Sunday, August 2, 2020

মন চলো নিজ নিকেতনে

জয়েন্ট এন্ট্রান্সের লিস্টে রোল দেখতে পাওয়া আর জয়েন্ট রোল করে কয়েকটা টান মেরে নিজের ইচ্ছেগুলিকে সামনে দেখতে পাওয়া কতকটা একই রকম। উভয় ক্ষেত্রেই ‘আমি’ র আমিত্ব কে কাছ থেকে অনুভব করা যায়। Trust me, it's indeed a rare feeling we hardly ever get. বিছানা থেকে বাথরুম, গোয়াল থেকে গয়না, হেঁশেল থেকে হারমোনিয়াম, সুক্ত থেকে সর্বেত, সর্বত্র আমরা রোল প্লে করতে করতে সতত আমিত্ব কে বিসর্জন দিয়ে থাকি, অজান্তে।
বহু বছর আগে, একটি শুক্রবারে সন্ধে নাগাদ অফিসের লবিতে এসেছিলাম কফি নিয়ে একটা সিগারেট খেতে। শীতের দিল্লি তখন সবে প্রস্তুত হচ্ছে আরেকটি কুয়াশা ঘন সন্ধ্যার সাথে রাতভর সহবাসের জন্যে। রাস্তার আলোগুলি সদ্য জ্বলে উঠে অবাক চোখে এদিক ওদিক দেখছে, কুয়াশার দল লাজুক পায়ে একে একে এসে জমা হচ্ছে ছোট ছোট দলে। কফিটা একটু বেশিই ভালো লাগছে। ঘোরটা ভাঙলো আমার এক বন্ধুর ডাকে। বন্ধু মানে, সিগারেট খেতে এসে মাঝে মধ্যে মেয়েটির সাথে খুচরো আড্ডা হয়। মজার মানুষ। ভালো ছবি দেখে, গান শোনে, বই পড়ে, আর smoke করে, টোব্যাকো এবং অন্যান্য। নাম, ধরা যাক চিত্রাঙ্গদা। এই নামটি মনে এলো ওর স্বভাবটা থেকে। যাই হোক, চিত্রাঙ্গদা ওর জয়েন্টটা আমার দিকে বাড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, “shall we go for a drink out this evening, we can go for movie after that. Dil Chahta Hai বলে একটি ছবি এসেছে, I loved it। I don't mind one more time “। জয়েন্টে ততক্ষনে দুটো টান দিয়ে বেশ ভালো লাগছে। বললাম এক ঘন্টায় wrap up করে আসছি। আরো দু চারটে টুক টাক খুচরো কথা বলে, কফি আর সিগারেট টা শেষ করে লিফটের সামনে গিয়ে আর অফিসে ফেরত যেতে ইচ্ছে হলো না। আমিত্ব র অনুভূতি যে কখন আসবে তার খবর বাবাজির দল বা FBI কেউ জানে না!
রানিক্ষেত এক্সপ্রেস নাগাড়ে ছুটে চলেছে প্রায় গত দুঘন্টা ধরে। স্টেশনে পৌঁছে তাড়াহুড়োয় ট্রেন ধরতে গিয়ে টিকেট কাটার সময় হয়নি। তাই TC উঠতেই এগিয়ে গিয়ে একটা টিকেট কেটে নিলাম, কাঠগোদামের। এই ট্রেনটির নাম রানিক্ষেত এক্সপ্রেস হলেও, যায় কাঠগোদাম অবধি। রানিক্ষেত সেখান থেকে আরো প্রায় পাঁচ ছ ঘন্টার সড়ক যাত্রা। এই সবই জানলাম TC শরৎ শর্মা র থেকে। টিকেট চেক হয়ে গেলে নিজেই ডেকে নিলেন আড্ডা মারতে। উনি নামবেন রামপুরে, যেখান থেকে জিম করবেট ন্যাশনাল পার্ক খুবই কাছে। শর্মাজি এক্কেবারে আটপৌরে কিন্তু স্নেহময় একজন বছর পঞ্চাশের মানুষ। আমি নিজে গিয়ে টিকেট কেটেছি বলে খুব খুশি হয়েছেন, কারণ তেমনটা নাকি কেউই করে না। বুঝলাম খুশি হয়েছেন বলে আবেগে এটা বললেন। তবে আমাদের দেশের একটি বিরাট মানসিক উন্নতির ক্ষেত্র হল, সাধারণ নাগরিক করতব্যগুলিকে মহানতার পর্যায়ে না ফেলা। কারণ সেক্ষেত্রে মানুষের মহান না হবার একটা option থেকে যায়! উনি খুব অবাক আর ততধিক চিন্তিত হয়ে পড়লেন আমার কোনো গন্তব্য নেই জেনে। সত্যিই নেই। সেই যে অফিসের লিফটের সামনে গিয়ে মনে হলো, তারপর আর অফিসে ঢুকিনি। আমার Boss (one of the best Boss in my career) কে Reception থেকে একটা ফোন করে জানালাম একটা ব্রেক চাই। উনি জানতেন আর most importantly চিনতেন আমায়, তাই আর না করেন নি। শুধু জিজ্ঞেস করেছিলেন এক সপ্তাহের মধ্যে ফিরছি কি না আর এই ব্রেকের মধ্যে একটা presentation র কাজ করতে পারবো কি না। প্রথমটির উত্তরে হ্যাঁ আর পরেরটি না জানিয়ে, অনুরোধ করলাম আমার ল্যাপটপটা উনি যেন সঙ্গে করে নিয়ে যান। আফসোস হচ্ছে চিত্রাঙ্গদাকে জানাতে পারিনি আমার এই change of plan র কথা। মোবাইল ফোনের প্রশ্নই নেই তখন। খুব সামান্য কিছু পয়সাওয়ালা লোকের কাছে তখন মোবাইল ফোন থাকতো। কুছ পরোয়া নেহি, ফিরে এসে Manage করে নেব। চট করে বাড়িতে ঢুকে কয়েকটা জামাকাপড় আর অত্যাবশ্যক জিনিস নিয়ে সোজা পুরানো দিল্লী রেলওয়ে স্টেশন এবং বিনা টিকেটে রানিক্ষেত এক্সপ্রেসে পদার্পন। আপাতত গন্তব্য কাঠগোদাম, তারপর ভাববো। শর্মাজি শুধু শেষটুকু জানেন আর তাতেই খুব চিন্তিত। উল্টে আমি ওঁকে আশ্বাস দিয়ে বললাম আমার কিছু পরিচিত মানুষ কুমায়ুনে আছেন। সুতরাং ব্যবস্থা একটা হয়ে যাবে। সাদা নির্জলা মিট্যাচারণ, তবে উনি একটু নিশ্চিন্ত হয়ে টিফিন ক্যারিয়ার বার করে গুছিয়ে বসলেন। আমার দিকে বাড়িয়ে দিলেন একটি বাটি, আলুর পরোটা আর আচার। আহ! শুধু স্বাদ নয়, চোখের সামনে দেখতে পেলাম পশ্চিম দিল্লীর বা যমুনাপারের কোনো রেল কোয়ার্টারের এক চিলতে রান্নাঘরে বসে, একজন স্ত্রী তার স্বামীর জন্য যত্ন করে বানাচ্ছেন এই মহার্ঘ পরোটা, আর বড় কথা হলো এটা হয়তো তিনি করে চলেছেন গত বিশ পঁচিশ বছর, নিরন্তর, এতটাই ভালোবাসা নিয়ে! অনুভব করলাম ভেতরটা ভালোলাগায় পরিপূর্ণ হয়ে উঠলো। এই না হলে আহার! আমার সশ্রদ্ধ ভালোবাসা থাকলো এই দম্পতির জন্য। তাই আর ধন্যবাদ দিয়ে ব্যাপারটাকে খেলো করতে চাইনি। বরং তৃপ্তি করে খেয়েছি।
ট্রেনটি কাঠগোদাম পৌঁছলো ভোর সাড়ে পাঁচটা নাগাদ। ছোট্ট স্টেশনটায় নেমেই মনটা ফুর্তিতে ভরে উঠল। মোরাম বিছানো প্লাটফর্ম, দুটো বড়ো শিমুল গাছ ঘিরে বাঁধানো চাতাল, কুয়াশার ফাঁক ফোঁকর দিয়ে উঁকি মারছে পর্বতমালার অংশ বিশেষ। চা আর গরম কচুরির গন্ধে মাতোয়ারা চারপাশ। সব মিলিয়ে জীবন জমজমাট। স্টেশন চত্বরে প্রচুর Jeep আর প্রাইভেট ট্যাক্সির ভিড়। Jeep গুলি শেয়ারে যায় এবং নির্দিষ্ট গন্তব্যে। ড্রাইভাররা তারস্বরে চেঁচিয়ে চলেছেন, আলমোরা, কৌশনি, চৌকোরি, মুন্সিয়ারী, দিদিহাট…… দিদিহাট নামটি প্রথম শুনলাম। খুব মিষ্টি নাম। মনে মনে ঠিক করলাম দিদিহাটেই যাবো। তবে আপাতত কাঠগোদামটা একটু ঘুরে দেখা যাক। শীতের ভোরের আলস্য নগরজীবনের প্রতিটি কোনে। স্টেশন চত্বরের দোকানপাট খুললেও, বাকি কাঠগোদাম তখনো লেপের তলায়। শুনশান রাস্তা দিয়ে হাঁটতে বেশ লাগছিলো। দুপাশে মূলত ইউক্যালিপটাস গাছের সারি। মফস্বল শহরের মধ্যবিত্ত একটি পাড়ার মধ্যে দিয়ে উদ্দেশ্যহীন ভাবে হেঁটে চলেছি। এই শতাব্দীর গোড়ার দিকে মানুষের মনে অবিশ্বাসের ভাব অনেক কম ছিল। তাই কেউ আমায় খামোখা আতংকবাদী বা ছেলেধরা ভাবেনি। অবশ্য জেগে থাকলে তো ভাবাভাবির প্রশ্ন আসছে। হঠাৎই চোখ আর পা দুটোই আটকে গেলো একটি ছোট্ট একতলা বাড়ির সামনে এসে। এক্কেবারে ছবির মতন। বাড়িটির সামনে একপ্রস্থ বাগান আর বাড়ির পিছন দিকে বড় বড় দেবদারু আর ইউক্যালিপটাস গাছের চালচিত্র গোটা বাড়িটার একটা ভীষণ আকর্ষণীয় চরিত্র তৈরি করেছে। আর এই পুরো ব্যাপারটা একটা Cinematic মাত্রা পেয়েছে, কারণ এই দুর্দান্ত বাগানে একটি বেতের টি-টেবিলে টিকুজি বসানো চা র সরঞ্জাম সাজান আর তার পাশে ঠিক ষাটের দশকের পাহাড়ি সন্যালের মতন একজন মানুষ চোখে দূরবীন লাগিয়ে কিছু দেখে চলেছেন। জীবনে আর কখনো চা র প্রতি এতটা লোভ হয়নি। ওই মুহূর্তে gate র বাইরে দাঁড়িয়ে মনে হয়েছিল এই ভোরে এই বাগানে বসে এক পেয়ালা চা না খেলে জীবন বৃথা। পাহাড়িবাবুর দূরবীন এ আমার এই মনোভাব বোধয় ধরা পড়লো আর তাই হাতছানি দিয়ে ভিতরে আসতে ইশারা করলেন। অরণ্যের দিন রাত্রি ছবিতে এই ধরণের একটি সিকোয়েন্স ছিল। তাই মন বললো চা র সাথে টা ও পাওয়া যেতে পারে। ঢুকে পড়লাম gate খুলে।…..
ভীমতালের কাছে একটি ছোট্ট ধাবায় আমরা থেমেছি চা খেতে। কুমায়ুনের বিভিন্ন তাল, অর্থাৎ জলাশয় সম্বলিত পর্যটন স্থানগুলির মধ্যে আমার সবথেকে প্রিয় তাল্লিতাল আর তারপরই ভীমতাল। কাঠগোদাম থেকে সামান্যই দূরত্বে অবস্থিত ভীমতাল খুব একটা উঁচুতে না হলেও, হিমালয়ের গন্ধ আসতে শুরু করে এখন থেকেই। মহাভারতের যুগে, পাণ্ডবদের অজ্ঞাতবাসকালে দ্বিতীয় পাণ্ডব ভিমসেন নাকি এখানে কিছুকাল বাস করেন আর সেই থেকেই এই জলাশয় কেন্দ্রিক গ্রামটির নাম হয় ভীমতাল। পরবর্তী কালে কুমায়ুনের চাঁদ বংশের রাজা বাজ বাহাদুর এখানে নগরপত্তন করেন। আর মজার ব্যাপার হলো এই ভীমতাল আর তাকে ঘিরে নগরজীবন পুরোটাই হাইওয়ের ওপরে। NH109 কে ‘বুড়ি ছুঁয়ে’ থাকে ভীমতাল আর সেখানকার মানুষ ক্ষণে ক্ষণে ফিরে আসে একে অপরকে ‘ধাপ্পা’ করতে!
আমাদের ড্রাইভার, সেও বাজ বাহাদুর, সবাইকে তাড়া দিয়ে গাড়িতে তুলছে। এখনো অনেক দূর যেতে হবে। দিদিহাট এখান থেকে আরো ছয় সাত ঘন্টার পথ, কারণ আমরা যাবো থামতে থামতে। আমার ঠিক পাশটিতে বসে এক সাধুবাবা ছিলিম টানছিলেন। চা শেষ করে, তাঁকে এক পাতা Gelusil আর Combiflam দিয়ে, তার ব্যবহার বুঝিয়ে, ছিলিমে দুটো বড় টান মেরে, ‘ব্যোমভোলে’ বলে চেপে বসলাম বাজ বাহাদুরের গাড়িতে।
কুমাউন আমার সবথেকে পছন্দের হিমালয় রেঞ্জ। এখানে হিমাচলের মতন বাণিজ্যিক তৎপরতা অথবা গারোয়ালের মতন তীর্থ যাত্রীর ভিড় নেই। আছে দিগন্ত বিস্তৃত সবুজ ঢাকা পর্বতমালা, ঘন নীল আকাশ আর তাতে পেঁজা তুলোর মতন মেঘের আনাগোনা, কটা রঙের নদীর উপত্যকা, দুধসাদা জলের ফেনা সম্বলিত নদীর বয়ে যাওয়া আর এই সব রঙের মিশেলে তৈরি কুমায়ুনের মানুষ। এত রঙের সম্মেলনেও যে মানুষের মন এত স্বচ্ছ হতে পারে, তা এখানকার মানুষের সাথে না মিশলে কিছুতেই বোঝা সম্ভব নয়। মানুষের কথায় মনে পড়লো, সেই যে gate খুলে ঢুকে পড়েছিলাম কাঠগোদামের এক গৃহস্থ বাড়িতে, সে কথা তো বলাই হয় নি। বাগানে পা রেখেই বুঝেছিলাম এই গৃহে মানুষের সাথে মন ও বাস করে। পাহাড়ি সান্যাল এগিয়ে এসে আপ্যায়ন করে বসালেন তাঁর সামনের চেয়ারটিতে। জানলাম ওঁর নাম মুকেশ জোশি। Retired Army Major জোশিজি এখন পাকাপাকি ভাবে এই কাঠগোদামেই থাকেন। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরেছেন সারা জীবন। অচিরেই এক উর্দি পরা খানসামা উদয় হয়ে আমাদের সামনে কিছু কুকিজ আর ব্রেডরোল রেখে গেলেন, চা র সাথে টা। বুঝলাম retire করলেও পুরোদস্তুর মিলিটারি আদবকায়দায় জীবন যাপন করে চলেছেন বছর পঞ্চাশের এই মেজরসাব। টুকটাক কথা চলছিল চা র সাথে। শুরুতে একটু আড়ষ্ট হলেও একটু পরেই কথাবার্তা বেশ স্বচ্ছন্দ হয়ে ওঠে। কথায় কথায় জানলাম ওঁর নাতি, রাহুল আজ ফিরে যাচ্ছে তার বাড়ী, পিথাওরাগার এ। এই বাড়ীতে সস্ত্রীক জোশি জি থাকেন আর থাকেন এই খানসামা আর ওঁদের কুকুর Lucky। বিশাল আকারের একটি Bullmastiff আর সে দুর্দান্ত গম্ভীর এবং সম্ভবত কিঞ্চিৎ বিরক্ত। আমার মনে হল ওটির নাম বার্বারিকা হওয়া উচিত ছিল। বার্বারিকা ছিলেন ভীমসেনের নাতি, ঘটৎকচ আর নাগকন্যা আহিলাবতীর পুত্র। বার্বারিকার জীবনের ব্রত ছিল উনি লড়বেন হেরে যাওয়া দলের হয়ে আর তাই কুরুক্ষেত্রের যুদ্ধে উনি শুধুই দর্শক হয়ে ছিলেন।
যাই হোক, আমি দিদিহাট যাবো শুনে জোশি জি বললেন আমি রাহুলের সাথেই আমি যেতে পারি। কাঠগোদামের এক ড্রাইভার পরিচিত কিছু যাত্রী নিয়ে সপ্তাহে দু তিনটি ট্রিপ করেন, কখনো পিথাওরাগার অথবা মুন্সিয়ারী কিংবা গঙ্গোলীঘাট। সেই থেকে আমি বাজ বাহাদুরের Jeep এ আরো পাঁচ জন যাত্রী ও রাহুলের সহযাত্রী। রাহুল এবার Board exam দিয়েছে। কৈশোর এখনো যাই যাই করেও গড়িমসি করে চলেছে, তাই সকাল থেকেই সে এক মনে Tintin পড়ে চলেছে। তার কাকা দিল্লী থেকে এনে দিয়েছে। আর আমি বকবক করে চলেছি বাজ বাহাদুরের সাথে। বছর বিশেকের ছোটখাটো ছেলে বাজ বাহাদুর ওস্তাদ ড্রাইভার। গাড়ি চালানো শেখে তার বাবার কাছে, বারো বছর বয়সে। পাহাড়ে গাড়ি চালাবার কিছু অত্যাবশ্যকীয় নিয়ম আমি জেনেছিলাম ওর থেকে। পরবর্তী কালে হিমালয়ের বিভিন্ন অংশে অনেক গাড়ি চালিয়েছি এবং একবার এর একটি নিয়ম না মেনে খুব বিপদে পড়েছিলাম। সে আখ্যান হবে আরেকদিন।
দিদিহাট যাবার দুটি রাস্তা, ভাগ হয়ে যায় সীম নামের একটি ছোট্ট গঞ্জ থেকে। একটি রাস্তা রানিক্ষেত, সোমেশ্বর, চৌকোরি হয়ে, আরেকটি জুরাসি, লাট, সিলকটে হয়ে। আমাদের গাড়ির এক যাত্রী লাটে যাবার ছিল (বাংলা অর্থটা ভেবে পেট গুলিয়ে হাসি আসছিল), তাই আমরা লাটে ওঠার রাস্তাটাই ধরলাম! দুটি রাস্তা আলমোরা জেলার দুপাশ দিয়ে যায়। আমাদের রাস্তায় গাড়ির দাপট বেশ কম, তাই বাজ বাহাদুরের পক্ষীরাজ বেশ জোরেই দৌড়োচ্ছে। আশপাশের টোপোগ্রাফিটা বদলাতে শুরু করেছে। ছোট ছোট পাহাড়ের বদলে এবার বড় বড় পর্বতমালার মাঝে মাঝে একআধটা তুষারশুভ্র শৃঙ্গ উঁকি দিচ্ছে মাঝে মাঝে। দুপাশের জঙ্গল মূলত পাইন গাছের। মাটির রঙ বেশ লাল। এই ভর দুপুরেও চারপাশ নিস্তব্ধ, ঝিঁঝি পোকার ডাক। কেবল আমাদের গাড়ির ইঞ্জিনের শব্দটাই খুব বেমানান। ঝলমলে রোদ থাকলেও ঠান্ডাটা মালুম হচ্ছে বেশ। বাতাসটা যে হিমেল পর্বতশৃঙ্গ ছুঁয়ে আসছে, তা বেশ ঠাওর হচ্ছে। সিলকোটে দুপুরের খাওয়া সেরে আবার যাত্রা শুরু। এবার হিমালয় শৃঙ্গমালার পঞ্চচুলির পাঁচটি তুষাবৃত শৃঙ্গ বরাবর দৃশ্যমান। দুপাশের দৃশ্য এতই মনোরম হয়ে উঠছে ক্রমশ যে আমার বকবকানি আপাতত বন্ধ। প্রাণ ভরে শুষে নিচ্ছি অমল বাতাস। পাহাড়ের একটা সুন্দর গন্ধ আছে, পাইন দেবদারু জঙ্গল, শুকনো পাতা, পাহাড়ি নাম না জানা ফুল আর মনের বিশুদ্ধতা মিলে এই গন্ধের সৃষ্টি। যে কোনো ব্র্যান্ডেড পেরফউমের বেস-নোট এর ধারে কাছে আসে না।
দিদিহাট পৌঁছলাম সন্ধে ছয়টা নাগাদ। শারীরিক ক্লান্তিটা থাকলেও মানসিক আনন্দ এত বেশি ছিল যে KMVN রেস্ট হাউসে চেকইন করে ফ্রেশ হয়েই বেরিয়ে পড়লাম পাড়া বেড়াতে।
দিদিহাট নামকরণ হয়েছিল কুমায়ুনই শব্দ ‘দণ্ড’ অর্থাৎ ছোট্ট পাহাড়, থেকে। শিরাকোটের Feudal Lord রাইকা মাল্লা এখানে স্থাপন করেন দেব মালায়া নাথের মন্দির। নিয়মিত পূজা অর্চনা ছাড়াও অনেক ভক্ত সমাগম হয় এই মন্দিরে। রাজা হরি মাল্লার সময় অবধি দিদিহাট ছিল নেপালের দোটি রাজ্যের অন্তর্গত এবং মাল্লাদের শাসনাধীন। 1581 AD নাগাদ চাঁদ রাজারা মাল্লাদের থেকে দিদিহাট ছিনিয়ে নেয় যুদ্ধের বিনিময়ে। কারণ মূলত চাষের উর্বর জমি যা ওই অঞ্চলে খুব একটা সহজলভ্য নয়। সে অনেক দিন আগের কথা। আপাতত 2003 র এক হিমেল সন্ধ্যায় দিদিহাটের একটি ছোট্ট চা র দোকানে বসে চা খেতে খেতে দিদিহাটের ইতিহাস আলোচনা করছিলাম বর্ষীয়ান মানুষ দিনু রাই র সাথে। সামান্য একটুখানি বাজার এখানে। একটি চা-মিষ্টির দোকান, দুটি মুদিখানা এবং স্টেশনারি, একটি সেলুন, কয়েকটি ছড়ানো ছিটানো কাঁচা বাজারের ঠেলা আর একটি কাপড় চোপড়ের দোকান। ব্যাস এই। বাজারে এক কোনে বাস স্ট্যান্ড আর জীপ দাঁড়াবার জায়গা। সেখানে একটি ছোট্ট খাবার হোটেল। আমিও ভাবছি রাতের খাবার ওখানেই সারবো। চারপাশে এখন মিশকালো অন্ধকার। ছোট্ট এই জনপদ ঘিরে রয়েছে তুষারাবৃত পঞ্চচুলি আর ত্রিশূল শৃঙ্গমালা। রাস্তায় লোক চলাচল ক্রমেই কমে আসছে। এখানে নাকি লেপার্ডের উপদ্রব আছে তাই কেউ খুব একটা রাত অবধি বাইরে থাকেন না। ঘোর কাটলো দিনু রাইয়ের ডাকে। গাঢ় ঘুরিয়ে দেখি ওঁর পাশে এসে বসেছেন ছোট খাটো চেহারার একজন মানুষ। পরনে একটি মলিন কোট তার ভেতর থেকে ফুলতোলা সোয়েটার উঁকি মারছে। কোটটি শেষ কবে ইস্তিরি হয়েছে বলা মুশকিল। মানুষটির মুখেও ইস্তিরি না হওয়া অনেক অপ্রয়োজনীয় ভাঁজ। বয়েস আন্দাজ করা মুশকিল। চল্লিশ থেকে ষাট র মধ্যে। পড়খাওয়া তামাটে গায়ের রঙ বলছে ইনি খেটে খাওয়া মানুষ। কোটরাগত চোখ দিয়ে একমনে আমায় দেখছেন। হঠাৎই ফস করে বাংলায় জিজ্ঞেস করে উঠলেন, “আপনি বাঙালি?” কিমাশ্চর্যম! ইনি বাঙালি নাকি? দেখে তো ট্যুরিস্ট বলে মনে হয় না। উনিই আবার কথা বললেন, “আমার নাম শ্রী কালাচাঁদ রাউত। আমি এখানকারি বাসিন্দা। আপনি কি বেড়াতে?” এবার উত্তর দিতেই হয় তাই ভদ্রতাবশত হাত জোড় করে বললাম, “আজ্ঞে হ্যাঁ, আমি বাঙালি। বেড়াতেই এসেছি বটে।”
কালাচাঁদবাবু খুঁটিয়ে খুঁটিয়ে আমার ইতিবৃত্তান্তত জানলেন। নিজেও জানালেন উনি একজন রাস্তা তৈরির ঠিকাদার। আদি বাড়ি হাওড়ার রামরাজাতলায়। খুব ছোটবেলায়, প্রায় পঞ্চাশ বছর আগে বাপ মায়ের সাথে আলমরায় আসেন। ওঁর বাবা সিভিল ইঞ্জিনিয়ার হয়ে চাকরি করতে আসেন এখানে। তখন আলমোরা থেকে পিথাওরাগার রাস্তা তৈরি হচ্ছে। জিম করবেট তখন মারা গিয়ে থাকলেও গোটা কুমায়ুনে তখনো বাঘ আর লেপার্ডর খুব দৌরাত্ম। আমার ভিতরের লালমোহন বাবু বলে উঠলেন, ‘আপনাকে তো কালটিভেট করতে হচ্ছে মশাই। ঝুলে পড়বো নাকি আপনার সাথে?’ আমার মনের কথাটা বোধয় আন্দাজ করলেন কালাচাঁদবাবু। হঠাৎই উঠে দাঁড়িয়ে বললেন, “চলো, আজ রাতে তুমি আমার বাড়ীতে খাবে।” আমি এতটা আশা করিনি! ভাবছি কি বলবো, কিন্তু উনি আমাকে আরো অবাক করে বলে উঠলেন, “মদটা তুমিই কিনো।” বলে হাঁটা দিলেন। আমিও গল্পের আশায় ওঁর পিছু নিলাম। বাজার অঞ্চল থেকে বেরিয়েই টের পেলাম অন্ধকারের মধ্যে কেউ রুপোলি রঙের স্প্রে পেইন্ট করে রেখেছে! আজ না হলেও, বুঝলাম পূর্ণিমা আগত। ত্রিশূলের শৃঙ্গগুলি সেই জ্যোৎস্না মেখে প্রচন্ড দর্পে যেন তাকিয়ে আছে আমারই দিকে। ভাবলাম মাল্লা রাজারা কি এমনি ছিলেন? প্রকৃতিই তো প্রকৃতি তৈরি করে!
দিদিহাট ছেড়ে যেতে বেশ মন খারাপ লাগছে। গত দেড় দিনেই দিদিহাট খুব মনের জায়গা হয়ে উঠেছে! ছোট্ট এই জনপদে সেভাবে দ্রষ্টব্য প্রায় কিছুই নেই। হিমালয়ের অন্যান্য ছোট গঞ্জেরই মতনই এই দিদিহাট, অথচ মানুষকে আপন করে নেওয়ার ক্ষমতা অনন্য। সেটা প্রথম টের পাই চায়ের দোকানে বসে দিনু রাইয়ের সাথে গল্প করার সময়ে আর তারপর আর ভালো করে অনুভব করি কালাচাঁদ রাউতের আতিথেয়তায় এবং আরো অনেক ব্যাপারে। গত পরশু সন্ধ্যায় আমি হাঁটা দিই কালাচাঁদ বাবুর সাথে। বাজার অঞ্চল থেকে বেরিয়েই দেখতে পাই সমস্ত চরাচর জ্যোৎস্নায় ভাসাভাসি! অদ্ভুতুড়ে মায়াবী এই আলোয় চতুর্দিকে ম্যাজিক ঘটে চলেছে! একটি কুকুরকে দেখে নেকড়ে মনে হলো অথবা হতেও পারে নেকড়ে, বড় কুকুর ভেবে মনকে আশ্যস্ত করছিলাম। আশপাশের পাহাড়ি জঙ্গল থেকে যে কোনো মুহূর্তে Hagrid আর Fang বেরিয়ে আসতে পারে। বাঘের ভূত হালুম থাকলেও থাকতে পারে। প্রচন্ড ঠান্ডায় পকেট থেকে হাত বার করে সিগেরেট ধরাতেও ইচ্ছে হচ্ছে না। কালাচাঁদ বাবু হাঁটছিলেন আমার একটু আগে আগে। ভদ্রলোকের বয়স হয়েছে, কিন্তু হাঁটার গতি বেশ। সেই গতির সাথে তাল রাখতে আমার বেশ অসুবিধাই হচ্ছিল। তাই আমি হাঁটছিলাম আমার মতন। হঠাৎই খেয়াল করলাম কোত্থেকে আরেকজন মানুষ জুটে গেছেন কালাচাঁদ বাবুর সাথে। মনে পড়ে গেলো, শীর্ষেন্দুবাবুর ফজল আলী আসছে। ইনি কি ফজল আলী!
আপাতত আমরা থেমেছি জউলজিবি নামের একটি জায়গায়। আমার গন্তব্য ধারচুলা। এটি পিথাওরাগার জেলার একটি বেশ গুরুত্বপূর্ণ স্থান। এই ধারচুলা থেকেই শুরু হয় কৈলাশ মানস সরোবর যাত্রা। আমার এই গন্তব্য স্থির হয় কালাচাঁদ বাবুর বাড়িতে বসে, নারায়ণ স্বামীর কথা শুনতে শুনতে। খুব ইন্টারেস্টিং চরিত্র এই নারায়ণ স্বামী। 1936, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের বছর তিনেক আগে স্থাপিত হয় এক আশ্রম এই পিথাওরাগার জেলায়। স্থাপন করেন লাহোরের ইঞ্জিনিয়ার নারায়ণ স্বামী। উনি যাচ্ছিলেন কৈলাশ মানস সরোবরের উদ্দেশ্যে। বলা বাহুল্য তখন এই পথ ছিল ভয়ঙ্কর দুর্গম আর শ্বাপদ সংকুল। শুধু লেপার্ড নয়, তখন গোটা কুমায়ুনে বড় বাঘের দাপট প্রচন্ড। যাত্রাপথে ওখানকার মানুষের দারিদ্র্য এবং অশিক্ষা ওঁকে ভীষণভাবে নাড়া দেয়। তাই উনি আর ঘরে ফিরে জাননি। থেকে গিয়েছিলেন ধারচুলায় আর তিল তিল করে গড়েছিলেন এই আশ্রম, মূলত শিক্ষাদানের উদ্দেশ্যে। তখন ধারচুলার নিকটবর্তী গঞ্জ আলমোরা, দূরত্ব দুশো কিলোমিটারের বেশি। সড়ক পথ না থাকায়, এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগতো প্রায় তিন হপ্তা। তাই নারায়ণ স্বামীকে আশ্রম গড়ার সামগ্রী জোগাড় করতে হয় ওই অঞ্চলে থেকেই। ওঁর ক্রিয়েটিভ মাইন্ড আর ইঞ্জিনিয়ারিং জ্ঞান দিয়ে তৈরি হয় এই আশ্রম। পাথরের চাঙর গাঁথা হয় ডাল আর গুড়ের তৈরি মশলা দিয়ে। অবশ্যই আরো জিনিস মেশানো হয়েছিল যাতে এই গাঁথনী পোক্ত এবং টেকসই হয়।
ড্রাইভার এসে এক প্রস্থ তাড়া দিয়ে গেল জলদি চা জলখাবার সেরে নিতে। আমার নড়তে ইচ্ছা হচ্ছিল না একটুও। বড় মায়াবী এই ছোট্ট জউলজিবি। এখান থেকেই আমাদের সঙ্গ নিয়েছে কালি নদী। জলের রং গাঢ় নীল, পাথরে প্রচন্ড বেগে ধাক্কা খেতে খেতে একরোখা হয়ে এগিয়ে চলেছে এই নদী। যেন আলতামিরার বাইসন! দারুন জেদ, দুরন্ত আত্মবিশ্বাস মিলে সে কি attitude এ নদীর! প্রেমে না পড়ে উপায় নেই। এক্কেবারে হাবুডুবু অবস্থা! ড্রাইভার কে বললাম একটু বসে গেলে হয় না? শেয়ারের ভাড়ার গাড়ির যাত্রীর থেকে এমন প্রস্তাব সে বোধয় জীবনে প্রথমবার শুনলো। একটুক্ষন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বোধয় আমার এই প্রস্তাবে লুকিয়ে থাকা অকুতিটা বুঝতে পেরে আমায় জানাল এখন থেকে ধারচুলা আর ঘন্টা দুয়েকের পথ। ক্রমাগত গাড়ি আসতে থাকে পিথাওরাগার থেকে। আমি এখান থেকে সন্ধের আগে বেরোলেই হবে। খুবই আনন্দ সংবাদ! তার পাওনা মিটিয়ে চললাম কালি নদীর সাথে প্রেম করতে। অবশ্যি রাস্তা পার হলেই নদী। দিদিহাট বা এই জউলজিবি এই পুরো অঞ্চলটাই একটি উপত্যকা, অনেকটাই নীচে নেমে এসেছি। তাই নদী আর রাস্তা প্রায় একই তলে। রাস্তা পার হয়েই চোখে পড়লো ধূলি ধুসরিত একটি SBI বোর্ড, হাঁ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া! এই এক মজার ব্যাপার জানেন, ভারতবর্ষের অতি প্রত্যন্ত অঞ্চলেও একটি SBI ঠিক পাবেন! একটু দূরেই ব্রাঞ্চটি চোখে পড়লো। আদপে দেড় কামরার একটি ছোট্ট অফিস। সাকুল্যে তিনটি কাউন্টার, তবে তার বেশি দরকারও নেই এই জায়গায়। জউলজিবি মূলত ব্রেক-পয়েন্ট, ধারচুলা অভিমুখী গাড়ীগুলি এখানে দাঁড়ায় একটু জিরিয়ে নিতে। আলাপ হলো ব্রাঞ্চ ম্যানেজার বিজয় তামাং র সাথে। বিজয় আদপে উত্তর বাংলার কার্শিয়াং র মানুষ। চাকরি সূত্রে উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় ঘুরে আপাতত এই জউলজিবি তে। সাবাস তামাং সাহেব। মধ্য চল্লিশের বিজয় তামাং র স্ত্রী আর দুই মেয়ে থাকে আলমরায়। মেয়ে দুটি ওখানেই পড়াশুনা করে। জউলজিবি তে একটি পাওয়ার প্রজেক্টের ফান্ডিং র জন্য এই ব্রাঞ্চ খোলা হয় আর তামাং সাহেব প্রমোশন নিয়ে এই ব্রাঞ্চে আসেন বছর খানেক আগে। খুব খুশি হলেন আমায় পেয়ে, আড্ডা মারার লোক তো প্রায় একেবারেই পান না। জিজ্ঞেস করলাম এই প্যান্ডব্বর্জিত জায়গায় একা থাকতে ভালো লাগে? উত্তরে হাসতে হাসতে বললেন, ফ্যামিলি মিস করি ঠিকই, তবে কার্শিয়াং আর মিস করি না। বোঝ!! উনই উপদেশ দিলেন ধারচুলায় একটি রাত কাটাতে। কালি নদীর রাতের রূপ যে না দেখেছে, তার জীবন বৃথা! তামাং সাহেব আমন্ত্রণ জানালেন লাঞ্চের জন্যে। ওঁর রোজকার খাবার জায়গা। আর পাঁচটা ধাবার মতোই আটপৌরে। গরিবগুর্ব মানুষ খাবারদাবার খান। তবে শহুরে ভাষায় যাকে বলে Location, সেটা দুর্দান্ত! মূল রাস্তা থেকে নেমে একেবারে নদীখাতের ওপরে। চল্লিশ পঞ্চাশ গজের মধ্যেই কালি নদীর জলরেখা। দুধ সাদা নুড়ি পাথরের ভিড়ে নদীর নীল জলরেখা ভীষণ গর্বে ঘোষণা করছে তার উপস্থিতি। অপর দিকের নদীতীরে ঘন জঙ্গল, ভালুক আর লেপার্ড র জঙ্গল! আর এই সমস্ত জায়গাটা ঘিরে রেখেছে, অথবা বলা ভালো যে আগলে রেখেছে বিশালদেহী পর্বত শৃঙ্গমালা। উচ্চতম এবং দৃশ্যমান অবশ্যি এখনও পঞ্চচুলি। অনুমান করি পাখির চোখে এই স্থান অনেকটা তোলা উনানের মতন দেখায়। সেই থেকেই বোধয় ধারচুলা নাম। ধার অর্থাৎ পর্বতশৃঙ্গ এবং চুলা অর্থাৎ উনান।
যাই হোক, তামাং সাহেবের স্পেশাল গেস্ট বলেই বোধয় ধাবার মালিক এবং রাঁধুনি যত্ন করে খাটিয়ার মাঝে কাঠের পীড়ি পেতে আমাদের খাবার বন্দোবস্ত করলেন। ঝকঝকে স্টিলের থালায় এল ডাল, নিউট্রিলার তরকারি, গরম গরম ফুলকা, লেবুর আঁচার আর একটি করে গোটা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা! ‘বন এপেটি’...... এত সুস্বাদু খাবার এমন সুন্দর পরিবেশে বসে খাবার সৌভাগ্য খুব কমই হয়েছে! মনে মনে ভাবলাম নদীর ঠিক ওপারের জঙ্গলে, আমাদের সমান্তরালে বসে একটি লেপার্ড ও হয়তো তার লাঞ্চ সারছে। শান্তিপূর্ণ সহাবস্থান। বেলা চারটে নাগাদ দ্বিতীয় কাপ চা শেষ করে তামাং সাহেবের থেকে বিদায় নিয়ে চেপে বসলাম ধারচুলাগামী একটি জীপে। জীবনে মানুষ বড় কম দেখলাম না, মনুষ্যত্ব বিরাজমান সর্বত্র। যেকোনো দ্বন্দ্বের কারণই বোধয় একে অপরের perspective টা বুঝতে না পারায়। আমার walkman এ তখন বেজে চলেছে Indian Ocean র ‘সখি হে, মন হর মেরা পিয়া বিরাজে রে’।
জউলজিবি থেকে ধারচুলা পথ খুব বেশি নয়, তবে সড়ক খুব একটা চওড়া না হওয়ায় গাড়ীর গতি সীমিত। তাছাড়া চপল তন্বী প্রেমিকা, কালি নদী রাস্তার এত কাছ দিয়ে বয়ে চলেছে যে রূপের মোহে একটু অন্যমনস্ক হলেই প্রেমের জিত!
ধারচুলা পৌঁছুতে সন্ধে হয়ে গেল। বেশ জমজমাট গঞ্জ। ব্যস্ত বাজার, কয়েকটি two-wheeler র showroom। হোটেল, রেস্টুরেন্ট, হাসপাতাল ইত্যাদি মিলিয়ে ধারচুলার দম ফেলার ফুরসত নেই! খুঁজে খুঁজে বার করলাম KMVN রেস্ট হাউস। Reception এ দাঁড়িয়ে একটা জলপ্রপাতের মতন আওয়াজ পাচ্ছিলাম, তবে বুঝতে পারছিলাম না ব্যাপারটা কি। এই রেস্ট হাউসটির অবস্থান একটু একটেরে, শহরের এক প্রান্তে। ভোল্টেজ খুব কম থাকায় পুরোটাই আলোআঁধারী। প্রয়ান্ধকার একটি সিঁড়ি দিয়ে দুতলায় উঠে নির্দিষ্ট ঘরে চেকইন করলাম। জলের আওয়াজটা এখানে আরো বেশি, আসছে ব্যালকনির দিক থেকে। চুলোয় যাক আলো, তাড়াতাড়ি গিয়ে ব্যালকনির দরজা খুলেই স্থবির হয়ে গেলাম। যার প্রেমে মানুষ বিভোর হয়ে থাকে, সম্পূর্ণ অপ্রত্যাশিত ভাবে সে যদি হটাৎ এক্কেবারে সামনে, উন্মুক্ত চিত্তে এবং বিভঙ্গে হাজির হয়, তাহলে কিংকর্তব্যবিমূঢ় হবো বইকি! তাই স্থবির হয়েই দেখলাম প্রায় দুশ ফুট ওপর থেকে বিশাল কালি নদী জলপ্রপাতের মতনই আছড়ে পড়ছে ঠিক যে পাথরটির পাদদেশে, এই রেস্ট হাউসটি সেই পাথরটির ওপরেই অবস্থিত। অহ, কি রূপ!! এলকেশী, আয়ত নয়ন, কমনীয় কিন্তু নমনীয় একেবারেই নয়। আজ বোধয় পূর্ণিমা, তাই চরাচর ভেসে যাচ্ছে জ্যোৎস্নায়। আর সেই দুগ্ধস্নাত আলোয়, তুষারাবৃত পঞ্চচুলির আরশি প্রতিফলনে কালি নদীর অনাড়ম্বর অভর্থনায় যেমন আছে উষ্ণতার আবেশ তেমনই আছে সমর্পণের নির্দেশ। না মেনে উপায় নেই! যতক্ষণ না ঠান্ডায় জমে যাবার অবস্থা হয়েছিল ততক্ষণ ওই ব্যালকনিতে বসে চুটিয়ে প্রেম করেছি সে রাতে। এমন একটি রাত জীবনে আর কখনো আসেনি। বাকি রাতটা ঘুমিয়ে না ঘোরে কেটেছিল তার হিসেব নেই। সকালে উঠে মনে হয়েছিল আমি পরিপূর্ণ!
ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম নারায়ণ স্বামীর আশ্রমের উদ্দেশ্যে। পথ খুব বেশি নয়, চব্বিশ পঁচিশ কিলোমিটার হবে। তবে প্রায় সাত ঘন্টার হাঁটা পথ আর পুরোটাই চড়াই। ভাবছি একেবারে একা এতটা পথ হাঁটা ঠিক হবে কি না, শুনলাম একটি নেপালি ছোকরা আমাদের রেস্টুরেন্টের কাউন্টারের লোকটির সাথে ওই আশ্রমের ব্যাপারে কিছু বলছিল। কৌতূহলী হয়ে কান খাড়া করে কথোপকথন শুনে বুঝলাম ছোকরা যাচ্ছে ওই আশ্রমে সবজি সরবরাহ করতে। ব্যাস, আর আমায় পায় কে! খানিকটা খেজুরে আলাপ করে ঝুলে পড়লাম সেওয়াং র সাথে। তবে একটু পরেই খুব আফসোস হলো গাড়ীতে চড়ার সিদ্ধান্তে। রাস্তা বলতে কাঁচা, পায়ে চলা রাস্তা। গাড়ীর চারটি চাকা কোনমতে এঁটে যায়! Butterfly in the stomach কাকে বলে তা হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম গাড়ী যত ওপরে উঠছিল। এই চব্বিশ পঁচিশ কিলোমিটারে আমরা প্রায় তিন সাড়ে তিন হাজার ফুট ওপরে উঠবো। সুতরাং বলা বাহুল্য চড়াই অত্যন্ত খাড়া এবং বিপজ্জনক! একটু পরে আমতা আমতা করে সেওয়াং কে হেঁটে যাবার কথায় সে একটা দারুন যাকে বলে প্রোফাউন্ড কথা বললো। হেঁটে গেলে নাকি আমি নিজেই লেপার্ড কে লাঞ্চ পরিবেশন করবো আর গাড়ী খাদে পরে মৃত্যু হলে সেটা হবে শংকর মহাদেবের প্রসাদ! এর পর আর কথা চলে না। শুধু একটু হিংসে হলো গুপী-বাঘার ওপর। ইস, যদি তালি মেরে চলে যেতে পারতাম! এই রাস্তায় সেওয়াং র সাথে বেশি বকবক করতেও সাহস হলো না। তাই ভয় কাটাতে সুখস্মৃতি হাতড়াতে গিয়ে মনে পড়লো কালাচাঁদ বাবুর বাড়িতে এক সন্ধ্যার আপ্যায়ন। ছোট্ট শুঁড়িখানা থেকে এক বোতল রাম কিনে একটু সংকুচিত চিত্তেই প্রবেশ করেছিলাম কালাচাঁদবাবুর ছোট্ট দোতলা বাড়িতে। একতলায় বোধয় রান্নাঘর আর একটি বৈঠকখানা গোছের ঘর। দুতলায় দুটি ঘর, সম্ভবত শোবার আর একফালি খোলা বারান্দা। আমার অনুরোধেই, বসেছিলাম ওই বারান্দাতেই। শুনছিলাম ষাটের দশকের আলমোরার জীবনযাত্রা। ঋষি অরবিন্দর আশ্রম ছাড়া তখন আলমরায় বিশেষ কিছুই ছিল না। একটি ছোট্ট প্রাইমারি স্কুল ওই আশ্রমের মধ্যেই। বন্য জন্তুর উপদ্রবে স্কুল হতো সকাল দশটা থেকে একটা, যাতে রাস্তায় যথেষ্ট লোক চলাচল থাকতে থাকতে বাচ্চারা বাড়ী ফিরতে পারে। তাও সকলে মিলে দল বেঁধে যেত হত। সাথে থাকতো পোষ্য কুকুরের দল। ওরা সকলকে সাবধান করে দিত বন্য জন্তুর উপস্থিতিতে। একবার এক লেপার্ড খুব জ্বালাতন করছিল। মানুষ না মারলেও, গবাদি পশু মারছিল প্রায় রোজ। কালাচাঁদবাবুর বাবা তখন ওখানকার গণ্যমান্য ব্যক্তি, ইঞ্জিনিয়ার সাহেব। ওঁর অনুরোধেই দিল্লী থেকে এলেন এক সরকারি শিকারি। গোটা আলমোরা উপচে পড়েছিল যতটা না তার অব্যর্থনায় তার থেকে বেশি তাকে দেখার উদ্দেশ্যে। খাকি পোশাক আর গামবুট পরা দোনলা বন্দুকধারী শিকারির সে কি রোয়াব! টানা চার রাতের অপেক্ষার পর সেই লেপার্ড মারা পড়েছিল শিকারির হাতে। বাঁশে বেঁধে সেই লেপার্ড র মৃতদেহ ঘোরানো হয়েছিল গোটা আলমরায়। মনে মনে ভাবলাম তখন গান্ধী বাড়ীর ছোট বউ থাকলে শিকারিকে মজা দেখিয়ে ছাড়ত!
রাতে খাবার বন্দোবস্ত হয়েছিল দিব্যি। পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, সাথে আলুভাজা, গরম ভাতে একটু ঘি আর মুরগীর ঝোল। সুদূর দিদিহাটের এক হিমেল রাতে অমন সুস্বাদু বাঙালি খাবার পরিবেশ করছিলেন আটপৌরে এক বাঙালি মহিলা, কালাচাঁদবাবুর স্ত্রী। মনটা বড্ড ভালো হয়ে গিয়েছিল। মায়ের একটা কথা মনেপড়ছিলো, ‘মনের মণিকোঠা পরিপূর্ণ হলেই জীবন সম্পূর্ণ হয়’।
ঘোর কাটলো সেওয়াং র ডাকে। বাস্তবে ফিরেই মন ভরে গেল। পঞ্চচুলি কে চালচিত্র করে অনেকটা সাহেবি ধাঁচের একটি বেশ বড় বাড়ী বিরাজমান এক গাঢ় সবুজ দিগন্ত বিস্তৃত গালচের ওপর। দেখে আশ্রম একেবারেই মনে হয় না। ইঞ্জিনিয়ার নারায়ণ স্বামীর esthetic sense র ওপর শ্রদ্ধা বেড়ে গেলো। সেওয়াং র সাথে প্রবেশ করলাম বাগানে ঘেরা নারায়ন আশ্রমে।
আশ্রমটি একেবারেই আশ্রমের মতন দেখতে নয়। বরং রূপকথায় পড়া পান্থশালার মতন দেখতে। মূল দালানটি ঘিরে হরেক ফুলের বাগান আর সেই বাগান ঘিরে ছোট ছোট কামরা, পাথরের তৈরি। দালান বাড়ীটি মূলত উপাসনা গৃহ আর একটি লাইব্রেরি। যাই হোক, সেওয়াং র সাথে ঢুকে তো পড়লাম, কিন্তু আমি একেবারেই অপ্রত্যাশিত অতিথি। ওখানে যারা যান, তারা হয় আশ্রমিক অথবা কোন ভাবে আশ্রমের সাথে জড়িত এবং আগাম খবর দিয়েই আসেন। আমি কোনোটার মধ্যেই পড়ি না। তখন আশ্রমের অধ্যখ্যা ছিলেন এক মাতাজী। তিনি ধৈর্য ধরে আমার ভ্রমণের কথা সংক্ষেপে শুনলেন এবং বোধয় খানিক আমোদ বোধ ও করলেন। তবে, স্নেহময়ী একটু হেসে জানালেন আমি চাইলে দু এক দিন থাকতে পারি। তবে আশ্রমের নিয়ম মেনে রোজ উপাসনায় যোগ দিতে হবে, সূর্যাস্তের পর আশ্রমের বাইরে থাকা চলবে না (সেটা অবশ্যি লেপার্ড আর ভালুকের উপদ্রবের জন্য) আর আশ্রমের কাজ করতে হবে। বহত খুব। আমি প্রস্তুত। তবে মাতাজী জানালেন লাঞ্চের বন্দোবস্ত এখন আর করা সম্ভব নয় আমার জন্যে। তবে একটু এগিয়ে গিয়ে একটি ধাবা পাবো, চাইলে সেখানে লাঞ্চ সারতে পারি। অবাক না হয়ে পারলাম না। এইরকম একটি জায়গায় ধাবা! কার জন্য? প্রশ্নটা বোধকরি আন্দাজ করতে পেরে আরেক আশ্রমিক জানালেন ওই ধাবাটি কৈলাশ মানস সরোবর যাত্রীদের জন্যে। তাই বল! তবে কৈলাশ শুনেই মনটা আবার উড়ু উড়ু করতে লেগেছিল, তবে শাসন করলাম নিজেকে। জানি, অমন হুট বললেই মানস সরোবর যাওয়া যায় না। তাই যৎসামান্য মালপত্তর রেখে হাঁটা দিলাম ধাবার উদ্দেশ্যে। পথ বলতে কিছু নেই অবশ্যি। আশ্রমের মূল দরজার বাইরে সবুজ গালচে বিছানো খানিকটা ঢালু জমি। তার একদিকে সেই পথের অবশেষ যে পথ ধরে আমরা ধারচুলা থেকে এলাম। আরেকদিকে একশো গজ মতন দূর থেকে হালকা জঙ্গল মতন শুরু হয়েছে। কাছে গেলে হয়ত পায়ে চলা কোনো পথ পাবো। আর আরেকদিকে, অর্থাৎ আড়াআড়ি ঢালু জমিটির শেষে খাদের কিনারা। যেখানে দাঁড়ালে অনেক নিচে পাতলা সুতোর মতন কালি নদী দেখা যায়। আর প্রকৃতির এই ঝুলনসজ্জা যেন ডালায় নিয়ে দাঁড়িয়ে আছে পঞ্চচুলির তুষারশুভ্র শৃঙ্গগুলি। দুপুর তখন প্রায় একটা। হাতে একখান লাঠিগাছ নিয়ে হাঁটা দিলাম ধাবার উদ্দেশ্যে। একটু এগিয়ে ওই পাতলা জঙ্গলটির কাছে যেতেই ধাবার চালা দেখতে পেলাম। ইতিমধ্যে ভুঁইফোড় একটি কুকুর জুটেছে আমার সাথে। পাহাড়ে এই এক মজার ব্যাপার। যেকোনো একলা পথিকের সাথে একটি সারমেয় জুটেই যায়। পাহাড়ি মানুষের বিশ্বাস, এগুলি সব সেই যুধিষ্ঠিরের মহাপ্রস্থানের সাথী সেই সারমেয়র বংশধর! সুতরাং সাথে যেহেতু দ্রৌপদী আর বাকি চার পাণ্ডব নেই, আমিই যুধিষ্ঠির, অমর! আর তাই বীর বিক্রমে ঢুকে পড়লাম জঙ্গলটায়। আর লেপার্ড ধরে কাছে থাকলে কুকুরের ত্রিসীমানায় থাকার কথা নেই। তবে ভালুকের ব্যাপার আমার কিস্যু জানা নেই। এইসব সাতপাঁচ ভাবতে ভাবতে পৌঁছে গেলাম ধাবায়। খুবই সামান্য আয়োজন। খড়ের একচালা একটি বাড়ির সামনে কয়েকটি চারপাই পাতা আছে। চলার নীচে দুটি মেটে উনান। একটি ভাঙা চেয়ারে একজন মানুষ বসে বসে একমনে কিছু ভেবে চলেছেন। দৃষ্টি অনেক দূরে, সেই কালি নদীর খাদ টপকে কৈলাসের পথে। বুঝলাম না আমার উপস্থিতি খেয়াল করেছেন কি না। এই ঠান্ডায় মানুষটির পরনে একটা আলখাল্লা গোছের পোশাক, একটু মোটা কাপড়ের, ব্যাস! বয়েস আন্দাজ করা মুশকিল, চল্লিশ থেকে সত্তরের মধ্যে হবে হয়তো। একটু খেয়াল করতে দেখলাম পাশে কাপড়ে মোড়া একটি ছিলিম রাখা। অবাক হবার কিছু নেই, পাহাড়ি মানুষের প্রিয় নেশাই হলো বাবা ভোলেনাথের প্রসাদ, গঞ্জিকা। ববরুবাহনের ভুক ভুক শব্দে বোধয় মানুষটির ঘোর কাটলো। আমার সাথীর নামকরণ করেছি ববরুবাহন। ও’ও হয়তো আমার কোনো নাম রেখেছে মনে মনে, অর্বাচীন গোছের! তো যাই হোক, মানুষটির আমায় দেখে বড় একটা হেলদোল হলো না। আলতো ইশারায় চারপাইতে বসতে ইঙ্গিত করে ধীরে ধীরে এগিয়ে এলেন। বুঝলাম মৌতাত ভঙ্গ করেছি। এহ, বড্ড ভুল সময় এসে পড়লাম। আমার এই ধৃষ্টতা চাপা দেবার জন্যেই বোধয় ছিলিমটি চেয়ে নিলাম। দুটো বড় টান মেরে যুৎ করে বসলাম চারপাইতে। বুঝলাম মানুষটি যুগপৎ আনন্দিত এবং বিষ্মিত হয়েছেন। ছিলিমটি আমার জিম্মায় রেখেই ভেতর বাড়ীর দিকে গেলেন। ববরুবাহন আমার পাশে বসে আমার দিকেই তাকিয়ে আছে। ভাবটা এমন যে, ‘আইব্বাস, তুমি তো এদিককার মানুষের মতন ই!’ মানুষটি ফিরে এলেন স্টিলের গ্লাসে করে দুই গ্লাস চা নিয়ে। পাহাড়ি জড়িবুটি দিয়ে বানানো এই চা পাহাড়ের প্রায় সর্বত্র পাওয়া যায়। ঠিক আটপৌরে চায়ের মতন স্বাদ না হলেও, এই মশলা চায়ের একটা ব্যাপার আছে। আর আছে স্থান মাহাত্ম। এমন পরিবেশে, ছিলিম আর ধূমায়িত চায়ের গ্লাস নিয়ে চারপাইতে বসে আড্ডায় বসে পড়লাম।
দুপুরে কি খেয়েছিলাম অথবা আদৌ খেয়েছিলাম কি না আর মনে নেই। শেষ বিকেলের আলোর অবশেষে ববরুবাহনের ছায়ার হাত ধরে জঙ্গুলে শুঁড়ি পথ ধরে ফিরছিলাম আশ্রমে। ভাবছিলাম ওই মানুষটির কথা, যার সাথে গোটা দুপুরটা কাটালাম আর শুনলাম কৈলাশ যাত্রীর রোজনামচা। ওঁর দুই সন্তানই মারা গেছে মালপা গ্রামের বিধ্বংসী ধসে, 1998 এ। রাতভরের অঝোর বর্ষণে গোটা মালপা গ্রামটাই ধসে পড়েছিল কালি নদীর তটে। নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল প্রায় 180 জন মানুষ। কেউ পড়েছিলেন মাটির নিচে, কেউ বা ভেসে গিয়েছিলেন কালি নদীর হড়ক-বানে। ওঁর বড় ছেলে কৈলাশ যাত্রীদের গাইড ছিল বরাবরই, ছোট ছেলে সেবারই প্রথম তার দাদার সাথে পাড়ি দিচ্ছিল কৈলাশ, হয়তো গাইড হবার ট্রেনিং নিতেই। তা আর হয়ে উঠলো না! কিন্তু যাত্রীদের সেবা করতে আজও এই ধাবা চালিয়ে যাচ্ছে সে আর তার বড় ছেলের স্ত্রী। এক অদ্ভুত অসম্পূর্ণ সংসার টিকে রয়েছে এই স্বর্গরাজ্যে, শুধুই স্বর্গ অভিযাত্রীদের সেবা করার জন্যে। জিজ্ঞেস করেছিলাম, মানস সরোবর যাত্রা তো হয় মাত্র চার মাসের, বাকি সময় চলে কি করে! উনি অল্প হেসে জানিয়েছিলেন শংকর ভগবান চালিয়ে দেন। বুঝেছিলাম, ভগবান প্রাপ্তি এদেরই হয়েছে, যারা জানে অতি সামান্য পেয়ে কি করে খুশি থাকতে হয়!
সূর্যাস্তের পরই টের পেলাম হাঁড় কাঁপানো ঠান্ডা কাকে বলে। ধারচুলা থেকে প্রায় দশ গুন বেশি ঠান্ডা। তারওপর পাথরের ঘরে শীত টা যেন পাথরের মতনই নিরেট আর জমাট। আশ্রমের দেওয়া কম্বল জ্যাকেটের ওপর দিয়েই জড়িয়ে নিয়েছি। তাও মনে হচ্ছে একপ্রস্থ ভেজা পোশাক পরে তার ওপর একটি ভেজা কম্বল জড়িয়ে বসে আছি। ভাবলাম, পাকা বাড়ির মধ্যেই এই অবস্থা, না জানি ওই ধাবার দুটি মানুষ খড়ের চাল আর টিন ঘেরা বাড়িটিতে কি ভাবে আছেন! মানুষের সহ্য শক্তি আর অভ্যাস সত্যিই বিস্ময়কর। এদিকে আমার শহুরে মনের অবচেতনে স্থান কাল পাত্র না ভেবে চলে এসেছি আশ্রমের বাগানে বেড়াতে। একটু পরেই মনে হলো কেউ একটা শীতল হাতে কান মলে, বরফের থাপ্পড় মেরে, সত্যিকারের হাঁড় হিম করা ধমক দিয়ে আমায় ঘরে ফেরত পাঠিয়ে দিলো। তবে ওই কয়েক মুহূর্তে অন্ধকারে হিমালয়ের যে রূপ দেখি, তা আজও মনে গেঁথে আছে। চারপাশ নিকষ কালো অন্ধকার, সভ্যতার চিহ্নমাত্র নেই। সামনের ঢালু জমিটায় একটা মায়াবী আঁধার মাখানো, অনেকটা গ্রীন গ্লাসের মধ্যে দিয়ে দেখার মতন। জঙ্গলের দিকটা ঘন কালো আর নানান আওয়াজ জানান দিচ্ছে জঙ্গলের ভেতরের জীবন প্রবাহের। বাকিটা নিস্তব্ধ। বিশাল হিমালয় বিরাজমান স্বমহিমায়। দিদিহাট থেকে যাকে মনে হয়েছিল দূর সীমানার প্রহরী, এখন সেই হিমালয় যেন প্রতিবেশী। এক মহান প্রতিবেশী।
ইতিমধ্যে ডাক পড়লো উপাসনার। মূল বাড়িটির দুতলায়। এখানে ঠান্ডাটা একটু কম। কারণ দরজা জানালা কাঁচের এবং সব বন্ধ। মেঝেতে মোটা গালচে পাতা। আর সকল আশ্রমিক, জন্য পনেরো মানুষ, একসাথে বসে আছেন। স্কুলের ব্যাক বেঞ্চের মতন গুঁটি শুঁটি মেরে বসে পড়লাম পিছনের সারিতে। একটু পরে শুরু হলো স্তোত্রপাঠ। মানে বুঝতে না পারলেও, সমবেত সেই মন্ত্রধ্বনি ক্রমশ এক তুরীয় অনুভূতির স্থাপনা করছে। বেশ টের পাচ্ছিলাম এক অদ্ভুত গাম্ভীর্যপূর্ণ হর্ষে ভেতরটা ভরে উঠছে। আমি এ ব্যাপারে একেবারেই নভিস। তবু বেশ কাটলো একটি ঘন্টা। তারপর রাতের খাবারের তোড়জোড়। আয়োজন সামান্যই। আলু আর শালগমের তরকারি, ডাল আর গরম রুটি। বসলাম সকলের সাথে আলুর খোসা ছাড়াতে। বড়ো উনানটির জন্যে রান্নাঘরটির আবহাওয়া বেশ আরামদায়ক। টুকটাক কথা হচ্ছিল আশ্রমিকদের সাথে। কেউ পিথাওড়াগার ইঞ্জিনিয়ারিং কলেজের স্নাতক, কেউ বা বাগেশ্বরের দোকানি, কেউ তিব্বতের চিত্রশিল্পী, কেউ বা ধারচুলার দিনমজুর। বলা বাহুল্য এসবই এদের পূর্বাশ্রম, আশ্রম জীবন শুরু করার আগের অধ্যায়। তাই এ নিয়ে আর কথা এগোলো না। নৈশহারের পাট চুকল সাড়ে আটটা নাগাদ। জানি, এই ঠান্ডায় ঘুম হবে না। তাও বিছানায় শরীর টা এলিয়ে দিয়ে বেশ আরাম লাগলো। যদিও বিছানাটা মনে হলো বরফ জলে চুবানো। তাও ক্লান্তির নাম বাবাজীবন! একটু পরে ঘুম এসে গেল। রাতে অনেকবার ঘুম ভাঙলেও, ঘুমটা বেশ ঘন হয়েছিল ভোরের দিকে। আর ঠিক তখনই টোকা পড়লো দরজায়। উপাসনার সময় হয়েছে। উষা লগ্নের উপাসনা, সূর্যোদয় কে স্বাগত জানাতে। সকলে জড়ো হলাম মূল বাড়ীর সামনে খোলা চাতালে। ঠান্ডার কথা না বলাই ভালো। গোটা শরীর প্রায় অবস। পাথরের চাতালে চটের আসন পাতা। তাতে বসে টের পেলাম কুলকুন্ডলিনিকে অজ্ঞাক্রমে তুলে আনা বলতে বিরিঞ্চিবাবা ঠিক কি বুঝিয়েছিলেন! তবে একটু পরেই শুরু হলো ম্যাজিক। VIBGIOR র প্রত্যেকটি রং আলাদা আলাদা করে ক্রমশ ফুটে উঠতে শুরু করল পঞ্চচুলির প্রত্যেকটি শৃঙ্গে! অহ, কি রূপ! Masculine Grace আর কাকে বলে! আধঘন্টার উপাসনার শেষে শরীর জমে গেলেও, সূর্যের ওই হোলি খেলা মনে গেঁথে গেল। Northern Light আমার Bucket List এ থাকলেও, এই দৃশ্যের কথা আমার জানাই ছিল না। মনে মনে Bucket List এ লিখে টিক দিয়ে দিলাম!
এবার ফেরার পালা। গতকাল দুপুরে রওনা হয়েছি নারায়ণ আশ্রম থেকে, সেই সেওয়াং ই আবার আমার কান্ডারি। হপ্তায় দুইদিন সে আসে প্রয়োজনীয় জিনিস সরবরাহ করতে। আবার একটি রাত কালি নদীর সাথে প্রেম করে, আপাতত আজ ভরে রওনা দিয়েছি কাঠগোদামের পথে। জউলজিবিতে থেমে একছুটে দেখা করে এসেছি তামাং সাহেবের সাথে। খুব খুশি হয়েছেন। কথা দিয়েছি আবার দেখা হবে। তবে, জীবনের যাত্রাপথে কথার খেলাপ ই হয় বেশি। এই জীপটি যাবে বাগেশ্বর অবধি। সেখানে লাঞ্চ সেরে কাঠগোদাম পৌঁছুতে সন্ধে উৎরে যাবে। তবে দিল্লীর ট্রেন সেই রাত নয়টায়। ট্রেন মিস করলেও ক্ষতি নেই, কাঠগোদামের পাশেই হালদুআনি থেকে অনেক বাস দিল্লী যায়। ক্রমশ দূরে সরে যাচ্ছে পঞ্চচুলি, পাইনবন, কালাচাঁদ রাউত আর দিদিহাট, তামাং সাহেবের SBI র ছোট্ট অফিস, সেওয়াং র জীপ, নারায়ণ আশ্রমের মাতাজীর স্নেহময়ী উপস্থিতি, ছোট্ট ধাবার উদাস মানুষটি আর তার আন্তরিকতা। যা সঙ্গে থাকছে, তা হলো আমার দায়বদ্ধতা এই মানুষগুলির প্রতি আর কৃতজ্ঞতা এই বিশেষ স্থান গুলির প্রতি। আমার গড়ে ওঠায় এদের অবদান অনস্বীকার্য।
©Suman Dutta

1 comment:

  1. Lord it has taken me quiet a few days to completely read this. Loved it! It took some time as your bangla is more profound than my ICSE knowledge :-) tai 2-3 bar porechi. Thank you for sharing this transcending experience of people places and feelings.

    ReplyDelete