। কিন্তু কোথাও একটা হালকাবোধও হচ্ছিল তিথির মনের মধ্যে। আসলে নিজের মনের মধ্যে যে সত্যটাকে মানুষ সযত্নে গোপন করে রাখে, কেউ যদি সহৃদয় হয়ে সেই গোপনতাকে যোগ্য সম্মান জানিয়ে সেই সত্যের উন্মোচন ঘটায় তাতে একটা তিরতিরে ভালোলাগা গোটা মনে ছড়িয়ে পড়ে। কফিটা শেষ করে মিহরান বলেছিল,

-I know you have a strong social work mindset. You know that we do some funding to Swabhiman as CSR. They keep asking for active work contribution. If you are interested, I will connect you with Namrata from that NGO. I think you'll like working with her.

তিথি কল্পনাই করতে পারেনি মিহরান নিজে এরকম একটা প্রস্তাব দেবে। আনন্দটা কোনরকমে চেপে লিফ্টে ঢুকে তিথি জানতে চেয়েছিল,

-When do you think I can start that?

মিহরান সোজা তিথির চোখের দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে বলেছিল,

-If you want, you can start now.

টিং শব্দে লিফ্টের দরজা খুলেছিল। তিথির মনে হয়েছিল তার জীবনের একটি নতুন অধ্যায়ের দরজা খুলছে।

 

 

।।মাস চারেক পরে।।

 

 

আজ সকাল থেকেই পুতুল বেজায় ব্যাস্ত। ভোরে ওঠা পুতুলের বরাবরের অভ্যেস। আজ আরেকটু তাড়াতাড়ি উঠেছে। গোটা বাড়ি ভালো করে ঝাড়পোঁছ করেছে। গোটা বাড়িতে এসি থাকার দরুন ধুলোময়লা ভেতরে ঢোকার কথাই না। কিন্তু পুতুল বাড়িতে একা থাকার সময়ে মাঝেমধ্যে জানলা খুলে দেয়। বিশেষ করে বিকেলের দিকে। ঘরে একটু আলো বাতাস না ঢুকলে কি চলে! আজকাল বিকেলের দিকে মূল বারান্দায় বেশ রোদ আসে। এখানে বর্ষা তেমন না হলেও পুতুলের কেমন মনে হয় ঘরদোর স্যাঁতস্যাঁতে হয়ে আছে। বালিশ, বিছানা, সোফার কুশন সব টেনে টেনে রোদে দেয়। বর্ষা অবশ্যি চলে গেছে অনেকদিন। আজকাল বাতাসে বেশ একটা শিরশিরানি ঠান্ডা টের পাওয়া যায়। সারিতা সাবধান করে দিয়েছে এই অঞ্চলের ঠান্ডা নিয়ে। এখানকার ঠান্ডা নাকি শুষ্ক ঠান্ডা। শীতের শুরুতে যদি একবার লেগে যায়, ব্যাস, গোটা শীতকাল ভোগাবে। পুতুলের ঠান্ডা লাগার ধাত সেই ছোট্ট বয়েস থেকে। বারো মাস নাক দিয়ে জল গড়াতো। রাধু কোবরেজ বাসক আর তুলসী পাতা বেটে মধু মেড়ে খেতে বলতেন। ছোট্ট পুতুল ওই মধুর লোভে ঝাঁঝাল ক্কাথ্য টুকু টপ করে খেয়ে ফেলেই হাত পাততো। মা সেই ছোট্ট হাতের আঁজলাতে খানিকটা মধু ঢেলে দিতেন। মহার্ঘ সেই মধুটুকু অনেক্ষন ধরে হাতের কোষ থেকে চেটে চেটে খেতো পুতুল। জীবনে একবারই খালি মায়ের কাছে আরেকটু বাড়তি মধুর জন্যে আবদার করেছিল সে। মা তাকে পাশে বসিয়ে শুনিয়েছিলেন মৌলেদের কাহিনী। বাদাবনের গহীনে, দক্ষিণরায়ের রাজত্বে পাওয়া যায় অমৃত্সম এই মধু। তাদের আর আশপাশের গ্রামেরই মৌলের দল প্রতি বছর বসন্ত কালে যখন মধু আনতে রওনা দেন, বাড়ির স্ত্রীরা সিঁদুরের কৌটো বনবিবির ঠাকুরের আসনে তুলে রেখে দেন। যতদিন না মৌলেরা ঘরে ফেরে, ততদিন তারা সিঁদুরহীন হয়ে বনবিবির ব্রত রাখেন, তাদের স্বামী-সন্তানদের কল্যানে। আর মৌলের দল তখন টাঙি, বল্লম, কুড়ুল যে যেমন পারে অস্ত্র নিয়ে প্রাণ হাতে করে জঙ্গলে ঢোকে খালিসা ফুলের খোঁজে। তার আশেপাশের মৌচাক থেকেই পাওয়া যায় বাদামি রঙের সবথেকে উৎকৃষ্ট মধু। তবে বেশিরভাগই পাওয়া যায় কেওড়া ফুলের মধু, একটু হলদেটে দেখতে হয়। যদিও দুরকম মধুতেই মিশে থাকে মৌলেদের রক্ত। প্রতি দলেরই কেউ না কেউ দক্ষিণরায়ের ভোজ হয়ে যান। তার বাড়ির স্ত্রীর আর সিঁদুর কৌটো ফেরত নেওয়া হয় না বনবিবির থান থেকে। শীতের ভোরে মায়ের শরীরের ওম আর কাঠের উনানের তাপেও মধ্যে বসেও পুতুলের বড় কাঁপুনি লেগেছিল এই কাহিনী শুনতে শুনতে। একটু পরেই সেই জমাট শীতের কাঁপুনি কান্না হয়ে গলে বেরিয়ে এসেছিল। তারপর থেকে পুতুল আর প্রাণে ধরে মধু খেতে পারে নি। সব মধুতেই সে রক্ত দেখতে পায়। কালচে, জমাট রক্ত।

সেই ছোট্টবেলা থেকেই সে গোটা শীতকাল সকাল-সন্ধ্যা কান-মাথা-গলা ঢেকে রাখে। তিথি দিদি একটা খুব সুন্দর গলা-তোলা পাতলা সোয়েটার দিয়েছে। পুতুল অবশ্য গায়ে চাদর জড়াতেই অভ্যস্ত। সোয়েটার পরলে তার কেমন মনে হয় গা দেখা যাচ্ছে। তিথি তাকে অবশ্য শিখিয়ে দিয়েছে কিভাবে শাড়ির ওপর সোয়েটার পরে আঁচলটা সোয়েটারের ওপর দিয়ে কায়দা করে নিতে হয়। পুতুল সেভাবে পরে একা একা আয়নায় দেখেওছে। ভালোই লেগেছে। তবে পুরুষ মানুষের চোখ বড় অবাধ্য। ওরা নিজেদের অজান্তেই মেয়েমানুষের পোশাকের ভাঁজ-খাঁজ, ফাঁক-ফোঁকর খুঁজতে থাকে। অনিকেত অবশ্য এই ব্যাপারে যথেষ্ঠ ভদ্র মানুষ। তাই পুতুল প্রায় প্রথম দিন থেকেই স্বচ্ছন্দ এই বাড়িতে। ভোরের কুয়াশাঢাকা গুরুগ্রামের রাস্তার দিকে তাকিয়ে এইসব সাতপাঁচ ভাবছিল পুতুল। কখন অজান্তে চোখ থেকে দুফোঁটা জল বেরিয়ে কুয়াশাটা আরেকটু গাঢ় করে দিয়েছে খেয়ালই করে নি। ক্রমশ দৃষ্টি পরিষ্কার হতে দেখতে পায় রাস্তা থেকে সবজিওয়ালা হাত নাড়ছে। পুতুলের মনে পড়ে গতকাল সে এক লম্বা ফর্দ দিয়েছিল ওকে। সেগুলো নিতেই বোধহয় ডাকছে। এই ছেলেটা বাঙালী। আসলে গুরুগ্রামের চারপাশেই ভর্তি বাঙালী। এদের মধ্যে অনেকে বাংলাদেশের মানুষও আছেন। রুজির তাগিদে পরিবার পরিজন ছেড়ে, চোরা পথে এদেশে এসেছেন। প্রতি মুহূর্তে আশঙ্কা নিয়েই এদের জীবনধারণ। পাড়ার দাদা, মহাজন, পুলিশ, হুন্ডিওলা, সবাই এদের থেকে দুইয়ে নেয়। সবজি বেচে কটা টাকাই বা পায় বেচারারা!

আজ পুতুলের অনেক রান্নাবান্না আছে। অনিকেতের বাবা, মা, বোন আর দাদা-বৌদি আসছে। তারা প্রথমবার অনিকেতের এই গুরুগ্রামের বাড়িতে আসছে। এতদিন অনিকেত বা তিথি কেউই তাদের নিজেদের বাড়ির লোককে আসার জন্যে তেমন করে বলে নি। ওরা ধরেই নিয়েছিল যে কোনো পরিবারই ওদের এই একসাথে থাকার ব্যাপারটা মেনে নিতে পারবে না। তাছাড়া তিথি বা অনিকেত কেউই তেমন সংসারী নয়। জানে, তাদের আটপৌরে পরিজনেরা এই জীবনধারাতে মোটেই স্বচ্ছন্দ বোধ করবেন না। তবে অনিকেতের পরিবারের এই আসার পিছনে তিথির ইচ্ছেটা এবার ভীষণ ভাবে কাজ করেছে। ওঁদের আসবার জন্যে রাজি করানো থেকে প্লেনের টিকিট অবধি সবই তিথি করেছে। অনিকেতকে ভালোবাসে বলেই করেছে। আর হয়ত ভরসা ছিল যে ঘরের দিকটা পুতুলই সামলে নেবে। বলা বাহুল্য ভরসায় কোনো ত্রুটি নেই। পুতুলের মতন লক্ষীমন্ত মেয়ে ঘরের হাল ধরলে কারুর কোনোরকম অসুবিধে হবার যো নেই বটে। হপ্তা তিনেক আগে তিথি পুতুলকে জানায় ওঁদের আসার কথা। অনিকেত তখন বিদেশে। সেই থেকে পুতুল প্রস্তুতি শুরু করে। কলকাতার মানুষের কাছে খাওয়াটা একটা বড় ব্যাপার। আর ওই এক-দুই পদের খাবার ডিনার সেটের প্লেটে খেয়ে তাদের মন ওঠে না। পুতুলের নিজেরও এই ছোট্ট প্লেটে খেতে দিয়ে সুখ হয় না। এমন পরিবেশনে দর্শন সুখ নেই। যেন খাওয়ার জন্যেই খাওয়া। এই যে মানুষদুটো সারাদিন পরিশ্রম করে, তাদের এইটুকু যত্ন প্রাপ্য বৈকি!

সকলের জন্যে বড় বড় স্টিলের থালা, বাটি, গ্লাস কেনা হয়েছে। কেনা হয়েছে নতুন গামছা সকলের নামে নামে। মাথায় দেবার তেল। তিথি-অনিকেতের মাথা থেকে তেলের পাট উঠে গেছে অনেককাল আগে। তেল কেনার সময়, কি ভেবে পুতুল একটা করে আলতা আর সিঁদুর কৌটোও কিনে নিয়েছিল। ওর কেমন মনে হয়েছিল অনিকেতের মা নিশ্চই আলতা পরতে পছন্দ করবেন। আলতা পরানোর কাজটা পুতুল খুব ভালো পারে। উষ্ণ গরম জলে একটু সাবান গুলে তার মধ্যে পা ডুবিয়ে রাখার পর, অনেক্ষন ধরে অল্প অল্প করে আলতো হাতে ঝামা ঘষে পা পরিস্কার করে, শুকনো কাপড় দিয়ে মুছে, যত্ন করে আলতা পরায় সে। সেই আরামেই অনেকে ঘুমিয়ে পড়ে। সোনাগাছিতে থাকাকালীন অনেক মেয়ে পুতুলের ঘরে আসত আলতা পরতে। তখন কথা হতো, যতটা না বাক্যে তার থেকে অনেক বেশি ভাবে! চার চারটে বছর অমন নরকে থেকেও পুতুলের মন কখনো বিষিয়ে যায় নি। আশপাশের ঘরের প্রত্যেকটি মেয়ে পুতুলকে ভালোবাসত, আপনজন মনে করত। এইসব ভাবতে ভাবতেই পুতুল ডাল সেদ্ধ করতে বসায়। ধোকার ডালনা নারকেল দিয়ে হবে। বেগুন আর বড়ি দিয়ে পুঁই শাক, মটর-কিশমিশ দিয়ে সোনামুগের ডাল, চাকা চাকা করে কাটা বেগুন ভাজা, পাকা কাতলা মাছের কালিয়া আর একটু আমসত্বের চাটনি। পুতুল জানে অনিকেতের মতন ওর বাড়ির মানুষ সকলেই মিষ্টি ভালোবাসেন। তাই দই, রসগোল্লা আর চমচম আনিয়ে রেখেছে আগে থেকেই। মুখসুদ্দির জন্যে একটু ভাজা মশলা বানিয়ে রেখেছে মৌরি, জোয়ান আর সামান্য লেবুর রস দিয়ে। দুধ চা করার চা অনানো আছে। এবাড়ির দার্জিলিং চায়ে দুধ দিলে মোটেও সেই চায়ের রং আসে না।

পুতুল একটা একটা করে কাজ সারতে থাকে। অনিকেত ওদের আনতে এয়ারপোর্ট গেছে। চলে আসার কথা বারোটা নাগাদ। পুতুল ঠিক করেছে এত বেলায় আজ আর কোনো জলখাবারের পাট রাখবে না। ওরা আসলে বরং একটু চা করে দেবে আর সাথে গয়না বড়ি বানিয়ে রেখেছে, তাই দেবে। গয়না বড়ি আসলে মেদিনীপুরের খাবার। বিউলির ডাল দিয়ে নানান রকমারি নকশা তৈরি করে এই বড়ি বানানো হয়। রোদে শুকিয়ে রাখা থাকে। প্রয়োজন মতন ভেজে দিলেই হলো। সোনাগাছিতে পুতুলের পাশের ঘরেই থাকত সুবালা নামের এক মহিলা। পুতুলের থেকে বয়সে বেশ বড়ই হবে। মেদিনীপুরের মানুষ। তিনিই পুতুলকে গয়না বড়ি বানাতে সেখান। অদ্ভুত মানুষ এই সুবালাদিদি। বছর দশেক আগে তিনি নিজেই একদিন এই সোনাগাছিতে এসেছিলেন দেহ বিক্রি করতে, নিজের স্বামীর হাত ধরে। অনটন আর জীবিকার অভাব কোন পর্যায়ে পৌঁছলে একটি গ্রামের মেয়ে তার সমস্ত লোক-শিক্ষার বেড়া অতিক্রম করে, চিররুগ্ন স্বামীর হাত ধরে, ট্রেন-বাস বদল করে সোনাগাছিতে এসে দোরে দোরে ঘুরে বেড়ায় দেহ বিক্রি করার একটু জায়গা দাও বলে। রুগ্ন স্বামী বসে থাকতো পাশের বারান্দায়। কিসের অপেক্ষায়? তার স্ত্রীর কাজ শেষ হওয়ার, নাকি কাজের শেষে পাওয়া টাকা দিয়ে দুজনে পেট ভরে একবেলা খাওয়ার অপেক্ষায়! সুবালাদিদির কথা শুনে পুতুলের কান্না পায়নি। সে শিউরে উঠেছিল! তার মনে হয়েছিল সে অনেক ভাগ্য করে এসেছে। তার জীবনে যা ঘটেছে তা অন্তত নটবর জানতে পারছে না।

পুতুলের সেই ভুল অবশ্য ভেঙেছিল। যখন সে শুনেছিল নটবরের পুতুলকে উদ্ধার করার অভিযানের কথা। সেই দিনটার কথা মনে পড়লে পুতুলের আজও গায়ে কাঁটা দেয়। বর্ষার এক সন্ধেয় কলিংবেলের আওয়াজ পেয়ে দরজা খুলে পুতুল ভূত দেখেছিল। তিথি, একটু বিব্রত মুখে সামনে দাঁড়িয়েছিল। তার পিছনে নটবর আর একটা অচেনা লোক। পুতুলের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। আসলে মাথা আর মন জড়ামড়ি করে বুঝতেই পারছিল না সেই মুহূর্তটা কি আনন্দের, নাকি অভিমানের অথবা দুঃখের না অপমানের নাকি লজ্জার! যে পুতুল একটু একটু করে নিজের মনকে প্রস্তুত করেছিল যে সে আর কখনো পথনখালীতে ফিরতে পারবে না, সাতজেলিয়ায় মায়ের রান্নাঘরের দাওয়ায় পিড়ি পেতে বসে যাত্রাপালার গপ্পো করতে পারবে না, খিটখিটে পিসির আদিরসের রসিকতায় হেসে কুটিপাটি হতে পারবে না, বন্যার সময়ে কোমরে আঁচল বেঁধে অমৃতের মতন খিচুড়ি রেঁধে ভুখা মানুষগুলোকে খাইয়ে তাদের তৃপ্ত মুখ দেখতে পাবে না, কালি গাইটাকে আর কখনো ছোলা-গুড় খাওয়াতে পারবে না, দুই হাঁটু জড়ো করে তার ওপর থুতনি রেখে রান্নাঘরে থালা সাজাবার সময়ে নটবরের আহ্লাদি মুখ দেখে লজ্জা পাওয়া হয়ে উঠবে না, কোজাগরীর রাতে হিমের মধ্যে চাদর মুড়ি দিয়ে বসে রায়দের বাগানে পরী নামা দেখতে পাবে না, সেই সব প্রস্তুতি এক লহমায় ভেঙে খানখান হয়ে গিয়েছিল। নটবরের গোটা মুখ জুড়ে আনন্দের আলো জ্বলে উঠেছিল। একটা লম্বা লড়াই শেষ হওয়ার শ্রান্তি প্রসন্ন দুই চোখে। মনের লড়াইয়ের শ্রমের ঘাম বুঝি চোখ দিয়ে বেরোয়! তারা খেয়ালও করেনি তিথি অনেক্ষন আগেই ভিতরে চলে গিয়েছিল আর নন্দলাল বাইরে হাঁটা দিয়েছিল।  রাগ, দুঃখ, মান অভিমানের  এই একান্ত মুহূর্ত কেবলই পুতুল আর নটবরের। সেখানে আর কোনো তৃতীয় ব্যক্তির স্থান নেই।

একটা সময়ে আবেগ প্রশমিত হলে তারা ভিতরে বসবার ঘরে গিয়ে বসে। পুতুল চা করে সকলের জন্য। তিথি আর অনিকেত ইচ্ছে করেই শোবার ঘরে চলে গিয়েছিল চা নিয়ে। নন্দলাল সেই যে নিচে গিয়েছিল তার আর কোনো পাত্তা নেই। সক্কলেই চাইছিল দীর্ঘ যুদ্ধের পর হা-ক্লান্ত দুই যোদ্ধা একটু বিশ্রাম করুক।

পুতুল আর নটবর বসেছিল মুখোমুখি, পুতুলের ঘরে। পরস্পরের দৃষ্টি সেখানে উষ্ণ প্রস্রবণ সৃষ্টি করেছিল। তাতে অবগাহন করে শুদ্ধ হচ্ছিল পরিশ্রান্ত দুই আত্মা। গভীর ক্ষতের ওপর আবেগের প্রলেপে বড় আরাম হচ্ছিল দুজনেরই। টুকরো কথা, সুখের স্মৃতি শরীরের পুষ্টি বৃদ্ধি করে কাটিয়ে দিচ্ছিল সমস্ত ক্লান্তি। গুরুগ্রামের এই আধুনিক এপার্টমেন্টে হাঁটুতে মুখ রেখে থালা সাজাবার ব্যবস্থা নেই। তাও একসময়ে নটবর রান্নাঘরের চৌকাঠে দাঁড়িয়ে পরম সুখে দেখছিল পুতুলের রান্না করা। রাতে সবাই এক সাথে খেতে বসেছিল। তিথি, অনিকেত, নন্দলাল সকলেই বড় খুশি ছিল সেদিন। তবে কোথাও একটা কিছু বাঁধছিল। কিছু একটা অপূর্ণ ছিল। কোনো একটা অসামঞ্জস্য নেপথ্যে ঘুরঘুর করছিল। সকলেই সেটা টের পাচ্ছিল নিজের নিজের মতন করে। তবে ঠিক বুঝে উঠতে পারছিল না, অসঙ্গতিটা ঠিক কি বা কোথায়। ব্যাপারটার প্রকাশ ঘটল পুতুলের ফেরার কথা ওঠায়। এতটুকুও দ্বিধা না করে পুতুল জানিয়ে দিয়েছিল যে সে আর ফিরবে না। যতটা না তার কথা ভেবে, তার থেকে অনেক বেশি নটবরের কথা ভেবে। সমাজ কেচ্ছা ভালবাসে। গাঁয়ের সমাজ আরো বেশি, কারণ সেখানে ওটাই বিনোদন। পুতুল জানে নটবরের মতন নরম মনের মানুষ তা সহ্য করতে পারবে না। আবেগ দিয়ে অশিক্ষা-কুশিক্ষার সাথে লড়াই হয় না। বড় অসম সেই লড়াই। যেন হারার জন্যেই মানুষ সেই লড়াই লড়ে। রক্তাক্ত হয়। তিল তিল করে এগিয়ে যায় মৃত্যুর কোলে শান্তি খুঁজে নিতে। পুতুল কিছুতেই নটবরকে সেই দিকে ঠেলে দিতে পারবে না। অনেক বুঝিয়েও পুতুলকে রাজি করাতে না পেরে নটবর ছেলেমানুষের মতন কেঁদে ফেলেছিল। তারপর সেই হতাশা ক্রমশ রাগে পরিবর্তিত হয়ে অবশেষে এক বুক অভিমান নিয়ে নটবর বেরিয়ে গিয়েছিল। আর ফেরেনি। বাকিরাও অবাক হয়েছিল ঠিকই, কিন্তু পুতুলের অকাট্য যুক্তিটা কেউই অগ্রাহ্য করতে পারে নি।

প্রেসার কুকারের হুইসিলে চটকা ভাঙে পুতুলের। পুতুলের মনে পড়ে বাবা ঠিকই বলতেন, মেয়েরা ঘর ছাড়লে আর ফেরা হয়ে ওঠে না। আর ঘর তাদের ছাড়তেই হয়, নাহলে যে অন্য কোথাও আর ঘর গড়ে উঠবে না!

 

নটবরের বোধহয় তখন বছর দশেক বয়স। সন্ধে হলেই নিয়ম করে পড়তে বসতে হতো। ছোড়দি নিজেও পড়ত আর নটবরকে পড়াতো। বড়দি ব্যাস্ত থাকতো রান্নাবান্না নিয়ে। গ্রাম দেশে আঁধার নামলেই সব চুপচাপ হয়ে পড়ে। রাস্তার আলোর বালাই নেই। মাঝে মাঝে একটা দুটো হাটুরে মানুষ হতে লণ্ঠন অথবা টর্চ নিয়ে ঘরে ফেরে। কেউ হয়ত হাঁক পেড়ে রাস্তা থেকে বাপকে একবার জানান দিয়ে যায়। তারপর আবার সব নিঝুম। মাঝে মাঝে রাতচরা পাখির ডাকে শিউরে ওঠা। লণ্ঠনের আলোয় নিজের আর ছোড়দির বড় ছায়া দেখে নিজে নিজেই চমকে উঠত বাচ্চা নটবর। তেমনই এক সন্ধ্যায় ছোট্ট নটবরের কানে এসেছিল একটা ক্ষীণ কুঁই কুঁই শব্দ। ছোট ছেলের চঞ্চল কৌতূহলী মন। একবার ভাবে ছোড়দিকে ডেকে শোনায়। কিন্তু পরক্ষনেই সেই সংকল্প ত্যাগ করে। পড়তে বসে ছোড়দির কাছে প্রায় রোজই বকা খেতো নটবর। তাই ওই সময়ে সে ছোড়দিকে বিশেষ ঘাঁটাতো না। এদিকে শব্দটা নাগাড়ে হয়ে চলেছে। শেষে মনে মনে অনেক সাহস সঞ্চয় করে নিজেই ওঠে শব্দটার উৎস খুঁজতে। বেশি অবশ্য খুঁজতে হয় নি। বাইরের দাওয়ায় এসেই সে দেখতে পায় সাদা ধবধবে বেড়াল ছানাটিকে। রান্না ঘরের দাওয়ার সামনে ভয়ে জড়সড় হয়ে বসে কুঁই কুঁই করে ডাকছে। বড়দি রান্না ঘরে। ছ্যাকছোক শব্দ আসছিল। বাবা তখন বোধহয় বাড়িতে ছিলেন না। আর পিসি বরাবরের মতন গুনগুন করে কীর্তন গাইছিলেন হাতে জপের মালা নিয়ে। একটুও না ভেবে নটবর নিঃশব্দে এসে বেড়াল ছানাটিকে কোলে তুলে নিয়েছিল। কি নরম তার শরীর। গাঢ় সবুজ চোখে অবাক হয়ে সে দেখছিল নটবরকে। হয়তো বোঝার চেষ্টা করছিল নটবর তার ক্ষতি করতে পারে কি না। তুরতুর করে ছানাটির ছোট্ট শরীরটা কাঁপছিল। নটবরের বড় মায়া হয়েছিল। বকা খাবার ভয়ে, বেড়ালটাকে লুকিয়ে রেখেছিল বাবার ঘরের খাটের তলায়। বাবা একে আপনভোলা লোক, তায় বেশিরভাগ সময়েই ঘরে থাকে না। ওই ঘরটাই সব থেকে নিরাপদ মনে হয়েছিল নটবরের। রাতে নিজের খাবার থেকে এক মুঠো ভাত লুকিয়ে নিয়ে গিয়ে দিয়েছিল সেই ছানাটিকে। বেচারা জানত না বেড়াল শুধু ভাত কে না। পরদিন সকালেই বড়দি আবিষ্কার করেছিল বেড়ালটির অস্থিত্ব। বাবার ঘর পরিষ্কার করতে গিয়ে দেখেছিল বোধহয়। বড়দি বেড়াল পছন্দ করত না মোটেই। বৈষ্ণব বাড়ির হুলোটা প্রায়ই রান্নাঘর থেকে এটা ওটা চুরি করত। সেই থেকে বেড়ালের ওপর বড়দির যত রাগ। সুতরাং সেই বেড়াল ছানাটিকে পারলে তক্ষুনি বড়দি তাড়ায়। নটবরের কাঁদকাঁদ অবস্থা। শেষে তার বাউন্ডুলে বাবাই বড়দিকে রাজি করিয়েছিল। বেড়ালটা সেযাত্রায় থেকেই গিয়েছিল। ক্রমে সে বাড়ির সকলের খুব আদরের হয়ে উঠেছিল, কেবল বড়দি ছাড়া। ও ঠিক বুঝত বড়দি ওকে পছন্দ করে না, তাই রান্নাঘরের একটু তফাতে থেকে সারক্ষাণ মিউ মিউ করে বড়দিকে তোষামোদ করার চেষ্টা করত। ছোড়দি ওর নাম দিয়েছিল ধলী। সেই ধলী একদিন হারিয়ে গেল। অনেক খোঁজার পরেও ধলীকে আর পাওয়া গেল না। খুব কেঁদেছিল নটবর। বড়দি নটবরকে কোলে করে বসেছিল সারা সন্ধে।  নটবরকে বুঝিয়েছিল কিছু জিনিস তার নিজের মনে হলেও, তা হারিয়ে যেতেই পারে। ভগবান চাইলে তা আবার ফিরেও পাওয়া যায়। বেচারা ছোট্ট নটবর সেই আশায় রোজ বুড়ো শিবের মন্দিরে গিয়ে কখনো লজেন্স, কখনো এক টুকরো বিস্কুট, শখের একমাত্র পেন্সিল বা মহার্ঘ গন্ধওয়ালা রবারের টুকরো দিয়ে ভগবানকে অনুরোধ করত ধলীকে ফিরিয়ে দিতে। আজ এত বছর পরে মাঝ বয়সে এসে নটবরের শিক্ষা পূর্ন হলো। হারানো জিনিস দৈবাৎ ফিরে পাওয়া গেলেও তা আর একরকম থাকে না। কারণ ততদিনে পারিপার্শ্বিক বদলে যাওয়ায় সেই হারানো জিনিসের সামাজিক মূল্যায়নও বদলে যায়!

নটবর মন দিয়ে জগদ্ধাত্রী ঠাকুরের কাপড়, গয়না, মুকুট, অস্ত্র সব সাজিয়ে রাখছিল। কাজ প্রায় শেষ হতে চলল। আর হপ্তা খানেক পরেই পুজো। তারপর একটু দম ফেলার ফুরসৎ হবে। গত চারটে মাস সে দিনরাত খেটেছে। পালমশাই কতবার বলেছেন, 'নটবর, একটু বিশ্রাম নাও। দুটো দিন গাঁয়ে কাটিয়ে এস। টানা এত পরিশ্রম করলে অসুস্থ হয়ে পড়বে যে!' কিন্তু কে শোনে কার কথা। নটবরের যেন রোখ চেপে গিয়েছিল। পালমশাই অবাক হয়ে দেখতেন চুপচাপ, আত্মভোলা ছেলেটা কেমন আমূল বদলে গেছে! হারানের কাছে শুনেছেন সব। বেচারা এত কষ্ট করে অবশেষে নিজের বউকে খুঁজে পেয়েও নাকি ফিরিয়ে আনতে পারে নি। তবে যে দেশে বনবাস ফেরত স্বয়ং সীতা মায়ের অগ্নিপরীক্ষা হয়, সেখানে সোনাগাছি ফেরত পুতুলরানীর কপালে যে কি লেখা ছিল তা আন্দাজ করতে কষ্ট হয়না পালমশাইয়ের। মেয়েটা না ফিরে শুধু নিজেই বাঁচেনি, বরং নটবরকেও অনেক বিড়ম্বনার হাত থেকে রক্ষা করেছে। একথা তিনি নটবরকেও বুঝিয়েছেন। কিন্তু তিনি এও জানতেন যে নটবর হল গিয়ে ভাবের মানুষ। এইসব সামাজিক প্যাঁচপয়জার বুঝতে তার একটু সময় লাগবে বৈকি। তাই নটবর যখন চেয়ে চেয়ে বাড়তি কাজ নিত, পালমশাই খুব একটা আপত্তি করতেন না। শুধু খেয়াল রাখতেন ছেলেটা অসুস্থ হয়ে না পড়ে।

সক্কালবেলার ক্যানিং লোকাল। সোনারপুর জংশন থেকে ট্রেন ধরেছে নটবর। এত সকালে লোকে বড় একটা ক্যানিংয়ের দিকে যায় না। ট্রেন তাই ফাঁকাই বলা যায়। চম্পাহাটি ছাড়লেই আশপাশের প্রকৃতি পরিবর্তন হতে থাকে। বাড়ি-ঘরের চেহারা বদলে যায়, অনেক বেশি গাছগাছালি চোখে পড়ে, মাঝে মাঝে জলা জমি। জানলার ধারে বসে একটু শীতশীত করছিল নটবরের। কার্তিক মাস থেকেই এদিকটায় একটা ঠান্ডার ভাব এসে যায়। একটু চা পেলে হত। কিন্তু নটবর জানে এই সময়ের আপ ট্রেনে আর চাওয়ালা উঠবে না। আজ প্রায় ছয় মাস পর সে গাঁয়ে যাচ্ছে। গাজিয়াবাদ থেকে ফিরে সে আর গাঁয়ের দিকে যায়নি। পালমশাইয়ের ডেরায় তখন কারুর দম ফেলার ফুরসৎ ছিল না। নটবরকে পেয়ে পালমশাইয়ের তখন কি যে উপকার হয়েছিল তা বলার নয়। সামনেই গণেশ পুজো তখন। কলকাতায় আজকাল বারোয়ারি গণেশ পুজোও বেশ ঘটা করে হয়। তাছাড়া ব্যাবসাদারদের অর্ডারি ঠাকুর থাকেই। তারপরেই দুর্গাপুজো, লক্ষী পুজো, কালি পুজো, কার্তিক পুজো এবং সব শেষে জগদ্ধাত্রী পুজো। চারটে মাস হুউস করে চলে গিয়েছে। এই চারমাসে নটবর শুধু তো ঠাকুর গড়েনি, গড়েছে নিজের মনকেও। পুতুলকে খুঁজে পেয়ে তার হাতে চাঁদ পাওয়ার আনন্দ হয়েছিল। মনে হয়েছিল অনেকদিন পর সে ঘর দেখতে পাচ্ছে, ঘরে ফেরার স্বপ্ন দেখতে পাচ্ছে। তখন সে ভুলেই গিয়েছিল যে পথনখালীতে তাদের সত্যিকারের ঘর ঝড়ে ভেঙে পড়েছে। হারানকাকা জানিয়েছিল পিসিমা তাঁর কাছেই আপাতত আশ্রয় নিয়েছে। নটবর ফিরলে আবার কিছু ভাবা যাবে। এসব কথা নটবরের তখন মনেই আসেনি। কারণ সে তো ঠাঁইনাড়া সেই চার বছর আগের থেকেই। তার তো আর নতুন করে ঘর ভাঙার কিছু নেই। বরং নতুন বাসা বাঁধার স্বপ্নে তখন সে মশগুল। মাত্র কয়েক ঘন্টার ব্যাপার। তিন মাস ধরে যে লড়াইটা সে লড়ছিল এবং যেটা সে জিতেও গিয়েছিল, তা হঠাৎই যেন হাত থেকে ফসকে গিয়েছিল। পুতুল ফিরতে চাইলো না কিছুতেই। নটবরের চোখের সামনে তার সদ্য গড়ে ওঠা ঘর ঝুরঝুর করে ভেঙে পড়েছিল। নটবর আর নন্দলাল সেই রাতেই ফেরার পথ ধরে। নটবরের কেবল মনে হচ্ছিল তাকে তক্ষুনি এই শহর ছেড়ে চলে যেতে হবে। তার মনে হচ্ছিল এই গোটা শহর, তার মানুষজন, রাস্তা, আলো, গাছগাছালি সবাই নটবরের দিকে বড় অনুকম্পা নিয়ে তাকিয়ে আছে। সবাই যেন তার জন্যে হাহুতাশ করতে ব্যস্ত। কিন্তু নটবর তো ভিক্ষে করতে বেরোয়নি। সে বিনয়ী, ভাবুক মানুষ হলেও একনিষ্ঠ যোদ্ধা তো! তার কাছে ওই আহা-উহু বড় অসহ্য লাগছিল। নন্দলাল নিচে নেমে এসে তাকে অনেক করে বোঝাতে চেষ্টা করেছিল পুতুলের দিকটা। নটবরের মাথায় তখন কিছুই ঢোকেনি। তখন এই শহর থেকে অনেক অনেক দূরে চলে যেতে পারলে সে বাঁচে। গাড়িতে ওঠার আগে তাকাবে না ভেবেও একবার ওপর দিকে তাকিয়েছিল। পুতুল দাঁড়িয়েছিল বারান্দায়। স্থির চোখে দেখছিল কেবল নটবরকেই। দৃষ্টিটা সেই তাদের শুভদৃষ্টির মতনই গভীর, যেন এক চিরন্তন ভরসা যে আশ্রয়টা তারই থাকল!

ফেরার পথে তারা একবার থেমেছিল রাখাল ঘোষালের বাড়িতে। নটবরের একটা মায়া পড়ে গিয়েছিল মানুষগুলোর ওপর। তাই একবার খোঁজ নিতে থেমেছিল। ছন্নছাড়া বাড়িটায় ঢুকেই সামান্য একটা লক্ষীশ্রী টের পেয়েছিল সে। একটা ক্ষীণ তিরতিরে প্রশান্তির হাওয়াও যেন বইছিল। সাধন-সঙ্গিনী যোগিনী তখন পুরো দস্তুর গৃহিণী। মাথায় জটা অবশ্য বহাল ছিল। পক্ষাঘাতগ্রস্ত বুড়ির দেখাশোনা সেই করে মূলত। বুড়ি শুয়ে থাকলেও সমান টরটরে আছে। বোঝা যায় যত্নে আর সম্মানে আছে। রাখাল ঘোষালের কোনো পরিবর্তন নেই। সেই লুঙ্গির ওপর বেনিয়ান পরে, গায়ে শাল জড়িয়ে চুপ করে মন দিয়ে নটবরের কাছে পুরো বৃত্তান্তটা শুনলেন। হাত দুটো পিছনে নিয়ে সামান্য ঝুকে দাঁড়িয়েছিলেন। শুনে কোনো উচ্চবাচ্চ করলেন না। ভাবটা এমন যেন উনি জানতেন এমনটাই হবে। ওঁর ছেলের কোনো খোঁজ পাওয়া যায়নি শুনেও সেই একই অভিব্যক্তি! নটবর সেদিনও ওই মানুষটার গায়ের কোনো গন্ধ পায়নি! তবে সাধুবাবা তাদের খুব অবাক করেছিল। প্রথমে দেখে তো চিনতেই পারে নি নটবর। পরিষ্কার সাদা হাফ-শার্ট, খাকি চোস্ত প্যান্ট আর মাথায় টুপি পরা দাড়ি-গোঁফ কমানো লোকটাকে দেখে কে বলবে যে এই কদিন আগেও সে পুরো দস্তুর সাধুবাবা ছিল! সেদিন খুব বিজ্ঞের মতন নটবরকে বলেছিল একটা গোমেদের আংটি পরতে। তাতে নাকি মন শান্ত হবে। জানা গিয়েছিল সাধুবাবা তখন একটি ছোট্ট মনিহারির দোকান চালায়। রাখাল ঘোষালই করে দিয়েছেন। বোঝা গিয়েছিল গোঁজামিল দিয়ে মেলালেও এই সংসারটা বোধহয় পাকাপাকি মিলেই গিয়েছে!

কলকাতায় ফিরে তখন নটবরের পাগল পাগল অবস্থা। নন্দলাল অবশ্য প্রকৃত বন্ধুর কাজটা করে গিয়েছিল নিষ্ঠা ভরে। সর্বক্ষণ নটবরকে আগলে রাখত। হাজার রকম ব্যবসার কাজে ব্যস্ত থাকলেও দিনের মধ্যে একটিবার অন্তত তার খোঁজ নিয়ে যেত নিজে এসে। আর নটবর তখন মন প্রাণ দিয়ে গড়ে চলেছে নিজের মনকে। প্রতি মুহূর্তে সে তর্ক করত মনে মনে। একবার নটবর হয়ে, একবার পুতুল হয়ে। পালমশাই দেখতেন নটবর প্রায়ই বিড়বিড় করছে আপনমনে। এই কর্মচারিটির প্রতি তাঁর বিশেষ স্নেহ বরাবরই। তাই সজাগ দৃষ্টি রাখতেন। নটবরও জানত যে তার বাপ না থাকলেও, বাপের মতন খেয়াল রাখার বেশ কয়েকটা মানুষ আশপাশে আছেন। শুধু ঘরটাই যা নড়বড়ে! এক সময়ে তার মন শান্ত হয়। কার্যকারণ বোধ জাগ্রত হয়। নটবরের মনে হয়েছিল এবার ফেরা যাক!

ক্যানিংয়ে নেমে বাস ধরে নটবর যখন গোসাবা ফেরিঘাটে পৌঁছয় তখন সূর্য প্রায় মাথার ওপরে। অনেক দিন পরে নদীর দিগন্তবিস্তৃত রূপ দেখে তার বড় আরাম হয়। এই নদীর বাতাসে যেন আপনজনের পরশ লেগে আছে। ফেরিঘাটে দাঁড়িয়ে নটবর টের পায় তার মনটা এখানেই পড়েছিল বরাবর। ফিরে এসে তবে শান্তি! দুচোখ ভরে নদীর রূপ দেখতে দেখতে তার চোখে পড়ে বদর মিঞার নাও। এখনো অনেকটা দূরে। তবে বদর মিঞার নাও দূর থেকে দেখেও চেনা যায়। এই অঞ্চলের সবাই চেনে। ওঁর দাঁড় টানার বা হাল ধরার এক বিশেষ ধরণ আছে। দেখলে কেমন মনে হয় জলের সাথে গল্পগাছা, রং-তামাশা করতে করতে নাও বাইছে। নটবরের আনন্দ হয় খুব। এতটা পথ মিঞার সাথে গল্প করতে করতে ফেরা যাবে। গাঁয়ের হাল-হকিকত খানিক জানা যাবে। নাওটা ক্রমশ কাছে এগিয়ে আসে। এ কি! মিঞার নাওতে এ কাকে দেখছে নটবর! এ যে অবিশ্বাস্য!

 

অবচেতনে পুষে রাখা কোনো বাসনা সচেতনে উপলব্ধি করে তার যথার্থ মূল্যায়ন না করলে, কোনো এক সময়ে তা বোধহয় মানুষের সম্পূর্ণ চেতনাকেই নিয়ন্ত্রণ করতে থাকে। সেক্ষেত্রে মানুষ অনেক সময়েই তার কোনো কোনো কাজের বা মতামতের সঠিক কার্যকারণ ব্যাখ্যা নিজের কাছেই করে উঠতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রেই তার দায় মানুষ ভাগ্যের ওপর চাপায়।

হেলথকেয়ার প্রজেক্টে তিথির সব ব্যাপারে মতবিরোধ, মনোমালিন্য বোধহয় তারই ইঙ্গিত দিচ্ছিল। তিথি বেশ বুঝতে পারছিল কোথাও একটা ভাঙচুর শুরু হয়েছে। হয়ত একটু একটু টেরও পাচ্ছিল ঠিক কোথায় সেটা শুরু হয়েছে। কেবল স্বীকার করতেই ভয় পাচ্ছিল। এমন কি নিজের কাছেও তা লুকিয়ে রাখার খুব খুব চেষ্টা করছিল তিথি। ভয়টা আসলে প্রত্যাশাভঙ্গের। সামাজিক মানুষের মূল যুদ্ধটাই তো প্রত্যাশার সাথে। সে নিজের হোক বা পরিবারের, প্রতিবেশির, স্কুলের, রাজনৈতিক দলের, গোটা সমাজের, দেশের কিংবা পুরো বিশ্বের…...প্রত্যাশা পূরণে ব্রতী গোটা মনুষ্য সমাজ। তাই তিথির মতন মেয়েরও আতঙ্ক হয়, অবচেতনের তীব্র কিন্তু সুপ্ত বাসনাকে সচেতন খতিয়ে দেখতে।

কর্পোরেট জীবন তিথির ভালো লাগছিলো না বেশ কিছুদিন থেকেই। এখানে প্রায় প্রত্যেকটি মানুষ নিজের সমস্ত স্বতন্ত্র চিন্তা, ভাবনা, আবেগ সযত্নে সরিয়ে রেখে সমান্তরালভাবে আরেক দফা তথাকথিত স্বতন্ত্র চিন্তা, ভাবনা, আবেগ তৈরি করে নেয় যা কোম্পানির বাণিজ্যিক উদ্দেশ্যকে অনুমোদন করে থাকে। সেইসব চিন্তা নিয়ে প্রচুর বিতর্ক করে, ভাবনা নিয়ে কার্যশালা হয়। তার জন্যে একদল মানুষ উড়ে যায় সমুদ্রতীরবর্তী কোনো বিলাসবহুল রিসর্টে। কয়েকদিনের কার্যশালায় লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি হয় স্ট্রাটেজি। তথাকথিত আবেগ নিয়ন্ত্রণের জন্যে কাউন্সেলিং সেশন হয়। সাজুগুজু করা কুমোর এসে কলসি বানানোর মাধ্যমে নিয়ন্ত্রিত সুষ্ঠু সমাজ গড়ে তোলার শিক্ষা দেয়। প্লাস্টিক আর কাগজ দিয়ে বানানো ফঙ্গবেনে গাড়ির দৌড়ের প্রতিযোগিতার মাধ্যমে শেখানো হয় সহযোগিতা, দিবারাত্র ইঁদুর দৌড়ে ছুটে চলা মানুষগুলোকে। অগুমেন্টেড রিয়ালিটির মাস্টারমশাই নতুন করে সহবত সেখান, সহকর্মীকে এক ছটাক জমি না ছেড়েও কি অবলীলায় তার দরদী-মরমী সেজে থাকা যায়। আরো কত কি! দিনের পর দিন এই অপার্থিব বুদ্বুদের মধ্যে থাকতে থাকতে মানুষ ওই বুদ্বুদকেই পৃথিবী ভেবে বসে। আর তার পর, নিজের 'আমি'টাকে আর খুঁজে পায় না! কারণ 'আমি'টাতো রয়ে গেছে আসল পৃথিবীতে। সে বড় জ্বালা! মানুষের সব বোধই 'আমি'র ভিত্তিতে। সেটাই নেই হয়ে গেলে খুঁটি উপড়ে যায়। যারা সেটা টের পায় না, তারা ভাগ্যবান। টের পেলেই যত সমস্যা, এই তিথির মতন।

তবে এইসবই তো চেয়েছিল তিথি। নাহলে সেই ক্লাস টেনে পড়ার সময় থেকে IIM র স্বপ্ন দেখবে কেন? কিশোরী তিথির তাক লেগে গিয়েছিল ঋদ্ধিমান দাদার বিয়েতে গিয়ে। ঋদ্ধিমান তিথির পিসতুতো দাদা। আহমেদাবাদ IIM থেকে মাস্টার্স করে সোজা একটি বহুজাতিক সংস্থার মিডল ম্যানেজমেন্ট লেভেলে ক্যারিয়ার শুরু করে। পিসিমনি সারাক্ষন গল্প করতেন দাদার লাইফ স্টাইল আর মাইনে নিয়ে। ওই ধরণের লাইফ স্টাইল তিথি বা তিথির পরিজনেরা শুধু টিভি-সিনেমাতেই দেখতো। দাদার বন্ধুরদেরও কেমন অন্য জগতের মানুষ বলে মনে হতো। এক তীব্র আকর্ষণ অনুভব করত তিথি সেই অদেখা, অজানা, ঝলমলে জগৎটার প্রতি। তিথির মনে হতো ওইরকম একটা জায়গায় পৌঁছুতে পারলে তবেই সিস্টেমকে প্রভাবিত করা যাবে। ধারণাটা খুব একটা ভুল যে ছিল না, সেটা তিথি বুঝেছিল নিজের ক্যারিয়ার দিয়ে। তবে সে এটাও বুঝতে পেরেছিল যে এই প্রভাবিত করার ক্ষমতা এবং ক্ষেত্র, দুটোই নিয়ন্ত্রণ করে কোনো একটি গোষ্ঠী বা গোষ্ঠীসমূহ, যারা সাধারণত শাসন করে থাকে। আর সেখানেই তার বিতৃষ্ণা জাগছিল প্রতিনিয়ত। অনিকেতের সাথে আলোচনা করেছিল তিথি এই ব্যাপারে, বেশ অনেকবারই। কিন্তু অনিকেতের মত মূল নীতির জায়গাটাতেই সম্পূর্ণ আলাদা। বলা যায় অনেকটাই প্র্যাকটিক্যাল। যে লক্ষ স্থির করে পড়াশুনা এবং ক্যারিয়ার গড়া, সেইটাকেই অধ্যাবসায় দিয়ে যত্ন করে কর্পোরেটের কাছে সমর্পণ করা প্রতিনিয়ত। এই ব্যাপারটা অনিকেতের কাছে যতটাই স্বাভাবিক, তিথির কাছে ততটাই দমবন্ধকরা এক পরিবেশ। কিন্তু ওই প্রত্যাশা আর প্রেজুডিসের দ্বন্দ্বে পড়ে তিথি ঘোল খাচ্ছিল। নটবরের সাথে দেখা হওয়াটা মনের সেই আড় ভাঙতে সাহায্য করেছিল।

মাস চারেক আগে তিথির সাথে নটবরের যেদিন প্রথম দেখা হয়, সে ঘুণাক্ষরেও টের পায়নি যে সেই ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। নটবর আর তার সাথের গাঁট্টাগোট্টা লোকটাকে দেখে তিথির প্রথমে একটু সন্দেহই হয়েছিল যে এরা সত্যিই পুতুলের বাড়ির লোক কিনা। হতেই পারে ফোঁড়ে গোছের কোনো ইনফর্মার। খোঁজখবর নিয়ে সুযোগ বুঝে আবার মেয়েটাকে তুলে নিয়ে যাবার প্লান করছে হয়ত। অমিতের পুলিশি জেরা আর আইডেন্টিটি চেক করে আস্বস্ত হওয়া গিয়েছিল। তাও তিথি জানায়নি যে সে পুতুলের খবর জানে। নটবরই সেদিন এক তরফা বলে গিয়েছিল তার মরিয়া অভিযানের কথা। পুলিশ আর এনজিওর লোক দেখে বোধহয় ভরসা পেয়েছিল। তিথিও খুঁটিয়ে প্রশ্ন করে জানতে চেষ্টা করছিল ঘটনার সত্যতা। পরে অমিত আর নম্রতার কাছে আরো জানতে পেরেছিল ভারতবর্ষের উইমেন ট্রাফিকিং ব্যবসার ব্যাপারে। কলকাতা আর মুম্বাই হল এই ভয়ঙ্কর ব্যবসার প্রাণকেন্দ্র। নম্রতা জানিয়েছিল ওদের 'স্বভিমান' দুটো শহরেই খুব এক্টিভ কাজ করে।

এরপরে দিন তিনেক তিথি অনেক ভেবেচিন্তে সিন্ধান্তে পৌঁছয় যে সি-এস-আর নয় সে স্বভিমানের হয়ে ফুলটাইম কাজ করবে। কপালে বড় গোল টিপ পরে, এথনিক ফুলহাতা ব্লাউজের সাথে হাল্কা রঙের দামী তাঁতের শাড়ি পরে, বলগেরির পারফিউমের সুবাস ছড়িয়ে, আর্মানীর ডিজাইনার ওয়াচের সাথে নামী ব্রান্ডের ছিমছাম অক্সিডাইসড গয়না পরে, এসি অফিস থেকে এসি গাড়িতে করে মাঝে মাঝে ফিল্ডওয়ার্ক করে ফেসবুক আর ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে, আর যাই হোক সমাজসেবা হয় না! অনিকেত, মিহরান, সালমা, কাইজার, রোমি সক্কলে তিথিকে অনেক বুঝিয়েছিল। কিন্তু ওই যে, অবচেতনের বাসনা একবার পরিষ্কার হয়ে গেলে পথ নির্ধারণ খুব সহজেই হয়ে যায়। আর হয়েওছিল তাই। এক মাসের মধ্যে তিথি জানতে পারে স্বভিমানের কলকাতা অফিসে একটা পোস্ট খালি হয়েছে। তিথি ওখানেই জয়েন করেছিল। ঘটনাচক্রে তিথির কাজের ক্ষেত্রও হয়েছিল গোসাবা ব্লক। প্রথম দিন ফিল্ডে পৌঁছেই তিথির মন ভরে উঠেছিল। বেশ কয়েকটি ঝকঝকে তরতাজা ছেলেমেয়ে উদ্দীপনায় টগবগ করছে। তিথি তাদের থেকে বয়সে কিছুটা বড়ো হলেও মনের বয়সটা কাছাকাছি। তাই মিলে যেতে সময় লাগেনি মোটেও। গোসাবা টাউনেই একটি বাড়ির একতলাটা ভাড়া নিয়েছে তিথি। ছিমছাম সুন্দর আটপৌরে একটা বাড়ি। সামনে ছোট্ট একটু বাগান মতন। একদিকে একটা আমগাছ। তিথি শুনেছে খুব সুস্বাদু আম হয়। বাড়িওয়ালার মায়ের লাগানো গাছ। বাড়িটা দেখে একনজরেই তিথির পছন্দ হয়ে গিয়েছিল। বাড়িওয়ালা আর ওঁর স্ত্রী থাকেন দোতলায়। দুজনেই খুব ভালোমানুষ। সত্তরের ঘরে বয়স। সারাজীবন কলকাতায় বাস করে চাকরি করেছেন। কৃতি ছেলে বিদেশে থাকে। রিটায়ারের পর দুজনেই ঠিক করেন মাটির কাছাকাছি থাকবেন। তাই এই পৈতৃক বাড়িতেই এসে ওঠেন। ওঁরা ঠিক বাড়ি ভাড়া দিতে চাননি। তিথির এক কলিগের মারফত তিথির বৃত্তান্ত শুনে ভদ্রলোক একবার আলাপ করতে চেয়েছিলেন। দারুন মানুষ। কিছুদিন আগে এক অদ্ভুত রোগে শ্রবণশক্তি হারান উনি। কিন্তু ভাগ্যের কাছে হার না মেনে, এই বয়সে স্মার্টফোন কিনে, মেসেজিং শিখে তাই দিয়ে কথোপকথন চালান। শুধু তাই নয়, চমৎকার লিপ-রিডিং করতে পারেন। আর ওঁর স্ত্রী খুব মিষ্টি আর মজার মানুষ। তিনি একটু হাসির ঘটনাতেই হেসে গড়িয়ে পড়েন। নানান রকম মজার কথা কল্পনা করে নিজে নিজেই হাসতে থাকেন। তিথি বিলক্ষণ বুঝেছিল তার মনের মধ্যে ঝড়ের যেটুকু অবিশিষ্ট আছে তা এই বাড়ি আর এই মানুষ দুজনই পারেন সামাল দিতে।

বদর মিঞার নাওয়ে তিথিকে দেখে নটবর যতটা চমকেছিল, তিথিও নটবরকে দেখে ততটাই অবাক হয়েছিল। দীর্ঘ নদীপথে নটবর শুনেছিল তিথির নতুন জীবনের কথা। বদর মিঞাও নতুন করে চিনেছিল এই এনজিও দিদিকে। তিথির কাজ তখন চলছিল ময়নামতির চরে। বদর মিঞাই তার কান্ডারি। কোনো কোনো দিন অনেক রাত হয়ে গেলে তিথি ময়নামতির চরেই থেকে যায়। ওর টিমের কয়েকজন ওখানে ক্যাম্প করে থাকে। মন্দ লাগে না। বেশ একটা পিকনিকের মতন। তবে তিথির সবথেকে প্রিয় জায়গাটা হল রতন খুড়োর চায়ের দোকান। খালি দোকানটায় রতন খুড়ো সারাদিন বসে ঝিমোয়। সন্ধে নামার একটু আগে তিথি এসে বসে বাখারীর বেঞ্চিটাতে। আদিগন্ত বিস্তৃত বিদ্যেধরির ওপর মন কেমন করা ধূসর সন্ধ্যে নামে। গাঁয়ের বাড়িগুলি থেকে শঙ্খের আওয়াজ ভেসে আসে। তার সাথে মেশে আজানের বোল। জলের ছলাৎ ছলাৎ শব্দের সাথে ভেসে আসে কোনো উদাসী মাল্লার ভাটিয়ালির সুর। প্রকৃতি একটু জিরোতে চায়। তিথির মনে হয় এটাই তার ঠিকানা।

 

© Suman Dutta

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2 comments:

  1. নানা রঙের চরিত্রগুলি ভারী ভালো লাগল। আপনার লেখা আমার প্রিয় লেখককে মনে পড়ায়। আরও পড়ার অপেক্ষা র‌ইল।

    ReplyDelete
  2. Oshesh dhonyobad, apnake. Apnar priyo lekhok jodi Shirshendu Mukhopadhyay hon, tahole amra ek dole :)

    ReplyDelete