Sunday, August 2, 2020

ভিন্ন ভুটান

ভুটান বলতে থিম্পু, পারো, ফুন্টসলিং ছাড়া আর কিছই জানতাম না, 1998 এ। বলা বাহুল্য ইন্টারনেট তো ছিলই না। আমি তখন থিম্পুতে বসে গত তিন মাসের অডিটের কাজ গুটিয়ে আনছি। পুজো আসছে, তাই কলকাতায় ফেরার একটা উদগ্র টান প্রতিদিন বেড়ে চলেছে। ঘন নীল আকাশে পেঁজা তুলোর মতন মেঘেদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। রোজ বিকেলে রায়ডাক নদীর হাত ধরে যখন হোটেলে ফিরি, মন প্রায়ই উদাস হয়ে ভাবতে থাকে কলকাতার কথা, পুজোর প্রস্তুতির কথা। থিম্পুতে বসে পুজো টের না পেলেও বাতাসে গন্ধটা এসেই যায়। আসলে গন্ধটা মনে লেগে থাকে সারা বছর, প্রকৃতি শরতের কাজল পরলে সেই গন্ধটা উগ্র হয়ে ওঠে।

যাই হোক, আমার বাড়ী ফেরার যখন আর মাত্র এক সপ্তাহ বাকি, মন ছুট লাগিয়েছে ইতিমধ্যেই, জয়গাঁও, হাসিমারা, বিরপাড়া, মাল বাজার, বিন্নাগুড়ি, ধুপগুড়ি হয়ে সোজা শিলিগুড়ি। দিদির বাড়ী হাকিম পাড়ায়। এক রাত সেখানে কাটিয়ে ট্রেন, প্লেন, রকেট বাস, যা পাই তাই ধরে কলকাতা পৌঁছনোর কথা ষষ্ঠীর দিন সকালে।

প্রতি রবিবারের মতন দুপুর দুপুর গিয়ে হাজির হয়েছিলাম Thangthong Dewachen মনেস্টারিতে। এখানকার লোকে বলে Zilukha Anim। থিম্পু শহর থেকে সামান্য দূরে অবস্থিত এই মনেস্টারিতে থাকেন বেশ কয়েকজন নান। এখান থেকে থিম্পু ভ্যালির একটা দারুন সুন্দর ভিউ পাওয়া যায়। দূরে দেখা যায় তাশিশোজং। ইতস্তত বিচ্ছিন্ন কিছু বাড়ী ঘর। ঘন সবুজ পাহাড়ের দল ভীড় করে ঘিরে রয়েছে গোটা থিম্পু উপত্যকাকে। এখুনি যেন কোনো ম্যাজিক ঘটবে! ম্যাজিক অবশ্য রোজই ঘটে! তবে তা উপত্যকায় নয়। সেই দূরের যে গুরুগম্ভীর যে শৃঙ্গগুলি লায়াপ রমণীর কৌণিক টুপির মতন ধপধপে বরফের তাজ পরে দাঁড়িয়ে আছে, ম্যাজিক ঘটে সেইখানে! সারাদিন ব্যস্ত মেঘেদের ওড়াউড়ি সেখানে। একদল মেঘ যদি বা শান্ত হয়ে একটু জিরান নেয়, অমনি সূর্যমামার এক ধমকে আবার পালাই পালাই রব! আবার দেখা দেয় সেই দেমাকি বরফ ঢাকা শৃঙ্গের দল। সারাদিন বসে এইসব দেখি। এটাই আমার রবিবার। প্রাতরাশ সেরে পরিচ্ছন্ন হয়ে চলে আসি এই মনেস্টারিতে। সারাদিন দেখতে থাকি প্রকৃতির এই খামখেয়ালিপনা। কখনো হয়তো কোন টুরিস্টের সাথে একটু আড্ডা। সেভাবেই একদিন আলাপ হলো মিয়ার সাথে। মিয়া জার্মানির ফ্রেইবার্গের বাসিন্দা। একা ভুটান বেড়াতে এসেছেন। একটু গম্ভীর প্রকৃতির হলেও মিয়া বেশ আড্ডাবাজ মেয়ে। জানলাম ভুটান আসার আগে মিয়া ভারতেও কিছুদিন কাটিয়েছেন। ক্রমে জানলাম পেশায় মনোরোগ বিশেষজ্ঞ মিয়া এখন নিজেই অবসাদে ভুগছেন। জার্মানরা সাধারণত একাকীত্ব পছন্দ করেন, অন্ততঃ নিজস্বতার গন্ডি পেরোতে চান না। তাই একটু অবাক হয়েছিলাম যখন মিয়ার সাথে আলাপটা বন্ধুত্বের পর্যায়ে পৌঁছলো। ওর জীবনটা এক অদ্ভুত গল্প।


ব্ল্যাকফরেস্ট হলো জার্মানী আর ফ্রান্সের সীমান্তবর্তী এক পার্বত্য অঞ্চল। আর এই ব্ল্যাকফরেস্টের সব থেকে গুরুত্বপূর্ণ শহর হলো গিয়ে ফ্রেইবার্গ। মিয়ার জার্মান বাবা এবং ফ্রেঞ্চ মা দুজনেই সেখানকার নামী ডাক্তার। মিয়ার একমাত্র ভাই বেন একজন ভাস্কর। সে থাকে অস্ট্রিয়ার সালসবার্গে। অঢেল প্রাকৃতিক সৌন্দর্য আর জঙ্গলে ঘেরা এই শহরে বেশ ছিল মিয়া। গোল বাঁধলো মিয়ার এক বেয়াড়া ইচ্ছায়। গতবছর, অর্থাৎ1997 র গোড়ার দিকে কোনো এক নৈশহারের সময় মিয়া তার বাবা-মা কে জানায় যে সে লিঙ্গ পরিবর্তন করে পুরুষ হতে চায়! সে সময়ে প্রাচ্য তো দূরের কথা, পাশ্চাত্যেও এমত ইচ্ছার কোনো সামাজিক স্বীকৃতি ছিল না। আজও হয়তো নেই। তবে ওদেশে ব্যক্তি স্বাধীনতাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় আর তাই অনিচ্ছাসত্ত্বেও মিয়ার বাবা-মা অবশেষে মত দেন। শুরু হয় লম্বা চিকিৎসা প্রক্রিয়া। আর সব থেকে বড়ো ব্যাপার মানসিক প্রস্তুতি। বলা ভালো মানসিক রূপান্তর। সেই রূপান্তর কোনো ট্রেনিং বা কর্মশালার কাজ নয়। রোজনামচায়, চারপাশের সামাজিক বৃত্তের মধ্যে থেকে, সকলের সমালোচনা আর অশেষ কৌতূহলের পাত্রী হয়ে, নিজের রূপান্তর ঘটানো বড় বালাই! প্রথম ছয় মাস সে টিকেছিল নিজের জেদের ওপর। তারপর ধীরে ধীরে মানসিক অবসাদ তাকে গ্রাস করতে শুরু করে। শরীরের ওপর দিয়েও বড় কম ঝড় তো যায় নি!

গত আড়াই মাসে প্রতি রবিবাবর আমাদের দেখা হতো Zilukha Anim এ। একটু একটু করে মেয়েটা তার মনের ভার হালকা করতো। থিম্পু ভ্যালির এই নির্ভার, অকপট পরিবেশটা বোধয় ওকে সাহায্য করছিল নিজের কথা খুলে বলায়। গত আট দশ সপ্তাহে আবিষ্কার করলাম মিয়া একটি বেশ মেয়ে। ওকে একদিন হাসতে হাসতে বলেই ফেললাম যে তোমার গত এক বছরের সাধ্য সাধনা সব গোল্লায় গেছে, তুমি এখনো পুরো দস্তুর মেয়েই আছো। মিয়া ও নির্মল হেসে উত্তর দিলো সে তাতে বেশ খুশিই আছে! সেই সন্ধ্যায় থিম্পু ফিরে এসে জুমলরির বারে বসে দুজনে প্রচুর মদ্যপান করলাম, নাচলাম, হুল্লোড় করলাম। গত এক বছরে মিয়ার কোনো রূপান্তর হয়েছিল কি না জানা নেই। তবে চোখের সামনে অবসাদগ্রস্ত একটা মানুষের রূপান্তর দেখলাম। মিয়ার আরো একটা রূপান্তর দেখেছিলাম মাস চারেক পর যখন আবার থিম্পু গিয়েছিলাম। মিয়া তখন নান, Zilukha Anim র বাসিন্দা!


আমার কলকাতা ফেরার ঠিক দুইদিন আগে জানতে পারলাম আমার ফেরা হচ্ছে না! আমায় যেতে হবে সামদ্রূপ জন্খার নামের একটি শহরে। ভুটানের দক্ষিণ-পূর্ব অংশে, আসামের সীমান্তে অবস্থিত ভুটানের এই শহরটির সম্বন্ধে আমার বিন্দুমাত্র ধারণা নেই। আপাতত গন্ত্যব্য ফুন্টসলিং। সেখানে দিন দুয়েকের কাজ সেরে রওনা দেব সামদ্রূপের উদ্যেশে। মিয়া এবং থিম্পুর আরো কিছু বন্ধু মানুষের থেকে বিদায় নিয়ে রওনা দিলাম ফুন্টসলিং অভিমুখে। ভুটানে অডিটরদের যথেষ্ট খাতির করা হয়, প্যাম্পার বললে হয়ত ঠিক হবে। আমায় দেওয়া হয়েছে একটি পাজেরো, সাথে একটি বডিগার্ড (বোঝো!) আর একটি মিনি ফ্রিজে কিছু পানীয় এবং স্যান্ডউইচ গোছের কিছু খাদ্য। এলাহী বন্দোবস্ত! ঘন্টা পাঁচেকের পথ। তবে পথে চুখায় একবার থামতে হবে। চুখার কাছেই সোরচেন নামের একটি মায়াবী জায়গা আছে। সারাক্ষণ মেঘে ঢাকা! সেখানে হাইওয়ের ধারে একটি ছোট্ট ক্যাফে। সেই ক্যাফের বারান্দায় বসে, গায়ে মেঘের আদর মাখতে মাখতে ঝাপসা চরাচরে নিজেকে হারিয়ে ফেলার যে কি আনন্দ, তা বলে বোঝানো যায় না! প্রথমবার ফুন্টসলিং থেকে থিম্পু আসার পথে এই ক্যাফে তে থেমেছিলাম। সেই থেকে ওই ক্যাফে আমার নির্দিষ্ট জিরান-কুটীর! খুব মিষ্টি এক বৃদ্ধা চালান এই ক্যাফে। ওঁর স্বামী ইন্ডিয়ান আর্মি তে ছিলেন। উত্তরবঙ্গের বন্যায় ত্রাণের কাজে প্রাণ হারান।

সেই ক্যাফেতেই আলাপ হয়েছিল আমাদের রাজবল্লভ পাড়ার ছেলে অনিন্দর সাথে। অনিন্দ চুখা জলবিদ্যুৎ প্রকল্পের ইঞ্জিনিয়ার। বেচারা উত্তর কলকাতার জমজমাট পাড়া থেকে সোজা এসে পড়েছে সম্পূর্ণ নিস্তব্ধ চুখায়! ফলে, ওই পথে গেলে আগে থেকে অনিন্দকে একবার ফোনে বলে দি। সোরচেনের ক্যাফেতে বসে ঘন্টা খানেক নির্ভেজাল আড্ডা চলে। কফি, ম্যাগি আর সিগারেটের সাথে মেঘে ঢাকা ক্যাফেতে ভাসতে থাকে নান্দিকার বা বহুরূপীর নতুন নাটক, বাংলা ছবির অবক্ষয়, বুদ্ধবাবু, অপসংস্কৃতি আর উষা উত্থুপ, রোল-চাউমিন, সৌরভের সেঞ্চুরি ইত্যাদি ইত্যাদি।


ফুন্টসলিং পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। আমার ঠিকানা হোটেল দ্রুক। যে কোনো সরকারি, অথবা বলা ভালো রয়াল গেস্টের জন্য তখন দ্রুকই একমাত্র হোটেল। সে অডিটরই হোক আর যেই হোক। দ্রুকে যখন চেকইন ফর্মালিটিস নিয়ে আমি ব্যাস্ত, হটাৎ অপ্রত্যাশিতভাবে নিজের নাম শুনে ঘুরে দেখি মিঃ পানিকার! কিমাশ্চর্যম! পানিকারের সাথে আমার আলাপ হয় আসামের একটি চা বাগানে। ভদ্রলোক একজন ইঞ্জিনিয়ার আর ওঁর একটি ছোট ইঞ্জিনিয়ারিং ফার্ম আছে। মূলত বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানির প্লান্টের মেন্টেনান্স করে থাকেন ওঁরা। মাঝবয়সী এই মানুষটি একটি আদ্যোপান্ত ভালোমানুষ আর ততটাই খারাপ ব্যবসায়ী। প্রায় সবাই ওঁর টাকা আটকে রাখে, ভিত্তিহীন কারণে বকেয়া টাকা থেকে অংশবিশেষ কেটে নেয়। এ শুধু আমার শোনা কথা নয়, জানাও বটে। কিন্তু পানিকার সদানন্দ মানুষ। ওঁর বাড়ী নাসিকের কাছাকাছি কোথাও। তবে তা নামেই, উনি সারা জীবন হয় উত্তরবাংলা নয় ভুটানে ঘুরে বেড়াচ্ছেন, দুটি মাত্র নিজস্বতা সম্বল করে। সন্ধের পর একটু রাম আর রাতে শোবার আগে অনেকটা Fair & Lovely! যাকে সূর্যাস্তের পর আলো ছাড়া দেখা যায় না, সেই মধ্যবয়েসী বুদ্ধিজীবী লোকটা কি না…...হায় বিধাতা, অন্ধকার সমাজে কালো মানুষকে কত বিদ্রোহই না করতে হয়!


চেকইন করে এসে বসলাম সোফায়, মিঃ পানিকারের মুখোমুখি। ভদ্রলোক বাংলাটা আর পাঁচজন বাঙালীর মতনই বলেন। কুশল বিনিময়ের পর উনি বললেন চলো বারে গিয়ে বসি। কথায় কথায় শুনলাম আজ রাতে একটা প্রাইভেট পার্টির আয়োজন হয়েছে, তোর্সার পাড়ে, খোলা আকাশের নিচে। শুনেই মনটা নেচে উঠলো। কিন্তু পার্টিটা মিঃ পানিকরের, আমার নিমন্ত্রণ নেই। তাই নিজেকে শাসন করলাম। আর এই টানাপোড়েনটা ওঁর অভিজ্ঞ চোখ এড়ালো না মোটেই। গ্লাসের শেষটুকু গলায় ঢেলে বললেন, চট করে রেডি হয়ে নাও। আধ ঘন্টায় বেরোবো। তিন পেগ হুইস্কি খেয়েও সারাদিনের সফরের ক্লান্তিতে শরীর ভেঙে পড়ছিল। মুহূর্তে সব ক্লান্তি উধাও আমার। সুদূর নাসিকের এক মাঝবয়সী মানুষের সাথে উত্তর কলকাতার এক সদ্য যুবকের এই মনের মিল বুঝি এক মানব সভ্যতায় ই সম্ভব!


এমন একটি রাত বুঝি আমার জীবনে আর কখনো আসেনি। আমি আজও মিঃ পানিকরের প্রতি কৃতজ্ঞ। গত ঘন্টা খানেক হলো বসে আছি তোর্সার নুড়ি-পাথরের উপত্যকায়, একটু নিভৃতে। পূর্ণিমা না হলেও চরাচর জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে। গোটা তোর্সা নদীটাই বুঝি গলানো রুপোর স্রোত হয়ে বয়ে চলেছে। দূরে মাদারিহাটের জঙ্গল ঘাপটি মেরে যেন আমার দিকেই চেয়ে আছে। কত কি যে ওখানে ঘটে চলেছে, তার ন্যূনতম ধারণাও আমার নেই! এই মুহূর্তে আশপাশের জঙ্গলের কতগুলি প্রাণী যে আমায় সন্দেহের নজরে দেখছে, ভেবেই সারা শরীর শিরশির করে উঠল! সেটা কতটা ভয়ে আর কতটা ঠান্ডায় কে জানে! শীতকাল না হলেও এই খোলা জায়গায় বেশ ঠান্ডা। অথচ এক অদ্ভুত ভালোলাগার উষ্ণতা গোটা শরীরে জড়িয়ে আছে! মন বলছে এমন পড়ে পাওয়া চোদ্দ আনা পেলে, বাকি দুই আনার খবর কে রাখে!


ছেরিং নাকি ফুলটাইম চোর ছিল একসময়। তারপর প্রণয়ে দাগা খেয়ে মাথাটা একটু বিগড়ে যাওয়ায় কিছুদিন মানসিক রোগীদের হাসপাতালে কাটিয়ে এখন একটু থিতু হয়েছে। কোম্পানিতে ড্রাইভারের চাকরি করছে। মেয়েটাকে একটা ইস্কুলে ভর্তি করেছে। সংসারের খোঁজ খবর রাখে। বাপটাকে যদু কবিরাজের কাছে নিয়মিত নিয়ে গিয়ে চিকিৎসা করায়। বাপটার হাঁপের টান ওঠে মাঝে মাঝে। তা এই অঞ্চলে আর ডাক্তার বদ্যি তো তেমন নেই। তাই কবিরাজই ভরসা। ছেরিংয়ের বউটা সেই যে পালালো দুই বছর হলো আর তার টিকিটির দেখা পাওয়া গেলো না। এ বাড়ীর কপালটাই খারাপ। ছেরিংয়ের মা গেল ম্যালেরিয়ায়, এই এতটুকু বাচ্চাটাকে রেখে। আর দ্যাখো, বাড়ীর আরেক বউও পালালো এই এত্তটুকুন মেয়েটাকে রেখে। আমার বিয়েটাও টিকলো না। সেই আঠারো বছর বয়স থেকে এই ভাইয়ের সংসার ঠেলছি! সবই কপাল বুঝলে…..এইসব একতরফা ফিরিস্তি দিয়ে যাচ্ছিলেন ছেরিংয়ের ছোট পিসিমা। ওঁকে দেখে বয়েস অনুমান করা বেশ কঠিন। বলিরেখাময় মুখ দেখলে মনে হয় বয়েস সত্তর থেকে একশোর মধ্যে যা খুশি হতে পারে। ভদ্রমহিলা কানে বিন্দুমাত্র শুনতে পাননা। তাই কথোপকথন ব্যাপারটা সম্ভব নয়। তবে উনি নিজের মতন কথা চালিয়ে যাচ্ছিলেন। আমি বসেছিলাম একটি নড়বড়ে চেয়ারে, একচালা ছোট্ট বাড়িটার সামনের নিকোনো উঠোনে। উঠোনের একপাশে একটা বুড়োনীম গাছ, আরেকদিকে দুটো নারকেল গাছ। কিছু বুনো আগাছা থাকলেও গোটা প্রাঙ্গনটায় যত্নের ছাপ স্পষ্ট। ছেরিংয়ের মেয়েটা খুব মজার। বছর সাতেকের বাচ্চাটা বোধয় ডিগবাজি খেতে খুব ভালোবাসে। গোটা উঠনময় ডিগবাজি খেয়ে বেড়াচ্ছে আপনমনে। আর ওর সাথে সাথে ডিগবাজি খেয়ে বেড়াচ্ছে একটি বাদামি রঙের নেড়ি কুকুর। অতি সামান্য আয়োজনে দুই প্রজাতির অফুরান খুশির ভান্ডার, শরতের এই অলস সকালে। উঠনটার সামনেই একটি ছোট্ট রাস্তা, একটা সাইকেল রিকশা কোনোমতে যেতে পারে। তার ওপারে শালখুটির আড় দেওয়া একটা পুকুর। কয়েকটি কিশোর সেখানে এই সকালেই ঝাঁপাতে শুরু করেছে। দু একজন হাটুরে মানুষ দুলকি চলে কথা বলতে বলতে যাচ্ছে সামনের ওই রাস্তাটা দিয়ে। কেউ বা ফিরে দ্বিতীয়বার দেখছে আমায়। রবিবারের এই ঘরোয়া সকালে এক আমিই বুঝি অতিথি এই নিমটি দোমহনীর।

ছেরিংয়ের বড় পিসি আটপৌরে হলেও বেশ ব্যক্তিত্যময়ী মানুষ। তিনি সকলকেই অপত্য স্নেহে শাসন করেন। মজার ব্যাপার হলো এই শাসনের মূল লক্ষ হচ্ছেন ছেরিংয়ের বাবা। অশীতিপর দুই বোনের একমাত্র ভাই সত্তরের কোটায় হলেও দুই বোন তাঁকে এখনও সেই ছোটটিই ভাবেন। ছেরিংয়ের বাবা বাইরের দাওয়ায় এসে বসার সাথে সাথেই ধমক খেলেন গলায় মাফলার না জড়ানোর জন্যে। এদিকে ছোটপিসি, যিনি কানে কিছুই শোনেন না, তৎক্ষণাৎ কুওপাড় থেকে হন্তদন্ত হয়ে এসে কোত্থেকে একটি মাফলার এনে বেশ করে ভাইয়ের গলায় জড়িয়ে দিয়ে আবার কিছু বকবক করতে করতে কুওপাড়ে ফিরে গেলেন। বড়পিসি এক গেলাস ধোঁয়া ওঠা আরোক গোছের কিছু রেখে গেলেন ওঁর সামনে। উনি চা চাই বলে একটু বোধয় প্রতিবাদ করছিলেন, তৎক্ষণাৎ আবার ধমক খেলেন। বাচ্চা মেয়েটা আর কুকুরটা তখনও ডিগবাজি খেয়ে চলেছে। তারাও একচোট ধমক খেল, তবে তাতে তাদের কিছু এসে গেল বলে মনে হলো না। মধ্যেথেকে একটু দূরে হাতে বন্দুক নিয়ে দাঁড়ানো, আমার বডিগার্ড নোরবু বোধয় একটু কেঁপে ওঠায় পায়ে পা জড়িয়ে কেমন করে জানি ধপ করে আছাড় খেলো! আর এই ছন্দ পতনের সাথে সাথেই আমার ঘোর কাটলো। মনে হলো এবার ওঠা উচিত। দেখলাম ছেরিং বেশ জোরে সাইকেল চালিয়ে ফিরলো বাজার আর ওষুধ নিয়ে। দেরী হয়ে যাবার জন্য মুখে একটা বিব্রত হাসি। একদা চোর, কিছুদিনের পাগল, আমার ড্রাইভার ছেরিংয়ের দিকে তাকিয়ে মনে হলো সে যথেষ্ট দায়িত্ববান মানুষ। এমন ড্রাইভারের সাথে লম্বা সফরে যাওয়াই যায়।


ছেরিংয়ের এই গ্রামের বাড়ীতে আসার কথা একেবারেই ছিল না আমাদের। সকাল ছয়টা নাগাদ বেরিয়েছি ফুন্টসলিং থেকে। সামদ্রূপ পৌঁছোতে বিকেল হয়ে যাবে। পথ আট ঘন্টার হলেও অনেকগুলি চেকপোস্ট পেরোতে হবে আর তাতেই অনেকটা সময় চলে যাবে। হাসিমারা টাউন পেরোতেই আমাদের গাড়ি ঢুকলো বক্সা ফরেস্ট রেঞ্জে। NH27 যেন এক বিশাল অফুরান অজগরের মতন শুয়ে আছে ঘন সবুজ জঙ্গলের মাঝ বরাবর। এক অধটা গাড়ী আশপাশ দিয়ে হুসহাস করে দৌড়ে পালাচ্ছে বনভূমির প্রাতঃকালীন নিস্তব্ধতাকে ক্ষনিকের জন্য বিঘ্ন করে। তবে মুহূর্তেই প্রকৃতি আবার সমে ফিরছে। কি অশেষ ধৈর্য! গাড়ীতে আমরা তিনজন। ছেরিং, আমি আর নোরবু, আমাদের গার্ড। ছেরিং একটু গপ্পোবাজ হলেও, নোরবু খুবই চুপচাপ মানুষ। যে কোনো কোথায় ও হয় হাসে, নয়ত ভাবলেশহীন মুখে আমার দিকে চেয়ে থাকে। সুতরাং নির্বিঘ্নে জঙ্গলের সাথেই প্রেম করছিলাম। মনেমনে শোনাচ্ছিলাম গতকাল রাতের তোর্সাপাড়ের উপাখ্যান। তাতে বোধয় বনানীসমূহের একটু ঈর্ষা হল। সাত তাড়াতাড়ি স্বীকার করলাম তাদের রূপের সাথে তুলনা হয় নাকি! রূপ এবং ব্যক্তিত্বের এমন সমন্বয় আর কোথায় সম্ভব! এই সব সাত পাঁচ ভাবতে ভাবতে গাড়ীর ভিতরপানে মুখ ঘোরাতেই বুঝলাম ছেরিং কিছু একটা বলার জন্য উশখুশ করছে। জানা গেল তার গ্রাম, নিমটি দোমহনী, এই পথেই পড়বে। আমার যদি খুব অসুবিধা না হয় তো চট করে একবার বাড়ীতে দেখা করে যেতে চায়। আগামী এক হপ্তা সে থাকবে আমার সাথে, তাই একবার বাড়ী হয়ে যেতে চায়। নিমটি দোমহনী নামটা এতটাই মিষ্টি যে নির্দ্বিধায় রাজী হয়ে গিয়েছিলাম। এখন মনে হচ্ছে ভাগ্যিস গিয়েছিলাম। না গেলে দেখতেই পেতাম না এক অসম্পূর্ণ পরিবারের প্রত্যেকটি মানুষ কি পরম যত্নে সম্পূর্ণতার নকশিকাঁথা বুনে চলেছেন, অনায়াসে, অবিরত!


আপাতত আমরা থেমেছি শ্রীরামপুর নামের একটি গঞ্জ মতন জায়গায়। এটি বাংলা আর আসামের বর্ডার। এখানে ট্রাফিকের একটু লম্বা লাইন। তাছাড়া আমাদের ভুটানের গাড়ী। তাই হয়ত কাগজপত্রের পরীক্ষা একটু বেশিই হবে। ছেরিং গেছে সেসব সামলাতে। আমি একটি চায়ের দোকানে এক গেলাস চা নিয়ে আয়েশ করে একটা জয়েন্ট ধরিয়েছি। চা টা বেশ ভালো, খানিকটা অপ্রত্যাশিত ভাবেই ভালো। সাথে একটা সুজির বিস্কুট। চারপাশে কেজো মানুষের ব্যস্ততা দেখছিলাম। এখানকার সব খাবার দোকানের মতন এটিতেও দুপুরের খাবার পাওয়া যায়। এখন বেলা একটা দেড়টা বাজে। পুরোদমে খাওয়া দাওয়া চলছে। বেশিরভাগ খদ্দেরই ট্রাক ড্রাইভাররা আর তাদের সহকারীরা। কানে এলো অবাঙালি সুরে কেউ একটা পেটির মাছ দিতে বলছে। তাকিয়ে দেখি এক পাঞ্জাবি সর্দারজি পরম তৃপ্তিতে থালা হাতে নিয়ে মাছের ঝোল দিয়ে মেখে ভাত মুখে তুলছে। মনে পড়লো আমার এক লখনৌবাসী উত্তরভারতীয় বন্ধুর বাবা সারাজীবন বাংলার প্রফেসরি করেছেন। তিনি বিশ্বভারতীর কৃতি ছাত্র ছিলেন এবং দারুন সুন্দর আবৃত্তি করতে পারেন। কে বা কারা যে এমন দেশে প্রদেশিকতার ভূত ঢোকায়, কে জানে!


আমরা এখন চলেছি আসামের মধ্যে দিয়ে। রাস্তার দুইদিকে মূলত ধানক্ষেত, পুকুর-জলা জমি, ছোট ছোট গ্রাম, চাষির দল ক্ষেতে কাজ করছেন, কেউ বা কোনো বড় গাছের তলায় বিশ্রাম নিচ্ছেন। গৃহিণী খাবার এনেছেন। হাইওয়ের ধারে ক্ষেতের মাঝে, জাম গাছের তলায় ঝাল লঙ্কা দিয়ে পান্তাভাত খেতে খেতে এভাবেই গ্রামীন গৃহী প্রেম দানা বাঁধে। শত দারিদ্র, ঘরোয়া কোন্দল, ফিবছরের মহামারী, রাজনৈতিক প্রহসন, কোনোকিছুই এই প্রেমের অন্তরায় হয়ে দাঁড়াতে পারে না। আমি বোধয় এইসব দিবাস্বপ্ন দেখতে দেখতে একটু ঘুমিয়ে পড়েছিলাম। গাড়ী থামায় ঘুম ভাঙল। সামনে একটা মিলিটারি চেকপোস্ট, বেশ কিছু গাড়ী মূল রাস্তা থেকে একটু পাশে লাইন করে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে না ট্রাফিকটা আদৌ এগোচ্ছে বলে। ভাবছি নেমে একটু হাত পা টান করবো কি না। এই সময়ে আমাকে দারুন চমকে দিয়ে নোরবু কিছু একটা বলল। আমি ততটাই চমকালাম যেমন বাঘা চমকেছিলো শুন্ডির রাজাকে কথা বলতে শুনে! কি আশ্চর্য, নোরবু কথা বলতে পারে! যাই হোক, কি বলল জিজ্ঞেস করায় যা জানলাম তা হলো এই অঞ্চলে বাঙালী আর বোড়ো সম্প্রদায়ের মধ্যে খুব গন্ডগোল হচ্ছে। এবং আমাদের গাড়ীতে যদি আক্রমণ হয়, তো আমি বাঙালী বলে আমরা তিনজনই নাকি মার খেতে পারি, এমনকি মারাও পড়তে পারি! বোঝো, আমার বডিগার্ড কি না এমন কথা বলছে? কিন্তু নোরবু কথা বলতে পারে জেনে আমি এতটাই অভিভূত যে রাগ তো দূরের কথা নোরবু আর তার বন্দুকের দিকে তাকিয়ে বেজায় হাসি পাচ্ছিল। এক্কেবারে নিধিরাম সর্দার। খুব চিন্তিত মুখে গাড়ির একদম পিছনের সিটে বসেছিল। বললাম, চলো নেমে দেখি কি গল্প। ছেরিং নেমে গেছে একটু আগে, সরেজমিনে দেখতে।

শরতের শেষ বিকেলের নরম কনে দেখা রোদে চারপাশের ধানক্ষেত, কাকতাড়ুয়া, সারাদিন হাল টেনে বিশ্রামরত বলদের জোড়া, তারে বসা সার বাঁধা পাখালীর দল, ইতস্তত ধোঁয়ার কুন্ডলী ওঠা দূরবর্তী গ্রাম, আরো দূরে ভুটান পাহাড়ের রেখা, সব মিলিয়ে যেন এক অপূর্ব রূপকথার দ্যোতনা রচনা করেছে । মোটেই বিশ্বাস হচ্ছিল না এমন জায়গায় খুন খারাপি হচ্ছে। বরং খুন-খারাপি তখন শুরু হয়েছে আকাশে, সূর্যাস্তের ঠিক আগে।


পরিস্থিতি ঠিক কতটা অশান্ত তা জানতে পারলাম ওখানে কর্মরত অফিসারদের থেকে। গত কালই নাকি বঙ্গাইগাঁও থেকে কয়েক কিলোমিটার দূরে একটি লোকাল পাবলিক বাসে গুলি চালানো হয়েছে। কেউ নিহত না হলেও, গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি আছেন অনেকেই। বঙ্গাইগাঁও এবং আশপাশের গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে আছেন। এ ধরণের ঘটনা অবিশ্যি এই অঞ্চলে ঘটেই চলেছে কিছু কাল ধরে। এখানে অহমিয়া বাঙালী আর বোড়ো প্রজাতির মানুষ এক সাথে বাস করছেন বহুকাল। কয়েক বছর হলো এই প্রদেশিকতা বা আঞ্চলিকতার ভূত ভর করেছে এই সরল সাধাসিধে মানুষগুলির ওপর। তারা এই প্রদেশিকতায় কতটা সত্যি বিশ্বাস করে ভগবান জানেন। প্রশ্ন জাগে এই মানুষগুলোর মনে ঘোরটা এই হিংসার আগে ছিল, নাকি এই ভূতের ঘোরেই এই হিংসা। খুব জটিল অঙ্ক। একমনে আকাশের খুনখারাপি দেখতে দেখতে এইসব ভাবছিলাম। ইতিমধ্যে ছেরিং খিবর দিয়ে গেছে এখানে সময় লাগবে। কিছু গাড়ী জমা হলে মিলিটারি কনভয় করে আগামী বিশ পঁচিশ কিলোমিটার পার করে দেবে। বরপেটা রোড পার হয়ে গেলেই পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। তাই অলস মন দৌড় লাগিয়েছে মাঠ ঘাট পর করে ওই গ্রামগুলোর দিকে। কে জানে ওখানে কেমন জীবনপ্রবাহ বয়ে চলেছে এই সাঁঝবেলাতে। পাশে একটা গুনগুন শব্দে ঘোর কাটলো। দেখি আবার নোরবু কিছু বলার চেষ্টা করছে। নোরবু নির্ঘাৎ আমায় কালা ভেবেছে, যেমন আমি ওকে বোবা ভেবেছিলাম। কারণ ও আমায় এই দ্বিতীয় বার কিছু বলার চেষ্টা করেছে এবং যথারীতি আমি প্রথমবারে শুনতে পাইনি। এক বোবা আরেক কালার কথোপকথন চিন্তা করে ফিক করে একফালি হাসি বেরিয়ে গেল। নোরবু বোধয় তাতে খানিকটা ভরসা পেয়ে আমায় বলল যে আক্রমণ হলে সে আমার জন্যে লড়ে যাবে, কারণ সেটাই তার কর্তব্য! হরিবোল! আমি একটু আগে ওকে আশ্বাস দিয়েছিলাম যে তেমন কিছু হলে আমি বলব যে একমাত্র আমিই বাঙালী। নোরবু আর ছেরিং যে ভুটানের বাসিন্দা তা আর আলাদা করে বলে দিতে হয় না। তা এখন দেখছি বেচারা তাই নিয়ে ধর্মসংকটে পড়ে গিয়েছিল এবং অনেক ভেবে ঠিক করেছে তার কর্তব্য সে করবেই। সালাম মানুষ, ধন্য মনুষ্য জন্ম। এই নোরবু, আমি, ছেরিং, মিলিটারি অফিসার, চাষি পরিবার, বোড়ো এবং বাঙালী লড়িয়ের দল, ছেরিংয়ের পিসি, ডিগবাজি খাওয়া বাচ্চা মেয়েটা, সব্বাই তার তার মতন করে কর্তব্য করার আপ্রাণ চেষ্টা করছে। ভালো হবে, এমনটাই পরম বিশ্বাসে এই কর্তব্য করে চলেছে। তাও যে কোথায় ঠোক্কর লাগছে…...উঁহু, খুব কঠিন অঙ্ক। আরেকটা জয়েন্ট রোল করি!


সামদ্রূপ জন্খার পৌঁছতে সন্ধে উৎরে গিয়েছিল। পথে তেমন কোনো ঘটনা না ঘটলেও মিলিটারি কনভয় যখন আমাদের নিয়ে অশান্ত অঞ্চল পার করিয়ে দিচ্ছিল, তখন বেশ একটা ভয় মিশ্রিত রোমাঞ্চ হচ্ছিল বৈ কি। আমাদের গাড়ী এবং আরো বেশ কিছু বাস, জীপ, ট্রাক ইত্যাদি মিলিয়ে কনভয়টি বেশ বড়ই আকার ধারণ করেছিল। বিভিন্ন প্রদেশ আর বিভিন্ন আর্থ-সামাজিক স্তরের মানুষগুলির তখন একটিই মাত্র আকাঙ্খা, নিরাপদে গন্ত্যবে পৌঁছনো। আমাদের গাড়ীতে আমরা তিনটি প্রাণীই সম্পুর্ন নিস্তব্ধ, কতকটা দম বন্ধ করে অপেক্ষা করার মতন। একটি দুটি গাড়ীর ধ্বংসাবশেষ দেখলাম, পড়ে আছে রাস্তার পাশে, বোধয় ল্যান্ড মাইনের কারসাজি, অথবা হয়ত পোড়ানো হয়েছিল কোনো এক সময়ে। যে অঞ্চলে দিনে একটি বা দুটি মাত্র বাস ভরসা, সেখানে বাস পুড়লে তার সাথে কত মানুষের যে কপাল পোড়ে, তার হিসেব কে রাখে?


এইসব সাতপাঁচ ভাবছিলাম প্রাতরাশ সারতে সারতে। উঠেছি একটি ছোট্ট গেস্ট হাউসে। খুবই ঘরোয়া ব্যবস্থা। ছোট্ট কাঠের বাংলোটিতে দুটি শোবার ঘর, তার প্রত্যেকটির সাথে লাগোয়া টয়লেট আর ব্যালকনি। মাঝে একটি বৈঠকখানা আর খাবার ঘর। ছিমছাম আয়োজন, কিন্তু খুব রুচিশীল। গেস্ট হাউসের মালিক মিঃ দোরজি, যাকে সকলেই দাসো বলেন, নিজেই তদারকি করেন। ভুটানে সমাজে সম্মানীয় ব্যক্তিকে দাসো বলা হয়, অনেকটা বাংলায় মহাশয় বা ইংরেজি Sir র মতন। আমাদের এই দাসো একসময়ে রয়াল আর্মিতে খুব উঁচু পদে ছিলেন। এখন রিটায়ার করে ফিরে এসে এই গেস্ট হাউস নিয়েই আছেন। ওঁর দুই ছেলে। একজন রয়াল আর্মিতে আছেন। আরেকজন লন্ডনে, পড়তে গিয়ে ওখানেই পাকাপাকি থেকে গেছেন। গেস্ট হাউসের এই অংশটি আসলে উনি ছেলে আর তাদের পরিবারের কথা ভেবেই বানিয়েছিলেন। ক্রমশ বুঝতে পারেন ছেলেদের আসার সম্ভাবনা আর নেই। তাই নিজের পরিবারটা অনেকটা বৃহত্তর করার উদ্দেশ্যে এই গেস্ট হাউস খোলার পরিকল্পনা।

গেস্ট হাউসের কুক রসূল মিঞা একজন অত্যন্ত গুণী মানুষ। শুধু রন্ধন শিল্পীই নন, তিনি একজন ভীষণ রুচিশীল পরিবেশক। নিজে সর্বদা ধোপদুরস্ত বাবুর্চির পোশাক পরে থাকেন, যুৎসই পাত্রে, সঠিক তাপমাত্রার খাবার পরিবেশন করেন। সেই রসূল মিঞা সকালে চা নিয়ে এলেন টিকুজি দিয়ে ঢেকে। দেখেই মন ভরে গেল। চায়ের অর্ধেক রোমান্স তার পরিবেশনে আর বাকিটা তার সুবাসে। এমত চা পুরো একশো এ একশো!


সামদ্রূপের প্রথম সকালে কাঠের ছোট্ট ব্যালকনিতে বসে অনতিদূরে শুরু হওয়া জঙ্গলের দিকে চেয়ে ছিলাম। কাছেই জঙ্গল আছে জেনে উৎসাহ দেখানোয় গতরাতে দাসো বলেছিলেন এই জঙ্গলটা তেমন সুবিধের নয়। হাতি বা লেপার্ড থাকলেও, আসল সমস্যা মানুষ। বোরো আর আলফা জঙ্গিদের চলাফেরা এই জঙ্গলটির মাধ্যমেই।

একটু আগে একপশলা বৃষ্টি হওয়ায়, অলস সকালের নরম আলোতে একটা ভেজা ভাব আর সোঁদা গন্ধ মিশেছে। ববড় মনোরম। গেস্ট হাউসের থেকে পায়ে চলা দূরত্বে অফিস। তাই তাড়া নেই একেবারেই। রসূল মিঞাকে অনুরোধ করলাম আমার সাথে চা খাবার জন্যে। পঞ্চাশোর্ধ শান্ত পরিচ্ছন্ন এই মানুষটির মধ্যে একরকম বিষন্ন প্রশান্তির ভাব আছে। কেমন মনে হয় এই মানুষটির সাথে কথা বলে শান্তি পাওয়া যেতে পারে। মিঞা বসলেন ঠিকই কিন্তু চা শুধু আমাকেই বানিয়ে দিলেন। বিনীত ভাবে জানালেন গেস্টের সাথে বসে ওঁর চা খাবার কথা নয়। ওঁর এই কর্তব্যের আর নিয়মের প্রতি আবেগময় আনুগত্য আজও এক পরম শিক্ষা হয়ে আমার আমির সাথে মিশে আছে।


কাহিনী বোধয় আমায় খুঁজে বেড়ায়! সামদ্রূপের সাত সকালে উৎকৃষ্ট চা খেতে খেতে শুনলাম তিব্বতে চাইনিজ ইনভেশনের কথা। রসূল মিঞা আসলে ঢাকার মানুষ। সাতচল্লিশ সালে দেশ ভাগের সময় পরিবারের সাথে ছোট্ট রসূল পালিয়ে আসছিলেন বিভক্ত ভারতের কানপুর শহরে।তাঁদের বৃহত্তর পরিবারের বাস কানপুরেই। পথে দাঙ্গার মাঝে পড়তে হয় পুরো পরিবারটিকে। দলছুট রসূল যখন দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটছে শুধুমাত্র প্রাণ বাঁচাবার জৈবিক তাড়নায়। কেউ একজন মানুষ সেই বাচ্চাটির হাত ধরে তাদের ঘোড়ার গাড়িতে তুলে নেন। রসূল প্রথমে ভেবেছিলেন তাঁরই পরিবার। শিশুমনের তাই তো বাসনা হবার কথা। কিন্তু আল্লার মর্জি ছিল অন্য। একটু ধাতস্থ হবার পরে ছোট্ট রসূল নিজেকে আবিষ্কার করলেন এক তিব্বতি পরিবারের মাঝে! আমা, যিনি সেই ভয়ঙ্কর মুহূর্ত থেকে আজীবন রসূলের মা হয়ে ওঠেন, তখন যত্ন করে জল খাওয়াচ্ছেন সন্ত্রস্ত রসূলকে। টানা চার দিন তিন রাত যাত্রার পর রসূল কে নিয়ে পরিবারটি পৌঁছল পূর্ব তিব্বতের ছোট্ট গঞ্জ চামদও তে। গত চার দিন ছোট্ট রসূলকে হটাৎ অনেক পরিণত করে তুলেছিল। এই পরিবারটির সাথে গত চার দিন একটিও বাক্য বিনিময় হয় নি, কারণ কেউই কারুর ভাষা বোঝেনা। তবে মাতৃত্বের বা স্নেহের যেমন ভাষা হয় না, তেমনি ভীতি, নিরাপত্তার আর অসহায়ত্বের ও ভাষার প্রয়োজন হয় নি। নিঃশব্দে কিন্তু ওতপ্রোতভাবে রসূল এই পরিবারটির একজন হয়ে উঠেছিলেন। চামদও খুব আলাদা, রসূলের চেনা ঢাকার থেকে। প্রায় দশ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই গঞ্জের মাথার ওপর নীল আকাশের উপস্থিতি যেন বড় বেশি প্রকট। যতদূর চোখ যায় ঢেউখেলানো মেঘের মতন পর্বতমালা। অনেক নীচে দিয়ে বয়ে যায় নাম না জানা এক নদী। বেশ দূরে দূরে ছোট ছোট তাঁবুর মতন দেখতে বাড়ী। রসূলের মনে পড়ে যায় ঢাকায় ওদের পাশের বাড়ীর দিদি ছবি আঁকত। সেখানে সে দেখেছিল এমন পাহাড় আর নদীর ছবি।

এর তিন বছর বাদে, 1950 এ পিপল রিপাবলিক অফ চীনের নেতা মাও জেদঙ্গের সেনা তিব্বত অধিগ্রহণ করে। 1913 এ এই চীনের থেকেই স্বাধীনতা পাওয়া তিব্বত আবার অধিগ্রহণ করে নেয় চীন। বছর তেরোর রসূল এই রাজনৈতিক অবস্থা পরিবর্তনের গুরুত্ব না বুঝলেও, এটুকু বুঝেছিল যে তার এবং এই চামদও র মানুষের জীবনে শান্তি ব্যাহত হতে চলেছে। কারণ, এই অধিগ্রহণ শুরু হয়েছিল চামদও থেকেই। 1956 নাগাদ শুরু হয় সশস্ত্র বিপ্লব, তিব্বতের স্বাধীনতার দাবিতে। গোটা তিব্বতে শুরু হয় গেরিলা হামলা। আবার এক অশান্ত সময়। তিনটে বছর কেটে যায় এই অশান্ত সময়ের মধ্যেই। যুবক রসূল ততদিনে পুরো পরিবারটির দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। চামদও র পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে। মানুষের সমস্ত আদিম রিপু কদর্যতার পোশাক পরে শয়তানের বেশে আত্মপ্রকাশ করে। এক সময়ে, সেই আমা, তার দুই মেয়ে আর এক ছেলেকে সাথে করে পরিবারটি বেরিয়ে পড়ে ভারতের উদ্দেশ্যে, যে ভারতে ছোট্ট রসূল পৌঁছতে চেয়েছিলেন 1947 এ। যদিও এবারের গন্তব্য সম্পূর্ণ অনিশ্চিত।

এই পরিবারটি যখন তিব্বতের রাজধানী লাসায় এসে পৌঁছয়, সেখানে তখন আগুন জ্বলছে। গোটা লাসাই তখন রণক্ষেত্র। দলাই লামা সদ্য নিজের প্রাসাদ ছেড়ে ভারতের আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। লাসার বাকি মানুষও প্রানের দায়ে ভিটেমাটি ছেড়ে কেউ পালাচ্ছে ভুটানে, কেউ ভারতে কেউ বা বার্মায়। রাসূলদের এই পরিবারটির তেমন করে যাবার কোনো জায়গা ছিল না। এই অশান্ত সময়ই রসূলের আলাপ হয় এই গেস্ট হাউসের দাসোর সাথে। দলাই লামা এবং তাঁর কাছের লোকেদের সুরক্ষায় ভুটানের রাজা তখন কিছু রয়াল আর্মির অফিসার পাঠান, খুবই গোপনীয় ভাবে। যে কোনো কারণেই হোক, রসূল আর তার পরিবারকে দাসো সাথে করে ভুটানে নিয়ে আসেন। সেই থেকেই রসূল দাসোর ছায়াসঙ্গী। মিঞার পরিবার, অর্থাৎ তিব্বতি পরিবারও থেকে যায় ভুটানে, পাকাপাকি ভাবে। কি রোমাঞ্চকর আর স্পর্শকাতর এই পুনর্বাসন আর মানবিকতার কাহিনী।


সামদ্রূপ জন্খার হল ভুটানের দক্ষিণ পূর্বের সব থেকে ব্যস্ত শহর, অথবা গঞ্জ। তাসিগাঁও থেকে সামদ্রূপের জাতীয় সড়ক তৈরি হয় 1960 এ আর তখন থেকেই এখানকার গুরুত্ত বেড়ে যায় বহুগুণ। অসমের সাথে সীমান্ত থাকার দরুন ভারতের সাথে ভুটানের বানিজ্যিক সম্পর্কের এক প্রাণকেন্দ্র হয়ে ওঠে এই সামদ্রূপ। ফুন্সিলিং র মতন না হলেও সামদ্রূপ বেশ জমজমাট। এখানকার আরেক বৈশিষ্ট্য হলো মিথুন বা Indian Gaur অথবা বাইসন ব্রিডিং কেন্দ্র। গৃহপালিত এই পশু বহুল ব্যবর্হিত হয়ে চাষের কাজে। আর সামদ্রূপের এই সমস্ত ব্যস্ততা ঘিরে রয়েছে এক রহস্যময় জঙ্গল, ইউক্লিপটাসের পাহারাদারী, সাদা মোরামের রাস্তা আর স্থানীয় মানুষ যাকে বলেন ভুটান পাহাড়ের সারি। আমার বেশ মজা লাগে এঁদের এই সহযতায়, সবকটি পাহাড় যেহেতু ভুটানে তাই সবার নাম ভুটান পাহাড়। হ য ব র ল তে সেই যেমন পরিবারের সকলের নামই তকাই ছিল!


যে অফিসে অডিট করতে এসেছি তার আকাউন্টেন্ট তপন দাসের সাথে আলাপ করেই ভালো লেগেছিল। আমার থেকে বোধয় কয়েক বছরের বড় তপন এক সদানন্দ মানুষ। সর্বক্ষণ মুখে গুয়া সুপারি বা দমা চিবিয়ে চলেছেন আর পাঁচজন ভুটানির মতন। ছোটখাটো ধাঁচের হলেও দোহারা চেহারা। দেখলে বোঝা যায় পরিশ্রমী মানুষ। একটা Yamaha RX100 বাইক নিয়ে সারাক্ষণ টোটো কোম্পানি হয়ে ঘুরে বেড়ান। ক্রমশ বুঝলাম তপন নামেই আকাউন্টেন্ট। আসলে এই অফিসের সব দপ্তরেই তপনের অবাধ প্রতিপত্তি। সে যাই হোক, রোজ অফিসের পর তপনের বাইকে চড়ে ঘুরে বেড়াতাম গঞ্জের আনাচে কানাচে।

এখানকার মূল বাজারটি পুরোটাই হকার মার্কেট। দরদাম বা চিৎকার চেঁচামেচি আর আলোর রোশনাই টা এর সাথে জুড়ে দিলে আমাদের হাতিবাগান বা গড়িয়াহাট বাজারের সাথে কোনো ফারাক পাওয়া যাবে না। বাজারের ঠিক মাঝ মধ্যিখানে একটি সাদামাঠা হোটেল, নাম টা আর মনে নেই। তার গ্রাউন্ড ফ্লোরে একটা আবছা বার। '97 এ ওটাই বোধয় সামদ্রূপের একমাত্র বার, যাকে বলে। আমি আর তপন সেখানে দু পাত্তর পান করছিলাম বসে। মনে পড়ছিলো অরণ্যের দিন রাত্রির সেই পানশালার কথা। এদিকে ওদিকে চোখ বোলাচ্ছিলাম 'দুলি' র মতন কেউ আছে কিনা দেখতে। বেশ একটা ছমছমে নেশা হয়েছে। তপন বোধয় সিগারেট কিনতে বাইরে গিয়েছিল। হটাৎ হন্তদন্ত হয়ে এসে আমার হাত ধরে বললেন "উঠুন তো মশাই"। বলে আমাকে কিছু বলার মওকা না দিয়েই, হাঁটা দিলেন। আমি ভীষণ অবাক তো হয়েইছি। ওয়েটার কে খুঁজছি বিল মেটাবো বলে। আমাদের ওয়েটার ও ভুঁইফোড় হাজির হয়ে বললেন, "আপনি বেরোন। তপন পরে বিল মেটাবে"। কিচ্ছু বুঝতে না পারলেও এটুকু বুঝেছিলাম পুরো ব্যাপারটার মধ্যে একটা তৎপরতার ভাব আছে। তাই আর কথা না বাড়িয়ে বাইরে এসে দেখি তপন বাইক স্টার্ট করে বিরক্ত মুখে বারের দরজার দিকে তাকিয়ে আছেন। আমি বসতেই ঝড়ের বেগে বাইক ছুটিয়ে সোজা গেস্ট হাউস। আমার ঘেবড়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে হাসতে হাসতে তপন জানালেন, "আরে, কয়েকজন বোরো জঙ্গি আপনাকে ভারতীয় মিলিটারির চর থাউরেছিল। ওরা তো বিশেষ খোঁজ খবর করে না। দুম করে গুলিটুলি চালিয়ে দিলে কেলেঙ্কারি হতো।" প্রচন্ড ভয়ে যখন 'কেন' তা জিজ্ঞেস করতেও ভুলে গেছি, দেখি দাসো ঢুকলেন হাতে Jhonnie Walker র একটি বোতল নিয়ে। আমার প্রশ্নটা আন্দাজ করে বললেন, "তোমার এই বড়সড় চেহারা আর ছোট করে ছাঁটা চুল দেখেই বোধয় ভুল করেছিল। তপন আবার একটু বাড়িয়েও বলে।" লক্ষ করলাম নিঃশব্দে রসূল মিঞা ঠিক ঝকঝকে, শুকনো Whisky গ্লাস আর বরফ রেখে গেলেন। জানালেন, এখুনি কিছু খাবার নিয়ে ফিরে আসছেন।


তপনের সাথেই প্লান করলাম রাতের জঙ্গল দেখতে যাবো। দাসোর সাবধান বাণী শুনে তপন সেই সদাহস্য সুপারি ভরা মুখে বরাভয়ের একটা হাসি দিয়ে বিরিঞ্চিবাবার মতন কতকটা মুখভঙ্গি করলেন, যার মনে হতে পারে 'বিপদ হবে না' অথবা 'বিপদ হলে আমি দেখবো'। অনেক বছর পরে জেনেছিলাম তপনের সেই আত্মবিশ্বাসের কারণ, আর কেনই বা তপন জানতে পেরেছিলেন বোরো রা আমায় নিয়ে কি চিন্তা করছে। তবে সেই জানার কোনো ভিত্তি নেই, যুক্তি হয়তো আছে।


রাতের জঙ্গল যতটাই ভীতি উদ্রেককারী ততটাই মোহময়। তার অব্যর্থ টানকে কিছুতেই উপেক্ষা করা যায় না। সন্ধে নেমেছে ঘন্টা খানেক আগে। রসূল মিঞার স্বর্গীয় মাংসের কোর্মা আর পরোটা খেয়ে আমি আর তপন রওনা হয়েছিলাম মিনিট চল্লিশ আগে, সেই বাইকে। গত দশ মিনিট হলো দুজনে প্রবেশ করেছি জঙ্গলে। সাথে বড়সড় টর্চ, মিঞার প্যাক করে দেওয়া স্যান্ডউইচ, জল ইত্যাদি। আমার টর্চটা দাসোর সম্পত্তি। উনি খুব একটা খুশি নন এই অহেতুক রাতের এডভেঞ্চার নিয়ে। তবে বুঝলাম তপনের ওপর ভরসা করেন। কতকটা পিতৃসুলভ ভঙ্গিতেই তপনকে বললেন, "তোমার ভরসাতেই ছাড়ছি, খেয়াল রেখো। শহুরে ছেলে, রাতের জঙ্গলে তল পাবে না।" আমিও তপনের সাথে সেঁটে আছি, প্রায় ওর ঘাড়ে নিঃস্বাস ফেলছি। ঘন কালো অন্ধকার জঙ্গলে চোখ সয়ে গেলেও, কিছুই বিশেষ ঠাওর হচ্ছে না। সব থেকে অস্বস্তিকর চতুর্দিক থেকে আসা নানান শব্দ। আর সর্বক্ষণ মনে হচ্ছে কেউ বা কারা চারপাশে রয়েছে, চলাফেরা করছে। তপনকে একবার জিজ্ঞেস করায় তাচ্ছিল্যের সাথে জানালেন, আমরা জঙ্গলে ঢোকার সাথে সাথেই নাকি এখানকার বাসিন্দারা আমাদের উপস্থিতি টের পেয়ে গেছে। মিনমিন করে জানালাম যে আমি মানুষের উপস্থিতির কথা বলছি। তাতে তপন আরো বিজ্ঞের মতন জানালেন জঙ্গলে শুধু জানোয়ার নয়, মানুষও থাকে। বোঝো!

বাঘ মামার দেখা না পেলেও, হাতির দল, হরিণের দল, বাইসনের দলের দেখা মিলল। রাতের অন্ধকারের একরকম আলো হয়। তাতে পুরো দুনিয়াটাই ম্যাজিকের দুনিয়া বলে মনে হয়। আমরা যেখানে বসে আছি সেটা একটা দোতলা বাড়ীর ছাদ। ভগবান জানেন কে বা কারা থাকে এখানে। তপনের ভাষায় ফরেস্ট গার্ডদের আস্তানা এটা। তবে তাদের কাউকেই দেখলাম না গোটা রাতে। কিন্তু যথারীতি উপস্থিতি টের পেলাম। তারা একেবারেই অশরীরী নন। তবে তারা চাননা সশরীরে উপস্থিত হতে, বলা বাহুল্য। রাতের জঙ্গলের যে কি ভীষণ কুহকিনীর মতন দুর্নিবার আকর্ষণ, তা নিজে অনুভব না করলে বোঝানো কঠিন। জন্তু জানোয়ার তো পার্থিব, কিন্তু শুধুমাত্র জঙ্গলের আলো আঁধারীর প্রসাধনের শৃঙ্গারে যে অনির্বচনীয় রূপের মূর্ছনার সৃষ্টি হয়, তা অপার্থিব। বিধাতার এমন দান দু হাত পেতে নিয়ে, সমস্ত শরীর দিয়ে অনুভব করে তাতে অবগাহন করলাম গোটা রাত।

শেষ রাতে একটু চোখ লেগে গিয়েছিল। তপনের ডাকে উঠলাম। ভোরের আলো বেশ পরিষ্কার। এবার ফেরার পালা। ফেরার পথে মনেই হচ্ছিল না এই পথই গতরাতে কি ভয়ঙ্কর রহস্যময় লাগছিলো।


সামদ্রূপ থেকে ফিরেছিলাম দুদিন পর। ফেরার পথে থেমেছিলাম ছেরিংয়ের বাড়ীতে, নিমটি দোমহনী। এবার কতকটা আমার উপরোধেই। সাঁঝবেলাতে উপস্থিত হয়েছিলাম সেই অসম্পূর্ন পরিবারের সম্পূর্ণতার ভিটেতে। আর হয়তো কখনো আসা হবে না এইসব জায়গায়। তবে মানুষগুলি থেকে যাবেন আমার সাথে চিরকাল। দাসো আর রসূল মিঞা, ছেরিংয়ের পরিবার, পানিকার, মিয়া, নোরবু, ক্ষেতের সেই চাষী পরিবার, সকলে থাকবেন আমার ভাবনায়, চিরকাল।

©Suman Dutta

No comments:

Post a Comment