Sunday, August 2, 2020

ভগবান দর্শন

1999 এর মাঝামাঝি আমার দিল্লী যাত্রা, চাকরি সূত্রে। বলা ভালো চাকরি খুঁজতে। জীবনের প্রথম ভাগ কলকাতায় থেকে সাম্যবাদের গুঁতো খেয়ে, যৌথখামারের সন্ধান না পেয়ে, অবশেষে এই দিল্লী যাত্রা। ফলত, রাজধানীর চমক, Multinational এর জমক, নতুন বন্ধুবান্ধবের আগমন জীবনে, Nirula’s এর ফাস্টফুড, IHC তে ফিল্ম ফেস্টিভ্যাল, Connaught Circus a স্বর উৎসব, ছোটখাটো বিদেশ ভ্রমণ, সব মিলিয়ে জীবন তখন বেশ বৈচিত্র্যময়।

আমাদের সাউথ দিল্লীর গুটি কতক আড্ডার জায়গার মধ্যে সেই সময় অন্যতম ছিল দিল্লী স্টেটিস্টিকাল ইনস্টিটিউট আর তার পিছনের রাস্তায় থাঙ্কু ধাবা। একটি বৌদ্ধ মনেস্টারির সামনে কয়েকটি খাবার দোকান। সবই থাঙ্কু ধাবা! ওই পুরো গুষ্টির নাম তকাইয়ের মতন। ওই অঞ্চলটি আসলে একটি এডুকেশন জোন। ISI, IIT, FMS, JNU ছাড়াও আরো অনেক ছোট বড় ইনস্টিটিউট নিয়ে, এই জায়গাটি সাউথ দিল্লীর ফিলাডেলফিয়া। আর এই খাবারের দোকান গুলি দিবারাত্র খাইয়ে দাইয়ে রাখে এখানকার ছাত্র ছাত্রীদের, বিশেষত যারা হোস্টেলে থাকেন। এই থাঙ্কু ধাবার চিকেন পারাঠা আর থুকপা অনবদ্য। এখানে আড্ডা দিতে এবং খেতে আসার আরেকটা বড় কারণ ছিল এই রাস্তার লাগোয়া বিশাল এক উদ্যান, সঞ্জয় বন। উদ্যান বললেও সঞ্জয় বন পুরোটাই প্রাকৃতিক। শুধু তার চারপাশের ঘেরাটোপ আর ভেতরের হাঁটার পথটুকুই যা মানুষের তৈরী।

এক গ্রীষ্মের সন্ধ্যায় আমরা দু তিনজন বন্ধু থাঙ্কুতে বসে থুকপা খাচ্ছিলাম আর আলোচনা করছিলাম কোথায় গিয়ে দুটো দিন একটু ঠান্ডায় কাটানো যায়। সামনেই Good Friday, লম্বা weekend। দিল্লী থেকে অবশ্য হিমালয়ের যেকোনো পর্যটন কেন্দ্রই বেশ কাছে। আট দশ ঘন্টার যাত্রায় অনেক সুন্দর সুন্দর জায়গায় পৌছন যায়। কিন্তু আমরা চাইছিলাম একটু নিরিবিলি কোথাও যেতে। যেখানে পর্যটকদের ভিড় কম অথবা না থাকলে আরো ভালো। হঠাৎই খেয়াল করলাম ওয়েটার ছেলেটি হাসিহাসি মুখে আমাদের দিকে তাকিয়ে আছে, ভাবটা এমন যেন কিছু বলতে চায়। এই ধাবাগুলির বাকি সব ওয়েটারদের মতন এই ছেলেটির সাথেও আমাদের মুখচেনা ছিল, তাই আমরা ইশারায় ডাকাতে নির্দ্বিধায় এসে শুরু করলো ওর বক্তব্য। বিশেষ কিছুই নয়, ও এতক্ষন আমাদের কথা শুনছিলো আর তাতেই ওর মনে হয় আমাদের ত্রিউন্ড যাবার পরামর্শ দেয়। আমরা নাম শুনেই খুব উৎসাহ পেলাম, কারণ নামটি একেবারেই অচেনা আমাদের তিন জনেরই। সুতরাং নিশ্চই খুব বেশি পর্যটক জানেন না এই জায়গাটির ব্যাপারে। জানা গেল ত্রিউন্ড হচ্ছে Mcleodganj এর Highland। হিমালয়ের ধাওলাধার পর্বতমালা আর কাংরা উপত্যকার মাঝে এই ত্রিউন্ড এক অতি নিরিবিলি এবং প্রাকৃতিক ঐশ্বর্যে পরিপূর্ণ এক অনন্য পর্যটন স্থান। Mcleodganj থেকে 9 km খাড়া চড়াই ভেঙে পৌঁছতে হয় ত্রিউন্ডে। খুব কঠিন ট্রেক না হলেও একেবারে এলেবেলেও নয়। বিশেষত Mcleodganj থেকে খুব বেশি ট্যুরিস্ট এপথে আসেনা, অন্তত তখন আসতেন না। তাই এই পথ খুবই নির্জন। পথে ধাবা-টাবা কিছুই নেই। আর ভালুক এবং লেপার্ড র একটু উপদ্রব আছে। অবশ্য দলে থাকলে সে সমস্যা নেই।

সেই সময়ে Google সবে জন্মেছে আমেরিকার মিলানো পার্কে, হাত-পা ছুড়ে দেয়ালা করছে আকাশের দিকে তাকিয়ে। Motorola প্রথম মোবাইল ফোন বাজারে এনেছে, এন্টিনাওলা হাতুড়ির মতন। সুতরাং কোথাও যাবার প্লান হলেই শাঁ করে মোবাইল ফোনে সব কিছু জেনে ফেলা যেত না। তাই আমরা চললাম সাকেতে। ওখানে কিছু ভালো বইয়ের দোকান আছে। দেখা যাক হিমাচলের Lonely Planet পাওয়া যায় কি না। সাকেতে Lonely Planet না পেলেও লোকটাকে পেয়ে গেলাম। বইয়ের দোকানের মালিক রাঠোরজি। আমাদের বাঙরেজি কথাবার্তায় বুঝতে পেরেছিলেন আমরা ত্রিউন্ডের খোঁজ করছি। নিজেই আগ বাড়িয়ে জানালেন ত্রিউন্ড উনি বেশ কয়েকবার গিয়েছেন, সুতরাং উনি আমাদের গাইড করে দিতে পারেন! কিম আশ্চর্যম, Lonely Planet এর বদলে Lonely Man (ঘটনাচক্রে বইয়ের দোকানে উনি একাই বসেছিলেন)। জানালেন দোকান বন্ধ করে আমাদের সাথে বসবেন এবং ত্রিউন্ডের প্ল্যান করে দেবেন। আমরা ততক্ষণ এলোমেলো এদিক ওদিক একটু ঘুরে বেড়ালাম।
রাঠোরজি দোকান বন্ধ করার তোড়জোড় করছিলেন। রাত দশটা বেজে গিয়েছে। সাকেত মাল্টিপ্লেক্স চত্বরে নাইট শো র ভিড় জমতে শুরু করেছে। এপ্রিলের দিল্লী রাত দশটার সময়ও গরম হওয়ায় দিশেহারা। আমাদের কিঞ্চিৎ ধূমপানের অভ্যাস থাকায় গরমটা ততটা গায়ে লাগছিলো না। বরং বেশ একটা ফুরফুরে ভাব নিয়েই রাঠোরজির সাথে গিয়ে বসলাম Fruit Beer র স্ট্যালটিতে। দোকান বন্ধ করে নিশ্চিন্তে যুত করে বসলেন উনি। ষাটোর্ধ মানুষটি বোধয় বহুকাল পরে অমন আড্ডা মারতে বসেছিলেন, হোক না অসমবয়সীদের সাথে। একটা কেজো দিনের পর একটু আড্ডা যে কতটা মানসিক স্ফূর্তি আনে, তা শুধু আড্ডাতে এলেই বোঝা যায়। Fruit Beer র আড্ডা অবশেষে পৌঁছলো Rum র আড্ডায়। দিল্লীর এটাই মজা। কোত্থেকে যেন মদের ব্যবস্থাটা হয়েই যায়। ক্রমশ আমাদের আড্ডায় যোগ দিলেন যোগীন্দর সিং, রাঠোরজির বন্ধু, ওই সাকেত মার্কেটেই একটি ক্যাফে চালান। Rum র ব্যবস্থা করলেন ফ্রুট জুসের বিক্রেতা বিপিন সাহু। ব্যাস, যাঁহা চার ইয়ার মিল যায়ে, ওহী রাত হো গুলজার!
গত 10 ঘন্টা হলো আমরা বাস এ, ধর্মশালার পথে। Mcleaodganj অবধি বাসে যাওয়া যেত, কিন্ত আমাদের একবার ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসে যেতে হবে আর সে অফিস ধর্মশালায়। ত্রিউন্ডে নাকি ফরেস্ট ডিপার্টমেন্টের একটি গেস্ট হাউস ছাড়া আর থাকার জায়গা নেই। আর বলা বাহুল্য সেই গেস্ট হাউসের বুকিং আমাদের মতন অতি সাধারণ মানুষ পায় না। কিন্তু আমরা পেয়েগিয়েছিলাম। বলছি কিভাবে!


সেদিন রাতে সাকেতে PVR র নাইট শো এর মানুষ ভেতরে চলে গেলে, শুনশান চত্বরে ঝাঁপফেলা দোকানের মাঝে আমাদের আড্ডা জমে উঠেছিল। কথায় কথায় জানা গেল রাঠোরজি আর সিংজি দারুন বন্ধু সেই কলেজ জীবন থেকে। দুজনেই রুরকি এঞ্জিনিয়ারিং কলেজের স্নাতক। দুই সিভিল এঞ্জিনিয়ারের প্রায় গোটা জীবনটাই কাটে হিমালয়ের বিভিন্ন অঞ্চলে ব্রিজ আর ড্যাম বানিয়ে। রিটায়ার করার পর দুই বন্ধু সাকেতে দোকান খুলেছেন, বই আর ক্যাফে! এই না হলে মানিকজোড়! এখনো দুজনে একসাথে দোকানে আসেন বেলা এগারোটা নাগাদ, এক স্কুটারে, বাজাজ চেতক। কিছু বছর আগেও দুজনে এই ভাবেই সকালে সাইটে যেতেন, তিহিরি ড্যাম প্রজেক্টে। যখন ত্রিউন্ডের কথা উঠলো, জানা গেল এক ফরেস্ট গেস্ট হাউস ছাড়া আর থাকার জায়গা নেই। নিজের টেন্ট নিয়ে গেলে অবশ্য আলাদা কথা। তা সেসবের বালাই আমাদের নেই জেনে সিংজি জানালেন ওঁর জামাই ফরেস্ট ডিপার্টমেন্টে আছেন। উনি খোঁজ নেবেন কোনো সোর্স পাওয়া যায় কি না। আমার মন বলছিল পাওয়া যাবে। কারণ এই দুই প্রৌঢ় আমাদের পছন্দ করছিলেন এবং চাইছিলেন আমরা ত্রিউন্ড যাই। সোর্স পাওয়া গেলো আগামী দু দিনের মধ্যেই, যাকে দিল্লীর ভাষায় বলে যুগাড়! সেই না দেখা জামাইবাবু একটি চিঠি (ইমেইল নয়) সহ আশ্বাস পাঠালেন সিংজির মাধ্যমে। সেই চিঠি নিয়ে আমরা তিন বন্ধু গত রাতে চেপে বসেছি ধর্মশালাগামী এই বাসে। চিঠি অবশ্য আরেকটাও আছে আমাদের সাথে। দুই প্রৌঢ় বন্ধুর লেখা তাদের এক বৃদ্ধ বন্ধুকে। সে আরেক গল্প!
ভোর হয়েছে একটু আগে। আমরা থেমেছিলাম বিয়াস নদীর ধারে একটি ধাবায়। চা আর ফ্যান (এক ধরণের মুচমুচে দিশি বিস্কুট) খেতে খেতে বিভোর হয়ে দেখছিলাম হিমালয়ের রূপ! কি ভীষণ অস্থিত্ব। কি বিশাল বৈচিত্রের সম্ভার! ক্ষমতার কি বিনয়ী বহিঃপ্রকাশ! বিয়াস নদীর পটভূমিকায় দেখা যায় দেবদারু গাছের ঘন জঙ্গল আর তাকে ঘিরে হিমালয়, ধাওলাধার পর্বতমালা। ভোরের নরম আলোয় গোটা দৃশ্যটাই খুব মায়াবী লাগছিলো। পুরো রাত বাস থেকে চারপাশের কিছুই দেখতে পাই নি। তাই আকণ্ঠ পান করছিলাম এই মোহময় মাহেন্দ্রক্ষনের অমৃত। ঘোর কাটলো রংরেজের ডাকে। রংরেজ আমাদের বাস ড্রাইভার। দারুন লোক এই রংরেজ।
বাপ মা আলহাদ করে সন্তানের নাম কখনো রংরেজ রাখে না, বলাই বাহুল্য। রংরেজের আসল নাম গগনদীপ সিং সেক্ষু। এ নাম আমার জানার কথা নয়। দিল্লী থেকে রোজ দলে দলে যে সব মানুষ এই বাসে চেপে ধর্মশালায় আসেন তাদের কেউই বোধয় রংরেজের এই নাম জানেন না। আমি জানলাম, কারণ কাল প্রায় গোটা রাতই আমি ড্রাইভার কেবিনে বসে রংরেজের সাথে আড্ডা দিয়েছি। করনাল এ ময়ূর ধাবায় গতকাল ডিনার সেরে আমরা রওনা দিলাম রাত দশটা নাগাদ। বাসে ঘুম আমার হয় না কখনোই। তাই একটু পরেই একটা সিগারেটের জন্য মনটা খুব আনচান করে উঠলো। বিশেষ করে মন যখন জানে এই বাস আমার সিগারেট খাবার জন্যে দাঁড়াবে না, তখন ইচ্ছেটা আরো প্রবল হয়ে উঠলো। আসলে ডিনারের শেষে, এখানকার রীতি অনুযায়ী একটা চা বলেছিলাম। চা র নাম করে এলো এক গ্লাস ডেজার্ট। উত্তর ভারতে আদপেই চা রান্না করা হয়। চা পাতা আর ঘন দুধ এক সাথে জাল দিয়ে দিয়ে চায়ের গন্ধওলা ওই ক্ষীর খুবই উপাদেয় মিঠাই বটে। আর সেই মিঠাইয়ের স্বাদ যতক্ষন জিভে গলায় লেগে থাকে, ততক্ষণ ধূমপানের ইচ্ছেটা হতেই থাকে। তাই একটা নিষ্ফল চেষ্টা করতেই ড্রাইভার কেবিনে গিয়ে অনুরোধ করলাম কোথাও একটু দাঁড়ানো যায় কি না। ড্রাইভার পরিষ্কার জানিয়ে দিলেন পরবর্তী স্টপ আবার সেই ভোরে। মাঝ রাতে অবশ্য একটা হিসি-স্টপ হতে পারে। ব্যাস, আমার এক গাল মাছি! বিফল মনোরথে নিজের সিটে ফেরার জন্য ঘুরতে গিয়ে চোখে পড়লো একটা দারুন কারুকাজ করা কাঠের বাক্স। রাতের নিকষ কালো আঁধারে বিচ্ছুরিত হয়ে আসা বাসের হেডলাইটের মলীন আলোতেও কেবিনের এই বাক্সটি যথেষ্ট আকর্ষণীয় লাগলো। শুধু তাই নয়, এই কারুকাজ আমার খুব চেনা। আমার এক বন্ধুর ঠাকুরমার কাছে এই রকম বাক্স দেখেছি। তিনি ছিলেন অবিভক্ত ভারতের লাহোর প্রদেশের মানুষ আর এই কাঠের শিল্প নাকি ওই অঞ্চলেরই বৈশিষ্ট্য। তাই, ড্রাইভার সাহেবকে না জিজ্ঞেস করে পারলাম না, ‘এই বাক্সটি কি লাহোর থেকে আনা?’। একটু বোধহয় চমকালেন মাঝ বয়েসী ড্রাইভার সাহেব। ইশারায় বসতে বললেন ওঁর সহ-ড্রাইভারের পিছনের সিটটিতে। কেবিনের দরজা বন্ধ করে বসলাম। ড্রাইভার সাহেব আমার দিকে একটু প্রশ্রয়ের হাসি ছুঁড়ে দিয়ে প্রশ্ন করলেন আমার কি প্রাকৃতিক প্রয়োজন পড়েছে, তাই থামতে বলছি! জানালাম ধূমপানের ইচ্ছের কথা। উনি নির্দ্বিধায় জানালেন আমি এই কেবিনে বসেই সেটা করতে পারি। ডি লা গ্রান্ডই...শুরু হল আমাদের আড্ডা। সহ-ড্রাইভার লোকটি অঘোরে ঘুমোচ্ছে। কেবল মাঝে মাঝে উঠে সিটের তলা থেকে দিশি মদের একটা বোতল বার করে এক ঢক গলায় ঢেলে আবার ঘুমিয়ে পড়ছে। জানলাম আমাদের ড্রাইভার সাহেবের নাম রংরেজ। রংরেজের জন্ম অবিভক্ত ভারতের লাহোর প্রদেশের একটি ছোট গ্রামে। একান্নবর্তী পাঞ্জাবি পরিবারের সব থেকে ছোট সদস্য ছিলেন গগনদীপ। পাঞ্জাবি এই চাষী পরিবারটিতে আর্থিক স্বাচ্ছন্দ না থাকলেও সুখ ছিল অপর্যাপ্ত। আর গগনের বেলায় তো তা আরো বেশি। ঘুম চোখে দাদাজির কাঁধে চেপে সাত সকালে মাঠে যাওয়া। দিগন্তব্যাপী সবুজের মাঝে হলদে বুটির সর্ষে ক্ষেত ঠিক যেন ‘সার্ষও দি সাগ বীচ চানে ডাল’। আমার অবশ্য শুনে মনে হচ্ছিল সবুজ দিওয়ালির রাত! হিম ঋতুর যৌবন কালের আরম্ভ। সে কথা রংরেজকে বলাতে সে হেসেই খুন! কি বুঝলো কে জানে, আমার দিকে কতকটা শিউজি কা প্রসাদ বাড়িয়ে ধরে বললেন একটা জম্পেশ জয়েন্ট রোল করতে। পিনের ডগায় ধরে লাইটার জেলে পোড়াবার সময় এক ঝলক রংরেজের দিকে তাকিয়ে মনে হলো বহু দূরের দিকে তাকিয়ে গাড়ী চালাচ্ছেন।
তা সেই গগনের যখন ছয় সাত বছর বয়স, এক শরতের সকালে বাড়িতে কান্নার রোল শোনা গেল। গগন আর তার সব ভাই বোনেরা শুতেন ঠাকুমার ঘরে ঢালাও বিছানায়, মাটিতে। দাদাজি শুতেন ওই বিশাল ঘরের একমাত্র খাটে। কখনও কখনও মাঝ রাতে ঘুম ভাঙলে গগন দেখতেন দাদাজি দাওয়ায় বসে হুক্কা টানছেন, খুব চিন্তিত মুখ। বড় তাউজি ও থাকতেন সেখানে। নিচুস্বরে কথাবার্তা হতো। ছোট্ট গগন কিচ্ছু বুঝতেন না। বোঝার দরকারই বা কোথায়? বরং চিন্তিত হতেন এই ভেবে যে কাল বড়দা গুলতিটা ঠিক বানিয়ে দেবে তো! তা সেই বিছানায় বসেই সমবেত কান্নার শব্দে গগন ছুটে বাইরের উঠনে এলেন। দেখলেন পরিবারের সবাই জমা হয়েছে। কম করেও জনা পঞ্চাশেক। গগনের এক হাবাগোবা পিসতুতো দাদা ছিলেন। সে গগনের থেকে বয়েসে অনেক বড়ো হলেও গগনের সাথেই ঘুরে বেড়াতো, বোধয় মানসিক বয়েস তখনো তার গগনের মতনই। সেই দাদা এসে গগনের কানে কানে জানালো ছোট পিসি এসেছেন। চল ওঁর কাছে গিয়ে দুটো পয়সা চেয়ে লগেন্চুস খাব! সেই ছোট পিসির খোঁজ করতে গিয়ে দেখা গেল তিনিই জটলার কেন্দ্রস্থল এবং ক্রন্দনরত। সকলে তাঁকে স্বান্তনা দিচ্ছেন। গগনের হাবা দাদা না বুঝলেও গগন বুঝেছিলেন খুব বড় কোনো বিপদ ঘটেছে। অনেক বেলায় গগন জানতে পেরেছিলেন ওর ছোট পিসেকে করা যেন খুন করেছে, কয়েকদিন আগে, লুধিয়ানা প্রদেশে। পিসি রাতারাতি পালিয়ে এসেছেন, অনেক কাঠখড় পুড়িয়ে। সেই হাবা দাদা শুনে খুব ভয় পেয়ে গেলেন পিসের ভূত এখানে আসবে ভেবে। এর এক মাসের মধ্যেই গগন জানতে পারলেন ওদের পুরো পরিবার এই গ্রাম ছেড়ে হিমাচল প্রদেশের কাংরা জেলায় চলে যাবে শীঘ্রই। সেখানে দাদাজির এক পরিচিত থাকেন। তিনিই সব ব্যবস্থা করছেন। গগন চিন্তায় পড়লেন হিমাচলে গুলতি বানাবার কাঠ পাওয়া যাবে তো! এই ডামাডোলে বড়দাদা এখনো গুলতি তা বানিয়ে দিলেন না!
প্রায় আধ ঘন্টা হয়ে গেল আমরা বসে আছি ফরেস্ট রেঞ্জারের অফিসে। রেঞ্জার সাহেব যুগলকিশোর পান্ডে বেরিয়েছেন কোথাও একটা। জানা গেছে এখুনি এসে পড়বেন। তাই ধৈর্য ধরে ‘বসে আছি পথ চেয়ে’! সকাল দশটা নাগাদ পৌঁছেছি ধর্মশালায়। ধাওলাধার পর্বতমালার তত্বাবধানে দেওদার গাছের জঙ্গলে ঘেরা উত্তর পশ্চিম হিমালয়ের এই ডিস্ট্রিক্ট টাউনটির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি দলাই লামার বাসস্থান। বিখ্যাত থেকচেন চোলিং মনেস্টারি এবং বৌদ্ধ ধর্ম গ্রন্থের পাঠাগার শুধু বৌদ্ধ পীঠস্থানই নয়, এক বিশাল সংগ্রহশালা এবং গবেষনা কেন্দ্রও বটে। এছাড়াও আছে উচ্চ বিদ্যালয়, মহা বিদ্যালয় এবং বিশ্ব বিদ্যালয়। আছে সরকারি এবং বেসরকারি হাসপাতাল, অন্যান্য সরকারি দপ্তর আর এই বনবিভাগ, যেখানে আমরা তীর্থের কাকের মতন বসে আছি যুগলকিশোরজির দর্শনার্থী হয়ে।
বেলা এগারোটা নাগাদ এলেন রেঞ্জার সাহেব। বেশ মিশুকে লোক। আমাদের কফি আর কেক খাওয়ালেন। সেই না দেখা জামাইবাবুর চিঠিটা তেমন গুরুত্ব না দিলেও, ত্রিউন্ডের ফরেস্ট বাংলোর বুকিংটা এপ্রুভ করে দিলেন। শুধু জানালেন আমরা যেন basic supply সঙ্গে নিয়ে যাই। ওই বাংলোতে ব্যবস্থা খুব বেশি নেই। যুগলকিশোর জি যে কতটা বিনীত তা বুঝেছিলাম সেই বাংলোতে পৌঁছে। মাথার ওপর ছাদ আর কাঁচ ভাঙা জানালা ওয়ালা দুটি ঘর ছাড়া সেখানে আর কিস্যু ছিলোনা। একে বাংলো বলা মানে আদিখ্যেতার চূড়ান্ত।


যাই হক, আমাদের যাত্রা শুরু হবে পরের দিন খুব ভোরে। Lonely Planet থেকে Friendly যুগলকিশোর জি, একই উপদেশ দিয়েছেন। আমরা আপাতত MacLeod গঞ্জের বাস টার্মিনাসের একটি ছোট্ট ধাবায় বসে উৎকৃষ্ট এবং সুস্বাদু থুকপা (এক ধরণের নুডলস সুপ) আর মোমো খাচ্ছি। ঘড়িতে সময় তিনটে দেখালেও, সরকারি পরিসেবার কর্মচারীর মতন সূর্যদেব গায়েব। ফেরত আসতেও পারেন আবার নাও আসতে পারেন। কুছ পরোয়া নাহি, আমাদের কোথাও যাবার নেই, কিস্যু করার নেই। শিরশিরে ঠান্ডা হাওয়ায় অনতিদূরে হিমালয়ের ধাওলাধার রেঞ্জের ঝাপসা সবুজ জঙ্গলের মাঝে মাঝে থোকা থোকা ঝুপসি কুয়াশা বা মেঘেদের আড্ডা দেখতে দেখতে কফিতে চুমুক দিলে একটাই কথা মনে হয়, জীবন সুন্দর।
McLeod গঞ্জ ধর্মশালার উপকণ্ঠে অবস্থিত হলেও, এখানকার চরিত্র একেবারেই আলাদা। চারপাশে বেশিরভাগই তিব্বতি মানুষ, শান্ত এবং সদাহাস্যময়। কাছের বৌদ্ধ মনেস্টারির থেকে মাঝে মাঝেই ভেসে আসছে সমবেত মন্ত্রোচ্চারণ আর এক দুঙছেনর (শিঙার মতন দেখতে) মন্দ্রোধবনি। মন দিয়ে খানিকক্ষণ শুনলে কেমন ঘোর লেগে যায়! বেশ আনন্দের ঘোর। আমাদের মতন তুচ্ছ মানুষের রোজনামচায় জীবনের যে ক্লেদাক্ত গ্লানী জমা হয়, এমন পরিবেশে এই শব্দের ধারাস্নানে তা ধুয়ে মুছে সাফ হয়ে যায়। আমি এবং আমরা তিন বন্ধু ধার্মিক নই একেবারেই। কিন্তু কোনো এক অজানা আকর্ষণে ধীরে ধীরে আমরা গিয়ে বসলাম সেই মনেস্টারির ঠাকুর দালান গোছের একটি জায়গায়। খোলা জায়গায় ঠান্ডা হওয়াটা বেশ জোরালো ঠেকলেও, আমরা ওখানে ঠায় বসে থাকলাম একটিও কথা না বলে। অবচেতনে কেউ জানান দিচ্ছিল আশ্রয় এখানেই।
গত পনেরো-বিশ মিনিট হলো আমরা বসে আছি পেস্টেনজি & সনস এ। বৃদ্ধ পেস্টেনজি মন দিয়ে পড়ছেন আমাদের আনা সেই আরেক চিঠি যা লিখেছিলেন রাঠোরজি। পার্সি বৃদ্ধের মুখে কখনো খুশির ঝলক কখনোবা আক্ষেপের দ্বিরুক্তি। এই বৃদ্ধের মতন এই দোকানটা ও একটি ইতিহাসের পাতার মতন। ছোটবেলার দেখা সেই গোল্ড ফ্লেকের বিজ্ঞাপন, গোল্ড স্পটের বোতল, হারিয়ে যাওয়া সিগারেট-লজেন্স, প্লাস্টিকে মোড়া চিটেগুড়, বড় বড়ো কাঁচের বয়ামে রাখা হরেক রঙের লজেন্স আর বিস্কুট। পেস্টেনজি চিঠি পড়া শেষ করে তাকালেন আমাদের দিকে। দৃষ্টি দেখে বুঝতে অসুবিধা হলো না আমাদের দিকে তাকালেও মন ওনার অন্য কোথাও। ইতিমধ্যে দোকানে জড়ো হয়েছেন ওনার কয়েকজন বয়স্য। সান্ধ্য আড্ডা বোধ হয়। পরিষ্কার বুঝতে পারছিলাম আমরা তিনজন ওখানে খুবই অপ্রত্যাশিত এবং খানিকটা অনাহূতও। তাও অপেক্ষা করছি হয়ত বিদায়ের অনুমতির জন্যই। McLeod গঞ্জে সন্ধ্যা নেমেছে। চারপাশে নিকষ কালো অন্ধকার। রাস্তায় আলো প্রায় নেই বললেই চলে। বেশ কনকনে একটি হওয়া আসছে তুষারাবৃত পর্বতের বুড়ি ছুঁয়ে। পাহাড়ি ভেষজের মাতোয়ারা গন্ধ। একটু দূরে পাহাড়ী বস্তি থেকে ইতস্তত ধোঁয়ার কুন্ডলী উঠছে, অন্ধকারে চোখ সয়ে গেলে দেখা যায়। মনে পড়ে গেলো পোস্টমাস্টারের অজ পাড়াগাঁয়ের ডাকঘরের সেই আড্ডা। এইসব ভারতীয়-তিব্বতি মানুষগুলির বেশিরভাগই হয়তো কাংরার বাইরে যাননি। কিন্তু তা নিয়ে ওঁদের কোনো চিন্তা আছে বলে মনে হয় না। এরই মাঝে একজন ছোটখাটো গড়নের বৃদ্ধা সকলের জন্য চা নিয়ে এলেন। আমাদের দেখে একটু অবাক হলেন। একটু বা অপ্রস্তুত। চা এসেছে আড্ডার সদস্যদের জন্যে, গোনাগুনতি। আমাদের ভাবসাবও ঠিক খদ্দেরের মতন নয়। বাকি সদস্যদের অবিশ্যি এ ব্যাপারে মাথা ব্যাথা নেই। তাঁরা নিজেদের চা নিয়ে আলোচনায় ব্যস্ত পালামপুরের লেপার্ড নিয়ে। পেস্টেনজি বৃদ্ধার দিকে তাকিয়ে ইশারা করলেন ভেতরে যেতে আর তার প্রায় পক্ষনেই আমাদেরও ডাকলেন ভেতরে আসতে। আমার দুই বন্ধু ধূমপানের অছিলায় 'একটু আসছি' বলে বাইরে গেল। তেষ্টা আমারও পেয়েছিল, কিন্তু কেন জানি না মনে হলো এই বৃদ্ধ দম্পতির কিছু বলবার আছে। তাকে অগ্রাহ্য করা যায় না। তাই গুটিগুটি ভিতরবাড়ীতে এলাম। বুঝলাম দোকানঘরটি আদপেই একটি বৈঠকখানা। বৃদ্ধাই এই সংসারের মালকিন বুঝতে অসুবিধা হলো না। পেস্টেনজি বসালেন আমায়, সম্ভবত অন্তঃপুরের বৈঠকখানায়। ছোট্ট এক চিলতে প্যাসেজের পরে পাশাপাশি দুটি ঘরের একটায় আমি বসে আছি। বৃদ্ধা আমার জন্যে নিয়ে এলেন একটি কোলার বোতল, তাতে স্ট্র দেওয়া। বোতলটি দেখতে অবিকল ছোটবেলায় দেখা গোল্ড স্পটের বোতলের মতন। বৃদ্ধা দাঁড়িয়ে আছেন আমার সামনে হাসি হাসি মুখে, চোখে অনেক প্রশ্ন ভীড় করে আছে। উনি যে এক সময়ে যথেষ্ট সুন্দরী ছিলেন তার প্রমান স্পষ্ট। একটা অস্বস্তিকর নীরবতা। পেস্টেনজি ঘরে ঢুকলেন হাতে একটি প্লেটে কয়েকটি বিস্কুট নিয়ে। বারবাড়ীর দোকানঘর থেকে নিয়ে এলেন। তারপর শুরু হল দুজনের প্রশ্ন পর্ব। আমি এবং আমরা কে, কোথায় থাকি, কি করি, আমরা কিভাবে রাঠোরজি আর সিংজি কে চিনি, আমি ওদের বাড়ীতে যাই কি না, রাঠোরজির হার্টের ব্যামো কেমন আছে, ইত্যাদি। আমার তো এক গাল মাছি! নিজের এবং নিজেদের সম্বন্ধে প্রশ্নের উত্তরগুলো দিতে পারলেও, রাঠোরজি আর সিংজি সম্পর্কে আমি কিছুই জানি না। যতটুকু জানি বললাম ওঁদের। শুনে খুব একটা সন্তুষ্ট হলেন বলে মনে হয় না। অবশেষে পেস্টেনজি বললেন উনি চান আমি চিঠির উত্তর সাথে করেই নিয়ে যাই।
পেস্টেনজি গেলেন পাশের ঘরে, চিঠির উত্তর লিখতে। অগত্যা আবার অপেক্ষা। বৃদ্ধা কিন্তু খুব বকবক করতে ভালোবাসেন। আমার সাথে নানান কথা বলতে লাগলেন। সবই অবিশ্যি ওনার এই ছোট্ট জগতের কথা। কিভাবে এই কাংরা উপত্যকার পরিবর্তন হলো। 1959 এ তিব্বতীরা McLeod গঞ্জে এসে আশ্রয় নিলেন। তিব্বতীরা তখন চীনের কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। তৈরি হলো ধর্মশালার ডিস্ট্রিক্ট অফিস। তৈরি হলো থেকচেন মনেস্টারি। ক্রমশ গড়ে উঠলো রাস্তাঘাট, হাসপাতাল, স্কুল কলেজ। আর সেই রাস্তা বানাতেই এলেন সিংজি আর রাঠোরজি। রাঠোরজির সাথে আশনাই হয় এঁদের একমাত্র মেয়ে বালাহীর। এই সম্পর্ক মেনে নেননি পেস্টেনজি আর তৎকালীন সমাজ। একমাত্র এই মায়ের মন ই পারেননি মুখ ফিরিয়ে নিতে। সাহায্য করেছিলেন রাঠোরজি আর বালাহীকে পালিয়ে যেতে। তা আজ প্রায় চল্লিশ বছর আগের কথা। সেই থেকে আর মেয়েকে দেখেননি এই দম্পতি। আমার মন চলে গিয়েছিল সেই চল্লিশ বছর আগের McLeod গঞ্জে। কল্পনা করার চেষ্টা করছিলাম সেই জীবনপ্রবাহ। মনটা ভিজে উঠেছিল। যদিও এঁদের কাউকেই তেমনভাবে চিনি না, জানি না। বৃদ্ধার শেষের দিকের কথাগুলি বোধয় পেস্টেনজির কানে গিয়েছিল। ধীর পায়ে ঘরে ঢুকলেন তিনি। সাদা খামে মোড়া চিঠি আমার দিকে বাড়িয়ে ধরে বললেন, আমি যেন নিজে গিয়ে এই চিঠি বালাহীর হাতে দিই আর জানাই পেস্টেনজি ওঁকে ক্ষমা করেছেন। সমাজ, সামাজিকতা, বড় বালাই। শুধু তিব্বতী বিদ্রোহকারীরা নয়, আরো কত মানুষ যে এমত অজ্ঞাতবাসে থেকে যান নিজের প্রিয়জনদের ছেড়ে, শুধুমাত্র বিদ্রোহটা ঠিকঠাক করে উঠতে পারেন না বলে।
গতরাতে আশ্রয় আদপেই জুটে গিয়েছিল মনেস্টারির ডর্মিটোরিতে। দিব্যি ব্যবস্থা। একটি ক্যাম্প খাট, গদি, একজোড়া কম্বল। তোফা বন্দোবস্ত। পেস্টেনজির আস্তানা থেকে বেরিয়ে মনটা বড় ভার লাগছিলো। তার ওপর ঠান্ডাটা বেশ জাঁকিয়ে বসছিল। আকাশ পরিষ্কার হবার দরুন ঠান্ডাটা বাড়লেও, প্রকৃতি বড় অপরূপ হয়ে উঠেছিল। রাতের পাহাড় সবসময়েই রহস্যময়ী, তার আকর্ষণ দূর্নিবার। আমায় বহুবার টেনে এনেছে ঘরের বাইরে। নিরাভরণ মন নিয়ে সেই আত্মসমর্পণ যে কি মধুর, তা বলে বোঝানো সম্ভব নয়। আমরা হাঁটতে থাকলাম ফিরিঙ্গি পাড়ার দিকে। মানে যেখানে ব্যাগ প্যাকাররা তাঁবু খাটিয়ে থাকে। গিয়ে দেখি সেখানে ভরপুর Rave Party হচ্ছে। মদ, মাদক আর আদিম রিপুর উদ্দাম নৃত্য। বিরঞ্চিবাবার মতে, ভোগ হইল গিয়া প্রবৃত্তি আর ত্যাগ হইল গিয়া নিবৃত্তি। তা সেই প্রবৃত্তি আর নিবৃত্তির অমন শান্তিপূর্ণ সহাবস্থান দেখে মাভই বলে ঝাঁপ দিলাম সাগরে।
আমরা ঠিক সকাল ছয়টায় রওনা দিয়েছি ত্রিউন্ডের উদ্দেশ্যে। পথ খুব বেশি নয়। বস্তুত গত সন্ধ্যায় পেস্টেনজির স্ত্রী কথায় কথায় বলেছিলেন, ওঁদের দাম্পত্য কলহ হলে পেস্টেনজি নাকি ত্রিউন্ডে গিয়ে বসে থাকতেন। সে অর্থে ত্রিউন্ড কে গোঁসা-পাহাড় বলা চলে। আজ হাঁটতে শুরু করার এক ঘন্টা পরে বুঝলাম ব্যাপারটা অত সহজ নয়, অন্তত আমাদের মতন শহুরে আলহাদী শরীর নিয়ে তো নয় ই। রাস্তা বলে তেমন কিছুই নেই। একটি মাত্র পায়ে চলা পথ, তাই দিগভ্রান্ত হবার সম্ভাবনা কম। গোটা পথটাই জঙ্গলের মধ্যে দিয়ে। ট্যুরিস্ট বা ট্রেকার এখনো অবধি দেখি নি। হিমাচলের এসব জঙ্গলে লেপার্ড বা ছোট ভালুক থাকলেও, এই অঞ্চলে তেমন কোনো উপদ্রবের কথা তো শুনলাম না। পেস্টেনজি অবশ্য বলে দিয়েছেন সন্ধ্যার পর এপথে না থাকাই শ্রেয়। সে প্রশ্নও উঠছে না। ঘন্টা চারেকের পথ। ধীরেসুস্থে বিশ্রাম নিয়ে নিয়ে উঠলেও বেলা বারোটার আগে ত্রিউন্ডে পৌঁছে যাবো। প্রায় তিন ঘন্টা হাঁটার পর, আমাদের দ্বিতীয় বিরতির সময় এক ফিরিঙ্গি যুগলের সাথে দেখা হলো। তারা ফিরছেন ত্রিউন্ড থেকে। সাথের সরঞ্জামের দিকে এক ঝলক দেখলেই বোঝা যায় এরা ক্যাম্পিং করছিলেন। জানলাম ত্রিউন্ডের আবহাওয়া বেশ ভালো এখন। আমরা একসাথে বসে ধূমপান করলাম। টুকরো কথায় জানলাম ছেলেটি নরওয়ের আর মেয়েটি ফ্রেঞ্চ। এরা দুজনেই দিল্লীর JNU র ছাত্র-ছাত্রী। ওরা এগোলো, McLeod গঞ্জের দিকে। এবার আমাদের এগোবার পালা, উল্টো দিকে। এই ভিউ পয়েন্ট টা অপূর্ব। প্রায় পুরো ধাওলাধার রেঞ্জটাই দেখা যাচ্ছে দিকচক্রবালে। আমরা এখন প্রায় সাত হাজার ফুট উচ্চতায়। চারপাশ নিস্তব্ধ। অবিশ্যি জঙ্গলের একটা নিজস্ব শব্দ আছে। এক সম্মোহনী মাদক শব্দ! সেই পাহাড়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে আবার মনে পড়ে গেলো কাল রাতের উদ্দাম পার্টির কথা। McLeod গঞ্জের হাতায়, হালকা জঙ্গলের মধ্যে চলছিল পার্টি। আন্দাজ দশ বাই দশের একটি বিমূর্ত চিত্র টাঙানো, তাতে সামান্য আলোর খেলা চলছে, আপাত-একঘেয়ে ট্রান্স বাজনা বেজে চলেছে। ওই পরিবেশে, চক্ষু-কর্ণ-নাসিকার সমন্বয়ে মন যে সব বিভঙ্গ তৈরি করে তার টানেই বোধয় এত মানুষ ছুটে আসে। প্রবৃত্তির চূড়ান্ত না হলে নিবৃত্তি আসবে কি করে!
হঠাৎই খেয়াল করলাম আমি একা বসে আছি। সাথের দুই বন্ধু বোধয় হাঁটা লাগিয়েছে ধীরে ধীরে। কয়েক পা এগিয়ে একটা বাঁক নিয়েই দেখতে পেলাম ওদের। আন্দাজ একশ মিটার দূরে ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত। যার যাতে মৌতাত! 
নেহাতই গড়িমসি করে হেঁটে আমরা ত্রিউন্ড পৌছালাম বেলা দেড়টা নাগাদ। ধর্মাকোট পর্বতমালার অন্তর্গত ত্রিউন্ডের উচ্চতা প্রায় সাড়ে আট হাজার ফুট। চারপাশে ওক আর দেবদারু গাছের জঙ্গলে ঘেরা ত্রিউন্ড এক কথায় অনিন্দ্য সুন্দর। একটি মাত্র ধাবা আর তাতে বছর বারো তেরোর একটি ছোকরা ছাড়া আপাতত মনুষ্য সভ্যতার কোনো চিহ্ন নেই এখানে। পুরোটাই প্রকৃতির উজাড় করে দেওয়া অফুরন্ত সম্পদ! বলা বাহুল্য, প্রায় নয় হাজার ফুট উচকতায় ঠান্ডা এখানে অনেক বেশি, হওয়ার দাপটও যথেষ্ঠ। গিয়ে ঢুকলাম ফরেস্ট বাংলোয়। এই বাংলোর জন্যে বুকিং করতে আমরা ধর্ণা দিয়েছিলাম, হায়! চেকইন, চৌকিদার দুরহস্ত, ঘরের দরজায় একটা তালা পর্যন্ত নেই! ছোকরা ওরফে দংরু উপদেশ দিলো ঘরদোর ভালো করে দেখে নিতে। সাপখোপ থাকতে পারে। আমি মনে মনে ভাবছিলাম, লালমোহনবাবুর ভাষায়, 'দু একটা ভ্যাম্পায়ার বেরিয়ে আসলেও আশ্চর্যের কিছু নেই'। একটু সরেজমিনে দেখেই বুঝলাম আকাঠ একটা কাঠের বাড়ী ছাড়া এতে আর কোনো ব্যবস্থাই নেই। সুতরাং, প্রাতঃ কৃত্যম যত্রতত্ৰ, ভোজনং ধাবায় আর কেবলমাত্র শয়নং এই কঠঠো-মন্দিরে।
একটু পরে বাইরে এসেই কিন্তু মন ভালো হয়ে গেল। পড়ন্ত বেলায় সূর্যাস্তের রঙের খেলা শুরু হয়েছে পর্বতশৃঙ্গে। আমরা তিনজন একটিও কথা না বলে প্রকৃতির সেই রূপসুধা পান করলাম আকন্ঠ। ঘোর কাটলে আস্তেধীরে গিয়ে বসলাম ধাবায়। দংরু জানালো ও আমাদের খিচুড়ি বানিয়ে দিতে পারে। তবে তা এখনই। কারণ এর আধ ঘন্টায় দোকান বন্ধ করে সে বাড়ী ফিরবে, গালু মন্দিরের কাছে। তাও প্রায় ছয় কিলোমিটার পথ। এইটুকু ছেলে, এই জঙ্গলের পথে একা যাবে ভেবেই ভয় লাগলো। পরক্ষনেই দংরুর মুখ দেখে মনে হলো, এটাই তার জীবন। সে এতেই সবথেকে স্বচ্ছন্দ, সাবলীল।
আমরা এখন ফেরার পথে। ইচ্ছা আছে আজ রাতের বাস ধরবো, দিল্লীগামী। McLeod গঞ্জে পৌঁছে পেস্টেনজি দম্পতির সাথে একবার দেখা করেই সোজা বাসস্ট্যান্ড। নামছি ধীরেসুস্থে। উৎরাই হলেও পথ ভাঙা, কখনো বা পাথরের ধাপকাটা, অসম। আছাড় খেলে চোট লাগবে ভালোমতন। আমি মাঝে মাঝেই পিছিয়ে পড়ছিলাম। আমি সাবধানী বটে। দুটো গোড়ালি ভাঙা হবার দরুন আমার বডি ব্যালান্স ব্যাপারটা বেশ কম। তারওপর এখানে সেখানে দাঁড়িয়ে ধূমপান করতে করতে প্রকৃতি দেখা অভ্যাস আছে। আছে মনের সমুদ্রে ডুব দেওয়া। আমরা বেরিয়েছি বেলা বারোটা নাগাদ। সন্ধের আগে পৌঁছে যাবো McLeod গঞ্জ। ভরা মনে কতক সম্পর্কের ভার নিয়ে সাতপাঁচ ভাবতে ভাবতেই দুর্ঘটনাটি ঘটলো। সম্পূর্ণ নিজের দোষে একটি আলগা পাথরের ধাপ ঠাহর করতে না পেরে পড়লাম মুখ থুবড়ে। অসহ্য যন্ত্রনায় চোখে অন্ধকার দেখলাম। মাথা ঝিমঝিম করতে লাগলো।
একটু ধাতস্থ হবার পর খেয়াল করলাম চোটের গভীরতা। ডান পায়ের গোড়ালিতে অসহ্য যন্ত্রনা। জানিনা মচকেছে না ভেঙেছে। আর বাম হাঁটু রক্তে ভাসছে। একটি পাথরের কোন আমূল বিঁধেছে হাঁটুতে। যন্ত্রনা এতটাই তীব্র যে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। জানি দুই বন্ধু একটু পরই আমায় দেখতে না পেয়ে ফিরে আসবে। কিন্তু আমায় নিয়ে তারা যাবে কি করে? আমার তো দুটো পা ই জখম! ব্যাথায় আর ভয়ে শরীর যখন অবশ হয়ে আসছে, মাথায় যুক্তি বুদ্ধি লোপ পাচ্ছে, স্বয়ং ভগবান উপস্থিত হলেন আমার সামনে। এক আদিবাসী পাহাড়ী ভদ্রমহিলার রূপ ধরে। মহিলা নিজের ভাষায় কিছু জিজ্ঞেস করলেন আমায়। কিচ্ছু বুঝলাম না। ফ্যালফ্যাল করে চেয়ে রইলাম। তবে যন্ত্রনা আর অসহায়ত্বের ভাষা বুঝি সবাই বোঝে। উনি খুব ব্যস্ত হয়ে জঙ্গলে ঢুকে গেলেন। তবে ওঁর দৃষ্টিতে যে বরাভয় ছিল তা আমায় অনেকটা আস্বস্ত করেছে। উনি ফিরে এলেন মিনিট পনের পর, হাতে অনেক জংলি পাতা নিয়ে। অভ্যস্ত হাতে সেই পাতা থেঁতো করে লাগিয়ে দিলেন ক্ষতস্থানে, পরম যত্নে। অন্য এক ধরণের পাতা দুই হাতে পিষে খাইয়ে দিলেন আমায়। আমার এক মুহূর্তের জন্যেও কোনো সংকোচ অথবা দ্বিধা হলো না। স্বয়ং ভগবান যার চিকিৎসা করছেন, তার কি এসব বালাই থাকে! একটু পরেই যন্ত্রনা কমে গেল অনেকটা। ইতিমধ্যে আমার দুই বন্ধু ফিরে এসেছে। কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। ভদ্রমহিলা কিন্তু ঠায় বসে আছেন আর আমায় পর্যবেক্ষণ করছেন। না ক্ষতস্থান নয়, পর্যবেক্ষণ করছেন আমায়, আমার অভিব্যক্তি। উনি জানেন কথা বলে লাভ নেই। আমরা একে অপরের ভাষা বুঝি না। তাই আমার অবস্থা বুঝে নেবার চেষ্টা করছেন নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে। প্রায় আধ ঘণ্টা পরে উনি আমার উঠে দাঁড়াবার চেষ্টা করতে ইশারা করলেন। দু একবারের চেষ্টায় উঠে দাঁড়ালাম এবং কিমাশ্চর্যম, বন্ধুর কাঁধে ভোর দিয়ে দিব্যি কয়েক পা হাঁটলামও। ভদ্রমহিলা আরেকবার সেই পাতা থেঁতো করে ক্ষতে লাগিয়ে নিজের কাপড়ের টুকরো ছিঁড়ে পট্টি বেঁধে দিলেন। ইশারায় বললেন এবার আমি হাটতে পারবো। পায়ের ওই অবস্থায় গড় করা সম্ভব হলো না, তাই জোড় হাতে নমস্কার করলাম, ভক্তিভরে। শহুরে মন প্রতিদানে কিছু করতে বলছিল। ওই অবস্থায়ও অনুভব করলাম ভগবানের প্রতি এই মনোভাব চরম ধৃষ্টতা। তাই আরেকবার প্রণাম জানিয়ে হাঁটা দিলাম McLeod গঞ্জের উদ্দেশে।
সময় একটু বেশি লাগলেও সন্ধের মুখে পৌঁছলাম McLeod গঞ্জে। সোজা গিয়ে হাজির হলাম সরকারি হাসপাতালে। পরীক্ষা করে ডাক্তার জানালেন ওই প্রাথমিক চিকিৎসা যথেষ্ট ভালো হওয়ায় আমি এতদূর হাঁটতে পেরেছি। জানালেন এই ওষুধের গুনে আমি অনায়াসে বারো ঘন্টার বাসজার্নি করে দিল্লী পৌঁছে যেতে পারবো। পরের চিকিৎসা দিল্লীতে। রাতের বাস ধরলাম।
বাস ছুটে চলেছে অন্ধকার ভেদ করে। হয়তো রংরেজের মতন এই বাস ড্রাইভারের ও কোনো গল্প আছে। কিন্তু আমার মাথায় তখন একটাই ভাবনা, যে ভগবান আমায় বাঁচালেন তিনি কি গালু মন্দির থেকে এলেন, না কি থেকচেন মনেস্টারির থেকে, কি তাঁর ধর্ম? কোন দেশের ভগবান তিনি? তিনি কি রাজনৈতিক, নাকি সামাজিক নাকি অর্থনৈতিক? আমার বাম হাঁটুর সেই ক্ষতের দাগ আজও আমায় মনে করায়, ভগবান আছেন আসে পাশেই।
©Suman Dutta

2 comments:

  1. Your memory basket of goodies us as sumptuous as it is tender. It evokes so many senses. One can almost smell the hills....

    ReplyDelete
  2. একটানা রুদ্ধশ্বাসে পড়ে ফেললাম এই অফবিট সুহানা সফরোপখ্যান। ঝরঝরে ভাষা। মুগ্ধ হলাম। দিল মাঙ্গে মোর।

    ReplyDelete